‘পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না’

‘পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না’ গত কয়েক দিন ধরেই গুঞ্জন উড়ছে, চিত্রনায়িকা পরীমণি গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। গত সোমবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমণি। সেদিন এ অভিনেত্রীর জামিনদার হন গায়ক শেখ সাদী। এরপর তাদের ‘প্রেম’ নিয়ে আলোচনা আরো জোরালো হয়েছে। পরীমণি-শেখ সাদীর ব্যাপারটি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ঘনীভূত হয়েছে। স্পষ্টবাদী পরীমণি নিজের অবস্থান পরিষ্কার না করলেও বক্তব্য দিয়েছেন শেখ সাদী। প্রেমের গুঞ্জন উড়িয়ে শেখ সাদী গণমাধ্যমকে বলেন, “পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান; তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন।” পরীমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদী বলেন, “একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয়। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। নিয়মিত কথাবার্তাও হয়; এটা নিয়ে বলার তো কিছু দেখি না।” জামিনদার হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন গায়ক শেখ সাদী। তার ভাষায়, “দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছিলাম। পরীমণি আমার সহকর্মী। তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন; আমি আরেকজন জামিনদার হই।” ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর একটি কন্যাসন্তান দত্তক নেন পরীমণি। আপাতত সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন এই অভিনেত্রী।

তৌসিফের নায়িকা হলেন গায়িকা পড়শী

তৌসিফের নায়িকা হলেন গায়িকা পড়শী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের নায়িকা হয়ে দর্শকদের সামনে আসছেন গায়িকা সাবরিনা পড়শী। আসন্ন ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছেন তারা। এর নাম রাখা হয়েছে ‘মনেরই রঙে রাঙিয়ে’। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে সিলেটের জাফলংয়ে শুটিং শুরু হয়েছে। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। গল্পের প্রয়োজনে নাটকটির শুটিং জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে হচ্ছে বলে জানান প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘মনেরই রঙে রাঙিয়ে’ লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু ভালোবাসা দিবসকে উপলক্ষে এটি বানাচ্ছি, সেক্ষেত্রে প্রেমের গল্প তো বটেই। একইসঙ্গে এটি প্রেম জেগে ওঠার গল্প। নাটকটিতে আরও অভিনয় করেছেন এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমাসহ অনেকে। নাটকটির চিত্রগ্রহণ করছেন ফুয়াদ বিন আলমগীর। শুধু অভিনয় নয়, ‘মনের রঙে রাঙিয়ে’ নাটকের জন্য নতুন একটি গান গেয়েছেন পড়শী। এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ও এর সুর-সংগীত করেছেন আরফিন রুমি। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ভালোবাসা  দিবস উপলক্ষে সিনেমাওয়ালা  ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মনেরই রঙে রাঙিয়ে’।

সিনেমার প্রস্তাব দিলেও ভয়ে রাজি হইনি: ফারিয়া

সিনেমার প্রস্তাব দিলেও ভয়ে রাজি হইনি: ফারিয়া ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর দুই বাংলার বেশ কিছু সিনেমায় তাকে দেখা গেছে। জাজের মাধ্যমে রুপালি জগতে পা রাখলেও দীর্ঘদিন ধরে এই প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে দেখা গেল ফারিয়াকে। এই প্রযোজকের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। নুসরাত ফারিয়া বলেন, “২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরা কণ্ঠের গ্র্যান্ড ফিনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমায় অভিনয়ের অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপনের শুটিংয়ে আবার দেখা। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।” দীর্ঘ ৭ বছর পর প্রযোজক আব্দুল আজিজের দেখা পেয়ে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া বলেন, “২০২৫ সালে আমার সিনেমা ক্যারিয়ারের ১০ বছর হবে। এই লোকটাকে ছাড়া এই স্বপ্ন কোনো দিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশেপাশে। কিন্তু উনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।” নুসরাত ফারিয়ার এই পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন চর্চা। নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন— ফের কি জাজের ব্যানারে নতুন কোনো কাজে দেখা যাবে ফারিয়াকে? যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

চলচ্চিত্রে গাইলেন মোশাররফ করিম

চলচ্চিত্রে গাইলেন মোশাররফ করিম দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সুনিপুণ অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন। এতদিন ভক্তরা তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। এবার অভিনেতার গাওয়া গান শুনতে পাবেন তারা। প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোশাররফ করিম। ভালো লাগে না’ শিরোনামের গানটি ব্যবহার করা হয়েছে মোশাররফ করিম অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। গানটির কথা ও সুর করেছেন মোশাররফ করিম নিজেই। বেশ আগে গানটি রচনা করেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটি। পরিচালক ফজলুল কবীর তুহিন গণমাধ্যমে বলেন, “প্রায়ই আড্ডাতে ‘ভালো লাগে না’ গানটি গাই আমরা। সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো, দৃশ্যের সঙ্গে গানটি দারুণ মানিয়ে যাবে।” পরের ঘটনা বর্ণনা করে ফজলুল কবীর তুহিন বলেন, “গানটি সিনেমায় ব্যবহারের জন্য মোশাররফ করিম ভাইকে জানাই। প্রস্তাব শুনে জানতে চান, গানটি গাইবে কে? তখন বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি দেন। এরপরই আমরা গানটি রেকর্ড করি।” কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমা। এর কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও কলকাতার পার্নো মিত্র।

‘আয়নাবাজি’র পর প্রেক্ষাগৃহে আসছে অমিতাভের ‘রিকশা গার্ল’

‘আয়নাবাজি’র পর প্রেক্ষাগৃহে আসছে অমিতাভের ‘রিকশা গার্ল’ ‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন ‘রিকশা গার্ল’। দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পুরস্কারও জিতেছে। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাবে এটি। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা। রবিবার (১২ জানুয়ারি) সিনেমাটির নতুন ট্রেইলার প্রকাশিত হয়েছে। এ সময় মুক্তির তারিখও ঘোষণা করা হয়। শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প আবর্তিত। সে ছবি আঁকতে পছন্দ করে। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাঈমা কোনো উপায় না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায়, নাঈমা কীভাবে তার স্বপ্নপূরণ করবে! ‘রিকশা গার্ল’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়াও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। নাঈমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে। ‘রিকশা গার্ল’ সিনেমার ডিজিটাল পার্টনার হিসেবে আছে বঙ্গ।

বিয়ের খবর প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী পড়শী

বিয়ের খবর প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী পড়শী জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শীর গোপনে বিয়ের খবর সংবাদ শিরোনামে চলে আসে। এরপর তার ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছু জানাতে অস্বীকৃতি জানায়। তবে পড়শী আর বেশিক্ষণ রহস্য রাখলেন না। তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনের মাধ্যমে বিয়ের খবরে সিলমোহর দিলেন। পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটি হবহু তুলে ধরা হলো- স্বামীর সঙ্গে নিজের হাতের এই ছবিটি পোস্ট করেছেন পড়শী ‘‘আসসালামুআলাইকুম, আমি আপনাদের স্নেহের/ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি। আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে। গত বছর ৪ মার্চ, ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও। সব ঠিক থাকলে খুব শীঘ্রই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।’’ প্রসঙ্গত, পড়শীর স্বামী নীলয় একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী ও নীলয় দুজনই। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর।পড়শীর ব্যস্ততা বেড়েছে গান ও অভিনয়ে। কিন্তু নীলয় ২০১০ সালে বাবা-মায়ের সাথে তাকে পাড়ি দিতে হয় সুদূর আমেরিকায়। সেখানেই স্থায়ী হন। ব্যস্ত হয়ে পড়েন পড়ালেখায়। দেশ কিংবা নিজের চেনা পরিমণ্ডল ছেড়ে গেলেও সংগীত ছাড়েননি নিলয়। পড়ালেখার পাশাপাশি সংগীত চর্চা করে গেছেন তিনি। স্টেজ শো কিংবা পারফর্ম না করলেও নিমগ্নচিত্রে গানের কথা লিখে গেছেন। শুধু তাই নয়, পরিবারের সমর্থন থাকায় নিউ ইয়র্কের সিটি কলেজে লেখাপড়া করেছেন মিউজিকের উপরেই!

ওমরাহ পালনে গেলেন নিলয়

ওমরাহ পালনে গেলেন নিলয় ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা নিলয় আলমগীর। তবে নিলয় একা নন, তার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদিও ওমরাহ পালন করবেন। বুধবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন নিলয়। তাতে ইহরামের পোশাকে দেখা যায় তাকে। ক্যাপশনে তিনি লেখেন, “দোয়া করবেন।”  নিলয়ের স্ত্রী হৃদিও তার ফেসবুকে ছবি পোস্ট করে লেখেন, “আল্লাহ তা’আলা অবশেষে আব্বু, আম্মু, শ্বশুর-শাশুড়ি সবাইকে নিয়ে আমাদের ওমরাহ পালনের সুযোগ করে দিলেন। নতুন বছরের শুরু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।” ‘তাহসানের স্ত্রীর আগের সম্পর্ক এখন সামনে আনা বিকৃত রুচির পরিচয়’  নিলয় ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন। ‘বেইলী রোড’ তার অভিনীত প্রথম সিনেমা। এরপর চারটি সিনেমায় অভিনয় করেন এই অভিনেতা। বর্তমানে নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন নিলয় আলমগীর। বিশেষ করে ইউটিউবের নাটকে তার চাহিদা তুঙ্গে। নতুন বছরের প্রথমদিনে তার অভিনীত ‘পাগলের সুখ মনে মনে’ নাটক মুক্তি পায়। এতে নিলয়ের সঙ্গে জুটি বেঁধেছেন হিমি। আরো রয়েছেন তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই।

সাত সকালে হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা?

সাত সকালে হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা? গায়ক-অভিনেতা তাহসান খানের বিয়ে নিয়ে আলোচনা এখনো তুঙ্গে। সামাজিকমাধ্যমে চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ মিলছে। তাহসান ও তার নতুন জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন- হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা দম্পতি? হসান-ভক্তদের জন্য এক্সক্লুসিভ খবর হলো, মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। জানা গেছে, সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তারা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। এই সময়ের জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নন, সমানতালে সামলাচ্ছেন নিজের সৃজনশীল কাজও। বিয়ের দুদিনের মাথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘একা ঘর আমার’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিঁথি সাহা। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। প্রসঙ্গত, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

তাহসানকে যেসব প্রতিশ্রুতি দিলেন রোজা

তাহসানকে যেসব প্রতিশ্রুতি দিলেন রোজা বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী, অভিনেতা তাহসান খান ও রূপসজ্জাকর (মেকআপ আর্টিস্ট) রোজা আহমেদ। নতুন জীবনের শুরুতে রোজা আহমেদ তাহসানকে ৪টি প্রতিশ্রুতি দিয়েছেন। আর তা জানা গেল তার রোজার বয়ানেই। দাম্পত্য মানেই একের প্রতি অপরের কিছু দায়িত্ব পালন আর কিছু প্রতিশ্রুতি রক্ষা। নানা প্রতিশ্রুতি আর জীবনসঙ্গীর চাওয়াগুলোকে পূর্ণ করার প্রত্যয় নিয়েই ঘর বাঁধে দুটি মানুষ। আর এই ঘর মানে অনেক কিছু। এই ঘর মানে প্রতিদিন কারো কাছে ফিরে আসা, পরম আশ্রয় আর ভালোবাসার বন্ধন। নিজেদের বিয়ের আটটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে এক ঘরের প্রতিশ্রুতি দিয়েছেন তাহসানের নববিবাহিতা স্ত্রী রোজা আহমেদ। আর সেই সঙ্গে তাহসানের তিনটি বিশেষ চাওয়া পূরণ করার প্রতিশ্রুতির কথাও জানিয়েছেন রোজা। সেগুলো হলো বিশ্বাস, শ্রদ্ধা আর বন্ধুত্ব। ছবির ক্যাপশনে রোজা লেখেন, আমি এমন একজন লোককে পেয়েছি যিনি দয়ালু। তিনি জীবনের জন্য বিশ্বাস, শ্রদ্ধা এবং বন্ধুত্ব চেয়েছিলেন। আমি তাকে এসবের সঙ্গে জীবনের জন্য একটি বাড়ির প্রতিশ্রুতি দিয়েছিলাম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভেবে দেখলেই বোঝা যায় রোজার দেওয়া প্রতিশ্রুতির (বিশ্বাস, শ্রদ্ধা আর বন্ধুত্ব) এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসলে পারস্পরিক। এর সঙ্গে যদি একটি শান্তির নীড় বা ঘরের প্রতিশ্রুতি মেলে তবে পুরুষ আর না আটকিয়ে যাবে কোথায়! আর সেটিই হয়েছে বহুদিন সিঙ্গেল জীবন কাটানো, কয়েক প্রজন্মের হার্টথ্রব তাহসানের বেলায়। এই নবদম্পতিকে নিয়ে এখন আলোচনা চলছে নেটিজেনদের। অন্যদিকে, রোজা আহমেদের এই হৃদয়ছোঁয়া পোস্ট এরই মাঝে আলাদা করে ভালোলাগা জাগাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে সবাইকে। জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

এফডিসিতে শ্রদ্ধা ও প্রবীর মিত্রের জানাজা অনুষ্ঠিত

এফডিসিতে শ্রদ্ধা ও প্রবীর মিত্রের জানাজা অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের প্রথম জানাজা এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বাদ জোহর এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশনের সামনে বরেণ্য এই অভিনেতার জানাজা সম্পন্ন হয়। প্রবীর মিত্রকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এফডিসিতে উপস্থিত হয়েছিলেন তার সহকর্মীসহ নবীন-প্রবীণ চলচ্চিত্রকর্মীরা।  প্রবীর মিত্রকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাবসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।  সংকটাপন্ন অবস্থায় প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  গতকাল রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান রাইজিংবিডিকে বলেন, “এফডিসি থেকে প্রবীর মিত্রের মরদেহ নেওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজা হবে। এরপর রাজধানীর আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।”  ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবনে নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রবীর মিত্র। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে দর্শকপ্রিয়তা লঅভ করেন। ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই বরেণ্য অভিনেতা।