৪৪তম মৃত্যুবার্ষিকী : মহানায়ক উত্তম কুমার মহানায়কের কোন জিনিস নিজের কাছে রেখেছেন গৌরব?

৪৪তম মৃত্যুবার্ষিকী : মহানায়ক উত্তম কুমার মহানায়কের কোন জিনিস নিজের কাছে রেখেছেন গৌরব? মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী আজ। পরিচালক-অভিনেতা থেকে শুরু করে সিনেমাপ্রেমী সবার হৃদয়ে এক অন্যরকম জায়গা করে নিয়েছেন তিনি। উত্তম কুমারের নাতি, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় যদিও তার ঠাকুরদাকে চোখে দেখেননি তবুও তার কাঁধে রয়েছে সেই মহান ঐতিহ্যের দায়িত্ব। আজ মহানায়কের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে বিশেষভাবে তাকে স্মরণ করছেন তার পরিবার, ভক্ত ও অনুরাগীরা। গৌরব ভারতীয় গণমাধ্যমকে জানান, ছোটবেলায় বাবাকে হারানোর পর তার কাছে ঠাকুরদা উত্তমকুমারকে নিয়ে খুব বেশি কিছু তথ্য ছিল না। কারণ গৌরবের জন্মের প্রায় চার বছর আগেই উত্তম কুমার মারা গেছেন। তবুও, মহানায়কের কিছু স্মৃতিচিহ্ন আজও পরম যত্নে আগলে রেখেছেন গৌরব। এক সাক্ষাৎকারে গৌরব বলেন, ‘ছোটবেলা থেকে ‘নায়ক’ ছবিতে মহানায়কের চশমার প্রতি আমার আলাদা আকর্ষণ ছিল। ছোটবেলা থেকে মন্ত্রমুগ্ধের মতো উত্তম কুমারের ছবি দেখতাম।’ তার কথায়, ‘আমার কাছে দাদুর স্যুট, টাই তো আছেই, তবে ছোট থেকে ‘নায়ক’ ছবির ওই চশমার প্রতি আমার লোভ ছিল। ওটা আমার কাছে আছে কিন্তু কখনও পরতে চাই না। এছাড়া, সুচিত্রা সেন দাদুকে একটি লাইটার দিয়েছিলেন, সেটিও আমি খুব যত্ন করে তুলে রেখেছি।’ উত্তম কুমারের এই স্মৃতিচিহ্নগুলো গৌরবের কাছে শুধু বস্তু নয়, বরং তার ঠাকুরদার প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। মহানায়কের স্মৃতিকে এভাবেই বাঁচিয়ে রেখেছেন তার উত্তরসূরিরা।
মাইলস্টোনের ঘটনায় প্যানিক অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরীমণি

মাইলস্টোনের ঘটনায় প্যানিক অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরীমণি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বিহ্বল গোটা দেশ। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। অনেকেই কোমলমতি এই শিশুদের এমন মৃত্যুতে ট্রমাটাইজড হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরই একজন চিত্রনায়িকা পরীমণি। সোমবার উত্তরায় বিমান দুর্ঘটনার পরে প্যানিক অ্যাটাকের শিকার তিনি। রাতেই তাকে ভর্তি করা হয় রাজধানীর একটি হাসপাতালে।আজ দুপুরে হাসপাতাল থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, আগে থেকেই আগুনের প্রতি এক ধরণের ভয় রয়েছে তার। কিন্তু উত্তরার ঘটনা এতটাই প্রভাবিত করেছে, শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হয়েছে। পরী তার স্ট্যাটাসে লেখেন, আমার আগুনের একটা ট্রমা আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারি নাই। এই অভিনেত্রীর কথায়, গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ!পরীমণির অসুস্থতার খবরে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তার ভক্তরাও। অভিনেত্রী বর্তমানে দুই সন্তানের মা। তাই ভক্ত-সহকর্মীরাও তার সুস্থতা কামনা করেছেন।
বন্দী শাকিব, চোখে পানি!

বন্দী শাকিব, চোখে পানি! রায়হান রাফি পরিচালিত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত এ সিনেমার কয়েকটি দৃশ্য হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুকের বিভিন্ন প্রোফাইল, সিনেমা সংশ্লিষ্ট পেজ এবং গ্রুপে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে শাকিব খানের একটি দৃশ্য, যেখানে শাকিব খানকে বন্দী অবস্থায় প্লেট হাতে ভাত খেতে দেখা যায়। ক্লান্ত চেহারা, মুখে গভীর কষ্টের ছাপ আর চোখে জল—এই স্থিরচিত্রে শাকিব খানের আবেগী অভিব্যক্তি দর্শকদের হৃদয় ছুঁয়েছে। অনেকেই ছবিটির মাধ্যমে তার অভিনয়শৈলী ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। ঢালিউডের নির্মাতা থেকে শুরু করে বিনোদন অঙ্গনের নানা পেশার মানুষ ছবিটি শেয়ার করে শাকিব খানের প্রতি সম্মান জানিয়েছেন। কেউ বলেছেন, “অভিনয়ের চেয়ে বেশি কিছু তিনি। একপ্রকার পর্দাজুড়ে আধিপত্য।” কেউ বলেছেন, “তার উপস্থিতিতেই বাংলাদেশি সিনেমা বাঁচে।” সিনেমাটির আলোচিত এই ছবিগুলো তুলেছেন ফটোগ্রাফার ফারহান রোমান। ছবিগুলো শেয়ার করে তিনি লেখেন, “শাকিব খানের মতো শিল্পীর ছবি তোলা মানে শুধু ছবি নয়, আবেগের চিত্রায়ন। শাকিব খান সেই বিরল শিল্পীদের একজন, যিনি নিজেকে চরিত্রে এতটাই মিশিয়ে দেন যে, কেউ ক্যামেরায় ধরছেন—তা হয়তো তিনি খেয়ালও করেন না।” এবারের ঈদে মুক্তি পায় ‘তাণ্ডব’ সিনেমা। মাল্টিপ্লেক্সে একসঙ্গে ২৮টি শো দিয়ে যাত্রা শুরু করে। সেইসঙ্গে দেশের শতাধিক সিঙ্গেল স্ক্রিনেও এটি প্রদর্শিত হয়। সিনেমাটির গল্পও রায়হান রাফির। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ।
মেজাজ হারালেন অমিতাভ

মেজাজ হারালেন অমিতাভ শান্ত ও বিনয়ী আচরণের জন্য খ্যাতি রয়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের। হঠাৎ সেই অমিতাভ বচ্চনই পাপারাজ্জিদের উপরে বিরক্ত হলেন। খানিকটা মেজাজ হারালেন এই বরেণ্য অভিনেতা। এ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, অমিতাভ তার মুম্বাইয়ের বাড়ি জলসা থেকে পায়ে হেঁটে বের হচ্ছেন। দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলেন এক পাপারাজ্জি। আর তা দেখে খানিকটা রেগে যান অমিতাভ। আঙুল উঁচিয়ে অমিতাভ বচ্চন বলেন ভিডিও ধারণ করবেন না, বন্ধ করুন।” ভক্তদের সঙ্গে নিয়মিত আলাপচারিতা, আলোকচিত্রীর সঙ্গে ভদ্র ইশারায় কথা বলার জন্য বরাবরই প্রশংসা কুড়িয়েছেন অমিতাভ বচ্চন। হঠাৎ তার এমন আচরণ সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। যদিও অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের ‘খিটখিটে মেজাজ’ দেখে সবাই অভ্যস্ত। অমিতাভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। ভক্তরা ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের পরবর্তী সিজনে উপস্থাপক হিসেবে তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সেদিন রাতে আমি নোবেলের সঙ্গে ছিলাম না: সালসাবিল

সেদিন রাতে আমি নোবেলের সঙ্গে ছিলাম না: সালসাবিল গত ১৯ জুলাই মধ্যরাতে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করে পুলিশ। অবশ্য, জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়। এদিকে, খবর ছড়িয়েছে—সেদিন রাতে নোবেলের সঙ্গে ছিলেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। তবে খবরটি সত্য নয় বলে দাবি করেছেন সালসাবিল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়েছেন সালসাবিল। পাশাপাশি একটি ভিডিও বার্তায় এ খবরের প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার ভাষায় আমি নোবেলের সঙ্গে ছিলাম না। আমি সারারাত আমার বাসায় ঘুমাচ্ছিলাম।” ঘটনার বর্ণনা দিয়ে সালসাবিল মাহমুদ বলেন, “আমি সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার ফোনে অনেক মেসেজ, কল। এসব আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা করেছে। আমি নাকি নোবেলের সঙ্গে মদ্যপ অবস্থায় ছিলাম, সেই অবস্থায় পুলিশ নাকি আমাকে আটক করেছিল। এমন খবর ছড়িয়ে পড়ায় আমার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমার আত্মীয়-স্বজন সকলেই আমাকে ফোন করে জানতে চাচ্ছে, আমি ছাড়া পেয়েছি কি না! এটা আমার জন্য খুবই বিব্রতকর সংবাদ।” প্রথম সারির একটি গণমাধ্যম তার নাম উল্লেখ করে খবরটি প্রকাশ করেছেন বলে দাবি সালসাবিলের। তিনি বলেন, “আমাকে নিয়ে এ ধরনের একটা নিউজ করা হলো। আমিও তো একটা সমাজে বসবাস করি। আমার পরিবার আছে। এ ধরনের একটা নিউজ একটা পরিবার, একটা মেয়ের জন্য খুবই অসম্মানের। নিউজটি করার আগে আমার সঙ্গে অন্তত যোগাযোগ করতে পারতেন। কারণ অনেক সাংবাদিকের কাছে আমার নাম্বার রয়েছে।” জানা যায়, শনিবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবারচালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল। তিনি প্রাইভেটকার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন। এ সময় তার সঙ্গে একজন নারীও ছিলেন। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তিনি উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। একপর্যায়ে উবারচালকের সঙ্গে তর্কে জড়ান নোবেল। পরে উত্তেজিত হয়ে গাড়িচালককে মারধর করেন তিনি। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, “একজন গাড়িচালকের সঙ্গে গায়ক নোবেলের তর্ক-বিতর্ক হয়। ওই সময় স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছিল বলে আমরা তাকে থানায় নিয়ে আসি। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ছেড়ে দেওয়া হয়।”
ময়না গানে বুবলীর সঙ্গে জীবনের ‘কেমিস্ট্রি’

ময়না গানে বুবলীর সঙ্গে জীবনের ‘কেমিস্ট্রি’ ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ শবনম বুবলী। এবার সিনেমার বাইরেও ধরা দিলেন নতুন এক অভিজ্ঞতায়— নাচলেন মিউজিক ভিডিওতে। ‘ময়না’ শিরোনামের গানটিতে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। প্রথমবারের মতো দুজনকে একসঙ্গে দেখা যাবে একটি মিউজিক ভিডিওর রঙিন পরিবেশনায়। সম্প্রতি এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে শুটিং হয়েছে ময়নার। এটি ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। মুক্তি পাবে ২৪ জুলাই। ‘ময়না’ গানটি গেয়েছেন কোনাল। আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কোনালের সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। গান প্রসঙ্গে বুবলী বলেন, “বলতে পারেন এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। শুধু মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটি এতোটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, স্টেজে সব সময় যেটা পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত।”
মীনা পালই সিনেমার মিষ্টি মেয়ে ‘কবরী’

মীনা পালই সিনেমার মিষ্টি মেয়ে ‘কবরী’ ১৯ জুলাই বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরীর জন্মদিন আজ। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুতরাং’। এই সিনেমায় জরিনা চরিত্র রূপায়ন করেছিলেন কবরী। এই নামটি দিয়েছিলেন কবি সৈয়দ শামসুল হক। আরও একটি নাম প্রস্তাব করেছিলেন তিনি ‘করবী’, তবে করবী নামের বদলে কবরী নামটিই বেশি পছন্দ করেন সুভাস দত্ত। এই নামের ভেতর চাপা পড়ে যায় কবরীর আসল নাম ‘মীনা পাল’। করবী অভিনীত সিনেমার মধ্যে রয়েছে—দেবদাস, বিনিময়, সারেং বৌ, ময়নামতি, নীল আকাশের নিচে, রংবাজ, তিতাস একটি নদীর নাম, আবির্ভাব, যে আগুনে পুড়ি, কখগঘঙ, আবির্ভাব, সোনালি আকাশ, দর্পচূর্ণ, সুজন সখি, মাসুদ রানা, গুন্ডা, আগন্তুক, কত যে মিনতি, স্মৃতিটুকু থাক, বেঈমান, রং বদলায়, ঢেউয়ের পরে ঢেউ, জলছবি, লালন ফকির, খেলাঘর, বলাকা মন, আমার জন্মভূমি, অঙ্গীকার, অবাক পৃথিবী, মতিমহল, লাভ ইন সিমলা, অনুরোধ, তৃষ্ণা, সাগর ভাসা, ঈমান, আরাধনা, নওজোয়ান, বধূ বিদায়, সোনার তরী, কলমিলতা, দুই জীবন, অপরাজিত নায়ক, দেমাগ, লাল সবুজের পালা, জীবনের গল্প, আমাদের সন্তান। কবরী জনপ্রিয়তা পেয়েছিলেন রাজ্জাক ও ফারুক সঙ্গে জুটি বেঁধে। অনেক সাধের ময়না আমার, ফুলের মালা পরিয়ে দিলে, হৈ হৈ রঙ্গিলা, সে যে কেন এলো না, গান হয়ে এলে, মনেরও রঙে রাঙাবো, ওরে নীল দরিয়া, সব সখিরে পার করিতে, গুন না গুন গান গাহিয়া, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, আমি তোমার বধূ, পিঞ্জর খুলে দিয়েছি, তুমি আসবে বলে ভালোবাসবে বলে ইত্যাদি। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা (২০১৩), বাচসাস পুরস্কার, লালন ফকির (১৯৭৩), সুজন সখি (১৯৭৫), দুই জীবন (১৯৮৮), আজীবন সম্মাননা (২০০৯)ইত্যাদি অর্জন করেন। কবরীর জীবনাবসান হয় ২০২১ সালের ১৭ এপ্রিল।
শুটিংয়ে আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে

শুটিংয়ে আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন বলিউড সুপার স্টার শাহরুখ খান। তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘কিং’-এর শুটিংয়ের সময় পেশিতে আঘাত পেয়েছেন অভিনেতা। তার তীব্রতা এতটাই গুরুতর যে তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হয়েছে শুটিং। এমনকি একমাস শুটিং বন্ধ থাকবে বলেও জানা যাচ্ছে। এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখ খানকে। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ টানা একমাস বিশ্রামে থাকতে হবে বলিউড বাদশাকে। তার শারীরিক অবস্থা অনুযায়ী সিনেমার শিডিউল ঠিক করা হবে। আর সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে। চলতি বছরের জুলাই আগস্ট শুটিং বন্ধ রাখার কথা ভাবছে ‘কিং’ প্রোডাকশন হাউজ। আর সেপেটস্বর অথবা অক্টোবর মাস থেকে আবারও শুটিং শুরু করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট টিম। তবে পুরোটা নির্ভর করছে কিং খানের শারীরিক অবস্থার ওপর।
বাবার খোঁজ মিলছে না, অভিনেত্রী প্রসূন আজাদের আকুতি

বাবার খোঁজ মিলছে না, অভিনেত্রী প্রসূন আজাদের আকুতি লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবা আজাদ হোসেনের খোঁজ মিলছে না। গতকাল শুক্রবার থেকে তার কোনো হদিস নেই, এমনটাই জানিয়েছেন অভিনয়শিল্পী। শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এক ফেসবুক পোস্টে প্রসূন আজাদ লিখেছেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’ প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ গত বছর তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমা মুক্তি পায়। প্রসূন এখন সংসারে বেশি মনোযোগী। দুই সন্তানের মা হয়েছেন তিনি। প্রসূন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার বাসা টিকাটুলী, আম্মু-আব্বুর মালিবাগ। দিনে অন্তত আব্বু ৫-৬ বার আমার সন্তানদের সঙ্গে ভিডিও কলে কথা বলে। ওদের সঙ্গে কথা না বলে আব্বু থাকতেই পারে না। আমার সেই আব্বু গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত একটা কলও দেয়নি। কোথায় আছে আমার আব্বু, আমরা কেউই জানি না। বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ নেই।’ কান্নাজড়িত কণ্ঠে অভিনেত্রী বলেন, ‘রাস্তায় রাস্তায় আমার আব্বুকে খুঁজছি। কোথাও যদি আব্বুর দেখা পাই। কিন্তু কই যে পাই আব্বুকে, তা বুঝছি না।’ প্রসূন আজাদের বাবা আজাদ হোসেনের চিন্তায় বাসার সবাই অস্থির, চিন্তিত। প্রসূনের মা শাহানা বেগমও পুলিশ কর্মকর্তা, গত মাস থেকে তিনি অবসরে। প্রসূন বললেন, ‘আমরা ভেবেছিলাম, আব্বু হয়তো চলে আসবে বা আমরা হয়তো তাকে পেয়ে যাব। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ নেই। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, থানায় জানানোর।’ প্রসূন জানিয়েছেন, তার বাবা আজাদ হোসেনের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে। কিছুদিন আগে তার স্ট্রোক হয়েছে। তাই লাইফস্টাইলেও অনেক বদল আনতে হয়েছে। প্রসূন বলেন, ‘আমার আব্বুর চা খাওয়ার অভ্যাস। এ নিয়ে বাসায় খুব যস্ত্রণা দিত। তাই প্রায়ই আমার বাসায় চলে আসত অথবা লুঙ্গি পরেই আব্বু বাসার নিচে গিয়ে চা খেত। আম্মু ভেবেছে, গতকাল লুঙ্গি পরে যেহেতু বের হয়েছে, হয়তো বাসার নিচে আড্ডা দিয়ে চা খেয়ে আবার চলে আসবে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খবর নেই। এমন না, তিনি রাস্তা ভুলে যান। আমার আব্বুর কিন্তু ৫০ বছর আগের কথাও পরিষ্কার মনে থাকে। সেসব গল্পও তিনি আমাদের দুই ভাই-বোনকে শোনান।’ কারও সঙ্গে তার কোনো বিরোধ আছে কিনা বা কাউকে সন্দেহ হয় কিনা- এমন প্রশ্নে প্রসূন আজাদ বলেন, ‘আমার আব্বার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। বরং তার সঙ্গে সবারই খুব ভালো সম্পর্ক। তিনি ভীষণ প্রাণখোলা মানুষ। আড্ডা দিতে ভালোবাসেন। আমার পরোপকারী আব্বু গেল কোরবানিতেও একজন অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। এটা বলছি এই কারণে, সে বরাবরই খুবই পরোপকারী একজন মানুষ। জানি না, আমার সেই আব্বুটা কই আছে? কী করছে?’
আলিয়া-দীপিকা-রাশমিকাকে পেছনে ফেলে শীর্ষে সামান্থা

আলিয়া-দীপিকা-রাশমিকাকে পেছনে ফেলে শীর্ষে সামান্থা ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমায় তার নাচের হিল্লোল এখনো ভোলেননি দর্শক। এবার ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হলেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া জুন মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানাকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে জানিয়েছেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার উপরে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছেন আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন। দশজনের এই তালিকার চতুর্থ, পঞ্চম, ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন—তৃষা কৃষ্ণান, কাজল আগরওয়াল, সাই পল্লবী। সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন নয়নতারা, রাশমিকা মান্দানা, কীর্তি সুরেশ, তামান্না ভাটিয়া। সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মার্কিন সিরিজের হিন্দি রিমেক এটি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিরিজ পরিচালনা করেন রাজ ও ডিকে। এতে সামান্থার বিপরীতে অভিনয় করেন বরুণ ধাওয়ান। ২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সামান্থা রুথ প্রভু। প্রথম সিনেমায় সামান্থার নায়ক ছিলেন নাগা চৈতন্য। পরবর্তীতে নাগার সঙ্গে ঘর বাঁধেন সামান্থা। যদিও এ সংসার টিকেনি। ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল সময় পার করছেন সামান্থা। এরই মাঝে এই খবর খানিকটা আনন্দের বলে মনে করছেন তার ভক্ত-অনুরাগীরা।