শাহরুখ বাদ শাকিবকে বেছে নিলেন হানিয়া আমির

শাহরুখ বাদ শাকিবকে বেছে নিলেন হানিয়া আমির পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। গত কয়েক দিন ধরে ঢাকার বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন তিনি। কখনো পথের ধারে দাঁড়িয়ে ফুচকা-ঝালমুড়ি খাচ্ছেন, আবার কখনো ঘুরে দেখছেন ঐতিহাসিক স্থাপনা। ঢাকায় এসে একেবারেই আপন করে নিয়েছেন শহরটিকে। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপক সৌমিক আহমেদ তাকে মজার ছলে প্রশ্ন করেন—বলিউড কিং শাহরুখ খান না কি ঢালিউড কিং শাকিব খান, কাকে তার বেশি পছন্দ? উত্তরে হানিয়া হাসিমুখে বলেন, “আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান। এই উত্তর শুনে উপস্থিত দর্শকরা হাততালি আর উল্লাসে ভরিয়ে তোলেন হলরুম। এর আগে শুক্রবার ভোরে হানিয়া গিয়েছিলেন ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে। সেখানে তিনি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের সঙ্গে একটি ভিডিও ভ্লগে অংশ নেন। ভ্লগের ফাঁকে ফুচকা, ঝালমুড়ির মতো স্থানীয় খাবার চেখে দেখেন এবং সেই অভিজ্ঞতায় দারুণ খুশি হন। ২০১৬ সালে কমেডি ঘরানার একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন হানিয়া আমির। একই বছর টেলিভিশন নাটক ‘ফির ওহি মহব্বতে’ অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের নজরে আসেন। এই কাজের জন্য তিনি অর্জন করেন হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন (ফিমেল) পুরস্কার। পরে ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং পাঞ্জাবি কমেডি ‘সরদারজি ৩’ চলচ্চিত্র তাকে বাণিজ্যিকভাবে বড় সাফল্য এনে দেয়। প্রাণবন্ত অভিনয় আর সহজ-সরল ব্যক্তিত্বের কারণে তিনি দ্রুতই পাকিস্তান ও সীমান্তপারের দর্শকদের প্রিয় তারকায় পরিণত হন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ জনপ্রিয় হানিয়া আমির। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১৮.৯ মিলিয়নের বেশি। ফানি ভিডিও, নান্দনিক ছবি আর স্টাইলিশ লুক শেয়ার করে তিনি তরুণ প্রজন্মের কাছে শুধু অভিনেত্রী নন, বরং ফ্যাশন আইকন ও অনুপ্রেরণার উৎস। ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। কয়েক বছরের মধ্যেই প্রতিভা, প্রাণশক্তি আর উচ্ছ্বল ব্যক্তিত্ব দিয়ে তিনি পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ার ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
কাপিল শার্মা শো ও নেটফ্লিক্সকে ২৫ কোটির ক্ষতিপূরণ দাবি

কাপিল শার্মা শো ও নেটফ্লিক্সকে ২৫ কোটির ক্ষতিপূরণ দাবি বিতর্কে জড়িয়ে পড়েছে নেটফ্লিক্সে প্রচার হওয়া ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। অভিযোগ উঠেছে, শোয়ের এক পর্বে জনপ্রিয় বলিউড সিনেমা ‘হেরা ফেরি’র চরিত্র ‘বাবুরাও’কে অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। অভিযোগটি তুলেছেন সিনেমার পরিচালক ফিরোজ নাদিয়াদওয়ালা। তিনি উল্লেখ করেছেন, ‘বাবুরাও’ শুধু একটি চরিত্র নয়, হেরা ফেরির মূল আকর্ষণ। পরেশ রাওয়ালের অভিনয়ে চরিত্রটি ইতোমধ্যেই তাদের পরিবারের মালিকানাধীন নিবন্ধিত ট্রেডমার্ক। তাই অনুমতি ছাড়া এর ব্যবহার সরাসরি আইন ভঙ্গের শামিল। এছাড়াও নেটফ্লিক্স ও অনুষ্ঠান নির্মাতাদের ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়া, কনটেন্টটি সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এমন কাজ আর না করার প্রতিশ্রুতি দেওয়ার দাবিও জানান পরিচালক। পাশাপাশি ২৫ কোটি রুপির ক্ষতিপূরণও দাবি করা হয়েছে সেই অভিযোগপত্রে। এ প্রসঙ্গে পরিচালকের আইনজীবী সানা রইস খান জানিয়েছেন, এটি শুধু কপিরাইট লঙ্ঘন নয়, বরং স্পষ্ট চুরির ঘটনা। তবে এ ঘটনায় এখনো কপিল শর্মা বা নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঢাকার সংস্কৃতি ও স্বাদের খোঁজে হানিয়া আমির

ঢাকার সংস্কৃতি ও স্বাদের খোঁজে হানিয়া আমির পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। সানসিল্কের আমন্ত্রণে গত ১৮ সেপ্টেম্বর রাতে তিনি ঢাকায় আসেন। ঢাকায় পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। এরপর থেকেই ভক্তদের কৌতূহল ছিল— কোথায় দেখা যাবে তাকে? ঢাকায় প্রথমবারের মতো পাকিস্তানি অভিনেত্রীর এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন তুঙ্গে। গতকাল পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলের সামনে দেখা যায় হানিয়াকে, সেখানে কাটান বিশেষ কিছু মুহূর্ত। আর তা নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন হানিয়া। জানা গেছে, সানসিল্কের একটি বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি। তবে শুধু ক্যাম্পেইন নয়, ঢাকার সংস্কৃতি ও স্বাদের সঙ্গেও নিজের পরিচয় করালেন এই তারকা। হানিয়া আমিরের এই ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছিলেন বাংলাদেশি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুডভ্লগার ইফতেখার রাফসান, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘রাফসান দ্য ছোটভাই’ নামে পরিচিত। ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায়, রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া, তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে দুধ চাও খান তারা। শুধু তাই নয়, ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটিকে ঘিরে জমে ওঠে আলাপ-আলোচনা। শুধু তাই নয়, একসঙ্গে রিকশায়ও ঘোরেন তারা। এ সময় রাফসানের সঙ্গে হানিয়াকে গল্প করতেও দেখা যায়। আবার, আহসান মঞ্জিলের সিড়িতে দাঁড়িয়ে কয়েকটি পোজ দিয়েও ছবি তোলেন হানিয়া আমির। এ সময় তার সঙ্গে আসা টিম, আয়োজক পক্ষ, অন্যান্য ইনফ্লুয়েনসার ও অতিথিদেরও দেখা যায়। তাদের সঙ্গে একটি গ্রুপ সেলফিও তোলেন হানিয়া। নিজের ইনস্টাগ্রামে একসঙ্গে বেশকিছু ছবি পোস্ট করেন হানিয়া। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- ‘ব্রেকাপ ঝালমুড়ি’। ছবিগুলোর বেশ কয়েকটিতে দেখা গেছে রাফসানকেও। অন্যদিকে রাফসান নিজের ফেসবুকে হানিয়ার সঙ্গে তিনটি ছবি পোস্ট করে মজার ছলে লিখেছেন, ‘হানিয়া কেন ব্রেকাপ ঝালমুড়ি খেলো?’ সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, এটি সানসিল্কের একটি সৃজনশীল ক্যাম্পেইনের অংশ! আবার অনেকে বলছেন, এটা রাফসান দ্য ছোট ভাইয়ের নতুন কোনো ভ্লগ আইডিয়া! হানিয়া আমিরের ঢাকা সফর ঘিরে তার লুক নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি তার ঘোরাঘুরিও মন কেড়েছে ভক্তদের। এদিন হানিয়া আমির পরেছিলেন হালকা বেগুনির ওপর নানা ডিজাইনের কাজ করা সালোয়ার। এছাড়াও এ সময় তার ঘন-কালো চুলও নজর কাড়ে ভক্তদের। যদিও তার বর্তমান এই হেয়ারস্টাইল নিয়ে নানাজন প্রশ্নও তুলেছেন। সব মিলিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনায় আছেন এই পাকিস্তানি সুন্দরী। জানা গেছে, আজ শনিবার ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশের ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে এ সফর তার জন্য স্মরণীয় হয়ে উঠবে। এছাড়াও আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে। প্রসঙ্গত, ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। অল্প সময়েই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন হানিয়া। ২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এরপর ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘মুক পেয়ার হুয়া থা’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। রোমান্টিক, কমেডি থেকে চরিত্রভিত্তিক সব ধরনের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন হানিয়া। এতে নূর চরিত্রে তার অভিনয় পাকিস্তান ও ভারতে ব্যাপক প্রশংসিত হয়েছে। বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হানিয়া, তার ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যা প্রায় ২ কোটি!
শুটিং করতে গিয়ে আহত জুনিয়র এনটিআর

শুটিং করতে গিয়ে আহত জুনিয়র এনটিআর শুটিং করতে গিয়ে চোট পেয়ে আহত দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। শুক্রবার এই ঘটনা ঘটে। তড়িঘড়ি তাকে হাসপাতালে পাঠান পরিচালক। চিকিৎসক জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। তবে আগামী কয়েক দিন বিশ্রামে থাকতে হবে নায়ককে। দুর্ঘটনার খবর ছড়াতেই উদ্বিগ্ন নায়কের অনুরাগীরা। তাদের প্রত্যেকের দাবি, জুনিয়র এনটিআর-এর শারীরিক পরিস্থিতির কথা তাদের জানাতে হবে। সত্য গোপন করলে চলবে না। এরপরেই অভিনেতার পক্ষ থেকে একটি বিবৃতিতে দেওয়া হয়। সেখানে স্পষ্ট বলা হয়েছে, সামান্যই চোট পেয়েছেন তিনি। আঘাত গুরুতর নয়। ভাল আছেন। শুধু চিকিৎসকের পরামর্শ মেনে আগামী কয়েক দিন বিশ্রামে থাকবেন। পাশাপাশি এও অনুরোধ জানানো হয়, তারকার শারীরিক পরিস্থিতি নিয়ে যেন কোনও ভুয়ো খবর ছড়ানো না হয়। বড় ছবির পাশাপাশি খ্যাতনামীরা নানা বিজ্ঞাপনী ছবিতরও কাজ করেন। শুক্রবার তেমনই একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন জুনিয়র এনটিআর। আচমকাই সেট অঘটন। চোট পান তিনি। তবে কোথায়, কী ভাবে দুর্ঘটনা ঘটল সে সম্পর্কে অভিনেতার তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি। দক্ষিণী বিনোদন দুনিয়ার তারকা এবং অনুরাগীরা নায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
৩-৪টা নাগা মরিচ দিয়ে ফুচকা খেয়েছেন হানিয়া আমির!

৩-৪টা নাগা মরিচ দিয়ে ফুচকা খেয়েছেন হানিয়া আমির! ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈম। তার আরেকটি পরিচয়, তিনি নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্র। বর্তমানে পরিবার নিয়ে ব্যস্ত সময় কাটে নাঈমের। দুই সন্তানের একজন নামিরা নাঈম দেশে পড়াশোনা শেষ করে পোশাকের প্রতিষ্ঠান চালু করেছেন, আরেকজন মাহাদিয়া নাঈম এখন দেশের বাইরে আছেন। নবাব পরিবারের বংশধর নামিরার সঙ্গে দেখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমিরের। একসঙ্গে ঢাকার আহসান মঞ্জিলে কাটানো তাদের সময়টা বেশ উপভোগ্য ছিল বলে জানালেন নামিরা। হানিয়ার সঙ্গে অনেক গল্প হয়েছে নামিরার। তিনি জানান, নবাব পরিবারের সন্তান হিসেবে অনেক কিছুই শুনেছে। পাকিস্তানেও আমাদের আত্মীয়স্বজনেরা আছেন, সেই গল্পও শুনল। পাকিস্তানি ডিজাইনার আমির আদনান এবং অভিনয়শিল্পী ও গায়ক আলী জাফরের সঙ্গে আমাদের সম্পর্কটা পারিবারিক, তাদের নিয়েও আলাপ হলো। নামিরা গণমাধ্যমকে হানিয়া আমিরের ব্যাপারে বলেন, ইনস্টাগ্রাম থেকে তার একরকম ব্যক্তিত্বের ব্যাপারে উপলব্ধি করেছি, কিন্তু সামনাসামনি অন্য রকমভাবে তাকে আবিষ্কার করলাম। খুই চমৎকার, প্রাণখোলা একজন মানুষ। অনেক মজা করেছি আমরা। হানিয়া আমির ঢাকার পথের ধারের খাবার বেশ আনন্দ নিয়ে উপভোগ করেছে বলে জানান নামিরা। তার কথায়, খালি পেটে নাগা মরিচের ঝালমুড়ি বেশ মজা করে খেয়েছে। ফুচকা খেয়েছে ৩-৪টা নাগা মরিচ দিয়ে। আমরা তো মরিচের ঝালে উহু আহ করছি। অথচ এই ঝালে যেন হানিয়ার জন্য খুবই স্বাভাবিক ছিল।
ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড নিয়ে যা বললেন পূর্ণিমা

ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড নিয়ে যা বললেন পূর্ণিমা অনেক দিন ধরেই পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তবে ভক্তরা এখনো অপেক্ষায়- কবে আবার তিনি নিয়মিত অভিনয়ে ফিরবেন। এ নিয়ে খোলাখুলি কথা বলেছেন পূর্ণিমা। এছাড়া সাম্প্রতিক সময়ের কিছু ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। তিনি বলেন, ‘অনেক সময় আমাকেও বলে- অ্যাওয়ার্ড নিতে আসেন। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবে? তারা বলে-এমনি! এমনি আবার অ্যাওয়ার্ড হয় নাকি? যাদের পুরস্কার দিচ্ছে, তাদের নামই আগে শুনিনি। এসব জায়গায় যেতে ইচ্ছে করে না। ’অভিনয় ছাড়েননি পূর্ণিমা, ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি তিনি। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহের কথা জানান এই অভিনেত্রী। পূর্ণিমা বলেন, ‘ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন- তাদের সেই সুযোগ দেওয়া হয় না। ’ তবে সবকিছুর পরও পূর্ণিমা আশাবাদী। তার মতে, ভালো কাজ, ভালো গল্প আর যোগ্য সম্মান পেলে তিনি অবশ্যই ফিরতে চান। তার কথায়, ‘আমি যদি প্রাপ্য সম্মান আর ভালো গল্প পাই, অবশ্যই কাজ করতে চাই। ’ওটিটির কিছু কাজ যেমন ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’ তার ভালো লেগেছে। তিনি মনে করেন, এ রকম গল্পে কাজ করার সুযোগ থাকলে অভিনয়ে নতুন করে প্রাণ পেতেন। পূর্ণিমা চান, অভিনয়ের প্ল্যাটফর্ম যেটাই হোক, সেখানে যেন যোগ্যতার মূল্যায়ন হয়। আর কেবল জনপ্রিয়তার পেছনে না ছুটে শিল্পের মান বজায় রাখা হয়।
মারা গেছেন সংগীতশিল্পী জুবিন গার্গ

মারা গেছেন সংগীতশিল্পী জুবিন গার্গ ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ মারা গেছেন। আজ সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদন জানানো হয়েছে, সিঙ্গাপুর পুলিশ জুবিন গার্গকে সমুদ্র থেকে উদ্ধার করে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যায়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও, চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। জুবিন গার্গ নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। শনিবার ২০ সেপ্টেম্বর সেখানে তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার হঠাৎ মৃত্যু ভক্ত ও সমগ্র আসামবাসীকে স্তব্ধ করে দিয়েছে এবং ভারতের সংগীত জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। জুবিনের মৃত্যুতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা ও সমবেদনা জানানো হচ্ছে। সবাই প্রিয় শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রাক্তন রাজ্যসভা সংসদ সদস্য রিপুন বোরা মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) লেখেন, “আমাদের সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের অকাল প্রয়াণে অত্যন্ত শোকাহত ও মর্মাহত। তার কণ্ঠ, সংগীত এবং অদম্য মনোভাব আসাম এবং এর বাইরেও বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তার পরিবার, ভক্ত ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। শান্তিতে ঘুমান, কিংবদন্তি। ১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন জুবিন গার্গ। তিনি একাধারে ছিলেন গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯২ সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবন বদলে যায়। ১৯৯২ সালে অসমিয়া অ্যালবাম ‘অনামিকা’ মুক্তির মাধ্যমে জুবিন পেশাদার সংগীতজগতে প্রবেশ করেন। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ইয়া আলি’ গান গেয়ে তাক লাগিয়ে দেন জুবিন। তারপর বেশ কয়েকটি সুপারহিট গান উপহার দেন তিনি। পরে বলিউডে খুব একটা কাজ করতে দেখা যায়নি তাকে। তবে আসামের আঞ্চলিক সংগীত নিয়েই বেশি ব্যস্ত ছিলেন এই শিল্পী।
বিব্রত মিশা সওদাগর মৃত্যুর গুজব

বিব্রত মিশা সওদাগর মৃত্যুর গুজব ঢালিউডের খলঅভিনেতা মিশা সওদাগরের আবারও মৃত্যুর গুজব ছড়িয়েছে। গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দাবি করা হচ্ছে বাংলা সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর আর নেই। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা অভিনেতার কানে যায়। এতে ঢালিউডের আলোচিত খলঅভিনেতা বিব্রতকর অবস্থায় পড়েন। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। মিশা বলেন, এ মুহূর্তে কী বলা উচিত তা ঠিক বুঝে উঠতে পারছি না। এমন গুজবে আমি খুবই ব্রিবত। কারণ এর আগেও আমার বিরুদ্ধে এমন গুজব ছড়ানো হয়েছিল। এ খলঅভিনেতা বলেন, গত দুদিন আগে আমি আমেরিকা থেকে দেশে ফিরেছি। আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করব। সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে এমন একটি গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিশা সওদাগর বলেন, সবার উদ্দেশে বলতে চাই আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন। উল্লেখ্য, মিশা সওদাগরের ভুয়া এ মৃত্যুসংবাদ এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এ গুজব ছড়িয়েছিল ।
আজ মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’

আজ মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’ আজ দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র। একটি লীসা গাজী নির্মিত ‘বাড়ির নাম শাহানা’, অন্যটি মুর্তজা অতাশ জমজমের ‘ফেরেশতে’। দুটি সিনেমাই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ সমাদৃত হয়েছে। এবার উৎসব ঘুরে মুক্তি পেল দেশের মাটিতে। সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে কেন্দ্র করে ফেরেশতে পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। আরও রয়েছেন সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। এতে পিয়াস মজিদের লেখা ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ গানটি গেয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি। গানটির সুরও করেছেন বেলাল খান। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ হেজাজি (ফ্রান্স)। ছবিটি ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার। এ ছাড়া ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত। ছবিটি স্টার সিনেপেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনোমাস ও লায়নে। অন্যদিকে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় উঠে এসেছে এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। অন্যান্য চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী ও আনান সিদ্দিকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির। সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম। প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘা প্রোডাকশন্স সূত্রে জানা যায়, বাড়ির নাম শাহানা মুক্তি পেয়েছে ৯টি সিনেমা হলে। সেগুলো হলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), সেন্টার পয়েন্ট (উত্তরা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), গ্র্যান্ড রিভার ভিউ হোটেল (রাজশাহী) ও মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট (বগুড়া)।
সালমান শাহ স্মরণে শাকিব

সালমান শাহ স্মরণে শাকিব অমর নায়ক সালমান শাহর আজ জন্মদিন। নব্বই দশকের তুমুল জনপ্রিয় ঢাকাই সিনেমার এ তারকাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। অল্প সময়ের মধ্যেই তিনি এদেশের সিনেমাপ্রেমীদের মন জয় করেছিলেন। সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে অনন্তের পথে পাড়ি জমান। তার মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তিনি সবার হৃদয়ে আছেন। সালমান শাহর এবারের জন্মদিনেও অনুরাগীরা তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। অনুরাগীদের পাশাপাশি দেশের শোবিজ তারকারাও এ নায়ককে স্মরণ করছেন। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সালমানের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সঙ্গে একিট ফটোকার্ডও পোস্ট করেছেন। আজ দুপুরে শাকিব খান তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এর পক্ষ থেকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন সালমান শাহ।’ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মানুষ অমরত্ব পায় তার দ্যুতিময় কর্মের মাধ্যমে। সালমান শাহ তেমনই এক মহান শিল্পীর নাম। শাকিব খান এরপর নিজেই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে লেখেন, ‘আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য! আপনি অমর এখনো বেঁচে আছেন। শাকিবের এ পোস্টটি দেখে তার অনুরাগীরা বেশ আপ্লুত হয়েছেন। সালমানকে নিয়ে পোস্টটি দেওয়ার জন্য সবাই শাকিব খানের প্রশংসাও করছেন।