নিজের ‘ডাকনাম’ প্রকাশ্যে আনলেন নুসরাত ফারিয়া

নিজের ‘ডাকনাম’ প্রকাশ্যে আনলেন নুসরাত ফারিয়া ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের অনুভূতি, ব্যক্তিজীবন ও কাজের কথা খানিকটা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। ফারিয়া বলেন, জীবনে উত্থান-পতন সব মানুষেরই থাকবে। তবে খারাপ সময়গুলো আমাকে বুঝিয়ে দিয়েছে, কে আপন কে পর। নিজের ডাকনাম প্রসঙ্গে অভিনেত্রী জানান, পারিবারিকভাবে দেওয়া তার নাম নুসরাত জাহান ফারিয়া। মা আদর করে ডাকনাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের অনেকে ফারিয়াকে সেতু নামেই সম্বোধন করেন। পডকাস্টে ফারিয়া আরও জানান, খুব শিগগিরই নতুন সিঙ্গেল নিয়ে আসছেন তিনি। এ ছাড়া নায়িকার জীবনের অজানা অনেক কথা জানা যাবে সেই পডকাস্টে। আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের নবম পর্ব। যেখানে অতিথি হয়ে এসেছেন নুসরাত ফারিয়া।
মুহূর্তে বদলে যাওয়া জীবনের কথা জানালেন ইমরান হাশমি

মুহূর্তে বদলে যাওয়া জীবনের কথা জানালেন ইমরান হাশমি বলিউডের কিসারখ্যাত অভিনেতা ইমরান হাশমি মানেই রোমান্টিক দৃশ্যের হাতছানি। তবে রুপালি পর্দার এ ‘সিরিয়াল কিসার’ বাস্তবজীবনে যে কতটা দায়িত্বশীল একজন বাবা, তা হয়তো আমরা অনেকেই জানি না। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে করুণ অধ্যায়ের কথা স্মরণ করেন এ অভিনেতা। কীভাবে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তার সাজানো জীবন এক নিমিষেই ওলটপালট হয়ে গিয়েছিল, সে কথাও জানান তিনি। ইমরান হাশমি বলেন, দিনটি ছিল আর পাঁচটা সাধারণ দিনের মতোই। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ লক্ষ্য করেন, পুত্র আয়ানের প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মনে। তিনি বলেন, দ্রুত আয়ানকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান আয়ানের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। অতিদ্রুত করাতে হবে অস্ত্রোপচার। এ অভিনেতা বলেন, জীবনটা যেন ওই ১২ ঘণ্টার মধ্যেই বদলে গিয়েছিল আমার। সেই সকাল থেকে সন্ধ্যার মধ্যে সব কিছু কেমন অচেনা হয়ে গেল। ছেলের এই অসুস্থতা ছিল আমার জীবনের সবচেয়ে বড় লড়াই বলে জানান ইমরান হাশমি। তিনি বলেন, ছেলের কষ্টের কথা শুনে শুরুতে ভেঙে পড়লেও পরে নিজেকে সামলে নেন তিনি। স্ত্রী ও পুত্রের সামনে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, যেন তারা সাহস না হারায়।উল্লেখ্য, অভিনেতা ইমরান হাশমি এ যন্ত্রণার প্রতিটি মুহূর্ত তিনি তুলে ধরেন তার লেখা বই ‘দ্য কিস অব লাইফ’-এ।
অভিনয়ের ৩০ বছর শেষে রানী মুখার্জির নতুন শুরু

অভিনয়ের ৩০ বছর শেষে রানী মুখার্জির নতুন শুরু বলিউডে অভিনয়জীবনের তিন দশক পূর্ণ হওয়ার সময় নতুন ছবি ‘মর্দানি ৩’ নিয়ে বড় পর্দায় ফিরেছেন রানী মুখার্জি। শিবানী শিবাজি রায়ের চরিত্রে প্রায় তিন বছর পর দর্শকের সামনে আসা এই ছবিকে ঘিরে নিজের দীর্ঘ অভিনয়জীবন, ব্যক্তিগত অনুভূতি ও না-বলা গল্পের কথা ভাগ করে নিয়েছেন তিনি। নতুন ছবির মুক্তি ও অভিনয়জীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে করণ জোহর এর সঙ্গে এক আড্ডায় অংশ নেন রানী মুখার্জি। সেখানে সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, ক্যারিয়ারের উত্থান পতন এবং ব্যক্তিগত জীবনের নানা স্মৃতিচারণা উঠে আসে। আড্ডার সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে শেষদিকে, যখন রানী ও আদিত্য চোপড়া র কন্যা আদিরার লেখা একটি চিঠি পড়ে শোনানো হয়। মেয়ের লেখা শুনে চোখে জল চলে আসে অভিনেত্রীর।মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস স্টুডিওতে আয়োজিত এ আয়োজনে কেক কেটে উদ্যাপন করা হয় রানীর তিন দশকের অভিনয়জীবন। ১৯৯৬ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ দিয়ে বড় পর্দায় অভিষেকের কথা স্মরণ করে তিনি বলেন, তখন তিনি ঠিক বুঝতেই পারেননি অভিনয়ের পথ কত দূর যাবে। মায়ের কথায় কাজে নেমে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টাই ছিল তার একমাত্র লক্ষ্য। ক্যারিয়ারের শুরুতে ইন্ডাস্ট্রির কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের আস্থার কথা তুলে ধরে রানী বলেন, আদিত্য চোপড়া, করণ জোহর, শাহরুখ খান ও আমির খান–এর বিশ্বাস তার পথচলাকে সহজ করেছে। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে টিনা চরিত্রে রানীর অভিনয়ের পেছনেও আদিত্য চোপড়ার পরামর্শ ছিল বলে জানান করণ জোহর, যা রানীর ক্যারিয়ারে নতুন গতি এনে দেয়। নিজের উল্লেখযোগ্য কাজের প্রসঙ্গে রানী ‘ব্ল্যাক’ ছবিকে ‘লাইভ অ্যাক্টিং স্কুল’ হিসেবে উল্লেখ করেন। সঞ্জয় লীলা বানসালি র নির্দেশনায় অমিতাভ বচ্চন এর সঙ্গে কাজ করা তাকে অভিনেত্রী হিসেবে সমৃদ্ধ করেছে বলেও জানান তিনি। ‘সাথিয়া’ ছবির বাস্তব লোকেশন ও সিঙ্ক সাউন্ড তার অভিনয়ে বাস্তবতা এনেছিল বলেও স্মরণ করেন রানী। ব্যক্তিগত জীবন প্রসঙ্গে স্বামী আদিত্য চোপড়ার সরলতা ও বিনয়কে তাদের সম্পর্কের শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। গোপন বিয়ের স্মৃতিচারণায় করণ জোহর জানান, মাত্র ১৮ জন অতিথি নিয়ে সেই বিয়ে হয়েছিল এবং বিষয়টি গোপন রাখতে তিনি নিজেও দারুণ চাপের মধ্যে ছিলেন। আড্ডার শেষ পর্যায়ে রানী বলেন, এই সময়টা তার কাছে এক ধরনের ‘পুনর্জন্ম’। তিন দশক পেরিয়েও নতুন করে শুরু করার অনুভূতি নিয়ে তিনি বলেন, মনে হচ্ছে ‘মর্দানি ৩’-ই তার প্রথম ছবি। বক্তব্যেই স্পষ্ট, দীর্ঘ পথচলার পরও নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই অভিনেত্রী।
চলচ্চিত্রের কালজয়ী গানের আসর

চলচ্চিত্রের কালজয়ী গানের আসর বাংলাদেশের চলচ্চিত্রের গান নিয়ে দেশের নন্দিত সংগীত সংগঠন ‘জলতরঙ্গ’ আয়োজন করছে ‘গান গেয়ে পরিচয়’ শীর্ষক সংগীত আসরের। আজ সন্ধ্যা ছয়টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের চলচ্চিত্রের কালজয়ী গানের সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি সব গীতিকার, সুরকার, শিল্পী ও বাদ্যযন্ত্রী। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই আয়োজনটি করছে জলতরঙ্গ। এ বছর বাংলাদেশের চলচ্চিত্র পা দিয়েছে তার সাত দশকে। দীর্ঘ সত্তর বছরের পথপরিক্রমায় সংগীতের নানাবিধ রূপান্তর ঘটেছে। ষাট, সত্তর ও আশির দশকের যে ‘সোনালি যুগ’ তা বাংলাদেশের চলচ্চিত্রের এক অমূল্য সম্পদ। জলতরঙ্গ প্রত্যাশা করে, সোনালি যুগের মতোই এখনকার গানগুলোও সেই আবেদন তৈরি করুক। প্রযুক্তির ইতিবাচক কল্যাণে তা সত্যিকার অর্থেই উৎকর্ষ লাভ করুক। জলতরঙ্গের সাধারণ সম্পাদক জাকির হোসেন তপনের সংগীত পরিচালনায় সংগঠনের শিল্পীরা চলচ্চিত্রের গানের বিভিন্ন তথ্যসহ ধারাবাহিকভাবে একুশটি গান পরিবেশন করবেন বলেও জানানো হয়। একক, দ্বৈত ও সমবেত কণ্ঠে পিচঢালা এই পথটারে, দুটি পাখি একটি ছোট্ট নীড়ে, ডাকে পাখি খোলো আঁখি, আবার এলো যে সন্ধ্যা, আমার বুকের মধ্যখানে, আকাশের হাতে আছে একরাশ নীল, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, মানুষ ধর মানুষ ভজসহ কালোত্তীর্ণ সব গান পরিবেশন করবেন তারা।
যেভাবে শিসপ্রিয়া হয়ে উঠলেন অবন্তী সিঁথি

যেভাবে শিসপ্রিয়া হয়ে উঠলেন অবন্তী সিঁথি নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথি। ভারতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান সারেগামাপা খ্যাত এই শিল্পী সম্প্রতি বেশ কিছু গান গেয়ে আলোচনায় এসেছেন। ২০২৩ সালের তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা বিভাগে নির্বাচিত হয়েছেন। গতকাল(২৯ জানুয়ারি) রাতে এ খবর পেয়ে চমকে গিয়েছিলেন এই গায়িকা। কম বয়সে ক্যারিয়ারে এমন প্রাপ্তি নিয়ে অনুভূতি ব্যক্ত করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন অবন্তী সিঁথি। তার ভাষায় ‘যেকোনো মানুষের কাছে রাষ্ট্রীয় সম্মাননা একটা কাঙ্ক্ষিত বিষয়। শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খবর পাওয়ার ঘটনা বর্ণনা করে অবন্তী সিঁথি বলেন, “টাইমলাইনে টাইপ করছি আর মুছে দিচ্ছি । লিখতে গিয়ে কেমন সব এলোমেলো হয়ে যাচ্ছে । রোজকার দিনের মতো একটা দিন। হঠাৎ হোয়াটসঅ্যাপে রবিউল ইসলাম জীবন ভাইয়ের একটা টেক্সট, সাথে অভিনন্দন। ছবিটা খুলে কিছুক্ষণ হা করে তাকিয়ে রইলাম। ভাবলাম, ঘুমের ঘোরেই আছি হয়তো! আবার দেখলাম, না সত্যিই আমার নাম! জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রজ্ঞাপনে সেরা গায়িকা ক্যাটাগরিতে আমার নাম! চমকে গেলাম! আরেহ এ রকম তো স্বপ্ন দেখতাম, সত্যি হলো কি করে! জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অবন্তী সিঁথি বলেন, “যেকোনো মানুষের কাছে রাষ্ট্রীয় সম্মাননা একটা কাঙ্ক্ষিত বিষয়। শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওনা। যারা আমাকে এই সম্মাননার যোগ্য মনে করেছেন তাদের কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা জানাই এই গানের স্রষ্টা তানজীব সরোয়ার এবং সাজিদ সরকারসহ ‘সুড়ঙ্গ’ সিনেমার সংশ্লিষ্ট কলাকুশলীকে, এই গানের সাথে আমাকে যুক্ত করবার জন্যে।বিশেষ মুহূর্তে বাবা-মাকে স্মরণ করে অবন্তী সিঁথি বলেন, “বাবা-মা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। পরিশেষে আমার সকল অনুরাগী, শ্রোতা এবং শুভানুধ্যায়ীদের অফুরন্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতা, যাদের অনুপ্রেরণা এবং ভালোবাসায় আমি অবন্তী সিঁথি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে ২৮ বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করা হয়। এতে শ্রেষ্ঠ গায়িকা বিভাগে পুরস্কার পাচ্ছেন অবন্তী সিঁথি। ‘গা ছুঁয়ে বলো’ গানের জন্য সিঁথি এই পুরস্কার পেতে যাচ্ছেন। গানটি তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন তানজীব সারোয়ার। গানটির কথা ও সুর করেছেন তানজীব সারোয়ার। এটি ‘সুড়ঙ্গ’ সিনেমায় ব্যবহার করা হয়েছে। জামালপুরে জন্ম ও বেড়ে ওঠা অবন্তী সিঁথির। ছোটবেলা থেকেই গানের সঙ্গে তার সখ্য। জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক আর দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার্থী থাকার সময় গান গেয়ে পরিচিতি পান। গিটার আর হারমোনিয়াম বাজানো ছোটবেলায় শিখেন। কলেজে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানেও গান করতেন সিঁথি। ২০০৩ ও ২০০৪ সালে লোকগান ও নজরুলসংগীত গেয়ে জাতীয় পুরস্কার পান অবন্তী সিঁথি। এ ছাড়া ২০০৫ সালে ক্ল্যাসিক্যাল ও লোকসংগীত গেয়ে পেয়েছেন ‘ওস্তাদ আলাউদ্দিন খান স্বর্ণপদক’। ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাদ পড়েন সিঁথি। ২০১২ সালে আবারও এই প্রতিযোগিতায় নাম লেখান। শেষ পর্যন্ত এ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন সিঁথি। ২০১৮ সালে ভারতীয় রিয়েলিটি শো সারেগামাপা-তে অংশ নিয়ে জনপ্রিয়তা লাভ করেন এই শিল্পী।
কলকাতায় সেরা অভিনেত্রীর সম্মাননা জয়ার হাতে

কলকাতায় সেরা অভিনেত্রীর সম্মাননা জয়ার হাতে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের অভিনয় জীবনে এলো নতুন এক সাফল্য। কলকাতায় জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’–তে দুর্দান্ত অভিনয়ের জন্যই এই স্বীকৃতি পেয়েছেন জয়া। পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া জানালেন, পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি গর্বিত। জি২৪ ঘণ্টার ‘বিনোদনের সেরা ২৪’ মঞ্চে এই সম্মান পাওয়া সত্যিই আনন্দের ও আবেগের। জয়ার এই সাফল্যে প্রশ্নংসা ও অভিনন্দনের বন্যা বইছে তার ভক্তদের মাঝে। কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা এবং সংস্কৃতিকর্মীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৪–৩৫ সালে। প্রায় ৯০ বছর পর সেই সাহিত্যকর্ম বড় পর্দায় রূপ পেয়েছে। গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে আরও অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, ধৃতিমান চ্যাটার্জি ও অনন্যা চ্যাটার্জি।
দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড়: অবশেষে মুখ খুললেন হিরণ

দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড়: অবশেষে মুখ খুললেন হিরণ ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক ও বিজেপির বিধায়ক হিরণ চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে অনিন্দিতা চ্যাটার্জির সঙ্গে ঘর বেঁধেছেন। তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনে নাইসা নামে একটি কন্যাসন্তান রয়েছে; যার বয়স ১৯ বছর। গত ২০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে দ্বিতীয় বিয়ের ঘোষণা দেন হিরণ। তার দ্বিতীয় স্ত্রীর নাম ঋত্বিকা গিরি। ২১ বছর বয়সি ঋত্বিকা পেশায় একজন মডেল। বিয়ের নানা মুহূর্তের ছবি দ্রুত অন্তর্জালে ছড়িয়ে পড়ে; শুরু হয় তোলপাড়। পরে তা সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন হিরণ। কিন্তু এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন ‘নবাব নন্দিনী’খ্যাত এই নায়ক। এই বিয়েকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন হিরণ। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। ঘটনার প্রায় ১০ দিন পর ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন হিরণ। বিজেপির এই বিধায়ক বলেন, “আমি এত দিন কলকাতায় ছিলাম না, চেন্নাইয়ে ছিলাম। যে বিষয়টি বিচারাধীন তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান তো করতে পারি না।” হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার দাবি—হিরণের সঙ্গে তার আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। ফলে ঋত্বিকাকে বিয়েটি আইনিভাবে বৈধ নয়। গত ২১ জানুয়ারি বিষয়টি নিয়ে থানায় মামলা করেছেন তিনি। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার কিছু বক্তব্য শুনেছেন ঋত্বিকা গিরি। তার কিছু বিষয় পরিষ্কার করা দরকার বলে মনে করেন তিনি। কয়েক দিন আগে ঋত্বিকা বলেন, “আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। উনাকে বিবাহবিচ্ছেদের আইনি চিঠি পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা আগেই করেছি। গত ৫ বছর বছর ধরে একসঙ্গে আছি। আর এসব বিষয় অনিন্দিতা জানতেন।” হিরণের সঙ্গে ঋত্বিকার বিয়েকে ইলিগ্যাল বলে মন্তব্য করেছেন অনিন্দিতা। এ বিষয়ে ঋত্বিকা বলেন, “যদি মনে হয় এটা (বিয়ে) অবৈধ, তাহলে আমার একটাই কথা—উনাকে লিগ্যাল পদক্ষেপ নিতে বলেন। এরপর এ বিষয়ে আমার কিছু বলার নেই।”
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত বছরের ২৭ ডিসেম্বর বেঙ্গালুরুর অতিরিক্ত বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি দাখিল করেন বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল। খবর ইন্ডিয়া টুডের। এ প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযোগ দাখিলের পর চলতি বছরের ২৩ জানুয়ারি আদালত হাই গ্রাউন্ডস থানাকে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৭৫(৩) ধারায় একটি মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটি বিএনএস-এর ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় নথিভুক্ত করা হয়। মামলার নথিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ নভেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হয় ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ এর সমাপনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানের একটি অংশে উপকূলীয় কর্নাটকের ভুত কোলা প্রথার পূজিত এক দেবতাকে উপহাস করার অভিযোগ আনা হয়েছে রণবীর সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি যে মঞ্চে ঘটেছিল, সেখানে ‘কানতারা: চ্যাপ্টার-১’ সিনেমার প্রধান অভিনেতা ঋষভ শেঠিও উপস্থিত ছিলেন। অভিযোগকারী দাবি করেছেন, চাভুন্ডি দৈব ভূত কোলা আচার-অনুষ্ঠানে পূজিত এক রক্ষক আত্মা এবং তাদের পারিবারিক দেবতা। এই দেবতাকে উদ্দেশ করে রণবীর সিং পাঞ্জুরলি/গুলিগা দৈবের ঐশ্বরিক অভিব্যক্তি অশ্লীল ও হাস্যকর ভঙ্গিতে অনুকরণ করেন। কেবল তাই নয়, অভিনেতা মৌখিকভাবে চাভুন্ডি দৈবকে ‘নারী ভূত’ বলেও উল্লেখ করেন, যা অভিযোগকারীর মতে অত্যন্ত আপত্তিকর। দৈব-সংক্রান্ত কোনো অভিনয় না করার অনুরোধ জানানোর পরও অভিনেতা রণবীর সিং ‘কানতারা: চ্যাপ্টার-১’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে চাভুন্ডি দৈবের দৃশ্য মঞ্চায়ন করেন। চাভুন্ডি দৈব কোনো ভূত নন, বরং তিনি ন্যায়বিচার, সুরক্ষা, দিব্য নারীত্বের প্রতীক এক শক্তিশালী রক্ষক আত্মা; উপকূলীয় কর্নাটকে যার গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। তাকে ‘ভূত’ বলে উল্লেখ করাকে নিন্দাজনক, হিন্দু ধর্মীয় বিশ্বাসের প্রতি গুরুতর অপমান হিসেবে অভিহিত করেছেন অভিযোগকারী। রণবীর সিংয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বেঙ্গালুরুর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আগামী ৮ এপ্রিল এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
‘দীপিকা’ চমক নিয়ে আসছেন অ্যাটলি

‘দীপিকা’ চমক নিয়ে আসছেন অ্যাটলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি। তার আসন্ন প্রজেক্টে থাকছেন এই বলিউড নায়িকা। অ্যাটলির আগামী প্রজেক্টের সাময়িক নাম দেয়া হয়েছে এএ২২Xএ৬। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অ্যাটলি ও আল্লু অর্জুন। অন্যদিকে জওয়ানের পর এটিই হবে দীপিকার সঙ্গে অ্যাটলির দ্বিতীয় সিনেমা। আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনার তুঙ্গে। যদিও এখনও সিনেমার কাহিনী ও চরিত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবু ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরমহলে এই প্রজেক্টকে অ্যাটলির ক্যারিয়ারের অন্যতম বড় কাজ বলে ধরা হচ্ছে। ভিজ্যুয়ালের বিস্তৃতি, তারকার উপস্থিতি মিলিয়ে কাজে নামার আগেই অ্যাটলির দিকে চোখ পড়েছে সিনেমাপ্রেমীদের। দীপিকার সঙ্গে আবার কাজ করা প্রসঙ্গে অ্যাটলি বলেছেন, হ্যাঁ, ও (দীপিকা) আমার লাকি চার্ম। দীপিকার সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি। ওর সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। ও সত্যিই অবিশ্বাস্য। উল্লেখ্য, এএ২২Xএ৬ হতে চলেছে মা হওয়ার পর দীপিকা পাডুকোনের প্রথম সিনেমা। অ্যাটলি বলেছেন, মাতৃত্বের পর ও এই সিনেমাটা শুরু করছে। দর্শক এবার একেবারে আলাদা দীপিকাকে দেখবে, এটা আমি নিশ্চিত।
‘নির্বাচনী প্রতিশ্রুতিগুলো যেন পরবর্তী সময়ে ঠিক থাকে, আর ধোঁকা খেতে চাই না’

‘নির্বাচনী প্রতিশ্রুতিগুলো যেন পরবর্তী সময়ে ঠিক থাকে, আর ধোঁকা খেতে চাই না’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়টি নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি বলেন, আমাদের দেশের বর্তমান বাস্তবতায় প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষের চাহিদা অনেক। আমি আগেও বলেছি, এখনো বলছি- আমি একজন শিল্পী, কোনো দলের প্রতিনিধি নই। তবে একজন সাধারণ নাগরিক হিসেবে এটুকু চাই, নির্বাচনে যেই জিতে আসুক না কেন, তারা যেন আগে জনগণের কথা ভাবেন। নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিয়েও কথা বলেন তৌসিফ। তার কথায়, নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, নির্বাচন-পরবর্তী সময়ে যেন সেগুলো ঠিক থাকে। প্রতিশ্রুতি রাখা হোক- জনগণ হিসেবে আমাদের চাওয়া আসলে এটুকুই। অতীত অভিজ্ঞতার কথা টেনে তৌসিফ বলেন, আগেও আমরা অনেকবার ধোঁকা খেয়েছি। আর ধোঁকা খেতে চাই না। এই ধোঁকায় পড়ে অনেক মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। কারও কাছ থেকে শুনেছি- বাংলাদেশের ওপর থেকে তাদের মন উঠে গেছে, তাই বিদেশে চলে যেতে চান। এমন কথা তারকাদের মধ্যেও আছে। কিন্তু আমি এসব বিশ্বাস করি না। নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেতা বলেন, আমি জন্মের পর থেকে আমার দেশকে পাগলের মতো ভালোবাসি। অবুঝ বাচ্চাদের মতো এই দেশটাকে ভালোবাসি। মন থেকে বিশ্বাস করি- রাজনীতি হোক বা সংস্কৃতি, একদিন বাংলাদেশ পৃথিবীর বুকে অনেক ভালো জায়গায় পৌঁছাবে।