সাত বছর পর ফিরলেন বুবলী

সাত বছর পর ফিরলেন বুবলী সিনেমায় নাম লিখিয়ে যখন জনপ্রিয়তার পালে ডানা মেলেছিলেন ঠিক সেসময় বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। কোহিনূর কেমিক্যালের তিব্বত লাক্সারী সোপের বিজ্ঞাপনে কাজ করেছিলেন ২০১৮ সালে। সে বছরের ৩ মার্চ প্রচারে আসা বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সনক মিত্র। টিভিসিতে বুবলীর নান্দনিক উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছিল। বুবলী মনে করেন এই বিজ্ঞাপনটি তাকে শহর-নগর ছাড়িয়ে গ্রাম বাংলার মানুষের কাছেও রাতারাতি পৌঁছে দিয়েছিল। প্রায় সাত বছর পর আবারও সেই পণ্যের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। সম্প্রতি নির্মিত হয়েছে তিব্বত লাক্সারী সোপের বিজ্ঞাপন। তবে এবার ভারতে নয়, বাংলাদেশেই চিত্রায়িত হয়েছে টিভিসিটি। ভারতের সনক মিত্র এবং তার পুরো টিম বাংলাদেশে এসে বিজ্ঞাপনটি নির্মাণ করে গেছেন। আবারও তিব্বত বিউটি সোপের মডেল হওয়া প্রসঙ্গে বুবলী বলেন, ‘বিশ্বের অনেক বড় তারকারা সাবানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এইসব বিজ্ঞাপনগুলো খুব সহজেই দর্শকের নজর কাড়ে। আমি সাত বছর আগে তিব্বত সাবানের মডেল হয়ে সেই অভিজ্ঞতা পেয়েছি। আশা করছি নতুন বিজ্ঞাপনটি আরও অনেক বেশি আলোচিত হবে।’ এদিকে কিছুদিন আগে বুবলী ‘বিগ প্রোডাকশনস’ নামে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এর। নায়িকা জানান, আগামী কোরবানি ঈদেই তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত নাটক প্রচারে আসবে। এরপর তিনি হাত দেবেন সিনেমা নির্মাণে।
বিমান দুর্ঘটনায় নায়িকার মৃত্যু, ২২ বছর পর নায়কের নামে অভিযোগ

বিমান দুর্ঘটনায় নায়িকার মৃত্যু, ২২ বছর পর নায়কের নামে অভিযোগ ভারতের দক্ষিণী সুন্দরী সৌন্দর্যর মৃত্যুরহস্যে চাঞ্চল্যকর মোড় নিয়েছে। বিমান দুর্ঘটনায় অভিনেত্রী সৌন্দর্যের খুঁজে পাওয়া যায়নি দেহের অবশিষ্টাংশও। এমন মৃত্যুর ২২ বছর পার হয়ে যাওয়ার পর এবার নাম জড়াল বিখ্যাত অভিনেতার। অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলায় মোহন বাবুর নামে একটি অভিযোগ জমা পড়েছে। আর তাতে দাবি করা হয়েছে, অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে এই অভিনেতার। সৌন্দর্যর মৃত্যু কোনও দুর্ঘটনা নয়, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খুনের নেপথ্য কারণ হিসেবে তুলে ধরা হয়েছে মোহনবাবুর সঙ্গে সৌন্দর্যের সম্পত্তি সংক্রান্ত বিবাদকে। ২০০৪ সালের ১৭ এপ্রিল বিমান দুর্ঘটনা ঘটে। ওই বিমান দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডিও মারা যান। প্রাণ যায় সৌন্দর্যের ভাইয়েরও। ৩১ বছর বয়সে প্রাইভেট বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তার। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতীয় জনতা পার্টি এবং তেলুগু দেশম পার্টির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে করিমনগর যাচ্ছিলেন সৌন্দর্য। সেই সময়ই ভেঙে পড়ে বিমান। এমনকী সেই সময় অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বাও ছিলেন। তবে এই দুর্ঘটনার পর অভিনেত্রীর পরিবার তার দেহ পর্যন্ত খুঁজে পায়নি। মৃত্যুর আগে সবে বিজেপিতে যোগদান করেছিলেন সৌন্দর্য। মৃত্যুর কয়েক মাস আগে বিয়েও করেছিলেন তিনি। ২০০৩ সালে সফ্টওয়্যার এগজিকিউটিভ শ্রীধরকে বিয়ে করেন সৌন্দর্য। ২২ বছর পর দক্ষিণী সৌন্দর্যর মৃত্যুর জন্য কাঠগড়ায় তেলুগু সুপারস্টার মোহনবাবু। একব্যক্তি স্থানীয় থানায় পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন, কন্নড় অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর নেপথ্যে মোহনবাবুর ষড়যন্ত্র রয়েছে। অভিযোগকারী ব্যক্তির দাবি, সৌন্দর্য হায়দরাবাদের জলপল্লি এলাকায় ৬ একর জমি কিনেছিলেন। ওই জমি নিয়ে তার এবং মোহনবাবুর মধ্যে অনেকদিন ধরে গোলমাল চলছিল। জমি বিক্রি করার জন্য চাপ দিয়েছিলেন। এমনকী তা মানতে নারাজ ছিলেন অভিনেত্রীর ভাই অমরনাথও। অভিযোগ, অবৈধভাবে ওই জমি দখল করেন মোহনবাবু। প্রসঙ্গত, ১৯৯২ সালে কন্নড় ভাষার ‘রাজধি রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সৌন্দর্য। এরপর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেন। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এতে অমিতাভের বিপরীতে অভিনয় করেন সৌন্দর্য।
মা-বোনের নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন পপি!

মা-বোনের নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন পপি! পারিবারিক বিরোধের জেরে সম্প্রতি আলোচনায় আসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। বিরোধের সূত্রে এই নায়িকার নামে খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন তার ছোট বোন ফিরোজা পারভিন খেয়ালি। বাবার ছয় কাঠা জমি দখলের চেষ্টার অভিযোগে পপির নামে গত ৩ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা পারভিন। এরপর পপিও একই থানায় মা, ভাই ও বোনের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর এক মাস পেরিয়ে গেছে। সাধারণ ডায়েরির সর্বশেষ অবস্থা জানতে চাইলে পপি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আমার করা সাধারণ ডায়েরি তদন্তাধীন। আইনিভাবেই লড়াই করব। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, অন্যায়ভাবে আমার জমি দখলে রেখেছে। ছয় কাঠা জমির দলিল আমার নামে। সামনের অংশের জমিতে ভাগ পাব। কিন্তু সব কিছু মা-বোনেরা দখলে রেখেছে। সামনে যে ঘর তুলেছিলাম, তা থেকে প্রায় ৬০ হাজার টাকা ভাড়া আসে। সব তারাই নেয়। মায়ের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনে পপি বলেন, নিজের কোনো শখ-আহ্লাদও পূরণ করিনি। নিজের সবটা দিয়ে পরিবারকে দেখেছি। সেই মা আমার স্বামী ও সন্তান নিয়ে মিডিয়ায় ছোট করেছে। আমি চেয়েছিলাম সময়-সুযোগ বুঝে স্বামী-সন্তান নিয়ে কথা বলব। কিন্তু খুব বাজেভাবে স্বামী ও সন্তানকে উপস্থাপন করেছে। আমি বিয়ে করে সংসারী হয়েছি। আমার শেষ আশ্রয় যেটা ছিল, যে আমাকে আশ্রয় দিয়েছে; জীবন বাঁচাতে দায়িত্ব নিয়েছে। কিন্তু সেই মানুষটাকেও অসম্মান করেছে। সংসার নষ্ট করার চেষ্টা করছে। এটা পৃথিবীর কোনো মা করতে পারে না। যোগ করে পপি আরও বলেন, শ্বশুরবাড়ি ফোন করে নানা মিথ্যাচার করেছে। আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বলেছে। যাদের উপকার করেছি, তারা আমার ক্ষতি করছে। শ্বশুরবাড়িতে যে সম্মানে থাকব তা-ও দিচ্ছে না। প্রতিনিয়ত অসম্মানিত করছে। এ জন্য উঠতে-বসতে কথা শুনতে হয়। বিয়ে করেছি, সামনে আনিনি। এটা আমার ব্যক্তিগত বিষয়, অন্যায় কিছু করিনি। প্রতিটি মানুষের একটা ব্যক্তিগত বিষয় থাকে। আমি চাইনি আমার ব্যক্তিগত বিষয় মিডিয়ায় আসুক।
আমার আবেদন এখন আরও বেশি: কারিনা

আমার আবেদন এখন আরও বেশি: কারিনা বলিউডের নায়িকা কারিনা কাপুর খান। ৪৫ ছুঁইছুঁই বয়সে নাকি ২৫-৩০ বছরে তিনি যেমন ছিলেন তার থেকে আরও বেশি ভালো আছেন। সম্প্রতি করিনার সঙ্গে দেখা হয়েছিল প্রাক্তন প্রেমিক শহীদ কাপুরের। অনুষ্ঠান মঞ্চে পরস্পর কথা বলেছেন, হাসাহাসি করেছেন। এমনকি জড়িয়েও ধরেছেন একে অপরকে। বেশ কয়েক বছরের সম্পর্ক তাদের ভেঙে গিয়েছিল ২০০৭ সালে ‘জব উই মেট’ সিনেমার পর। হিসাব বলছে তখন করিনার ২৭ বছর বয়স। ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খানকে। আর এবার করিনা বললেন, তখন আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী। সম্প্রতি হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে এক একান্ত কথোপকথনে পাওয়া যায় কারিনাকে। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’র প্রসঙ্গ। জিলিয়ন দাবি করেন, চলচ্চিত্র জগৎ তাদের বাধ্য করছে এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে। তিনি বলেন, এমন বহু অভিনয় শিল্পীকেই দেখা যাবে যারা কোনও নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে। এ বিষয়েই কারিনা বলেন, আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলো দেখতেই ভালোবাসি। আমার মনে হয় এতে আমাকে আরও আবেদনময়ী দেখতে লাগে। আমি তো এই মধ্য চল্লিশে এসে আরও বেশি সুখী মনে করি নিজেকে, অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিতে চাই। এখনও অতটা বয়স হয়ে যায়নি, আর আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি। গেল বছর কারিনাকে দেখা গেছে ‘বাকিংহাম মার্ডারস’ এবং ‘সিংহম আগেন’ সিনেমায়। এরপর তাকে দেখা যাবে মেঘনা গুলজারের সিনেমাতে। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। এদিকে কারিনা নিজেই জানিয়েছেন, বড় ব্যানারের দক্ষিণী সিনেমাতে কাজ করতে যাচ্ছেন তিনি।
শাহরুখ-সালমানের আয়ু নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য

শাহরুখ-সালমানের আয়ু নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য বলিউডের দাপুটে দুই তারকা শাহরুখ খান ও সালমান খান। দুজনের বয়সই এখন ৫৯। তারপরও তাদের সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্ত-অনুরাগীরা। হঠাৎ এই দুই তারকার ক্যারিয়ার ও আয়ু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জ্যোতিষী সুশীল কুমার সিং। কয়েক দিন আগে সিদ্ধার্থ কানানকে সাক্ষাৎকার দেন জ্যোতিষী সুশীল কুমার সিং। এ আলাপচারিতায় তিনি বলেন, “শাহরুখ খানের সময় ভালো যাচ্ছে, ২০২৭ পর্যন্ত তার সময় ভালো কাটবে। কিন্তু সালমানের সময়টা ক্রমাগত খারাপ হচ্ছে। ২০২৫, ২০২৬, ২০২৭— এই তিন বছরই তার খারাপ যাবে।” শাহরুখ-সালমানের আয়ু নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন সুশীল কুমার সিং। তার ভাষায়— “দুজনের মধ্যে একটা মিল রয়েছে; একই বছরে মারা যাবেন সালমান খান ও শাহরুখ খান। ৬৭ বছর বয়সে তাদের মৃত্যু হবে। সালমান খান খুব দ্রুত গুরুতর রোগে আক্রান্ত হবেন, যে রোগের নাম উল্লেখ করছি না।” ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করেন শাহরুখ খান। বর্তমানে তার বয়স ৫৯ বছর ৪ মাস। অন্যদিকে, ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সালমান খান। তার বর্তমান বয়স ৫৯ বছর ২ মাস। অর্থাৎ শাহরুখের চেয়ে ২ মাসের ছোট সালমান। তবে ব্যক্তিগত জীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের। দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। একই বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। এরপর শাহরুখের আর কোনো সিনেমা মুক্তি পায়নি। যার ফলে, প্রিয় তারকার নতুন সিনেমার জন্য মুখিয়ে আছেন ভক্ত-অনুরাগীরা। তার অভিনীত ‘কিং’ সিনেমা চলতি বছরে মুক্তির সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে হিট সিনেমা নেই সালমানের ঝুলিতে। বর্তমানে ‘সিকান্দার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে গ্রেপ্তার

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে গ্রেপ্তার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মঙ্গলবার (১১ মার্চ) তিনি ম্যানিলা বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রেসিডেন্ট অফিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার কঠোর বক্তব্যের জন্য পরিচিত। কিছুদিন আগেই তিনি হংকংয়ে যান। সেখান থেকে আজ মঙ্গলবার ফিলিপাইনে ফেরেন তিনি। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুতের্তে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার হয়েছেন। তিনি ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের ১৬ মার্চ পর্যন্ত ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর ডাভাওয়ের মেয়র এবং দেশটির প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার সময় মাদকবিরোধী যুদ্ধ ঘোষণা করেছিলেন। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, এই যুদ্ধে হাজার হাজার ফিলিপিনোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ফিলিপাইনের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন অফিস জানিয়েছে, ইন্টারপোল দুতের্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেপ্তারি পরোয়ানার অফিসিয়াল কপি পেয়েছে ম্যানিলা। গতকাল সোমবার হংকংয়ে থাকাকালীন সময়েই দুতের্তে আভাস পেয়েছিলেন যে, তার বিরুদ্ধে ইন্টারপোল খুব শিগগির গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। তিনি সম্ভাব্য গ্রেপ্তারের জন্য প্রস্তুত বলেও জানিয়েছিলেন। ফিলিপাইনের আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীদের প্রচারণার জন্য সোমবার হংকংয়ে একটি সমাবেশ করেন দুতের্তে। তিনি তার নৃশংস মাদকবিরোধী অভিযানকে ন্যায্যতা প্রদান করে সমাবেশে বলেন, “ধরে নিচ্ছি, (গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাওয়ার) খবরটি সত্য। কিন্তু আমি কেন এটা করলাম? নিজের জন্য? আমার পরিবারের জন্য? তোমার, তোমার সন্তানদের জন্য এবং আমাদের জাতির জন্য।” “যদি এটা সত্যিই আমার জীবনের ভাগ্য হয়, তাহলে ঠিক আছে, আমি এটা মেনে নেব। তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, কারারুদ্ধ করতে পারে।” “আমার অপরাধ কী? আমি আমার সময়ে শান্তি এবং ফিলিপাইনের জনগণের শান্তিপূর্ণ জীবনের জন্য সবকিছু করেছি।” তিনি হংকংয়ের সাউথর্ন স্টেডিয়ামে সমাবেশে বলেন উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন। সেখানে তিনি তার মেয়ে ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তেকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন। এদিকে বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় গতকাল সোমবার জানিয়েছিল যে, ইন্টারপোলের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। তবে প্রেসিডেন্টের কার্যালয় ইঙ্গিত দেয়, এরকম কিছু হলে দুতের্তেকে হস্তান্তর করা যেতে পারে। প্রেসিডেন্টের কমিউনিকেশন্স আন্ডারসেক্রেটারি ক্লেয়ার কাস্ত্রো সাংবাদিকদের বলেছিলেন, “ইন্টারপোলের অনুরোধের কারণে গ্রেপ্তারের পরোয়ানা জারি করার প্রয়োজন হলে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইন যা নির্দেশ করে তা অনুসরণ করতে প্রস্তুত।”দুতের্তে মাদকের বিরুদ্ধে তার নির্মম অভিযানের বিষয়ে গত বছর কংগ্রেসের শুনানির সময় বলেছিলেন, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মামলাকে ভয় পান না এবং তদন্তে ‘তাড়াতাড়ি’ করতে বলেছিলেন। ২০১৯ সালে আইসিসি যখন দুতের্তের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত শুরু করে, তখন তিনি একতরফাভাবে আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি থেকে ফিলিপাইনকে প্রত্যাহার করে নেন। ওই সময়ে মানবাধিকারকর্মীরা এই কাজকে তার বিরুদ্ধে আনিত গণহত্যার বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে উত্থাপন করে। এছাড়া ২০২১ সালে দুতের্তের প্রশাসন আন্তর্জাতি অপরাধ আদালতের তদন্ত কার্যক্রম স্থগিত করার উদ্যোগ নেন। তখন তিনি যুক্তি দেখিয়েছিলেন, ফিলিপাইনের আদালতই এ বিষয়ে তদন্ত করছে। পরবর্তীতে ২০২৩ সালে আইসিসির আপিল বিভাগ দুতের্তের বিরুদ্ধে আনিত অভিযোগ পুনরায় তদন্ত শুরু করা যেতে পারে বলে রায় দেন এবং দুতের্তের প্রশাসনের আবেদন খারিজ করে দেন। ফিলিপােইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ২০২২ সালে ক্ষমতায় আসেন। দুতের্তের সঙ্গে তার ব্যাপকভাবে রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছিল। এর ফলে তার প্রশাসন থেকে বলা হয়েছিল, যদি আইসিসি ইন্টারপোলের মাধ্যমে দুতের্তেকে গ্রেপ্তার করতে রেড নোটিশ পাঠায় তাহলে তারা সহযোগিতা করবে।
টাকার অভাবে জন্মদিনে রসগোল্লা কাটতেন পরিণীতি!

টাকার অভাবে জন্মদিনে রসগোল্লা কাটতেন পরিণীতি! ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালা জেলায় বেড়ে ওঠা পরিণীতি চোপড়ার। সম্প্রতি বলিউডের এই অভিনেত্রী জানান, তিনি যখন ছোট ছিলেন তখন তার বাবা-মা আর্থিকভাবে বেশ কঠিন সময় পার করেছিলেন। পরিণীতি বলেন, এমন সময় ছিল যখন তার বাবার জন্মদিনের কেক কেনার জন্য পর্যাপ্ত টাকা ছিল না, তাই তিনি রসগোল্লা বা রসমালাই কিনে দিতেন এবং তিনি তার পরিবারের সঙ্গে জন্মদিনের কেক হিসাবে রসগোল্লা কাটতেন। তিনি আরও উল্লেখ করেন, একই বছরগুলোতে, কেনিয়ায় বসবাসকারী তার মায়ের বাবা-মা অর্থাত্ তার দাদু-দিদা এতটাই ধনী ছিলেন যে তারা পরীণীতি এবং তার ভাইকে বিজনেস ক্লাসে নাইরোবিতে নিয়ে যেতেন। সম্প্রতি এক আড্ডায় পরিণীতি বলেন, তার বাবা-মা তাকে সুন্দর মানসিকতা দিয়েছেন যাতে তিনি সব ধরণের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন। নায়িকার কথায়, আমরা আসলে খুব কম জিনিস পেয়েই বড় হয়েছি। এরপর তিনি উল্লেখ করেন, তিনি সেই বছরগুলোতে তার বাবা-মায়ের সংগ্রাম দেখেছেন এবং কীভাবে পরিবার জন্মদিনে এক টুকরো রসগোল্লা ভাগ করে খেতে পারত কারণ তারা জন্মদিনের কেক কিনতে পারতেন না। পরিণীতি বলেন, আমি আমার বাবা-মায়ের সংগ্রাম দেখেছি যেখানে তাদের কাছে আমার জন্য জন্মদিনের কেকের জন্য টাকা ছিল না এবং আমার বাবা বাজারে গিয়ে এক টুকরো রসগোল্লা কিনতেন। এক কেজি নয়, এক টুকরো রসগোল্লা বা রসমালাই এবং আমরা সেই রসমালাইকে জন্মদিনের কেকের মতো কাটতাম। ২০২৪ সালে ‘অমর সিং চমকিলা’-তে শেষ দেখা গেছে পরিণীতিকে। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দিলজিৎ দোসাঞ্ঝের স্ত্রীর চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন পরিণীতি।
বিতর্কের মাঝে মুখ খুললেন মাইকেলের মেয়ে প্যারিস

বিতর্কের মাঝে মুখ খুললেন মাইকেলের মেয়ে প্যারিস আন্তর্জাতিক ফ্যাশন শো-এর খোলামেলা পোশাকে ধরা দিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছেন মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন। বিতর্কের মাঝে এবার এ বিষয়ে মুখ খুলে পালটা যুক্তি দিয়েছেন। তিনি বলেন, ‘পোশাক নিয়ে প্রত্যেকের মতামত ভিন্ন। আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। সকলেই নিজের মতো প্রতিক্রিয়া দিতে পারেন। আমি বুঝতে পারছি না এই বিষয়টি নিয়ে এত আলোচনা কেন?’ ‘এটা কোনও বড় কথা নয়। পশুরা পোশাক পরে না। মানুষেরও পশুর মতোই শরীর রয়েছে। তাই তা বড় করে দেখার নেই। এর থেকে পৃথিবীতে আরও নানা বড় কাজ রয়েছে।’ প্রসঙ্গত, পপ সম্রাট মাইকেল জ্যাকসন। মঞ্চে যখন অবতীর্ণ হতেন, অবাক হয়ে বিশ্ব তাকিয়ে থাকত তার ‘মুনওয়াক’-এর দিকে। প্রায় একদশক হতে চলেছে ইহজগতকে বিদায় জানিয়েছেন তিনি। কিন্তু আজও মাইকেল ম্যানিয়া বর্তমান স্বমহিমায়। তারই সন্তান প্যারিস।
দক্ষিনী সুপারস্টার বিজয়ের ইফতার পার্টি

দক্ষিনী সুপারস্টার বিজয়ের ইফতার পার্টি পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করেছে দক্ষিণ ভারতের তামিল ছবির চিত্রতারকা ও রাজনীতিবিদ থালাপাথি বিজয়। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে এই ইফতার পার্টি দিয়েছিলেন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) এর প্রতিষ্ঠাতা চিত্রতারকা বিজয়। তার আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় তিন হাজার মানুষের অংশ নিতে সুবন্দোবস্ত করা হয়েছিল ইফতারে। জানা গেছে, শুক্রবার সারাদিন রোজা রেখেছিলেন দক্ষিণ ভারতের ওই সুপারস্টার। পরে সন্ধ্যায় রোজা ভাঙার আগে উপস্থিত সকলের সাথে নামাজেও অংশ নিতে দেখা যায় সাদা শার্ট ও স্কাল টুপি পরিহিত অভিনেতাকে। বিজয় সকলকে ‘ভ্রাতৃত্ববোধ’ দেখানোর জন্য এবং তার আমন্ত্রণে ইফতারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। চেন্নাইয়ের রোয়াপেট্টাহ ওয়াইএমসিএ মাঠে আয়োজিত এই ইফতারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিনেতাকেও অনেক প্রাণোচ্ছল বলে মনে হয়েছিল। অভিনেতার একটি ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবিতে তাকে আমন্ত্রিত ব্যক্তিদের সাথে সৌজন্য বিনিময় করতে ও দোয়া করতে এবং ধর্মীয় রীতি মেনে তাদের সাথে ইফতার করতে দেখা গেছে। পরিচালক বেঙ্কট প্রভুর অ্যাকশন ছবি ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ (GOAT) শেষবার অভিনয় করতে দেখা গেছে বিজয়কে। ওই ছবিতে অন্যদের মধ্যে অভিনয় করেছেন প্রশান্ত, প্রভু দেবা, মোহন, আজমল আমির, বৈভব, স্নেহা, লায়লা, মীনাক্ষী চৌধুরীকে। বিজয়ের পরবর্তী ছবি ‘জন নয়াগন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পরিচালক এইচ বিনথের এই ছবিটিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওয়ল, প্রকাশ রাজ’এর মত অভিনেতা অভিনেত্রীরা। আগামী বছর ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)। ওই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজয়।
মুম্বাইয়ে একাধিক সম্পত্তি বিক্রি করলেন প্রিয়াঙ্কা চোপড়া

মুম্বাইয়ে একাধিক সম্পত্তি বিক্রি করলেন প্রিয়াঙ্কা সম্পত্তি বিক্রি করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের মাঝে চলছে গুঞ্জন। মুম্বাইয়ে প্রিয়াঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। এর মধ্যে চারটি ফ্ল্যাট তিনি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ মার্চ) প্রিয়াঙ্কা তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন। আন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলো কিনেছিলেন প্রিয়াঙ্কা। এর সঙ্গে ছিল দুটি গাড়ি পার্কিংয়ের জায়গা। মোট ১৬ কোটি ৭০ লাখ রুপিতে বিক্রি হয়েছে সেগুলো। ২০২৪ সালে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়া পুনেতে একটি বাংলো লিজ নেন। সেই বাড়িটির মাসিক ভাড়া দুই লাখ রুপি। অন্যদিকে এর আগেও মুম্বাইয়ে তার ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা। লোখণ্ডওয়ালায় একটি আবাসনে দুটি পেন্ট হাউস ছিল প্রিয়াঙ্কার। ২০২৩ সালে ছয় কোটি রুপিতে বাড়ি দুটি বিক্রি করে দেন অভিনেত্রী। এর আগে ২০২১ সালেও ভারসোভার দুটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি। এদিকে মুম্বাইয়ে একের পর এক সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন? গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, বলিউডে একসময় তিনি গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছিলেন। তাই সরে গিয়েছিলেন। এ জন্যই কি প্রিয়াঙ্কা ভারতে একের পর এক সম্পত্তি বিক্রি করছেন? ২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য, ২০২১ সালে ‘দ্য স্কাই ইজ পিংক’-এর পর এখনো পর্যন্ত কোনো হিন্দি ছবিতে তাকে দেখা যায়নি।