এখনো হাসপাতালেই অভিনেতা তিনু করিম, অর্থকষ্টে পরিবার

এখনো হাসপাতালেই অভিনেতা তিনু করিম, অর্থকষ্টে পরিবার অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। টানা ২৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৬ ডিসেম্বর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাকে কেবিনে স্থানান্তরের কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন। হুমায়রা নওশিন বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চার দিন আগে লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। গতকাল তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়ার হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’এদিকে বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসার কারণে আর্থিক সংকটে পড়েছে তিনু করিমের পরিবার। এখন পর্যন্ত ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অ্যাক্টরস ইকুইটি’ থেকে এক লাখ টাকা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা পেয়েছেন তারা। তবে চিকিৎসা ব্যয় মেটাতে আরও অনেক টাকার প্রয়োজন রয়েছে।হুমায়রা নওশিন বলেন, ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও অ্যাক্টরস ইকুইটি থেকে আমরা সহায়তা পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত যে বিল এসেছে এবং সামনে যে খরচ আসবে তাতে আরও অনেক টাকার প্রয়োজন।’ গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে যান তিনু করিম। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে ২৪ নভেম্বর তাকে ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার সাময়িক উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হলেও পরে রক্তচাপ ও সুগার লেভেল কমে গিয়ে তিনি জ্ঞান হারান। এরপর পুনরায় আইসিইউতে নেওয়া হয় এবং ৩ ডিসেম্বর বিকেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক ঘটে তার। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি।

প্রকাশ্যে আসলো বিজয়-রাশমিকার বিয়ের তারিখ

প্রকাশ্যে আসলো বিজয়-রাশমিকার বিয়ের তারিখ দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা অবশেষে তাদের দীর্ঘদিনের ভালোবাসাকে পরিণয়ের মোড়কে বাঁধছেন। গত অক্টোবরে হায়দরাবাদে বিজয়ের বাড়িতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছিল। যদিও বাগদানের কোনো ছবি প্রকাশ্যে আসেনি, দুজনের আঙুলে থাকা এনগেজমেন্ট রিং থেকেই বিষয়টি নিশ্চিত করা যায়। বিজয়ের টিম ইতিমধ্যেই জানিয়েছিল, বাগদান সম্পন্ন হয়েছে এবং বিয়ে হবে ২০২৬ সালে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহাসিক রাজকীয় প্রাসাদে অনুষ্ঠিত হবে এই তারকাবহুল বিয়ে। অনুষ্ঠান হবে একান্ত ব্যক্তিগত, যেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। তবে বিয়ের পরপরই হায়দরাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা উদযাপনের পরিকল্পনাও রয়েছে। সম্প্রতি রাশমিকার ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার সাফল্য উদযাপনে দুজনের প্রকাশ্য ভালোবাসার মুহূর্ত দর্শকদের দৃষ্টি কাড়ে। একটি অনুষ্ঠানে বিজয় রাশমিকার হাত ধরে চুম্বন করেন এবং রাশমিকা মুগ্ধ দৃষ্টিতে তাকান, যা তৎক্ষণাৎ আলোচনার জন্ম দেয়। উল্লেখ্য, রাশমিকার জীবনে এটি দ্বিতীয়বারের মতো বাগদান থেকে বিয়ের পথে এগোনো। ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে তার বাগদান হয়েছিল, যা ২০১৮ সালে ভেঙে যায়। বিজয় ও রাশমিকার বয়সের ব্যবধান সাত বছর, রাশমিকার জন্ম ১৯৯৬ সালে এবং বিজয়ের ১৯৮৯ সালে। সব মিলিয়ে, ২০২৬ সালের দক্ষিণী শোবিজের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত বিয়ের তালিকায় এই জুটির নাম শীর্ষে থাকবে।

দাম্পত্য জীবনের ইতি টানলেন সালমা

দাম্পত্য জীবনের ইতি টানলেন সালমা জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মৌসুমি আক্তার সালমার দাম্পত্য জীবনে আবারও ছেদ পড়েছে। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আলাদা হয়েছেন তিনি। মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি জানান তাঁর স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। পরে নিজেও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন সালমা। সালমা জানান, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। বিষয়টি নিয়ে এখন আর কিছু বলতে চাই না।’ বিচ্ছেদের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এই জনপ্রিয় শিল্পী জানান, ব্যক্তিগত জীবনের অধ্যায় পেছনে ফেলে এখন তিনি পুরোপুরি গানেই মনোযোগ দিতে চান। তাঁর ভাষায়, ‘এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।’ অন্যদিকে সানাউল্লাহ নূর সাগর তার ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের কারণ হিসেবে পারস্পরিক মতের অমিল ও মানসিক দূরত্বের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এ বিষয়ে সবাই নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকবেন।’ ‘ক্লোজ-আপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন সালমা খুব অল্প সময়েই সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। লোকগান ও আধুনিক গানের সমান জনপ্রিয় এই শিল্পী ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। তবে সেই সংসারের বিচ্ছেদ হয় ২০১৬ সালে। পরবর্তীতে ২০১৮ সালে আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমা। কিন্তু সাত বছরের সাজানো সেই সংসারও শেষ পর্যন্ত স্থায়ী হলো না।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন শাকিব খান

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন শাকিব খান বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নায়ক শাকিব খান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান। খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়কের পোস্টে মুহূর্তেই হাজার হাজার ভক্ত শোক প্রকাশ করে মন্তব্য করেন। শাকিব খান ছাড়াও বিনোদন জগতের আরও অনেক তারকা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা ও চিত্রনায়ক সিয়াম আহমেদ।  এছাড়া নির্মাতা আশফাক নিপুন ও রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তার প্রয়াণ ঘটে। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।

খালেদা জিয়ার বিদায় দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি : আরিফিন শুভ

খালেদা জিয়ার বিদায় দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি : আরিফিন শুভ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নায়ক আরিফিন শুভ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান। খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে আরিফিন শুভ লিখেছেন, ‘দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়, দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাঁকে উত্তম মর্যাদা দান করুন।’ আরিফিন শুভ ছাড়াও বিনোদন জগতের আরো অনেক তারকা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন শাকিব খান, জেমস ,চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। এছাড়া নির্মাতা আশফাক নিপুন ও রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসা শেষে ৬ মে তিনি দেশে ফেরেন। সে সময় স্বাস্থ্যের কিছুটা উন্নতিও দেখা গিয়েছিল। কিন্তু দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং মানসিক ধকলের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন এবং চিরবিদায় নেন।

আবারও মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বুবলী

আবারও মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বুবলী ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে খ্যাতির পাশাপাশি সমালোচনার শিকারও হয়েছেন। এর মধ্যেই নায়িকাকে নিয়ে নতুন খবর চাউর হয়েছে। বুবলী নাকি আবারও মা হচ্ছেন। আর এই সন্তানের বাবাও নাকি বাংলার সুপারস্টার শাকিব খান। নতুন করে বুবলীর মা হওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়া। যেখানে দাবি করা হচ্ছে, ‘বাংলাদেশের নায়িকা বুবলী ফের মা হতে যাচ্ছেন।’শাকিব খানের দুই স্ত্রী- একজন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপরজন শবনম বুবলী। দুজনেই চিত্রনায়কের দুই সন্তানের মা। তবে বহুদিন ধরেই এই তিনজনের মধ্যে চলছে দড়ি টানাটানি। এদিকে শাকিবের দাবি, দুজনই তার প্রাক্তন। কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী ও পুত্র বীরকে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়ে এসেছেন শাকিব খান। ফেসবুকে একান্ত মুহূর্তের সেই সব ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেছেন বুবলী। সম্প্রতি দেশের একটি অনুষ্ঠানে যোগ দেন চিত্রনায়িকা। সেখানে নৃত্যপরিবেশন করেন অভিনেত্রী। পরনে ছিল ঘাগরা। দর্শকের সঙ্গে বেশকিছু ছবিও তোলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এরপরেই নেটিজেনদের একটি অংশ দাবি তোলেন, ‘বুবলী অন্তঃসত্ত্বা’। আর এমন দাবিকেই পুঁজি করে খবর ছেপেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে এ ধরনের খবরে বিরক্তি প্রকাশ করেছেন শবনম বুবলী। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব রটেছে। এবারের খবরটিও সম্পূর্ণ গুজব। এর কোনো ভিত্তি নেই।’ ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। এ ঘটনার বেশকিছুদিন পর দুজনের আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন। জানান, তাদের ছেলের নাম ‘শেহজাদ খান বীর’।প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা আলোচনা হয়েছিল। তখন তিনি স্বামী বা সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। পরে সন্তানসহ মিডিয়ার সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। এই প্রেক্ষাপটের কারণেই এবারও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

জয়জয়কার অ্যানিমেশনের

জয়জয়কার অ্যানিমেশনের ২০২৫ সালে হলিউডের বক্স অফিস চিত্রের দিকে তাকালেই স্পষ্ট হয়ে ওঠে–এ বছর অ্যানিমেশনই রাজত্ব করেছে। বাস্তব অভিনেতাদের উপস্থিতিকে ছাপিয়ে অ্যানিমেটেড চরিত্ররাই দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। বছরের সর্বাধিক আয় করা সিনেমাগুলোর তালিকা বিশ্লেষণ করলে অ্যানিমেশনের এই দাপট অস্বীকার করার সুযোগ নেই। মাত্র ৮০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত চীনা অ্যানিমেটেড ফ্যান্টাসি সিনেমা ‘নে ঝা-২’ বিশ্বজুড়ে আয় করেছে ২ বিলিয়ন ডলারেরও বেশি, যা একে বছরের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার মর্যাদা এনে দিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ডিজনির বহুল প্রতীক্ষিত অ্যানিমেশন ‘জুটোপিয়া ২’, যার আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানেও রয়েছে ডিজনিরই লাইভ-অ্যাকশন অ্যানিমেশন ‘লিলো অ্যান্ড স্টিচ’। একই সঙ্গে জাপানি অ্যানিমেশন ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা–দ্য মুভি: ইনফিনিটি ক্যাসল’ মুক্তির পর ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দর্শকমহলে দারুণ উত্তেজনা ছড়ায়। অ্যানিমেশনের এই জোয়ারের মধ্যেও কিছুটা মুখ রক্ষা করেছে বড় স্টুডিওগুলোর কয়েকটি প্রকল্প। ওয়ার্নার ব্রসের ‘আ মাইনক্রাফট মুভি’ বিশ্বব্যাপী আয় করেছে ৯৫৮ মিলিয়ন ডলার এবং ইউনিভার্সাল পিকচারসের ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ পৌঁছেছে ৮৬৯ মিলিয়ন ডলারে। দুটি ছবিই অল্পের জন্য ১ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে পারেনি। বছরের মাঝামাঝি সময়ে ব্র্যাড পিট অভিনীত ‘এফ ওয়ান’ এবং ডেভিড কোরেন্সওয়েটের ‘সুপারম্যান’ কিছুটা আলোচনায় এলেও সামগ্রিকভাবে হলিউডে বড় তারকানির্ভর সিনেমাগুলো প্রত্যাশিত প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে। এ বছর আরও স্পষ্ট হয়ে উঠেছে যে, হলিউডে তারকাদের স্টারডাম ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। ডোয়াইন জনসনের ‘দ্য স্ম্যাশিং মেশিন’ বক্স অফিসে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। জেনিফার লরেন্সের ‘ডাই মাই লাভ’ আয় করতে পেরেছে মাত্র সাড়ে ১১ মিলিয়ন ডলার। একইভাবে আশানুরূপ সাড়া পায়নি জুলিয়া রবার্টসের ‘আফটার দ্য হান্ট’ এবং গ্লেন পাওয়েলের ‘দ্য রানিংম্যান’। এমনকি টম ক্রুজের বহুল আলোচিত ‘মিশন: ইম্পসিবল– দ্য ফাইনাল রেকনিং’ যুক্তরাষ্ট্রের বাজারে ২০০ মিলিয়ন ডলারের গণ্ডিও পেরোতে পারেনি, যা এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির জন্য হতাশাজনক বলেই ধরা হচ্ছে। ব্র্যাড পিটের ‘এফ ওয়ান’-এর বক্স অফিস ফলাফলও তাঁর তারকাখ্যাতির তুলনায় অনেকটাই কম। তবে যে কোনো সময়ের তুলনায় ২০২৫ সালে হলিউডে ভৌতিক সিনেমা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ৯০ মিলিয়ন ডলার বাজেটের ‘সিনারস’ বিশ্বব্যাপী আয় করেছে সাড়ে ৩৫০ মিলিয়নের বেশি। অন্যদিকে মাত্র ৩৮ মিলিয়নে নির্মিত ‘ওয়েপনস’ পেরিয়ে গেছে আড়াইশ মিলিয়ন ডলারের মাইলফলক। এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী বছরগুলোতে হলিউডে হরর ঘরানার সিনেমার সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। এ বছরের আরেকটি বড় আলোচিত ঘটনা হলো– ডিসির কাছে মার্ভেলের পরাজয়। দীর্ঘদিন ধরে মার্ভেলের সুপারহিরো সিনেমাগুলো দর্শকদের মন জয় করে এলেও এবার চিত্রটা বদলেছে। মার্ভেল এ বছর ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’, ‘ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ’ এবং ‘থান্ডারবোল্টস’-এর মতো বড় বাজেটের সিনেমা মুক্তি দিলেও ডিসির ‘সুপারম্যান’-এর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি। বছরের সর্বোচ্চ ব্যবসাসফল সুপারহিরো সিনেমার খেতাব গেছে ‘সুপারম্যান’-এর ঝুলিতে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স যাত্রা শুরুর পর এই প্রথমবার ডিসির কাছে স্পষ্টভাবে পিছিয়ে পড়ল প্রতিষ্ঠানটি।

গান প্রকাশের পর অভিনয় ছাড়ার কারণ জানালেন বিজয়

 গান প্রকাশের পর অভিনয় ছাড়ার কারণ জানালেন বিজয় ৯০ হাজার ভক্ত নিয়ে গান প্রকাশের পর অভিনয় ছাড়ার কারণ জানালেন বিজয় ‘জন নায়াগান’ হচ্ছে বিনোদনজগৎকে বিদায় জানিয়ে রাজনীতিতে নাম লেখা দক্ষিণ ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা। মুক্তি পাচ্ছে আগামী বছরের ৯ জানুয়ারি। ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিজয়কে দেখতে গত শনিবার ২৭ ডিসেম্বর ৯০ হাজার ভক্ত ভিড় করেছেন মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে। সেখানে সিনেমার গান প্রকাশের আয়োজন ছিল। অনুষ্ঠানে বিজয় বলেন, শ্রীলঙ্কার পর মালয়েশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠীর একটি রয়েছে। মালয়েশিয়ায় অনেক তামিল সিনেমার শুটিং হয়েছে। আমার বন্ধু অজিত অভিনীত ‘বিলা’ ছবিটিও মালয়েশিয়ায় শুট করা হয়েছিল। আমার ‘কাভালান’ ও ‘কুরুবি’ ছবির শুটিংও এখানে হয়েছে। বিজয় অভিনয়কে বিদায় জানালেন বছর খানেক আগে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করেছেন বিজয়। এরপর তামিলনাড়ু বিধানসভা নির্বাচন করার ঘোষণা দেন এ অভিনেতা। ইতোমধ্যে ‘জন নায়াগান’ এরপর অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বিজয়। বিজয় বলেন, মানুষ আমার জন্য সিনেমা হলে এসে দাঁড়ান। সে কারণেই আগামী ৩০ থেকে ৩৩ বছর আমি তাদের জন্য দাঁড়াতে প্রস্তুত। বিজয়–ভক্তদের জন্যই আমি সিনেমা থেকে সরে যাচ্ছি। অভিনয়ের শুরু থেকেই ভক্তদের পাশে পাওয়ার কথা উল্লেখ করে বিজয় বলেন, প্রথম দিন থেকেই আমি সব ধরনের সমালোচনার মুখোমুখি হয়েছি, এটা পুরোনো গল্প। কিন্তু আমার ভক্তরা শুরু থেকেই টানা ৩৩ বছর ধরে আমার পাশে থেকেছেন। আমি সিনেমায় এসেছিলাম একটি ছোট বালুর ঘর বানানোর স্বপ্ন নিয়ে, আর আপনারা আমাকে একটি প্রাসাদ উপহার দিয়েছেন। তাই যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য আমিও দাঁড়াব। ভক্তদের কৃতজ্ঞতার ঋণ শোধ করব। তিনি বলেন, জীবনে সফল হতে সব সময় বন্ধুর প্রয়োজন না–ও হতে পারে, কিন্তু শক্তিশালী এক শত্রু দরকার। শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেই আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। ভক্তদের উদ্দেশে বিজয় বলেন, ছোট একটি সাহায্য বা ছোট একটি ভালো কাজ ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে। কাউকে কষ্ট দেবেন না, কাউকে আঘাত করবেন না।

নুসরাত ফারিয়া চমকে দিলেন

নুসরাত ফারিয়া চমকে দিলেন বছরের শেষ মুহূর্ত দারুণ আনন্দেই কাটছে ঢাকাই নায়িকা নুসরাত ফারিয়ার। বেশ কিছুদিন ধরে কানাডা সফরে রয়েছেন নায়িকা। এর মধ্যে জানিয়েছিলেন, দেশটির ওটায়া শহরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার; জানিয়েছিলেন আমন্ত্রণও। এবার সেই অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেল নুসরাত ফারিয়াকে; নেচে সেখানকার মঞ্চ মাতালেন এই নায়িকা। রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছোট ভিডিও প্রকাশ করেন নুসরাত ফারিয়া। তাতে দেখা যায়, সাদা রঙের একটি গ্ল্যামারাস ফ্রিল ড্রেস এবং সাদা বুট পরে মঞ্চে ঝড় তুলেছেন ফারিয়া। ধারণা করা হচ্ছে, ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারের সেই জমকালো পারফরম্যান্স সেটি; আর ভিডিওটি মুহূর্তেই তার ভক্ত-নেটিজেনদের মাঝে সারা ফেলে বেশ। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে ফারিয়ার স্টাইলিশ মুভগুলো তার নাচের দক্ষতাও ফুটে ওঠে। এ সময় ফারিয়ার নাচের ভঙ্গি এবং অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করলেও কেউ কেউ মজাও নেন। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ নেচেছেন আপু।’ একজন জায়েদ খানের সঙ্গে তুলনা করে মজা করে লেখেন, ‘জায়েদ খান প্রো। বছরের শেষ সময়টা কানাডায় অবস্থান করছেন ফারিয়া। কখনো টরোন্টো আবার কখনো ওটায়ার পথঘাটে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করছেন। এর আগে ওটায়া থেকে শেয়ার করা ফারিয়ার একটি অফ-শোল্ডার কালো গাউন পরা ছবি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে। সেখানে নেটিজেনরা তাকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গেও তুলনা করেছেন। কানাডা ভ্রমণের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও। বড়দিন এবং নতুন বছরের আমেজ তারা একসাথেই উদযাপন করছেন। গত ২৬ ডিসেম্বর সেই ছবি প্রকাশ করে ফারিয়া লিখেছিলেন, ‘২৭ তারিখ দেখা হবে ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে।’ এরপরই ভক্তরা আশা বাঁধেন, নিশ্চয়ই জায়েদ খানের সঙ্গে জমকালো মঞ্চে একসঙ্গে মাতবেন তারা। যদিও নাচের এই ভিডিওতে জায়েদ খানকে দেখা যায়নি; তাই এক নেটিজেন মন্তব্য করেন, ‘জায়েদ খান কোথায়?’।

জঙ্গীর কথায় বাবুর সুরে ব্যান্ড উৎসব

জঙ্গীর কথায় বাবুর সুরে ব্যান্ড উৎসব  বাংলাদেশের ব্যান্ড সংগীত নিয়ে এক ব্যতিক্রমী ও স্মরণীয় আয়োজন নিয়ে আসছে বাংলাদেশ টেলিভিশন। প্রথমবারের মতো একটি মাত্র সংগীতানুষ্ঠানের জন্য দশটি ব্যান্ড গেয়েছে দশটি সম্পূর্ণ নতুন গান। এই অনন্য উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ব্যান্ড উৎসব ২০২৫’। অনুষ্ঠানটি প্রচার হবে বিটিভির পর্দায় আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর, প্রতিদিন রাত ১০টায়। এই আয়োজনের সবচেয়ে বড় নতুনত্ব হলো, দশটি গানের কথাই লিখেছেন একজন গীতিকার এবং দশটি গানের সুরই করেছেন একজন সুরকার। দেশের ব্যান্ড সংগীতাঙ্গনে এমন সমন্বিত প্রয়াস আগে কখনো দেখা যায়নি। দশটি নতুন গানের কথা লিখেছেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী। সুর করেছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের দলনেতা ও গুণী সুরকার ফুয়াদ নাসের বাবু। একই গীতিকার ও একই সুরকারের সৃষ্টিতে ভিন্ন ভিন্ন ব্যান্ডের কণ্ঠ ও সংগীতায়োজন এই বিষয়টিই ‘ব্যান্ড উৎসব ২০২৫’-কে করেছে বিশেষ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। গ্রন্থনা করেছেন আহমেদ তেপান্তর। এর উপস্থাপনায় দেখা যাবে ফেরদৌস বাপ্পীকে। বিটিভির এই উদ্যোগকে ব্যান্ড সংগীতের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আয়োজকদের মতে, নতুন গান সৃষ্টি ও ব্যান্ড সংস্কৃতিকে এগিয়ে নিতে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘দশটি নতুন গান একসঙ্গে একটি প্ল্যাটফর্মে উপস্থাপন করা বাংলাদেশের ব্যান্ড সংগীতের জন্য গর্বের বিষয়। এই নান্দনিক ও সাহসী উদ্যোগের জন্য বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে সুরকার ফুয়াদ নাসের বাবুও এই আয়োজনে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন।‘ব্যান্ড উৎসব ২০২৫’ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং এটি নতুন গান তৈরির প্রতি উৎসাহ, ব্যান্ড সংগীতের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে থাকবে এমনটাই আশা করছেন সংগীতপ্রেমীরা।