কুদ্দুস বয়াতি এক সময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে

কুদ্দুস বয়াতি এক সময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে এখন ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা করছেন। দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতিও এটি নিয়ে সবর হয়েছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘এক সময় ইন্ডিয়া কারও সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে যেমন ইন্ডিয়া বনাম ভারত। গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। তখন অধিকাংশ পরিচালক কঠোর পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত পরিবর্তন করে তারা ভারতে বিশ্বকাপ না যাওয়ার পথে শর্তিত হন। বিসিবির ক্রীড়া বিভাগের প্রধান নাজমুল আবেদীন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব। এরপর বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। গতকাল উগ্রপন্থিদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়টি সামনে আসে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মূলত এই কারণে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিন ভারতের কলকাতায় বাংলাদেশের ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। আজ সকালে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলও ঘোষণা করে বিসিবি।

চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন   চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। রবিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু। উন্নত চিকিৎসার জন্য গত বছরের জুলাইয়ে তাকে দেশের বাইরেও নেওয়া হয়। তারপর সবকিছু ঠিকই চলছিল। তবে রবিবার (৪ জানুয়ারি) তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পরপারে পাড়ি জমালেন এই চিত্রগ্রাহক। আব্দুল লতিফ বাচ্চুর শ্যালক ও প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়োর হোসেন বুলু বলেন, “তার ফুসফুস সংক্রমিত হয়েছিল। তাছাড়া ডায়াবেটিস, কিডনির জটিলতাও ছিল। সকাল থেকে অসুস্থ বোধ করছিলেন। এরপর দ্রুত ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা শেষে জানান, সাড়ে ১২টায় মারা গেছেন তিনি। আব্দুল লতিফ বাচ্চুর তিন ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী, তাদের দেশে ফেরা পর্যন্ত বাবার মরদেহ হিমঘরে রাখা হবে। তারা দেশে ফেরার পর দাফনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন বুলু। ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। স্বাধীনতা যুদ্ধের আগে চিত্রগ্রহণের কাজে যুক্ত হন তিনি। সহকারী হিসেবে কাজ শুরু করেন। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’ সিনেমায় বিখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমায় একক ক্যারিয়ার শুরু করেন। সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর চিত্রা জহিরের প্রযোজনা ও কাজী জহিরের পরিচালনায় কাজ করেন ‘অবুঝ মন’ সিনেমায়। এরপর ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান। ‘যাদুর বাঁশি’, ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’, ‘প্রতারক’ তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা। ৬৫টি সিনেমায় পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন আব্দুল লতিফ বাচ্চু। মোট ৯টি সিনেমা নির্মাণ করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু সম্মাননা পেয়েছেন।

রুনা খান মাসে ৫ দিনের বেশি কাজ করি না

রুনা খান মাসে ৫ দিনের বেশি কাজ করি না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কোনো কিছুর প্রতিই তিনি খুব কট্টর বা উগ্র নন, বরং জীবনের প্রতিটি বাঁককে একটি জার্নি বা ভ্রমণ হিসেবে দেখতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। রুনা খান বলেন, ‘ব্যক্তি মানুষ হিসেবে আমি কোনো কিছুরই খুব কট্টর সমালোচক নই। জীবনের সবকিছুই আপেক্ষিক। যেকোনো নতুন চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি। কারো ভালো লাগবে, আবার কারো লাগবে না এটাই স্বাভাবিক। আমাদের উচিত সবকিছু আর একটু সহজ করে দেখা। নিজের কাজ করার ধরণ নিয়ে এই অভিনেত্রী জানান, গত ১৫ বছর ধরে তিনি একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও কাজের সংখ্যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। রুনা বলেন, ‘আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিন বছরের একটা বিরতি নিয়েছিলাম। এরপর থেকে এখন পর্যন্ত বছরে মাত্র তিন থেকে চারটি কাজ করি। বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে কাজের প্রচার বাড়লেও নিজের অবস্থানে তিনি স্থির আছেন বলে জানান। তার কথায়, ‘১০ বছর আগেও আমি বছরে ৪-৫টি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই বড় কথা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে রুনা খানের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে কাজের সংখ্যার চেয়ে কাজের গুণগত মান এবং ব্যক্তিগত প্রশান্তিকেই তিনি সবসময় প্রাধান্য দিয়ে আসছেন।

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার রাফাহ সীমান্ত পরিদর্শন করেছেন

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার রাফাহ সীমান্ত পরিদর্শন করেছেন গাজার রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করেছেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী এবং মানবিক সহায়তা ও অধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি। শুক্রবার (২ জানুয়ারি) গাজা ও বাইরের বিশ্বের মধ্যকার একমাত্র যাতায়াত পথ এই রাফাহ সীমান্তে গিয়ে তিনি মানবিক সহায়তা সংস্থাগুলোর সঙ্গে দেখা করেন এবং গাজার ফিলিস্তিনিদের বর্তমান অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেন। প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের এ সফরে জোলি ‘মিসরীয় রেড ক্রিসেন্ট’-এর গুদামগুলো ঘুরে দেখেন। সেখানে গাজার জন্য পাঠানো জরুরি ত্রাণসামগ্রী জমা রাখা হয়েছে। এই সীমান্ত বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, যা গাজায় ত্রাণ প্রবেশে মারাত্মক বাধা সৃষ্টি করছে। হলিউড অভিনেত্রী আল-আরিশ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন, যেখানে গাজা থেকে আসা আহত ফিলিস্তিনিরা চিকিৎসা নিচ্ছেন। সেখানকার চিকিৎসকেরা অনবরত আহত রোগী আসার ফলে চিকিৎসাব্যবস্থার ওপর কতটা প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে, সে বিষয়ে জোলিকে জানান। উত্তর সিনাইয়ের গভর্নর মেজর জেনারেল খালেদ মুজাওয়ার হলিউড অভিনেত্রী জোলিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই সংকটময় সময়ে আপনার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ত্রাণবাহী ট্রাকচালক জোলিকে বলছেন, ‘আমরা ভয় পাই না, প্রয়োজনে হাজারবার গাজায় ঢুকব। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর তেল আবিব রাফা সীমান্তটি উভয়মুখী চলাচলের জন্য আবার খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে। গত ১০ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সীমান্ত খোলার কথা ছিল। কিন্তু ইসরায়েল তখন কেবল ফিলিস্তিনিদের গাজা থেকে বের হওয়ার অনুমতি দেওয়ার কথা বলেছিল।

জয়ার প্রথম নতুন বছরে সিনেমা ‘ওসিডি’

জয়ার প্রথম নতুন বছরে সিনেমা ‘ওসিডি’ জয়া আহসান নতুন বছর শুরু করছেন সিনেমা মুক্তির ঘোষণা দিয়ে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে সমান তালে কাজ করে যাওয়া এই অভিনেত্রীর গত বছরজুড়ে মুক্তি পেয়েছে একের পর এক সিনেমা। এর মধ্যে রয়েছে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’ ও ‘ডিয়ার মা’। সেই ধারাবাহিকতায় নতুন বছর জয়া পেক্ষাগৃহে আসছেন আগামী ৬ ফেব্রুয়ারি। বছরের প্রথম দিনেই নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেন তিনি। পোস্টার প্রকাশ করে জয়া জানান, পশ্চিমবঙ্গে ওই দিন মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘ওসিডি’। সৌকর্য ঘোষাল পরিচালিত এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামে চিকিৎসকের চরিত্রে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত, মানসিক ট্রমা ও অবদমিত যন্ত্রণাকে কেন্দ্র করে। সিনেমার পোস্টার শেয়ার করে জয়া আহসান লিখেছেন, “মনের কোণের সব দীনতা-মলিনতা ধুইয়ে দাও। উল্লেখ্য, ২০২১ সালে ‘ওসিডি’ সিনেমার শুটিং শেষ হলেও এতদিন মুক্তির অপেক্ষায় ছিল। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি। সিনেমাটি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, “এই সিনেমাটি আমার কাছে এক ধরনের প্রতিবাদের ভাষা। এখানে এমন অনেক মানুষ ও শিশুর গল্প তুলে ধরা হয়েছে, যারা প্রতিনিয়ত এমন ঘটনার শিকার হয়, যা তারা কখনো মুখ ফুটে বলতে পারে না। পরিবারকে পাশে না পেয়ে তারা চুপ করে যায়, আর অপরাধীরা সমাজে নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। এর মাঝখানে নষ্ট হয়ে যায় একটি জীবন। এর আগে সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘ভূতপুরী’ সিনেমায় অভিনয় করেন জয়া আহসান। এবার এই নির্মাতা-অভিনেত্রী জুটির নতুন কাজ হিসেবে আসছে ‘ওসিডি’।

আশিষ-রূপালী দুর্ঘটনার কবলে তারকা জুটি 

আশিষ-রূপালী দুর্ঘটনার কবলে তারকা জুটি  ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা আশিষ বিদ্যার্থী ও তার স্ত্রী রূপালী বড়ুয়া সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। শুক্রবার রাতে আসামের গুয়াহাটির জু রোডের কাছে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও দুজনেই শঙ্কামুক্ত বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঘটনার রাতে গুয়াহাটির গীতানগর থানা এলাকার একটি রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলেন আশিষ ও রূপালী। ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ নামের ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাত দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে ভারসাম্য হারিয়ে দুজনেই রাস্তায় পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এই ঘটনায় মোটরবাইক চালক নিজেও আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গীতানগর থানার পুলিশ। তারা তাৎক্ষণিকভাবে দম্পতিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অন্যদিকে আহত বাইকচালককে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে নিজেই এক ভিডিও বার্তা শেয়ার করেছেন আশিষ বিদ্যার্থী। ভিডিওতে তিনি বলেন, ‘আমি এবং রূপালী রাস্তা পার হচ্ছিলাম, তখনই একটি বাইক আমাদের ধাক্কা দেয়। আমরা দুজনেই এখন স্থিতিশীল আছি। রূপালী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে। আমার সামান্য চোট লেগেছে ঠিকই, তবে আমি পুরোপুরি সুস্থ আছি। আপনারা চিন্তিত হবেন না। উল্লেখ্য, ষাটোর্ধ্ব এই অভিনেতা গত বছর রূপালী বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বর্তমানে তারা গুয়াহাটিতে ব্যক্তিগত সফরে রয়েছেন।

আজ থেকে তিন প্রজন্মের গল্প

আজ থেকে তিন প্রজন্মের গল্প পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে নির্মিত ‘পরম্পরা’ ধারাবাহিক নাটকটি আজ শনিবার থেকে প্রচারে আসছে। সপ্তাহে প্রতি শনি-বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এটি দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে। ‘পরম্পরা’ মূলত তিন প্রজন্মের জীবনবোধ, মূল্যবোধ ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত একটি পারিবারিক আখ্যান। ইংল্যান্ডে বেড়ে ওঠা নাহিয়ান দীর্ঘদিন পর ঢাকায় ফিরে এসে নিজেকে নতুন সামাজিক ও পারিবারিক পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায়। তার আধুনিক জীবনধারা ও চিন্তাভাবনার সঙ্গে যৌথ পরিবারের সদস্যদের ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব শুরু হয়। একই ছাদের নিচে তিন প্রজন্মের ভালোবাসা, সংঘাত, মানিয়ে নেওয়ার চেষ্টা এবং সম্পর্কের গভীরতা ধীরে ধীরে গল্পকে নিয়ে যায় নানা আবেগী মোড়ে। ব্যক্তিগত স্বপ্ন ও ভালোবাসার দ্বন্দ্বের মাঝেই সবাই উপলব্ধি করে- সময়ের সঙ্গে সমাজ বদলালেও সম্পর্কের বন্ধন চিরস্থায়ী। এই উপলব্ধির মধ্যদিয়েই এগিয়ে যায় তিন প্রজন্মের ‘পরম্পরা’র আখ্যান। ‘পরম্পরা’র চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় ‘পরম্পরা’য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।

নাজিফা তুষি দর্শক গ্রহণ না করলে কাজ করে লাভ কী

নাজিফা তুষি দর্শক গ্রহণ না করলে কাজ করে লাভ কী এ সময়ের জনপ্রিয় মুখ ঢালিউড অভিনেত্রী নাজিফা তুষি অভিনীত ‘রইদ’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে গত বছরের ১৬ ডিসেম্বর, যা বিশ্বব্যাপী দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ‘হাওয়ার’ চেয়েও চ্যালেঞ্জিং কাজ বলে জানিয়েছেন সিনেমাসংশ্লিষ্টরা। ট্রেলারটি প্রকাশের পর থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি স্মরণীয় মাইলফলক হবে বলে অনেকে আশা করছেন, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন হাওয়াখ্যাত অভিনেত্রী নাজিফা তুষি। নতুন বছরেও অভিনেত্রীর একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তার ক্যারিয়ারের শুরু থেকেই সংখ্যার চেয়ে কাজের মানের দিকে বেশি গুরুত্ব দিয়ে আসছেন। ব্যক্তিগত জীবনের সঙ্গে কাজের ধরনের তুলনা করার কারণে প্রায়ই আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় অনেক অভিনয়শিল্পীকে। তিনি বলেন, আর্থিক চাপ এলেও তিনি তার নীতিতে অটল থাকেন। চাপ আসে, অস্বীকার করব না। কিন্তু সেটি মেনেই চলতে হয়। তুষি বলেন, আমি অভিনয় করতে এসেছি, শিল্পচর্চা করতে এসেছি শুধু অর্থের পেছনে ছুটতে নয়। কোয়ালিটির প্রতি বিশ্বাস রাখলে সম্মান আর অর্থ দুটোই একদিন আসে। আগামী কাজের পরিকল্পনা সম্পর্কে অভিনেত্রী বলেন, গত বছর সম্পন্ন হওয়া কাজগুলো চলতি বছরে পর্যায়ক্রমে দর্শকদের সামনে আসবে। বর্তমানে সেগুলোর দিকেই বেশি মনোযোগ তার। এ ছাড়া ‘রইদ’ সিনেমার আন্তর্জাতিক সফর ও মুক্তির জন্য অপেক্ষা করছেন তিনি। তুষি বলেন, ‘রঙ্গমালা’ সিনেমার বাকি অংশের শুটিং এবং একটি ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে। এর পাশাপাশি আরও একটি নতুন কাজের প্রস্তুতিও বর্তমানে প্রক্রিয়াধীন। সব মিলিয়ে চলতি বছরটি কাজের মধ্যেই কাটাতে চান বলে জানান এ অভিনেত্রী। অভিনেত্রী বলেন, আমি ব্যক্তিগত জীবনেও হিসাব করে চলি। হুট করে সিদ্ধান্ত নিই না। ক্যারিয়ারেও সেটির প্রভাব পড়েছে। শুরু থেকেই বেছে বেছে কাজ করেছি। শুধু সংখ্যার জন্য কোনো প্রজেক্টে জড়াইনি। দর্শক গ্রহণ না করলে কাজ করে লাভ কী বলে জানান তুষি।

শুটিং শুরুর পরই আল্লু অর্জুনের সিনেমার আয় ৮১৪ কোটি টাকা?

শুটিং শুরুর পরই আল্লু অর্জুনের সিনেমার আয় ৮১৪ কোটি টাকা? ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে পরিচালক অ্যাটলি কুমারের বড় বাজেটের সিনেমা নির্মাণের ফিসফাস দীর্ঘ দিন ধরে উড়ছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন আল্লু অর্জুন। কেবল তাই নয়, শুটিং ফ্লোরে গড়িয়েছে সিনেমাটি। আপাতত এর নাম রাখা হয়েছে—এএ২২×এ৬’।  শুটিং শুরুর পরই মোটা অঙ্কের অর্থ আয়ের খবর পাওয়া গেছে। সিনে জোশ এক প্রতিবেদনে জানিয়েছে, শুরু থেকেই তুমুল আলোচনায় রয়েছে ‘এএ২২×এ৬’ সিনেমা। আল্লু অর্জুনের এ সিনেমার সব ভাষার ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কেনা নিয়ে দৌড়ঝাঁপ করছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। এর মধ্যে নেটফ্লিক্স ৬০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮১৪ কোটি টাকার বেশি) দিয়ে স্বত্ব কেনার প্রস্তাব দিয়েছে। এ নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে; এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সম্ভাব্য এই চুক্তি সিনেমাটি ঘিরে প্রত্যাশা ও বিশালতার পরিসরের জানান দিচ্ছে। বর্তমানে মুম্বাইয়ে জোরকদমে সিনেমাটির শুটিং চলছে। কড়া সময়সূচির মধ্য দিয়ে কাজ এগোচ্ছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, রাশমিকা মান্দানা, মৃণাল ঠাকুর প্রমুখ। ‘এএ২২×এ৬’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও ব্লকবাস্টার পরিচালক অ্যাটলি কুমার। সিনেমাটির বাজেট ১ হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৫৬ কোটি টাকার বেশি); যা ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে।  সান পিকচার্স প্রযোজিত এ সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন হলিউডের শীর্ষস্থানীয় ভিএফএক্স বিশেষজ্ঞরাও। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সিনেমাটির কাজ শেষ করার লক্ষ্য স্থির করেছেন নির্মাতারা। ২০২৭ সালের গ্রীষ্মে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

‘মহল্লা’য় রহস্যজনক চরিত্রে মেঘনা আলম

‘মহল্লা’য় রহস্যজনক চরিত্রে মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন। ফরিদুল হাসানের পরিচালনায় দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’য় রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে। এটিই মেঘনা আলমের অভিনয়জীবনের প্রথম কাজ। অভিনয় অভিজ্ঞতা প্রসঙ্গে মেঘনা আলম বলেন, “মিস আর্থ হওয়ার আগে মিডিয়া বা বিনোদন জগতে আমার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। তখন আমি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই স্বপ্ন ছিল— একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার অভিনয়ে এলাম। প্রথম কাজের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল।” নাটকটির সংশ্লিষ্ট সূত্র জানায়, ধারাবাহিক ‘মহল্লা’র ২৭তম পর্বে মেঘনা আলমকে দেখা যাবে। পর্বটি প্রচারিত হবে আগামী ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম পরিবেশ আন্দোলন ও কৃষিভিত্তিক বিভিন্ন ইস্যুতে সেমিনার-সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। শুধু তাই নয়, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।