অভিনেত্রীর মরদেহ নিতে রাজি নন বাবা

অভিনেত্রীর মরদেহ নিতে রাজি নন বাবা গত ৮ জুলাই, করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে পাকিস্তানি মডেল-অভিনেত্রী হুমায়রা আজগর আলীর পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দিতে চাইলে, তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান অভিনেত্রীর বাবা ডা. আজগর আলী। পাকিস্তান টুডে এ খবর প্রকাশ করেছে।  এ বিষয়ে এসএসপি (দক্ষিণ করাচি) মাহরুজ আলী জানান, ২০২৪ সালের শুরু থেকে অ্যাপার্টমেন্টটির ভাড়া দেন না হুমায়রা আজগর আলী। এখানে একা বসবাস করতেন, কারো সঙ্গে তার যোগাযোগ ছিল না। অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর তার পরিবারকে খুঁজে বের করে পুলিশ। কথা বলেন অভিনেত্রীর বাবা ডা. আজগর আলী (আর্মির প্রাক্তন চিকিৎসক) ও তার ভাইয়ের সঙ্গে। কিন্তু হুমায়রা আজগরের বাবা কন্যার মরদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানান।  এ বিষয়ে হুমায়রার বাবা আজগর আলী বলেন, “আমরা অনেক আগেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। তার মৃতদেহ নিয়ে যা ইচ্ছা করুন। আমরা তা গ্রহণ করব না।” গত মঙ্গলবার রাতে হুমায়রা আজগর আলীর মরদেহের পোস্টমর্টেম সম্পন্ন হয়। তবে এখনো মৃত্যুর কারণ প্রকাশ করেনি পুলিশ। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য তদন্তকারী কর্মকর্তারা রাসায়নিক বিশ্লেষণের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। মৃতদেহটি এখন হিমাগারে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে, এটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করছে পুলিশ।  এর আগে এক বিবৃতিতে পুলিশ জানায়, ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমায়রা আজগর আলীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ৩২ বছর বয়সি অভিনেত্রী হুমায়রার বলে শনাক্ত করেছে পুলিশ। প্রায় দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন তিনি। ডিআইজি সৈয়দ আসাদ রাজা পাকিস্তানি গণমাধ্য ডনকে বলেন, “আদালতের নির্দেশে গিজরি পুলিশ অ্যাপার্টমেন্টটি খালি করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। বিকাল ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লে কেউ সাড়া দেয়নি। এরপর তালা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তার মৃতদেহটি দেখতে পায়। এই অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন অভিনেত্রী হুমায়রা।” টিভি রিয়েলিটি শো ‘তামাশা ঘরে’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন হুমায়রা। ২০১৫ সালে তার অভিনীত ‘জালাইবি’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমা তাকে পরিচিতি এনে দেয়।

রণবীরের জোড়াতালির ভাইরাল শার্টের দাম কত?

রণবীরের জোড়াতালির ভাইরাল শার্টের দাম কত? রণবীর কাপুরের পরনে নীল রঙের জিন্স। গায়ে শার্ট, মাথায় ক্যাপ। তার গায়ের শার্ট একদম আলাদা। কারণ তাতে কয়েকটি জোড়াতালি রয়েছে। কিছু অংশ এমনভাবে ছেঁড়া, প্রথম দেখায় মনে হবে— জামাটি ইঁদুরে কেটেছে। এমন পোশাকে একটি বাড়ি থেকে বের হতে দেখা যায় রণবীরকে। হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার সামনে পোজও দেন এই তারকা।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপে এমন লুকে ধরা দিয়েছেন ‘অ্যানিমেল’ তারকা রণবীর। মূলত, ভিডিওটি এক মাস আগের। সম্প্রতি পুরোনো সেই ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। চর্চায় মেতেছেন নেটিজেনরা। রণবীর কাপুরে শার্টটি নিয়ে রসিকতা করছেন নেটিজেনরা। দেবজ্যোতি লেখেন, “গরীব, মহা গরীব।” রিয়া লেখেন, “ওনারা এমন পোশাক পরলে, সেটা ফ্যাশন। আর আমরা পরতে গেলে লজ্জা পাই।” আশুতোষ লেখেন, “অভিনেতা ধনী-গরীব।” প্রকৃতি লেখেন, “এটি ভিখারি শার্ট, স্টাইলিস্ট না।” এমন অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার কড়া ভাষায় রণবীরের ফ্যাশন সেন্স নিয়েও সমালোচনা করেছেন। রণবীরের জোড়াতালির শার্ট নিয়ে হাসি-তামাশা চললেও দাম জানলে অনেকে ভড়কে যেতে পারেন। খোঁজ নিয়ে জানা যায়, শার্টটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড কিথ। দেশটির লস অ্যাঞ্জেলেসে তৈরি হয়েছে এটি। এ ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েব সাইটে বলা হয়েছে, শার্টটি তৈরিতে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। স্প্লিট সাইড সেলাই, ক্যাঙ্গারু পকেট, ভিনটেজ বোতাম ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় শার্টটির দাম ১ লাখ ২৪ হাজার ৩০০ টাকা। রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি নির্মিত এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী; সীতা রূপে দেখা যাবে তাকে। রণবীর এ সিনেমার এক পার্টের জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পার্ট মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

সন্তান আছে প্রমাণ করতে পারলে ২৫ লাখ টাকা দেবেন তানজিন তিশা

সন্তান আছে প্রমাণ করতে পারলে ২৫ লাখ টাকা দেবেন তানজিন তিশা সন্তান আছে- এটা প্রমাণ করতে পারলে ২৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সামাজিকমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই ঘোষণা দেন। সম্প্রতি জায়েদ খানের সঞ্চালনায় একটি টক শোতে অংশ নিয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান তানজিন তিশা। তিনি বলেন, ‘আমি মা হতে চাই। ’ এরপর সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিকমাধ্যমে তিনটি ছবি প্রকাশ করে দাবি করেন, এগুলো তানজিন তিশার সন্তান ও সাবেক স্বামীর ছবি। জাওয়াদ নির্ঝর ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কী তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে? এই ছবিগুলো তিশার মিডিয়ায় আসার আগের। তার সাবেক স্বামী বর্তমানে দুবাইয়ে থাকেন। সেই ঘরে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়, যে বর্তমানে ঢাকায় দাদির সঙ্গে থাকে। ’ এর জবাবে শনিবার (৫ জুলাই) রাতে তানজিন তিশা সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘যদি কেউ প্রমাণ করতে পারে আমার সন্তান আছে, তাকে ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা) দেব। ’ তিনি আরও বলেন, ‘যারা আমার ভাগ্নে-ভাগ্নির ছবি দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করছে, তারা এখন সুবর্ণ সুযোগ পেল। আমার যত লুকানো বাচ্চাকাচ্চা আছে, সবাইকে আমার কাছে পৌঁছে দিলে নগদ ২০ হাজার ডলার পুরস্কার। ’

কাজল-রানীদের ঐতিহ্যবাহী ফিল্মিস্তান স্টুডিও বিক্রি

কাজল-রানীদের ঐতিহ্যবাহী ফিল্মিস্তান স্টুডিও বিক্রি বিক্রি হয়ে গেছে বলিউড ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ফিল্মিস্তান স্টুডিও। গত ৩ জুলাই, ১৮৩ কোটি রুপিতে এটি কিনে নিয়েছে মুম্বাইভিত্তিক আর্কেড ডেভেলপার লিমিটেড।  টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ৮২ বছর আগে এটি প্রতিষ্ঠা করেন অভিনেত্রী কাজল-রানী মুখার্জির দাদা শশধর মুখার্জি এবং তার শ্যালক প্রয়াত অভিনেতা অশোক কুমার। তাদের সঙ্গে ছিলেন জ্ঞান মুখার্জি ও রাই বাহাদুর চুনীলাল। ১৯৪৩ সালে বম্বে টুকিজ ছেড়ে দেন অশোক কুমার। এরপর এই স্টুডিও তৈরি করেন। সেই সময়ে এই স্টুডিওতে কেবল শুটিং হতো না, বরং প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সেখানেই পুরো সিনেমা তৈরি করতেন। বছরের পর বছর অভিনেতা-অভিনেত্রীরা মাসিক বেতনের ভিত্তিতে সেখানে কাজ করতেন। এই স্টুডিওর জায়গায় নির্মিত হবে বিলাসবহুল বহুতল ভবন। প্রায় তিন হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করেছে আর্কেড ডেভেলপার লি.। ২০২৬ সালে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ৫০ তলা ভবনের প্রতিটি ফ্লোরে থাকবে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাওয়ার। স্টুডিওটি বিক্রির খবর প্রকাশ্যে আসার পর, আপত্তি জানিয়েছে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ)। এ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে সংগঠনটি। এ চিঠিতে বলা হয়েছে, “ফিল্মিস্তান স্টুডিও মুম্বাইয়ের গোরেগাঁওতে অবস্থিত। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয় এটি। ভারতীয় ফিল্ম স্টুডিওর ইতিহাসে এটি সবচেয়ে আইকনিক একটি স্টুডিও। এই ঐতিহ্যবাহী স্থাপনা ভারতীয় চলচ্চিত্রের উত্থান দেখেছে এবং লাখ লাখ টেকনিশিয়ান, শিল্পী, জুনিয়র শিল্পীদের কর্মক্ষেত্র হয়ে উঠেছে। জানা গেছে, এটি আর্কেড ডেভেলপারের কাছে ১৮৩ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে।”  ফিল্মিস্তান স্টুডিওর অবদান ব্যাখ্যা করে চিঠিতে বলা হয়েছে, “ফিল্মিস্তান স্টুডিও সৃজনশীল কাজের ভিত্তি হিসেবে কয়েক দশক ধরে কাজ করেছে। অসংখ্য বলিউড এবং ভারতীয় সিনেমা প্রযোজনার সুযোগ তৈরি করেছে। এটি কেবল একটি অবকাঠামো নয়; এটি সিনেমার উত্তরাধিকার, ক্যামেরার পেছনের শ্রমিক শ্রেণির ঘাম এবং কঠোর পরিশ্রমের প্রতীক।”  সরকারি হস্তক্ষেপ চেয়ে চিঠিতে বলা হয়েছে, “অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ), মহারাষ্ট্র সরকারকে এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করার বিনীতভাবে অনুরোধ করছি। ঐতিহ্যবাহী ফিল্ম স্টুডিওগুলোকে, বিশেষ করে ফিল্মিস্তানকে রক্ষার জন্য এবং সরকারের অধীনে আনার জন্য একটি জি. আর. জারি করার জন্য আবেদন করছি।” তবে এ নিয়ে এখনো কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি কাজল কিংবা রানী মুখার্জি।

দেশের উন্নতির জন্যই শাকিবের বিদেশি নায়িকা চান না দীপা

দেশের উন্নতির জন্যই শাকিবের বিদেশি নায়িকা চান না দীপা আগামী ঈদুল ফিতরে নতুন সিনেমা নিয়ে হাজির হবেন শাকিব খান। নাম ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’। ট্যাগলাইন- ‘আমি কালা’। ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার কাহিনী অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে। শাকিব অভিনয় করবেন এক সময়ের আলোচিত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে। এ সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ পা রাখছেন বড় পর্দায়। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করার কথা শোনা যাচ্ছে টলিউডের মধুমিতা সরকারের। আর এই খবর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অভিনেত্রী দীপা খন্দকার গতকাল এক পোস্টে লিখেছেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল (নায়িকা) রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’ দীপার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তার জবাবেই আজ (৮ জুলাই) মঙ্গলবার অভিনেত্রী আরও একটি পোস্ট করেছেন। সেখানে তিনি স্পষ্ট করেছেন কেন শাকিবের বিদেশি নায়িকা নিয়ে তার আপত্তি। মূলত দেশের উন্নতির স্বার্থেই তিনি শাকিবের সঙ্গে দেশের নায়িকা চান বলে দাবি করেন। দীপা তার পোস্টে লিখেছেন, ‘জি আমি স্বার্থপর। আমি চাই আমার দেশের উন্নতি হোক। আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক। আর্টিস্টদের লাভ হোক। শাকিব খানের সিনেমা মানেই বিশাল কিছু। সেখানের একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দিব?’ শাকিবের সিনেমায় নারী লিড রোলে বেশি সুযোগ থাকে না উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে নারী লিড রোলের সুযোগ খুব বেশি থাকে না। যাও দুই একটা থাকে তা যদি অন‍্য দেশের আর্টিস্টদের দিয়ে দেয়া হয় তাহলে আমাদের আর্টিস্টদের জন্য কি থাকল? অলরেডি অনেক আর্টিস্টই সিনেমায় প্রমাণিত। চিন্তা ভাবনা বদলাতে হবে। গল্প নির্ভর সিনেমা বানাতে হবে।’ শাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ‘ভাইজান এলোরে’ সিনেমায় অভিনয় করেন দীপা খন্দকার।

এয়ারপোর্টে কেন কাঁদছেন নোরা ফাতেহি?

এয়ারপোর্টে কেন কাঁদছেন নোরা ফাতেহি? পরনে কালো রঙের পোশাক। খোলা চুল। চোখে রোদচশমা। হাতে ব্যাগ। এমন লুকে গাড়ি থেকে নেমে বিমানবন্দরের প্রবেশ পথের দিকে এগিয়ে যান অভিনেত্রী নোরা ফাতেহি। কিন্তু চোখে রোদচশমা থাকলেও, চোখের জল আড়াল করতে পারেননি। কাঁদতে কাঁদতে হাঁটতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। এসব ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।  দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, রবিবার (৬ জুলাই) বিকালে মুম্বাই এয়ারপোর্টে কাঁদতে দেখা যায় নোরা ফাতেহিকে। এসময় পাপারাজ্জিদের কেউ কেউ ছবি তুলতে এগিয়ে গেলে তাদের সরিয়ে দেন নোরার দেহরক্ষী। তবে কী কারণে এতটা ভেঙে পড়েছেন তার সঠিক কারণ জানা যায়নি। এয়ারপোর্টে নামার কয়েক মিনিট আগে নোরা ফাতেহি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। তাতে এ অভিনেত্রী লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” কেউ মারা গেলে বা বিপদগ্রস্ত থাকলে মুসলিম ধর্মের অনুসারীরা এটি পাঠ করে থাকেন। ধারণা করা হচ্ছে, নোরা তার পরিবারের কাউকে হারিয়েছেন। নোরা ফাতেহির মা–বাবা দুজনই মরক্কোর। তবে তার জন্ম আর বেড়ে ওঠা কানাডায়। ক্যারিয়ার গড়েছেন ভারতে। যদিও নিজেকে মরোক্কান হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন এই অভিনেত্রী, নৃত্যশিল্পী। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।  শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।

নেশাগ্রস্ত চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং ছিল: উপমা

নেশাগ্রস্ত চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং ছিল: উপমা মেজবাহ শিকদার নির্মাণ করেছেন একক নাটক ‘শেষ ভালোবাসা’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ফারজানা মেহমুদ উপমা। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে।  গল্পটি আবর্তিত হয়েছে একটি উচ্চবিত্ত পরিবারের মেয়েকে ঘিরে, যে বাবা-মায়ের অবহেলায় ধীরে ধীরে হারিয়ে যায় নেশার অন্ধকার জগতে। বন্ধুদের আড্ডা দিয়ে শুরু, এরপর নেশার লোভে জড়িয়ে পড়ে অনৈতিক সম্পর্কে। পারিবারিক দূরত্ব বাড়ে, প্রেমিকও একসময় সরে যায়। শেষ পর্যন্ত নিজেকে খুঁজে ফেরার আর্তনাদে, গল্পটি এগিয়ে যায় চূড়ান্ত পরিণতির দিকে। নাটকে উপমার প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন এরফান অনিক। নিজের অভিজ্ঞতা জানিয়ে উপমা বলেন, “একজন নেশাগ্রস্ত তরুণীর চরিত্রে অভিনয় করাটা আমার জন্য ছিল এক নতুন চ্যালেঞ্জ। চরিত্রটি খুব বাস্তব ও হৃদয়স্পর্শী। নাটকটি সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে—নেশা শুধু একজন মানুষ নয়, গোটা পরিবারকে ধ্বংস করে দেয়।” নাটকটি নিয়ে আশাবাদী ফারজানা মেহমুদ উপমা বলেন, “শেষ ভালোবাসা’ আমার অভিনীত অন্যতম সেরা কাজ হয়ে থাকবে।”  ফারজানা মেহমুদ উপমা ইতোমধ্যে অর্ধশতাধিক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তার আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে—আমি তোমাকেই ভালোবাসি, মেট্রোপলিটন বিভ্রম, অ্যাডালথুড, নিয়তির খেলা এবং সুপার গার্ল ওয়েব সিরিজ।

বিশ্বরেকর্ড গড়লো হৃতিক-এনটিআরের ‘ওয়ার টু’

বিশ্বরেকর্ড গড়লো হৃতিক-এনটিআরের ‘ওয়ার টু’ হৃতিক রোশনের ব্লকবাস্টার হিট ছবি ‘ওয়ার’ মুক্তির ছয় বছর পেরিয়ে গেছে। এবার আসছে এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েল, যেখানে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়ার টু’ আর মুক্তির আগেই ছবিটি গড়ে ফেলেছে এক অবিশ্বাস্য রেকর্ড, যা এর আগে কোনো ভারতীয় ছবি করতে পারেনি। ২০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। এরই মধ্যে জানা গেছে, ‘ওয়ার টু’ বিশ্বব্যাপী মোট ৭ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বজুড়ে কোনো ছবি মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম। যশরাজ ফিল্মসের এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলারটি যে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত, এই রেকর্ডই তার ইঙ্গিত দিচ্ছে। হৃতিক রোশন বছরে খুব কম ছবি করলেও তার প্রতিটি ছবিই ভক্তদের কাছে বিশেষ। ২০২৫ সালেও তিনি ভক্তদের জন্য দারুণ কিছু উপহার দিতে চলেছেন বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ‘ওয়ার টু’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে জুনিয়র এনটিআরের, যা ছবিটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ থেকে প্রত্যাশা অনেক। এর আগে অয়ন বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ‘ওয়ার’ ছবিটি ভারতে ৩০০ কোটি এবং বিদেশে ১৭৫ কোটি টাকা আয় করে মোট ৪৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল।

হার মানলেন হলিউড অভিনেতা জুলিয়ান ম্যাকমোহন

হার মানলেন হলিউড অভিনেতা জুলিয়ান ম্যাকমোহন সদ্যই মাইকেল ম্যাডিসনের মৃত্যুতে শোকের ছায়া নামে হলিউডে। এরই মধ্যে চলে গেলেন আরেক জনপ্রিয় তারকা। ‘এফবিআই: মোস্ট ওয়ান্টেড’ ও ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর জন্য পরিচিত অস্ট্রেলীয় অভিনেতা জুলিয়ান ম্যাকমোহনের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর বয়স। একটি ফেসবুক পোস্টে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ম্যাকমোহনের স্ত্রী কেলি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইনের সঙ্গে কথা বলার সময় কেলি জানিয়েছেন, অভিনেতা ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াই করার পরে ২ জুলাই ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে মারা গেছেন। ম্যাকমোহনের স্ত্রী কেলি বলেন, মনে কোনো অসন্তোষ না রেখেই আমি বিশ্বকে জানাতে চাই যে, আমার প্রিয় স্বামী জুলিয়ান ম্যাকমোহন ক্যান্সারকে জয় করার এক সাহসী প্রচেষ্টার পর এই সপ্তাহে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। জুলিয়ান জীবনকে ভালোবাসতেন। তিনি তার পরিবারকে ভালোবাসতেন। তিনি তার বন্ধুদের ভালোবাসতেন। তিনি তার কাজকে ভালোবাসতেন, ভালোবাসতেন তার ভক্তদের। তার গভীরতম ইচ্ছা ছিল যতটা সম্ভব মানুষের জীবনে আনন্দ নিয়ে আসা। তিনি বলেন, আর আমরা কামনা করি জুলিয়ান যাদের জন্য আনন্দ বয়ে এনেছেন, তারা যেন জীবনে আনন্দ খুঁজে পান। সেই স্মৃতির জন্য আমরা কৃতজ্ঞ। ম্যাকমাহন ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী উইলিয়াম ম্যাকমোহনের ছেলে। রায়ান মারফির শোয়ের সঙ্গে তার দীর্ঘকালীন সম্পর্ক। যেখানে তিনি জটিল ড. ক্রিশ্চিয়ান ট্রয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। একই সময়ে অ্যালিসা মিলানোর অন-স্ক্রিন লাভ ইন্টারেস্টের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছিলেন তিনি। ১৯৯২ সালের কমেডি ‘ওয়েট অ্যান্ড ওয়াইল্ড সামার’-এ এলিয়ট গোল্ড এবং ক্রিস্টোফার অ্যাটকিন্সের বিপরীতে তার প্রথম সিনে চরিত্র পান। ফ্যান্টাস্টিক ফোরে চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ম্যাকমাহনকে সাম্প্রতিক সময়ে দেখা গেছে নেটফ্লিক্সের শো ‘দ্য রেসিডেন্স’-এ। ব্যক্তি জীবনে অস্ট্রেলিয়ান গায়ক ড্যানি মিনোগকে বিয়ে করেছিলেন জুলিয়ান ম্যাকমোহন। পরে ‘বেওয়াচ’ তারকা ব্রুক বার্নসকে বিয়ে করেন তিনি, যার সঙ্গে তার পঁচিশ বছরের এক কন্যা সন্তান আছে। ২০১৪ সালে কেলি পানিয়াগুয়াকে বিয়ে করেন ম্যাকমোহন।

জন্মদিনে ধুরন্ধর’-এ ভয়ংকর রূপে ঝড় তুললেন রণবীর

জন্মদিনে ধুরন্ধর’-এ ভয়ংকর রূপে ঝড় তুললেন রণবীর নিজের ৪০তম জন্মদিনে অনুরাগীদের জন্য বড়সড় উপহার দিলেন বলিউড সুপারস্টার রণবীর সিং। প্রকাশ করলেন তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ফার্স্ট লুক টিজার। রোববার (৬ জুলাই) দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফার্স্ট লুকের একটি ভিডিও শেয়ার করেন রণবীর। ক্যাপশনে লেখেন, ‘একটা নরক উঠবে! দ্য আননোন ম্যান’-এর আসল গল্প সামনে আসবে।’ ভিডিওর শুরুতেই দেখা যায় একটি আলো-আধারি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি, পেছনে ভেসে আসছে তাঁর কণ্ঠস্বর। মুহূর্তেই ভয়ংকর রূপে হাজির হন তিনি—রক্তাক্ত মুখ, লম্বা চুল, গালজোড়া লম্বা দাড়ি আর সিগারেট হাতে। টিজারে দারুণ অ্যাকশন দৃশ্য ও চরিত্রের গা ছমছমে অভিব্যক্তি দর্শকদের মধ্যে আগ্রহ জাগিয়েছে। এ ছবিতে রণবীরের সঙ্গে আরও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, “অবশেষে কামব্যাক!”, “এটা আগুন!”—ফার্স্ট লুক ঘিরে ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। পরিচালনায় আছেন আদিত্য ধর, যিনি এর আগে ‘উরি’–এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ‘ধুরন্ধর’ মুক্তি পাবে ৫ ডিসেম্বর ২০২৫-এ।