আমি ৩ মাস চোখে দেখিনি: অজয় দেবগন

আমি ৩ মাস চোখে দেখিনি: অজয় দেবগন বলিউড অভিনেতা অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। দীর্ঘ বিরতির পর রোহিত শেঠি নির্মাণ করেছেন এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সিংহম এগেন’। সবকিছু ঠিক থাকলে আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিংহম এগেন’। এরই মধ্যে নন থিয়েটিক্যাল রাইটস বিক্রি করে মোটা অঙ্কের অর্থ আয় করেছেন নির্মাতা রোহিত। কিন্তু এ সিনেমার শুটিং করতে গিয়ে চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন অজয়। বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। গত ৬ অক্টোবর আলোচিত এ শোয়ের ১৮তম সিজন শুরু হয়েছে। অতীতের মতো এবারো শোটি সঞ্চালনা করছেন সালমান খান। কয়েক দিন আগে এ শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে চোখে আঘাত পাওয়ার কথা জানান অজয় দেবগন। বিগ বসের মঞ্চে যখন অজয় দেবন পা রাখেন, তখন তার চোখে মোটা এবং রঙিন চশমা ছিল। চোখে কোনো আঘাত পেয়েছেন কিনা তা জানতে চান সালমান খান। জবাবে অজয় দেবগন বলেন, ‘আমাকে ছোট একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি ২-৩ মাস চোখে দেখিনি। তবে এখন আমি ভালো আছি।’অজয়ের এ কথা শুনে অনেকটা কটাক্ষ করে সালমান খান বলেন, ‘মারামারি করলে তো এমনটা হতেই থাকবে।’ অজয়ের ‘সিংহম এগেন’ সিনেমায় লেডি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। অজয়-দীপিকা ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন— অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রণবীর সিং প্রমুখ। এতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।  রোহিত শেঠি পরিচালিত এ ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান অজয়। এবারো রুপালি পর্দায় ‘বাজিরাও সিংহম’-এর গর্জন দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

‘শুটিংয়ে মাধুরী-বিদ্যা আসার পর আমার উথালপাথাল অবস্থা’

‘শুটিংয়ে মাধুরী-বিদ্যা আসার পর আমার উথালপাথাল অবস্থা’ আনিস আজমি পরিচালিত বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। তবে সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে ছিলেন না মঞ্জুলিকা চরিত্র রূপায়নকারী অভিনেত্রী বিদ্যা বালান। এবার দেখা মিলবে তার, সঙ্গে রয়েছেন মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান। মজার ব্যাপার হলো, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক। এতে রাজার বডিগার্ডের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন কাঞ্চন। তবে ট্রেইলার মুক্তির পর খবরটি আর চাপা থাকে না। বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন কাঞ্চন মল্লিক। চিরচেনা ভঙিতে ভারতীয় গণমাধ্যমে কাঞ্চন মল্লিক বলেন, “মাধুরী এলেন, বললেন ‘নমস্কার’। ততক্ষণে আমার কৈশোর, যৌবন উথালপাথাল হয়ে গিয়েছে।” কাঞ্চনের অভিনয়ের প্রশংসা করেছেন মাধুরী। তা জানিয়ে কাঞ্চন মল্লিক বলেন, ‘শট হলো। আমরা একসঙ্গে অভিনয় করলাম। তখনো আমি ভাবতেই পারছি না, কী ঘটে গেল আমার সঙ্গে! কাজ শেষ হতেই মাধুরী দীক্ষিত আমার দিকে তাকিয়ে বললেন, ‘ভেরি নাইস (খুব ভালো)।’ মনে হলো, ওরে তোরা আমায় ছেড়ে দে, আমি বাড়ি যাই। বাড়ি ফিরেই সে কথা শ্রীময়ীকে বললাম। ওমা! সে আমাকে বলে, ‘রাখো তো!’ আসলে বাংলার ওই প্রবাদটা বড় সত্যি, ‘গেঁয়ো যোগী ভিখ পায় না।” বিদ্যা বালানে মুগ্ধ কাঞ্চন মল্লিক বলেন, “বিদ্যার ওই লাস্য, সৌন্দর্যে মুগ্ধ না হয়ে উপায় নেই। বিদ্যা বোধহয় আমাদের থেকে কোনো অংশে কম বাঙালি নন। একদিন খুব গরম পড়েছে। হাঁসফাঁস অবস্থা। আমি বললাম, ‘উফ কী গরম!’ বিদ্যা আমার পাশে দাঁড়িয়ে বলে ফেললেন, ‘কী কেলেঙ্কারি কাণ্ড বলুন তো!’ আমি তো চমকে গেছি বিদ্যার মুখে ‘কেলেঙ্কারি’ শুনে! সে কথা বলতেই বিদ্যা বললেন, ‘আমি একটা বাংলা কবিতাও বলতে পারি, ‘শুনতে পেলাম পোস্তা গিয়ে/ তোমার নাকি মেয়ের বিয়ে। এরপর সত্যিই আমার আর কিছু বলার ছিল না।” কাঞ্চন ভেবেছিলেন কার্তিক আরিয়ান অহংকারী হবেন। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এ তথ্য উল্লেখ করে কাঞ্চন মল্লিক বলেন, “বলিউডের শিল্পীরা কেউ দাম্ভিক নন। আমি তো ভেবেছিলাম, নতুন প্রজন্মের নায়ক কার্তিক আরিয়ান খুব অহংকারী হবেন। কিন্তু একটু মেলামেশার পর খুব সহজ হয়ে গেলেন। কার্তিকও বুঝে ফেললেন আমি আসলে বিরাট ‘ফচকে’। শুনলাম, কলকাতায় এসেও কার্তিক আমার কথা বলেছেন। আমায় মনে রেখেছেন, এটাই আমাদের বন্ধুত্বের নিদর্শন।” ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় আরো অভিনয় করেছেন— তৃপ্তি দিমরি, রাজেশ শর্মা, বিজয় রাজ, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা প্রমুখ। ভুষণ কুমার প্রযোজিত এ সিনেমা আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ২০০৭ সালে পরিচালক প্রিয়দর্শন নির্মাণ করেন ‘ভুল ভুলাইয়া’ সিনেমা। এতে অভিনয় করেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, আমিশা পাটেল প্রমুখ। দীর্ঘ বিরতি নিয়ে প্রযোজক সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করেন। ‘ভুল ভুলাইয়া টু’ পরিচালনা করেন আনিস আজমি। অভিনয় করেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি। দুটো সিনেমাই বক্স অফিসে ভালো সাড়া ফেলে।

কালজয়ী গানের রিমিক্সে বিরক্ত এ আর রহমান

কালজয়ী গানের রিমিক্সে বিরক্ত এ আর রহমান পুরোনো গান রিমিক্স করে নতুন সিনেমায় চালিয়ে দেওয়ার ব্যাপারটা বলিউডে নতুন কোনো ঘটনা নয়। বলা যায়, ট্রেন্ডে পরিণত হয়েছে এটি। এবার এই পুরোনো গান রিমিক্স করার বিষয়টি নিয়ে রীতিমতো নিজের ক্ষোভ উগরে দিলেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে পুরোনো গান রিমিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিয়ে কথা বললেন এ আর রহমান। বলিউডে ৯০ দশকের শেষের দিক থেকে শুরু হয়েছিল হিন্দি গান রিমিক্স করার ব্যাপারটি। কিন্তু বেশ কয়েক বছরে এটি নতুন একটি রূপ নিয়েছে। আগে তাও পুরনো গানের রিমিক্স করার ব্যাপার ছিল কিন্তু এখন ৫ থেকে ৬ বছর আগের গানও রিমিক্স করে চালিয়ে দেওয়া হচ্ছে। এ আর রহমান বলেন, এই রিক্রিয়েট গানগুলো ব্যবহার করা হচ্ছে আসল গায়ক বা সংগীত পরিচালকের অনুমতি ছাড়াই। পুরোনো গান রিমিক্স করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সম্ভব কিন্তু বাণিজ্যিকভাবে কখনও এটি ব্যবহার করা উচিত নয়। ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনি পোস্ট করার সময় অনুমতি নাও চাইতে পারেন কিন্তু যখন এটি নিয়ে আপনি ব্যবসা করছেন তখন অনুমতি নেওয়াটা উচিত। সংগীতে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহারের বিষয়টি নিয়েও কথা বললেন এ আর রহমান। সংগীত পরিচালক বলেন, এআই ব্যবহার করে যে সব সংগীতকে পুনরায় তৈরি করা হচ্ছে তাতে কিন্তু সুরকারকে কোনো অর্থ প্রদান করা হচ্ছে না। সুরকরের স্টাইল অক্ষুন্ন রেখেই শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গানগুলো নতুনভাবে তৈরি করা হচ্ছে, যা কখনওই উচিত নয়। সম্প্রতি তামিল সিনেমা ‘রায়ান’এবং বলিউড সিনেমা ‘অমর সিং চমকিলা’য় সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।

বিশ্বমঞ্চে জেসিয়া, পোশাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

বিশ্বমঞ্চে জেসিয়া, পোশাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলাম ক্যারিয়ারের শুরু থেকে নানা কারণে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন। সবকিছু পেছনে ফেলে সম্প্রতি অংশ নেন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায়। বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে নামেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নানা লুকে মঞ্চ মাতিয়েছেন এই মডেল। কখনো খোলামেলা পোশাকে উত্তাপ ছড়িয়েছেন আবার কখনো পোশাকের মাধ্যমে প্রতিবাদের বার্তা দিয়েছেন। গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ব্যবহৃত একগুচ্ছ শব্দ দিয়ে তৈরি পোশাকে থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে দেখা গেল এই মডেলকে। মূলত আন্দোলনের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা শব্দগুলো নিজের গাউনে তুলে ধরেন জেসিয়া। সোনালি রঙের স্লিট ককটেইল শাড়িতে ‘সোনার বাংলা’-কে বিষয়বস্তু করে তৈরি করা হয় জেসিয়ার এই পোশাক। পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্র_জনতা’, ‘#মুক্ত_বাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#কোটা_বাতিল’, ‘#সমান_অধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#কোটা_বাতিল’, ‘#বিচার_চাই’। ‘মিস গ্র্যান্ড ২০২৪’-এর গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র‌্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ হন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি। জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকায়। সেখানেই শেষ হয় এই মডেলের যাত্রা। তবে বিশ্বমঞ্চে আরো একবার বাংলাদেশের নাম তুলে ধরেছেন তিনি। প্রসঙ্গত, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন জেসিয়া ইসলাম। তারপর নানা ঘটনায় অনেকবারই আলোচনায় এসেছেন তিনি। এরমধ্যে প্রেম-বিচ্ছেদ, অভিনয়-মডেলিং সবই সমান তালে করেছেন জেসিয়া।

শাকিবের ‘বরবাদে’ ওপার বাংলার যীশু!

শাকিবের ‘বরবাদে’ ওপার বাংলার যীশু! ঢালিউড কিং শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’। ভারতের মুম্বাইয়ে সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ নায়ক। এটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ শাকিবের আলোচিত সিনেমা। এর কাস্টিং নিয়ে নানা সময় নানা চমকের গুঞ্জন শোনা গেছে। এবার জানা গেল, সিনেমাটিতে অভিনয় করবেন ভারতীয় বাংলা সিনেমার গুণী অভিনেতা যীশু সেনগুপ্ত। এ সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ভারতীয় একটি গণমাধ্যম জানায়, গত ২২ অক্টোবর মুম্বাইয়ে পৌঁছান শাকিব খান। ২৪ অক্টোবর সেখানে শুরু হয় তার অংশের শুটিং। আগামী এক মাস মুম্বাইয়ে অবস্থান করবেন এই নায়ক। গত ২৩ অক্টোবর থেকে শুটিং শুরু করেন  ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী। পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ঘরানার সিনেমা দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবেন না।’ সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব-ইধিকা জুটির দ্বিতীয় সিনেমা ‘বরবাদ’।

‘ভেবেছিলাম গৌরী বোধহয় বাঁচবে না

‘ভেবেছিলাম গৌরী বোধহয় বাঁচবে না বলিউড কিং শাহরুখ এবং গৌরী খানের প্রথম সন্তান আরিয়ান খান। ১৯৯৭ সালে আরিয়ানের জন্ম। আরিয়ানের জন্ম দিতে গিয়ে নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন গৌরী খান। শাহরুখের মনে হয়েছিল, হয়তো গৌরী বাঁচবেন না। পরিস্থিতি দেখে শাহরুখের নাকি সন্তানের কথা মনেই ছিল না! তিনি মনে প্রাণে চাচ্ছিলেন, গৌরী যেন সুস্থ হয়ে ওঠে। `কফি উইথ করণ’ শোতে শাহরুখ খান বলেন, ‘আরিয়ানের জন্মের সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলাম। আমি দেখছিলাম গৌরী ঠক ঠক করে কাঁপছে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলো ও বোধহয় বাঁচবে না। সে সময় সন্তানের কথা মাথাতেই ছিল না। সন্তানকে তেমন গুরুত্বপূর্ণ মনেই হয়নি।ভয় পাচ্ছিলাম গৌরীকে নিয়ে।’  শাহরুখ খান আরও বলেছেন, `আমি কখনও ভাবিনি গৌরী খুব ভালো মা হয়ে উঠবে। কিন্তু সে ভালো মা হয়ে উঠতে পেরেছে।  যে সংসারে আমার মতো বাবা আছে সেখানে ঠিক ওর মতো মায়ের প্রয়োজন। আমি জীবনে অনেক ভুল করেছি। অনেক খারাপ কাজও করেছি। কিন্তু গৌরী নীরব থেকেছে, আমাকে সামলেছে। গৌরীই তাকে মাটির মানুষ হতে শিখিয়েছে।’ উল্লেখ্য, ৩৩ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান ও গৌরী খান। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। আরিয়ান, সুহানা ও আব্রাম।

এবার অস্ত্রোপচার ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন আলিয়া

এবার অস্ত্রোপচার ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন আলিয়া বরাবরই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অস্ত্রোপচার করে চেহারা বদলেছেন এমন গুঞ্জন নিয়ে সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে। কখনও বলা হয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে তিনি গালের অতিরিক্ত চর্বি বাদে দিয়েছেন। কখনও বলা হয়েছে, নাকে অস্ত্রোপচার করিয়েছেন। এমনকি সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয়েছে, অস্ত্রোপচার করতে গিয়ে তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। তাই নাকি কথা বলার সময়ে আলিয়ার মুখ এক দিকে বেঁকে যায়। এসব দাবির বিরুদ্ধে এবার মুখ খুলেছেন আলিয়া। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেওয়া এক পোস্টে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন তিনি। আলিয়া লিখেছেন, ‘যারা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আমার কোনও মতামত নেই। এটা তাঁদের ব্যক্তিগত অভিরুচি। কিন্তু এটা কী হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গিয়েছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে। আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত। একটা মানুষের মুখ নিয়ে আপনাদের মনগড়া মতামত এই সব! এই ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন! আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। আপনারা কি মশকরা করছেন?’ আলিয়া আরও লেখেন, ‘এই দাবিগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার কোনও প্রমাণ নেই। যুক্তি নেই। তার চেয়েও খারাপ হল, অল্পবয়সী ছেলেমেয়েদের এই সব আবর্জনার মতো মিথ্যে তথ্য জানান দিয়ে আপনারা প্রভাবিত করছেন। আপনারা এগুলো কি জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছেন? সব দাবি ভিত্তিহীন।’

মারা গেছেন ‘টারজান’ চরিত্রের রন এলি

মারা গেছেন ‘টারজান’ চরিত্রের রন এলি ‘টারজান’ চরিত্রের জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার লস আলামোসে নিজ বাড়িতে মারা যান তিনি। গতকাল ২৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে রন এলির মৃত্যুর খবর জানিয়েছেন তার মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি। অভিনেতার মৃত্যুর প্রায় একমাস পর পরিবারের পক্ষ থেকে তা প্রকাশ করা হলো। বিবিসি জানিয়েছে, রন এলির মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘পৃথিবী সর্বকালের সেরা একজন মানুষকে হারিয়েছে আর আমি হারিয়েছি বাবা।’ ষাটের দশকের টেলিভিশনে টারজান চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন রন এলি। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত হয় টারজান সিরিজটি। টারজান চরিত্রে অভিনয় করার সময় রনের বেশ কয়েকটি হাড় ভেঙেছিল। এমনকি পশুদের আক্রমণের শিকারও হয়েছিলেন তিনি। রন এলি ১৯৮০-এর দশকে ক্রুজ শিপভিত্তিক কমেডি ‘দ্য লাভ বোট’ এবং তারকা অভিনেত্রী লিন্ডা কার্টারের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান’সহ বিনোদনমূলক বেশ কিছু টেলিভিশন শোতে অভিনয় করেন। ২০০১ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর এলি লেখালেখি শুরু করেন এবং দুটি রহস্য উপন্যাস প্রকাশ করেন। ১৯৩৮ সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন রন এলি। ১৯৫৯ সালে স্কুলজীবনের বান্ধবীকে বিয়ে করলেও দুবছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। রন তিন সন্তান ও বহু অনুরাগী রেখে গেছেন।

১৬ মিলিয়ন অনুসারীর সঙ্গে কেক কাটলেন পরীমণি

১৬ মিলিয়ন অনুসারীর সঙ্গে কেক কাটলেন পরীমণি গ্ল্যামার-কন্যা পরীমণির জন্মদিন মানেই বিলাসবহুল আয়োজন। তার যেকোনো উদযাপন ভিন্নধর্মী এবং প্রশংসিত হয়। বিশেষ করে এই চিত্রনায়িকা জন্মদিনটি প্রতি বছর ভিন্ন আঙ্গিকে ঘটা করে উদযাপন করে থাকেন। যেকোনো একটি থিম নির্ধারণ করে সাজানো হয়, পরীমণির জন্মদিনের অনুষ্ঠান। তবে এবার বিলাসবহুল আয়োজন রাখেননি। ঘরোয়াভাবেই কাটছে তার বিশেষ দিনটি। গতকাল দিবাগত রাতে জন্মদিনের প্রথম প্রহরে খুব কাছের কয়েকজনকে নিয়ে কেক কাটেন পরীমণি। এই আনন্দ ভাগ করে নিতে রাত ১টার দিকে ১৬ মিলিয়ন অনুসারীর ফেসবুক পেজ থেকে আসেন এই নায়িকা। এসময় পরীমণি বলেন, ‘নানু ভাই আমার জীবনের সবকিছু। প্রতি বছর তাকে নিয়েই কেক কাটতাম। তাকে হারানোর পর বড় আয়োজনে কেক কাটছি না। তাকে ছাড়া মন স্থির করতে পারি না। গতবারের মতো এবারো কেক কাটতে চাইনি। কিন্তু কিছু ভালোবাসার মানুষদের জন্য না চাইলেও কেক কাটতে হয়েছে। সীমিত পরিসরে কাছের মানুষদের নিয়ে কেক কেটেছি। বিগত দিনে সহকর্মীদের নিয়ে ঘটা করে কাটা হতো। তবে দুই বছর ধরে তা হচ্ছে না। জন্মদিন উপলক্ষে পরীমণি চেয়েছিলেন যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে দূরে গিয়ে নিজের মতো করে একটি দিন কাটাবেন। তবে তা আর হয়নি। শারীরিকভাবে কিছুটা অসুস্থ তিনি। তা ছাড়া মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজের প্রচারণা ঘিরেও রয়েছে ব্যস্ততা। সবকিছু মিলিয়ে এবারের জন্মদিনটা ঘরোয়াভাবেই কাটছে পরীমণির। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমণি। খুব শিগগির ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হতে যাচ্ছে পরীমণির। ‘ফেলুবক্সী’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এ ছাড়া পরীমণি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ আগামী মাসে মুক্তি পাবে। মুক্তির মিছিলে রয়েছে ‘ডোডোর গল্প’ সিনেমা। এটি পরিচালনা করেছেন রেজা ঘটক।

হিপ-হপ তারকা আকালার সঙ্গে হোটেলে  অ্যাঞ্জেলিনা জোলি

হিপ-হপ তারকা আকালার সঙ্গে হোটেলে  অ্যাঞ্জেলিনা জোলি কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ব্রিটিশ হিপ-হপ তারকা আকালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। নতুন খবর, যুক্তরাজ্যের লন্ডনে রোমান্সে মেতেছেন জোলি-আকালা। প্রেমিক আকালার সঙ্গে হোটেলে রাত্রিযাপনও করেছেন এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এ খবর প্রকাশ করেছে। একটি সূত্র দ্য সান-কে বলেন, ‘অ্যাঞ্জেলিনা তার লন্ডনের হোটেল কোরিনথিয়াতে আকালার সঙ্গে গোপনে রাত্রিযাপন করেছেন। গত ১৬ অক্টোবর রাত ৮টার দিকে হোটেলে প্রবেশ করেন অ্যাঞ্জেলিনা। রাত ১০টার দিকে হোটেলে যান আকালা।’ হোটেলে টানা দুই রাত কাটান অ্যাঞ্জেলিনা-আকালা। এ তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, ‘বুধবার-বৃহস্পতিবার (১৬-১৭ অক্টোবর) রাত একসঙ্গে হোটেলে কাটান এ যুগল। শুক্রবার (১৮ অক্টোবর) বিএফআই সিনেমার প্রিমিয়ারের কয়েক ঘণ্টা আগে অ্যাঞ্জেলিনা জোলির গাড়িতে করে গোপনে হোটেল থেকে বেরিয়ে যান আকালা।’ এ প্রেমিক জুটি তাদের সম্পর্কের খবর গোপন রাখতে চান। এ তথ্য জানিয়ে সূত্রটি বলেন, ‘অ্যাঞ্জেলিনা-আকালা সম্পর্কের বিষয়টি গোপন রাখতে চান। এজন্য তারা আলাদা আলাদা গাড়ি করে গোপন প্রবেশপথ দিয়ে হোটেলে ঢুকেন।’ ‘মারিয়া কালার্স’ সিনেমার প্রচারের কাজে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন অ্যাঞ্জেলিনা জোলি। গত শুক্রবার শহরটির সাউথব্যাংক সেন্টারে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন অ্যাঞ্জেলিনা-আকালা। তবে তারা আলাদা আলাদাভাবে অনুষ্ঠানে যান। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে অ্যাঞ্জেলিনা জোলির। ১৯৯৬ সালে জনি লী মিলারকে বিয়ে করেন অ্যাঞ্জেলিনা জোলি। ২০০০ সালে ভেঙে যায় এ সংসার। একই বছর বিলি বব থর্টনকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে এ সংসারও ভেঙে যায়। দ্বিতীয় সংসার ভাঙার ১১ বছর পর অভিনেতা ব্র্যাট পিটকে বিয়ে করেন অ্যাঞ্জেলিনা জোলি। নানা কাদা ছোড়াছুড়ির পর ২০১৯ সালে তৃতীয় সংসারও ভেঙে যায় অ্যাঞ্জেলিনা জোলির।