ইরানের হামলার পর বেড়ে গেল তেলের দাম

ইরানের হামলার পর বেড়ে গেল তেলের দাম বিশ্ববাজারে আরও এক দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। ইসরায়েলে গতকাল মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের এই মূল্যবৃদ্ধি ঘটল। রয়টার্সের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আরও বৃহৎ সংঘাত এবং চলমান উত্তেজনার কারণে তেল সরবরাহে বিঘ্নিত হওয়ার শংকায় এ মূল্যবৃদ্ধি হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। ব্রেন্ট ক্রুড তেলকে আন্তর্জাতিকভাবে তেলের দাম মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে বিবেচনা করা হয়। এ ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার বাণিজ্য চলাকালে তেলের দাম ৫ শতাংশের বেশি বাড়তে দেখা গেছে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেকের তৃতীয় বৃহত্তম সদস্যরাষ্ট্র। ব্যবসায়ীদের আশঙ্কা, মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর প্রভাব পড়বে। বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ কুয়েত ও ওমানের মাঝে অবস্থিত এই নৌপথটি দিয়ে পরিচালিত হয়ে থাকে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকসহ অন্যান্য ওপেক সদস্যরাও এই প্রণালি দিয়েই তাদের অধিকাংশ বাণিজ্য সম্পন্ন করে থাকে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান মঙ্গলবার রাতে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তেহরানকে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এতে ইরান-ইসরায়েল যুদ্ধ বাঁধার শঙ্কা তৈরি হয়েছে।
জাতিসংঘের মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ ইসরায়েলের

জাতিসংঘের মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ ইসরায়েলের জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। ইসরায়েলে প্রবেশের ক্ষেত্রে তাকে ‘পারসনা নন গ্রাটা’ হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ‘দ্ব্যর্থহীনভাবে নিন্দা’ জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। এ কারণে তাকে ইসরায়েলে অবাঞ্চিত ব্যক্তি হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। কাটজ জাতিসংঘের প্রধানকে ‘ইসরায়েল বিরোধী’ এবং ‘সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থন দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন।’ তিনি বলেছেন, ‘আগামী প্রজন্মের জন্য গুতেরেসকে জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্ক হিসাবে স্মরণ করা হবে।’গত সপ্তাহে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইসরায়েলে হামলা চালায় লেবাননের হিজবুল্লাহদের সমর্থক ইরান। জাতিসংঘের মহাসচিব ইরানে হামলার পরপর ‘মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমবর্ধমান হওয়ার’ নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১৭

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১৭ নেপাল পুলিশ আজ মঙ্গলবার সকালে জানিয়েছে, দেশটিতে বৃহস্পতিবার থেকে তিন দিনের অবিরাম বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে পৌঁছেছে। বন্যা ও ভূমিধসের ঘটনায় ১৪৩ জন আহত হয়েছেন। এ ছাড়া এখনও ২৮ জন নিখোঁজ রয়েছেন। খবর হিমালয় টাইমসের। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঋষিরাম তিওয়ারি বলেছেন, বন্যা এবং ভূমিধস সারাদেশে অবকাঠামো এবং সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বন্যায় অন্তত দেড় ডজন সেতু ভেসে গেছে। ভূমিধসের কারণে কাঠমান্ডুর সাথে সংযোগকারী প্রধান মহাসড়কগুলো বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কাজে সব নিরাপত্তা সংস্থা মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত সাড়ে চার হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করা হয়েছে। তিওয়ারি আরও জানান, ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অবিরাম বৃষ্টিপাতের কারণে সাম্প্রতিক বন্যা এবং ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত প্রধান মহাসড়কগুলোসহ সড়কপথগুলো পুনরুদ্ধার করতে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে কাজ করছে। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, গত শনিবার কাঠমান্ডু উপত্যকায় ১৯৭০ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই বছর থেকেই নেপালে প্রথম বৃষ্টিপাত পরিমাপ এবং রেকর্ড রাখার ব্যবস্থা শুরু করে।
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত বেড়ে ১৭০

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত বেড়ে ১৭০ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৭০ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে দেশটির স্কুল-কলেজ বন্ধ রয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৭০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আরও ৪২ জন নিখোঁজ রয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা। চলমান বৃষ্টি, বন্যা ও ভূমিধসে প্রকৃত মৃত্যুর সংখ্যা এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
ভারতে বিদেশি পর্যটকের তালিকায় শীর্ষে বাংলাদেশ

ভারতে বিদেশি পর্যটকের তালিকায় শীর্ষে বাংলাদেশ ভারতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। এরপরই ছিল যুক্তরাষ্ট্রের অবস্থান। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ও তথ্য প্রকাশ করেছে ভারতের পর্যটন মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের জুন মাসে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের জুনের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম। আর গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে পর্যটকদের এ সংখ্যা ছিল ৪৭ লাখ ৭৮ হাজার ৩৭৪। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হলো বাংলাদেশ (২১ দশমিক ৫৫ শতাংশ), যুক্তরাষ্ট্র (১৭ দশমিক ৫৬ শতাংশ), যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)। গত বছর ভারতে সবচেয়ে বেশি পর্যটক গিয়েছিল যুক্তরাষ্ট্র থেকে। এর পরে ছিল বাংলাদেশের অবস্থান। এ বছর ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে প্রথম অবস্থানে পৌঁছে যায় বাংলাদেশ।দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশে চলতি জুলাই থেকে অভূতপূর্ব ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হয়েছিল, যা একটি অভ্যুত্থানে পরিণত হয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। এরপর পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ থেকে আসা নাগরিকদের ভিসা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে নিহত ৪৩

যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে নিহত ৪৩ হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে নিহত হয়েছেন অন্তত ৪৩ জন। খবর বিবিসির। দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী এই ঝড়টি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। ঝড়ের আঘাতে ফ্লোরিডায় ১৩ জন, জর্জিয়ায়, ১৫ জন, দক্ষিণ ক্যারোলাইনায় ১৭ জন, উত্তর ক্যারোলাইনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হেলেনের তাণ্ডবে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ধ্বংস হয়েছে বাড়ি ও রাস্তাঘাট। ফ্লোরিডা থেকে ওহিও পর্যন্ত বিভিন্ন রাজ্যে ৪৫ লাখেরও বেশি বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। সবচেয়ে বেশি বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে দক্ষিণ ক্যারোলিনা, রাজ্যটিতে ১০ লাখেরও বেশি বিদ্যুৎ গ্রাহক অন্ধকারে রয়েছেন। হেলেনের প্রভাবে ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার বিস্তীর্ণ এলাকায় তীব্র বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে। পানিবন্দি অবস্থায় বিভিন্ন শহরের অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। ব্যাপক ধ্বংসাত্মক হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবহওয়া দপ্তর হেলেনকে ‘ক্যাটাগরি ৪’ ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে শক্তির বিবেচনায় হেলেন ১৪তম। ঘণ্টায় ৪২০ মাইল গতিতে বাতাস বয়ে গেছে। এর আগে ২০১৭ সালে হারিকেন আইডা এবং ১৯৯৬ সালে হারিকেন ওপালের সময় ঘণ্টায় ৪৬০ মাইল গতিতে বাতাস বইতে দেখা গেছে। দুর্যোগ মোকাবিলায় মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড শাখার ১ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সিগেরু ইশিবা

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সিগেরু ইশিবা জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। আজ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে তাকে জয়ী ঘোষণা করা হয়। রয়টার্সের খবরে একথা বলা হয়েছে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) হাল ধরতে এটি ছিল ইশিবার পঞ্চম ও তার নিজের ভাষ্যে ‘সর্বশেষ’ প্রচেষ্টা। ৬৭ বছর বয়সী অভিজ্ঞ এই রাজনীতিবিদ কট্টর জাতীয়তাবাদী নেতা সানায়ে তাকাইচিকে হারিয়ে এলডিপি নেতা নির্বাচিত হয়েছেন।
ভারতে ধর্মীয় উৎসবে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু

ভারতে ধর্মীয় উৎসবে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন উৎসব ‘জীবিতপুত্রিকা’ পালনের সময় নদী এবং পুকুরে পবিত্র স্নান করতে গিয়ে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আজ বিহারের সরকারি একজন কর্মকর্তা এই তথ্য জানিয়ে বলেছেন, নিহতদের মধ্যে ৩৭ জন শিশু ও সাত নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে তাদের প্রাণহানি ঘটেছে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক বন্যায় নদী ও পুকুর উপচে যাওয়ায় স্নান করতে গিয়ে পৃথক কয়েকটি ঘটনায় ৪৬ জন পানিতে ডুবে মারা গেছেন। তিনি জানান, বন্যার পানির জন্য এসব জায়গায় আগের থেকে সতর্কতা জারি করা ছিল। কিন্তু উৎসব উদযাপনের জন্য মানুষজন নদী ও পুকুরের পানির বিপজ্জনক স্তর উপেক্ষা করে গোসল করতে নেমেছিল। এতেই এই দুর্ঘটনা ঘটে। বিহার রাজ্যের ১৫টি জেলাজুড়ে মঙ্গলবার থেকে এসব মানুষের ডুবে যাওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া তিনজনের মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারে তৎপরতা চলছে। জানা গেছে, হিন্দুদের ওই উৎসবের নাম ‘জিতিয়া পর্ব’। সন্তানদের মঙ্গলের জন্য মায়েরা এই উৎসব পালন করে থাকেন। তিনদিনের এই উৎসব সাধারণত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম দিনের মধ্যে পালিত হয়। এ সময় সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা উপবাস করেন। পরে সন্তানদের নিয়ে বিভিন্ন নদী, পুকুর ও জলাশয়ে স্নান করতে যান মায়েরা। ওই কর্মকর্তা বলেছেন, কর্তৃপক্ষ আরো তিনজনের মরদেহ উদ্ধারের কাজ করছে। রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে প্রবল বৃষ্টির কারণে বর্তমানে বিহারের প্রায় সব নদ-নদীতে পানির তীব্র স্রোত রয়েছে। সেই স্রোতে ভেসে গেছে শিশু ও অন্যান্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জিতিয়া উৎসব পালনের সময় রাজ্যজুড়ে প্রাণহানির এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেককে রাজ্য সরকারের পক্ষ থেকে চার লাখ রুপি করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভারতে হিন্দুদের প্রধান প্রধান ধর্মীয় বিভিন্ন উসবের সময় মন্দিরগুলোতে প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে বিভিন্ন সময়ে ধর্মীয় উৎসব পালন কিংবা পূজা অর্চনার সময় পদদলনের ঘটনাও ঘটে। গত জুলাই মাসে দেশটির উত্তরপ্রদেশ রাজ্যে হিন্দুদের এক ধর্মীয় সমাবেশে পদদলনে অন্তত ১১৬ জন নিহত হন। যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ছিল। এছাড়া ভারত প্রত্যেক বছর বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার ঘটনা দেখা যায়। গত জুলাইয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে ২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।
পানিবন্দি মুম্বাইয়ের বিমানবন্দর, ৪ জনের মৃত্যু

পানিবন্দি মুম্বাইয়ের বিমানবন্দর, ৪ জনের মৃত্যু ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই। মহারাষ্ট্র রাজ্যের এ শহর এবং সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশ পানিবন্দি হয়ে পড়েছে। ব্যাহত হয়েছে ট্রেন এবং বিমান পরিষেবা। এতে মারা গেছে ৪ জন। বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে কমলেও আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, দুর্যোগ আপাতত কয়েক দিন চলবে। এদিকে আন্ধেরিতে পানিবন্দি রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক নারীর। পরিসংখ্যান বলছে, মাত্র পাঁচ ঘণ্টায় মুম্বাইয়ে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। অল্প সময়ে এত পরিমাণ বৃষ্টির কারণে বাণিজ্যনগরীর অধিকাংশ রাস্তায় পানি জমে যায়। এতে বুধবার সন্ধ্যা থেকেই শহরের নানা প্রান্তে যানজট শুরু হয়। পানি জমেছে মুম্বই বিমানবন্দরেও। উদ্ভূত পরিস্থিতিতে এখনও পর্যন্ত ১৪টি বিমান মুম্বাইয়ে অবতরণ করতে পারেনি। স্পাইসজেট, ইন্ডিগো এবং ভিস্তারার মতো বিমান পরিবহন সংস্থাগুলো যাত্রীদের সিডিউলের দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ে লোকাল ট্রেনের লাইনে পানি জমায় ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে। মধ্য রেলওয়ের নিয়ন্ত্রণাধীন লোকাল ট্রেনগুলো নির্ধারিত সময়ের অনেক দেরিতে চলছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। পশ্চিম রেলের পক্ষে অবশ্য জানানো হয়েছে, এখনও পর্যন্ত ট্রেন পরিষেবা ব্যাহত হয়নি। আবহাওয়া দপ্তরের পক্ষে জানানো হয়েছে, দক্ষিণ ছত্রিশগড় এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মূলত এর জেরেই আগামী কয়েক দিন কোঙ্কণ উপকূল এবং গোয়ায় বৃষ্টি চলবে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং হাওয়া অফিসের পূর্বাভাসের কথা মাথায় রেখে বৃহস্পতিবার মুম্বাইয়ের সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার
পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ২৫

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ২৫ পাকিস্তানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ সংঘর্ষের সূত্রপাত হয় এক সপ্তাহ আগে। আফগান সীমান্তের কাছে কুররাম জেলায় একটা জমি নিয়ে বিরোধ থেকে এ ঝামেলার সূত্রপাত। যা পরবর্তীতে বড় আকার ধারণ করে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুনরায় সংঘর্ষ এড়াতে তারা কঠোর অবস্থানে রয়েছে। আঞ্চলিক সরকারের মুখপাত্র সইফ আলী জানিয়েছেন, উত্তেজনা কমাতে প্রশাসন উভয় জনগোষ্ঠীর প্রবীণ নেতাদের সঙ্গে কথা বলেছে। উভয় পক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। গত জুলাই মাসেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয় এবং বেশ কয়েকজন মারা যান।