১৬ সেকেন্ডে শাকিবের বাজিমাত!

১৬ সেকেন্ডে শাকিবের বাজিমাত! ষোলো সেকেন্ডের একটি মোশন ফার্স্ট লুক! গায়ে কাটা দিয়ে ওঠার মতো বিজিএম! সেখানে মুখভর্তি দাঁড়ি, মাথায় লম্বা চুল, চোখে সানগ্লাস, হাতে ধরে আছেন একেবারে ইউনিক ডিজাইনের বড় মিউজিক্যাল বন্দুক! পরনে কালো গাউন, মারকাটারি অ্যাকশন লুক! বলছিলাম, আসন্ন ঈদে মুক্তি টার্গেট করে প্রকাশিত ‘প্রিন্স’ সিনেমার ফার্স্টলুক মোশন লুকে শাকিব খানের ঝলকের কথা। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এই ফার্স্টলুকে নজর কেড়েছেন এই মেগাস্টার। এর মাধ্যমে সিনেমাটিতে শাকিবের চরিত্রের ইঙ্গিত পাওয়া গেল। বোঝা গেল, তিনি একজন গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন। একইসঙ্গে মোশন লুক ইঙ্গিত দিচ্ছে, এ যাবতকালের অন্যতম বড় আয়োজনের অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে ‘প্রিন্স’। প্রকাশিত লুক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সংশ্লিষ্টরা ক্যাপশনে বলেছেন, “সে ক্ষমতার পিছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।” শিরিন সুলতানার প্রযোজনায়, ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে বাকি কাজ শেষ করার জোর চেষ্টা চালাচ্ছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। ‘প্রিন্স’ সিনেমার ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এতে শাকিব ছাড়াও অভিনয় করছেন— তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর। আরো আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ। শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর! তবে নির্মাতা হায়াত আগেই পরিষ্কার করেন, তারা যে গল্প নিয়ে ‘প্রিন্স’ নির্মাণ করছেন-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটা স্রেফ গুজব ছাড়া কিছু নয়। তিনি বলেন, “এটি বড় আয়োজনের কমার্শিয়াল সিনেমা।”
আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক: পরীমণি

আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক: পরীমণি প্রায় ৩ বছর আগে ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের বিবাহবিচ্ছেদ হয়েছে। এই সংসার ভাঙার পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা চলছিল। অবশেষে সেই আলোচনার ইতি টানলেন পরীমণি। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ, ব্যক্তিগত সম্পর্ক এবং তৃতীয় পক্ষের গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় পরীমণি পরিষ্কারভাবে বলেন, “তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়; কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে যে চেষ্টা করতে হয়, এটা তো সে (রাজ) জানেই না। কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না।” বিনোদন অঙ্গনে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও তুলে ধরেন পরীমণি। তিনি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে—আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা।” এ প্রসঙ্গে শরিফুল রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও জানান অভিনেত্রী। পরীমণির ভাষায়, “আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।” বলে রাখা ভালো, ২০২২ সালের জানুয়ারিতে পরীমণি অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন শরিফুল রাজ। একই সময় তারা তাদের বিয়ের বিষয়টিও নিশ্চিত করেন। দুজনের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। পরবর্তীতে ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের পুত্র সন্তান। তবে সন্তান জন্মের কিছুদিন পর থেকেই সম্পর্কে টানাপড়েন শুরু হয়। আলাদা হওয়ার পর দুজনই বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। সবশেষে ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই দুই তারকা। পরীমণিকে চলতি বছর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ফেলুবক্সী’ সিনেমায় দেখা গেছে। সম্প্রতি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত একই নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’ শিরোনামে দুটো সিনেমা। অন্যদিকে, শরিফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। বর্তমানে তিনি ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’ নামে দুটি নতুন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
আরশের সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন সুনেরাহ

আরশের সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন সুনেরাহ এ সময়ের আলোচিত তারকা জুটি সুনেরাহ বিনতে কামাল ও আরশ খান। বেশ কিছু কাজ জুটি বেঁধে করেছেন তারা। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই যুগল। যদিও এই গুঞ্জন উড়িয়ে দাবি করেছেন “তারা সহকর্মী হিসেবে বন্ধু, এর বেশি কিছু নয়।” ফের যুগল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলোচনার জন্ম দিলেন সুনেরাহ। সোমবার (২ ফেব্রুয়ারি) আরশ খানের জন্মদিন। এ উপলক্ষে গতকাল রাতে সুনেরাহ তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গাড়ির পেছনের সিটে বসে সেলফিবন্দি হয়েছেন সুনেরাহ-আরশ। এ ছবির ক্যাপশনে সুনেরাহ লেখেন, “শুভ জন্মদিন, স্বপ্নবাজ। তোমার দিনটি যেন তোমার মতোই বিশেষ হয়। এমন একজন মানুষকে খুঁজে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, তিনি ভালোবাসতে জানেন, যত্ন নিতে জানেন এবং সবাইকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাতে পারেন।” আরশের জন্য শুভকামনা জানিয়ে সুনেরাহ লেখেন, “তোমার সব পরিশ্রম ও নিষ্ঠা যেন তোমার প্রতিই বিশ্বস্ত থাকে। ভালোবাসা ও আশীর্বাদ রইল। সামনে আসা বছরটি তোমার জন্য সুন্দর ও সফল হোক।” সবকিছু ঠিক থাকলেও সুনেরাহর এই ক্যাপশন নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, “দুজনকে বেশ মানিয়েছে।” কেউ কেউ বলছেন, “অটুট থাকুক এই ভালোবাসা।” মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে আরশের এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার। এই জার্নিতে একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তবে গত এক বছর ধরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সুনেরাহর সঙ্গে জুটি বেঁধে। কাজ করতে গিয়েই তাদের মাঝে তৈরি হয়েছে বন্ধুত্ব।
মার্কিন মুলুকে মুখোমুখি বরিশালের দুই তারা

মার্কিন মুলুকে মুখোমুখি বরিশালের দুই তারা নাটক-সিনেমায় তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মুন্সিয়ানা দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন বরেণ্য অভিনেত্রী তানিয়া আহমেদ। নির্মাতা হিসেবেও তার আলাদা পরিচিতি রয়েছে। অন্যদিকে, চলচ্চিত্রের জনপ্রিয় মুখ জায়েদ খান। অভিনয়ের পাশাপাশি শিল্পী সংগঠনের নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায়। মজার ব্যাপার হলো—এই দুই তারকা বরিশাল অঞ্চলের মানুষ। তানিয়া আহমেদের জন্ম পটুয়াখালীতে, আর জায়েদ খানের শৈশব-কৈশোর কেটেছে পিরোজপুরে। সেই বরিশালের দুই তারকাই এবার মুখোমুখি হয়েছেন সাত সাগর তেরো নদীর ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে। জায়েদ খানের উপস্থাপনায় নির্মিত জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন তানিয়া আহমেদ। প্রথম সিজনে ১২টি পর্ব প্রচারিত হওয়ার পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে অনুষ্ঠানটি। বিশেষ এই পর্বে উপস্থাপক জায়েদ খানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তানিয়া আহমেদ তুলে ধরেছেন তার দীর্ঘ অভিনয়জীবনের গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজের নেপথ্যের নানা কথা এবং কিছু অজানা মুহূর্ত। খোলামেলা আলোচনা, আন্তরিক কথোপকথন আর তারকাখচিত উপস্থিতিতে পর্বটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, অনুষ্ঠানটি আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। একই বছরের আগস্ট মাসে দেশে রাজনৈতিক পটপরিবর্তন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি আর বাংলাদেশে ফিরেননি। মাতৃভূমিতে ফেরার আগ্রহ থাকলেও বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। সেখান থেকেই শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়।
ট্রলিং নিয়ে মুখ খুললেন বুবলী, চাইলেন সাইবার ক্রাইমের সহযোগিতা

ট্রলিং নিয়ে মুখ খুললেন বুবলী, চাইলেন সাইবার ক্রাইমের সহযোগিতা সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রলিংয়ের শিকার হন অভিনয়শিল্পীরা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চাইলেন তিনি। সম্প্রতি একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী বলেন, আমার কাছে খুব দুঃখ লাগে যে ইদানিং মেয়েরা মেয়েদেরকে বেশি ট্রলিং করে। অনেক হিজাব পরা নারী আছেন, বলতে বাধ্য হচ্ছি- তারাও অন্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন। আমার মনে হয়, এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ, আমাদের ইসলামে গিবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়। এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করে নায়িকা বলেন, শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন বুবলী, এমন গুঞ্জন বাজারে ছড়িয়েছে। অবশ্য বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রহস্য রেখেছেন তিনি। বলেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, আমি তাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন।
আমরা অভিভাবকতুল্য একজন মানুষকে হারালাম: শাকিব খান

আমরা অভিভাবকতুল্য একজন মানুষকে হারালাম: শাকিব খান পরপারে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য, কিংবদন্তি অভিনেতা ও বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্রাঙ্গনে। প্রিয় শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই। দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান শোক প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। জাভেদের সাদা-কালো একটি ছবি পোস্ট করে শাকিব খান লেখেন, “চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।”শরীরিভাবে পৃথিবী থেকে বিদায় নিলেও জাভেদ বেঁচে থাকবেন তার কর্মে। এ তথ্য উল্লেখ করে শাকিব খান লেখেন, “তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।” বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাভেদ। তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন বর্ষীয়ান এই শিল্পী। জাভেদের স্ত্রী ডলি চৌধুরী বলেন, “আজ সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ মারাত্মক অবনতি হয়। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। এক পর্যায়ে বাসায় রেখে চিকিৎসা চালানো হচ্ছিল। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স নিয়মিত এসে তাকে দেখতেন। সকালে নার্সরা এসে জানান, তার শরীর ঠান্ডা হয়ে গেছে। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ইলিয়াস জাভেদ। কায়সার পাশা পরিচালিত উর্দু ভাষার সিনেমা ‘মালান’–এ প্রথম নৃত্য পরিচালনা করেন তিনি। ১৯৬৪ সালে উর্দু চলচ্চিত্র ‘নয়া জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে তার অভিষেক ঘটে। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমায় শাবানার বিপরীতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তীতে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন দর্শকপ্রিয় নায়ক। জাভেদ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—মালকা বানু, অনেক দিন আগে, শাহজাদী, নিশান, রাজকুমারী চন্দ্রভান, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নরম গরম, তিন বাহাদুর, চন্দন দ্বীপের রাজকন্যা, চোরের রাজা, জালিম রাজকন্যা প্রভৃতি।
শাকিবের সঙ্গে ছুটি কাটানোর পর থেকে মা হওয়ার গুঞ্জন, যা বললেন বুবলী
শাকিবের সঙ্গে ছুটি কাটানোর পর থেকে মা হওয়ার গুঞ্জন, যা বললেন বুবলী প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পেরোতেই আবারও মা হতে যাচ্ছেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। শোবিজ অঙ্গনে যখন এমন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সাংবাদিকদের প্রশ্নে রহস্যময় জবাব দিলেন অভিনেত্রী। সেই কৌশলী উত্তর যেন তার মা হওয়ার গুঞ্জন আরও উস্কেই দিলো। গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে শবনম বুবলী দীর্ঘ ছুটি কাটান। এরপরই প্রকাশ্যে আসে বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পরীর লুকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠে ক্যামেরায়। তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। অনুষ্ঠান শেষে কাজ ও ব্যক্তিজীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। কথা প্রসঙ্গে উঠে আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলী। রহস্যময় ভঙ্গিতে তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকবেই, সেটাকে আমি সম্মান করি। সাংবাদিক ভাইয়েরা দর্শকদের প্রতিক্রিয়াই আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, যখন ঘটা করে ব্যক্তিগত কোনো প্রোগ্রাম হবে তখনই এসব বিষয় নিয়ে কথা বলা উচিত। আজ যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।’ ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ নিয়েও নিজের অসন্তোষের কথা জানান বুবলী। তিনি বলেন, ‘আমি একাধিক নিউজ দেখেছি যেখানে আমার বক্তব্য না নিয়েই লেখা হয়েছে-‘বুবলী বলেছেন’। এটা ঠিক নয়। অনেক সময় বলা হয়, ফোনে আমাদের পাওয়া যায় না। আসলে শুটিংয়ে থাকলে ফোন ধরা সম্ভব হয় না। তখন অন্তত একটি মেসেজ আশা করি। মেসেজের উত্তর না দিলে সেটার মানে আমরা আপাতত ওই বিষয়ে কথা বলতে চাইছি না। অথচ আমার সঙ্গে কথা না বলেই বক্তব্য বানিয়ে নেওয়া হয়, যা সত্যিই দুঃখজনক।’ বর্তমানে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বুবলী। রোজার ঈদেও দেখা যাবে তার নতুন সিনেমা।
যুক্তরাষ্ট্রে মারুফের বাসায় নিজেদের সেই গানে নাচলেন অমিত-শাবনূর
যুক্তরাষ্ট্রে মারুফের বাসায় নিজেদের সেই গানে নাচলেন অমিত-শাবনূর একসময় ঢালিউডের পর্দায় নিয়মিত জুটি ছিলেন অমিত হাসান ও শাবনূর। সময়ের সঙ্গে দুজনেই এখন অভিনয়ে অনিয়মিত। শাবনূর থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়, আর অমিত হাসান বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তবে দূরত্ব সত্ত্বেও সম্প্রতি আবারও এক ফ্রেমে ধরা পড়লেন এই দুই তারকা। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিনেতা কাজী মারুফের বাসায় দেখা হয় অমিত হাসান ও শাবনূরের। সেই মুহূর্তের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি নিজের ফেসবুক থেকে প্রকাশ করেন কাজী মারুফ। সেখানে দেখা যায়, জনপ্রিয় গান ‘একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও’-এর তালে নাচছেন অমিত হাসান ও শাবনূর। শুধু নাচ নয়, অমিত হাসানের সঙ্গে শাবনূরকে গানও গাইতে দেখা যায়। পরে মারুফ ফেসবুক লাইভে এসে সেই আনন্দঘন মুহূর্তটি অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। জানা গেছে, ছেলে আইজানের ইচ্ছাতেই যুক্তরাষ্ট্র ভ্রমণে গেছেন শাবনূর। এই সফরে দেশটিতে অবস্থানরত ঢালিউডের একাধিক তারকার সঙ্গে দেখা করছেন তিনি। কদিন আগে মৌসুমীর সঙ্গে দেখা করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবার কাজী মারুফের বাসায় অমিত হাসানের পাশাপাশি মাহিয়া মাহির সঙ্গেও আড্ডায় মেতে উঠতে দেখা গেল তাকে। এছাড়া যুক্তরাষ্ট্রে শাবনূরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মামুন ইমন, রেসিসহ আরও কয়েকজন তারকার। তাদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দমুখর দিন পার করছেন ঢালিউডের এই সুপারস্টার। নস্টালজিয়ায় ভরা এসব মুহূর্তে ভক্তরাও ফিরে পাচ্ছেন প্রিয় তারকাদের একঝলক।
জোভানের সঙ্গে পাগল বেশে ভাইরাল কে এই অভিনেত্রী

জোভানের সঙ্গে পাগল বেশে ভাইরাল কে এই অভিনেত্রী প্রথম দেখায় যে কেউই বিভ্রান্ত হতে পারেন পাগল ভেবে। উস্কোখুস্কো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি ধুলোমাখা চেহারায় একটি ভিডিওতে এমনই এক মানসিক ভারসাম্যহীন নারীর উপস্থিতি চোখে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। ভিডিওর শুরুতে বুঝতে না পারলেও একটু পরেই চমকে উঠছেন নেটিজেনরা। কারণ সেই ভিডিওতে হঠাৎ করেই হাজির হন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এতেই তৈরি হয় কৌতূহল প্রথম দেখায় ঘটনার বিষয়বস্তু ও মানসিক ভারসাম্যহীন নারীকে শনাক্ত করা বেশ কঠিন। পরে জানা যায়, এটি কোনো বাস্তব ঘটনা নয় বরং একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। জোভানের সঙ্গে পাগল বেশে ভাইরাল নারীটি কেয়া পায়েলই। সম্প্রতি এই ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন জোভান নিজেই। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে কিংবা মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে অভিনয় করছেন। একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায়, কেউ নাকি তার দিকে বল ছুড়ে মেরেছে। আর সে এর বিচার চায়। ঠিক তখনই মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছান জোভান। তাকে দেখেই কেয়া তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে মজার ছলে জোভান ক্যাপশনে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’ ভিডিও প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেক ভক্ত মন্তব্য করেছেন, প্রথম দেখায় তারা কেয়া পায়েলকে চিনতেই পারেননি। একজন লিখেছেন, ‘বাপরে বাপ, কী মারাত্মক অভিনয়!’ অন্য একজন মন্তব্য করেন, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’সব মিলিয়ে কেয়ার এই ভিন্নধর্মী চরিত্রে অভিনয়, মেকআপ ও চরিত্রের প্রতি তার একাগ্রতা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি নতুন নাটকের অংশ, যেখানে কেয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন ফারহান আহমেদ জোভান। তবে নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
জেফারের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন রাফসান
জেফারের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন রাফসান জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব আজ (১৪ জানুয়ারি) গায়িকা ও অভিনেত্রী জেফার রহমানকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহের ছবি এবং স্ট্যাটাস শেয়ার করে আনন্দের সংবাদ জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা থাকলেও আজ তা আনন্দঘন অবস্থায় পরিণত হলো। রাফসান বিয়ের ছবি প্রকাশ করেছেন তার ফেসবুকে। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের যাত্রা শুরু করতে চলেছি, আমাদের বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা। আজ আমরা আমাদের জীবন একত্রিত করছি এবং একসাথে একটি সুন্দর অধ্যায়ে প্রবেশ করছি। এই স্ট্যাটাসে তিনি নতুন জীবনের সূচনায় পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় তারা কতোটা আবদ্ধ সেই বার্তা দিয়েছেন। স্ট্যাটাসে দুই শিল্পীর জন্য শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন তাদের কাছের মানুষেরা। আজ সকালেই জেফার ও রাফসানের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন ছিলো। সন্ধ্যায় আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা। বিয়েটি ছিল আদরে ভরা এবং খুব ব্যক্তিগত পরিবেশে, যেখানে শুধুমাত্র পরিবারের সদস্য ও তাদের নিকটজনরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দীর্ঘ দিন ধরেই শোবিজ অঙ্গনে জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। কেউ বলতেন তারা শুধু বন্ধু, আবার অনেকে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানে বা বিদেশ ভ্রমণে তাদের ঘনিষ্ঠ দৃশ্য দেখে বিভিন্ন মতামত তোলে। তবে আজ এই গুঞ্জনগুলো বন্ধন পেয়ে সত্যি বন্ধনে পরিণত হলো। ’