তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ: অভিনয়শিল্পী সংঘের বিবৃতি

তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ: অভিনয়শিল্পী সংঘের বিবৃতি নাটকের শুটিং সেটে অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠেছে তানজিন তিশার বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় ফেসবুক লাইভে বিষয়টি জানান অথৈ। তারপর থেকে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। এ পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।  সামিয়া অথৈ ও তানজিন তিশার ঘটনাটিকে ইঙ্গিত করে সংগঠনটি বিবৃতিতে বলেছে, “কোনো সদস্যের সাথে কোনো প্রকার জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত না করে উপরন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের আচরণবিধির পরিপন্থী।” সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বিষয়টি আগে না-জানানোর কারণ খানিকটা ব্যাখ্যা করেছে বিবৃতিতে। তাতে বলা হয়েছে, “এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়েই সমাধান হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। কেননা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা একতরফাভাবে উপস্থাপিত হলে তা একদিকে যেমন সামাজিকভাবে সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে।”  আচরণবিধি লঙ্ঘিত হলে সাংগঠনিকভাবে সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বিবৃতিতে উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে, “উল্লিখিত ক্ষেত্রে কোনো সদস্যের আচরণবিধি লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে যেকোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হতে পারে।” প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় উদ্ভূত সমস্যার সমাধান করতে চায় অভিনয়শিল্পী সংঘ। বিবৃতিতে বলা হয়েছে, “অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ দৃঢ়চিত্তে বিশ্বাস করে, দোষী যে-ই হোন না কেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রায়াল’ বা জনমতের আদালত তৈরি না করে বা বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার না করে বরং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমেই উদ্ভূত সমস্যার সমাধান করা সম্ভব।”

আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী

আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। এদিকে জানা গেছে, জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খুলেননি। এর আগে ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।

ব্যান্ডদল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর

ব্যান্ডদল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ডদলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দেন। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে। সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ বছর একুশে পদক পেয়েছেন—চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ সংগীতদল হিসেবে পুরস্কার পেয়েছে। মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তাঁর স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। ওয়ারফেজের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম পুরস্কার নেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি পুরস্কারপ্রাপ্তদের নাম ও গুণগত অবদান পাঠ করে শোনান এবং পদক প্রদান পর্ব সঞ্চালনা করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৭ মাস পর শুটিংয়ে ফিরলেন নিলয় আলমগীর

৭ মাস পর শুটিংয়ে ফিরলেন নিলয় আলমগীর দীর্ঘ সাত মাসের বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরলেন নিলয় আলমগীর। গত সেপ্টেম্বরে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। নভেম্বরে সেখানেই প্রথম সন্তানের বাবা হন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে নিজেই কন্যাসন্তানের খবর জানিয়েছিলেন নিলয়। তাদের মেয়ের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ। ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার পর দুই দিন বিশ্রাম নিয়ে গত রবিবার থেকেই নতুন নাটকের শুটিং শুরু করেছেন তিনি। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি লিখেছেন অনামিকা মণ্ডল এবং পরিচালনা করছেন নাজমুল রনি। ঢাকার উত্তরায় চলছে এর শুটিং। পরিচালকের ভাষ্য, নাটকটি একটি কমেডি গল্প, যেখানে হাস্যরসের পাশাপাশি থাকবে সামাজিক বার্তা। ঈদ উপলক্ষে দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। এ নাটকে নিলয়ের সহশিল্পী হিসেবে থাকছেন নীলাঞ্জনা নীলা। খুব বেশি নাটকে একসঙ্গে দেখা না গেলেও এবার নতুন জুটিতে হাজির হচ্ছেন তারা। এদিকে এই নাটকের কাজ শেষ করেই টানা আরো দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন নিলয়। সেই নাটক দুটিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকবেন জান্নাতুল সুমাইয়া হিমি।

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’!

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’! ঈদের নাটক মানেই প্রেম, পরিবার আর আবেগের মিশেল। তবে এবার সেই পরিচিত আবহে যুক্ত হচ্ছে রহস্য ও চমক। আসছে ঈদে দর্শকদের জন্য বিশেষ নাটক ‘কসম’ নিয়ে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান ও তটিনী। এটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। গল্পে দেখা যাবে, প্রেমিকা তটিনীর জীবন বাঁচাতে এমন এক কসম নেন প্রেমিক জোভান, যার পরিণতিতে জন্ম নেয় অপ্রত্যাশিত এক ঘটনার। পারিবারিক টানাপোড়েন আর প্রেমের জটিল সমীকরণ মিলিয়ে নাটকটি এগোবে একাধিক মোড় ঘুরে।নির্মাতা জানিয়েছেন, গল্পের ভেতরে ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে নানা বাঁক, যেখানে প্রেম ও পরিবারের সংঘাত দর্শকদের আবেগে নাড়া দেবে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদ উপলক্ষে প্রায় ২০টি বিশেষ নাটকের পরিকল্পনা রয়েছে তাঁদের। প্রেম ও পারিবারিক গল্পনির্ভর সেই তালিকায় অন্যতম প্রযোজনা ‘কসম’। নাটকটি ঈদে সিএমভি-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

অভিনয় থেকে সাময়িক ‘বিরতি’, পাড়ি দিলেন যুক্তরাষ্ট্রে

অভিনয় থেকে সাময়িক ‘বিরতি’, পাড়ি দিলেন যুক্তরাষ্ট্রে শোবিজ অঙ্গনে বিরতির ঘোষণার হিড়িকের মধ্যেই এবার অভিনয় থেকে সাময়িক বিরতির কথা জানালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি জানান, জীবনের এই পর্যায়ে এসে তার কিছুটা থামা প্রয়োজন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে বিরতি দরকার হয়—এবার সেই সময়টাই নিচ্ছেন তিনি।’তবে এটি স্থায়ী বিদায় নয় বলেও স্পষ্ট করেছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।’এই বিরতিকে যেন কেউ বিদায় না ভাবেন— এমনটাও জানিয়েছেন। শিগগিরই তিনি আবার ফিরবেন বলেও আশ্বাস দিয়েছেন। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও মাহি বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি। পোস্টের মন্তব্যঘরে ভক্তরা তাকে শুভ কামনা জানিয়েছেন। অনেকেই মনে করছেন, কাজের চাপ থেকে মানসিক প্রশান্তির জন্যই হয়তো এই বিরতি। এদিকে বিরতির ঘোষণা দেওয়ার পরই যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে উঠে দেশ ছেড়েছেন মাহি। সেখানে নিজের বোনের সঙ্গে কিছুদিন সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর অবশেষে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গেল রোববার রাজধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখন বাসায় বিশ্রামে আছেন অভিনেত্রী।এর আগে গত ১৪ ফেব্রুয়ারি নিজের অসুস্থতার খবর সামাজিকমাধ্যমে জানান তানিয়া বৃষ্টি। হাসপাতালে বসে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া চেয়েছিলেন। এদিকে তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে একটি বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে, আপাতত কাজ বা শুটিং সংক্রান্ত বিষয়ে যোগাযোগ না করতে। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তানিয়া বৃষ্টির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।

জাইমা রহমানের প্রশংসা করলেন তানজিন তিশা

জাইমা রহমানের প্রশংসা করলেন তানজিন তিশা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের প্রশংসা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী। জাইমা রহমানকে মাটির মানুষ আখ্যা দিয়ে তিশা লেখেন, ‘বিদেশে বেড়ে উঠলেও তিনি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন।’ তিনি আরো বলেন, ‘কেউ যেখানে বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুন: কনকচাঁপা

আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুন: কনকচাঁপা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন তারেক রহমান। তাকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী কনকচাঁপা। সামাজিকমাধ্যমে দেওয়া তার বার্তাটি মুহূর্তেই নেটিজেনদের নজরকাড়ে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল পুরো পৃথিবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমিন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় বৈঠকে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।

ভোটের উত্তেজনায় সারারাত ঘুমাতে পারিনি : প্রভা

ভোটের উত্তেজনায় সারারাত ঘুমাতে পারিনি : প্রভা ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে ভোটগ্রহণ চলছে। দেশের আগামী প্রতিনিধিকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজ জেলা শরীয়তপুরে গ্রামের বাড়িতে ভোট দেয় তিনি। ভোট দেওয়ার পর কথা বলতে গিয়ে প্রভা জানান, ভোটের আনন্দ ও উত্তেজনায় আগের রাতে ঘুমই হয়নি তার। তিনি বলেন, ‌‘পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি। ব্যস্ত পেশাজীবন সত্ত্বেও ভোট দিতে গ্রামে যাওয়ার কারণ ব্যাখ্যা করে প্রভা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতেই তিনি ছুটে গেছেন নিজের শিকড়ে। ‘অনেকে বলেছে, ছুটির দিন তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম। কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরে এসেছি’ যোগ করেন তিনি।