গোমস্তাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোমস্তাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি আজ বিকেলে রহনপুর মুক্ত মহাদল গণকেন্দ্র পাঠাগার প্রাঙ্গণ হতে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পাঠাগার হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর মুক্তমহাদলের সভাপতি শারফুদ্দীন আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক মফিজ আহমেদ নাদিমের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন, খড়কাডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রভাষক ও স্কাউটার নুরুজ্জামান বাবু, রহনপুর পূণর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক নাজিমউদ্দীন সরকার হিরা, সহকারী অধ্যাপক ও সংগঠনের সহ-সভাপতি আব্দুর রাকিব, স্কাউটার ও ব্যবসায়ী তালাত মাহমুদ সরকার, সহকারী লিডার ট্রেনার ও শিক্ষক ফিরোজ আলী প্রমূখ। আলোচনা শেষে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কেক কর্তন করা হয়।

গোমস্তাপুর থানার ফটক ও বাজারে ২ টি ককটেল বিস্ফোরণ

গোমস্তাপুর থানার ফটক ও বাজারে ২ টি ককটেল বিস্ফোরণ গোমস্তাপুর থানার ফটক ও বাজারে ২ টি ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে এই ঘটনাটি ঘটে। তবে ঘটনা দু’টিতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ – ওসি আব্দুল বারিক এবিষয়ে সত্যতা নিশ্চিত করেন ও গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আব্দুল বারিক জানান, গতকাল রাত ১২ টার দিকে গোমস্তাপুর থানার ফটকে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরিত হয়ে শব্দ সৃষ্টি হয়। অন্যদিকে একই সময় গোমস্তাপুর বাজারে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। ওসি আরও জানান, কে বা কারা, কোন উদ্যেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং আলামত সংগ্রহের কাজ চলছে। উপজেলায় পুলিশের নজরদারি জোরদার ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

গোমস্তাপুরে ভোটকেন্দ্র বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময়

গোমস্তাপুরে ভোটকেন্দ্র বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় গোমস্তাপুরের ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের লক্ষে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। আজ গোমস্তাপুর থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ক্যামেরা ব্যবহারকারী অফিসারদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার হয়। গোমস্তাপুর ওসি আব্দুল বারিক জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনার জন্য জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় গোমস্তাপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়। পরে ব্যবহারকারী অফিসারদের সঙ্গে মতবিনিময় ও দিক নির্দেশনা দেওয়ার হয়। তিনি আরও জানান, গোমস্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ ৫০টি ভোটকেন্দ্র দায়িত্বরত অফিসারের কাছে এই বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে। পুলিশের হেডকোয়াটার্স এটা নিয়ন্ত্রণ করবে।

গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে অর্থদণ্ড

গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে অর্থদণ্ড গোমস্তাপুরে অবৈধভাবে অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বিকেলে অটোভ্যানে করে অন্য উপজেলায় সার নেওয়ার সময় জনগন বিক্রেতাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আজ বিকেলে রহনপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স আল আমিন ট্রেডার্স থেকে সার ক্রয় করে অটোভ্যানে করে পার্শ্ববর্তী উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় সাধারণ জনগণ অটোভ্যানটি আটক করে। পরে সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমি ও কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনের উপস্থিতিতে, উপজেলা কৃষি বিভাগের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং অন্যত্র সার বিক্রির অপরাধে ওই সার ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ওই ব্যবসায়ীকে সর্তকও করা হয়।

গোমস্তাপুরে থানা পুলিশের সচেতনামূলক সভা

গোমস্তাপুরে থানা পুলিশের সচেতনামূলক সভা গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে স্থানীয় ব্যক্তিদের নিয়ে সচেতনামূলক আলোচনাসভায় অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদসহ অন্যান্য অপকর্ম প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া রহনপুর-আড্ডা সড়কসহ উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে রাতের বেলা বেশ কয়েকটি ডাকাতি ও ছিনতাই ঘটনাসহ মাদকদ্রব্য বিক্রি ও সেবনের পরিপেক্ষিতে স্থানীয় জনসাধারণের সঙ্গে সতর্কমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে গোমস্তাপুর থানা পুলিশ। সচেতনামূলক সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর উপজেলার দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট শারার , উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাবেক পুলিশ কর্মকর্তা ইসমাইল হোসেন, রহনপুর ইউপি সদস্য খলিলুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজন আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন প্রশ্ন করেন। সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট শারার বলেন, আপনারা একত্রিত থাকেন। একত্রিত হয়ে কাজ করলে অপরাধীরা কোন কিছুই করতে পারবে না। ভয় না করে অপরাধীদের ধরিয়ে দেবার চেষ্টার করুন। সেনাবাহিনী সড়কে টহল দিয়ে পাহাড়া অব্যাহত রাখবে বলে তিনি জানান। অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক বলেন, রাতের বেলা রহনপুর-আড্ডা, আড্ডা- বড়দাদপুর পর্যন্ত গোমস্তাপুর থানা পুলিশের টহল জোরদার রয়েছে । পুলিশ সদস্য সীমিত, যানবাহনের সমস্যা রয়েছে। একটু এগিয়ে গেলে পেছনেই গাছ ফেলে সেটা করছে। পুলিশ চেষ্টা করছে অপরাধীদের ধরতে। তবে আপনাদের সহযোগীতার প্রয়োজন। যখন সড়কে এই কাজটি করে তখন আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের সহযোগীতা নিয়ে তাদেরকে আটক করা সহজ হবে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বলছি পুলিশ যদি দায়িত্বে অবহেলা ও অপকর্মে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক লোকজনের কার্যকলাপে সতর্ক থাকাসহ এলাকায় নিরাপত্তা জোরদারের পরামর্শ দেওয়া হয়। যাতে পুলিশ ও জনতা সম্বলিত প্রচেষ্টায় বিভিন্ন অপরাধ দমন করা সহজ হবে।

গোমস্তাপুরে ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

গোমস্তাপুরে ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় পূণর্ভবা নদীর পাড় থেকে ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে রহনপুর পৌর ভবন এবং বেইলী ব্রীজ সংলগ্ন এলাকায় মাহাত্ম ঘাটের নিকট থেকে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক জানান, লাল স্কচটেপ মোড়ানো সলতেযুক্ত বস্তুগুলো একটি প্লস্টিকের ব্যাগের ভেতর ধানের তুষের ভেতর রাখা ছিল। এগুলো বিস্ফোরক বস্তু কিনা তা নিশ্চিত হতে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে বস্তুগুলো রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন উদ্বোধন

গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন উদ্বোধন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল ১০টায় রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। ৩ দিন ব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। পরে উপজেলা নির্বাচন অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সী। কর্মশালায় বক্তব্য দেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সাদমান, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা। প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গোমস্তাপুর উপজেলার ৯৫ টি কেন্দ্রের জন্য নিয়োগকৃত ৫৪৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ওয়াসিম আকরাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। মাসিক সভায়, জাতীয় সংসদ নির্বাচন, ডাকাতি, ছিনতাই, মাদক ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

রহনপুরে ১৮ দফা দাবিতে ইমারত নির্মাণ শ্রমিকদের র‌্যালি

রহনপুরে ১৮ দফা দাবিতে ইমারত নির্মাণ শ্রমিকদের র‌্যালি গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ-ইনসাব এর ১৮ দফা দাবিতে র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। আজ বেলা ১০টায় র‌্যালীটি রহনপুর পৌর এলাকার বাগদুয়ার পাড়াস্থ সংগঠনের কার্যালয় থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। সেখানে বক্তব্য দেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ( ইনসাব) গোমস্তাপুর উপজেলা শাখা সভাপতি সাইদ আলি, সহ-সভাপতি মোঃ সেন্টু ও আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহ সাধারণ সম্পাদক এস্তাব আলীসহ অন্যরা। আলোচনা সভায় শ্রমিকদের ১৮টি দাবী উপস্থাপন করা হয়। দাবিগুলো বাস্তবায়ন জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

গোমস্তাপুরে থানা পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে থানা পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে স্থানীয় জনগণের অংশগ্রহণে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সম্প্রতি রহনপুর–আড্ডা সড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে রাতের বেলায় সংঘটিত ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার প্রেক্ষিতে স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে গোমস্তাপুর থানা পুলিশ। সচেতনতামূলক এই সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক। বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সাদনান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইমাইনুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক বলেন, রহনপুর–আড্ডা ও আড্ডা–বড়দাদপুর সড়কে গোমস্তাপুর থানা পুলিশের তিনটি টিম দায়িত্ব পালন করছে। তবে পুলিশ সদস্য সংখ্যা সীমিত এবং যানবাহনের সমস্যাও রয়েছে। অপরাধীরা সুযোগ নিয়ে সড়কে গাছ ফেলে ডাকাতি ও ছিনতাই করছে। পুলিশ অপরাধীদের ধরতে সর্বাত্মক চেষ্টা করছে, তবে এক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সড়কে এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানালে অপরাধীদের আটক করা সহজ হবে। তিনি আরও বলেন, কোনো পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা বা অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সভায় সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদনান বলেন, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগেও এই সড়কে একই ধরনের ঘটনা ঘটেছিল, তখন সবাই একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছিল। বর্তমানে পাহারা ব্যবস্থা দুর্বল হওয়ায় অপরাধীরা সুযোগ নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও পাহারার দায়িত্ব নিতে হবে। ভয় না পেয়ে ডাকাতদের ধরিয়ে দেওয়ার জন্য তিনি সবাইকে উৎসাহিত করেন। তিনি আরও জানান, সেনাবাহিনী নিয়মিত টহলের মাধ্যমে সড়কে নিরাপত্তা জোরদার রাখবে।