ইরানে বায়ুদূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু
ইরানে বায়ুদূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু ইরানের রাজধানী তেহরানে বায়ুদূষণ এখন চরম মাত্রায় পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর বায়ুদূষণের কারণে ইরানে প্রায় ৫৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন—গড়ে প্রতিদিন মৃত্যুবরণ করছেন ১৬১ জন। সোমবার (১০ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। তেহরানে বায়ুদূষণ গত তিন দশকেরও বেশি সময় ধরে একটি গুরুতর সমস্যা হিসেবে রয়ে গেছে। জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের সংখ্যা ও শিল্পকারখানার ঘনত্ব ক্রমেই দূষণের মাত্রা বাড়াচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, এখন এমন দিন খুঁজে পাওয়া দুষ্কর, যেদিন শহরের বাতাস সম্পূর্ণ পরিষ্কার থাকে। তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান বলেন, ‘আমি বিশ্বাস করি না, এই শহরের বাতাস আবার কখনো পুরোপুরি পরিষ্কার হবে। তবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তিনি আরও জানান, দূষণ কমাতে এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে নগর বাজেটের অর্ধেকেরও বেশি অংশ বরাদ্দ করা হয়েছে। তবে সমস্যার কার্যকর সমাধানে সব সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। অন্যদিকে, গণমাধ্যম মডার্ন ডট এজেড জানিয়েছে, বায়ুদূষণের কারণে ইরান প্রতিদিন প্রায় ৪৭ মিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবে ১১ রোহিঙ্গা নিহত

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবে ১১ রোহিঙ্গা নিহত মিয়ানমারের রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন মারা গেছেন। সোমবার থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। ২৩০ জনকে নিয়ে উপকূল ছেড়ে যাওয়া আরেকটি নৌকারও খোঁজ মিলছে না। কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণা করা হচ্ছে আরও একটি নৌকা ডুবে গেছে। যেখানে প্রায় ৭০ জন আরোহী ছিলেন, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এছাড়া মালয়েশিয়া সরকার জানিয়েছে, ২৩০ যাত্রী বহনকারী আরেকটি নৌকার অবস্থানও পাওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত ১৩ জনকে তারা জীবিত উদ্ধার করেছে। যাদের বেশিরভাগই রোহিঙ্গা। অন্যদিকে, থাই সরকার জানিয়েছে, তারা দুজন শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে। এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার সমুদ্র সংস্থা জানিয়েছে, জীবিতদের সন্ধানে থাইল্যান্ড ও মালয়েশিয়া উভয় পক্ষই বিমানবাহিনী মোতায়েন করছে। মিয়ানমারে নিজ দেশে সহিংসতার শিকার হয়ে বেঁচে থাকার আশায়, অবৈধভাবে বিপজ্জনক নৌরুটে অন্যদেশে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার লক্ষ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও এ চোরাই পথে ছুটছেন। ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানের পর রাখাইন থেকে বিতাড়িত হয়ে প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে।
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছ উপড়ে পড়ে নিহত ১

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছ উপড়ে পড়ে নিহত ১ ফিলিপাইনের মধ্যাঞ্চলে সুপার টাইফুন ফাং-ওয়ং এর প্রভাবে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার রাতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় ৬৪ বছর বয়সি এক নারী নিহত হন। রোববার উদ্ধারকর্মীরা তার মরদেহ ধ্বংসস্তূপ ও উপড়ে পড়া গাছের নিচ থেকে উদ্ধার করেন। ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সামার প্রদেশের ক্যাটবালোগান সিটির উদ্ধারকারী জুনিয়েল তাগারিনো বলেন, ওই নারী গতকাল শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র যাচ্ছিলেন। তবে, কোনো কারণে তিনি আবারও বাড়ি ফিরে গেলে কয়েক ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আজ সরকারি সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই প্রায় ১২ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হাজারো ফ্লাইট বাতিল

শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হাজারো ফ্লাইট বাতিল শাটডাউন অব্যাহত থাকার কারণে যুক্তরাষ্ট্রের ৪০টি প্রধান বিমানবন্দরে আগামী কয়েক দিনে বিমান চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে। যার ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল হবে। এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। এই সিদ্ধান্ত শুধু অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণকারীরা অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তির কথা জানানোয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী-যাদের মধ্যে বিমান নিয়ন্ত্রণকারী থেকে শুরু করে পার্ক রেঞ্জার পর্যন্ত রয়েছেন-বেতন ছাড়াই কাজ করছেন অথবা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন, কারণ মার্কিন কংগ্রেস এখনো বাজেট অনুমোদন করেনি।
ফিলিপাইনে পর ভিয়েতনামে ঘূর্ণিঝড় কালমেগির আঘাত

ফিলিপাইনে পর ভিয়েতনামে ঘূর্ণিঝড় কালমেগির আঘাত ফিলিপাইনে ১৪০ জনের প্রাণহানির পর এবার ভিয়েতনামে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কালমেগি। গতকাল ভিয়েতনামের ঝড়-বিধ্বস্ত মধ্যাঞ্চলে টাইফুন কালমেগি আঘাত হানে। কালমেগি এ বছরের অন্যতম মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, কালমেগি এই সপ্তাহে ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ভয়াবহ বন্যার ফলে কমপক্ষে ১৪০ জন নিহত এবং আরও ১২৭ জন নিখোঁজ রয়েছে।
ঘূর্ণীঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে ৫০ জনের মৃত্যু

ঘূর্ণীঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে ৫০ জনের মৃত্যু ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবের পর পুনরুদ্ধার কাজ শুরু করেছে জ্যামাইকা। স্বাস্থ্যসেবা জোরদারে এখানে স্থাপন করা হবে একাধিক অস্থায়ী হাসপাতাল। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। কিংস্টন থেকে এএফপি জানায়, ক্যারিবীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগটির আঘাতে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৫০ জন ছাড়িয়েছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শনিবার পর্যন্ত জ্যামাইকায় নিশ্চিত মৃতের সংখ্যা ছিল ১৯ জন। তবে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টোফার টাফটন এক ব্রিফিংয়ে বলেন, ‘আমার ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ এখনো কিছু এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি।’এদিকে হাইতির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, সেখানে অন্তত ৩১ জন নিহত হয়েছে। মেলিসা ছিল ক্যাটাগরি-৫ মাত্রার প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, যা জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়। ঝড়টির প্রভাবে ঘণ্টায় ১৮৫ মাইল (প্রায় ৩০০ কিলোমিটার) গতির বাতাসে দেশজুড়ে প্রবল বৃষ্টিপাত হয়। জ্যামাইকার পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কয়েকটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রথম অস্থায়ী হাসপাতালটি বসানো হবে ব্ল্যাক রিভারে, যা সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশের রাজধানী। টাফটন বলেন, ‘আগামীকালই এটি পৌঁছাবে বলে আশা করছি। সঙ্গে সঙ্গে স্থাপন কাজ শুরু হবে।’ তিনি আরো বলেন, ‘এই হাসপাতালটি সম্পূর্ণ সরঞ্জামসহ আসবে। থাকবে অপারেশন থিয়েটার, প্রয়োজনীয় পরীক্ষার যন্ত্রপাতি ও স্থানীয় মেডিকেল টিমকে সহায়তা করতে কয়েকজন সদস্য।’ আগামী সপ্তাহেই হাসপাতালটি চালু হবে বলে আশা করা হচ্ছে। টাফটন আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্পেন, কানাডা ও ভারতের সহায়তায় আরও কয়েকটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হবে।
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু, আহত ১৭ ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গা এলাকায় নবনির্মিত ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। একাদশী উপলক্ষে আয়োজিত বিশেষ পূজার সময় আজ ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এ সময় শত শত ভক্ত মন্দিরে ভিড় জমায়। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদদলিতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে প্রতিজনকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে অনুদান ঘোষণা করেছেন।
মিশরে জমকালো আয়োজনে জাদুঘর উদ্বোধনের প্রস্তুতি

মিশরে জমকালো আয়োজনে জাদুঘর উদ্বোধনের প্রস্তুতি বহু প্রতীক্ষার পর অবশেষে আজ কায়রোতে উদ্বোধন হতে যাচ্ছে ‘গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’। বিলিয়ন ডলারের এই জাদুঘরটি ফারাও যুগের ঐশ্বর্য তুলে ধরবে বলে আশা করা হচ্ছে, যা মিশরের পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে। কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া অনুষ্ঠানে ৩৯ জন রাষ্ট্র ও সরকার প্রধানসহ ৭৯ জন আন্তর্জাতিক প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। মিশরের প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে জার্মানি, জাপান, সৌদি আরব, বেলজিয়াম, স্পেন ও ডেনমার্ক প্রতিনিধি পাঠাবে। উদ্বোধন উপলক্ষে জাদুঘরের বিশাল সম্মুখভাগ এবং পিরামিডে আলোকসজ্জা করা হয়েছে। জাদুঘরটি জাপানের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় নির্মিত হয়েছে এবং প্রায় ৫ লাখ বর্গমিটার জুড়ে বিস্তৃত। মিশরীয় কর্মকর্তাদের মতে, জাদুঘরে ১ লাখেরও বেশি প্রত্নসামগ্রী রয়েছে। এর অন্তত অর্ধেকক প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হবে। এর ফলে এটি একক সভ্যতার উপর ভিত্তি করে বিশ্বের বৃহত্তম সংগ্রহশালায়ন পরিণত হয়েছে। দুই দশকেরও বেশি সময় ধরে জাদুঘরটি নির্মানকালে রাজনৈতিক অস্থিরতা, আঞ্চলিক সংঘাত এবং কোভিড-১৯ মহামারিসহ একাধিক বাধার সম্মুখীন হয়েছে। অবশেষে আজ এটি দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদী একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ এক ‘এক্স’ পোস্টে তিনি এই খবর জানিয়েছেন। পিট হেগসেথ বলেছেন, এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই চুক্তি স্বাক্ষরের খবর দেন।
কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩, আহত ২৭

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩, আহত ২৭ রাশিয়া শনিবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনজন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন শিশু রয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো রোববার জানিয়েছেন, হামলার সময় শহরের মানুষকে ‘আশ্রয়কেন্দ্রে থাকার’ জন্য সতর্ক করা হয়েছিল। মেয়র ক্লিটসকো জানান, ড্রোনের ধ্বংসাবশেষ উত্তর-পূর্ব ডেসনিয়ানস্কি জেলার একটি নয়তলা আবাসিক ভবনে পড়েছে, যার ফলে কয়েকটি তলায় আগুন লেগে যায়। একই জেলার নয়তলা বিশিষ্ট আরেকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই ভবন থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। উত্তর ওবোলোনস্কি জেলার একটি ১৬ তলা আবাসিক ভবনেও ড্রোনের টুকরো পড়েছে এবং অ্যাপার্টমেন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, কিয়েভে রাশিয়ার অন্যান্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত ও প্রায় ২০ জন আহত হওয়ার একদিন পর এই হামলা চালানো হয়েছে। খবর: এএফপি