নেশাগ্রস্ত চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং ছিল: উপমা

নেশাগ্রস্ত চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং ছিল: উপমা মেজবাহ শিকদার নির্মাণ করেছেন একক নাটক ‘শেষ ভালোবাসা’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ফারজানা মেহমুদ উপমা। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে।  গল্পটি আবর্তিত হয়েছে একটি উচ্চবিত্ত পরিবারের মেয়েকে ঘিরে, যে বাবা-মায়ের অবহেলায় ধীরে ধীরে হারিয়ে যায় নেশার অন্ধকার জগতে। বন্ধুদের আড্ডা দিয়ে শুরু, এরপর নেশার লোভে জড়িয়ে পড়ে অনৈতিক সম্পর্কে। পারিবারিক দূরত্ব বাড়ে, প্রেমিকও একসময় সরে যায়। শেষ পর্যন্ত নিজেকে খুঁজে ফেরার আর্তনাদে, গল্পটি এগিয়ে যায় চূড়ান্ত পরিণতির দিকে। নাটকে উপমার প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন এরফান অনিক। নিজের অভিজ্ঞতা জানিয়ে উপমা বলেন, “একজন নেশাগ্রস্ত তরুণীর চরিত্রে অভিনয় করাটা আমার জন্য ছিল এক নতুন চ্যালেঞ্জ। চরিত্রটি খুব বাস্তব ও হৃদয়স্পর্শী। নাটকটি সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে—নেশা শুধু একজন মানুষ নয়, গোটা পরিবারকে ধ্বংস করে দেয়।” নাটকটি নিয়ে আশাবাদী ফারজানা মেহমুদ উপমা বলেন, “শেষ ভালোবাসা’ আমার অভিনীত অন্যতম সেরা কাজ হয়ে থাকবে।”  ফারজানা মেহমুদ উপমা ইতোমধ্যে অর্ধশতাধিক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তার আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে—আমি তোমাকেই ভালোবাসি, মেট্রোপলিটন বিভ্রম, অ্যাডালথুড, নিয়তির খেলা এবং সুপার গার্ল ওয়েব সিরিজ।

বিশ্বরেকর্ড গড়লো হৃতিক-এনটিআরের ‘ওয়ার টু’

বিশ্বরেকর্ড গড়লো হৃতিক-এনটিআরের ‘ওয়ার টু’ হৃতিক রোশনের ব্লকবাস্টার হিট ছবি ‘ওয়ার’ মুক্তির ছয় বছর পেরিয়ে গেছে। এবার আসছে এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েল, যেখানে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়ার টু’ আর মুক্তির আগেই ছবিটি গড়ে ফেলেছে এক অবিশ্বাস্য রেকর্ড, যা এর আগে কোনো ভারতীয় ছবি করতে পারেনি। ২০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। এরই মধ্যে জানা গেছে, ‘ওয়ার টু’ বিশ্বব্যাপী মোট ৭ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বজুড়ে কোনো ছবি মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম। যশরাজ ফিল্মসের এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলারটি যে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত, এই রেকর্ডই তার ইঙ্গিত দিচ্ছে। হৃতিক রোশন বছরে খুব কম ছবি করলেও তার প্রতিটি ছবিই ভক্তদের কাছে বিশেষ। ২০২৫ সালেও তিনি ভক্তদের জন্য দারুণ কিছু উপহার দিতে চলেছেন বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ‘ওয়ার টু’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে জুনিয়র এনটিআরের, যা ছবিটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ থেকে প্রত্যাশা অনেক। এর আগে অয়ন বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ‘ওয়ার’ ছবিটি ভারতে ৩০০ কোটি এবং বিদেশে ১৭৫ কোটি টাকা আয় করে মোট ৪৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল।

হার মানলেন হলিউড অভিনেতা জুলিয়ান ম্যাকমোহন

হার মানলেন হলিউড অভিনেতা জুলিয়ান ম্যাকমোহন সদ্যই মাইকেল ম্যাডিসনের মৃত্যুতে শোকের ছায়া নামে হলিউডে। এরই মধ্যে চলে গেলেন আরেক জনপ্রিয় তারকা। ‘এফবিআই: মোস্ট ওয়ান্টেড’ ও ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর জন্য পরিচিত অস্ট্রেলীয় অভিনেতা জুলিয়ান ম্যাকমোহনের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর বয়স। একটি ফেসবুক পোস্টে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ম্যাকমোহনের স্ত্রী কেলি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইনের সঙ্গে কথা বলার সময় কেলি জানিয়েছেন, অভিনেতা ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াই করার পরে ২ জুলাই ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে মারা গেছেন। ম্যাকমোহনের স্ত্রী কেলি বলেন, মনে কোনো অসন্তোষ না রেখেই আমি বিশ্বকে জানাতে চাই যে, আমার প্রিয় স্বামী জুলিয়ান ম্যাকমোহন ক্যান্সারকে জয় করার এক সাহসী প্রচেষ্টার পর এই সপ্তাহে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। জুলিয়ান জীবনকে ভালোবাসতেন। তিনি তার পরিবারকে ভালোবাসতেন। তিনি তার বন্ধুদের ভালোবাসতেন। তিনি তার কাজকে ভালোবাসতেন, ভালোবাসতেন তার ভক্তদের। তার গভীরতম ইচ্ছা ছিল যতটা সম্ভব মানুষের জীবনে আনন্দ নিয়ে আসা। তিনি বলেন, আর আমরা কামনা করি জুলিয়ান যাদের জন্য আনন্দ বয়ে এনেছেন, তারা যেন জীবনে আনন্দ খুঁজে পান। সেই স্মৃতির জন্য আমরা কৃতজ্ঞ। ম্যাকমাহন ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী উইলিয়াম ম্যাকমোহনের ছেলে। রায়ান মারফির শোয়ের সঙ্গে তার দীর্ঘকালীন সম্পর্ক। যেখানে তিনি জটিল ড. ক্রিশ্চিয়ান ট্রয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। একই সময়ে অ্যালিসা মিলানোর অন-স্ক্রিন লাভ ইন্টারেস্টের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছিলেন তিনি। ১৯৯২ সালের কমেডি ‘ওয়েট অ্যান্ড ওয়াইল্ড সামার’-এ এলিয়ট গোল্ড এবং ক্রিস্টোফার অ্যাটকিন্সের বিপরীতে তার প্রথম সিনে চরিত্র পান। ফ্যান্টাস্টিক ফোরে চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ম্যাকমাহনকে সাম্প্রতিক সময়ে দেখা গেছে নেটফ্লিক্সের শো ‘দ্য রেসিডেন্স’-এ। ব্যক্তি জীবনে অস্ট্রেলিয়ান গায়ক ড্যানি মিনোগকে বিয়ে করেছিলেন জুলিয়ান ম্যাকমোহন। পরে ‘বেওয়াচ’ তারকা ব্রুক বার্নসকে বিয়ে করেন তিনি, যার সঙ্গে তার পঁচিশ বছরের এক কন্যা সন্তান আছে। ২০১৪ সালে কেলি পানিয়াগুয়াকে বিয়ে করেন ম্যাকমোহন।

জন্মদিনে ধুরন্ধর’-এ ভয়ংকর রূপে ঝড় তুললেন রণবীর

জন্মদিনে ধুরন্ধর’-এ ভয়ংকর রূপে ঝড় তুললেন রণবীর নিজের ৪০তম জন্মদিনে অনুরাগীদের জন্য বড়সড় উপহার দিলেন বলিউড সুপারস্টার রণবীর সিং। প্রকাশ করলেন তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ফার্স্ট লুক টিজার। রোববার (৬ জুলাই) দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফার্স্ট লুকের একটি ভিডিও শেয়ার করেন রণবীর। ক্যাপশনে লেখেন, ‘একটা নরক উঠবে! দ্য আননোন ম্যান’-এর আসল গল্প সামনে আসবে।’ ভিডিওর শুরুতেই দেখা যায় একটি আলো-আধারি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি, পেছনে ভেসে আসছে তাঁর কণ্ঠস্বর। মুহূর্তেই ভয়ংকর রূপে হাজির হন তিনি—রক্তাক্ত মুখ, লম্বা চুল, গালজোড়া লম্বা দাড়ি আর সিগারেট হাতে। টিজারে দারুণ অ্যাকশন দৃশ্য ও চরিত্রের গা ছমছমে অভিব্যক্তি দর্শকদের মধ্যে আগ্রহ জাগিয়েছে। এ ছবিতে রণবীরের সঙ্গে আরও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, “অবশেষে কামব্যাক!”, “এটা আগুন!”—ফার্স্ট লুক ঘিরে ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। পরিচালনায় আছেন আদিত্য ধর, যিনি এর আগে ‘উরি’–এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ‘ধুরন্ধর’ মুক্তি পাবে ৫ ডিসেম্বর ২০২৫-এ।

 লুকিয়ে রাখা বাচ্চা এনে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা: তিশা

লুকিয়ে রাখা বাচ্চা এনে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা: তিশা ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। কাজের বাইরেও নানা কারণে আলোচনায় থাকেন। শোবিজ অঙ্গনের তারকাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। একাধিক গোপন বিয়ে, এক সন্তানের মা হয়েছেন— এমন খবরও পেয়েছেন তানজিন তিশা। চিত্রনায়ক জায়েদ খান সঞ্চালিত ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বলেন তানজিন তিশা। গতকাল তানজিন তিশার বেশ কটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাতে শিশুসন্তানের সঙ্গে দেখা যায় তাকে। দাবি করা হয়— “এই শিশু তানজিন তিশার।” এসব ছবি এখন অন্তর্জালে ভাইরাল। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ফেসবুকে দেওয়া পোস্টে ক্ষোভ ঝারেন ৩২ বছর বয়সি তিশা। অন্তর্জালে ছড়িয়ে পড়া শিশুর পরিচয় দিয়ে এ স্ট্যাটাসে তানজিন তিশা বলেন, “অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য!” ২০ হাজার ডলার ভিক্ষা দেওয়ার ঘোষণা দিয়ে তানজিন তিশা বলেন, “সেই সব অসভ্যদের বলছি— এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা দিবো। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।”

মা হতে চান তানজিন তিশা

মা হতে চান তানজিন তিশা সদ্যই এক টক শোতে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জায়েদ খানের সঞ্চালনায় এক টক শোতে উপস্থিত হয়ে এ অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। সেই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াদ নির্ঝর প্রকাশ্যে আনলেন তিশার সন্তানের ছবি! শনিবার (৫ জুলাই) জাওয়াদ নির্ঝর তিনটি ছবি প্রকাশ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি। দুটি ছবিতে দেখা যায়, একটি শিশুকে কোলে নিয়ে তিশার গভীর মমতায় স্নেহ করার দৃশ্য। অপর একটিতে দুটি শিশুর দোলনায় বসে থাকার ছবি পোস্ট করেছেন নির্ঝর। তবে মুখ ঢেকে দিয়েছেন সেই ছবির। ছবিগুলো পোস্ট করে নির্ঝর লিখেছেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে। অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন। সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে।’ তিশা সন্তান নিয়ে মিথ্যাচার করেছে দাবি করে নির্ঝর আরো লেখেন, ‘তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেনে। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।’

তার সঙ্গে বিচ্ছেদ মেনেই নিতে পারছিলাম না-মিথিলা

তার সঙ্গে বিচ্ছেদ মেনেই নিতে পারছিলাম না-মিথিলা দেশের জনপ্রিয় তারকা জুটি রাফিয়াথ রশীদ মিথিলা ও তাহসান খান। ভালোবেসে ২০০৬ সালের ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৩ সালের ৩০ এপ্রিল এ দম্পতির কোলজুড়ে আসে আইরা তাহরিম খান। দর্শকের কাছে তারকা দম্পতি হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন তারা। কিন্তু ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল। তাহসান-মিথিলার বিবাহবিচ্ছেদের ঘটনা দেশে আলোচনার বিষয়বস্তুতে রূপ নিয়েছিল। তাদের ভক্ত-অনুরাগীরা কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলেন না। বিচ্ছেদের পর কেটে গেছে আট বছর। তবে বিয়েবিচ্ছেদ নিয়ে কখনো কাদা ছোড়াছুড়ি করেননি তাদের কেউই। দীর্ঘ সময় পর সেই সময় নিয়ে স্মৃতিচারণ করলেন মিথিলা। একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। মিথিলা বলেন, “যেকোনো বিচ্ছেদ বা যেকোনো সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না, খুবই কঠিন। বন্ধু বা এটা যেকোনো ক্ষেত্রে হতে পারে। আমি তখন অনেক অল্পবয়সি এবং তরুণী মা। যেকোনো ভালো-মন্দ বিচার করব বা কোনো একটা সিদ্ধান্তে আসব, সেই শক্তি আমার ছিল না। কারণ আমার ১ বছরের একটা বাচ্চা। আমার মানসিক অবস্থা ভালো ছিল না, যেখানে নিজের জন্য কোনো একটা সিদ্ধান্ত নিতে পারব।” মিথিলার জীবনে এই পরিবর্তন মেনে নেয়া কঠিন ছিল। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “২৩ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি। একে তো আমার বাচ্চা আছে, তারপর জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যত না। আমি তখন চাকরি করতাম। কিন্তু আমার একটা গাড়িও ছিল না। কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার, আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে চড়ার।” নারীদের অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব দিয়ে মিথিলা বলেন, “আসলে মেয়েদের নিজের জায়গা থাকে না। শ্বশুরবাড়ি আবার বাবার বাড়ি, থ্যাঙ্কফুলি এখন আমার নিজের জায়গা আছে। মেয়েদের সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়।” বিবাহবিচ্ছেদের সময়ে অর্থনৈতিকভাবে মিথিলা অতটা সাবলম্বী ছিলেন না। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এখন হয়তো মেয়েরা অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারছে। কারণ এখন মেয়েরা অনেক বেশি অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে। আমাকে ছোটবেলা থেকে মা বলেছে, যা-ই করো নিজের পায়ে দাঁড়াবে। ফলে বিয়ের পরও আমি আমার পড়াশোনা, চাকরি সব চালিয়ে গেছি। তখন আমি অর্থনৈতিকভাবে অতটা স্বাধীন ছিলাম না যে, একা একা অতটা ভাবতে পারব, বাচ্চা মানুষ করতে পারব। সেটার জন্য সময় লেগেছে।” ২ বছর আলাদা থাকার পর বিবাহবিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন মিথিলা। এ অভিনেত্রী বলেন, “২০১৫ সালে আমরা সেপারেশনে গেছি, তারপরে আরো দু বছর গেছে। আমি অপেক্ষা করেছি, ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মানসিকভাবে এটা মেনেই নিতে পারছিলাম না। ২০১৭ সালে এসে সিদ্ধান্ত নিতে পারি যে, আমাদের এই সম্পর্কটা আসলেই কাজ করবে না।” তাহসানের সঙ্গে সংসার ভাঙার পর ২ বছর একা ছিলেন মিথিলা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধেন মিথিলা। পেশাগত দায়িত্ব পালন ও স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। মিথিলার সঙ্গে সংসার ভাঙার পর দীর্ঘদিন একা ছিলেন তাহসান খান। বিচ্ছেদের ৭ বছর পর ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন। চলতি বছরের ৪ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

হলিউড ওয়াক অব ফেমে দীপিকা, তবে গুনতে হবে ১ কোটি

হলিউড ওয়াক অব ফেমে দীপিকা, তবে গুনতে হবে ১ কোটি লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ডের একটি আইকনিক ওয়াকওয়ে হলো ‘হলিউড ওয়াক অব ফেম’, যেখানে ২৭০০টিরও বেশি তারা থাকে। প্রতিটি তারা একজন করে তারকাকে উৎসর্গ করা হয়। যেকোনো তারকা এর জন্য মনোনীত হতে পারেন। আনুষ্ঠিক মানদণ্ড না থাকলেও ওয়াক অব ফেমের তারকাদের জন্য এটি বড় সম্মান হিসেবে মনে করা হয়। এবার সেখানে জায়গা পাচ্ছেন দীপিকা পাড়ুকোন। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের হলিউড ওয়াক অব ফেমে নির্বাচিত হয়েছেন এই বলিউড অভিনেত্রী। এ বছরের তালিকায় দীপিকা ছাড়াও এমিলি ব্লান্ট, টিমোথি চালামেট, মারিও কোতিয়াঁ, স্ট্যানলি টুচি, রামি মালেক, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, ক্রিস কলম্বাস, টনি স্কট, গ্রেগ ড্যানিয়েলস, সারা মিশেল গেলাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। হলিউড চেম্বার অব কমার্স, হলিউড ওয়াক অব ফেম পরিচালনাকারী সরকারি সংস্থা, প্রতিবছর ২০০ থেকে ৩০০ তারকা মনোনয়ন পায়। এরপর সংস্থার পক্ষ থেকে নিযুক্ত একটা নির্বাচন প্যানেল প্রতিবছর বেশ কয়েকজনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করে। ছবি, টেলিভিশন, সংগীত, রেডিও এবং লাইভ পারফরম্যান্সের জগতের শিল্পীদের সম্মানিত করা হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তারকারা ওয়াক অব ফেমে ‘জায়গা কিনতে’ পারেন। প্রতিবছর একটি নির্বাচন প্যানেল নির্বাচন করে কাদের রাখা হবে এই তালিকায়। এরপর তারকাদের অর্থ ব্যয় করতে হয় তাদের কাঙ্ক্ষিত স্থান রাখার জন্য। অন্তর্ভুক্তি এবং নির্বাচনের জন্য কোনো ফি বা অর্থ দিতে হয় না। এটা হলিউড চেম্বার অব কমার্সের নির্বাচন প্যানেল সিদ্ধান্ত নেয়। তবে যাকে নির্বাচন করা হবে, তাকে ৮৫ হাজার ডলার (প্রায় ১ কোটি টাকা) স্পনসরশিপ ফি দিতে হয়। এই বার্ষিক ফি ওই তারকাদের রক্ষণাবেক্ষণের জন্য।

রজনীকান্তের সিনেমায় স্ট্রং অ্যান্ড ফিয়ারলেস আমির 

রজনীকান্তের সিনেমায় স্ট্রং অ্যান্ড ফিয়ারলেস আমির রজনীকান্তের আসন্ন সিনেমাতে আমির খানের অভিনয়ের খবর অনেক খবর আগেও পাওয়া গিয়েছিল। অবশেষে প্রকাশ্যে এলো সেই ছবিতে আমিরের ফার্স্ট লুক। ফার্স্ট লুকই যেন দর্শকদের উত্তেজনার পারদ অনেকটা বাড়িয়ে দিল। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ ছবির ফার্স্ট লুকে একেবারে আলাদা মেজাজে দেখা যাচ্ছে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। চোখে সানগ্লাস, মুখে চুরুট নিয়ে ধূমপান করছেন আমির। লুক দেখেই আন্দাজ করা যাচ্ছে ক্যামিও চরিত্র হলেও এটি গুরুত্বপূর্ণ এক চরিত্র। আমিরের এই লুক প্রকাশ্যে আসার পর তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সেই পোস্টে কেউ লিখেছেন, ‘বহু প্রতীক্ষিত চরিত্র।’, কেউ আবার লিখছেন, ‘মিস্টার পারফেকশনিস্ট লোকেশ কানাগরাজের ফ্রেমে। এটা একটা ড্রিম কম্বিনেশন।’ শোনা যাচ্ছে ৩৭৫ কোটি বাজেটের এই ছবিই নাকি হতে চলেছে এই বছরে ভারতীয় চলচ্চিত্র জগতের সব থেকে বড় বাজেটের ছবি। পরিচালক লোকেশ কানাগরাজের পরিচালনায় ‘কুলি’ ছবিতে রজনীকান্ত, আমির খান ছাড়াও অভিনয় করছেন নাগার্জুনা, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

‘সাগরের তীর থেকে’ গানের শিল্পী জীনাত রেহানা মারা গেছেন

‘সাগরের তীর থেকে’ গানের শিল্পী জীনাত রেহানা মারা গেছেন প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা মারা গেছেন। বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জীনাত রেহানা। তার চিকিৎসা চলছিল। জীনাত রেহানার স্বামী ছিলেন দেশের টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ। শিল্পীর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে চ্যানেল আই প্রাঙ্গণে জীনাতের দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।   ১৯৬৪ সালে জীনাত রেহানা বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। ১৯৬৮ সালে জীনাত রেহানার ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৬৫ সাল থেকে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জীনাত। জীনাতের গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরব না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’ প্রভৃতি।