শ্রীলঙ্কায় সংসদ ভেঙে দিলেন নতুন প্রেসিডেন্ট অনুঢ়া

শ্রীলঙ্কায় সংসদ ভেঙে দিলেন নতুন প্রেসিডেন্ট অনুঢ়া শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনের পথ তৈরি করার লক্ষ্যে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে। এক সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে পার্লামেন্টে ভেঙে দেওয়ার আদেশ দেন অনুঢ়া।  বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আগামী ১৪ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট অনূঢ়া। আর ২১ নভেম্বর পরবর্তী পার্লামেন্টের অধিবেশন আহ্বান করা হবে।  সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে একজন সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন দিশানায়েকে। প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সংসদ ভেঙে দেবেন। এর মধ্য দিয়ে সাধারণ নির্বাচনে নিজ নীতির পক্ষে এক নতুন সমর্থন আদায় করতে চান তিনি। ভেঙে দেওয়া ২২৫ সদস্যের সংসদে অনূঢ়া কুমারার নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মাত্র তিনটি আসন ছিল। এদিকে প্রেসিডেন্ট অনূঢ়া প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার তার ঘনিষ্ঠ হরিণী অমরাসুরিয়াকে মনোনীত করেন। শ্রীলঙ্কার ইতিহাসে হরিণী হলেন তৃতীয় কোনো নারী প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় গত শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন অনুঢ়া কুমারা দিশানায়েকে। ২০২২ সালে জনগণের বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর এটিই ছিল দেশটিতে অনুষ্ঠিত প্রথম নির্বাচন।

পাকিস্তানকে ভিক্ষুক পাঠাতে মানা করলো সৌদি আরব

পাকিস্তানকে ভিক্ষুক পাঠাতে মানা করলো সৌদি আরব হজযাত্রীর ছদ্মবেশে সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িয়ে পড়ছেন অনেক পাকিস্তানি। বিষয়টি নিয়ে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছে রিয়াদ। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানি ভিক্ষুকদের সৌদি আরবে ঢোকা রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পাকিস্তানকে অনুরোধ করেছে সৌদি আরব। দেশটি সতর্ক করে বলেছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে তা পাকিস্তানি ওমরাহ ও হজযাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ মন্ত্রণালয় পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে সতর্ক করেছে এবং পাকিস্তানি ভিক্ষুকদের ওমরাহ ভিসার আওতায় দেশটিতে প্রবেশে বাধা দিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ধর্ম মন্ত্রণালয় বলেছে, সৌদি সরকারের বার্তা পাওয়ার পর ধর্ম মন্ত্রণালয় ‘ওমরাহ আইন’ চালুর সিদ্ধান্ত নিয়েছে, যার লক্ষ্য হবে ওমরাহর উদ্দেশে নাগরিকদের ভ্রমণের সুবিধা প্রদানকারী ট্রাভেল এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করা, তাদের আইনি তত্ত্বাবধানে আনা। সেই সঙ্গে ধর্ম মন্ত্রণালয় দেশটির সরকারকে ধর্মীয় বিধি পালনের আড়ালে ভিক্ষুকদের সৌদি আরবে ভ্রমণ থেকে বিরত রাখার উপায় খুঁজে বের করতে আহ্বান জানিয়েছে। এর আগে, সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আহমেদ আল-মালকির সঙ্গে বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আশ্বস্ত করেছিলেন যে, সৌদি আরবে ভিক্ষুক পাঠানোর জন্য দায়ী মাফিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এফআইএ) এই নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে।

  পাকিস্তানের নতুন গোয়েন্দাপ্রধান মুহাম্মদ আসিম মালিক

পাকিস্তানের নতুন গোয়েন্দাপ্রধান মুহাম্মদ আসিম মালিক পাকিস্তান দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন মহাপরিচালক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে নিয়োগ দিয়েছে। দেশটির নিরাপত্তা সূত্র ও স্থানীয় টেলিভিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২১ সালের পর এই প্রথম দেশটির গুরুত্বপূর্ণ এই পদে পরিবর্তন এলো। নতুন নিয়োগ পাওয়া আইএসআই প্রধান মুহাম্মদ আসিম মালিক সেনাবাহিনীতে এ্যাডজুডিকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্রের ফোর্ট লিয়াভেনওর্থ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী প্রাপ্ত। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে দায়িত্ব বুঝে নেবেন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বিচারকের ওপর চাপ প্রয়োগ বা রাজনীতিতে কোনো ভূমিকার কথা অস্বীকার করা হয়। তবে তিন দশকের বেশি সময় পাকিস্তান শাসন করা ও সরকারের বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার নজির রয়েছে দেশটির সেনাবাহিনীর।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০০ ২৩ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম খিয়ামে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া উড়ছে।দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে ইসরায়েলি হামলায় সোমবার শিশুসহ ১০০ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছে। লেবানিজস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় আন্ত সীমান্ত হামলা এটি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর এক নজিরবিহীন হামলা চালানোর পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। এতে এই অঞ্চলের চারপাশে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ক্রমবর্ধমান এ সহিংসতায় জড়িয়ে পড়ে, যার মধ্যে হিজবুল্লাহ অন্যতম। ইসরায়েল সোমবার জানিয়েছে, তারা হিজবুল্লাহর তিন শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, তারা উত্তর ইসরায়েলে তিনটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের সীমান্তে প্রায় এক বছর ধরে চলা সহিংসতার মধ্যে এদিনের হামলা সবচেয়ে মারাত্মক। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজ সকাল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামে ইসরায়েলের হামলা হয়েছে। এতে ১০০ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতদের মধ্যে শিশু, নারী ও প্যারামেডিকরা রয়েছে, এদিকে বিশ্ব শক্তিগুলো ইসরায়েল ও হিজবুল্লাহকে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। কারণ সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার কেন্দ্রবিন্দু গাজার সঙ্গে ইসরায়েলের দক্ষিণ ফ্রন্ট থেকে হঠাৎ করে লেবাননের উত্তর সীমান্তে স্থানান্তরিত হয়েছে। দক্ষিণ লেবাননের জওতার গ্রামের ৬০ বছর বয়সী গৃহিণী ওয়াফা ইসমাইল বলেন, ‘আমরা বোমাবর্ষণের মধ্যে ঘুমাই ও জেগে উঠি…এটাই আমাদের জীবনের বাস্তবতা হয়ে উঠেছে।’অন্যদিকে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি লেবাননের জনগণকে হিজবুল্লাহর সঙ্গে যুক্ত সম্ভাব্য লক্ষ্যবস্তু এড়াতে বলেছেন। কারণ হামলা ভবিষ্যতে ও চলতে থাকবে। হাগারি বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী ‘লেবাননের সর্বত্র বিস্তৃত সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে (আরো) ব্যাপক ও সুনির্দিষ্ট হামলা চালাবে। পাশাপাশি তিনি বেসামরিকদের ‘নিজের নিরাপত্তার জন্য অবিলম্বে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে’ বলেছেন। ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী রাজনৈতিক ও সামরিক শক্তি হিজবুল্লাহ বলেছে, তারা তাদের ফিলিস্তিনি মিত্র হামাসকে সমর্থনে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলের সঙ্গে লড়াই করছে। বিভক্ত লেবাননে, দেশের দক্ষিণ ও পূর্বের বড় অংশ এবং রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠগুলো হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়, যেখানে এই দল ঐতিহাসিকভাবে প্রভাব বিস্তার করেছে এবং তার শিয়া মুসলিমদের সমর্থন ভিত্তির জন্য বিভিন্ন পরিষেবা তৈরি করেছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দিশানায়েকে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দিশানায়েকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনূঢ়া কুমারা দিসানায়েকে। স্থানীয় সময় আজ সোমবার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। সংবাদমাধ্যম বিবিসি জানায়, অর্থনৈতিক সংকট কাটিয়ে শ্রীলঙ্কার ইতিহাস ‘নতুন করে রচনার’ প্রতিশ্রুতি দিয়েছেন অনূঢ়া। নির্বাচনে তার এই জয়কে দুর্নীতি ও স্বজনতোষণের সংস্কৃতির প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে দিসানায়েকে শপথ নেয়ার পরপরই বলেন, ‘রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা পুনরায় ফিরিয়ে আনার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘আমি জাদু দেখাই না, আমি জাদুকর নই। এমন কিছু আছে যা আমি জানি এবং এমন কিছু থাকতে পারে যা আমি জানি না। তবে আমি সেরা পরামর্শ চাইব এবং আমার সেরাটাই করব। এজন্য সবার সহযোগিতা চাই।’ আত্মস্বীকৃত মার্কসবাদী অনূঢ়া কুমারা দিশানায়েকে পিপলস লিবারেশন ফ্রন্ট (জেভিপি) পার্টির নেতা। গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার নাগরিকদের আস্থা অর্জন করে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি। মূল প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা এবং ক্ষমতাসীন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহেকে ধরাশায়ী করে জয়ী হন তিনি। জেভিপি প্রধান অনূঢ়া কুমারা দিসানায়েকে এবারের নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন। জোটটি এর আগে কখনো শ্রীলঙ্কার বিরোধীদলও ছিল না। দেশটির ২২৫ সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র তিনটি। কিন্তু ২০২২ সালে গণবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত পরিস্থিতিতে জেভিপির জনপ্রিয়তা বাড়তে থাকে। ওই বিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির। আন্দোলনের পর জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দেয়। সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতির বিরুদ্ধে দলটির অনড় অবস্থান নাগরিকদের আকৃষ্ট করেছে। রাজাপক্ষে ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকার পরিচালনার দায়িত্ব পান রণিল বিক্রমাসিংহে। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে।

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৫১

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৫১ ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া। রোববার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, ৩০ জন শ্রমিক এখনও খনিতে আটকে আছে। রাষ্ট্রীয় টিভি আরও জানায়, মদনজু কোম্পানি পরিচালিত খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ব্লকে মোট শ্রমিকের সংখ্যা ছিল ৬৯ জন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার স্থানীয় রাত ৯টায় বিস্ফোরণটি ঘটে।

বাইডেনের শেষ সময়ে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য

বাইডেনের শেষ সময়ে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে এলেও গাজায় যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত। বাইডেনের মেয়াদ শেষের দিকে থাকায় ওয়াশিংটনের পদক্ষেপ সীমিত হয়ে পড়ছে। মার্কিন নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ আগে, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কায় প্রশাসন চাপে পড়েছে। সম্প্রতি ইসরায়েলের হামলায় লেবাননেও আতঙ্ক ছড়িয়েছে। হিজবুল্লাহকে লক্ষ্য করে পরিচালিত এই হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণের ফলে প্রতিশোধ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গাজায় যুদ্ধবিরতি আলোচনা জটিল করে তুলেছে। লেবাননের স্বাস্থ্য বিভাগ জানায়, এই ঘটনায় অন্তত ৩৭ জন নিহত এবং প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েল সাধারণত বিদেশে পরিচালিত হামলা নিয়ে মন্তব্য করে না, তবে বুধবার তারা ঘোষণা দেয়, একটি ‘নতুন যুদ্ধের যুগ’ শুরু হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর সদস্যদের ডিভাইস হ্যাক হওয়ার সন্দেহে তারা হামলার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ টেলিভিশনে ভাষণ দিয়ে ‘প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেন এবং গাজায় প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। হিজবুল্লাহর প্রধান সমর্থক ইরান, লেবাননে তাদের রাষ্ট্রদূত আহত হওয়ার ঘটনায় প্রতিশোধের হুমকি দিয়েছে। ইরানের প্রতিক্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বৈঠকের পর প্রকাশিত হতে পারে, যেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। অক্টোবরের ৭ তারিখে হামাসের নেতৃত্বে আকস্মিক আক্রমণে ১২০০ এরও বেশি ইসরায়েলি নিহত এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ সীমান্তে প্রতিদিন পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। তবে পূর্ণমাত্রার যুদ্ধ এড়ানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের আক্রমণ চালিয়ে যাবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি বাহিনী হামাস নেতা ইসমাইল হানিয়েহকে হত্যার পর এবং গাজায় ছয়জন জিম্মির মৃতদেহ উদ্ধারের ঘটনায় যুদ্ধবিরতি আলোচনা আরও জটিল হয়ে পড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কায়রোতে জানান, আলোচনায় কিছু ঘটনা বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। মার্কিন মধ্যস্থতাকারী আমোস হকস্টেইন লেবাননে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। তিনি সীমান্তে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে কাজ করছেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, সামরিক পদক্ষেপই উত্তরের সীমান্তে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র উপায়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এমন কোনও অভিযান ইরান, সিরিয়া বা ইরাকের আঞ্চলিক মিত্রদেরও যুদ্ধে জড়ানোর আশঙ্কা সৃষ্টি করতে পারে। আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের জোসেফ বাহাউটের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগেও মার্কিন সতর্কতাকে উপেক্ষা করেছেন, এবং তিনি আবারও একই পথ বেছে নিচ্ছেন।

লেবাননে এবার ওয়াকি–টকি বিস্ফোরণে নিহত ১৪, আহত ৪৫০

লেবাননে এবার ওয়াকি–টকি বিস্ফোরণে নিহত ১৪, আহত ৪৫০ লেবাননে এবার ওয়াকি–টকি বিস্ফোরণে নিহত ১৪, আহত ৪৫০, লেবাননে ওয়াকি–টকি বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৫০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। আজ রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সিদন শহরে একটি মোবাইল ফোনের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। সেই ধোঁয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ঘণ্টাখানেকের মধ্যে বিভিন্ন স্থান থেকে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর আগে লেবাননে ১৭ সেপ্টেম্বর হিজবুল্লাহর যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জন নিহত এবং আহত হন প্রায় ৩ হাজার জন। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ওয়াকি–টকি বিস্ফোরণের ঘটনা ঘটল।লেবানিজ রেডক্রসকে উদ্ধৃত করে বিবিসি বলছে, লেবাননের একাধিক স্থানে ওয়াকি–টকি বিস্ফোরণ হয়েছে। এসব ঘটনায় অন্তত ৩০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের অধিবেশন ডাকা হয়েছে। বিবিসি বলছে, দ্বিতীয় দফা বিস্ফোরণের পর হিজবুল্লাহর শক্ত অবস্থান থাকা দাহিয়া এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ওই এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনসহ যোগাযোগের যন্ত্র থেকে দূরে থাকতে বলা হয়েছে।এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, লেবাননে কয়েক হাজার পেজারে বিস্ফোরণের অস্বাভাবিক ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও প্রায় ৩ হাজার জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণ শুরু হয়ে পরবর্তী প্রায় ১ ঘণ্টা সময় ধরে দেশটির বিভিন্ন এলাকায় ডিভাইসগুলো বিস্ফোরিত হতে থাকে। আল জাজিরা জানিয়েছে, আহতদের মধ্যে হিজবুল্লাহর সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। এই বিস্ফোরণ হয়েছে লেবাবননজুড়ে, বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে। নিহতদের মধ্যে আট বছর বয়সী একটি মেয়েও রয়েছে। হিজবুল্লাহ এমপি আলী আম্মারের ছেলে মোহাম্মদ মাহদি আম্মারও নিহত হয়েছেন বলে জানা গেছে। লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও বিস্ফোরণে আহত হয়েছেন। এই বিস্ফোরণের জন্য সম্পূর্ণরূপে ইসরায়েলি শত্রুদের দায়ী করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণে আমাদের আট যোদ্ধার মৃত্যু হয়েছে। ইসরায়েল অবশ্যই এই পাপপূর্ণ আগ্রাসনের জন্য তার ন্যায্য শাস্তি পাবে।

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক নিষিদ্ধ করছে মেটা

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক নিষিদ্ধ করছে মেটা বেশ কয়েকটি রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ককে নিষিদ্ধ করছে মেটা। মেটা অন্যান্য সহায়ক সংস্থাগুলোর মধ্যে ফেসবুকের মূল সংস্থা। ফেসবুকের পাশাপাশি সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডের মালিক। সংস্থাটি বিশ্বের অন্যতম মূল্যবান কম্পানি। মেটার অভিযোগ, রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক তাদের প্রভাব বিস্তারে নানা অপারেশন চালাচ্ছে। এ ছাড়া তাদের এ ধরনের প্রতারণামূলক কৌশল এড়াতে সবাইকে সতর্কও থাকতে বলেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো পশ্চিমা দেশগুলোর রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, এমন দাবির কারণে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক ক্রমবর্ধমান তদন্তের আওতায় এসেছে।

আন্দামানের রাজধানীর নাম পাল্টালো ভারত

আন্দামানের রাজধানীর নাম পাল্টালো ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে ‘শ্রী বিজয় পুরম’ করেছে ভারত সরকার। জাতিকে ঔপনিবেশিক ছাপ থেকে মুক্ত করতে নামের এ পরিবর্তন ঘটানো হয়েছে বলে জানিয়েছে নয়া দিল্লি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যম এক্স এ শুক্রবার এমন ঘোষণা দেন বলে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রবেশ পথ পোর্ট ব্লেয়ার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আর্চিবল্ড ব্লেয়ারের নামে এ বন্দর শহরটির নামকরণ করা হয়েছিল। এক্স পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগের নামটিতে যেখানে একটি ঔপনিবেশিক উত্তরাধিকার ছিল, সেখানে শ্রী বিজয় পুরম আমাদের স্বাধীনতা সংগ্রামের অর্জিত বিজয়ের প্রতীক। এই সংগ্রামে আন্দমান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অনন্য ভূমিকা ছিল। অমিত শাহ আরও বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অতুলনীয় স্থান আছে। এই দ্বীপাঞ্চলটি একসময় চোলা সাম্রাজ্যের নৌঘাঁটি হিসেবে ভূমিকা পালন করেছে। এখন এটি ভারতের কৌশলগত ও উন্নয়নগত আকাঙ্খার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ভূমিকা রাখছে।’ ভারতের স্বাধীনতা আন্দোলনের অনেক নেতা এখানকার সেলুলার জেলে বন্দি ছিলেন এবং এখানেই নেতাজি সুভাস চন্দ্র বোস প্রথম ভারতের পতাকা উত্তোলন করেছিলেন বলে জানান তিনি। কুখ্যাত সেলুলার জেল এখন ভারতের জাতীয় স্মৃতি স্থাপনা। হিন্দস্তান টাইমসের তথ্য মতে, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৩ সালের জানুয়ারিতে আন্দামান ও নিকোবরে ২১টি বড় নামবিহীন দ্বীপের নামকরণ করেছিলেন পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামে। দক্ষিণ আন্দামান দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত পোর্ট ব্লেয়ার (শ্রী বিজয়া পুরম) হলো ৫০০টিরও বেশি আদিম দ্বীপের প্রবেশদ্বার। এটি একটি বাণিজ্যিক কেন্দ্র এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সরকারি স্থাপনাও রয়েছে। রাজধানীতে রয়েছে পর্যটকদের জন্য স্নরকেলিং, স্কুবা ডাইভিং, সমুদ্র ভ্রমণের মতো আকর্ষণীয় কার্যক্রম।