বুলবুল আহমেদকে হারানোর দেড় দশক

বুলবুল আহমেদকে হারানোর দেড় দশক ২০১০ সালের আজকের দিনে না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক বুলবুল আহমেদ। আজ তাঁর ১৫তম মৃত্যুবার্ষিকী। বুলবুল আহমেদের আসল নাম তাবাররুক আহমেদ। মা-বাবা আদর করে ডাকতেন বুলবুল। ‘ইয়ে করে বিয়ে’ (১৯৭৩) ছবির মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়। ‘দেবদাস’, ‘সূর্য কন্যা’, ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘মোহনা’, ‘মহানায়ক’সহ বহু ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন। পেয়েছেন চারবার জাতীয় পুরস্কারও। টিভিতে ‘এই সব দিনরাত্রি’, ‘বরফ গলা নদী’সহ বহু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।

‘কন্যা’ পর কনার নতুন ধামাকা ‘সোনা জান’

‘কন্যা’ পর কনার নতুন ধামাকা ‘সোনা জান’ সবশেষ ‘কন্যা’ গান দিয়ে শ্রোতাদের মনে দোলা দিয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ভক্তদের জন্য সুখবর হলো এবার আরেকটা ধামাকা নিয়ে এসেছেন এই গায়িকা। কনার এবারের গানের শিরোনাম ‘সোনা জান’। ‘কন্যা’র পর এটিরও কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির।  রোববার (১৩ জুলাই) বিকালে গানটি প্রকাশ পেয়েছে ভিডিও আকারে। যেখানে রোমান্স করেছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অলিভিয়া সরকার ও অমিত পাল। বিভিন্ন মনোরম লোকেশনে এটির ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। ট্রেন্ডি কথা-সুর ও ভরপুর ভালোবাসা সাজানো গান-ভিডিওটি তৈরি হয়েছে কেএম মিউজিকের ব্যানারে। প্রযোজনা করেছেন মাহামুদুল হাসান শোভন।  গানটি প্রসঙ্গে শোভন বলেন, কনা আপু আমার খুব পছন্দের একজন গায়িকা। রবিউল ইসলাম জীবন ভাই এবং আদিব কবিরের কাজেরও ভক্ত আমি। সব মিলিয়ে তাদের নিয়ে কাজটি করা। গানটির মাধ্যমে আমরা শ্রোতা-দর্শকদের বিনোদন দিতে চেয়েছি। সবার ভালো লাগবে বিশ্বাস। তিনি বলেন, এই গানের ভিডিওতে অভিনয় করা দুজনই কলকাতার। বিশেষ করে অলিভিয়া সরকার স্টার জলশার অনেক পরিচিত মুখ। কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজও করেছেন। দুই বাংলার শ্রোতাদের কথা মাথায় রেখেই কাজটি করা। গানটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে ‘কেএম মিউজিক’ চ্যানেলে।

স্বামীর নামে ‘প্রেম তালা’ লাগালেন মেহজাবীন

স্বামীর নামে ‘প্রেম তালা’ লাগালেন মেহজাবীন দেশের আলোচিত তারকা দম্পতি মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। এক যুগের বেশি সময় সম্পর্কে ছিলেন তারা। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন এই তারকা জুটি।  এবার মেহজাবীন নিজদের ভালোবাসাকে তালাবন্দী করলেন, যেন এই ভালোবাসার তালা কখনোই খুলে না যায়। কেননা তালার চাবি কখনোই খুঁজে পাওয়া যাবে না, চাবি পড়ে রয়েছে নদীর তলদেশে। ফ্রান্সের একটি নদীর ব্রিজে নিজের ও স্বামী আদনান আল রাজীবের নাম লিখে তালা লাগিয়েছেন মেহজাবীন। সেই তালার চাবি ফেলে দিয়েছেন নদীতে। এরই কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন লক। ফ্রান্সের রাজধানী প্যারিসের এই সেতুর রেলিং-এ প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা লাগিয়ে দেন। সাইন নদীর উপর ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘প্রেম তালা’ লাগিয়ে চাবি নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া পর্যটকদের মধ্যে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। এই সেতুতেই তালা লাগিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেহজাবীন কখন এই তালা লাগিয়েছেন তা স্পষ্ট নয়। কেননা সম্প্রতি তিনি ইউরোপ ভ্রমণের ছবি পোস্ট করছেন। একদিন ইতালির মিলান শহরে ঘোরার ছবি পোস্ট করেছেন। তার আগে দিলেন সুইজ্যারল্যান্ডে ঘোরার ছবি। কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন, এই ভ্রমণ তখনকার নাকি, জানা যায়নি। যতবে ‘প্রেম তালা’ লাগিয়ে দেওয়ার পর ভক্তরাও আশা প্রকাশ করছেন এই তালা যেন কখনোই না খোলে, আর ভাঙতেও না হয়।

দেশ ছাড়লেন শাকিব খান!

দেশ ছাড়লেন শাকিব খান! ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা ঈদুল আজহায় মুক্তির পর দেশজুড়ে সাড়া ফেলেছিল। এবার সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হলো যুক্তরাষ্ট্র দিয়ে।  পরিচালক রায়হান রাফীর অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি ইতোমধ্যে হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির দুই দিন পরই দেশ ছেড়েছেন ঢালিউডের এই মেগাস্টার। শনিবার (১৩ জুলাই) রাতে বিমানের ভেতর তোলা নিজের একটি ছবি শেয়ার করে শাকিব লেখেন, “রোমাঞ্চকর যাত্রা শুরু হোক!” ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস, মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ—জানালার পাশে বসে আছেন তিনি। যদিও পোস্টে সফরের নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে, ‘তাণ্ডব’-এর প্রিমিয়ার শো এবং প্রবাসী দর্শকদের সঙ্গে সরাসরি ছবি দেখা-সংক্রান্ত আয়োজনে অংশ নিতে তার এই সফর।  এদিকে, শাকিব খানকে ঘিরে আরেকটি নতুন গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, নব্বইয়ের দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী নিয়ে একটি সিনেমা নির্মাণ হতে যাচ্ছে, সিনেমাটির নাম ভূমিকায় দেখা যেতে পারে শাকিব খানকে। আগামী ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে সিনেমাটি।

আজ ‘হাসির রাজা’খ্যাত দিলদারের মৃত্যুবার্ষিকী 

আজ ‘হাসির রাজা’খ্যাত দিলদারের মৃত্যুবার্ষিকী  সিনেমার দুঃখ ভোলানো মানুষ তিনি। পর্দায় তাকে দেখে হাসবেন না এমন দর্শক পাওয়া কঠিন। যতক্ষণ তিনি অভিনয় করবেন, ততক্ষণই মুগ্ধ হয়ে সবাই শুধু তাকেই দেখবেন। দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে কৌতুক অভিনেতা হিসেবে দিলদারের তুলনা তিনি নিজেই। ঢাকাই চলচ্চিত্রের ‘হাসির রাজা’খ্যাত এই অভিনেতার মৃত্যুবার্ষিকী রোববার (১৩ জুলাই)। দেখতে দেখতে কেটে গেল ২২টি বছর, দিলদার নেই। ২০০৩ সালের এই দিনে ৫৮ বছর বয়সে তিনি জীবনের মায়া কাটিয়ে চিরদিনের মতো পৃথিবী ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রোকেয়া বেগম এবং মাসুমা আক্তার ও জিনিয়া আফরোজ নামে দুই কন্যাসন্তান রেখে গেছেন। দিলদারের জন্ম ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে। এসএসসি পাস করার পর পড়াশোনা বাদ দিয়ে দেন এই অভিনেতা। ১৯৭২ সালে ‘কেন এমন হয়’ নামের সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন দিলদার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দুর্দান্ত অভিনয় দিয়ে হয়ে ওঠেন দর্শকপ্রিয় অভিনেতা। দিলদারের তুমুল জনপ্রিয়তা দেখে তাকে নায়ক করে নির্মাণ করা হয়েছিল ‘আব্দুল্লাহ’ সিনেমা। এটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এতে দিলদারের নায়িকা ছিলেন নূতন। চলচ্চিত্রে সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়ে গেছেন- ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘শুধু তুমি’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’সহ আরও অনেক জনপ্রিয় সিনেমা। দিলদার সেরা কৌতুক অভিনেতা হিসেবে ২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন।

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে কনসার্ট ও ড্রোন শো

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে কনসার্ট ও ড্রোন শো ২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ১৪ জুলাই সোমবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে। অনুষ্ঠান ‘জুলাই ওমেন’, ‘দীপক কুমার গোস্বামী’, ‘জুলাই বিষাদ সিন্ধু’, ‘জুলাই বীরগাঁথা’ চলচ্চিত্রগুলো প্রদর্শনী ও শহীদ পরিবারের স্মৃতিচারণের পর উইমেন ডে কনসার্টে সংগীত পরিবেশন করবেন সায়ান, ইলা লালা, এফ মাইনর, পারসা মাহজাবিন ও এলিটা করিম। রাত ১০ টায় শহীদ মিনার প্রাঙ্গণে প্রদর্শিত হবে ড্রোন শো।

টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবার টলিউডে হাজির হচ্ছেন প্রথম সিনেমা নিয়ে। অনিক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমাটির শুটিং শেষ হয়েছিল ২০২২ সালে, তবে নানা কারণে তা মুক্তি পায়নি। অবশেষে চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সম্প্রতি সিনেমার মোশন পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। এতে মূল চরিত্রে রয়েছেন ওপার বাংলার অভিনেতা আবির চ্যাটার্জি, আর নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি তরুণীর চরিত্রে, যে তার শিকড় খুঁজতে কলকাতায় আসে। নওশাবা বলেন, “সিনেমায় আমি আর আবির দুজনেই ফেলুদাভক্ত। গল্পের প্রতিটি পরতে পরতে আছে ফেলুদা ও সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা, যদিও এটি সরাসরি গোয়েন্দা কাহিনি নয়।” সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে নওশাবা বলেন, “সবকিছু যেন এক ম্যাজিকের মতো ঘটেছে। হঠাৎ করেই অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে সুযোগ পাই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এখন যখন সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে, তখন মনে হচ্ছে—স্বপ্ন সত্যি হচ্ছে। সব ঠিক থাকলে মুক্তির সময় কলকাতায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে নওশাবার। এটি তার জন্য শুধু একটি সিনেমা নয়, বরং টলিউডে নতুন এক অধ্যায়ের শুরু।

দেশের অবস্থা দেখে হৃদয় ভেঙেছে বাঁধনের

দেশের অবস্থা দেখে হৃদয় ভেঙেছে বাঁধনের ‘‘আমার বাবা-মা আমার নিরাপত্তা নিয়ে গভীরভাবে চিন্তিত। আর আমার মেয়ে—শুধু আমিই তার। আমিই আমার মেয়ের পুরো পৃথিবী। কিন্তু এই রকম একটা দেশে আমি তাকে কীভাবে রক্ষা করব?’’ কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন। তিনি আরও লিখেছেন, ‘‘আমরা কেমন জায়গায় বাস করছি? যেখানে কোন নিরাপত্তা  নেই। মনে শান্তি নেই। আমরা আশা করেছিলাম পরিস্থিতি বদলে যাবে। আমরা আরও ভালো, নিরাপদ জীবনের স্বপ্ন দেখেছিলাম।একটি নতুন সরকার এসেছিল। আমরা বিশ্বাস করেছিলাম। আমরা অপেক্ষা করেছিলাম।কিন্তু এখন আমরা যা দেখছি তা ভয়াবহ।’’ বাঁধন তার পোস্টে উল্লেখ করেছেন দেশের বর্তমান পরিস্থিতি দেখে তার হৃদয় ভেঙে গেছে। বাঁধনের ভাষায় ‘‘ যদি নির্বাচিত সরকারের কোন বাস্তব দৃষ্টিভঙ্গি না থাকে, পরিবর্তন আনার সাহস না থাকে—তাহলে লাভ কী? আমি ভীত। আমি রেগে আছি।আর সবকিছুর চেয়েও বেশি, আমার হৃদয় ভেঙে গেছে।’’ বুধবার (৯ জুলাই) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে ওঠে দেশবাসী। যে যার জায়গা থেকে প্রতিবাদ করেছে। মর্মান্তিক এ ঘটনা বাঁধনকে শুধু শোকাহত করেনি, তার নিজের নিরাপত্তা নিয়েও ভাবাচ্ছে। এই হত্যাকাণ্ডের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বাঁধন। ১১ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই অভিনেত্রী লেখেন, ‘‘এটা এক ধরনের মর্মান্তিক ছবি। কারো হত্যা হতে দেখা, যেখানে বাকি সবাই দাঁড়িয়ে দেখছে। কিছুই করছে না। এটা কীভাবে সম্ভব? কী ধরনের দেশে আমরা বেঁচে আছি? মানুষ দাঁড়িয়ে দেখল।কিন্তু কেউ এগিয়ে গেল না। কতটা ভয়াবহ?’’

ধর্ষণের দায়ে কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদালত

ধর্ষণের দায়ে কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদালত দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় বয় ব্যান্ড ‘এনসিটি’র সাবেক সদস্য তেইলকে এক বিদেশি নারীকে ধর্ষণের দায়ে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ জুলাই) এই রায় দেন সিউলের আদালত এবং সঙ্গে সঙ্গে তেইলকে আটক করার নির্দেশও দেওয়া হয়। এই মামলায় তেইলের আরও দুই সহযোগীকেও একই মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং তাদেরও কারাগারে পাঠানো হয়েছে। আদালতের ভাষ্য অনুযায়ী, তারা ২০২৪ সালের জুনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক চীনা নারীকে যৌন নিপীড়ন করেছিলেন। ঘটনার পর তারা জামিনে মুক্ত ছিলেন এবং সে সময়েই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে জানা গেছে, আদালত অপরাধটিকে “অত্যন্ত গুরুতর” হিসেবে আখ্যা দিয়েছে। রায়ে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারী তখন আত্মরক্ষার সামর্থ্য হারিয়েছিলেন। তবে অভিযুক্তরা প্রথমবার এমন অপরাধ করায় আদালত তাদের সাত বছরের সাজা কমিয়ে সাড়ে তিন বছর করেছে। আদালত আরও নির্দেশ দিয়েছে, তিনজনকেই ৪০ ঘণ্টার ‘যৌন সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক একটি বিশেষ চিকিৎসামূলক কাউন্সেলিং কর্মসূচিতে অংশ নিতে হবে। ‘তেইল’ নামেই পরিচিত ওই সংগীতশিল্পীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালের আগস্টে। এরপরই তিনি কে-পপ ব্যান্ড ‘এনসিটি’ থেকে সরে দাঁড়ান।

১১৩৫ কোটি টাকা বাজেটের সিনেমায় আল্লুর বিপরীতে রাশমিকা!

১১৩৫ কোটি টাকা বাজেটের সিনেমায় আল্লুর বিপরীতে রাশমিকা! ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে ১১৩৫ কোটি টাকা বাজেটের সিনেমা নির্মাণ করছেন পরিচালক অ্যাটলি কুমার। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে— ‘এএ২২×এ৬’। এলাহি আয়োজনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে আল্লু অর্জুনের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে। এবার জানা গেল, ‘পুষ্পা’ তারকা রাশমিকা মান্দানা সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধবেন।  সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, “অ্যাটলির বিশাল আয়োজনের এই সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটিতে তাকে তার ক্যারিয়ারের সবচেয়ে সাহসী চরিত্রগুলোর মধ্যে একটিতে দেখা যাবে। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতে রাশমিকা-আল্লুর যে রসায়ন দর্শক দেখেছেন, এই সিনেমায় তারচেয়ে আলাদা কিছু দেখতে পাবেন।” ইতোমধ্যে অ্যাটলির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রাশমিকা তার লুক টেস্ট এবং বডি স্ক্যান করিয়েছেন। তার চরিত্রের প্রি-প্রোডাকশনের কাজ চলছে বলেও জানিয়েছেন সূত্রটি। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি রাশমিকা। ভারতের তারকা অভিনয়শিল্পীরাও সিনেমাটিতে অভিনয় করবেন। এ তথ্য জানিয়েছে সূত্রটি বলেন, “অ্যাটলির পরবর্তী এই সিনেমায় প্রযুক্তিগত বিস্ময় রয়েছে। কারণ চলচ্চিত্র নির্মাতা দুটি ভিন্ন জগতের অবতার করবেন। এতে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় বড় নারী ও পুরুষ অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।” ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে একটি সূত্র বলেন, “অ্যাটলির নতুন সিনেমায় আল্লু অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। তার ক্যারিয়ারে এটাই প্রথম দ্বৈত চরিত্র। নতুন সিনেমায় অ্যাটলি আলাদা একটি জগৎ তৈরি করবেন; যা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন।” গুঞ্জন শোনা যাচ্ছে, সাইন্স ফিকশন-অ্যাকশন ঘরানার সিনেমা হবে এটি। এর আগে আল্লু অর্জুন তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে বেশ কিছু দিকে ইঙ্গিতও দিয়েছেন। এটি প্রযোজনা করছে সান পিকচার্স। প্রতিষ্ঠানটিও তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেন। এ ভিডিওতে দেখা যায়, চেন্নাইয়ে অবস্থিত সান পিকচার্সের অফিসে উপস্থিত হন আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার। সেখানে প্রযোজক কালানিথি মারনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আলোচনা করেন তারা। ভিডিওর এক অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত একটি ভিএফএক্স স্টুডিওতে হাজির হন আল্লু অর্জুন-অ্যাটলি। স্টুডিওতে রাখা মাস্ক, গিয়ার ট্রাই করতে দেখা যায় আল্লু অর্জুনকে। নিজের ব্যক্তিত্বের থ্রি-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরীক্ষা করেন। এসময় সেখানে হলিউডের কয়েকজন বিখ্যাত টেকনিশিয়ানের সঙ্গে আলোচনা করেন আল্লু-অ্যাটলি। তাদের মধ্যে রয়েছেন আয়রনহেড স্টুডিওর সিইও এবং আর্ট ডিরেক্টর জোস ফার্নান্দেজ। ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রোন’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। তাছাড়াও দেখা যায় ‘আয়রন ম্যান টু’, ‘ট্রান্সফরমারস: রাইজ অব দ্য বিটস’-এর মতো সিনেমার ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগানকে! ‘এএ২২×এ৬’ সিনেমার চিত্রনাট্য পড়ে বিস্মিত তিনি। জেমস বলেন— “চিত্রনাট্য পড়ে এখনো মাথা ঘুরছে।” স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদের সিনেমাটির গল্প প্রসঙ্গে বলেন— “এরকম কিছু কখনো পড়িনি। এটা আমার স্বপ্নের প্রজেক্ট।” এলাহি আয়োজনের জন্য প্রয়োজন অর্থ। তা হলে কত টাকা বাজেট নিয়ে মাঠে নেমেছেন নির্মাতারা? চলুন তা জেনে নিই— আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩৫ কোটি টাকা)। এ বাজেট থেকে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, ভিএফএক্সে (ভিজ্যুয়াল ইফেক্ট) খরচ হবে ২৫০ কোটি রুপি। সিনেমাটিতে অভিনয়ের জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নেবেন ১৭৫ কোটি রুপি। পাশাপাশি সিনেমাটির ১৫ শতাংশ লভ্যাংশ পাবেন এই তারকা। পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি। যার মাধ্যমে ভারতীয় পরিচালকদের পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দিলেন তিনি।