শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পটি সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার এবং কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। পাকিস্তানি সংবাদমাধ্যম ডননিউজটিভির প্রতিবেদনে বলা হয়, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলায় কম্পন অনুভূত হয়। শাংলায় ইফতারের সময় ভূমিকম্পের কম্পন টের পেয়ে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এই এলাকাতেই ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় ভূকম্পন বেশি অনুভূত হয়।
ইরানকে ১৫ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

ইরানকে ১৫ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি করতে হবে, নাহলে ‘সত্যিই খারাপ কিছু’ ঘটবে। গতকাল তিনি এই হুমকি দিয়েছেন। মধ্যপ্রাচ্যে ব্যাপক মার্কিন সামরিক উপস্থিতির ফলে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, উত্তেজনাপূর্ণ অচলাবস্থার অবসান ঘটাতে ইরানের সাথে আলোচনা ভালোভাবে চলছে। তবে তেহরানের একটি ‘অর্থপূর্ণ’ চুক্তিতে পৌঁছাতে হবে।
ইসরায়েলে মারধর, অনাহার ও ধর্ষণের শিকার ৬০ সাংবাদিক

ইসরায়েলে মারধর, অনাহার ও ধর্ষণের শিকার ৬০ সাংবাদিক ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি কারাগারে আটক প্রায় ৬০ জন ফিলিস্তিনি সাংবাদিককে মারধর, অনাহারে রাখা এবং ধর্ষণসহ যৌন সহিংসতার শিকার করা হয়েছে। একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে বলে গতকাল জানিয়েছে দ্য গার্ডিয়ান। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) কয়েক ডজন সাক্ষ্য, ছবি এবং মেডিকেল রেকর্ড পর্যালোচনা করেছে। সেখানে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি সেনা এবং কারারক্ষীদের হাতে গুরুতর নির্যাতনের কথা বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে ৫৯ জন ফিলিস্তিনি সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এদের মধ্যে ৫৮ জন ইসরায়েলি হেফাজতে থাকাকালীন নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন।
রমজানে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

রমজানে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত পবিত্র রমজান মাস উপলক্ষে সংশোধনমূলক ও শাস্তিমূলক কেন্দ্র থেকে মোট ৩ হাজার ২৯৬ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। দেশটির শীর্ষ নেতৃত্ব আলাদাভাবে এই সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন বলে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ইউএই’র প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশের বিভিন্ন সংশোধনাগার ও কারাগার থেকে ১৪৪০ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি তাদের সাজা থেকে উদ্ভূত বকেয়া আর্থিক দায়-দায়িত্বও পরিশোধ করার অঙ্গীকার করেছেন। এর মাধ্যমে মুক্তিপ্রাপ্তরা যেন নতুন জীবন শুরু করার সুযোগ পান এবং রমজান মাসে তাদের পরিবার কিছুটা স্বস্তি পায়-সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, দুবাইয়ের শাসক, ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার থেকে বিভিন্ন দেশের ১ হাজার ৮৫৬ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে রমজান ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপলক্ষে এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা একটি প্রচলিত রীতি। এর মাধ্যমে নির্বাচিত বন্দিদের নতুনভাবে জীবন গড়ার সুযোগ দেওয়া হয়।
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের যাবজ্জীবন কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের যাবজ্জীবন কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির আদালত। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দাবি করেন। কঠোর নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয় আজ। এ সময় পথে পথে, আদালতের বাইরে হাজার হাজার সমর্থক তার পক্ষে স্লোগান দিতে থাকেন। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন জারি করার মধ্য দিয়ে তিনি বিদ্রোহ করেছিলেন বলে অভিযোগ।আজ স্থানীয় সময় বিকালে এই মামলার রায় দেওয়া হয়। প্রতিবেদনে বলা বলা হয়, প্রসিকিউটররা ইয়োলের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দাবি করেছেন। তাদের অভিযোগ, ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন জারি করার সিদ্ধান্তের নেপথ্যে তিনিই মূল পরিকল্পনাকারী ছিলেন। যদিও দক্ষিণ কোরিয়ায় দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না, তাই এমন রায় হলে তা কার্যত আজীবন কারাদণ্ডে পরিণত হবে বলে প্রতিবেদনে বলা হয়। ইয়ুন সুক ইয়োলের জারি করা সামরিক শাসনের আদেশ মাত্র ছয় ঘণ্টা স্থায়ী হয়। কিন্তু এই সংক্ষিপ্ত সময়েই তা দেশকে নাড়িয়ে দেয়। সরকার কার্যত অচল হয়ে পড়ে এবং পরবর্তী নির্বাচনে তার দল পরাজিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটি গভীরভাবে বিভক্ত হয়ে পড়ে। ইয়ুন ইতোমধ্যেই ব্যর্থ সামরিক আইন জারির আরেক মামলায় দণ্ডিত হয়ে কারাভোগ করছেন। তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। সর্বশেষ রায় দক্ষিণ কোরিয়ার রাজনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস

ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস ভারতে অনুষ্ঠেয় একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে নির্ধারিত ভাষণ বাতিল করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ‘এপস্টাইন ফাইল’-এ তার নাম আসার পর গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আজ এআই সম্মেলনে ভাষণ দেয়ার কথা ছিল বিল গেটস। ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘সব দিক বিবেচনা করে এবং এআই সম্মেলনের মূল অগ্রাধিকারগুলোতে ফোকাস নিশ্চিত করতে বিল গেটস সম্মেলনে মূল বক্তব্য দেবেন না।’ তবে ভারতে স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গেটস ফাউন্ডেশন আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানানো হয়। আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ ও ঝুঁকি নিয়ে আলোচনা করবেন। গেটস ফাউন্ডেশন জানিয়েছে, বিল গেটসের পরিবর্তে তাদের আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট সেখানে বক্তব্য দেবেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে ৮ স্কিয়ারের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে ৮ স্কিয়ারের মৃত্যু যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী শীতকালীন ঝড়ের মধ্যে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত ৮ জন স্কিয়ারের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া মঙ্গলবার পর্যন্ত ১ জন নিখোঁজ রয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। উদ্ধার কর্মকর্তারা জানান, উত্তর ক্যালিফোর্নিয়ার লেক তাহো এলাকার ব্যাককান্ট্রিতে ঘটে যাওয়া এই তুষারধসে চাপা পড়ে নিহত আটজন স্কিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেভাডা কাউন্টি শেরিফ শ্যানন মুন বলেন, নবম একজন স্কিয়ার এখনও নিখোঁজ রয়েছেন। তবে তাকে মৃত বলেই ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ধারকর্মীদের মধ্যে। কারণ, নিহতদের একজন ছিলেন অনুসন্ধান ও উদ্ধার দলের এক সদস্যের জীবনসঙ্গী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফুটবল মাঠের সমান আয়তনের তুষারধসটি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ক্যাসল পিক এলাকায় আঘাত হানে। শুরুতে ১৫ জন স্কিয়ারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানায়, তুষারধসের পরপরই লেক তাহোর উত্তর-পশ্চিমে অবস্থিত ক্যাসল পিক এলাকায় তল্লাশি চালানো হয়। এ ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে ৯১১ নম্বরে ফোন পেয়ে অভিযান শুরু করে নেভাডা কাউন্টি শেরিফ দফতর। শেরিফ দফতরের মুখপাত্র অ্যাশলি কোয়াড্রোস বলেন, শেরিফ দফতর, তাদের অনুসন্ধান ও উদ্ধার দল এবং ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগের একটি দল যৌথভাবে এলাকাটিতে তল্লাশি চালায়।
পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধস, নিহত অন্তত ১৩

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধস, নিহত অন্তত ১৩ পাকিস্তানে একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে চারজন শিশু ও তিনজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১৪ জন। গতকাল রাতে করাচির সোলজার বাজার নং ৩ -এলাকায় ভবনের প্রথম তলায় এ দুর্ঘটনা ঘটে। আজ উদ্ধার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণে ভবনের একটি অংশ ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। অনুসন্ধান কার্যক্রমে সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পুলিশের প্রাথমিক ধারণা, একটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে, সম্ভবত গ্যাস সাকশন মেশিন থেকে।কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের আশপাশের সরু রাস্তার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের পেনশন সুবিধা বাতিল

শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের পেনশন সুবিধা বাতিল শ্রীলঙ্কায় সাবেক সংসদ সদস্য এবং প্রয়াত সংসদ সদস্যদের স্ত্রীদের জন্য নির্ধারিত পেনশন সুবিধা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে কোনো সাবেক এমপি বা প্রয়াত এমপির স্ত্রী আর সরকারি আর্থিক সুবিধা পাবেন না। বিচারবিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা আজ পার্লামেন্টে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, ‘জনগণ যখন টেলিভিশনে পার্লামেন্টে এমপিদের বিতর্ক দেখেন, তখন তারা মনে করেন এমপিরা পেনশন পাওয়ার যোগ্য নন।’ এর আগে গতকাল পার্লামেন্টে এমপিদের পেনশন বাতিল সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয় এবং তা পাস হয়। ২২৫ আসনের সংসদে ১৫৪ জন সদস্য বিলের পক্ষে ভোট দেন। ২০২১ সালের পর থেকে করোনাভাইরাস মহামারি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কার অর্থনীতি গভীর সংকটে রয়েছে। এ প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকে। দায়িত্ব গ্রহণের পর তিনি ধাপে ধাপে এমপিদের আবাসন, যানবাহন ও দেহরক্ষীর সুবিধা বাতিল করেন। সর্বশেষ পেনশন সুবিধাও বাতিল করা হলো। তবে বিলটির বিরোধিতা করেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। পার্লামেন্টে তিনি বলেন, ‘পেনশন আইনপ্রণেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এটি বাতিল হলে তারা দ্বিধাহীনভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারেন।
চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক, ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক, ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট চীনা ব্যবসায়ীদের সঙ্গে ‘অফিশিয়াল শিডিউলের’ বাইরে গোপন বৈঠকের জেরে অপসারিত হলেন পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্ষমতা গ্রহণের মাত্র চার মাসের মাথায় ১৭ ফেব্রুয়ারি দেশটির কংগ্রেস তাকে অভিশংসিত করে। গত বছর অক্টোবরে দিনা বোলুয়ার্তের অভিশংসনের পর জেরি দায়িত্ব গ্রহণ করেছিলেন, তবে তিনিও শেষ পর্যন্ত দুর্নীতির কলঙ্ক এড়াতে পারলেন না। ২০১৬ সালের পর থেকে তিনি দেশটির সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা পেরুর ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিরই বহিঃপ্রকাশ। এই রাজনৈতিক কেলেঙ্কারিটি স্থানীয়ভাবে ‘চিফা-গেট’ নামে পরিচিতি পেয়েছে, যা মূলত চীনা ও পেরুভীয় ফিউশন খাবারের রেস্টুরেন্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রেসিডেন্ট জেরি গভীর রাতে হুডি পরে ব্যবসায়ী ঝিহুয়া ইয়াংয়ের রেস্টুরেন্টে গোপন বৈঠকে অংশ নিচ্ছেন। ইয়াং এমন একজন ব্যবসায়ী যিনি সরকারি নজরদারিতে ছিলেন এবং একটি বড় জ্বালানি প্রকল্পের রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছিলেন। আরও উদ্বেগের বিষয় হলো, ওই বৈঠকগুলোতে এমন এক চীনা নাগরিক উপস্থিত ছিলেন, যিনি অবৈধ কাঠ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তখন গৃহবন্দী ছিলেন। পেরুর আইন অনুযায়ী প্রেসিডেন্টের প্রতিটি অফিশিয়াল কার্যক্রম নথিবদ্ধ করার কথা থাকলেও জেরি এই বৈঠকগুলোর কোনও তথ্যই প্রকাশ করেননি। ব্যবসায়ীদের সঙ্গে গোপন লেনদেনের পাশাপাশি জেরির বিরুদ্ধে আরও গুরুতর নৈতিক অভিযোগ উঠেছে। জানা গেছে, গভীর রাতে প্রেসিডেন্টের সরকারি প্রাসাদে কয়েকজন নারীর সঙ্গে সাক্ষাতের পর তাদের নামে বিভিন্ন সরকারি চুক্তি বরাদ্দ করা হয়েছিল। এসব ঘটনার জেরে অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করলে চারদিক থেকে চাপের মুখে পড়েন তিনি। যদিও জেরি এসব অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ৭৫-২৪ ভোটে কংগ্রেস তাকে অপসারণের সিদ্ধান্ত নেয়। আইনপ্রণেতা রুথ লুক বলেন, নাগরিকরা হুডি পরা নেতা কিংবা গোপন স্বার্থসিদ্ধির রাজনীতি আর দেখতে চায় না। আগামী এপ্রিলে পেরুর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে একটি স্থায়ী সরকার গঠনের স্বপ্ন দেখছে দেশটির মানুষ। হোসে জেরি ক্ষমতা গ্রহণের মাত্র এক সপ্তাহের মাথায় দেশটিতে দুর্নীতিবিরোধী আন্দোলনে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছিলেন। বর্তমানে নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কংগ্রেসে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। তবে বারবার নেতৃত্বের পরিবর্তন এবং দুর্নীতির পুনরাবৃত্তি পেরুর গণতান্ত্রিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।