আমাল মালিকের ক্রাশ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

আমাল মালিকের ক্রাশ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সালমান খানের ‘বিগ বস’র ভরা মঞ্চে এসে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে নিজের ক্রাশ বলে অভিহিত করেছেন সংগীতশিল্পী আমাল মালিক; দরাজ গলায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালোলাগার কথা। আমাল এবারের বিগ বস-১৯ এর একজন প্রতিযোগী। শোয়ের একটি পর্বে তিনি শ্রদ্ধা কাপুরের প্রতি নিজের ভালোলাগার কথা জানিয়েছেন। এই গায়ক বলেন, ‘শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন; উনি খুবই ভালো মনের মানুষ। আমার ক্রাশ ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো, তাতে কোনো সন্দেহ নেই।’ আমাল আরও বলেন, “শ্রদ্ধার ‘স্ত্রী’ ছবিতে একটি অংশ রয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি করে এসে সবাইকে মারতে শুরু করে শ্রদ্ধা এবং সেই দৃশ্য দেখে পুরো সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিল। এটা ছিলো আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে।’ এর পাশাপাশি আমাল এদিন ভাগ করে নেন তার মিউজিক্যাল পরিবারের নানা কথা। জানান, তিনি তার আরও অন্যান্য দিকগুলো দর্শকের সামনে তুলে ধরতে চান।
দুবাই প্রিন্সেস-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা

দুবাই প্রিন্সেস-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা দুবাই রাজকন্যা শেখা মাহরার সঙ্গে বাগদানের ঘোষণা করেছেন র্যাপার ফ্রেঞ্চ মনটানা।নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, যদিও মনটানার পক্ষ থেকে জুনে প্যারিস ফ্যাশন উইকের সময় তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল। ৩১ বছরের এই রাজকুমারী ও ৪০ বছর বয়সী র্যাপারকে ২০২৪ সালের শেষ দিকে একত্রে দেখা যায়। সে সময় শেখা মাহরা মনটানাকে দুবাই ঘুরিয়ে দেখান এবং স্যোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেন। এরপর থেকে তারা মরক্কো ও দুবাই শহরে একসাথে ঘুরে বেড়ান। উচ্চমানের রেস্তোরাঁয় খেতে যান। মসজিদ পরিদর্শন করেন এবং প্যারিসের পন্ট দেস আর্টস ব্রিজে হাঁটাহাঁটি করেন। এরপর এই বছর তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। তারা প্যারিসের ফ্যাশন ইভেন্টগুলোতে হাত ধরাধরি করে উপস্থিত হন। এটি ঘটে এমন একটি প্রেক্ষাপটে, যখন শেখা মাহরার সংক্ষিপ্ত বিবাহ ছিল শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে। জানা যায়, তারা ২০২৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একটি কন্যা সন্তান আছে। তখন শেখা মাহরা গত বছর ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এবং স্বামীর বিরুদ্ধে অবিশ্বাসের অভিযোগ করেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্য সঙ্গীদের সাথে ব্যস্ত, আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি। খেয়াল রাখবেন। আপনার সাবেক স্ত্রী।’ বিবাহবিচ্ছেদের পর, তিনি নিজের পারফিউম লাইন ‘ডিভোর্স’ লঞ্চ করেন। এটি তার ব্র্যান্ড ‘মাহরা এম১’-এর অন্তর্ভুক্ত। শেখা মাহরা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন এবং মোহাম্মদ বিন রাশিদ সরকার প্রশাসন থেকে একটি যোগ্যতা অর্জন করেছেন। ফ্রেঞ্চ মনটানার আসল নাম কারিম খারবুশ। বিশ্বব্যাপী হিট গান যেমন ‘আনফরগেট্যাবল’ এবং ‘নো স্টাইলিস্ট’-এর জন্য পরিচিত তিনি। দাতব্য কর্মকাণ্ডের জন্যও খ্যাত তিনি। উগান্ডা এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত প্রকল্পে তহবিল প্রদান করেছেন। মনটানা ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং ক্রুজ খারবুশ নামে তাদের ১৬ বছর বয়সী একটি ছেলে আছে।
ভুলে গেছি, আজ আমাদের বিয়ের দিন: চঞ্চল

ভুলে গেছি, আজ আমাদের বিয়ের দিন: চঞ্চল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ব্যক্তিগত জীবনে শান্তার সঙ্গে ঘর বেঁধেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাদের বিবাহবার্ষিকী। গতকাল দিবাগত রাতে ফেসবুকে পরিবারের একটি পুরোনো ছবি শেয়ার করে স্ত্রীকে শুভেচ্ছা জানান এই অভিনেতা। ছবির ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, “এই ছবিটা অনেক বছর আগের! প্রায় ১৫ বছর আগে পত্রিকার একজন ফটোসাংবাদিক বাসায় এসে তুলেছিলেন। ছবিতে আমি, আমার স্ত্রী শান্তা আর আমাদের ছেলে শুদ্ধ। শুদ্ধ তখন অনেক ছোট।” বিবাহবার্ষিকী প্রসঙ্গে চঞ্চল চৌধুরী লেখেন, “আসল কথাই বলতে ভুলে গেছি। আজ আমাদের বিয়ের দিন। সেটাও যেমন ভুলে গিয়েছিলাম, কত তম সেটাও মনে করতে পারছি না! কিছুক্ষণ আগে শান্তা কিছু লিখে মনে করিয়ে দিল। তখন ভেতরে একটু লজ্জা আর অপরাধবোধ কাজ করছিল। সত্যিই আমার মনে ছিল না।” এ অভিনেতার ভাষায়, “প্রায় প্রতি বছরই এ রকম হয়। অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও সংসার জীবনে আমার ব্যর্থতার শেষ নেই। ভুলে যাওয়াটা আমার এক ধরনের অসুখের মতো। তারপরও শান্তা কখনো বড় কোনো অভিযোগ তোলেনি বলেই আমরা এখনো একসঙ্গে টিকে আছি।” সবশেষে স্ত্রীকে উদ্দেশ করে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান এই তারকা। চঞ্চল চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ ও ‘ইনসাফ’ সিনেমায়। দুটি সিনেমায় তার অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছে। আগামী অক্টোবর থেকে তিনি যোগ দেবেন রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিংয়ে।
‘মান্নাত’কে টপকে যাবে রণবীর-আলিয়ার নতুন বাড়ি!

‘মান্নাত’কে টপকে যাবে রণবীর-আলিয়ার নতুন বাড়ি! মুম্বাইয়ের তারকাদের ঠিকানাগুলোর মধ্যে সবচেয়ে দামি হতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের নতুন বাড়ি। বলিউডের কিংবদন্তি শাহরুখ খানের ‘মান্নাত’ এবং অমিতাভ বচ্চনের ‘জলসা’-কে পিছনে ফেলে এই বাড়ির মূল্যায়ন প্রায় ২৫০ কোটি টাকা বলেন জানাচ্ছেন রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা। বহু বছর ধরেই বান্দ্রার প্রাইম লোকেশনে গড়ে উঠছিল এই মাল্টিস্টোরেড বিলাসবহুল আবাসন। যেখানে একসময় ছিল কাপুর পরিবারের ঐতিহ্যবাহী ‘কৃষ্ণা রাজ’ বাংলো সেই জায়গাতেই গড়ে উঠেছে রণবীর-আলিয়ার নতুন ঠিকানা। রাজ কাপুর, কৃষ্ণা কাপুর থেকে শুরু করে ঋষি কাপুর ও নীতা কাপুর এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে বলিউড ইতিহাস। বর্তমানে শাহরুখ খানের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত বাড়ি ‘মান্নাত’-এর ভ্যালুয়েশন প্রায় ২০০ কোটি টাকা (পূর্ববর্তী হিসাব অনুযায়ী)। অন্যদিকে, অমিতাভ বচ্চনের জুহুতে অবস্থিত ‘জলসা’-র মূল্য প্রায় ১২০ কোটি। এক সময় জলসা ছিল সবচেয়ে দামি সেলেব ঠিকানা, পরে মান্নাত সেটিকে ছাড়িয়ে যায়। কিন্তু এখন রণবীর-আলিয়ার নতুন বাড়ি এই দুই কিংবদন্তির ঠিকানাকেও টপকে গেল। খুব শিগগিরই পরিবার নিয়ে নতুন ঠিকানায় উঠে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই তারকা দম্পতির। মুম্বা েইয়ে তারকাদের রিয়েল এস্টেট বিনিয়োগ নতুন কিছু নয়। শাহরুখ খানও তাঁর পুরোনো বাড়ি কার্টার রোডের ‘৭০২ নম্বর’ ফ্ল্যাটকে রেনোভেট করাচ্ছেন। এখানেই গৌরী খানের সঙ্গে বৈবাহিক জীবনের শুরুর সময় কাটিয়েছিলেন তিনি। পাশাপাশি মান্নাতেও চলছে মেরামতের কাজ, পরিবারসহ এখন সাময়িকভাবে থাকছেন পালি হিলের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। এমন সময় অনলাইনে রণবীর-আলিয়ার নতুন বাড়ির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে। কিছু ভিডিওতে বাড়ির ভিতরের অংশও স্পষ্ট দেখা যায়। বিষয়টি নিয়ে বিরক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন আলিয়া ভাট। তিনি বলেন, অনুমতি ছাড়া এমন কনটেন্ট শেয়ার করা শুধুমাত্র অনুচিত নয় বরং এটি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সমান।
শাহরুখ-দীপিকার নামে প্রতারণার অভিযোগে মামলা

শাহরুখ-দীপিকার নামে প্রতারণার অভিযোগে মামলা বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের নামে প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হুন্দাই আলকাজার গাড়ি সংক্রান্ত এক প্রতারণা মামলায় শাহরুখ, দীপিকা এবং হুন্দাই মোটরের ছয়জন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২২ সালের জুন মাসে কীর্তি সিং হুন্দাই আলকাজার গাড়িটি কিনেছিলেন। তিনি দাবি করেন, গাড়িটি ছিল ত্রুটিপূর্ণ এবং ইচ্ছাকৃতভাবেই ত্রুটিযুক্ত গাড়ি বিক্রি করে তাকে প্রতারিত করা হয়েছে। বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও গাড়ির সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন তিনি। তিনি জানান, এটি আমার পরিবারকে জীবনের ঝুঁকিতে ফেলেছে। কীর্তি সিং অভিযোগ করেন, শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোম্পানির ত্রুটিপূর্ণ গাড়ির প্রচার ও ব্র্যান্ডিংয়ে অংশ নিয়েছেন। এই কারণেই তাদেরকেও অভিযুক্ত হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে কীর্তি সিং জালিয়াতির বিষয়টি নিয়ে আদালতে অভিযোগ করেছিলেন। পরবর্তীতে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এর নির্দেশে, মথুরা গেট থানায় একটি আবেদনের মাধ্যমে মামলা দায়ের করা হয়েছে। এরপর কীর্তি সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। বলে রাখা যায়, ১৯৯৮ সাল থেকে হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ। অন্যদিকে, দীপিকা ২০২৩ সালে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন।
আবারো ‘বাহুবলী’ রূপে হাজির প্রভাস

আবারো ‘বাহুবলী’ রূপে হাজির প্রভাস অবশেষে এক দশকের প্রতীক্ষার অবসান। গতকাল বহু প্রতীক্ষিত ‘বাহুবলী: দ্য এপিক’র অফিসিয়াল ঝলক উন্মোচন করা হয়েছে। যেখানে চোখে পড়েছে মাহিষ্মতী রাজ্যের আভিজাত্য, আর ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’-এর স্মৃতি জাগানো কিছু দৃশ্য। সিনেমার ঝলক প্রকাশ্যে আসার পরই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। কারণ, এই সিনেমার মধ্যে দিয়ে ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসকে আরও একবার পুরনো রূপে দেখা যাবে। তাদের অনুমান, এই সিনেমা বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দেবে। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, আর ২০১৭ সালে মুক্তি পায় ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। এবার ১০ বছর পরে মুক্তির পথে এস এস রাজামৌলির নতুন সৃষ্টি ‘বাহুবলী: দ্য এপিক’। সিনেমাটি নতুনভাবে তৈরি হলেও আগের দুই সিনেমার সঙ্গেই রয়েছে গল্পের যোগসূত্র। তবে এই সিনেমা ছয় ঘণ্টা দৈর্ঘ্যের হবে না বলেই জানা গিয়েছে। ‘বাহুবলী: দ্য এপিক’র বিশেষত্ব হল এটি ৫ ঘণ্টা ২৭ মিনিট ধরে হবে। এটি কোনো সাধারণ এক্সটেন্ডেড কাট নয়, বরং একটি অবিচ্ছিন্ন গল্প বলার অনন্য প্রয়াস। যেখানে অধিকাংশ সিনেমার দৈর্ঘ্য ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেখানে এই সিনেমাটি ভক্তদের ধৈর্য এবং মনোযোগ চায়। আর এ খবর প্রকাশ হতেই ভক্তদের মন্তব্যেও ফুটে উঠছে উচ্ছ্বাস। প্রসঙ্গত, ‘বাহুবলী ১’ বক্স অফিসে ৬৫০ কোটি টাকা আয় করেছিল। কিন্তু দ্বিতীয় অংশটি আলোড়ন ফেলে দিয়েছিল বক্স অফিসে। ১৭৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল সেই সিনেমা। শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’।
বাগদান সারলেন গায়িকা টেইলর সুইফট

বাগদান সারলেন গায়িকা টেইলর সুইফট বাগদান সারলেন মার্কিন গায়িকা টেইলর সুইফট ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। গতকাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে যৌথভাবে এই ঘোষণা দেন তারা। ছবির কোনোটিতে টেইলরকে প্রস্তাব দিতে দেখা যায় ট্র্যাভিসকে। কোনোটিকে এ জুটির আনন্দঘন মুহূর্ত, কোনো ছবিতে তাদের হাতের আঙুলে শোভা পাচ্ছে বাগদানের আংটি। ক্যাপশনে লিখেছেন, আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন। দুই বছর ধরে সম্পর্কে ছিলেন সুইফট ও কেলসে। ২০২৩ সালের জুলাইয়ে অ্যারোহেড স্টেডিয়ামে পারফর্ম করেন টেইলর সুইফট। তারপর এ জুটির প্রেম শুরু হয়। তবে তিনবারের সুপার বোলজয়ী কেলসে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ট্র্যাভিস কেলসির সঙ্গে টেইলর সুইফটের প্রেমের গুঞ্জন শোনা যায়। পরে সেই বছরের ডিসেম্বর মাসেই প্রেমের কথা স্বীকার করেন সুইফট নিজেই। তবে কবে নাগাদ বিয়ে করছেন সে বিষয়ে কিছু জানাননি এই যুগল। এর আগে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টেইলর সুইফট। হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের পর জোয়ের সঙ্গে সম্পর্কে জড়ান টেইলর। তবে এ প্রেম টিকেনি। ২০২৩ সালের এপ্রিলে এ জুটির বিচ্ছেদের খবর জানা যায়। ৩৫ বছর বয়সি গায়িকা টেইলর সুইফটের জীবনে প্রেম নতুন কোনো বিষয় না। এর আগে তিনি টম হিডেলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, কনর কেনেডি, জো জোনাস ও জ্যাক জিলেনহলের সঙ্গে প্রেম করেছেন।
মুক্তির আগেই পবনের সিনেমার আয় ২২০ কোটি টাকা

মুক্তির আগেই পবনের সিনেমার আয় ২২০ কোটি টাকা ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’খ্যাত অভিনেতা পবন কল্যাণ। ২০২৩ সালের ২৮ জুলাই মুক্তি পায় তার অভিনীত ‘ব্রো’ সিনেমা। এর ঠিক এক বছর পর অর্থাৎ গত ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হরি হারা বীরা মালু’ সিনেমা। কিন্তু দর্শকদের হতাশ করে এটি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। পবন কল্যাণের পরবর্তী সিনেমা ‘ওজি’। সুজিত নির্মিত এ সিনেমা আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। আগের সিনেমা ব্যর্থ হলেও এ সিনেমা নিয়ে দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কেবল তাই নয়, মুক্তির আগেই মোটা অঙ্কের টাকা আয় করেছে সিনেমাটি। ট্র্যাক টলিউডের তথ্য অনুসারে, ২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘ওজি’ সিনেমা। মুক্তির আগেই সিনেমাটি নিজাম এরিয়ার থিয়েট্রিক্যাল স্বত্ব ৬০ কোটিরও বেশি মূল্যে বিক্রি হয়েছে, অন্ধ্রর স্বত্ব প্রায় ৭০ কোটি রুপি এবং সিডেড রাইটস ২৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। সব মিলিয়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৬০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ২২০ কোটি ৪৯ লাখ টাকা)। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন কল্যাণ। জনসেনা পার্টির প্রধান তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তার দল দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটোতেই জয় লাভ করে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এই তারকা। রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও ‘ওজি’ সিনেমার প্রচারে অংশ নেবেন পবন কল্যাণ। সিনেমাটির প্রচারের জন্য নির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। ২–৩ দিন শুধু ‘ওজি’ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত থাকবেন। প্রি-রিলিজ ইভেন্টে অংশ নেবেন। এজন্য রাজনৈতিক কাজ থেকে বিরতি থাকবেন পবন। ওজাস গাম্ভীরা নামে নিষ্ঠুর এক ডনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘ওজি’ সিনেমার কাহিনি। ওজাস গাম্ভীরাকে সবাই ‘ওজি’ নামেই চেনেন। দশ বছর নিখোঁজ থাকার পর মুম্বাইয়ে ফিরে আসে সে। অমি ভাউকে হত্যার উদ্দেশ্যে তার ফিরে আসা। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন পবন কল্যাণ। আর ‘অমি ভাউ’ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। তেলেগু ভাষার গ্যাংস্টার অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করেছেন—প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাস, প্রকাশ রাজ, রাও রমেশ প্রমুখ।
শাকিব মোটু বলে পঁচাতো এখন আর বলার সুযোগ নেই

শাকিব মোটু বলে পঁচাতো এখন আর বলার সুযোগ নেই বেশ কিছুদিন আগে আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন এই জুটির সন্তান আব্রাম খান জয়। সে সময়ের ভালো ভালো অনেক স্মৃতি জমে আছে অপু বিশ্বাসের মনে। সেই স্মৃতি থেকে তিনি একটি পডকাস্টে বেশ কিছু কথা বলেছেন। অপু বিশ্বাস বলেন, ‘‘মজার স্মৃতি অনেক আছে। একটা মজার স্মৃতি হচ্ছে, সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার কথা ছিলো, আমি আসতে একটু দেরি করেছিলাম। জয় আইসক্রিম খেতে চেয়েছিলো। আমি আইসক্রিম আনতে গিয়েছিলাম। এসে দেখি জয় আর তার বাবা ঘোড়ায় উঠে গেছে। আমি জোরে জোরে বলছিলাম, এই আমাকে নেবে না। একটা ভিডিও দেখবেন, আমি দৌড়ে আসছি আর চুল ঠিক করছি। ওই ভিডিওটা জয়ের বাবা করে দিয়েছিলো। ঘোড়ার যারা রাইড করে, তারা আমাকে পরে ঘোড়ায় উঠিয়ে দেয়। আমি শাকিবকে বললাম, তুমি এইটা কেন করলে, ও বললো যে, ইচ্ছে করে। তুমি দৌড় দিবা আমার ভালো লাগবে, তাই। তখন একটু মোটাও ছিলাম। শাকিব বললো, দৌড়াও, মোটাটা একটু কমবে। ’’ অপু আরও বলেন, ‘‘শাকিব মাঝে মাঝে মোটু, মোটু বলে পঁচাতো, এখন আর বলার সুযোগ নেই। কারণ আমি এখন শুকিয়ে গেছি। ’’ ওই পডকাস্টে নেটিজেনদের করা বুলিংয়ের বিষয়েও মুখ খোলেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘‘সোশ্যাল মিডিয়াকে আমি যতটা সাপোর্ট করি, আবার মাঝে মাঝে ততটা কষ্ট লাগে। তারা আমাদেরকে চেনেন না কিন্তু বুলিংটা কেন এতো অনর্থক করেন? ’’ উল্লেখ্য, সম্প্রতি আমেরিকায় একসঙ্গে সময় পার করেছেন শাকিব খান, বুবলী আর এই জুটির সন্তান শেহজাদ খান বীর। নেটিজেদের একাংশ বলছে, আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য ওইসব ছবি তুলেছেন তারা। এ বিষয়ে অপু বিশ্বাসের মত হচ্ছে, ‘‘হতে পারে। আমি যেহেতু আমেরিকার নাগরিক হতে যাইনি। সো, এই বিষয়ে কোনো রুলস আমি পড়িওনি, জানিও না। ’’
অভিনেত্রী মিথিলা এখন ‘ডক্টর মিথিলা’

অভিনেত্রী মিথিলা এখন ‘ডক্টর মিথিলা’ অভিনেত্রী, গায়ক, মডেল, শিক্ষক, উন্নয়নকর্মী এবং একজন মা রাফিয়াত রশীদ মিথিলা। তার পরিচয় শুধু শোবিজ তারকা নন বরং নারীর প্রেরণার প্রতীকও। তিনি জানেন কীভাবে ব্যক্তিগত ঝড়ের মুখে দাঁড়িয়েও নিজের স্বপ্নগুলো আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয়। শোবিজ ক্যারিয়ার বাইরে মিথিলা জানালেন তার নতুন অর্জনের কথা। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি। সোমবার মধ্যরাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ তথ্য। মিথিলা লেখেন, অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর। অভিনেত্রী আরও জানান, তার জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেওয়ার অর্থ ছিল একইসঙ্গে পূর্ণকালীন পেশাগত জীবন, অভিনয়ের কাজ এবং পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রির পথচলা অব্যাহত রাখা। এই অভিজ্ঞতা তাকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে। পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। তার কথায়, আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ অর্থৎ ডক্টর উপাধি যোগ করতে পারব। একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।