গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা

গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনাজপুরের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের সদস্য ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনকেন্দ্রে। পারিবারিক এই মিলনমেলার আহবায়ক ও সংগঠনের সহসম্পাদক আল-মামুন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন আহবায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমন। এসময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য ইয়াহিয়া খান রুবেলসহ অন্যরা। এই মিলন মেলার আয়োজনে ছিল পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, আনন্দঘন আড্ডা ও নানাবিধ বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের উচ্ছ্বাস, পরিবারগুলোর হাসি-আনন্দ এবং সহকর্মীদের আন্তরিক উপস্থিতিতে সারাদিনজুড়ে প্রাণচাঞ্চল্য বজায় থাকে। প্রতিবছর এই পারিবারিক মিলনমেলা করা হবে বলে ক্লাবের সভাপতি ও সম্পাদক জানিয়েছেন।
গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী আরও ৫ বাংলাদেশী আটক

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী আরও ৫ বাংলাদেশী আটক গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে কারাভোগ শেষে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর আরো ৫ জন আটক হয়েছেন। গতকাল দুপুরে রহনপুর পৌর এলাকার কলেজ মোড় থেকে স্থানীয়রা তাদের আটকের পর পুলিশে হস্তান্তর করে। এর আগে গতকাল সকালে আরো ১৭ জন বাংলাদেশীকে সীমান্ত থেকে আটক করে বিজিবি। এ নিয়ে গতকাল দু’দফায় ২২ বাংলাদেশীকে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের পর আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন শিশু, ৭ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছেন। আজ বিকেলে পুলিশ জানিয়েছে, পরিচয় নিশ্চিত হবার পর তাদের কয়েকজনকে ইতিমধ্যে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। অন্যদেরও প্রক্রিয়া চলছে। সংশ্লিস্ট ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ও গোমস্তাপুর থানার অফিসার ইনচাজ-ওসি আব্দুল বারেক দুই দফায় ২২ বাংলাদেশীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে শিশু ও নারীসহ ১৭ বাংলাদেশী আটক

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে শিশু ও নারীসহ ১৭ বাংলাদেশী আটক গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে কারাভোগ শেষে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে ১৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। পরে তাঁদের জিডি করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়। আটকদের মধ্যে ৪ শিশু, ৫ নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। বিজিবি জানায়, আজ সকাল ৬টার দিকে চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯ বাই ২৯ আর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর সীমান্তের ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ১৭ জনকে আটক করা হয়। এদিকে এ ঘটনায় আজ সকাল ১১টায় সংশ্লিস্ট নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে বিএসএফকে প্রতিবাদলিপি দিয়েছে। এছাড়া এ ব্যাপারে আগামী শুক্রবার সীমান্তে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আবারও পতাকা বৈঠক ডাকা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। বিজিবি ও পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই বাংলাদেশীদের ৩ জন খুলনা ও ১৪ জন যশোর জেলার বাসিন্দা। বিগত ৫/৬ বছর যাবৎ তাঁরা ভারতের আগ্রা এলাকায় বসবাস করতেন। সেখানে পুর্লিশের হাতে আটকে পর আগ্রা কারাগারে প্রায় ৩ বছর কারাভোগ শেষে সম্প্রতি তাঁরা মুক্তি পান। এরপর ভারতীয় পুলিশ তাঁদের বিএসএফর নিকট হস্তান্তর করে। এরপর আজ সকালে পশ্চিমবঙ্গের মালদা জেলার ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্প তাঁদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচাজ (ওসি) আব্দুল বারেক বলেন, বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যাবার পর ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ শেষে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। ওসি আরও বলেন, ওই বাংলাদেশীদের পুলিশ হেফাজতে উপজেলা পরিষদের ডাকবাংলোতে রেখে থাকা খাওয়ার ব্যবস্থা করে পরিচয় যাচাইের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হলে তাঁদের পরিবারের জিম্মায় দেয়া হবে। উল্লেখ্য এর আগে গোমস্তাপুর সীমান্তে গত ২৮ ডিসেম্বর একই উপায়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর ৫ বাংলাদেশীকে আটক করেছিল বিজিবি।
গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি, পতাকা বৈঠকে প্রতিবাদ

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি, পতাকা বৈঠকে প্রতিবাদ গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়দের হাতে আটকের পর বিজিবির কর্তৃক উদ্ধার দুই ভারতীয় জেলেকে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি। বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, গতকাল বিকেল ৫টায় পতাকা বৈঠকে ওই দুই ভারতীয়কে ফেরত দেয়া হয়। ওই দুই ভারতীয় হলেন, পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার সিংগাবাদ টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বচ্চন মোহলদার এবং একই গ্রামের সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার। সংশ্লিস্ট নওগাঁ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল দুপুর ১টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯ এর নিকট দিয়ে সিরামের দাঁড়া বিলে মাছ শিকার করতে করতে ওই ২ ভারতীয় বাংলাদেশী জলসীমায় অনুপ্রবেশ করে। এরপর স্থানীয় বাংলাদেশীরা তাদের আটক করে। পরে বিকাল ৪টার দিকে চাঁড়ালডাঙ্গা বিওপি সদস্যরা তাঁদের কেতাববাজার নামক এলাকা থেকে উদ্ধার করে। এর মধ্যে ভারতীয় নাগরিকদের ফেরত চেয়ে বিজিবির নিকট অনুরোধ করে বিএসএফ। এ প্রেক্ষিতে বিকাল ৫টায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্প ও চাঁড়ালডাঙ্গা বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই দুই ভারতীয়কে বিএসএফ এর নিকট হস্তান্তর করে বিজিবি। আজ বিকালে ১৬ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান বলেন, এ ঘটনায় বিএসএফর নিকট কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে লড়বেন ১৩ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে লড়বেন ১৩ প্রার্থী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বাছাইয়ে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তবে তারা আপিল করলে প্রার্থিতা ফিরেও পেতে পারেন। বর্তমানে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। রিটার্নিং অফিসারের দেয়া তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা, জামায়াত মনোনীত প্রার্থী মো. কেরামত আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম। এই আসনে আয়করের তথ্যের সাথে হলফনামায় উল্লিখিত সম্পদের গরমিল থাকায় জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী মু. মিজানুর রহমান, বাংলাদেশের কমউিনিস্ট পার্টি-সিপিবি’র প্রার্থী মো. সাদেকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল। এই আসনে দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রমাণপত্র এবং দলীয় মনোনয়নের মূল চিঠি সংযুক্ত না থাকায় খুরশিদ আলম বাচ্চুর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ, জামায়াত মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল, গণঅধিকার পরিষদ জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম। ঋণখেলাপি ও হলফনামায় মামলার তথ্য গোপন করায় এই আসনে জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাছাইকালে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ জানিয়েছিলেন, বাতিলকৃত প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার এবং প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি বুধবার। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে জেলা প্রশাসনের নির্বাচন সেল থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চূড়ান্ত ভোটার তালিকা ও ভোট কেন্দ্র এবং ভোটকক্ষের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, জেলায় এবার মোট ভোটার দাঁড়িয়েছে ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১১ হাজার ৬৫০ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ১ হাজার ৫৮৭ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এছাড়া তিনটি সংসদীয় আসনের মধ্যে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে পুরুষের তুলনায় ৪ হাজার ৪২ জন নারী ভোটার বেশি রয়েছেন। ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ৫৩ হাজার ২৩৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৮৩৩ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১৫৯টি এবং ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ৯১৯টি। অন্যদিকে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ২৫ হাজার ১৯৫ জন ও মহিলা ভোটার হচ্ছে ২ লাখ ২৯ হাজার ২৩৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৮৪টি এবং মোট ভোটকক্ষ হচ্ছে ৮৬১টি। এদিকে জেলার সদর উপজেলার অর্থাৎ ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ২১৭ জন ও মহিলা ভোটার ২ লাখ ২৯ হাজার ৫১৭ জন। এই আসনে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭২টি এবং ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ৮৮২টি।
চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই শেষে জাতীয় পার্টির দুইজন ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটি সংশোধন সাপেক্ষে বৈধ ঘোষণার অপেক্ষায় রয়েছে (পেন্ডিং)। বাকি ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ। তিনি বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন রয়েছেন। তার আয়কর রিটার্নে আয়ের তথ্যের সঙ্গে অসঙ্গতি এবং একটি সম্পত্তি উল্লেখ না করার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. খুরশিদ আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি দলীয় মনোনয়নপত্রের মূল কপি দাখিল না করে স্ক্যান কপি জমা দেন এবং ২০১৬ সালের নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্রের দালিলক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জেএসডি প্রার্থী ফজলুর ইসলাম খাঁনের মনোনয়নপত্র ঋণ খেলাপের কারণে বাতিল করা হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় তা পেন্ডিং রাখা হয়েছে। প্রয়োজনীয় স্বাক্ষর ও তথ্য প্রদান করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার তালিকা অনুযায়ী—চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বৈধ প্রার্থী পাঁচজন: বিএনপির শাহাজাহান মিঞা, জামায়াতের কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বৈধ প্রার্থী চারজন: বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতের ড. মিজানুর রহমান, কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থী তিনজন: বিএনপির হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল এবং গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম। বাতিল হওয়া জাতীয় পার্টির দুই প্রার্থীই জানিয়েছেন, তারা আইন অনুযায়ী আপিল করবেন।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার জেলা ও বিভিন্ন উপজেলায় র্যালি, আলোচনা সভা এবং সহায়তা বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। শনিবার সকাল ১০টায় জেলাশহরের স্বরূপনগরে জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মো. ফিরোজ কবির। আলোচনায় অংশ নেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ। এছাড়া আমিনুল ইসলাম, মঞ্জুরুল হক খান বাবুসহ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।বক্তারা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিসহ বিভিন্ন সেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। শিবগঞ্জ শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘আত্মঅনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা এবং হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমের ফলে সমাজসেবার আওতাভুক্ত মানুষ দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন, এতে সেবাগ্রহীতাদের আস্থা বেড়েছে এবং অনিয়ম কমেছে।সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা ও সহকারী প্রোগ্রামার সফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে ছয়জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। গোমস্তাপুর গোমস্তাপুর উপজেলায় শনিবার সকালে উপজেলা সভাকক্ষে ‘আত্মঅনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামানিক, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি নুর মোহাম্মদ, বার্ণাভাস হাসদা, আলেক্স মার্ডিসহ অন্যরা।আলোচনা শেষে সাতজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, একজনকে ট্রাইসাইকেল এবং সমিতির চারজন সদস্যকে দুই লাখ টাকা ঋণ প্রদান করা হয়।
গোমস্তাপুরে জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন

গোমস্তাপুরে জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন, সভাপতি বিরেন ও সম্পাদক বাবুলাল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সংগঠনের নতুন জেলা কমিটি গঠন করা হয়। শনিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে বিরেন বেশরাকে সভাপতি এবং বাবুলাল টপ্পকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে আগের কমিটির আহ্বায়ক বিরেন বেশরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর, রুপচান লাকড়া, মুকুল বিশ্বাস, নলিন চন্দ্র সরকার, গোমস্তাপুর উপজেলা সভাপতি শেফালী কেওয়া, সাধারণ সম্পাদক অনুকূল বর্মনসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সাংবিধানিক স্বীকৃতির দাবিগুলো তুলে ধরেন। তারা বলেন, আদিবাসীদের অধিকার রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বিরেন বেশরাকে সভাপতি, বাবুলাল টপ্পকে সাধারণ সম্পাদক এবং রুবেল হাঁসদাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।
গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত ঘাসফড়িং ক্যাডেট স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন অতিথি বক্তব্য দেন। বক্তব্য রাখেন রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মুনসুর আলী, একই কলেজের প্রভাষক হাবিবুর রহমান, অ্যাডভোকেট বাবু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মতিউর রহমান, সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলম, অভিভাবক জাহিদ হোসেন এবং ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও বই বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মন কাড়ে।
গোমস্তাপুরে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা

গোমস্তাপুরে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে গোমস্তাপুরে মাদকবিরোধী শপথ গ্রহণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে রহনপুর পিএম আইডিয়াল কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিক্ষার্থী ও খেলোয়াড়দের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করা এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পুনর্ভবা ও মহানন্দা আইডিয়াল কলেজের কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, হুজরাপুর মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যরা। প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ফুটবল ম্যাচে মুখোমুখি হয় পুনর্ভবা ফুটবল একাদশ বনাম মহানন্দা ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে মহানন্দা একাদশকে পরাজিত করে জয়লাভ করে পুনর্ভবা ফুটবল একাদশ। পুরো টুর্নামেন্ট জুড়ে মাদকবিরোধী বার্তা প্রচার ও পোস্টার প্রদর্শনী করা হয়। বক্তারা তাদের বক্তব্যে মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মাঠমুখী করার কোনো বিকল্প নেই বলে তাদের বক্তব্যে বলেন।