পরীমণির জবানবন্দি শেষ, জেরা ২২ জানুয়ারি

পরীমণির জবানবন্দি শেষ, জেরা ২২ জানুয়ারি মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন অভিনেত্রী পরীমণি।  রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে সাক্ষ্য দেন তিনি। গত ২৯ নভেম্বর এ মামলায় পরীমণির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে সেদিন তার সাক্ষ্যগ্রহণ জবানবন্দি শেষ হয়নি। দীর্ঘদিন পর আজ তিনি আদালতে সাক্ষ্য দিতে আসেন। দুপুর ১২টায় আদালতে এলেও দুপুর ২টার দিকে সাক্ষ্য দিতে বিচারকের খাসকামড়ায় প্রবেশ করেন তিনি। বিকেল সাড়ে ৩টায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর আসামিপক্ষ জেরার জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ২২ জানুয়ারি জেরার দিন ধার্য করেন। এ মামলার তিন আসামি নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলম এদিন আদালতে হাজির ছিলেন। খাসকামড়ায় সাক্ষ্যগ্রহণের সময় দুই আসামি ও উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।  পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য জানান। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এরপর ২০২২ সালের ১৮ মে একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।  ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করা হয়। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। এরপর রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় নাসিরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।

তারকাখ্যাতি ও অর্থ আমাকে পথভ্রষ্ট করে দেয়: নোবেল

তারকাখ্যাতি ও অর্থ আমাকে পথভ্রষ্ট করে দেয়: নোবেল ব্যক্তিজীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ড ও বিস্ফোরক সব মন্তব্যের কারণে জনপ্রিয়তা হারিয়েছে গায়ক নোবেল। মুখ ফিরিয়ে নিয়েছেন তার ভক্ত ও সংগীতপ্রেমীরা শ্রোতারা।  এক কথায় মুখ থুবড়ে পড়েছে নোবেলের ক্যারিয়ার। তবে সব বিতর্ককে পেছনে ফেলে ওে ব্যক্তিজীবনের হতাশাকে কাটিয়ে ওঠে কাজে ফের নিয়মিত হচ্ছেন  ‘সা রে গা মা পা’ দিয়ে দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া এই সংগীতশিল্পী। প্রায় চার বছর পর আবারও কাজে ফিরছেন নোবেল।  তার আগে সম্ভাবনাময় ক্যারিয়ারের এমন হালের জন্য নিজেকেই সবচেয়ে বড় দোষী বলে স্বীকার করে নিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নোবেল জানিয়েছেন, অল্প সময়েই তারকাখ্যাতি ও অর্থ একসঙ্গে তার ক্যারিয়ারে ক্ষতি ডেকে এনেছে। মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি। ভবিষ্যতে এই ভুল-ত্রুটি শুধরে নেবেনে।নোবেল বলেন, ‘আমার সব অভিযোগ নিজের ওপরেই। শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধুই আমার। কারণ, তারকাখ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম, যা আমাকে পথভ্রষ্ট করে দেয়। আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না, যা মন চাইত তাই করতাম। কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না। যাকে তাকে অপমান করে কথা বলতাম। কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি। ’চার বছর বিরতির পর আবারও ফিরে আসার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারব। কারণ এই ভালোবাসা যদি ধরে না রাখতে পারি তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাব একদিন। যেমন হারিয়ে ছিলাম এই চার বছর। একটা কথা উপলব্ধি করতে পেরেছি, কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখেনি। শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি। এখন এই ভুলগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।

কাজ করেই কূল পাই না, আবার প্রেম করব কখন

কাজ করেই কূল পাই না, আবার প্রেম করব কখন মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী ফারিন খান। তবে তার লক্ষ্য ছিল— রুপালি পর্দা। নিজের টার্গেট পূর্ণও করেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। একাধিক চলচ্চিত্রে অভিনয় করলেও ফারিন নজর কাড়েন কাজল আরেফিন অমি নির্মিত ‘ফিমেল’ নাটকের মাধ্যমে। বর্তমানে নাটকের কাজ নিয়েই অধিক ব্যস্ত ফারিন। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। বাস্তব জীবনের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন ফারিন। বাস্তব জীবনে প্রেমের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আর বলবেন না! আমার কপালটাই এমন। সাভারে জন্ম, সেখানেই বেড়ে ওঠা। একটা সময় পুরো সাভারই লেগে গেল আমার পেছনে (হা হা হা)।’ একটি ঘটনার বর্ণনা দিয়ে ফারিন খান বলেন, ‘ক্লাস সেভেনে পড়ার সময়ের একটা ঘটনা বলি। মায়ের সঙ্গে স্কুলে যাই। স্কুলে যাওয়ার পথে চারটা মোড় পড়ত। চার মোড়ে চারটা ছেলে রোজ দাঁড়িয়ে থাকত। হা করে তাকিয়ে থাকত। আমার মা তো বিষয়টা বুঝতে পারতেন। তবে ছেলেগুলোকে কিছু বলার সুযোগ দিতেন না। একসময় মা-ই খোঁজ নিয়ে বের করলেন ছেলে চারটা একই বাড়ির। ওরা আপন চাচাতো ভাই। এরপর তো আমার পরিবারের সদস্যরা গেলেন বিচার নিয়ে। পরে বিষয়টি পারিবারিকভাবেই সমাধান হয়।’ এখন প্রেম করেন কিনা না? এ প্রশ্নের জবাবে ফারিন খান বলেন, ‘কাজ করেই কূল পাই না আবার প্রেম করব কখন! সত্যি বলছি, আমি প্রেম করি না। করলে খোলামেলা জানিয়ে দিতাম। এটা নিয়ে লুকোচুরির কী আছে? অনেকে দেখবেন প্রেম করলেও বলেন, ওমা! আমি তো প্রেম করি না। আবার দেখবেন দুদিন পরে বাগদান সেরে ফেলেছেন। আমি এ ধরনের মানুষ নই।’

আত্মীয়-স্বজনরা বলতে নষ্ট হয়ে যাবে, বিয়ে হবে না তৃপ্তির

আত্মীয়-স্বজনরা বলতে নষ্ট হয়ে যাবে, বিয়ে হবে না তৃপ্তির কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। কারণ তার অভিনীত চলচ্চিত্র যেমন ব্যর্থ হচ্ছিল, তেমনি ছিল পরিবার-আত্মীয়-স্বজন ও সমাজের মানুষের টিপ্পনি। তাকে নিয়ে খারাপ মন্তব্যও করেছেন পরিচিতদের কেউ কেউ। সবকিছু পেছনে ফেলে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন এই নায়িকা। কয়েক দিন আগে ক্যাটরিনা কাইফের ব্র্যান্ড কে বিউটির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি। এ আলাপচারিতায় অভিনয় ক্যারিয়ারের সংগ্রামের গল্প বলেন তিনি। তার পরিবার, আত্মীয়-স্বজন ও সমাজের মানুষের নেতিবাচক মন্তব্য প্রকাশ করেন তৃপ্তি। ১৯৯৪ জন্মগ্রহণ করেন তৃপ্তি। বেড়ে উঠেছেন দিল্লিতে। সেখান থেকে মুম্বাইয়ে পাড়ি জমানোর স্মৃতিচারণ করে তৃপ্তি দিমরি বলেন, ‘আমি উত্তরখন্ড থেকে এসেছি। কিন্তু আমার জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। সুতরাং আমার বাবা-মাও দিল্লিতে থাকেন। আমি যখন মুম্বাইয়ে শিফট হই, ওই সময়টা কঠিন ছিল। কাছের মানুষেরা বলতে অভিনেত্রী হলে বিয়ে হবে না তৃপ্তির। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি জানেন যে, এই অঙ্গনে প্রতিদিন বাইরে যেতে হয়, ৫০-৬০ জন মানুষের সঙ্গে মিশতে হয়। এই সমাজের মানুষ এবং আমার পরিবারের সদস্যরাও বাবা-মাকে খারাপ কথা বলতেন। তারা বলতেন— ‘মেয়েকে কেন এই পেশায় পাঠালে? মেয়ে নষ্ট হয়ে যাবে; সে খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করবে। সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তাকে কেউ বিয়ে করবে না।’ ক্যারিয়ারের এক পর্যায়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তৃপ্তি। তা জানিয়ে তিনি বলেন, “এক পর্যায়ে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আপনি জানেন, যখন আপনার হাতে কোনো কাজ থাকবে না, তখন আশাহত হবেন। কিন্তু আমি জানতাম, আমি বাবা-মায়ের কাছে ফিরে যেতে পারব না এবং তাদের বলতে পারব না, ‘আমি এটা করতে পারিনি।” ২০১৭ সালে ‘মম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তৃপ্তি। এটি পরিচালনা করেন গিরিশ কোহলি। একই বছর মুক্তি পায় তৃপ্তি অভিনীত ‘পোস্টার বয়’ সিনেমা। শ্রেয়াস পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে চূড়ান্ত ভরাডুবি হয়। ২০১৮ সালে পরিচালক ইমতিয়াজ আলীর ‘লায়লা মজনু’ সিনেমায় অভিনয় করেন তৃপ্তি। কিন্তু তার ক্যারিয়ারের তৃতীয় সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এক বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ‘বুলবুল’ সিনেমায় অভিনয় করেন তৃপ্তি দিমরি। এটি নেটফ্লিক্সে মুক্তি পায়। এর মাধ্যমে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করেন অনভিতা দত্ত। এরপর ফের এক বছরের বিরতি নিয়ে তৃপ্তি দিমরি অভিনয় করেন ‘কলা’ সিনেমায়। অনভিতা দত্ত পরিচালিত ‘কলা’ সিনেমায় কলকাতার এক তরুণী গায়িকা চরিত্রে অভিনয় করেন তৃপ্তি। গায়িকা হলেও সংগীতকে তিনি ঘৃণা করেন। এতে অন্য রূপে দেখা যায় তাকে। তৃপ্তি অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর বদলে যায় দৃশ্যপট। গত ১ ডিসেম্বর মুক্তি পায় এটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে গেছে। এরপর তৃপ্তিকে পেছন ফিরে তাকাতে হয়নি।

বিরল অসুখে ভুগছেন রণবীরপত্নী আলিয়া

বিরল অসুখে ভুগছেন রণবীরপত্নী আলিয়া বলিউডের অনন্য অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করেছেন আলিয়া ভাট। সম্প্রতি জানা গেলো এক বিরল অসুখে ভুগছেন প্রতিভাময়ী এ অভিনেত্রী। আর বিষয়টি নিজেই জানিয়েছেন আলিয়া।এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিজের এক গুরুতর অসুখের কথা প্রকাশ করেছেন আলিয়া ভাট। ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ নামের এ অসুখটিতে অভিনেত্রী নাকি ছোট থেকেই ভুগছেন।  এই অসুখের উপসর্গ কেমন, এবং কীভাবে তাকে ভুগতে হয়, সে বিষয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আলিয়া। তিনি বললেন, ‘এমন কিছু কাজ আছে যা আপনার মনে হবে আপনি সেটা দ্রুত শেষ করতে পারবেন। আমার এডিডি আছে। তাই কোনো কাজে খুব বেশি সময় দিয়ে উঠতে পারি না। ফলে এমন কাজ করতে হয়, যা দ্রুত করা যায়।’ এই অসুখের কারণে বিয়ের দিনও আলিয়া তার মেকআপ আর্টিস্টকে কড়া ভাষায় কথা বলেছিলেন বলেও জানান। আলিয়া ভাট বলেন, ‘আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট পুনীত (বি সাইনি) এর বলেছিলেন, আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘন্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি  তাহলে কাজটাই হারাবেন। কারণ, আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনও দুই ঘন্টা দেব না কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’ আলিয়া ২০২২-এর এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন। আলিয়া ভাটকে আগামীতে দেখা যাবে ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ সিনেমায়।

অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য: জয়

অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য: জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একেবারেই নির্লিপ্ত থেকে সমালোচনা ও ধিক্কারের মুখে পড়েন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় । এজন্য এক ভিডিও বার্তায় জাতির কাছে নিঃশর্ত ক্ষমাও চান তিনি। সেই সমালোচনার রেশ কাটার আগেই এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আদর্শ মা’ সম্বোধনে তার লেখা এক আবেদনপত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে ফের সমালোচনার মুখে পড়লেন এ অভিনেতা-উপস্থাপক।  চিঠিটি পোস্ট করে জয়কে ‘চাটুকার’ তকমা দিয়েছেন নেটিজেনদের অনেকে। এ বিষয়ে এ অভিনেতাও স্বীকার করে বললেন, ‘অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। ’শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা লেখেন জয়। উল্লেখ্য, চিঠিটি ২০১৪ সালের। পূর্বাচলে এক খণ্ড জমি পাওয়ার আশায় তৎকালীন প্রধানমন্ত্রীকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা বলে সম্বোধন করে সেই চিঠি লিখেছিলেন জয়। এ বিষয়ে জানতে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়া গেলেও ফেসবুকে এক স্ট্যাটাসে বক্তব্য দিলেন তিনি। ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘আলো আসবেই গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩-এ ধারা। এই সরকার ইতোমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তার পরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নম্বর ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্তা করছেন। ’ তিনি চিঠি প্রসঙ্গে লেখেন, ‘অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না। আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয়, তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভালো থাকি। চলুন, সবাই যার যার ভুল সংশোধন করি। ’ পূর্বাচলে প্লট বরাদ্দ চেয়ে কী লেখা রয়েছে জয়ের সেই চিঠিতে? শুরুতেই শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী, উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা’ সম্বোধন করেছেন শাহরিয়ার নাজিম জয়। এরপর তিনি লিখছেন, ‘আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। ’ শেখ হাসিনার রাজনীতির প্রশংসা জানিয়ে জয় লেখেন, ‘আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলীয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। ’ আবেদনের তৃতীয় প্যারায় তিনি নিজের চাওয়া স্পষ্ট করেন। তিনি লেখেন, ‘মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন, আমার সমসাময়িক সকল শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা, ৫ কাঠার প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি। ’ আবেদনপত্রটি তিনি শেষ করেছেন পূর্বাচলে একটি প্লটের জোরালো দাবি জানিয়ে। তিনি লেখেন, ‘মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন- আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি (ইনশাআল্লাহ)। ’ ওই আবেদনপত্রে জয়ের ছবির পাশে তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সিলও রয়েছে। সুপারিশকারী হিসেবে তৎকালীন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের স্বাক্ষরও রয়েছে।

১৭ কোটি টাকা লাভে বাংলো বিক্রি করলেন কঙ্গনা

১৭ কোটি টাকা লাভে বাংলো বিক্রি করলেন কঙ্গনা বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত তার মুম্বাইয়ের বাংলো বিক্রি করে দিলেন। বান্দ্রার পালি হিলের বাংলোটি বিক্রি করে মোটা অঙ্কের অর্থ লাভ করলেন এই অভিনেত্রী। কঙ্গনার বাংলো বিক্রির কাগজপত্র টাইমস অব ইন্ডিয়া হাতে পেয়েছে। এসব কাগজপত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৩ হাজার ৭৫ স্কয়ার ফুটের বাংলোটি ৩২ কোটি রুপিতে বিক্রি করেছেন কঙ্গনা রাণৌত। এ বাংলাতে ৫৬৫ স্কয়ার ফুটের গাড়ি পার্কিং সুবিধাও রয়েছে।  ২০১৭ সালের ২০ কোটি রুপিতে বাংলোটি কিনেছিলেন কঙ্গনা। গত ৫ সেপ্টেম্বর ৩২ কোটি রুপিতে এটি বিক্রি করেন এটি। সাত বছরের ব্যবধানে এ বাংলো বিক্রি করে ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ৮ লাখ টাকার বেশি) লাভবান হলেন কঙ্গনা। ভারতের জমি কেনাবেচার ওয়েবসাইট কোড এস্টেটের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছিল, কঙ্গনার প্লটটির সাইজ ২৮৫ মিটার। বাংলোর ভবন তৈরি করা হয়েছে ৩ হাজার ৪২ স্কয়ার ফুটের ওপরে। নান্দনিকভাবে তৈরি করা হয়েছে দু’তলা বাড়িটি। এ বাংলোর ফার্স্ট ফ্লোরে ১২৫০ স্কয়ার ফুটের সাউন্ড প্রুফ এডিটিং রুম তৈরি করেছিলেন কঙ্গনা। মানে তার মণিকর্ণিকা ফিল্মস এ বাংলোতে অবস্থিত।  কয়েক মাস আগে ভারতে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন। এতে বিজেপির টিকিট নিয়ে হিমাচলের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কঙ্গনা। শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাওয়ার জন্য রওনা হন। চন্ডিগড় এয়ারপোর্টে পৌঁছানোর পর কঙ্গনাকে থাপ্পড় মারেন কনস্টেবল কুলবিন্দর। এ নিয়ে জলঘোলা কম হয়নি। কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি। ‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি। নানা জটিলতার পর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছেন এই অভিনেত্রী।

দেবের সঙ্গে সিনেমায় অভিনয় করছেন না ফারিণ

দেবের সঙ্গে সিনেমায় অভিনয় করছেন না ফারিণ কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামের সিনেমায় কাজ করার কথা ছিল দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তবে এবার জানা গেল, নির্মাতা অভিজিৎ সেনের সিনেমাটিতে কাজ করছেন না ঢাকার এই অভিনেত্রী। আগামী নভেম্বর মাসের শুরুর দিকে কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং শুরুর কথা ছিল সিনেমাটির। তবে এর আগেই নানা অনিশ্চয়তার কারণেই সিনেমাটি থেকে সেরে এসেছেন ফারিণ।   এই অভিনেত্রীর কথায়, সিনেমার প্রযোজকের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সিনেমাটিও হচ্ছে না। এ বিষয়ে ফারিণ আরও বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে। ভিসা পেতে সময় লাগছে। নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে সমস্যা। কারণ, ওই সময় শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। কিন্তু সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াও অনিশ্চিত। এসব কারণে সিনেমাটিতে কাজ করা হচ্ছে না। এদিকে ফারিণ জানান, সিনেমাটির কাজ বাতিল করার কারণে ওই একই শিডিউলে নতুন একটি ওটিটির কাজ হাতে নিয়েছেন। তিনি বলেন, সিনেমাটির কারণে অনেক কাজই ছাড়তে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি করছি না। ওই শিডিউলে নতুন একটি ওটিটির কাজ হাতে নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ। এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি সিনেমাতে কাজের কথা ছিল ফারিণের। সেটিও গত বছর বাতিল হয়েছে।

ঢাকায় ৩৪ ডিগ্রি, উষ্ণতা আরও বাড়ালেন পরীমনি

ঢাকায় ৩৪ ডিগ্রি, উষ্ণতা আরও বাড়ালেন পরীমনি গরমে যখন অস্থির ঢাকার মানুষ, ঠিক তখনই ভক্তদের মনকে উসকে দিলেন ঢালিউড তারকা পরীমনি। ওপরে বৃষ্টি, নিচে সুইমিং পুল। বৃষ্টিস্নাত পরীমনির সেই ছবি যেন উষ্ণতা বাড়িয়ে দিল ঢাকার। পরীমনির পোস্ট করা ছবিতে সে কথাই জানিয়েছেন ভক্তরা। খোলা ছাদের সুইমিংপুলে পা ডুবিয়ে বৃষ্টিতে ভিজছিলেন পরী। পরনে সাদা ব্লাউজ-নেভি ব্লু শাড়ি, মুখে প্রশান্তির হাসি। চোখ বুজে তিনি অনুভব করছিলেন বৃষ্টির ফোটা। মুষলধারে বৃস্টি তখন খেলছিল তার খোলা চুলে। ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে নিজের ফেসবুকে ছবিগুলো পোস্ট করেন ঢালিউড তারকা পরীমনি। ক্যাপশনে লিখেছেন, ‘বসনে বর্ষার রং।’ সঙ্গে জুড়ে দিয়েছেন গাছ, বৃষ্টি ও প্রজাপতির ইমোজি। প্রিয় অভিনেত্রীকে এমন বৃষ্টি উদযাপন করতে দেখে আনন্দ পেয়েছেন ভক্তরাও। ভক্তরা মন্তব্য করে সে কথা জানিয়েছেনও। ফারজানা নামের একজন লিখেছেন, ‘সুন্দর এবং আকর্ষণীয়।’ জান্নাতুল ফেরদৌস লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে।’ রায়হান লিখেছেন, ‘মেয়েটা আসলেই একটা পরী।’  কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন পরীমনি। শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। কাজ ও দুই সন্তানকে নিয়ে পার করছেন ব্যস্ত সময়। শিগগিরই তাকে দেখা যাবে ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজে। নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

সালমানের পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে

সালমানের পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে গত কয়েক দিন ধরে খবর উড়ছে, অসুস্থ বলিউড অভিনেতা সালমান খান। তবে বিষয়টি নিয়ে নীরব ছিলেন তিনি। অবশেষে অসুস্থতার কথা স্বীকার করে সালমান খান জানালেন, তার পাঁজরের হাড় ভেঙে গেছে। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অসুস্থ থাকলেও ‘বিগ বস ১৮’-এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে সালমান খান বলেন— ‘আমার পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে।’ সালমান খানের পরবর্তী সিনেমা ‘সিকান্দার’। মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছে। এর শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন বলে পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে।  পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করছেন ‘সিকান্দার’ সিনেমা। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। আর তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। মুম্বাইয়ের শুটিং শিডিউল শেষে পুরো টিম চলে যাবে হায়দরাবাদে। এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। এর আগে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ইনস্টাগ্রাম পেজে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। তাতে সালমান খান ও রাশমিকার ছবি পোস্ট করে লেখা হয়— ‘২০২৫ সালের ঈদে মুক্তি পাবে।’