শুধু মেয়েরাই নন, পুরুষরাও করে, শুধু আলোচনায় আসে না: কাজল

শুধু মেয়েরাই নন, পুরুষরাও করে, শুধু আলোচনায় আসে না: কাজল সম্প্রতি মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালনায় বলিউড অভিনেত্রী কাজলের নতুন সিনেমা ‘সরজমিন’। এতে অভিনয় করেছেন সাইফ পুত্র ইব্রাহিম আলি খানও। সম্প্রতি এই সিনেমা নিয়ে দেওয়া এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সাম্প্রতিককালে চেহারায় নানা ধরনের সার্জারি, ফিলার্স ও বোটক্স করার মতো বিষয় নিয়ে প্রশ্ন করা হয় কাজলকে। তার কাছে এই বিষয়ে মতামত চাওয়া হলে আত্মবিশ্বাসের সঙ্গেই প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী। কাজল বলেন, আমার মনে হয় এটা যার যার নিজস্ব বিষয়। যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন ও এই বিষয়ে আত্মবিশ্বাসী তারা চেহারায় নানা পরিবর্তন আনতেই পারেন। এটা একান্তই ব্যাক্তিগত বিষয়। তিনি বলেন, ছুরি কাঁচি চালিয়ে চেহারা বদলে ফেলাটা এমন কোনও বড় বিষয় নয় বলেই আমার মনে হয়। তার থেকেও আমার যেটা মনে হয়, শুধু মহিলারাই নন পুরুষরাও কিন্তু সার্জারির আশ্রয় নিয়ে নিজের চেহারা বদলান অনেক সময়। তবে তা সেভাবে আলোচনায় আনা হয় না। আরও যোগ করে বলেন, তারকা হোন বা আমজনতা এটা একেবারেই তাদের নিজস্ব পছন্দ। এটা খুব সাধারণ একটা বিষয়। এটা নিয়ে কটাক্ষ বা কোনও নেতিবাচক আলোচনা হওয়া অর্থহীন। অন্যদিকে বার্ধক্য নিয়ে বলতে গিয়ে কাজল বলেন, আমার মনে হয় বয়স হওয়া নিয়ে এত ভাবনার কিছু নেই। প্রকৃতির নিয়মে বয়স বাড়বেই এটিকে স্বাভাবিকভাবেই নিতে হবে।এই অভিনেত্রীর কথায়, জীবনের সমস্ত বয়সকে উপভোগ করতে জানতে হয়। এতে ভেঙে পড়ার কিছু নেই। যারা কম বয়সে প্রয়াত হয়েছে তারা যে জীবনটাকে আরও বেশিদিন দেখতে পেলেন না। বয়স হওয়াটা উপভোগ করতে পারলেন না এটা আমাকে কষ্টই দেয়। তাই আমার মনে হয় বয়স বাড়াটা এমন কোনও ভয়ানক বিষয় নয়।
‘সাইয়ারা’ ঢেউ বলিউডে ৭ দিনে আয় ২৭৮ কোটি টাকা

‘সাইয়ারা’ ঢেউ বলিউডে ৭ দিনে আয় ২৭৮ কোটি টাকা দীর্ঘদিন পর রোমান্টিক ঘরানার ছবি নিয়ে আবারও তোলপাড় বলিউড। বিশেষ করে জেন-জি প্রজন্মের মনে ঝড় তুলেছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। প্রেম, সংগীত আর তারুণ্যের আবেগ মিশিয়ে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এ চলচ্চিত্রটি শুধু মন জয়ই করেনি, রীতিমতো আবেগের ঢেউ তুলেছে সিনেমা হলে। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকরা কেঁদে ভাসাচ্ছেন হল, কেউ কেউ আবার জ্ঞানও হয়ে পড়ছেন সিনেমা চলাকালীন। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে ১৮ জুলাই। মুক্তির সাত দিনের মধ্যেই আয় ছুঁয়েছে প্রায় ২৭৮ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়), যা নির্মাণ ব্যয়ের তিন গুণেরও বেশি। এর নির্মাণ ব্যয় ছিল আনুমানিক ৫৭ কোটি টাকা। প্রথম দিনেই আয় করে ২৭ কোটি টাকার বেশি, দ্বিতীয় দিনে ৩৯ কোটি, তৃতীয় দিনে ৪১ কোটি টাকা। সপ্তম দিনে কিছুটা ভাটা পড়লেও মোট আয় গিয়ে ঠেকেছে ভারতে প্রায় ২৭৯ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, সিনেমাটির সাফল্যের পেছনে এর আবেগময় গল্প, সুরেলা সংগীত এবং প্রযোজনা মানই মূল ভূমিকা রেখেছে। এই সপ্তাহে বলিউডে কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি না পাওয়ায় ‘সাইয়ারা’র আয় আরও বাড়বে বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় তরুণ দর্শকদের কাছে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
একটু সমস্যা বেশি কথা বলেন তটিনী

একটু সমস্যা বেশি কথা বলেন তটিনী বুলবুলির কোনও সমস্যা নেই। সে সুন্দরী গুণবতী দারুণ একটা মেয়ে। একটু সমস্যা হচ্ছে সে একটু বেশিই কথা বলে। মানে একটু বাড়িয়ে বলে। বুলবুলি যে বাড়িয়ে বলে এটা নিয়ে আসলে খুব একটা খারাপ কিছু বলার অবকাশ নেই। সে আসলে কারও ক্ষতি করতে বাড়িয়ে বলে না। সে সবাইকে ভালোবাসে। এজন্য সবাইকে নিয়ে একটু বাড়িয়ে বলে। এসব করতে গিয়ে যদি একটু সত্যি-মিথ্যার মিশেল দিতে হয়, তাতেও সে মাইন্ড করে না! এমনই এক বুলবুলির চরিত্রে দেখা যাবে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তটিনীকে। এই বুলবুলীকে বিয়ের জন্য দেখতে আসে আবীর ও তার পরিবার। বুলবুলির বাবার তো ছেলেকে পছন্দই হয় না। কারণ মহা কিপ্টে ছেলে আবীর। নিয়ে আসছে কমদামী দোকান থেকে চার কেজি মিষ্টি। এক কেজি করে ফল। বুলবুলির বাবা কোনমতেই রাজি না। কিন্তু আবীরকে পছন্দ হয়ে যায় বুলবুলির। সে আবীর সম্পর্কে দুনিয়ার বাড়িয়ে কথা বলে রাজি করিয়ে ফেলে বাবা-মাকে। বিয়ে হয়ে যায় বুলবুলি ও আবীরের। এমনই এক কিপ্টে ছেলের চরিত্রে অভিনয় করেছেন সময়ের আরেক অভিনেতা তৌসিফ মাহবুব। তৌসিফ-তটিনীকে নিয়ে ‘বেশি বলে বুলবুলি’ নামের এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। ২৩ জুলাই নাটকটি উন্মুক্ত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। মুক্তির পর মন্তব্যের ঘরে নাটকটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন অসংখ্য দর্শক-সমালোচক। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আনন্দ খালিদ, মিলি বাশার, সাবেরী আলম, মাসুম বাশার প্রমুখ।
সাইয়ারা’র জুটির প্রশংসায় যা বললেন আমির খান

সাইয়ারা’র জুটির প্রশংসায় যা বললেন আমির খান রোম্যান্টিক ঘরানার ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তুলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুক্তির পরপরই দর্শকদের হৃদয় জয় করেছে মোহিত সুরি পরিচালিত এই সিনেমা। প্রথম দিনেই ছবিটি ২০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়েছে। আর এ সাফল্যে মুগ্ধ হয়ে এবার প্রশংসা করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। বুধবার নিজের প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘সাইয়ারা’ টিমকে শুভেচ্ছা জানিয়ে আমির খান লেখেন, ‘অনেক শুভেচ্ছা ‘সাইয়ারা’র পুরো টিমকে। বড়পর্দায় মুক্তির পরই ছবিটি একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছে। অহন পান্ডে ও অনীত পাড্ডা তাদের প্রথম ছবিতেই অসাধারণ অভিনয় করেছেন। মোহিত সুরি তার সেরা কাজটি দিয়েছেন এই ছবিতে। যশরাজ ফিল্মস আবারও একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করলো এই ছবি দিয়ে। সবার জন্য অনেক শুভকামনা।’ ১৮ জুলাই মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগত অহন পান্ডে ও অনীত পাড্ডা। ছবি মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গানের সঙ্গে দর্শকদের গলা মেলানো, হল থেকে বের হয়ে প্রশংসা- সব মিলিয়ে ব্যাপক আলোচনায় ‘সাইয়ারা’।
৪৪তম মৃত্যুবার্ষিকী : মহানায়ক উত্তম কুমার মহানায়কের কোন জিনিস নিজের কাছে রেখেছেন গৌরব?

৪৪তম মৃত্যুবার্ষিকী : মহানায়ক উত্তম কুমার মহানায়কের কোন জিনিস নিজের কাছে রেখেছেন গৌরব? মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী আজ। পরিচালক-অভিনেতা থেকে শুরু করে সিনেমাপ্রেমী সবার হৃদয়ে এক অন্যরকম জায়গা করে নিয়েছেন তিনি। উত্তম কুমারের নাতি, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় যদিও তার ঠাকুরদাকে চোখে দেখেননি তবুও তার কাঁধে রয়েছে সেই মহান ঐতিহ্যের দায়িত্ব। আজ মহানায়কের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে বিশেষভাবে তাকে স্মরণ করছেন তার পরিবার, ভক্ত ও অনুরাগীরা। গৌরব ভারতীয় গণমাধ্যমকে জানান, ছোটবেলায় বাবাকে হারানোর পর তার কাছে ঠাকুরদা উত্তমকুমারকে নিয়ে খুব বেশি কিছু তথ্য ছিল না। কারণ গৌরবের জন্মের প্রায় চার বছর আগেই উত্তম কুমার মারা গেছেন। তবুও, মহানায়কের কিছু স্মৃতিচিহ্ন আজও পরম যত্নে আগলে রেখেছেন গৌরব। এক সাক্ষাৎকারে গৌরব বলেন, ‘ছোটবেলা থেকে ‘নায়ক’ ছবিতে মহানায়কের চশমার প্রতি আমার আলাদা আকর্ষণ ছিল। ছোটবেলা থেকে মন্ত্রমুগ্ধের মতো উত্তম কুমারের ছবি দেখতাম।’ তার কথায়, ‘আমার কাছে দাদুর স্যুট, টাই তো আছেই, তবে ছোট থেকে ‘নায়ক’ ছবির ওই চশমার প্রতি আমার লোভ ছিল। ওটা আমার কাছে আছে কিন্তু কখনও পরতে চাই না। এছাড়া, সুচিত্রা সেন দাদুকে একটি লাইটার দিয়েছিলেন, সেটিও আমি খুব যত্ন করে তুলে রেখেছি।’ উত্তম কুমারের এই স্মৃতিচিহ্নগুলো গৌরবের কাছে শুধু বস্তু নয়, বরং তার ঠাকুরদার প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। মহানায়কের স্মৃতিকে এভাবেই বাঁচিয়ে রেখেছেন তার উত্তরসূরিরা।
মাইলস্টোনের ঘটনায় প্যানিক অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরীমণি

মাইলস্টোনের ঘটনায় প্যানিক অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরীমণি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বিহ্বল গোটা দেশ। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। অনেকেই কোমলমতি এই শিশুদের এমন মৃত্যুতে ট্রমাটাইজড হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরই একজন চিত্রনায়িকা পরীমণি। সোমবার উত্তরায় বিমান দুর্ঘটনার পরে প্যানিক অ্যাটাকের শিকার তিনি। রাতেই তাকে ভর্তি করা হয় রাজধানীর একটি হাসপাতালে।আজ দুপুরে হাসপাতাল থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, আগে থেকেই আগুনের প্রতি এক ধরণের ভয় রয়েছে তার। কিন্তু উত্তরার ঘটনা এতটাই প্রভাবিত করেছে, শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হয়েছে। পরী তার স্ট্যাটাসে লেখেন, আমার আগুনের একটা ট্রমা আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারি নাই। এই অভিনেত্রীর কথায়, গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ!পরীমণির অসুস্থতার খবরে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তার ভক্তরাও। অভিনেত্রী বর্তমানে দুই সন্তানের মা। তাই ভক্ত-সহকর্মীরাও তার সুস্থতা কামনা করেছেন।
বন্দী শাকিব, চোখে পানি!

বন্দী শাকিব, চোখে পানি! রায়হান রাফি পরিচালিত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত এ সিনেমার কয়েকটি দৃশ্য হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুকের বিভিন্ন প্রোফাইল, সিনেমা সংশ্লিষ্ট পেজ এবং গ্রুপে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে শাকিব খানের একটি দৃশ্য, যেখানে শাকিব খানকে বন্দী অবস্থায় প্লেট হাতে ভাত খেতে দেখা যায়। ক্লান্ত চেহারা, মুখে গভীর কষ্টের ছাপ আর চোখে জল—এই স্থিরচিত্রে শাকিব খানের আবেগী অভিব্যক্তি দর্শকদের হৃদয় ছুঁয়েছে। অনেকেই ছবিটির মাধ্যমে তার অভিনয়শৈলী ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। ঢালিউডের নির্মাতা থেকে শুরু করে বিনোদন অঙ্গনের নানা পেশার মানুষ ছবিটি শেয়ার করে শাকিব খানের প্রতি সম্মান জানিয়েছেন। কেউ বলেছেন, “অভিনয়ের চেয়ে বেশি কিছু তিনি। একপ্রকার পর্দাজুড়ে আধিপত্য।” কেউ বলেছেন, “তার উপস্থিতিতেই বাংলাদেশি সিনেমা বাঁচে।” সিনেমাটির আলোচিত এই ছবিগুলো তুলেছেন ফটোগ্রাফার ফারহান রোমান। ছবিগুলো শেয়ার করে তিনি লেখেন, “শাকিব খানের মতো শিল্পীর ছবি তোলা মানে শুধু ছবি নয়, আবেগের চিত্রায়ন। শাকিব খান সেই বিরল শিল্পীদের একজন, যিনি নিজেকে চরিত্রে এতটাই মিশিয়ে দেন যে, কেউ ক্যামেরায় ধরছেন—তা হয়তো তিনি খেয়ালও করেন না।” এবারের ঈদে মুক্তি পায় ‘তাণ্ডব’ সিনেমা। মাল্টিপ্লেক্সে একসঙ্গে ২৮টি শো দিয়ে যাত্রা শুরু করে। সেইসঙ্গে দেশের শতাধিক সিঙ্গেল স্ক্রিনেও এটি প্রদর্শিত হয়। সিনেমাটির গল্পও রায়হান রাফির। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ।
মেজাজ হারালেন অমিতাভ

মেজাজ হারালেন অমিতাভ শান্ত ও বিনয়ী আচরণের জন্য খ্যাতি রয়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের। হঠাৎ সেই অমিতাভ বচ্চনই পাপারাজ্জিদের উপরে বিরক্ত হলেন। খানিকটা মেজাজ হারালেন এই বরেণ্য অভিনেতা। এ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, অমিতাভ তার মুম্বাইয়ের বাড়ি জলসা থেকে পায়ে হেঁটে বের হচ্ছেন। দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলেন এক পাপারাজ্জি। আর তা দেখে খানিকটা রেগে যান অমিতাভ। আঙুল উঁচিয়ে অমিতাভ বচ্চন বলেন ভিডিও ধারণ করবেন না, বন্ধ করুন।” ভক্তদের সঙ্গে নিয়মিত আলাপচারিতা, আলোকচিত্রীর সঙ্গে ভদ্র ইশারায় কথা বলার জন্য বরাবরই প্রশংসা কুড়িয়েছেন অমিতাভ বচ্চন। হঠাৎ তার এমন আচরণ সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। যদিও অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের ‘খিটখিটে মেজাজ’ দেখে সবাই অভ্যস্ত। অমিতাভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। ভক্তরা ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের পরবর্তী সিজনে উপস্থাপক হিসেবে তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সেদিন রাতে আমি নোবেলের সঙ্গে ছিলাম না: সালসাবিল

সেদিন রাতে আমি নোবেলের সঙ্গে ছিলাম না: সালসাবিল গত ১৯ জুলাই মধ্যরাতে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করে পুলিশ। অবশ্য, জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়। এদিকে, খবর ছড়িয়েছে—সেদিন রাতে নোবেলের সঙ্গে ছিলেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। তবে খবরটি সত্য নয় বলে দাবি করেছেন সালসাবিল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়েছেন সালসাবিল। পাশাপাশি একটি ভিডিও বার্তায় এ খবরের প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার ভাষায় আমি নোবেলের সঙ্গে ছিলাম না। আমি সারারাত আমার বাসায় ঘুমাচ্ছিলাম।” ঘটনার বর্ণনা দিয়ে সালসাবিল মাহমুদ বলেন, “আমি সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার ফোনে অনেক মেসেজ, কল। এসব আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা করেছে। আমি নাকি নোবেলের সঙ্গে মদ্যপ অবস্থায় ছিলাম, সেই অবস্থায় পুলিশ নাকি আমাকে আটক করেছিল। এমন খবর ছড়িয়ে পড়ায় আমার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমার আত্মীয়-স্বজন সকলেই আমাকে ফোন করে জানতে চাচ্ছে, আমি ছাড়া পেয়েছি কি না! এটা আমার জন্য খুবই বিব্রতকর সংবাদ।” প্রথম সারির একটি গণমাধ্যম তার নাম উল্লেখ করে খবরটি প্রকাশ করেছেন বলে দাবি সালসাবিলের। তিনি বলেন, “আমাকে নিয়ে এ ধরনের একটা নিউজ করা হলো। আমিও তো একটা সমাজে বসবাস করি। আমার পরিবার আছে। এ ধরনের একটা নিউজ একটা পরিবার, একটা মেয়ের জন্য খুবই অসম্মানের। নিউজটি করার আগে আমার সঙ্গে অন্তত যোগাযোগ করতে পারতেন। কারণ অনেক সাংবাদিকের কাছে আমার নাম্বার রয়েছে।” জানা যায়, শনিবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবারচালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল। তিনি প্রাইভেটকার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন। এ সময় তার সঙ্গে একজন নারীও ছিলেন। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তিনি উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। একপর্যায়ে উবারচালকের সঙ্গে তর্কে জড়ান নোবেল। পরে উত্তেজিত হয়ে গাড়িচালককে মারধর করেন তিনি। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, “একজন গাড়িচালকের সঙ্গে গায়ক নোবেলের তর্ক-বিতর্ক হয়। ওই সময় স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছিল বলে আমরা তাকে থানায় নিয়ে আসি। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ছেড়ে দেওয়া হয়।”
ময়না গানে বুবলীর সঙ্গে জীবনের ‘কেমিস্ট্রি’

ময়না গানে বুবলীর সঙ্গে জীবনের ‘কেমিস্ট্রি’ ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ শবনম বুবলী। এবার সিনেমার বাইরেও ধরা দিলেন নতুন এক অভিজ্ঞতায়— নাচলেন মিউজিক ভিডিওতে। ‘ময়না’ শিরোনামের গানটিতে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। প্রথমবারের মতো দুজনকে একসঙ্গে দেখা যাবে একটি মিউজিক ভিডিওর রঙিন পরিবেশনায়। সম্প্রতি এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে শুটিং হয়েছে ময়নার। এটি ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। মুক্তি পাবে ২৪ জুলাই। ‘ময়না’ গানটি গেয়েছেন কোনাল। আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কোনালের সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। গান প্রসঙ্গে বুবলী বলেন, “বলতে পারেন এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। শুধু মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটি এতোটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, স্টেজে সব সময় যেটা পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত।”