প্রচারের আলো নিয়ে বলিউডে অজানা তথ্য ফাঁস করলেন সোনু

প্রচারের আলো নিয়ে বলিউডে অজানা তথ্য ফাঁস করলেন সোনু প্রচারের আলোয় কে না থাকতে চায়। বলিউড তারকাদের মধ্যেও তা নিয়ে প্রতিযোগিতা চলে। সম্প্রতি অভিনেতা সোনু সুদ তারকাদের এই ‘প্রতিযোগিতা’ প্রসঙ্গেই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, তারকাদের সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকার বিষয়ে সোনু জানান, নিরাপত্তা কর্মীদের অনেক সময়েই প্রকাশ্যে ইচ্ছাকৃত ভাবে কোনও সমস্যা তৈরি করতে বলা হয়। তার ফলে তারকারা আরও নজরে আসেন। অভিনেতার কথায়, ‘নিরাপত্তারক্ষীদের মাঝেমধ্যেই প্রকাশ্যে কোনও সমস্যা তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়, বিশেষ করে বিমানবন্দরে। যার ফলে সাধারণ মানুষ তখন ঘুরে তারকাদের দেখতে বাধ্য হন। একটা কৌতূহল তৈরি হয়। ফলে ওই তারকা তখন সকলের নজরে আসেন।’ সোনুর সঙ্গেও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা থাকেন। এই প্রসঙ্গে সোনু বলেন, ‘আমি তাদের কাউকে ধাক্কা দিতে নিষেধ করি। সাধারণ মানুষ কিন্তু এমনিতে খুবই শান্ত। তাদের থেকে কোনও ক্ষতির আশঙ্কা থাকে না।’ সোনুর মতে, কোনও তারকা চাইলে একান্তে খুব সহজেই বিমানবন্দরে চলাফেরা করতে পারেন। তবে তারকারা সকলের নজরে আসতে চান। তাই নিরাপত্তারক্ষীদের কোনও ধরনের সমস্যা তৈরি করতে বলেন। তখন সহজেই ওই তারকা আরও অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। প্রসঙ্গত, চলতি মাসে মুক্তি পাবে সোনু পরিচালিত এবং অভিনীত নতুন ছবি ‘ফতেহ’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং বিজয় রাজ।
ইমরানের সুরে গাইলেন আসিফ আকবর

ইমরানের সুরে গাইলেন আসিফ আকবর বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। নতুন বছরের শুরুতে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী। বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে আসিফের গাওয়া ‘মন জানে’ শিরোনামের গান। এ গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আর সেই সুরেই গেয়েছেন আসিফ আকবর। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। আশাবাদ ব্যক্ত করে আসিফ আকবর বলেন, “ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী-পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামের গানে আমরা একসঙ্গে যে কাজটি করলাম, আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।” ইমরান মাহমুদুলের কাছে আসিফ ‘নস্টালজিয়া’ ব্যাপার। এ বিষয়ে তিনি বলেন, “ছোটবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করে। আমার বিশ্বাস, আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে।” দেশের অন্যতম শীর্ষ সংগীত তারকা আসিফ আকবর। অন্যদিকে চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এই দুই তারকার মধ্যে সম্পর্কটাও সুন্দর। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন তারা। এবার সংগীতের দুই প্রজন্মের দুই তারকা একসঙ্গে হাজির হতে যাচ্ছেন একটি গান নিয়ে। জানা যায়, ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে ৫ জানুয়ারি গানটি মুক্তি পাবে।
বছরের শুরুতেই আদর-দিঘীর চমক

বছরের শুরুতেই আদর-দিঘীর চমক রক্তাক্ত মরদেহ, নৃশংস প্রতিশোধ আর ভয়াল দৃশ্যের মধ্য দিয়ে বছরের প্রথম দিনেই মুক্তি পেয়েছে ‘টগর’ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান, আর প্রযোজনা করেছে এআর মুভি নেটওয়ার্ক। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তার বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দিঘী। টিজারে দেখা যায়, ছিন্ন-ভিন্ন মরদেহের মধ্যে এক ভয়ঙ্কর ব্যক্তি একটি নিথর দেহ পা টেনে নিয়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে। মেয়েটি যখন দাঁড়ায়, তখন তার দিকে তেড়ে আসে একটি অস্ত্র, আর সেই অস্ত্র দিয়ে আক্রমণকারীর চরিত্রে থাকা পুরুষটি অস্ত্রধারীকেই কুপিয়ে মারে। এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে ‘টগর’র টিজার, যা দর্শকদের কৌতূহল চরমে নিয়ে গেছে। সিনেমার কনসেপ্ট তৈরি করেছে এআর টিম, আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম। জানা গেছে, ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে।
কার প্রেমে মজেছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

কার প্রেমে মজেছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা করে দারুণ জনপ্রিয়তা পান ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কের পর এক সিনেমায় কাজ করে চলেছেন। ঢালিউডের পর টলিউডে পা দিয়েও সুপারহিট ইধিকা। দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ সিনেমাও ব্লকবাস্টার এই নায়িকার। ছোট পর্দা থেকে পথ চলা শুরু হয়েছিল ইধিকার। এরপর শাকিবের ‘প্রিয়তমা’, সবশেষ দেবের ‘কিশোরী’। দুই পরিচয়েই জনপ্রিয় অভিনেত্রী। জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও ভক্তমহলে তৈরি হয়েছে নানা কৌতূহল। শোনা যাচ্ছে, টলিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। তবে একা নয়, তাদের সঙ্গী ছিলেন কিছু বন্ধু-বান্ধবও। তাদের দু’জনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখেই নানা গুঞ্জন শুরু হয়েছে। অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা? এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। এবার নাম জড়ালো ইধিকার সঙ্গে। যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।
অবশেষে বিচ্ছেদ হচ্ছে পিট ও জোলির

অবশেষে বিচ্ছেদ হচ্ছে পিট ও জোলির অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট দীর্ঘ ৮ বছর আইনি লড়াই শেষে অবশেষে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ সংবাদটি জানিয়েছেন জোলির আইনজীবী। তবে পিটের আইনজীবী এ প্রসঙ্গে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি।হলিউডে র আলোচিত তারকা জোলি ও পিট ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুবছর না যেতেই ২০১৬ সালে জোলি আদালতে ডিভোর্সের জন্য আবেদন করেন। ‘অমিমাংসিত মতবিরোধের’ ডিভোর্সের কারণ হিসেবে তিনি আদালতকে জানান। জোলি পিটের সংসারে ৬ সন্তান রয়েছে। একসময় তাদের অভিভাবকত্ব কে নেবেন, এই নিয়ে তিক্ত লড়াই শুরু হয় জোলি ও পিটের মধ্যে। ২০২১ সালে আদালত তাদের সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত জানায়। ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার মাধ্যমে ২০০৫ সালে জোলি ও পিটের পরিচয় হয়। এরপর তারা প্রেমে পড়েন ও বিয়ে করেন। জোলি এর আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন। অন্যদিকে এটি ছিল ব্র্যাড পিটের দ্বিতীয় বিয়ে। তিনি জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন। অ্যাঞ্জেলিনা জোলির অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জিয়া’, ‘অরিজিনাল সিন’, ‘সল্ট, ‘লারা ক্রফট’, ‘ টুম্ব রেইডার’, ‘ইন্টারাপটেড’, ‘চেঞ্জলিং’ও ‘গার্ল’। অন্যদিকের ব্র্যাড পিটের আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ওয়ানস আপঅন অ্যা টাইম ইন হলিউড’, ‘ফাইট ক্লাব’ এবং ‘টুয়েলভ মাংকিজ’।
শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, মুখ খুললেন ইধিকা

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, মুখ খুললেন ইধিকা দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তির পর দুই বাংলায় খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ইধিকা অভিনীত ‘খাদান’ সিনেমা। এতে নায়ক হিসেবে পেয়েছেন ওপার বাংলার দেবকে। মুক্তির পর এ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন ইধিকা। আপাতত এ সিনেমার সাফল্যে নিয়েই তার সময় কাটছে। ‘প্রিয়তমা’ মুক্তির পর গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে নাকি প্রেম করছেন ইধিকা। এ খবর ইধিকার কানেও পৌঁছেছিল। এ বিষয়ে ইধিকা পাল ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, “যাদের বিপরীতে অভিনয় করেছি, সবার সঙ্গেই তো সম্পর্ক আছে!”খানিকটা ব্যাখ্যা করে ইধিকা পাল বলেন, “আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়তো আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আসলে আমাকে নিয়ে কোনো গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি। কিন্তু এই ধরনের রটনায় কান দিয়ে মানসিক শান্তিতে প্রভাব ফেলতে দিলে কাজ করব কখন?” তা হলে এই মুহূর্তে ইধিকা পালের রিলেশনশিপ স্ট্যাটাস ঠিক কী? জবাবে ইধিকা পাল বলেন, “আমাকে সত্যি যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে বলি, আমি কিন্তু একেবারে সিঙ্গেল।” ‘প্রিয়তমা’ সিনেমা সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয় এ জুটিকে নিয়ে নির্মাণ করছেন ‘বরবাদ’ সিনেমা। গত অক্টোবরে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে মুম্বাইয়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
৫ বছর লিভ-ইনের পর অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে!

৫ বছর লিভ-ইনের পর অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে! টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। ব্যক্তিগত জীবনে এই দুই তারকা ১৪ বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। গত পাঁচ বছর ধরে লিভ-ইন করছেন। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। ফলে অঙ্কুশ আর ঐন্দ্রিলার বিয়ে কবে হবে, তা নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন টলিপাড়ায়। গত কয়েক বছর ধরেই টলিপাড়ায় খবর উড়ছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা। এমনকি, এ তারকা জুটিও বিয়ে করতে যাওয়ার কথা বলেছেন। তবে সেসবই ‘গুঞ্জন’ আর ‘আলোচনার’ বেড়াজালে আবদ্ধ থেকেছে। এবার ঐন্দ্রিলা সেন বিয়ের ঘোষণা দিলেন। এ-ও জানালন, বিয়ের কেনাকাটাও শুরু করেছেন তারা। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঐন্দ্রিলা সেন লেখেন— “নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ; সবথেকে লম্বা পথ।” ২০২৫ সালের কবে বিয়ের পিঁড়িতে বসবেন, তা সঠিকভাবে জানাননি ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ। তবে এ খবর জানানোর পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি। ঐন্দ্রিলার পোস্ট করা ভিডিও থেকে জানা যায়, তাদের বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। তার পোশাকের দোকান থেকে নায়িকাকে নীল বেনারসি, সোনালি জরিতে বোনা শাড়ি, বিয়ের গহনা বেছে নিতে দেখা গিয়েছে। সম্ভবত, বিয়ের দিন নায়ককে সনাতনী ধুতি-পাঞ্জাবিতে দেখা যাবে। তবে বিয়ের বিষয়ে বিস্তারিত জানতে অঙ্কুশ-ঐন্দ্রিলা-অভিষেকেরে মুঠোফোনে যোগাযোগ করে ভারতীয় একটি গণমাধ্যম। তবে তাদের কেউই ফোনে সাড়া দেননি।
২২৩৪ কোটি টাকা ছাড়িয়ে ‘পুষ্পা টু’ সিনেমার আয়

২২৩৪ কোটি টাকা ছাড়িয়ে ‘পুষ্পা টু’ সিনেমার আয় ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির পর কেটে গেছে ২৪ দিন; বিতর্কের মাঝেও দর্শক চাহিদায় ভাটা পড়েনি। তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটির আয়ের তরঙ্গ ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু তা অঙ্কের হিসাবে নজরকাড়া। মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমা কেড়ে নিয়েছে সুকুমার নির্মিত ‘পুষ্পা টু’ সিনেমা; ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড। এখন পর্যন্ত কত টাকা আয় করল আল্লু অর্জুন-রাশমিকার এই সিনেমা? স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘পুষ্পা টু’ সিনেমা ২৪ দিনে শুধু ভারতে আয় করেছে ১৩৪৬ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২৫১ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৫৯৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২৩৪ কোটি ৯৮ লাখ টাকার বেশি)। বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে— ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)। ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)। ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে। ‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারাও। বাজেটে আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি; এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।
বিপিএল মিউজিক ফেস্ট আগামীকাল: পারফর্ম করবেন রাহাত ফাতেহ আলী খান

বিপিএল মিউজিক ফেস্ট আগামীকাল: পারফর্ম করবেন রাহাত ফাতেহ আলী খান আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট। সেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। ৩০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে বর্ণাঢ্য করতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল ফেস্টে স্থানীয় পারফর্মাররাও মঞ্চ মাতাবেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও সিলেট ও চট্টগ্রামের ভেন্যুতে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপিএলের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম এবং সিলেটেও মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে। তবে শুধু মিরপুরের অনুষ্ঠানেই পারফর্ম করবেন রাহাত ফতেহ আলী খান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এই সঙ্গীত উৎসবের স্পন্সর করবে মধুমতি ব্যাংক। বিপিএল মিউজিক ফেস্টের টিকিট ইতোমধ্যেই অনলাইনে দেওয়া হয়েছে। তবে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন মূল্য অনুযায়ী- প্ল্যাটিনামের টিকিট ৮ হাজার টাকা, গোল্ড ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১৫’শ এবং ক্লাব হাউসের টিকিট ৫’শ টাকা ধার্য্য করা হয়েছে।
ঐশ্বরিয়া কন্যার নাচ দেখে মুগ্ধ অমিতাভ, ভিডিও ভাইরাল

ঐশ্বরিয়া কন্যার নাচ দেখে মুগ্ধ অমিতাভ, ভিডিও ভাইরাল সারা বছরজুড়েই বেশ আলোচনার মধ্যে ছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। কারণ, তাদের দাম্পত্য জীবন নিয়ে যেন চর্চার শেষ ছিল না অনুরাগীদের মাঝে। এই বিচ্ছেদ জল্পনা আরও বাড়ে, যখন অভিষেককে ছাড়া শুধু মেয়ে আরাধ্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় বের হতেন ঐশ্বরিয়া। এবার তাদের বিচ্ছেদ জল্পনা মৃদু করতে অন্যতম ভূমিকা রাখল তাদের একমাত্র কন্যা আরাধ্যা রাই বচ্চন। সদ্য আরাধ্যার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-টাউনের নামী তারকা ও তাদের সন্তানেরা। সেখানে একসঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়া-অভিষেক দুজনকেই। সঙ্গে ছিলেন শাহেনশাহ অমিতাভ বচ্চনও। শুধু তাই নয়, বলিউড কিং শাহরুখ খান ও তার ছোট ছেলে আব্রামও ছিল সেখানে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ঐশ্বরিয়া ও অভিষেককে একসঙ্গে নাচতে দেখে ভক্তরা আনন্দে আত্মহারা। ভিডিওতে আরাধ্যাকেও দেখা গেছে মঞ্চে দাঁড়িয়ে তার বন্ধুদের সঙ্গে নাচ করতে। শাহরুখের ছেলে আব্রামও ছিল সেই দলে। ভিডিওটি রীতিমতো ভক্তদের মন ছুঁয়ে দেয়। অনেকেই মনে করছেন মেয়ে আরাধ্যাই ঐশ্বরিয়াকে ও অভিষেকের সম্পর্ককে আবারও চাঙ্গা করে তুলেছে। অন্যান্য তারকাদের সঙ্গে তাদের দু’জনকে শাহরুখ খানের ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানে নাচতেও দেখা গেছে। শুধু তারাই নয়, সঙ্গে ছিলেন শাহরুখও। ছাত্র-ছাত্রীদের সঙ্গে জমিয়ে নাচলেন নায়ক। উল্লেখ্য, শাহরুখের ছোট ছেলে আব্রামও ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করছে। ঐশ্বরিয়া ও অভিষেকের পাশাপাশি শাহরুখকেও বাচ্চাদের নাচে উৎসাহ দিতে দেখা গেছে। এছাড়াও সাইফ আলি খান, কারিনা কাপুর খান, জেনেলিয়া এবং রীতেশ দেশমুখ, গৌরী এবং সুহানা খানও ধীরুভাই আম্বানি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।