র‌্যাব-ডিবি পুলিশ ছদ্মবেশে প্রতারণা ও ডাকাতি: ৫ জন গ্রেফতার

র‌্যাব-ডিবি পুলিশ ছদ্মবেশে প্রতারণা ও ডাকাতি: ৫ জন গ্রেফতার র‌্যাব ও ডিবি পুলিশের ছদ্মবেশে সংঘটিত সাইবার প্রতারণা এবং অপহরণ-ডাকাতির দুটি চাঞ্চল্যকর ঘটনায় পৃথক অভিযানে মূলহোতাসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ ও র‌্যাব-১১ যৌথ অভিযানে গতকাল রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে প্রতারণা চক্রের মূলহোতা মারুফ হোসেন কে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি প্রতারণা মামলার আসামী। অন্যদিকে, গতবছরের ৫ অক্টোবর নওগাঁ জেলার আত্রাই থানায় ডিবি পুলিশ পরিচয়ে সিম কোম্পানির দুই এজেন্টকে অপহরণ করে নগদ অর্থ, মোবাইল ফোন, সিম কার্ড এবং মিনিট ও এমবি কার্ডসহ মোট ৪ লাখ ৩৪ হাজার ৫০০ টাকার মালামাল লুট করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর র‌্যাব-৫ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে গতকাল আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েছে।

রহনপুরে নানা কর্মসূচীতে বড়দিন পালিত

রহনপুরে নানা কর্মসূচীতে বড়দিন পালিত গোমস্তাপুরে নানা কর্মসূচীতে বড়দিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নিরাপত্তার ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বড়দিন উদযাপিত হচ্ছে। তবে উপজেলার রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রার্থনা, খেলাধূলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টানধর্মালম্বী এলাকায় সাজসজ্জায় মুখরিত ছিল। আদিবাসী নেতা লুইস টুডু বলেন, ২৪ ডিসেম্বর রাতে প্রার্থনা, ওইদিন দিবাগত রাত বারটা এক মিনিটে যীশুর জন্মের প্রার্থনা ও সকালে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপি রহনপুর রাঙ্গামাটিয়া মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। রহনপুর মিশন এলাকার বাসিন্দা রঞ্জন হেমব্রম বলেন, বড় দিন উপলক্ষ্যে তাঁদের মধ্যে আনন্দের ফোয়ারা চলছে। হাতের ছোঁয়ায় রঙিন করে তুলে ঘরবাড়িগুলো। ছেলে-মেয়েদের নতুন পোশাক কিনে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা বড়দিন পালনে উৎসাহিত। গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে। এবার উপজেলার ১১ টি স্থানে বড়দিন পালিত হচ্ছে। রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চের ফাদার সুমান্ত কস্তা বলেন, শান্তিপূর্ণ ভাবে উৎসবটি পালন করা হচ্ছে।

রাজশাহীতে প্রেমিক হত্যাকাণ্ডের মূলহোতা র‌্যাবের হাতে গ্রেফতার

রাজশাহীতে প্রেমিক হত্যাকাণ্ডের মূলহোতা র‌্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর খুন’ মামলার মূলহোতা ও এজাহারনামীয় ১নং আসামি রতন আলী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গতকাল দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকে প্রেমের সূত্র ধরে ১৪ বছরের এক নাবালিকার সাথে দেখা করতে গিয়ে গত ২০ অক্টোবর কিশোর শিহাব শেখকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর শিহাব মারা যায়। ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় শিহাবের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল তথ্যপ্রযুক্তির সহায়তায় রতনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৫। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ও র‌্যাবের পৃথক অভিযানে মদ ও গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

বিজিবি ও র‌্যাবের পৃথক অভিযানে মদ ও গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।অন্যদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ভাবুক গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুল আলিম, আমনুরা ধীনাগুড় এলাকার মৃত একরামুল হোসেনের ছেলে সাবিরুল, এবং রাজশাহীর দামকুড়া থানার ফাত্তাপাড়া দুর্বামোড় এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গতকাল দিবাগত রাত পৌনে ২টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের আলালপুর গ্রামের একটি আমবাগানে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৮৯ বোতল মদ উদ্ধার করে।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে জব্দ মদ ভোলাহাট থানায় জমা করা হয়। এদিকে র‌্যাব-৫-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত সোয়া ৮টার দিকে গোদাগাড়ীর বড় নারায়নপুর সৌদি মার্কেটের সামনের পাকা সড়কে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এ সময় পালানোর চেষ্টাকালে ১৫ কেজি গাঁজাসহ আলিম, সাবিরুল ও মিলনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সহপাঠীর মা মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন : নিজেদের জমানো টাকা দিয়ে পাশে দাঁড়াল শিক্ষার্থীরা

সহপাঠীর মা মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন : নিজেদের জমানো টাকা দিয়ে পাশে দাঁড়াল শিক্ষার্থীরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জমানো টাকার মাটির ব্যাংকটি তুলে দিয়েছে সহপাঠীর মায়ের চিকিৎসার জন্য। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পিতৃহীন স্বপ্না টুডুর হাতে এ টাকা তুলে দেয় তারা। তার মা বাসন্তি হাসদা গত ছয় দিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি কিডনি, লিভার, রক্তস্বল্পতা, সিস্টসহ বেশ কিছু রোগ নিয়ে ভর্তি রয়েছেন। চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হয়ে উঠছে না তাদের। আজ স্কুল চলাকালে সকলের সামনে মাটির ব্যাংকটি ভাঙা হয়। ব্যাংকের টাকা গণনা করে পাওয়া যায় ২৩ হাজার টাকা। শিক্ষক ও শিক্ষার্থীরাই ব্যাংকের টাকা গণণা করেন। ঘটনাটি জানতে পেরে শামিম হোসেন নামে এক পথচারীও ভালো কাজে অংশ নিতে ৫০০ টাকা দিয়ে যান। পরে স্বপ্না টুডুর হাতে পুরো টাকা তুলে দেয়া হয়। সহপাঠীকে সহযোগিতা করতে পেরে খুশি সকল শিক্ষার্থী। তারা এ ভালো উদ্যোগটি চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করে। এসময় বক্তব্য দেন— বাসন্তি হাসদার ননদ ও গ্রামের নারী নেত্রী রুমালী হাসদা, গ্রাম্য মোড়ল চানু হাসদা, রাজেন হাসদা, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, সাংবাদিক আবুল হায়াত শাহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।

বাবুডাইংয়ে কার্তিক টুডুর স্মরণসভা

বাবুডাইংয়ে কার্তিক টুডুর স্মরণসভা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কার্তিক টুডুর স্মরণে রবিবার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কার্তিক টুডুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, গ্রাম্য মোড়ল সাইদুর রহমান, রুমালি হাঁসদা, লগেন সাইচুরি, প্রয়াতের ছেলে বিশ্বনাথ টুডু, মেয়ে ও বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থী সাবিত্রী টুডু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, শিক্ষার্থী বৃষ্টি মুরমু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। উল্লেখ্য, কার্তিক টুডু গত ১৯ জুলাই নিজ বাড়িতে মারা যান।

গোদাগাড়ীতে নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করণ বিষয়ক কর্মশালা 

গোদাগাড়ীতে নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করণ বিষয়ক কর্মশালা রাজশাহীর গোদাগাড়ীতে আর্থিক পরিষেবায় নারীর আগ্রযাত্রা শীর্ষক ‘‘নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করণ’’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ গোদাগাড়ীর সাফিনাপার্কে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র মহাব্যবস্থাপক সেলিনা শরীফ, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির যুগ্ম-পরিচালক (গবেষণা ও পাবলিকেশন শাখা) রনজিত কুমার সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওয়ারদাতুল আকমাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক(সুপারভিশন) শামসুল আরেফিন। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক পঙ্কজ কুমার সরকার, এনজিও শতফুল বাংলাদেশ এর প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি ব্যাংকের প্রতিনিধি ও তাদের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্টল পরিদর্শনের সময় প্রয়াসের পক্ষে আরো উপস্থিত ছিলেন, জেষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারি পরিচালক আব্দুস সালাম, শাহদাৎ হোসেন সহ অন্যরা।  

আলোর পাঠাশালায় জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি 

আলোর পাঠাশালায় জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চিত্রাংকন, কুইজ, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা এইসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে অবস্থিত বিদ্যালয়ে এসবের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরআগে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইচ্ছেমত বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা। জাতীয় সংগীতের পর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির কবিতা আবৃত্তির বিষয় ছিল যথাক্রমে কাজী নজরুল ইসলামের লেখা আমি হব, লিচু চোর ও সংকল্প কবিতা। অন্যদিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। দুপুর ১২টায় শুরু হয় আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন চাঁপাইনবাবঞ্জে শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পী রামিজ আহমেদ অন্তর। বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, এসএমসি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, রামিজ আহমেদ অন্তর। কাজী নজরুলের ‘নারী’ কবিতাটি আবৃত্তি ও ইসলামিক গজল পরিবেশন করেন সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন। শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি করেন উম্মে হাবিবা, মরিয়ম খাতুন, সাদিয়া খাতুন, মুসলিমা খাতুনসহ অন্যরা। নজরুলের লেখা হলুদ গাঁদার ফুল গানে নাচ পরিবেশন করেন নন্দিনী সাইচুরি ও সুলেখা টুডু। রাঙামাটির পথে লো গানে নাচ পরিবেশন করে সুরমিলা হাঁসদা, সোনালি হাঁসদা, মৌমিতা হাঁসদা, ববিতা সাইচুরি, রিমিকা সাইচুরি, গীতা মুরমু। নজরুল রচিত রণসংগীতে ডিসপ্লে পরিবেশন করে মরিয়ম ও তার দল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু। অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল শুধু আমাদের জাতীয় কবিই নন। তিনি ছিলেন বিপ্লবের প্রতীক। সাম্যের প্রতীক। তাঁর রচিত গান, কবিতা যুগে যুগে বিপ্লবীদের অনুপ্রেরণা যুগিয়েছে। অধিকার আদায়ের আন্দোলনগুলোতে তাঁর বাণী সকলের মুখে মুখে শোনা যায় এখনও। তিনি আমাদের চেতনার মাঝে লুকিয়ে রয়েছেন। নজরুলের আদর্শকে বুকে লালন করতে পারলে সমাজ থেকে অনাচার ও বৈষম্য দূর হবে। তাই তাঁকে জানতে হবে। তাঁর আদর্শকে অনুসরণ করতে হবে। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়। আগত অতিথি ও সাংস্কৃতিক দলের সদস্যদের কলম উপহার দেয়া হয়।

অনুপনগর উচ্চ বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক খন্দোকার আব্দুর রহমানের স্ত্রীর দাফন সম্পন্ন

অনুপনগর উচ্চ বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক খন্দোকার আব্দুর রহমানের স্ত্রীর দাফন সম্পন্ন চর অনুপনগর ইউনিয়নের অনুপনগর উচ্চ বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক মৃত খন্দোকার আব্দুর রহমানের স্ত্রী মোসা. সালেহা রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তাঁর বড় ছেলে ও গুল-গোফুর উচ্চ বিদ্যালয় ও মহা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক খন্দোকার আব্দুল ওয়াহেদ জানান, আজ ভোর পৌনে পাঁচটার দিকে বাদ্ধক্যজনিত কারণে অনুপনগরে অবস্থিত নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে ২ ছেলে সহ অসংখ্য অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৫ টায় অনুপনগর সরকারি গোরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। জানাজায় প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক আব্দুস সালাম, রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়োজক নয়ন আলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং আলোর পাঠশালায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো এবারো বাঁশ-কঞ্চি ও মাটি দিয়ে শহীদ মিনার তৈরি, বেদী ও বিদ্যালয়ের মাটির ভবনের দেয়ালে আল্পনা আঁকা হয়েছে। আল্পনা এঁকেছেন বিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের চিত্রাঙ্কনের বিষয় ছিল ইচ্ছেমত, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়- জাতীয় পতাকা এবং চতুর্থ-পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয় ছিল শহীদ মিনার। অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে রচনা প্রতিযোগিতার। বিজয়ীদের আজ শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে।