গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ২ মাদকসেবীর কারাদন্ড

গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ২ মাদকসেবীর কারাদন্ড গোমস্তাপুর উপজেলায় দুই মাদকসেবীকে ৩ মাস করে কারাদন্ড এবং ৫০০ টাকা করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতরা হলেন গোমস্তাপুরের রহনপুর পৌর নুনগোলা কেডিসিপাড়া এলাকার মৃত ফায়েজ উদ্দিনের ছেলে রাহিম ও হঠাৎপাড়ার শ্রী জার্মানীর ছেলে শ্রী বিরাম ৪৬। জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গতকাল বিকাল পৌনে ৫টার দিকে জেলার কূখ্যাত মাদকস্পট রহনপুর পৌর নুনগোলা কেডিসিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে মাদকসেবনের সময় ১৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার হন রাহিম ও বিমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও জাকির মুন্সী উভয়কে মাদকসেবনের দায়ে ৩ মাস কওে কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। দন্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পরিচালক ইমরুল হাসান।

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক : জেলা প্রশাসক

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলাশহরের হুজরাপুরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, জেলা প্রশাসন সমন্বয়ের জায়গা থেকে কাজ করে, আপনাদের কথা শুনতে চায়। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে। তিনি আরো বলেন, রোগ নির্ণয়, পুষ্টি এবং গবাদিপশুর উন্নয়নের সাথে জড়িত ৫টি প্রকল্প এই জেলায় পরিচালিত হচ্ছে। সরকারি প্রকল্পের সুফল যেন বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছায়, সে দিকে নজর দিতে হবে। শাহাদাত হোসেন মাসুদ আরো বলেন, গরু চুরির বিষয়ে সর্বদা সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। এছাড়াও আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে গরু মোটাতাজাকরণ বিষয়ে খেয়াল রাখব। তিনি আরো বলেন, আমরা সবসময় টেকসই ও গুণগতমান সাসটেইন করব। আমাদের টেকসইয়ের জায়গাতে কাজ সবসময় চলমান থাকবে এবং গুণগতমানের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমরা সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন করব, ভোট উৎসব করবো ইনশাআল্লাহ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। সূচনা বক্তব্য দেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবির উদ্দিন আহমেদ। খামারিদের মধ্যে বক্তব্য দেন মুনজের আলম মানিক ও রাকিবুল আলম বাবু। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তাফা জানান, প্রদর্শনী আজকে বুধবার শেষ হবে কিন্তু আমাদের সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। যেমন ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, ইউনিয়ন পর্যায়ে ফ্রি ক্যাম্প, নারী ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে বৈঠক, কুইজ প্রতিযোগিতা ও স্কুল ফিডিং ক্যাম্পেইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আক্তার, ভেটেরিনার সার্জন মোছামত আশা আনার কলিসহ খামারি ও উদ্যোক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এল.ই.ও. ডা. শামীমা নাসরিন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশিত হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পৌর এলাকার পাইলিং মোড়ে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা। প্রদর্শনীতে ৩০টি স্টলে হাঁস, মুরগি, পাখি, ঘোড়া ও উন্নত গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে। একই সঙ্গে খামারিরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় সাইজের গরু নিয়ে প্রদর্শনীতে অংশ নেন। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ভেটেরিনারি সার্জন বরুণ কুমার প্রামানিক, প্রাণিসম্পদ উদ্যোক্তা মুসলেহউদ্দিন শিপলু সরকারসহ অন্যরা। পরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুলতানা রাজিয়া। সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ। প্রদর্শনীর জন্য ৩০টি স্টল স্থান পায়। অতিথিবৃন্দ আধুনিক প্রযুক্তির আলট্রাশনোগ্রাফি, খড় ও ঘাস কাটার মেশিন, বিভিন্ন রোগবালাই দমনের ওষুধ এবং উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, খরগোশ, হাঁস-মুরগি, টিয়াসহ বিভিন্ন প্রাণীর স্টল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন— উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েশ, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসক ডা. মাইদুর রহমান, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম। ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহজালাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. জামিল হাসানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমানসহ অন্যরা। উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীতে মোট ২৪টি স্টল অংশগ্রহণ করে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।

গোমস্তাপুরে সময় টিভির সহযোগী প্রযোজক সজলের দাফন সম্পন্ন

গোমস্তাপুরে সময় টিভির সহযোগী প্রযোজক সজলের দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন হয়েছে। আজ বেলা ১১ টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের গোরস্থানে নামাজে জানাযা শেষে একই স্থানে দাফন করা হয়। জানাযা পূর্বে স্মৃতিচারণ বক্তব্য দেন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, মরহুমের বাবা মেসের আলী মাষ্টার, মামা কামালউদ্দিন, সময় টিভিতে কর্মরত সহকর্মী আসাদুজ্জামান, সাংবাদিক আলাউদ্দিন পারভেজ। জানাযায় তার পরিবারের সদস্য, শিক্ষক, রাজনৈনিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বন্ধু, সহকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন অংশ গ্রহণ করেন। এর আগে গত মঙ্গলবার তিনি ঢাকার মগবাজার মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। স্ত্রী, দুই ছেলে-মেয়ে, বাবা-মাসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী টাঙ্গাইলে একটি কলেজে শিক্ষকতা করেন। তিনি সময় টেলিভিশনে চাকুরীরত থাকায় ঢাকার একটি বাসা বাড়িতে একাই থাকতেন। মাজহারুল ইসলাম সজল, লেখালে„খির পাশাপাশি বেশকিছু প্রামাণ্য চিত্রও নির্মাণ করেন। তিনি ছাত্রাবস্থায় সাপ্তাহিক গৌড় সংবাদে রহনপুর পৌর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে ২০১৩ সালে সময় টেলিভিশনে বার্তা বিভাগের প্রযোজনা হিসেবে কাজ শুরু করেন। মাঝে কিছুদিন সময় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করার পর পুণরায় তিনি ওই টেলিভিশনে সহযোগী প্রযোজক ঢাকায় কর্মরত হয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক সজল আর নেই

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক সজল আর নেই সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুরে ঢাকার মগবাজারে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। সজলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে। সজলের সহকর্মীরা জানান, সকাল ৯টার দিকে কর্মস্থলে অসুস্থ বোধ করলে নিকটস্থ একটি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন সজল। সেখান থেকে অফিসে এসে দুপুরের খাবার খান। এরপর মগবাজারের বাসায় ফিরে যান। তবে চারতলার ফ্ল্যাটের গেট খুললেও ভেতরে প্রবেশ করতে পারেননি। প্রতিবেশীরা তাকে সিঁড়িতেই পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন, কিন্তু সজল আর ফেরেননি। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নেয়ার আগেই হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করা সজল ২০১৩ সাল থেকে সময় টেলিভিশনের প্রযোজনা বিভাগে কাজ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে, বাবা-মাসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী টাঙ্গাইলে একটি কলেজে শিক্ষকতা করেন। ঢাকায় সজল একাই থাকতেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সজলের মরদেহ তার গ্রামের বাড়িতে দাফন করা হবে। মাজহারুল ইসলাম সজল লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রহনপুরে থাকতে প্রথমে সাপ্তাহিক গৌড় সংবাদে উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বেশকিছু প্রামাণ্য চিত্রও নির্মাণ করেন। পরে সময় টিভিতে কাজ শুরু করেন। মাঝে কিছুদিন সময় টিভির জেলা প্রতিনিধি হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও কাজ করেন। মাজহারুল ইসলাম সজলের মৃত্যুতে রেডিও মহানন্দা পরিবারসহ আরো অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।

গোমস্তাপুরে বিষপানে স্বামী পরিত্যক্ত নারীর আত্মহত্যা

গোমস্তাপুরে বিষপানে স্বামী পরিত্যক্ত নারীর আত্মহত্যা গোমস্তাপুরে বিষপান করে স্বামী পরিত্যক্ত এক নারী আত্মহত্যা করেছে। আজ সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নারী ওই গ্রামের মামুন অর রশিদের মেয়ে মিম নামে। মা-বাবার সঙ্গে মনোমালিন্য কারণে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই এলাকার ইউপি সদস্য সালেক সর্দার বলেন, মেয়েটির পিতা-মাতার সাথে মনোমালিন্যের কারণে বেলা ১০ টার দিকে বাবার বাড়িতে ওই নারী বিষ পান করে। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পথে নাচোল উপজেলা এসে মারা যান। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ – ওসি ফরিদ উদ্দিন জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদেরকে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

চতুর্থবার রহনপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চতুর্থবার রহনপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোমস্তাপুরে চতুর্থবার হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর কুরআনের আলো সংগঠনের আয়োজনে গতকাল দিনব্যাপী রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। রহনপুর কুরআনের আলোর সংগঠনের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দন্ত চিকিৎসক রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নেস মোহাম্মদ মন্টু, সাবেক কাউন্সিলর ইউসুফ আলিসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান, ব্যবসায়ী, হাফেজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হিফজল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ১৫ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে গতকাল রাতে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে টয়লেটের চাবি ও উপকরণ বিতরণ

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে টয়লেটের চাবি ও উপকরণ বিতরণ গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের স্যানিটেশন সুবিধা আওতায় উপকারভোগীদের মধ্যে সেমি পাকা টয়লেটের চাবি ও ব্যবহৃত উপকরণ বিতরন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এইগুলো বিতরণ করা হয়। উপজেলার ১৫টি উপকারভোগী পরিবারের মধ্যে চাবিসহ টয়লেটের ব্যবহৃত বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রদূত বাংলাদেশ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহাদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অগ্রদূত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামানিক ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুন নাহিদ।  অনুষ্ঠানে উপকারভোগী রওশনি বালা, ফুলন দেবী, প্রমিলা রানী বলেন বিগত দিনে তারা উন্মুক্ত স্থানে মলত্যাগ করতেন। এতে করে জমির মালিক বকাবকি করতেন। এছাড়াও তারা দিনের বেলা মলত্যাগ করতে লজ্জা পেতাম। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও অগ্রদূত বাংলাদেশ তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত সেমি পাকা টয়লেট তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এছাড়া তারা আরোও বলেন পরিষ্কার-পরিচ্ছন্নভাবে টয়লেট ব্যবহার করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।

গোমস্তাপুরে তরুনী গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে তরুনী গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার গোমস্তাপুরে এক তরুনী গৃহবধুর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বোয়ালিয়া ইউনিযনের ২ নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের মো.সুমন ওরফে শাকিলের স্ত্রী ও একই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে জোছনা আরা মিম । তবে ঘটনার পর থেকে সুমনের স্বামী সুমন পলাতক রয়েছেন। মিম এক বছর বয়সী এক শিশুপুত্রের জননী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর বাড়ির নিজ শয়ন কক্ষের দরজা ভেতর থেকে আটকিয়ে ছাদের বাঁশের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দেয় মিম। এ সময় তাঁর স্বামী ও শ্মশুড়ি বাড়িতেই ছিলেন। তবে তাঁরা ঘটনা পরে টের পান। ঘটনা টের পেয়ে তাঁরা প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে মিমের মরদেহ নামায়। খবর পেয়ে পুলিশ ব্কিালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ সময় পুলিশ মিমের স্বামী সুমনকে বাড়িতে পায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মিম আত্মহত্যা করে থাকতে পারেন। স্বামীর সাথে তাঁর পূর্ব থেকেই দাম্পত্য কলহ ছিল বলে জানা গেছে। এদিকে মিমের পরিবার মিমের মৃত্যুর জন্য তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশের নিকট অভিযোগ করেছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ-ওসি ফরিদ আহমেদ বলেন, ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মিমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ।

চূড়ান্ত তালিকা প্রকাশ : চাঁপাইনবাবগঞ্জে এবার ভোট দিবেন ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন

চূড়ান্ত তালিকা প্রকাশ : চাঁপাইনবাবগঞ্জে এবার ভোট দিবেন ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার চূড়ান্ত ভোটার তালিকা ও ভোট কেন্দ্র এবং ভোট কক্ষের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। প্রকাশিত তালিকা অনুযায়ী জেলায় এবার মোট ভোটার দাঁড়িয়েছে ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১১ হাজার ৬৫০ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ১ হাজার ৫৮৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এছাড়া তিনটি সংসদীয় আসনের মধ্যে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে পুরুষের তুলনায় ৪ হাজার ৪২ জন নারী ভোটার বেশি রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। এর আগে গত মঙ্গলবার সারাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনটি ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ৫৩ হাজার ২৩৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৮৩৩ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১৫৯টি এবং ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ৯১৯টি। এই ৯১৯টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ভোট কক্ষ হচ্ছে ৮৮৫টি ও অস্থায়ী ৩৪টি। অন্যদিকে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনটি গঠিত হয়েছে ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ২৫ হাজার ১৯৫ জন ও মহিলা ভোটার হচ্ছে ২ লাখ ২৯ হাজার ২৩৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮২৪টি এবং মোট ভোট কক্ষ হচ্ছে ৮৬১টি। এই ৮৬১টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৮২৪টি ও অস্থায়ী ৩৭টি। এদিকে জেলার সদর উপজেলার অর্থাৎ ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ২১৭ জন ও মহিলা ভোটার ২ লাখ ২৯ হাজার ৫১৭ জন। এই আসনে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭২টি এবং ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ৮৮২টি। এই ৮৮২টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ৮৬১টি ও অস্থায়ী ২১টি। জেলা নির্বাচন অফিসার মো. আজাদুল হেলাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জেলার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং ভোট কেন্দ্রের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হচ্ছে, তফসিল ঘোষণার পর চূড়ান্ত করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭১৬ জন।