উপসাগরীয় আরব দেশগুলোকে ইরানের হুমকি

উপসাগরীয় আরব দেশগুলোকে ইরানের হুমকি উপসাগরীয় আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া উচিত নয় বলে সতর্ক করেছে তেহরান। দেশটি বলছে, এমনটা করা হলে সেটা অগ্রহণযোগ্য হবে এবং এ ধরনের কোনো পদক্ষেপ নেয়া হলে তেহরান এর জবাব দেবে। একজন শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্য ইস্যুতে সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো সফর করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তেহরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় কোনো দেশের যে কোনো পদক্ষেপ, তা আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করার মাধ্যমে হোক, তেহরান এটি পুরো গোষ্ঠীর নেওয়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। আর সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে। ওই কর্মকর্তা বলেন, তেহরানের বার্তায় আঞ্চলিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে স্থিতিশীলতা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ ছাড়া এটি স্পষ্ট করে বলা হয়েছে যে, ইরানের বিরুদ্ধে কোনো আঞ্চলিক দেশের আকাশসীমা ব্যবহার করতে দেওয়াসহ ইসরায়েলকে কোনো সাহায্য প্রদান করা অগ্রহণযোগ্য। আরব উপসাগরের তীরে ছয়টি দেশ অবস্থিত। এই দেশগুলো হলো ওমান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এই ছয় দেশেই ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা সেনা রয়েছে। ইসরায়েলে গত সপ্তাহে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাব দেওয়া ঘোষণা দিয়েছে তেল আবিব। যে কোনও মুহূর্তে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে আরও ৭০ চিকিৎসকের গণপদত্যাগ

পশ্চিমবঙ্গে আরও ৭০ চিকিৎসকের গণপদত্যাগ ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে কলকাতার ধর্মতলায় অনশন করছেন সাতজন জুনিয়র চিকিৎসক। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গতকাল মঙ্গলবার আরজি করের হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক পদত্যাগ করেছিলেন। আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, আজ বুধবার একইভাবে ‘গণপদত্যাগ’ করলেন কলকাতা মেডিক্যাল কলেজের ৭০ জন সিনিয়র চিকিসক। মঙ্গলবারই তারা পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে জুনিয়রদের দাবি পূরণ না হলে, তারাও ‘গণইস্তফা’ দেবেন। কলকাতা মেডিক্যালের সিনিয়র চিকিৎসকদের অভিযোগ, ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া মেলেনি। তাই বাধ্য হয়েই ‘গণইস্তফা’ দিচ্ছেন। বুধবার দুপুর ১টা নাগাদ সাদা কাগজে স্বাক্ষর করে ‘গণইস্তফা’ দেন মোট ৭০ জন সিনিয়র চিকিৎসক। স্লোগান ওঠে ‘উই ওয়ান্ট জাস্টিস’।পর পর দুই দিন কলকাতা শহরের দুই মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকদের গণপদত্যাগের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের ওপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে প্রশাসন সূত্র মনে করছে, এটা কোনো ইস্তফাই নয়। কোনো সরকারি কর্মী এভাবে ইস্তফা দিতে পারেন না। তার আলাদা প্রক্রিয়া রয়েছে। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর সাত জন প্রতিনিধি ১০ দফা দাবিতে আমরণ অনশন করছেন ধর্মতলায়। গত শনিবার থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। জুনিয়র চিকিৎসকদের দাবিদাওয়াগুলোকে শুরু থেকেই সমর্থন জানিয়ে এসেছেন সিনিয়র চিকিৎসকরা।
যান্ত্রিক শিক্ষার ভিত্তিযন্ত্র আবিষ্কার করে পদার্থে নোবেল পেলেন দুজন

যান্ত্রিক শিক্ষার ভিত্তিযন্ত্র আবিষ্কার করে পদার্থে নোবেল পেলেন দুজন চলতি বছর পদার্থে নোবেল পেয়েছেন জন জে হোপফিল্ড এবং জিওফ্রে ই হিন্টন। মঙ্গলবার রয়েল সুইডিশ অ্যাকাডেমি তাদের নাম ঘোষণা করেছে। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে যান্ত্রিক শিক্ষাকে সক্ষম করার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘নোবেল বিজয়ী দুইজন পদার্থবিদ্যাকে এমন পদ্ধতিগুলো তৈরি করতে ব্যবহার করেছেন, যা আজকের শক্তিশালী যান্ত্রিক শিক্ষার ভিত্তি। জন হপফিল্ড একটি সহযোগী মেমরি তৈরি করেছেন যা ডেটাতে চিত্র এবং অন্যান্য ধরণের নিদর্শন সংরক্ষণ এবং পুনর্গঠন করতে পারে। জিওফ্রে হিন্টন এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যা নিজে নিজে ডেটাতে বৈশিষ্ট্যগুলো খুঁজে পেতে পারে এবং তাই ছবিতে নির্দিষ্ট উপাদান সনাক্ত করার মতো কাজগুলো সম্পাদন করে।’ এতে আরো বলা হয়েছে, ‘আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে কথা বলি, তখন আমরা প্রায়ই কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে যান্ত্রিক শিক্ষাকে বোঝাই। এই প্রযুক্তিটি মূলত মস্তিষ্কের গঠন প্রক্রিয়ার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিল। একটি কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে, মস্তিষ্কের নিউরনের শাখাপ্রশাখায় উপস্থাপিত হয় যার বিভিন্ন মান রয়েছে। এই শাখাপ্রশাখাগুলো সংযোগের মাধ্যমে একে অপরকে প্রভাবিত করে যা সিন্যাপসের সাথে তুলনা করা যেতে পারে এবং যা শক্তিশালী বা দুর্বল করা যেতে পারে।’ জন জে হপফিল্ড ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন। তিনি নিউজার্সির প্রিন্সটন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। জিওফ্রে ই হিন্টন ১৯৪৭ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করছেন। নোবেল পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার তারা সমান দুই ভাগে পাবেন।
বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে আম্মানের দ্যা রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। তালিকায় ৫০ নম্বরে স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম। প্রতিবছর প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। এই ক্যাটাগরিগুলো হলো: ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, যিনি দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন। তার অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ। ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষে রয়েছেন জর্ডানের দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইয়েমেনের দার আল-মুস্তাফা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ডিন শেখ হাবিব ওমর বিন হাফিজ। তৃতীয় স্থানে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনি ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কীভাবে নিয়ন্ত্রিত হয়, তার একটি মৌলিক নীতির আবিষ্কারের জন্য এই দুই বিজ্ঞানীকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন যৌথভাবে মাইক্রোআরএনএ আবিষ্কার করেছেন। এটি একটি নতুন শ্রেণীর ক্ষুদ্র আরএনএ অণু, যা জিন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে এ বছরের বিজয়ী হিসেবে ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুনের নাম ঘোষণা করে। এই বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে আজ থেকে। আগামী সোমবার (১৪ অক্টোবর) অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল কমিটির ওয়েবসাইট থেকে জানা গেছে, আগামীকাল ৮ অক্টোবর পদার্থবিজ্ঞান, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য ক্যাটাগরিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ১১ অক্টোবর ঘোষণা করা হবে এ পুরস্কারের সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি শান্তিতে নোবেলজয়ীর নাম। তার তিন দিন পর ১৪ অক্টোবর সর্বশেষ অর্থনীতি বিভাগে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে অল্প কয়েক জনকে মনোনীতি করা হয়। তারপর মনোনীতদের মধ্যে এক বা একাধিক জনকে দেওয়া হয় পুরস্কার। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেওয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।
এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ

এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৯ শতাংশ। তার মধ্যে শুধু বৃহস্পতিবারই এই বৃদ্ধির হার ছিল ৫ শতাংশ। শনিবার (৫ অক্টোবর) বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এতে বলা হয়েছে, গত এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)- উভয়েরই। শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ১ অংশ। চলতি বছর এই প্রথম মাত্র এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এই পরিমাণ বাড়ল। জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে অপরিশোধিত তেলের একটি উল্লেখযোগ্য অংশ আসে ইরান থেকে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ইরানের তেল খনিগুলোতে ইসরায়েলের হামলার হুমকি বাজারের এই আকস্মিক দাম বৃদ্ধির অন্যতম কারণ। যুক্তরাজ্যের বাজার বিশ্লেষক সংস্থা স্টোনএক্সের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল যদি সত্যিই ইরানের তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিকভাবে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৩ থেকে ৫ ডলার বাড়বে। গত বৃহস্পতিবার জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাস এক বিবৃতিতে বলেছে, ইসরাইল যদি ইরানের তেল ক্ষেত্রেগুলোতে হামলা করে, তাহলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে ইরানি তেলের চালান আসা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কিছুদিন এই ঘাটতি পূরণ করতে পারলেও দীর্ঘমেয়াদে তা সম্ভব হবে না ওপেকের সদস্যরাষ্ট্রগুলোর পক্ষে।
হাইতিতে অপরাধী চক্রের হামলায় নিহত ৭০

হাইতিতে অপরাধী চক্রের হামলায় নিহত ৭০ হাইতিতে একটি শহরে দেশটির সশস্ত্র গোষ্ঠী গ্র্যান গ্রিফ নির্বিচারে গুলি চালিয়ে ৭০ জন মানুষকে হত্যা করেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ১৬ জন। শুক্রবার (৪ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, গ্র্যান গ্রিফ গ্যাং এর সদস্যরা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৭১ কিলোমিটার উত্তর-পশ্চিমে কেন্দ্রীয় আর্টিবোনিট অঞ্চলের পন্ট-সোনডে শহরে তাণ্ডব চালায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল মানুষ মোটরসাইকেলে করে সহিংসতা থেকে পালাচ্ছে। এক সরকারি কৌসুলি এই হামলাকে হত্যাযজ্ঞ বলে বর্ণনা করেছেন। গ্র্যান গ্রিফ গ্যাং নেতা লাকসন এলান এই গণহত্যার দায় নিয়ে জানিয়েছেন, পুলিশ এবং অন্যান্য গোষ্ঠী যখন তাদের সেনাদের হত্যা করেছিল, তখন বেসামরিক লোকজন চুপ ছিল। এর প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীটি ৪৫টি বাড়ি এবং ৩৪টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলার কারণে প্রায় ৬ হাজার ২৭০ জন তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এর মধ্যে বেশিরভাগই আশেপাশের সেন্ট-মার্ক এবং অন্যান্য শহরে বসবাসকারী পরিবারের কাছে আশ্রয় নিয়েছে, অন্যরা অস্থায়ী শিবিরে অবস্থান করছে। দেশটির প্রধানমন্ত্রী এক্স পোস্টে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বলেছেন, এই নৃশংস ঘটনা শুধু নারী, শিশু ও পুরুষের জন্য নয় এটি পুরো হাইতিবাসীর বিরুদ্ধে একটি নৃশংসমূলক কাজ। গ্র্যান গ্রিফকে হাইতির গ্যাংগুলোর মধ্যে সবচেয়ে সহিংস বলে মনে করা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে এ চক্রের সদস্যদের বিরুদ্ধে পুলিশ স্টেশনে হামলা এবং ছয়জন কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। তাছাড়া ৭ লাখের বেশি মানুষকে পরিষেবা দেওয়া একটি হাসপাতাল বন্ধ করতে বাধ্য করার জন্যও তাদেরকে দায়ী করা হয়। হাইতি কর্তৃপক্ষ দেশে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এক মাস পর বৃহস্পতিবার চক্রটি এই তাণ্ডব চালায়। প্রধানমন্ত্রী গ্যারি কনিল এই গ্যাং দমনের অঙ্গীকার করেছেন।
কঙ্গোর পূর্বাঞ্চলীয় কিভু হ্রদে ফেরি ডুবে ৮৭ জনের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলীয় কিভু হ্রদে ফেরি ডুবে ৮৭ জনের মৃত্যু গণপ্রজাতান্ত্রিক কঙ্গো’র পূর্বাঞ্চলীয় কিভু হ্রদে গতকাল এক ফেরি ডুবে অন্তত ৮৭ জনের প্রাণহানি হয়েছে। দক্ষিণাঞ্চলীয় কিভু প্রদেশের মিনোভা শহর থেকে আসা ফেরিটি উত্তরের কিভু প্রদেশের রাজধানী গোমার উপকণ্ঠে কিতুকু বন্দরের কাছে এসে ডুবে যায়। গোমা থেকে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়। কিনশাসায় কেন্দ্রীয় সরকারকে পাঠানো এক খবরে বলা হয়, প্রাদেশিক সরকার ৭৮ জন এখনও নিখোঁজ থাকার কথা জানিয়েছে। উদ্ধার হওয়া ৮৭টি মৃতদেহ গোমার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বাকি ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলের হামলায় নিহত ৫

লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলের হামলায় নিহত ৫ লেবাননের রাজধানী বেইরুতের কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮ জন। স্থানীয় কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। যে ভবনটিতে বিমান হামলা চালানো হয়েছে সেটি বাচৌরাতে অবস্থিত। বহুতল ওই ভবনটি একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল। সেখানে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আসা-যাওয়া ছিল। এই ভবনে আক্রমণের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে, তারা ‘নির্ভুল’ হামলা চালিয়েছে। বৈরুতের কেন্দ্রে বিশেষ করে লেবাননের সংসদের এত কাছাকাছি ইসরায়েলি হামলা এবারই প্রথম। যেখানে হামলা হয়েছে ঘটনাস্থলটি সংসদ থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল যে, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য নিহত হয়েছে। ওই ঘোষণা দেওয়ার পরপরই লেবাননে এই হামলার খবর এলো। তবে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করার পর এটিই ছিল ইসরায়েলের প্রথম ক্ষতির ঘটনা। এই প্রথম বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালালো ইসরায়েল। তারা এর আগে মূলত দক্ষিণ বৈরুতে আক্রমণ করছিল। হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধের সময় তারা ইসরায়েলি ট্যাঙ্কগুলি ধ্বংস করেছে। তারা জোর দিয়ে এও বলেছে যে ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করার জন্য তাদের যথেষ্ট জনবল ও গোলাবারুদ রয়েছে। এর আগে আইডিএফ ঘোষণা করেছিল যে লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে থাকা ‘সন্ত্রাসবাদী অবকাঠামো’ গুড়িয়ে দেওয়ার জন্য আরও পদাতিক ও সাঁজোয়া সৈন্য জড়ো করা হয়েছে। লেবাননে গতরাতে সর্বশেষ হামলার সময় বৈরুতের হাহিয়েহ অঞ্চলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চতুর্থ শব্দটি শোনা গেছে একদম শহরের মধ্যাঞ্চল থেকে। আইডিএফ হাহিয়েহতে বসবাসকারীদের সতর্ক করার পর সেখানে আরও দুইটি বিমান হামলা হয়েছে। এই অঞ্চলটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। রাতের বিমান হামলার আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিলো যে, বেসামরিক ও সামরিক মানুষ মিলিয়ে ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমা হামলায় ৪৬ জন নিহত এবং আরও ৮৫ জন আহত হয়েছে। লেবাননে সর্বশেষ বিমান হামলায় নিহতদের মধ্যে এক মার্কিন নাগরিকও ছিলেন। দ্য ডেট্রয়েট নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগানের ওই নাগরিকের নাম কামেল আহমেদ জাওয়াদ। তার বয়স ছিল ৫৬ বছর। তিনি তার বৃদ্ধা মায়ের খেয়াল রাখার জন্য সেদেশে এসেছিলেন। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, লেবাননের অনেক বেসামরিক মানুষের মৃত্যুর মতো তার মৃত্যুও একটি দুঃখজনক ঘটনা।
নাইজেরিয়ায় নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু

নাইজেরিয়ায় নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু নাইজেরিয়ায় একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-মধ্য নাইজেরিয়ায় শতাধিক যাত্রী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। খবর এএফপির। নাইজার রাজ্যের জরুরি সংস্থার প্রধান আবদুল্লাহি বাবা আরাহ বলেন, নৌকাটিতে থাকা যাত্রীদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। স্থানীয় সময় মঙ্গলবার তারা মুসলিমদের মাওলিদ উৎসব উদযাপন করতে যাচ্ছিলেন। সে সময়ই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে মোকওয়ার কাছে গাবাজিবো কমিউনিটিতে নাইজার নদী দিয়ে যাচ্ছিল নৌকাটি। সে সময় ওই নৌকায় প্রায় ৩০০ যাত্রী ছিল। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা তিনি উল্লেখ করেননি। দুর্ঘটনার পর স্বেচ্ছাসেবক এবং ডুবুরিরা প্রায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। জরুরি সংস্থার মুখপাত্র ইব্রাহিম অদু হুসেইনি এএফপিকে বলেন, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজন নারী এবং ১৪ জন পুরুষ। তিনি বলেন, আরও লোকজনকে উদ্ধারের চেষ্টা করছি আমরা। উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে। নাইজেরিয়ার জলপথে নানা অসঙ্গতির কারণে নৌকা দুর্ঘটনা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষাকালে নদী এবং হ্রদের পানি বেড়ে যাওয়ায় দুর্ঘটনা বেশি হয়। গত মাসে জামফারা রাজ্যের গুম্মি নদীতে ৫০ জনের বেশি কৃষককে নিয়ে যাওয়ার সময় একটি নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।