মুক্তি পেল বসুন্ধরা টিস্যু পরিবেশিত ‘ক্যাপিটাল ড্রামা’র প্রথম নাটক

মুক্তি পেল বসুন্ধরা টিস্যু পরিবেশিত ‘ক্যাপিটাল ড্রামা’র প্রথম নাটক একটি অফিসগামী বাস, অফিস ও দুজন কর্মীর মধ্যকার খুনসুটি আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় প্রজাপতি’। নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। বসুন্ধরা টিস্যুর পরিবেশনায় জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন। রোববার (৮ জুন) সন্ধ্যায় নাটকটি উন্মুক্ত হয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে। ঈদের বিশেষ এই নাটকের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে নতুন এই ইউটিউব চ্যানেলটি। নাটকটি প্রসঙ্গে এর নির্মাতা বলেন, “এটি একটি পরিপূর্ণ ফিল-গুড কনটেন্ট। খাঁটি রোমান্টিক-কমেডিও বলা যেতে পারে। সাদাত হোসাইনের লেখা আমার ভালো লাগে। নিয়মিত পড়ি। তার ‘বিলবোর্ড’ গল্পটি পড়ার পর সেটাকে নাটকে রূপ দেওয়ার ভাবনা মাথায় আসে। অপূর্ব-ফারিণের দারুণ অভিনয়ে ঈদের উপভোগ্য একটি নাটক হবে এটি। ”‘প্রিয় প্রজাপতি’ নাটকটিতে একটি গান রয়েছে, যেটার কথা লিখেছেন সোমেশ্বর অলি। জাহিদ নিরবের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন জাহিদ ও আতিয়া আনিসা।
হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান

হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান। গত চার দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঠান্ডা লাগে। সাত দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে আনা হয়েছিল। তিনি হাসপাতালের সি ব্লকের একটি কেবিনে আছেন। চিকিৎসকরা জানান, ঠান্ডার সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এ কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। এখন তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান। নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এখনো কাজ করে যাচ্ছেন সমানতালে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সময় দিচ্ছেন তিনি। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।
মারা গেছেন চিত্রনায়িকা তানিন সুবহা

মারা গেছেন চিত্রনায়িকা তানিন সুবহা ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সুবহার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। সোমবার রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, চিকিৎসকরা পরিবারের সঙ্গে আলাপ করেছিলেন যে, আজ সন্ধ্যা ৭টায় লাইফ সাপোর্ট খুলে দিতে চান। এ নিয়ে কথাও হচ্ছিল, আমিও ছিলাম সেখানে। কিন্তু হাসপাতাল থেকে আমি একটু কাজে বাইরে আসার পরেই ওর পরিবার থেকে আমাকে ফোন করে জানাল, ডাক্তাররা আন-অফিশিয়ালি তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছে। আমি হাসপাতালেই যাচ্ছি আবার। গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহাই। পরে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাৎক্ষণিক বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া তাকে। সেখানে অবস্থার অবনতি দেখে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে। তানিন সুবহা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে কাজ করে গেছেন।
সম্পর্ক মানেই বড় দায়িত্ব: শুভশ্রী

সম্পর্ক মানেই বড় দায়িত্ব: শুভশ্রী টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে সম্পর্ক মানেই বড় দায়িত্ব। প্রেম যতই রোমান্টিক হোক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে তার দায়বদ্ধতা বাড়ে বলে মনে করেন তিনি। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত নতুন ছবি ‘গৃহপ্রবেশ’–এ অভিনয় করছেন শুভশ্রী। ছবির গল্প, চরিত্র এবং নির্মাণ শৈলী নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, এটি সম্পর্ক এবং অপেক্ষার গল্প-যা আজকের দিনেও সমান প্রাসঙ্গিক। ট্রেলার দেখে দর্শকের একাংশ ছবিটিকে ঋতুপর্ণ ঘোষের ঘরানার বলেও মনে করছেন। শুভশ্রী বলেন, ভালোবাসার কোনো প্রজন্ম হয় না। কেউ ভালোবেসে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতে পারেন, আবার সম্পর্ক যদি কাজ না করে, সম্মান বজায় রেখে আলাদা হওয়াও অপরাধ নয়। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য সত্ত্বেও প্রতিযোগিতার ভেতর নিজেকে হারিয়ে ফেলার ভয় আছে কি? এমন প্রশ্নে স্পষ্ট জবাব শুভশ্রী বলেন, জীবনে উত্থান-পতন স্বাভাবিক। আমি বেশি কিছু চাই না। কখনো ক্যারিয়ার নিচে গেছে, আবার ওপরে উঠেছে। তাই এসব নিয়ে বিচলিত হই না। ঋতুপর্ণ ঘোষ প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী। জানান, ঋতুদা ‘পরাণ যায় জ্বলিয়া রে’ দেখেছিলেন এবং আমার জন্য একটি চরিত্র ভাবছিলেন। কিন্তু কাজটা আর হয়নি। ‘দোসর’ আর ‘উনিশে এপ্রিল’ আমার প্রিয় ছবি। ঋতুপর্ণ ঘোষ এমন অনেক কথা বলতেন, যা আমাদের অজানা, কিন্তু পর্দায় খুব সহজে তুলে ধরতেন। এদিকে, বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’-র মুক্তির ঘোষণায় অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়ালেও এ বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ শুভশ্রী। বলেন, এখনই কিছু বলতে চাই না। প্রচারের সময় অবশ্যই কথা বলব।
শাকিবের ‘তাণ্ডব’ হল সংখ্যায় এগিয়ে, অন্য সিনেমার অবস্থা কেমন

শাকিবের ‘তাণ্ডব’ হল সংখ্যায় এগিয়ে, অন্য সিনেমার অবস্থা কেমন কয়েকদিন আগে থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার দেওয়ালে শোভা যাচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার বাহারি পোস্টার। কোন সিনেমা কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা চূড়ান্ত হচ্ছে। এবারের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ৬টি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, অধিকাংশ ঈদের সিনেমাই রাজধানীতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ৬টি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক সূত্র জানা গেছে, কোনো কোনো প্রযোজনা প্রতিষ্ঠান রাজধানীর বাইরে সিনেমা মুক্তি দিতে আগ্রহী নন। এর কোনোটি পাইরেসির ভয়ে ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইছে। আবার কেউ বা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাল্টিপ্লেক্সগুলোর ফলাফল দেখে পরের ব্যবস্থা নেবে। এরপরেও দেশব্যাপি ঈদের সিনেমা নিয়ে ঢাকাই সিনেমার দর্শকেরা মেতে উঠেছেন। বিগত বছরগুলোর মতো এবারও শাকিব খান চাহিদার শীর্ষে রয়েছেন। তার ‘তাণ্ডব’ সিনেমা সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ‘তাণ্ডব’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল গণমাধ্যমকে জানিয়েছেন, তারা চাইলে দেশের সব প্রেক্ষাগৃহে থাকতে পারেন। তবে কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ‘তাণ্ডব’ নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহ চোখে পড়ার মতো। সবাই চাইছেন তাদের সিনেমা। এখন পর্যন্ত তাদের সিনেমা ১৩২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন শাকিল। প্রেক্ষাগৃহের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ইনসাফ’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন শরীফুল রাজ, মোশাররফ করিম ও ফারিণ। সিনেমাটি কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তা গণমাধ্যমকে জানিয়েছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মাল্টিপ্লেক্সের সব শাখায় আছি, ব্লকবাস্টারে মুক্তি পাবে। আর সিনেমাটি নিয়ে দেশে নানা প্রান্তের হলমালিকদের আগ্রহ রয়েছে বুঝতে পারছি।’ তিনি আরও জানান, আপাতত ঢাকার বাইরে ১০টির মতো হলে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে ২০টির মতো প্রেক্ষাগৃহে ‘ইনসাফ’ মুক্তি পাচ্ছে। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। ক্রাইম ও থ্রিলারধর্মী সিনেমাটি নির্মাণ করছেন সানী সানোয়ার। সিনেমাটি মুক্তি প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান, আগে থেকেই তাদের পরিকল্পনা রাজধানীর ভেতরের প্রেক্ষাগৃহে সীমাবদ্ধ থাতা। প্রথম সপ্তাহ পর তারা সিনেমাটি রাজধানীর বাইরে মুক্তি দিতে চাইছেন। এ বিষয়ে তিনি জানান, তাদের সিনেমাটি দর্শক দেখলেই বুঝতে পারবের এর গল্পটি অন্যরকম। সব শ্রেণির দর্শকের জন্য গল্পটি হলেও মাল্টিপ্লেক্সই তাদের প্রথম লক্ষ্য। এরপরে তারা পরিস্থিতি বুঝে রাজধানীর বাইরে সিনেমা মুক্তি দেবেন। এটি ১০টির মতো হলে মুক্তি পাচ্ছে বলেও তিনি জানিয়েছেন। অনেক দিন পর এবারের ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমাটি। এটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা গেছে, রাজধানীর বাইরে খুলনা, সাতক্ষীরা, কিশোরগঞ্জসহ অনেক স্থান থেকে সিনেমাটি নিয়ে আগ্রহী প্রকাশ করেছেন প্রেক্ষাগৃহের মালিকেরা। তবে সিনেমাটি আপাতত ঢাকার ভেতরেই মুক্তি দেওয়া হচ্ছে। এর মূল কারণ, পাইরেসির ভয়। সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি গণমাধ্যমকে জানান, মাল্টিপ্লেক্সের সব শাখায় তাদের সিনেমাটি মুক্তি পাচ্ছে। এ ছাড়া লায়ন সিনেমাসে মুক্তি পাচ্ছে। তারা পরে ক্রমে ক্রমে রাজধানীর বাইরে মুক্তি দিতে চাইছেন। সব মিলিয়ে ১০টির মতো হলে মুক্তি দেওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এটি নির্মাণ করেছেন মিঠু খান।
‘লিচুর বাগান’ দেখে সাবিলাকে নিয়ে যা বললেন চয়নিকা চৌধুরী

‘লিচুর বাগান’ দেখে সাবিলাকে নিয়ে যা বললেন চয়নিকা চৌধুরী ঈদের সিনেমার প্রচারণা এখন তুঙ্গে। ট্রেইলার, টিজার প্রকাশের পর প্রকাশিত হচ্ছে সিনেমার গান।সম্প্রতি রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার একই ডান্স নাম্বার প্রকাশিত হয়েছে। যদিও বেশিরভাগ মানুষ এই গানকে আইটেম গান ভেবে ভুল করছেন। সে যাইহোক, লিচুর বাগানে গানটিতে সাবিলা নূরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এবং সাবিলা নূর নিজেকে কতটুকু উপস্থাপন করতে পেরেছেন— এ বিষয় নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেছেন গুণী পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘এই লেখাটি আমার একদম ব্যাক্তিগত। আর লেখাটি শুধু মাত্র এই ছবির মেয়েটির জন্যে। শুধুই তার জন্যে।সিনেমায় এসে হঠাৎ করেই কেউ এসে মন জয় করে ফেলবে আর দর্শক প্রিয় হবে, এমন ভাবাটা বোকামি। রায়হান রাফীর তাণ্ডবের লিচু বাগান গানটি দেখলাম। গানটা হঠাৎ করে ভালো লাগবে সেটা বলবো না। গানটা শুনতে শুনতে ভালো লাগবে। তবে আমার চোখ ছিল একদম একজন দর্শক এবং পরিচালকের চোখ।’’ একজন পরিচালক হিসেবে চায়নিকা চৌধুরী লিখেছেন, ‘‘গানে সাদা পোশাক পরা অংশটা দারুণ। মনে হয়েছে বোম্বের কোনো ফিল্মের গান।কিন্ত প্রথম অংশের ডান্স এর জায়গায় তার পারফরম্যান্স দেখে আমি রীতিমত মুগ্ধ।আমার চোখে এমন কোরিওগ্রাফিতে ডান্স যথেষ্ট কঠিন। আর এই কঠিন কাজটি এই মেয়েটি রিদমের সাথে সাবলীলভাবে করেছে। যেন তার কাছে এটা কোন ব্যাপারই না। প্রতিটি স্টেপ্স, ড্রেসআপ আর এক্সপ্রেশন, ডান্স এর মুভমেন্ট, রিদম একদম পারফেক্ট। সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে এই ফিল্মের গান সবার সাথে বসে দেখা যায়।মার্জিত।’’ চয়নিকা চৌধুরী মনে করেন, ‘‘এই গানে একটা শটেও ভাল্গারিজম ছিল না। এটি পুরোপুরি একটি কমার্শিয়াল গান, সব কিছুই আছে কিন্ত কোন আরোপিত দেখানো শটস নেই যা দেখলে বিব্রত হতে হয় সবার সামনে। এইসব গানে ইচ্ছা করেই শরীর দেখানোর ব্যাপারগুলো দেখেছি এর আগে। কিন্ত এখানে সবই ছিল কিন্ত খুব ন্যাচারাল, ড্রেসআপ একদমই মেয়েটির জন্য ঠিকঠাক মানে সে ক্যারি করতে পেরেছে, তাকে মানিয়েছে। আর সে যে কত সুন্দর! কত যে সুন্দর লেগেছে তাকে! মায়াবী, গ্ল্যামার সবকিছুই পারফেক্ট।’’ চয়নিকা চৌধুরী আরও লিখেছেন, ‘‘আমার দেশের এত বড় অনলি ওয়ান একজন মেগাষ্টার শাকিব খানের সাথে অভিনয় করে এমন একটি পারফরম্যান্স করা বিশাল ব্যাপার। অনেক নার্ভাস থাকার কথা। যদিও সহশিল্পীর সহযোগিতা, পুরো টীমের সাপোর্ট, ডিরেক্টরের ইনভলবমেন্ট সবই ছিল। তারপরেও মনেই হচ্ছিল না সে নতুন, এটাই তার প্রথম।’’ সাবিলা নূরকে অভিনন্দন জানিয়ে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘‘সাবিলা নূর অভিনন্দন তোমাকে । এমন গান তো প্রায় সিনেমায় দেখি। আমার দেখা এই অবধি আমার দেশের এমন একটি গানে তুমিই বেষ্ট বেষ্ট বেষ্ট। সিনেমা তো ঈদের দিনেই দেখবো।তার আগেই এই এতটুকু দেখেই আমি মুগ্ধ। আসলে কাজ দিয়েই জবাব দিতে হয় যা তুমি পেরেছ। অনেক অনেক শুভেচ্ছা। অনেক দূর তুমি যাবে এই ফিল্ম ইন্ড্রাষ্ট্রিতে। আমার বিশ্বাস।’’ চয়নিকা চৌধুরী তাণ্ডব টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন এই সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলকেও। চয়নিকা চৌধুরী তার পোস্টের শেষে একটি বাক্য জুড়ে দিয়েছেন, ‘‘লেখাটা আসলে শুধুই সাবিলা নূরের জন্যে ছিল।’’
গরুর হাটে হারিয়ে গিয়ে কান্না করেছিলেন মেহজাবীন

গরুর হাটে হারিয়ে গিয়ে কান্না করেছিলেন মেহজাবীন ইতোমধ্যেই কোরবানির পশু কেনার ধুম পড়েছে। ক্রেতারা এক পাশুর হাট থেকে অন্য হাটে ছুটছেন। অনেকে আবার পশু দেখতে ভিড় জামাচ্ছেন হাটগুলোতে। অন্য আট-দশজন মানুষের মতো শোবিজ তারকাও কোরবানির হাটে যাওয়ার জন্য ঈদের অপেক্ষায় থাকেন। সম্প্রতি গণমাধ্যমে শৈশবে কোরবানি ঈদের ঘটনা জানিয়েছেন মেহজাবীন চৌধুরী। তিনি জানান, লুকিয়ে লুকিয়ে হাটে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন। মেহজাবীন বলেন, ঈদে গরু কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এ বিষয়টি খুব ভালো লাগে আমার কাছে। ছোটবেলায় কোরবানি উপলক্ষে বাসায় গরু-ছাগল কিনে আনার পর থেকেই আনন্দের বাঁধ ভেঙে যেত। কোরবানির ঈদ নিয়ে খুব মজার একটি স্মৃতি রয়েছে। মেহজাবীন যোগ করে বলেন, বড়দের কাছে গরুর হাটের নানা গল্প শুনতে শুনতে একবার হাট দেখার খুব ইচ্ছা হলো। চাচাতো ভাইদের কাছে গরুর হাটে যাওয়ার আবদার করলাম। ভাইয়েরা আমাকে নিতে রাজি হলো না। আমি লুকিয়ে তাদের পিছু নিয়েছিলাম। কিন্তু হাটে গিয়ে ভিড়ের মধ্যে তাদের হারিয়ে ফেলি। ভয়ে হাটে বসে কি কান্না। তিনি আরও বলেন, হাটে ভাইদের হারিয়ে ফেললেও একসময় তাদের খুঁজেও পাই। এসব স্মৃতি মনে পড়লে একা একাই এখন হাসি। আবার সেসব দিনের কথা মনে হলে আনন্দও লাগে। যা এখন আর পাই না। সেই আনন্দ আর নেই। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মেহজাবীন অভিনীত সিনেমা ‘সাবা’। ৯০ মিনিটের সিনেমায় নাম ভূমিকায় আছেন এই অভিনেত্রী। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমাটি ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে।
ঈদে মুক্তির তালিকায় এখনও ৬ সিনেমা

ঈদে মুক্তির তালিকায় এখনও ৬ সিনেমা ঈদ মানেই ঢাকাই সিনেমার উৎসব। এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম নয়। সপ্তাহখানেক আগেও মুক্তির তালিকায় ছিল ১০ সিনেমা। তবে ইতোমধ্যেই সরে দাঁড়িয়েছে ৪টি সিনেমা। সবশেষ তথ্য ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৬টি সিনেমা। সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে নায়িকার চরিত্রে রয়েছে ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর। এছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও থাকছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে। ঈদে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। মিঠু খান পরিচালিত সিনেমাটিতে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। মুক্তির তালিকায় রয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দারের নতুন সিনেমা ‘ইনসাফ’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম। অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এটি প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস। আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন নতুন সিনেমার মাধ্যমে এবার ঈদে প্রেক্ষাগৃহে হাজির হবেন। ‘এশা মার্ডার: কর্মফল’ নামের সানী সানোয়ার পরিচালিত সিনেমাটিতে পুলিশ অফিসার লিনা রূপে দেখা যাবে বাঁধনকে। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পূজা এগনেজ ক্রুজ, মিশা শওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ। মুক্তির অপেক্ষায় রয়েছে আরেক সিনেমা ‘টগর’। এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত সিনেমাটি পরিচালনায় আছেন নির্মাতা আলোক হাসান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে আরেক সিনেমা ‘উৎসব’। এটি পরিচালনা করেছেন তানিম নূর। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় আসছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া আহসান, ইন্তেখাব দিনার প্রমুখ। এদিকে, মুক্তির আওয়াজ তুললেও সরে দাঁড়িয়েছে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ও ফরহাদ হোসেনের ‘নাদান’। এ ছাড়া পোস্টার প্রকাশের পর থেমে গেছে রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’ সিনেমার প্রচার।
সন্ধ্যা ৬টায় ডিনার, সাড়ে ৯টায় ঘুম, কারিনার অন্যরকম জীবন

সন্ধ্যা ৬টায় ডিনার, সাড়ে ৯টায় ঘুম, কারিনার অন্যরকম জীবন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ব্যক্তিগত জীবনে সাইফ আলী খানের সঙ্গে ঘর বেঁধেছেন। সংসার আলো করে জন্ম নিয়েছে দুই পুত্রসন্তান। স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন। তবে ৪৪ বছর বয়সি কারিনার জীবনযাপন পুরোপুরি বদলে গেছে। বন্ধু-সহকর্মীদের সঙ্গে আড্ডা-পার্টিকে ‘না’ বলতে শিখেছেন। কোভিডের অভিজ্ঞতা তার জীবনে এই পরিবর্তন এনে দিয়েছে। নড ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন কারিনা কাপুর খান। খাবার খাওয়া, ঘুমানো ও ঘুম থেকে ওঠার রুটিন বর্ণনা করে ‘ক্রু’ তারকা বলেন, “সন্ধ্যা ৬টায় রাতের খাবার খাই। রাত সাড়ে ৯টার মধ্যে লাইট বন্ধ হয়। পৃথিবীর ঘুম ভাঙার আগে উঠে ওয়ার্কআউট করি।” পার্টিতে যান না কারিনা কাপুর খান। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “আমার বন্ধুরা আমাকে পার্টিতে আশা করে না। তারা এটাকে সম্মান করে।” এভাবে জীবনযাপন করার কারণ ব্যাখ্যা করে কারিনা কাপুর খান বলেন, “আমি যদি ওয়ার্কআউট না করি, তাহলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। কোভিডের পর বুঝতে পেরেছি ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ। এটা অহংকারের জন্য নয় বরং সুস্থতার জন্য। এটি আমার মেজাজ স্থিতিশীলকারী, আমার নোঙর।” বাড়িতে সবাই মিলে রান্না করেন কারিনা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “পরিবারের সদস্যরা মিলে রান্না করতে খুব ভালোবাসি। সাইফ, বাচ্চারা, আমি— রান্না ঘরেই থাকি। সাইফ কেরালা খাবারের ভক্ত। সে সবসময় নতুন রেসিপি রান্নার চেষ্টা করে। যেমন: ইডিয়াপাম, নারিকেল দিয়ে তৈরি স্টু ইত্যাদি। আমার প্রতিদিন একটি ভারতীয় খাবার দরকার।” অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন করেন এই জুটি। ২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় পুত্র সন্তান। কারিনা কাপুর খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিংহম এগেন’। গত বছরের ১ নভেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে রয়েছে ‘ডায়রা’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে অভিনয় করছেন মালায়ালাম সিনেমার অভিনেতা-নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। এটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
শাকিব-নিশোর কাঁধে কাঁধ, জয় বললেন ‘ব্যবসায়ীদের হাতের পুতুল’

শাকিব-নিশোর কাঁধে কাঁধ, জয় বললেন ‘ব্যবসায়ীদের হাতের পুতুল’ বড় পর্দায় আফরান নিশোর অভিষেকের পর থেকেই শাকিব খানের সঙ্গে নানা সময়ে খোঁচাখুঁচি কথাবার্তা নিয়ে উঠে আসেন আলোচনায়। মিডিয়াপাড়ায় জোর গুঞ্জন, শাকিবের সঙ্গে নিশোর সম্পর্ক মোটেও ভালো নয়। এ নিয়ে সামাজিকমাধ্যমে নানা সময়ে তুলনামূলক মন্তব্য করে উত্তাল করে রাখেন দুই তারকার ভক্তরা। সম্প্রতি জমকালো এক অনুষ্ঠানে একই মঞ্চে মজার ছলে একই গানে কোমর দুলিয়ে অবাক করে দেন শাকিব-নিশো। কেউ কেউ ভাবছেন দুজনের মধ্যকার বরফ গলছে। তারপরও কিছু সংখ্যক ভক্ত নিজের চোখকে বিশ্বাস করতে নারাজ। তবে মঙ্গলবার (০৩ জুন) সন্ধ্যায় সব জল্পনা-কল্পনার অবসান হয়। এদিন নির্মাতা রায়হান রাফীর সামাজিকমাধ্যমের পোস্টে কাঁধে কাঁধ মিলিয়ে নজরে আসেন শাকিব ও নিশো। এতেই স্পষ্ট ধারণা পাওয়া যায়, শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় গেস্ট অ্যাপিয়ারেন্সে থাকছেন আফরান নিশো। রাফীর সেই ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন আলোচিত উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এর ক্যাপশনে জয় লেখেন, ‘মনোমালিন্যের অবসান হয় না রে পাগল। সবই ব্যবসায়ীদের হাতের পুতুল। যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ? যে ভক্তরা গত দুই বছর ধরে যুদ্ধ করল- ওদেরও মিলায়ে দেন। অথবা এরপর বলে দেবেন ভক্তরা যেন মাতামাতি না করে। কারণ দিনশেষে অঙ্কটা আপনারাই মিলান। মাঝে ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ। রায়হান রাফী এবং শাকিব খান জুটির সিনেমা এমনিতেই ব্লকবাস্টার হবে। নিশো তাণ্ডবকে এক্সট্রা মাইলেজ দেবে নিঃসন্দেহে। ’ শুধু তাই নয়, ভবিষ্যতে নিশোর একক নায়ক হিসেবে করা সিনেমাগুলো রিস্কে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন জয়। এ ধরনের বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদে সামাজিকমাধ্যমে বেশ সমালোচিত হচ্ছেন তিনি। মন্তব্য ঘরে এক ভক্ত লেখেন, ‘জয় ভাই, আপনি হচ্ছেন একজন হিপোক্রেট এবং হিংসাত্মক মনোভাবাপন্ন মানুষ!’ প্রসঙ্গত, রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমাতে নিশোর উপস্থিতি সিনেভক্তদের মনে কতটা ‘তাণ্ডব’ ঘটায় তা সময়ই বলে দেবে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে থাকছেন সাবিলা নূর। এ ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও থাকছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।