তাহসানের হবু স্ত্রী কে এই রোজা

তাহসানের হবু স্ত্রী কে এই রোজা ক্লাসিক আর আধুনিক গানের মেলবন্ধনে তাহসান খান তৈরি করেন অন্যরকম সুরের জাদু। রোজা আহমেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা ছবিগুলো জানান দিচ্ছে তিনিও ক্লাসিক ও আধুনিকতা একসঙ্গে বুনতে ভালোবাসেন। মিষ্টি চেহারার রোজা আহমেদ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ তার নামের সঙ্গে যুক্ত হয়েছে অভিনেতা, সংগীত শিল্পী ও উপস্থাপক তাহসানের নাম। ঘরোয়া আয়োজনে হলুদ রাঙানো বর-কনে রূপে ধরা দিয়েছেন তাহসান-রোজা। ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবারে ছড়িয়ে পড়েছে। কে এই রোজা? জানা গেছে,  তাহসানের নতুন স্ত্রী রোজা আহমেদ বাংলাদেশের বরিশালে বেড়ে উঠেছেন। ক্যারিয়ার গড়েছেন বাংলাদেশ ও  মার্কিন মুলুকে। রোজা পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন রোজা। এরপর উদ্যোক্তা বনে যান তিনি। নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন রোজাস ব্রাইডাল মেকওভার।  প্রায় ১০ বছরের বেশি সময় ধরে রোজা বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। সাজিয়েছেন বাংলাদেশের নামি দামি মডেল থেকে শুরু করে অনেককেই। মীম, তিশা, বারিশ হক থেকে শুরু করে এই শহরের অনেক মডেলই নিজেকে রাঙিয়েছেন তার মেকআপে। রোজার বিজনেস পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ এর অনুসারী সংখ্যা নয় লক্ষের ওপরে। তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট বেশ সাদামাটা। মাত্র অল্প কয়েকজন অনুসারী সংখ্যা রয়েছে রোজার। রোজার পছন্দের সংগীতশিল্পী খোদ তাহসানই!

অঞ্জনার মৃত্যুতে যা বললেন শাকিব খান

অঞ্জনার মৃত্যুতে যা বললেন শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অঞ্জনা। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের মানুষ। ঢালিউড সুপারস্টার শাকিব খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্মার শান্তি কামনা করছি . . .’’ উল্লেখ্য, অঞ্জনা ঢালিউড সিনেমা ছাড়াও ৯টি দেশের ১৩টি ভাষার সিনেমাতে অভিনয় করেছেন। আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন এই নায়িকা অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাচসাস পুরস্কার । নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

ইমরানের সুরে গাইলেন আসিফ আকবর

ইমরানের সুরে গাইলেন আসিফ আকবর বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। নতুন বছরের শুরুতে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী। বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে আসিফের গাওয়া ‘মন জানে’ শিরোনামের গান। এ গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আর সেই সুরেই গেয়েছেন আসিফ আকবর। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। আশাবাদ ব্যক্ত করে আসিফ আকবর বলেন, “ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী-পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামের গানে আমরা একসঙ্গে যে কাজটি করলাম, আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।” ইমরান মাহমুদুলের কাছে আসিফ ‘নস্টালজিয়া’ ব্যাপার। এ বিষয়ে তিনি বলেন, “ছোটবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করে। আমার বিশ্বাস, আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে।” দেশের অন্যতম শীর্ষ সংগীত তারকা আসিফ আকবর। অন্যদিকে চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এই দুই তারকার মধ্যে সম্পর্কটাও সুন্দর। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন তারা। এবার সংগীতের দুই প্রজন্মের দুই তারকা একসঙ্গে হাজির হতে যাচ্ছেন একটি গান নিয়ে। জানা যায়, ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে ৫ জানুয়ারি গানটি মুক্তি পাবে।

বছরের শুরুতেই আদর-দিঘীর চমক

বছরের শুরুতেই আদর-দিঘীর চমক রক্তাক্ত মরদেহ, নৃশংস প্রতিশোধ আর ভয়াল দৃশ্যের মধ্য দিয়ে বছরের প্রথম দিনেই মুক্তি পেয়েছে ‘টগর’ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান, আর প্রযোজনা করেছে এআর মুভি নেটওয়ার্ক। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তার বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দিঘী। টিজারে দেখা যায়, ছিন্ন-ভিন্ন মরদেহের মধ্যে এক ভয়ঙ্কর ব্যক্তি একটি নিথর দেহ পা টেনে নিয়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে। মেয়েটি যখন দাঁড়ায়, তখন তার দিকে তেড়ে আসে একটি অস্ত্র, আর সেই অস্ত্র দিয়ে আক্রমণকারীর চরিত্রে থাকা পুরুষটি অস্ত্রধারীকেই কুপিয়ে মারে। এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে ‘টগর’র টিজার, যা দর্শকদের কৌতূহল চরমে নিয়ে গেছে। সিনেমার কনসেপ্ট তৈরি করেছে এআর টিম, আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম।   জানা গেছে, ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে।

কার প্রেমে মজেছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

কার প্রেমে মজেছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা করে দারুণ জনপ্রিয়তা পান ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।  কের পর এক সিনেমায় কাজ করে চলেছেন। ঢালিউডের পর টলিউডে পা দিয়েও সুপারহিট ইধিকা। দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ সিনেমাও ব্লকবাস্টার এই নায়িকার। ছোট পর্দা থেকে পথ চলা শুরু হয়েছিল ইধিকার। এরপর শাকিবের ‘প্রিয়তমা’, সবশেষ দেবের ‘কিশোরী’। দুই পরিচয়েই জনপ্রিয় অভিনেত্রী। জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও ভক্তমহলে তৈরি হয়েছে নানা কৌতূহল। শোনা যাচ্ছে, টলিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। তবে একা নয়, তাদের সঙ্গী ছিলেন কিছু বন্ধু-বান্ধবও। তাদের দু’জনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখেই নানা গুঞ্জন শুরু হয়েছে। অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা? এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। এবার নাম জড়ালো ইধিকার সঙ্গে। যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, মুখ খুললেন ইধিকা

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, মুখ খুললেন ইধিকা দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তির পর দুই বাংলায় খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ইধিকা অভিনীত ‘খাদান’ সিনেমা। এতে নায়ক হিসেবে পেয়েছেন ওপার বাংলার দেবকে। মুক্তির পর এ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন ইধিকা। আপাতত এ সিনেমার সাফল্যে নিয়েই তার সময় কাটছে। ‘প্রিয়তমা’ মুক্তির পর গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে নাকি প্রেম করছেন ইধিকা। এ খবর ইধিকার কানেও পৌঁছেছিল। এ বিষয়ে ইধিকা পাল ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, “যাদের বিপরীতে অভিনয় করেছি, সবার সঙ্গেই তো সম্পর্ক আছে!”খানিকটা ব্যাখ্যা করে ইধিকা পাল বলেন, “আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়তো আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আসলে আমাকে নিয়ে কোনো গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি। কিন্তু এই ধরনের রটনায় কান দিয়ে মানসিক শান্তিতে প্রভাব ফেলতে দিলে কাজ করব কখন?” তা হলে এই মুহূর্তে ইধিকা পালের রিলেশনশিপ স্ট্যাটাস ঠিক কী? জবাবে ইধিকা পাল বলেন, “আমাকে সত্যি যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে বলি, আমি কিন্তু একেবারে সিঙ্গেল।” ‘প্রিয়তমা’ সিনেমা সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয় এ জুটিকে নিয়ে নির্মাণ করছেন ‘বরবাদ’ সিনেমা। গত অক্টোবরে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে মুম্বাইয়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।  

বিয়ে নিয়ে শাবনূরের যে পরিকল্পনা

বিয়ে নিয়ে শাবনূরের যে পরিকল্পনা ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার নায়িকা শাবনূর। ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনীক মাহমুদের সঙ্গে আংটি বদল করেন এই নায়িকা।  ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরে ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। স্বামী অনীককে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর শাবনূর-অনীক দম্পতির ছেলে আইজান নিহানের জন্ম হয়। এরপর ২০২০ সালের ২৬ জানুয়ারি অনীক মাহমুদের সঙ্গে শাবনূর বিবাহবিচ্ছেদের খবর সামনে আসে। তবে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন শাবনূর। আবার বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না?— এই প্রশ্নের উত্তরে শাবনূর একটি গণমাধ্যমকে জানিয়েছেন, বিয়ের কোনো চিন্তা আপাতত নেই। শাবনূর মনে করেন, বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যেকোন নারীর সুখকর অভিজ্ঞতা নয়। বনিবনা না হওয়ার কারণেই দাম্পত্য সম্পর্ক  ভেঙেছেন তিনি। তবে শাবনূর মনে করেন না একবার প্রতারণার শিকার হলে আবারও একই ঘটনা ঘটবে। তিনি জানিয়েছেন, আপাতত তার বিয়ে করার কোনো আগ্রহ নেই।  শাবনূর জানিয়েছেন, সন্তানের বেড়ে ওঠার সময়টাতে মাকে বেশি প্রয়োজন। সন্তানকে তিনি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান। তাকে সময় দিতে চান।

বিপিএলে চিটাগাং কিংসের কানাডিয়ান মডেল

বিপিএলে চিটাগাং কিংসের কানাডিয়ান মডেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আবেদন ক্রিকেটবিশ্বে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। সেই লক্ষ্যে একাদশ আসরের আগে তারা নিত্য-নতুন অনেক উদ্যোগ নিচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলোও টুর্নামেন্টের আমেজ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে নিজেদের মতো করে। নতুন করে পুরোনো মালিকানার অধীনে এবার বিপিএল খেলবে চিটাগাং কিংস। তারা শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে শুরুতে বড় চমক দিয়েছিল। এবার নিয়োগ দিলো এক কানাডিয়ান মডেলকে। শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিপিএলই প্রথম নয়, এর আগে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ‍টুর্নামেন্টেও সঞ্চালনা করতে দেখা গেছে ইয়েশা সাগরকে। গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার উপস্থিতি ক্রিকেটভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে। ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ইয়েশা ফিটনেস নিয়েও কাজ করেন। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল। ফলে তার সঙ্গে চুক্তি রয়েছে খাদ্য ও পুষ্টিজনিত বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে। কানাডার মডেল হিসেবে পরিচিতি পেলেও, ইয়েশা সাগর ভারতীয় বংশোদ্ভূত। ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। এ ছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়েশার। এর আগে চট্টগ্রাম কিংস আসন্ন আসরের জন্য ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করে। বিপিএলের সঙ্গে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন সাবেক এই পাকিস্তানি কিংবদন্তি। এ ছাড়া দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরে ভালো দল গড়ারই চেষ্টা ছিল চট্টগ্রামের। সাকিব আল হাসান, শরিফুল ইসলামরা ছাড়াও বিদেশি ক্যাটাগরিতে মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দলে ভিড়িয়েছে চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের একাদশ আসরের পর্দা উঠবে আগামী ৩০ ডিসেম্বর।

অবান্তর পোস্টে ক্ষুব্ধ পূজা চেরির প্রতিবাদ

অবান্তর পোস্টে ক্ষুব্ধ পূজা চেরির প্রতিবাদ চিত্রনায়িকা পূজা চেরি চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি কার্ড ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যাডে পূজা চেরির নাম রয়েছে।   বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। একাধিক সূত্রে খবর নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া ইসলামী ছাত্রশিবিরের প্যাড এবং প্যাডে প্রকাশিত তালিকা  দুটিই ভুয়া। এমন কোনো তালিকা দল থেকে করা হয়নি। বিষয়টি নজরে এসেছে পূজা চেরির। এ প্রসঙ্গে পূজা চেরি ফেসবুকে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের গুজব নিয়ে কথা বলা জরুরি।’ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা ছয় মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন পূজা চেরি। তিনি আরো লিখেছেন, ‘মানুষের কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমার ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমার পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত না, যেই রিউমর জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’ সবশেষে এই নায়িকা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’

৯০ হাজার জনকে ব্লক করেছেন ডলি সায়ন্তনী

৯০ হাজার জনকে ব্লক করেছেন ডলি সায়ন্তনী আজেবাজে মেসেজ পাঠানোর দায়ে প্রায় ৯০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারীকে ব্লক করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। ‘রং চটা জিন্সের প্যান্ট পরা’খ্যাত গায়িকা ডলি সায়ন্তনী ফেসবুকে দারুণ সরব। কয়েক দিন আগে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে এসব তথ্য জানান এই গায়িকা। বিস্তারিত জানিয়ে ডলি সায়ন্তনী লেখেন, ‘আমি এই পর্যন্ত ৯0 হাজার ৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজ দেখতে চান না তারা দেখবেন না, প্লিজ। আর কেউ যদি উল্টাপাল্টা মেসেজ করেন তো ব্লক খাবেন।’ ডলি সায়ন্তনী এ পোস্ট দেওয়ার পর তাকে সমর্থন জানিয়ে ১২ শ মন্তব্য করেছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকে মন্তব্য করে প্রিয় গায়িকাকে তাদের ভালো লাগার কথাও প্রকাশ করেছেন। কোনো কোনো ভক্তের প্রশ্নের জবাবও দিয়েছেন এই শিল্পী। ১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়াকালীন প্রকাশিত হয় ডলি সায়ন্তনীর একক অ্যালবাম ‘হে যুবক’। এখন পর্যন্ত ১৫টি একক এবং শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশ’র বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তা ছাড়া ৭০০টির বেশি বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন এই শিল্পী।