ভয় দেখাতে আসছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা

ভয় দেখাতে আসছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা ‘পুষ্পা’ সিনেমা দিয়ে রীতিমতো বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন রাশমিকা মান্দানা। বনে গেছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’। সেদিক থেকে এখন ক্যারিয়ারের বেশ সুসময় পার করছেন অভিনেত্রী। এরমধ্যেই এবার দিলেন নতুন খবর। হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে, তবে একদমই ভিন্ন রূপে। সিনেমাটির নাম ‘মাইশা’। শুক্রবার সোশ্যালে ছবিটির ফার্স্ট লুক পোস্টার উন্মোচিত হয়েছে। যেখানে তাকে দেখা গেছে, একজন তীব্র, রুক্ষ, আহত কিন্তু অদম্য নারীরূপে। পোস্টারে রাশমিকার রক্তমাখা মুখ, এলোমেলো চুল, হাতে তলোয়ার-আর চোখে জ্বলছে যুদ্ধের আগুন। যেন প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করতে গর্জে উঠছেন। প্রযোজনা সংস্থা ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, দৃঢ়তায় গড়া, অটল ইচ্ছাশক্তিতে ভরপুর, সে গর্জে ওঠে। এটা কেবল শোনার জন্য নয়, ভয় জাগানোর জন্য। রাশমিকা নিজেও ফার্স্ট লুক শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে—ভিন্ন কিছু, দারুণ কিছু। আর ‘মাইশা’ ঠিক তেমনই এক প্রজেক্ট। এমন একটি চরিত্র, যা আগে কখনও করিনি। এমন এক জগৎ, যেটা আমিও আগে দেখিনি। এই চরিত্রটা তীব্র, রুক্ষ। আমি একদিকে নার্ভাস, অন্যদিকে অসম্ভব রোমাঞ্চিত। এটা কেবল শুরু…।” ‘মাইশা’ পরিচালনা করছেন রাওয়িনদ্রা পুল্লে। নির্মাতার ভাষ্য মতে, এটি হবে রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে ভিন্নধর্মী চরিত্রগুলোর একটি। আর এই প্রথমবার তিনি এককভাবে একটি ছবির প্রধান মুখ হিসেবে পর্দায় হাজির হচ্ছেন-যা তাঁকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’-এ। এ আর মুরুগাদোস পরিচালিত সেই ছবি বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি।
এবার প্রসেনজিৎ, শ্রাবন্তী, দর্শনা একসঙ্গে
এবার প্রসেনজিৎ, শ্রাবন্তী, দর্শনা একসঙ্গে অফট্রাকের সিনেমাতে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী দুইজনই আগে কাজ করেছেন এবার যুক্ত হলো দর্শনা বণিকের নাম। এই ত্রয়ীকে দেখা যাবে ‘দেবী চৌধুরানি’ সিনেমাতে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘দেবী চৌধুরানি’ এর আগে ছোট পর্দা ও বড় পর্দা দুই মাধ্যমেই এসেছে। এবার নতুন করে বড় পর্দায় আনছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য, ২৬ জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তারই জন্মভিটায় সিনেমার প্রচারণা শুরু করে ‘দেবী চৌধুরানি’ টিম। ‘দেবী চৌধুরানি’ উপন্যাস অবলম্বনে প্রসেনজিৎ, শ্রাবন্তী, দর্শনাদের নিয়ে এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই সিনেমাতে ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। উপন্যাসের দুই অন্যতম চরিত্র নিশি হয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায় ও সাগরের চরিত্রে অভিনয় করবেন দর্শনা বণিক। প্রসেনজিৎ বলেন, ‘‘সিনেমাটি তৈরি হওয়ার পর থেকেই আমরা ভাবছিলোম এর প্রচার কবে থেকে শুরু করবো। আমার মনে হয়েছিল, এই দিনটা অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যেই তো শুধু নয়, বঙ্কিমবাবু তো পুরো দেশেরই সাহিত্য জগতে এক উজ্জ্বল নাম। আজকের দিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা মানুষের কাছে সিনেমার প্রচার শুরু করলাম।” পরিচালক শুভ্রজিৎ বলেন, ‘‘এটি বাংলার ইতিহাস নিয়ে তৈরি সিনেমা। ঐতিহাসিক চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠেছে সিনেমাতে।’’
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর

মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানী। ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় নায়িকা মৌসুমীকে। শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে বিয়ের হওয়ার প্রবণতা অনেক বেশি থাকলেও, বিয়ে টিকে থাকার প্রবণতা কম। সেক্ষেত্রে এই জুটি ব্যতিক্রম। তিন দশকের বেশি সময়ের সংসার এই তারকার জুটির। আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি শোতে উপস্থিত ছিলেন ওমর সানী। উপস্থাপকের প্রশ্ন ছিলো, অনেকে বলেন আপনি মৌসুমীকে বিয়ে করে ভুল করেছেন? আসলেই কি তাই? উত্তরে ওমর সানী বলেন, ‘‘ওরা বোকা। দিন শেষে তিরিশ বছর পরে একটা পুরুষ আর একটা মেয়ের কাছে এর চেয়ে বড় প্রাপ্য তো আর কিছু থাকে না। তথাকথিত মানুষেরা বলে যে, আমাদের বিয়ে টেকে না। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ যারা আছে, টেলিভিশনের মানুষ যারা আছে এবং যারা শোবিজের সঙ্গে রিলেটেড তাদের বিয়ে একদমই টেকে না। কিন্তু সেদিক দিয়ে তো আমরা সফল। একটি কথাই শুধু বলবো আলহামদুলিল্লাহ।’’ ওমর সানী আরও বলেন,‘‘যখন আমার ছেলের দিকে তাকাই, মেয়ের দিকে তাকাই তখন আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ কাজটিই আমি করেছি।’’ উল্লেখ্য, ঢালিউডে ওমর সানীর অভিষেক ঘটে ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে।
দেবের নায়িকা হওয়া হলো না ফারিণের!

দেবের নায়িকা হওয়া হলো না ফারিণের! ভারতীয় বাংলা সিনেমার নায়ক দেবের আলোচিত সিনেমা ‘প্রজাপতি’। অভিজিৎ সেন নির্মিত এ সিনেমা ২০২২ সালে মুক্তি পায়। বাবা-ছেলের চরিত্র রূপায়ন করে দর্শকদের মুগ্ধ করেন মিঠুন-দেব। এতে দেবের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার ছোট পর্দার পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য। গত বছরের মাঝামাঝি সময়ে পরিচালক অভিজিৎ সেন ঘোষণা দেন ‘প্রজাপতি টু’ সিনেমা নির্মাণের। পাশাপাশি জানান, সিনেমাটিতে দেবের নায়িকা রূপে হাজির হবেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ। তারপর নানা সময়ে এ সিনেমাকে কেন্দ্র করে খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের শুরুতেও ফারিণকে বাদ দিয়ে নতুন মুখ নেওয়ার গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো! ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘প্রজাপতি টু’ সিনেমায় তাসনিয়া ফারিণের পরিবর্তে কলকাতার জ্যোতির্ময় কুণ্ডুকে চূড়ান্ত করেছেন নির্মাতারা। সিনেমাটির শুটিং ভারত ও বিদেশে হবে। বিশ্ব অস্থির অবস্থায় যাচ্ছে। ফলে নির্মাতারা ঠিক করেছেন, প্রথমে কলকাতায় শুটিং করার। পরিস্থিতি স্বাভাবিক হলে বাইরের অংশের শুটিং হবে। ফারিণকে চূড়ান্ত করার পরও তাকে কেন বাদ দেওয়া হলো? স্বাভাবিকভাবে এ প্রশ্ন উঠেছে। গণমাধ্যমটি জানিয়েছে, গত বছর গণঅভ্যত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি বদলে যায়। ভিসা জটিলতার কারণে ভারতে আসতে পারেননি ফারিণ। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখন ফারিণ। দর্শকদের ভালোবাসার সঙ্গে সমালোচকদেরও প্রশংসা কুড়ান। সিনেমাটিতে অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসরে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন ফারিণ।
শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান প্রাক্তন স্বামী রাজীব, যা বলেছেন শ্রাবন্তী

শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান প্রাক্তন স্বামী রাজীব, যা বলেছেন শ্রাবন্তী টলিউডের অনেক ব্যবসাসফল বাণিজ্যিক সিনেমার পরিচালক রাজীব বিশ্বাস। তার পরিচালিত একাধিক সিনেমায় অভিনয় করে টলিউডে নিজের আসন পাকাপোক্ত করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। কাজ করতে করতেই দুইজনের মধ্যে এক সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই তারকা দম্পতির সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র ঝিনুক। তবে সময়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন বাড়তে থাকে এবং শেষমেশ ২০১৬ সালে আইনি বিচ্ছেদে রূপ নেয়। এরপর শ্রাবন্তীর আরও দুইটি বিয়ে হয়েছে কিন্তু সেগুলোও টেকে নি। বর্তমানে রাজীব-শ্রাবন্তী দুইজনই সিঙ্গেল। শ্রাবন্তীকে নিয়ে অনেক পজেটিভ কথাবার্তা বলতে শোনা যায় রাজীবকে। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে রাজীবের কাছে জানতে চাওয়া হয়েছিলো, শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান কি না? রাজীব বলেন, ‘‘ চাই। দেব-শ্রাবন্তীকে নিয়ে ছবি করতে চাই। শ্রাবন্তী-জিৎকে নিয়ে ছবি করতে চাই। শ্রাবন্তী-অঙ্কুশকে নিয়ে ছবি করতে চাই। সেটা শ্রাবন্তীর সঙ্গে আগে ছবি করছি বলে বলছি না। আমার মনে হয় ও যে ধরণের অ্যাকট্রেস, তাতে ওরও কোনো সমস্যা হবে না। আমার মনে হয় না ও নার্ভাস অভিনেত্রী।’’ রাজীব আরও বলেন, ‘‘বাইরে থেকে একজন প্রোডিউসার এসেছিলেন। তিনি বলেছিলেন যে, শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে অসুবিধা আছে? আমি বলেছিলাম না। ওর সাথেও তারা কথা বলেছিলো। আমি যতদূর জানি যে, ও বলেছিলো যে আমার কোনো অসুবিধা নাই।’’ উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধিক ব্যবসাসফল সিনেমা পরিচালনা করেছেন রাজীব যেগুলোর নায়িকা ছিলেন শ্রাবন্তী। যেমন ‘দুজনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’ প্রভৃতি।
১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টির

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টির ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে যিনি বেশি আলোচনায় থাকেন। এবার মানহানির অভিযোগে ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন এই চিত্রতারকা। বুধবার (২৫ জুন) অফিশিয়াল ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান এই অভিনেত্রী। সেখানে মিষ্টি জান্নাত লেখেন, কিছু পেজ, ‘সো-কলড’ জার্নালিস্ট নামক ভিউ ব্যাবসায়ীদের নাম, কিছু কনটেন্ট ক্রিয়েটরের নামসহ ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারীর স্ক্রিনশট, লিংক সব এন্টি করা হয়েছে। সাথে কিছু ‘সো-কলড’ ফেসবুকার, টিকটকারের নাম নিয়ে আমার ল ইয়ার এবং আমার ফ্যান-ফলোয়ার, পরিবার কাজ করছেন। অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন মিষ্টি জান্নাত। সেখানে সফরে যাওয়ার পর বেশ সমালোচনার মুখে পড়েছেন এই চিত্রনায়িকা। সামাজিকমাধ্যমে নেটিজেনরা বিভিন্নরকম বিদ্রুপমূলক, বাজে মন্তব্য করছেন; যা তার নজর এড়ায়নি। দুবাই থেকে মিষ্টি জান্নাত ফেসবুক স্ট্যাটাসে লেখেন, একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই। ধন্যবাদ। ভালো থাকবেন। বিস্ময়কর ব্যাপার হলো, মিষ্টির এই পোস্টেও নেটিজেনদের অনেকে নোংরা মন্তব্য করেছেন। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক।
হঠাৎ কেন ভক্তদের সাবধান করলেন শ্রুতি?

হঠাৎ কেন ভক্তদের সাবধান করলেন শ্রুতি? সাবধান! আমি ভেবে ভুল করেও কোনও পোস্টে সাড়া দেবেন না। ’ সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এমন বার্তা দিলেন ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা শ্রুতি হাসান। শুধু তাই নয় ভক্তদের সাবধান করে কমল হাসান কন্যা আরও বলেন, তার প্রোফাইল থেকে কোনওরকম মাইক্রোব্লগিং লিংক পাঠানো হলে অনুরাগীরা যেন সেটি কোনওভাবেই অ্যাকসেপ্ট না করেন। মঙ্গলবার (২৪ জুন) দেওয়া ওই পোস্টে শ্রুতি লেখেন, আপনাদের সবাইকে জানাচ্ছি যে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা পোস্ট করা হচ্ছে তা আমি করছি না। সুতরাং কোনও পোস্ট দেখে কোনওরকম আলাপ-আলোচনায় যাবেন না ওই প্রোফাইলে। শ্রুতি তার এক্স হ্যান্ডেলে শেষবার পোস্ট করেন সোমবার। সেখানে তিনি লিখেছিলেন, আমিই কি একমাত্র যে বিষণ্ণ ও বৃষ্টিবহুল আবহাওয়ায় অনেক বেশি উৎফুল্ল ও পজিটিভ থাকি? এটাই ছিল অভিনেত্রীর করা শেষ পোস্ট। তারপরেই তার এক্স হ্যান্ডেল হ্যাক হয়। সম্প্রতি ‘ঠগ লাইফ’র অডিওতে একটি ধামাকা পারফর্ম্যানসের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন শ্রুতি। সিনেমার পুরো কাস্টের সঙ্গে চেন্নাইয়ে অডিও প্রকাশনার সময় মঞ্চ ভাগ করে নিয়েছেন শ্রুতি। ছিলেন বিশিষ্ট সুরকার এ আর রহমানও। সামনে লোকেশ কানাগরাজের ‘কুলি’ সিনেমায় দেখা মিলবে শ্রুতিকে। এই সিনেমায় শ্রুতি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন রজনীকান্ত, নাগার্জুনার মতো তারকারা।
শাকিব খানকে নিয়ে বাঁধনের পোস্ট

শাকিব খানকে নিয়ে বাঁধনের পোস্ট ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। দুই দশকের বেশি সময় ধরে রাজত্ব করে যাচ্ছেন বাংলাদেশি চলচ্চিত্রে। ঈদ মানেই শাকিবের সিনেমা, আর হলে উপচেপড়া দর্শক। এই সুপারস্টারকে নিয়ে ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশ করে পোস্ট দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আজমেরী হক বাঁধন। তাতে শাকিব খানের প্রশংসা করে বাঁধন লিখেছেন, “আমার জীবনে বহু মানুষ আছেন যারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এর মানে এই নয় যে, আমি তাদের সব মতের সঙ্গে একমত। কিন্তু তাদের জীবনের কিছু দিক, মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। ঠিক তেমন একজন হচ্ছেন আমাদের সুপারস্টার শাকিব খান।” শ্রদ্ধা জানিয়ে আজমেরী হক বাঁধন লেখেন, “শাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছেন, তার জন্য আমি শ্রদ্ধা জানাই। এমন তারকাখ্যাতি অর্জন করা সহজ নয়। এটা সম্ভব হয় বছরের পর বছর কঠোর পরিশ্রম আর নিজের কাজের প্রতি গভীর ভালোবাসা থাকলে। তার এই অধ্যবসায় ও অঙ্গীকারই তাকে আজকের শাকিব বানিয়েছে।” শাকিবকে ঘিরে দর্শকদের ভালোবাসার প্রসঙ্গ টেনে বাঁধন লেখেন, “মানুষ তাকে নিঃশর্তভাবে ভালোবাসেন, সেটাই সবচেয়ে বড় অর্জন। আমি বিশ্বাস করি, খ্যাতির সঙ্গে দায়িত্বও বাড়ে। আমার ধারণা, শাকিব সেটা গভীরভাবে উপলব্ধি করেন। তার সব কাজের জন্য শুভকামনা রইল।” ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু ও কাজী রাকায়েত। অন্যদিকে ঈদেই মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত থ্রিলারধর্মী সিনেমা ‘এশা মার্ডার’। এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। এটি পরিচালনা করেছেন সানী সানোয়ার।
৪ দিনে আমিরের সিনেমার আয় ১৩৪ কোটি টাকা

৪ দিনে আমিরের সিনেমার আয় ১৩৪ কোটি টাকা বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ২০২২ সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণায় চমকে যান তার ভক্তরা। এক বছর বিরতি নিয়ে ‘সিতারে জমিন পার’ সিনেমা দিয়ে অভিনয়ে ফিরেন আমির। অবশেষে সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে ফিরলেন এই তারকা। ২০ জুন মুক্তি পেয়েছে ‘সিতারে জমিন পার’ সিনেমা। এটি পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন। চলতি বছরে বেশ কিছু বলিউড সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘সিতারে জমিন পার’-এর অবস্থান ৬ষ্ঠ। মুক্তির পর চলচ্চিত্র বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ৩.৫ (৫) রেটিং দিয়েছে। চলুন জেনে নিই, বক্স অফিসে কতটা সাড়া ফেলেছে সিনেমাটি। স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘সিতারে জমিন পার’ আয় করেছে ১০.৬ (নিট) কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ২০ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ২৭ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৮.৭৯ কোটি রুপি। ৪ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৯৫.৭৫ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১৩৪ কোটি ১৮ লাখ টাকার বেশি। আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এ সিনেমার সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’। সিনেমাটিতে আমির খানের সহশিল্পী হিসেবে রয়েছেন জেনেলিয়া ডিসুজা। এতে ১০ জন নতুন মুখ রয়েছেন। তারা হলেন— আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন আমির খান। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৯০ কোটি রুপি।
কবে আসবে অজয়ের ‘দৃশ্যম থ্রি’

কবে আসবে অজয়ের ‘দৃশ্যম থ্রি’ মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল। এ সিরিজের তৃতীয় পার্ট নির্মাণের কাজ চলমান। তৃতীয় কিস্তিতে থাকবেন মোহনলাল। জিতু জোসেফ এসব তথ্য নিশ্চিত করেছেন। ২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ সিনেমা হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি। এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। সিনেমাটি নির্মাণে ব্যয় হয় ৫০ কোটি রুপি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাও বক্স অফিসে রাজত্ব করে। এটি আয় করে ৩৪৫ কোটি রুপি। এবার হিন্দি ভাষায় নির্মিত হতে যাচ্ছে ‘দৃশ্যম থ্রি’। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “গান্ধী জয়ন্তী (মহাত্মা গান্ধীর জন্মদিন) দৃশ্যম ফ্যাঞ্চাইজির জন্য খুবই তাৎপর্যপূর্ণ। তাই ২ অক্টোবর ‘দৃশ্যম থ্রি’ সিনেমার যাত্রা শুরু করবেন। এটি একটি ম্যারাথন শিডিউল, মহারাষ্ট্রের রিয়েল লোকেশনে ৩ মাস ধরে শুটিং হবে। পাশাপাশি স্টুডিওতেও দৃশ্যধারণের কাজ হবে। অজয় দেবগনের শুটিং শিডিউল চূড়ান্ত করা হয়েছে।” মুক্তির তারিখ জানিয়ে সূত্রটি বলেন, “২০২৬ সালের গান্ধী জয়ন্তীতে (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দৃশ্যম থ্রি’ সিনেমা। চিত্রনাট্যের কাজ শেষ। পরিচালক এখন সংলাপ নিয়ে কাজ করছেন। পুরো ‘দৃশ্যম’ পরিবার তৃতীয় কিস্তির জন্য পুনরায় একত্রিত হবে, যা বিজয় সালগাঁওকারের গল্পের সমাপ্তি ঘটাবে। এটি পরিচালনা করছেন অভিষেক পাঠক।” মালায়ালাম ভাষার ‘দৃশ্যম থ্রি’ সিনেমার শুটিং এখনো শুরু হয়নি। ফলে সংশয় দেখা দিয়েছে, এটি মালায়ালাম ভাষার ‘দৃশ্যম থ্রি’ সিনেমার রিমেক না কি মৌলিক গল্প। কেউ কেউ বলছেন, এটি মালায়লাম সিনেমার রিমেক। পাশাপাশি সময়ে মালায়ালাম ও হিন্দি ভার্সনের শুটিংয়ের পরিকল্পনা করেছেন তারা। সূত্রটি বলছেন, “আগামী জুলাই মাসে এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানতে পারব।”