মা-বাবা হচ্ছেন রাহুল ও আথিয়া দম্পতি, নানা সুনীল শেঠি

মা-বাবা হচ্ছেন রাহুল ও আথিয়া দম্পতি, নানা সুনীল শেঠি মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী, সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া দম্পতির এটি প্রথম সন্তান। আজ ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন আথিয়া। শিশুর পদচিহ্নের ছবি দিয়ে যৌথ বিবৃতিতে আথিয়া-লোকেশ লেখেন, ‘খুব শিগগির আমাদের চমৎকার আশীর্বাদ আসছে, ২০২৫।’ এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি। নেটিজেনদের পাশাপাশি আথিয়ার সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। সুনীল শেঠিও অভিবাদন জানিয়েছেন কন্যাকে। তা ছাড়াও সোনাক্ষী সিনহা, অর্জুন কাপুর, এষা গুপ্তা, শিবানি আখতারসহ অনেকে অভিনন্দন জানিয়েছেন। ২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দু’জনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় একই বছরের জুনে। এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকার ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেন রাহুল ও আথিয়া। সর্বশেষ ২০২৩ সালের ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।
দীপিকা কেন মেয়ের আরবি নাম রেখেছেন

দীপিকা কেন মেয়ের আরবি নাম রেখেছেন মাসখানেক আগে জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন অভিনেতা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। ৮ সেপ্টেম্বর, মুম্বাইয়ে ফুটফুটে এক কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন এই তারকা জুটি। তার পর থেকেই মেয়েকে নিয়ে নানা পোস্ট দিয়েছেন। কখনও তিনি জানিয়েছেন, সদ্যোজাত বাড়িতে থাকলে কী ভাবে দিন কাটে তাদের। কখনও জানিয়েছেন, একরত্তি সারাটা দিন কী ভাবে এক পায়ে দাঁড় করিয়ে রাখে মা দীপিকাকে। দীপাবলির দিন মেয়ের নাম প্রকাশ্যে আনেন অভিনেত্রী। দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন দুয়া পাড়ুকোন সিংহের। ‘দুয়া’ আরবি শব্দ ‘দোয়া’ থেকেই এসেছে। যার আভিধানিক অর্থ হল প্রার্থনা। ক্ষেত্র বিশেষে শুভকামনা, শুভেচ্ছা বা আশীর্বাদের সমার্থক শব্দ হিসাবে ‘দোয়া’ শব্দটি ব্যবহার করা হয়। তবে কন্যার নাম কেন ‘দুয়া’ রাখা হল তার কারণও বুঝিয়ে দিয়েছেন দীপিকা। লিখেছেন, “দুয়া কথার অর্থ হল প্রার্থনা। সে আসলে আমাদের প্রার্থনার পুরস্কার। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।” তবে গুঞ্জন শোনা যাচ্ছে, সাধারণত তারকারা বাবা ও মায়ের নাম মিলিয়ে সন্তানের নাম রাখেন। যেমনটা করেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। মেয়ের নাম রেখেছেন ভামিকা, ছেলের নাম রেখেছেন অকায়। রণবীর ও আলিয়ার মেয়ের নাম রাহা। রানি মুখার্জি ও আদিত্য চোপড়ার নাম মিলিয়ে মেয়ের নাম রাখা হয়েছে আদিরা। শাহিদ কপূর ও মীরা কপূরের মেয়ের নাম রাখা হয়েছে মিশা। তবে সে পথে হাঁটেননি রণবীর-দিপিকা। তাদের কন্যাসন্তানেরর নামে মায়ের দিকের আধিপত্য। দুয়া তিন শব্দের এই নামে প্রথম অক্ষর নাকি দীপিকার নামের আদ্যক্ষর, তার পর অভিনেত্রীর মা উজ্জ্বলার নামের প্রথম অক্ষর। এ হচ্ছে অভিনেত্রীর বোন অনিশা থেকে। যদিও রণবীর সিংহের মায়ের নামও অঞ্জু ভবনানি, সে ক্ষেত্রে অনেকের ধারণা শাশুড়িকেও রেখেছেন। তবু ব্রাত্য শুধু রণবীরই। কিন্তু কেন বাবার আদ্যক্ষর থাকল না মেয়ের নামে, সেই নিয়ে নানা মুনির নানা মত। যদিও বরাবরই জীবনের যে কোনও ক্ষেত্রেই সব সময় স্ত্রীকেই এগিয়ে রেখেছেন অভিনেতা। এমনকি দীপিকার সঙ্গে বিয়ের পর রণবীর নিজেকে রণবীর পাড়ুকোন সিংহ বলে পরিচয় দিতেন।
ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সারদা সিনহা প্রয়াত

ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সারদা সিনহা প্রয়াত ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সারদা সিনহা মারা গেছেন। মেগাস্টার সালমান খানের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’সহ বলিউডের বহু সিনেমায়ে গান গাওয়া ভারতের লোকগানের বরেণ্য এই শিল্পী গতকাল ৫ নভেম্বর রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে অংশুমান সিনহা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ২৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ‘পদ্মভূষণ’জয়ী এই গায়িকা। দিল্লির এআইআইএমএস হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ৭২ বছর বয়সি এই শিল্পীকে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। সারদা সিনহার ছেলে অংশুমান সিনহা ইনস্টাগ্রামে লেখেন, ‘তোমার প্রার্থনা এবং ভালোবাসা আমাদের সঙ্গে সবসময় থাকবে মা। ছটি মাইয়া ওকে নিজের কাছে ডেকে নিলেন। এই নশ্বর পৃথিবীতে উনি আর নেই আমাদের সঙ্গে। এদিকে সারদার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, ‘বিহারের কোকিলা হিসেবে খ্যাত সঙ্গীতশিল্পী ডা. সারদা সিনহার মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখের। ছট পূজার দিনেও তাঁর সুরেলা গানে দেশ-বিদেশে ভক্তির আবহ তৈরি হবে। এ ভাবেই তাঁর সুরেলা গান অমর হয়ে থেকে যাবে। আমি তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকজ্ঞাপন করে লেখেন, ‘প্রখ্যাত লোকশিল্পী সারদা সিনহার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর গাওয়া মৈথিলী গান কয়েক দশক ধরে অত্যন্ত জনপ্রিয়। ওঁর চলে যাওয়া সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। ১৯৫২ সালের ১ অক্টোবর বিহারে জন্মগ্রহণ করেন শারদা সিনহা। আশির দশকের শুরুতে তার সংগীত ক্যারিয়ার শুরু। মৈথিলী, ভোজপুরি, মাগধী ভাষার একাধিক গানও গেয়েছেন তিনি। তার গাওয়া ছট পূজার গান দারুণ জনপ্রিয়। তাছাড়াও সালমান খান অভিনীত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’সহ একাধিক সিনেমায় প্লেব্যাক করেছেন শারদা সিনহা। ২০১৭ সালে শারদা সিনহার মাল্টিপল মায়েলোমা ধরা পড়ে। এটি এক ধরনের ক্যানসার, যা বোন ম্যারোকে আক্রান্ত করে। গত সেপ্টেম্বরে শারদার স্বামী রাজনীতিবিদ ব্রজ কিশোর স্ট্রোকজনিত কারণে মারা যান। পুত্র ছাড়াও এ দম্পতির বন্দনা নামে একটি কন্যাসন্তানও রয়েছে।
শমী কায়সারকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে

শমী কায়সারকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। গতকাল মঙ্গলবার ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি রওনক জাহান। গত আগস্টে শুরু হওয়া সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপদ্ধতি সংস্কারের দাবি একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয়। আর সেই আন্দোলনে শুরু থেকে বিভিন্ন সময় নানা ধরনের মন্তব্য করে বিতর্কিত হন শমী কায়সার। আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তিরও অভিযোগ ছিল এ অভিনেত্রীর বিরুদ্ধে। এ কারণে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়। গত ১৩ অক্টোবর মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ রেজওয়ান কবির। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন আদালত। এছাড়া সৈয়দ হাসান মাহমুদ নামের এক বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলা রয়েছে শমী কায়সারের বিরুদ্ধে। গত ৯ অক্টোবর ভুক্তভোগী নিজেই দায়ের করেন মামলাটি। মামলায় এ অভিনেত্রী ছাড়াও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী তারানা হালিম, কণ্ঠশিল্পী মমতাজসহ ১৭ জনকে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সাধারণ ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় শমী কায়সারের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে অভিনেত্রীকে। শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির দায়িত্বও পালন করেছেন। যে পদটি থেকে গত ১৪ আগস্ট পদত্যাগ করেন তিনি।
ফারিণ ভক্তদের সচেতন থাকার বার্তা দিলেন

ফারিণ ভক্তদের সচেতন থাকার বার্তা দিলেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একাধারে মডেল, কণ্ঠশিল্পী ও অভিনয়ে সমানভাবে পদচারণা তার। দিনে দিনে জনপ্রিয়তাও ব্যাপকহারে বাড়ছে এই অভিনেত্রীর। ইতোমধ্যে চলচ্চিত্র, ওয়েব সিরিজ, নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও গানে নিজের দক্ষতা প্রমাণ করে পেয়েছেন বেশ কিছু সম্মানজনক পুরস্কার এবং হয়েছেন দর্শক নন্দিত। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত একটি ওয়েব সিরিজ। এছাড়া নতুন একটি ওয়েবের কাজেও যুক্ত হয়েছেন। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনীত সিরিজ ‘চক্র’ সম্পর্কে ফারিণ বলেন, ‘দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। দর্শক সাড়া ভালো পাওয়াতেই এর দ্বিতীয় সিজন নির্মাণ হতে যাচ্ছে। সিরিজটির শুটিং শুরুর পর থেকেই খুব ভয়াবহ কিছু অদ্ভুত ঘটনার মধ্য দিয়েই আমাদের যেতে হয়েছে। এটি মুক্তির পরও আমার গলা শুকিয়ে আসছিল। ঘুমের মধ্যেও আমি দুঃস্বপ্ন দেখেছি। এছাড়া ফেসবুকে ভক্তরা তাদের ভয়ংকর অভিজ্ঞতা জানাচ্ছিলেন।’ শুটিংয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করে ফারিণ বলেন, ‘এর কাজ শুরুর পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। যা একেবারেই অস্বাভাবিক। কারণ ছাড়াই আমি শুটিংয়ে একবার অজ্ঞান হয়ে যাই। এরপর নির্মাতার পা ভেঙে যায়। এছাড়া বেশ কয়েকটি মৃত্যুর সংবাদ আমাদের শুনতে হয়। শুটিং যতদিন করেছি, প্রায়ই আমি দুঃস্বপ্ন দেখতে থাকি। এছাড়া শুটিং ইউনিটে অস্বাভাবিক আরও অনেক ঘটনা ঘটতে থাকে, যার ব্যাখ্যা আমরা আজও পাইনি। এসব ঘটনার মধ্য দিয়েই কাজটি আমরা শেষ করি। কলকাতায় দেবের সঙ্গে সিনেমার কাজ ছেড়ে দেয়া প্রসঙ্গেও উঠে আসে কথোপকথনে। অভিনেত্রী বলেন, “খুব বড় করে বলার মতো তেমন কোনো কারণ নেই। কলকাতার ‘প্রতীক্ষা’ নামে একটি সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় কাজটি ছেড়ে দিতে হয়। এদিকে নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করার কথা। নির্ধারিত সময় না যেতে পারলে পুরো ইউনিট আমার জন্য সমস্যায় পড়বে। এছাড়া অন্য শিল্পীদের শিডিউল নিয়েও বিপাকে পড়তে হবে ইউনিটের। সবকিছু চিন্তা করেই আসলে কাজটি থেকে সরে আসি। আসন্ন কাজ ও বর্তমান ব্যস্ততা সম্পর্কে ফারিণ বলেন, “অমীমাংসিত রহস্য রেখে যাওয়া সিরিজ ‘চক্র’র দ্বিতীয় সিজনের কাজ নিয়ে পরিকল্পনা রয়েছে। এছাড়া ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের ব্যস্ততা। এটির চরিত্রের পেছনে সময় দিচ্ছি, চরিত্র ধারণে ব্যস্ত আছি। এটি অমি (কাজল আরেফিন অমি) ভাই নির্মাণ করছেন। এতে আমার সহশিল্পী রয়েছে অপূর্ব (জিয়াউল ফারুক অপূর্ব) ভাই। তার সঙ্গে ওটিটিতে এটি আমার দ্বিতীয় কাজ। সিরিজটি নিয়ে খুব আশাবাদী আমরা। শিগগিরই এর শুটিং শুরু হবে। কাজটি শেষ করার পর এটি নিয়ে আরও বিস্তারিত কথা বলতে পারব। এদিকে গান নিয়েও ব্যস্ততা রয়েছে আমার। ইতোমধ্যেই বলেছি গানে নিয়মিত হব। সামনে গান নিয়েও নতুন খবর দেব। সামাজিক মাধ্যম ব্যবহারে ভক্তদের প্রতি সচেতন থাকার বার্তা দিয়ে ফারিণ বলেন, ‘আজকাল ছোট্ট অনেক বিষয় নিয়েই সামাজিক মাধ্যমে বিতর্ক হয়। যে কোনো কথা বা কারও সঙ্গে কোনো ছবি নিয়েই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। এসব বিষয় নিয়েই আমার একটা বার্তা ছিল। আমি এসবে সময় নষ্ট করতে চাই না। কে আমাকে নিয়ে কী ভাবল, বা আমাকে নিয়ে কী সমালোচনা করল, এসব ব্যক্তিগতভাবে আমি গায়ে মাখতে চাই না। এগুলো নিয়ে ভাবলে কাজই করতে পারব না। নিজে ঠিক থাকলে সব ঠিক, আগে দেখতে হবে নিজে সঠিক পথে আছি কি না। আমার ভক্তদের সচেতন থাকতে বলেছি এজন্যই। সামাজিক মাধ্যমে যা দেখবেন, তাই বিশ্বাস করবেন না। আগে এর সত্যতা যাচাই করবেন।২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোটপর্দায় অভিষেক হয় ফারিণের। এরপরে তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন। তারপর টিভি নাটক ও ওয়েব ফিল্ম ও সিরিজে কাজ করেন। ২০২২ সালে নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে টালিউডে যাত্রা শুর হয় এই অভিনেত্রীর।
গ্রেফতার অভিনেত্রী শমী কায়সার

গ্রেফতার অভিনেত্রী শমী কায়সার রাজধানীর উত্তরা থেকে ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার ৫ নভেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি রওনক জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সার নব্বই এর দশকের একজন নামকরা অভিনেত্রী ছিলেন। শমী ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।
রং ঢং মুক্তি পাচ্ছে শুক্রবার

রং ঢং মুক্তি পাচ্ছে শুক্রবার গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে চলছে সংস্কার। তবে এই সংস্কার চলাকালীন সময়ে দেশে কমে গেছে নতুন সিনেমা মুক্তি। এরমধ্যে শরতের জবা নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। যদিও সেভাবে দর্শক টানতে পারেনি। তবে যথারীতি হলিইডের সিনেমা মুক্তি পেয়েছেন সিনেপ্লেক্সে। এদিকে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য সুখবর হলো আগামী ৮ নভেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘রং ঢং’। চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার নির্মাণ করেছেন সিনেমাটি। অনেকদিন আগে এর নির্মাণ কাজ শেষ করেন তিনি। এরপর সেন্সর বোর্ডের (তৎকালীন) ছাড়পত্রও পায়। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি। সিনেমাটির প্রযোজক আহসান জুবায়ের জানান, আগামী ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রং ঢং’। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি চলছে। রং ঢং’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, জামিল, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মন্ডল প্রমুখ। ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট, তাসনুব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন, আদি।
বাংলার তাপস গ্রেপ্তার

বাংলার তাপস গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামি একজন সংগীতশিল্পী। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে থেকে গান-বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেন। আবেদনে আরও বলা হয়, ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ নামে একজন উত্তরা পূর্ব থানায় গত ২৯ অক্টোবর হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হন ইশতিয়াক মাহমুদ। পেটে গুলি লাগায় চিকিৎসা নিতে নিকটবর্তী হাসপাতালে গেলে সেখানেও বাধা দেয় সন্ত্রাসীরা। পুলিশ আদালতকে জানিয়েছে, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সাথে এসব সন্ত্রাসীর যোগসাজশ রয়েছে। একই সঙ্গে বাদী ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদের চিকিৎসা নিয়ে তিনি বাধা দেন। এসব কারণে তাপসকে কারাগারে বন্দি রাখার আবেদন জানিয়েছে পুলিশ।
মেহজাবীন চৌধুরী দ্বিতীয় সিনেমা নিয়ে কায়রোতে যাচ্ছেন

মেহজাবীন চৌধুরী দ্বিতীয় সিনেমা নিয়ে কায়রোতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। তারপর হঠাৎ করেই বিরতি নিয়েছেন নাটক থেকে। তিনি মেহজাবীন চৌধুরী। এখন যার ব্যস্ততা ওটিটি কনটেন্ট ও সিনেমা নিয়ে। এরই মধ্যে প্রথম সিনেমার নিয়ে ঘুরেছেন দেশ-বিদেশ। গেল মাসেই তার প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে ফিরলেন টরন্টো হয়ে কোরিয়ার বুসান উৎসব থেকে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘোষণা দিলেন মিসরে যাওয়ার। তবে এবারের সঙ্গী সাবা নয়, তার দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। খবরটি জানিয়ে আজ সন্ধ্যায় ফেসবুকে এই অভিনেত্রী লেখেন, “আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে, যা এই নভেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। পুরো টিমের জন্যও এটি অনেক গর্বের সংবাদ। আমরা কখনো ভাবিনি যে বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প ‘প্রিয় মালতী’ আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। দেশে মুক্তি প্রসঙ্গে এই নায়িকা লেখেন, ‘বিশ্ব প্রিমিয়ারের পর আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। যেমন আপনারা সব সময় আমার পাশে ছিলেন আমার প্রতিটি কাজে, প্রিয় মালতী মুক্তির সময়ও আপনাদের সবাইকে পাশে চাইব। জানা গেছে, আফ্রিকা ও আরববিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল। ১৩ থেকে ২২ নভেম্বর এ উৎসব চলবে মিসরের কায়রো শহরের কায়রো অপেরা হাউসে। উৎসবে অংশ নেবেন বিশ্বের নামিদামি নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার ‘প্রিয় মালতী’র সুবাদে থাকছে বাংলাদেশেরও নাম। সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে মেহজাবীনের সিনেমাটি। ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অব অ্যা থ্রাস্টি রিভার’। সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। এতে মালতী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শঙ্খ জানান, কায়রো ফিল্ম ফেস্টিভালে ৪টি প্রদর্শনী রয়েছে ‘প্রিয় মালতী’র। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, ১টি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শোগুলোর শুরু ও শেষে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। যাতে অংশ নেওয়ার কথা নির্মাতা-অভিনেত্রীর। মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভীসহ আরো অনেকে।
ফেসবুকে চমকের পোস্ট আল্লাহ রক্ষা করো

ফেসবুকে চমকের পোস্ট আল্লাহ রক্ষা করো গতকাল চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালানী সময়ে একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় সরগরম সামাজিক মাধ্যম। হঠাৎ করে দুঃশ্চিন্তার ছায়া শোবিজ অঙ্গনে। এসব নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা যুক্তিতর্ক। নিজের অনুভূতি জানিয়ে আলোচনায় উঠে এলেন আরেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রবিবার ৩ নভেম্বর সকালে হতাশা প্রকাশ করে ফারিয়া লিখেছেন, ‘অনেক বড় গলায় অনেক কথা বলসিলাম! বন্ধু-বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করসিলাম, বলসিলো দেখিস! দেখতেসি! হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা!’ তবে একের পর এক নেতিবাচক মন্তব্যে শেষ পর্যন্ত স্ট্যাটাসে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘স্ট্যাটাসটা একটা প্রেম-ভালোবাসা বিষয়ক স্ট্যাটাস ছিল! বাকিটা মনে হচ্ছে ইতিহাস। ধন্যবাদ পেজের রিচ বাড়ানোর জন্য! যে যা ভেবে শান্তি পায়! অন্যদিকে, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো। চমকের এই পোস্টেও নেটিজেনদের মন্তব্য অভিনেত্রীকে বেশ বিপাকে ফেলেছে। একের পর এক বিদ্রুপমুলক মন্তব্য ভেসে আসছে তার পোস্টে। একজন মন্তব্য করেছেন, ‘লাল বিপ্লবীনি!! শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে, ধীরে ধীরে টের পাবে অঙ্গনের লোকজন।’ অন্য একজন লিখেছেন, ‘কেমন উপভোগ করছো নতুন লাল স্বাধীনতা?’ কেউ কেউ লিখছেন, ‘স্বাধীনতার স্বাদ কেমন আপা। এমন অসংখ্য মন্তব্য দেখা যাচ্ছে অভিনেত্রীর পোস্টে। এরপরেই আরেকটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, “আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন। এদিকে, দুই অভিনেত্রীরই এমন স্ট্যাটাসে নেটিজেনরা সাম্প্রতিক বিভিন্ন ইস্যুর সঙ্গে মিলিয়ে নানারকম মন্তব্য করছেন। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে তাদের পোস্ট। শবনম ফারিয়া পরবর্তীতে নিজের পোস্টের কমেন্ট বক্স অফ করে দেন।