থাইল‌্যান্ড যাচ্ছে ‘এ’ দল

থাইল‌্যান্ড যাচ্ছে ‘এ’ দল এশিয়া কাপ রাইজিং স্টার ওমেন্স টুর্নামেন্ট খেলতে আগামীকাল দুপুরে থাইল‌্যান্ড যাবে বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে সাজানো হয়েছে স্কোয়াড। দলটিকে নেতৃত্ব দেবেন অধিনায়ক ফাহিমা খাতুন। ১৩ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ দল নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-এ। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল‌্যান্ডকে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। বাংলাদেশের প্রথম ম‌্যাচ ১৪ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দুপুর ২টায় ম‌্যাচটি শুরু হবে। পরের দুই ম‌্যাচ যথাক্রমে থাইল‌্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে। ১৬ ও ১৮ ফেব্রুয়ারি ম‌্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল একই দিনে অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ম‌্যাচ।     ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশাম তানজিম, রুবয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমীন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ঞা, সাদিয়া আক্তার, ফারজাহা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তেজ নাহার, লতা মন্ডল, সুমাইয়া আক্তার ও ফাতেমা জাহান। স্টান্ড বাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারলো না চেলসি

দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারলো না চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে লিডস ইউনাইটেডের বিপক্ষে দুই গোলের লিড নেওয়ার পরও জয় ধরে রাখতে পারেনি চেলসি। ২-২ গোলের ড্রয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট ভাগাভাগি করে সেরা চারে ওঠার সুযোগ হাতছাড়া করেছে লন্ডনের ক্লাবটি। প্রথমার্ধের শেষ দিকে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর লিড আরও বাড়ান কোল পালমার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণও ছিল চেলসির হাতেই। তবে চেলসির ভুলেই ম্যাচে ফিরে আসে লিডস। মোইসেস কাইসেদো বক্সের ভেতর জেডেন বোগলেকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। স্পট-কিক থেকে লুকাস নেমেচা গোল করে ব্যবধান কমান। সমতায় ফেরার গোলটি আসে চেলসির রক্ষণভাগের চরম ভুলে। জশ আচেমপং, মালো গুস্তো ও গোলরক্ষক রবার্ট সানচেজ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ নেন নোয়া ওকাফর। সহজ টোকায় জালে বল জড়িয়ে লিডসকে সমতায় ফেরান তিনি। নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিতেছিল চেলসি। কিন্তু এই ড্রয়ের ফলে তাদের জয়যাত্রায় ছেদ পড়ল। পরে ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ড্র করায় চেলসি পঞ্চম স্থানেই থাকছে। অন্যদিকে এই ড্রয়ের ফলে লিডস ইউনাইটেড টটেনহামকে পেছনে ফেলে লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে।

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড ইস্ট লন্ডনের বৃষ্টিভেজা রাতে নাটকীয় সমতায় শেষ হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের লড়াই। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বেঞ্জামিন সেস্কোর গোলে হার এড়িয়ে ১-১ ড্র করে মাইকেল ক্যারিকের দল। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিলেন ক্যারিক। তবে টানা জয়ের ধারায় এবার ছেদ পড়লেও শেষ মুহূর্তের গোল অন্তত এক পয়েন্ট এনে দিয়েছে ইউনাইটেডকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট হ্যাম। বিরতির পাঁচ মিনিট পর লুক শ’ ডুয়েল জিততে ব্যর্থ হলে সুযোগ নেন চেক মিডফিল্ডার তোমাস সাউচেক। কোবি মাইনুর নজর এড়িয়ে নিকট পোস্টে নিখুঁত শটে দলকে লিড এনে দেন তিনি। নুনো এসপিরিতো সান্তোর দল তখন টানা পাঁচ ম্যাচে চতুর্থ জয়ের পথে এগোচ্ছিল। প্রথমার্ধে অবশ্য ইউনাইটেডই এগিয়ে যাওয়ার সবচেয়ে কাছাকাছি গিয়েছিল। কর্নার থেকে লুক শ’র কাছ থেকে পাওয়া বলটি গোললাইন থেকে ক্লিয়ার করেন অ্যারন ওয়ান-বিসাকা। পরে কাসেমিরো হেড করে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ম্যাচের শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ইউনাইটেড। অবশেষে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ফল মেলে। বদলি হিসেবে নামা গ্রীষ্মকালীন সাইনিং বেঞ্জামিন সেস্কো দ্রুতগতির আক্রমণ থেকে জোরালো শটে ওয়েস্ট হ্যাম গোলরক্ষক ম্যাডস হারমানসেনকে পরাস্ত করেন।

আবারও রোনালদোকে ছাড়াই আল নাসরের জয়

আবারও রোনালদোকে ছাড়াই আল নাসরের জয় টানা দ্বিতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছে আল-নাসর। তাকে স্কোয়াডে বাইরে রাখা হলেও জয় ঠিকই পেয়েছে ক্লাবটি। আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার সৌদি প্রো লিগে ম্যাচের শেষ দিকে সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে জয় নিশ্চিত করে দলটি। ম্যাচের সপ্তম মিনিটে আল নাসরের ঘরের দর্শকদের একটি অংশ রোনালদোর প্রতি সমর্থন জানায়। উঁচিয়ে ধরেন তার নাম ও সাত নম্বর লেখা হলুদ প্ল্যাকার্ড। গত সোমবার ৪১ বছর বয়সী রোনালদো আল-রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচেও খেলেননি। পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যেভাবে ক্লাব পরিচালনা করছে, তাতে অসন্তুষ্ট হয়ে রোনালদো খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। বিবিসি স্পোর্টসকে সৌদি প্রো লিগ জানিয়েছে, ক্লাবের বিকাশ ও লক্ষ্যে রোনালদোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গে এটিও যোগ করেছে, ‘কোনো ব্যক্তি, যত বড় তারকাই হোন না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না।’ ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন রোনালদো। বছরে ১৭ কোটি ৭০ লাখ পাউন্ড বেতনের কারণে তিনি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত হন। লিগে ২০ ম্যাচ শেষে আল-নাসর এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে আল-হিলাল।

চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে উত্তেজনার আগুন জ্বলেনি পুরোটা সময়। ম্যাচটা এগোচ্ছিল ধীর গতিতে, আক্রমণের ধারও ছিল না তেমন। পরিসংখ্যান অনুযায়ী চেলসির এগিয়ে থাকার কথা। কিন্তু ফুটবলে যে শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে শেখায় তা আবারও প্রমাণ করল আর্সেনাল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে এসে দৃশ্যপট বদলে দেন কাই হাভার্টজ। ৯৭ মিনিটে ডেকলান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে কাটিয়ে জাল কাঁপান জার্মান তারকা। ওই এক গোলেই ১-০ জয় নিশ্চিত হয় গানারদের। প্রথম লেগের ৩-২ জয়ের সঙ্গে মিলিয়ে ৪-২ অ্যাগ্রিগেটে লিগ কাপের ফাইনালে উঠল মিকেল আর্তেতার দল। ম্যাচে বলের ৫৫ শতাংশ দখল নিয়ে এগিয়ে ছিল চেলসি। শটও নিয়েছে বেশি, ১১টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ২টি। আর্সেনাল শট নিয়েছে ৬টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ২টি। তবুও শেষ হাসি লালদের। প্রথমার্ধে দু’দলই ছিল সতর্ক। ১৮ মিনিটে আর্সেনাল সুযোগ পেলে চেলসির গোলরক্ষক পিয়েরো ইনকাপিয়েরের জোরালো শট রুখে দেন। বিরতির ঠিক আগে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট ঠেকান কেপা আরিজাবালাগা। দ্বিতীয়ার্ধে গতি বাড়লেও কাঙ্ক্ষিত গোল মিলছিল না কারও। অতিরিক্ত সময়ের শুরুতেই হতাশ হয়ে চেলসি সমর্থকদের একটি অংশ মাঠ ছাড়তে শুরু করে। কয়েক মিনিট পর সেই হতাশা পূর্ণতা পায় হাভার্টজের গোলে। এই জয়ে এমিরেটসে চেলসির বিপক্ষে আর্সেনালের অপরাজেয় ধারা আরও লম্বা হলো। দুই দলের সর্বশেষ ১০ দেখায় জয় নেই স্টামফোর্ড ব্রিজের দলটির।

ভুল, ভাগ্য আর নৈপুণ্যের দোলাচলে পয়েন্ট হারাল ম্যানসিটি

ভুল, ভাগ্য আর নৈপুণ্যের দোলাচলে পয়েন্ট হারাল ম্যানসিটি দুই অর্ধের দুই ভিন্ন গল্প। প্রথম ভাগে একের পর এক ভুলে বিপর্যস্ত স্বাগতিকরা। আর বিরতির পর দৃঢ় মানসিকতায় ঘুরে দাঁড়ানো এক লড়াকু দল। সব মিলিয়ে রবিবারের নাটকীয় এক সন্ধ্যায় পূর্ণ তিন পয়েন্ট হাতছাড়া হলো ম্যানচেস্টার সিটির। আর শেষ হাসিটা ঠিকই তুলে নিল টটেনহ্যাম। নিজেদের মাঠে শুরু থেকেই চাপে পড়ে যায় টটেনহ্যাম। মাঝমাঠে ঢিলেমি আর রক্ষণে সমন্বয়ের অভাব কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ শানায় সিটি। এরই ফল হিসেবে ম্যাচের প্রথম ভাগেই দুইবার জাল কাঁপে স্বাগতিকদের। প্রথম গোলটি আসে দ্রুত আক্রমণ থেকে। মাঝমাঠে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় শট, গোলরক্ষকের আর কিছু করার ছিল না। বিরতির ঠিক আগে আবারও নিজেদের ভুলে সর্বনাশ ডেকে আনে টটেনহ্যাম। বল হারানোর পর নিখুঁত পাসে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। প্রথমার্ধ শেষে গ্যালারিতে তখন সিটির জয়গান। কিন্তু ফুটবল যে নব্বই মিনিটের খেলা, সেটা আবারও প্রমাণিত হয় বিরতির পর। দ্বিতীয়ার্ধে একেবারেই বদলে যাওয়া চেহারায় মাঠে নামে টটেনহ্যাম। আক্রমণে গতি, মাঝমাঠে চাপ আর দর্শকদের উৎসাহ; সব মিলিয়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা শুরু হয়। সেই চেষ্টায় ভাগ্যের সহায়তাও মেলে। বক্সের ভেতরে ক্লিয়ার করতে গিয়ে ডিফেন্ডারের পায়ে লেগে বল জড়িয়ে যায় নিজের জালেই। হঠাৎ করেই ম্যাচে প্রাণ ফিরে পায় স্বাগতিকরা। সমতায় ফেরার ক্ষুধা তখন চোখেমুখে। আর সেটার পূর্ণ রূপ দেখা যায় মাঝপথে। ডান দিক থেকে ভেসে আসা এক ক্রসে নিখুঁত দৃষ্টি আর অসাধারণ ভারসাম্যে পিছন ফিরে পা বাড়িয়ে জালে বল পাঠান সোলাঙ্কি। গোলটি শুধু স্কোরলাইন সমান করেনি, পুরো স্টেডিয়ামকে দাঁড় করিয়ে দেয়। এরপর সময় গড়িয়েছে উত্তেজনায়। দুই দলই জয়ের খোঁজে আক্রমণ চালিয়েছে। কখনো সিটির নিয়ন্ত্রিত বিল্ডআপ, কখনো টটেনহ্যামের দ্রুত পাল্টা হানা। কিন্তু শেষ বাঁশি পর্যন্ত আর কোনো গোল আসেনি। এই ড্রয়ের ফলে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল সিটি। জয়ের হাতছানি পেয়েও শেষ পর্যন্ত দুটি মূল্যবান পয়েন্ট ফেলে আসতে হলো তাদের। অন্যদিকে লিগে ধারাবাহিকতা না থাকলেও এমন একটি ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট আদায় টটেনহ্যামকে অন্তত আত্মবিশ্বাসের রসদ জোগাল।

সাফে ভুটানকে ১২ গোলে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের

সাফে ভুটানকে ১২ গোলে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের চ্যাম্পিয়নের মতোই সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। আজ নেপালের পোখারায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। বাংলাদেশ প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল। এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ২৭ মিনিট। তারপর ভুটানের মেয়েরা শুধু জাল থেকে বলই কুড়িয়েছেন। প্রথমার্ধে ৪ ও দ্বিতীয়ার্ধে ৮ গোল দিয়ে বাংলাদেশ রীতিমতো ভুটানকে বিধ্বস্ত করে ফেলে। ৪ গোল করেছেন মুনকি আক্তার। ৩টি করেছেন তৃষ্ণা রানী ও আলপি আক্তার। অধিনায়ক অর্পিতা বিশ্বাস, মামুনি চাকমা একটি করে গোল করেছেন। ৪ দেশের টুর্নামেন্টে লিগ ভিত্তিতে খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল। বাংলাদেশের পরের ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।  

সহজ জয়ে শেষ ষোলোতে ম্যান সিটি

সহজ জয়ে শেষ ষোলোতে ম্যান সিটি প্রতিপক্ষ যখন গালাতাসারাই, তখন স্বাভাবিকভাবেই ম্যাচের আগে ফেবারিট ম্যানচেস্টার সিটি। জয় পেতে কষ্ট হওয়ার তো কথা নয়। যা অনুমান তাই হয়েছে। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে খেলা সহজ করে ফেলেছিল সিটি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে না পারলেও গোল হজম না করায় ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে এমন জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে প্রথমে আর্লিং হালান্ড দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান বাড়ান হায়ান শেহকি। তুরস্কের ক্লাবটির বিপক্ষে সহজ জয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের সেরা আটে জায়গা করে নিয়েছে সিটি। অন্যদিকে, ১০ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর প্লে-অফে খেলা নিশ্চিত করেছে গালাতাসারাই। তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পেয়েও গোল করতে পারেনি সিটি। তবে কাঙ্খিত গোলের জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নরওয়েজিয়ান স্ট্রাইকারকে। ১১ মিনিটে জেরেমি ডকুর কাছ থেকে বল পেয়ে বাম পায়ের শটে বল জালে জড়ান তিনি। ২৯ মিনিটেও ডকুর অবদানে গোলের দেখা পায় সিটি। তার বাড়ানো বলেই গোল করেন শেহকি।

২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনে

২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজন করবে স্পেন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ স্পেনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুসান। মাদ্রিদ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার রাতে লুসান বলেন, ‘স্পেন বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল হবে এখানেই।’ তবে ফাইনাল ম্যাচটি কোন শহর বা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। বিশ্বকাপের ফাইনাল ভেন্যু নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। স্প্যানিশ গণমাধ্যম দীর্ঘদিন ধরেই সংস্কারকৃত সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামকে ফাইনালের প্রধান ভেন্যু হিসেবে এগিয়ে রাখছে। রিয়াল মাদ্রিদের এই ঐতিহাসিক স্টেডিয়াম আধুনিকায়নের পর আন্তর্জাতিক মানের বড় আয়োজনের জন্য প্রস্তুত। অন্যদিকে, বার্সেলোনার কাম্প নউ স্টেডিয়ামও ফাইনাল আয়োজনের দৌড়ে থাকতে পারে। দীর্ঘ সংস্কার শেষে স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ৫ হাজার, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। গত নভেম্বরে সীমিত দর্শক নিয়ে মাঠে ফিরলেও পুরোপুরি প্রস্তুত হলে কাম্প নউ বড় দাবিদার হয়ে উঠবে। এর আগে মরক্কোও ফাইনাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। দেশটি নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজন করতে চায়, যা ২০২৮ সালে শেষ হলে ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হবে। তবে চলতি মাসে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে বিশৃঙ্খলার কারণে দেশটির সম্ভাবনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ২০৩০ আসরের একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। সেই আসরের ফাইনাল ভেন্যু হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম আগেই ঘোষণা করা হয়েছিল।  

সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার

সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার দলবদলের বাজারে ফের ঝড় তুলতে যাচ্ছে সৌদি আরব। বিশাল পরিকল্পনা নিয়ে আগামী গ্রীষ্মকালীন দলবদলে নামার প্রস্তুতি নিচ্ছে দেশটির ক্লাবগুলো। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সৌদি ক্লাবগুলোর নজরে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও লিভারপুলের অভিজ্ঞ উইঙ্গার মোহামেদ সালাহ। তবে এখানেই শেষ নয়। ব্রিটিশ রেডিও ও ক্রীড়া মাধ্যম টকস্পোর্ট দাবি করেছে, সৌদি লিগ এবার বিশ্বের সেরা ৫০ জন ফুটবলারকে টার্গেট করেছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন বার্সেলোনার স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ ও ক্যাসেমিরোসহ একাধিক ইউরোপীয় তারকা। এই খবর প্রকাশের পর তিন বছর আগের মতো আবারও ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড় হারানোর আশঙ্কায় পড়েছে। সৌদি আরবের এই আগ্রাসী পরিকল্পনার পেছনে রয়েছে বড় লক্ষ্য। ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে নিজেদের ঘরোয়া লিগকে আগেভাগেই বিশ্বের অন্যতম আকর্ষণীয় লিগে পরিণত করতে চায় দেশটি। সেই লক্ষ্য বাস্তবায়নে সৌদি সরকার ক্লাবগুলোর জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ ছাড়া চলতি মৌসুম শেষে সৌদি লিগ ছাড়তে পারেন এনগোলো কান্তে, ফ্যাবিনহো ও করিম বেনজেমাসহ কয়েকজন বড় তারকা। চুক্তি নবায়ন না করায় তাদের জায়গা পূরণে নতুন সুপারস্টার আনতেই এবার সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে সৌদি ক্লাবগুলো। মোহামেদ সালাহকে দলে ভেড়ানোর চেষ্টা সৌদি ক্লাবগুলোর অনেক দিনের। তারকা পরিচয়ের পাশাপাশি মুসলিম ফুটবলার হওয়ায় সালাহকে আদর্শ প্যাকেজ হিসেবেই দেখছে তারা। সাম্প্রতিক সময়ে লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের খবরও তাকে ঘিরে জল্পনা বাড়িয়েছে। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করা হচ্ছে। চুক্তির শেষ পর্যায়ে থাকা ৩৩ বছর বয়সী সালাহকে বড় অঙ্কে বিক্রি করতে লিভারপুলও অনাগ্রহী নাও থাকতে পারে। জানা গেছে, আল হিলাল, আল কাদিশা ও নিওম এফসি এই তিন সৌদি ক্লাব তাকে পেতে আগ্রহী। এর মধ্যে আল হিলাল ইতোমধ্যেই লিভারপুলের সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও খবর রয়েছে। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র ও রিয়াল মাদ্রিদের সম্পর্কও পুরোপুরি মসৃণ নয়। ব্রাজিলিয়ান তারকার দাবি, কিলিয়ান এমবাপ্পের সমান বেতন ও বোনাস যা দিতে রাজি নয় রিয়াল। নতুন কোচ আলভারো আরবেলোয়া ভিনিকে রাখতে চাইলেও তার শর্ত পূরণ না হলে চুক্তি নবায়ন অনিশ্চিত। এত বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়ার সক্ষমতা কেবল সৌদি ক্লাবগুলোরই রয়েছে। তবে ২৫ বছর বয়সী ভিনি সৌদি আরবে গেলে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কায় সেখানে যেতে অনিচ্ছুক। ৩৭ বছর বয়সী রবার্ট লেভানডস্কির ক্ষেত্রে সে দুশ্চিন্তা নেই। বরং বার্সেলোনাও তাকে বিক্রি করতে আগ্রহী। বয়সের বিবেচনায় সৌদি লিগই হতে পারে তার জন্য উপযুক্ত গন্তব্য। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ কোচ রুবেন আমোরিমের সঙ্গে দ্বন্দ্বের কারণে ক্লাব ছাড়তে চাইলেও আমোরিম ছাঁটাই হওয়ায় সেই সম্ভাবনা এখন অনেকটাই কম। আর ক্যাসেমিরো ম্যানইউ ছাড়লেও সৌদি আরবে নয়, যুক্তরাষ্ট্রে যাওয়ার দিকেই ঝুঁকছেন বলে জানা গেছে। সব মিলিয়ে, আসন্ন দলবদলের বাজারে সৌদি আরব যে আবারও ইউরোপীয় ফুটবলে বড়সড় আলোড়ন তুলতে যাচ্ছে সে ইঙ্গিত এখন স্পষ্ট।