আমি এই মামলার শেষ দেখে ছাড়ব : হিরো আলম

আমি এই মামলার শেষ দেখে ছাড়ব : হিরো আলম বিয়ের প্রলোভনে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টায় বগুড়া জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি।  কারাগার থেকে বেরিয়ে হিরো আলম বলেন, সত্যের জয় সব সময়ই হয়। আমি এই মামলার শেষ দেখে ছাড়ব, কোনো আপস করব না। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।  আলম বলেন, আমাকে হয়রানি করার জন্যই এই মামলা সাজানো হয়েছে। গত বুধবারই আমার জামিন হয়েছিল, কিন্তু ষড়যন্ত্র করে অন্য মামলায় আমাকে আরো এক সপ্তাহ আটকে রাখা হয়। সামনে বগুড়া উপনির্বাচনে তার অংশগ্রহণের ঘোষণার কারণেই এই ‘ষড়যন্ত্র’ করা হয়েছে বলে তিনি মনে করেন। কারাগারের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ২০১৯ সালের তুলনায় বর্তমানে জেলখানার পরিবেশ ও কর্মকর্তাদের ব্যবহার অনেক ভালো। বিশেষ করে জেলারের ব্যবহারের প্রশংসা করতেই হয়। তবে জেলখানার খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে প্রতিদিন ডাল ও সবজির বদলে খাবারে বৈচিত্র্য আনার পরামর্শ দেন হিরো আলম। কারাগারের ভেতরে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে হিরো আলম বলেন, ভেতরে অনেক মানুষ মিথ্যা মামলায় ফেঁসে বছরের পর বছর হাজতবাস করছেন। সঠিক তদন্ত ছাড়াই এভাবে আটকে রাখা একটি পরিবারের জন্য ধ্বংসাত্মক। কারাগারে থাকাকালীন আলোচিত যুবলীগ নেত্রী পাপিয়া ও তার স্বামী সুমন, রাজশাহীর সাবেক এমপি এনামুল হক এবং সাবেক ওসি প্রদীপের দেখা পেয়েছেন বলেও জানান তিনি। মামলার এজাহার অনুযায়ী, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে হিরো আলমের বিরুদ্ধে। এই অভিযোগে গত বছরের ২১ এপ্রিল মামলাটি করা হয়েছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

‘চক্র ২’ দুর্বল হার্টের দর্শকের না দেখাই ভালো, সতর্ক করলেন তৌসিফ

‘চক্র ২’ দুর্বল হার্টের দর্শকের না দেখাই ভালো, সতর্ক করলেন তৌসিফ ওটিটি দুনিয়ায় আলোচিত ওয়েব সিরিজ ‘চক্র’র নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা তৌসিফ মাহবুব। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজের দ্বিতীয় কিস্তি ‘চক্র ২’ আসছে আসন্ন রোজার ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। ২০২৪ সালে মুক্তি পাওয়া প্রথম সিজনে তৌসিফ অভিনয় করেছিলেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। তিনি ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’ নিয়ে গবেষণা করেন। সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে প্রথম সিজনটি মূলত টেলিভিশনের জন্য ধারণ করা হয়েছিল বলে তখন কিছুটা আক্ষেপ ছিল অভিনেতার। তৌসিফ বলেন, ‘প্রথম সিজনটা টেলিভিশনের জন্য নির্মাণ করা হয়েছিল। তাই তখন মনে হয়েছিল ওটিটির কাজটা পুরোপুরি হলো না। এবার বলতে পারব, আমি অফিশিয়ালি একটি ওয়েব সিরিজ করেছি।’ সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘চক্র ২’র ফার্স্ট লুক পোস্টার। সেখানে রক্তমাখা খালি গায়ে, হাতে চাপাতি নিয়ে দেখা গেছে তৌসিফকে। পোস্টারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ধারণা করেছিলেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তবে তৌসিফ জানিয়েছেন, পোস্টারে দেখা শরীর তার নিজের এবং রক্তও সত্যিকারের। গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এক লাইনে বলতে গেলে যাদের হার্ট দুর্বল, তারা এই সিরিজ না দেখাই ভালো। কারণ এটি অনেক ডিস্টার্বিং হতে পারে।’ সিরিজটির অনুপ্রেরণা এসেছে ২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া একটি আলোচিত ঘটনার প্রেক্ষাপট থেকে, যেখানে একটি পরিবারের নয়জন সদস্য ট্রেনের নিচে আত্মহত্যা করেন। সেই রহস্যঘেরা ঘটনাকে শেয়ার্ড হ্যালুসিনেশনের ধারণার সঙ্গে মিশিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। প্রথম সিজনের শেষদিকে দেখা যায়, একটি পরিবার একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। তাদের সদস্য লুবনা বিষয়টি জানায় তার শিক্ষক হুমায়ূনকে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে হুমায়ূনের আচরণই তৈরি করে নতুন রহস্য। সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় সিজনের গল্প। নতুন এই কিস্তিতে গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তার চরিত্রটি এখনই প্রকাশ করতে চাননি নির্মাতা ও অভিনেত্রী। দর্শকদের জন্য এটিকে চমক হিসেবেই রাখা হচ্ছে। নির্মাতা জানান, প্রথম সিজন যেখানে ২০ পর্বে নির্মিত হয়েছিল, সেখানে ‘চক্র ২’ তৈরি হয়েছে ৮ পর্বে। রোজার ঈদের এক সপ্তাহ পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে এই সিরিজটি।

শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে শাকিবের ‘প্রিন্স’

শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে শাকিবের ‘প্রিন্স’ শাকিব খান অভিনীত নতুন অ্যাকশন থ্রিলার ‘প্রিন্স’। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের রাজা প্রিন্সকে ঘিরে এই ছবির গল্প। এর টিজার মুক্তি পাওয়ার পরই সামাজিক মাধ্যমে হইচই শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় প্রি ব্লাস্ট প্রকাশের আগেই শাকিবিয়ানরা খবরটি পেয়েই ব্যস্ত হয়ে পড়েছেন লাইক, কমেন্ট আর শেয়ারে। টিজারের শুরুতেই ভয়েসওভারে বলা হলো, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘুরে বেড়ায়। কিছু থাকে নেকড়ে। ভয়ংকর! আর এই শেয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে।’ এরপর শাকিবের মারকাটারি অবতারে পর্দায় হাজির ‘প্রিন্স’। দুই হাতে বন্দুক চালানো, শত্রুর বুকে সীসা ঢুকানো, ঝাপিয়ে পড়া- সবকিছুই দেখা যাচ্ছে তার অ্যাকশনে। কণ্ঠে তাচ্ছিল্যের সুরে শাকিব বলেন, ‘সব শেয়াল কুকুর দেখি একসাথে হইছে। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!’ প্রি ব্লাস্টে দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর ঝলক। বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে বলিউডের জনপ্রিয় ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। নেটিজেনরা প্রশংসায় ভাসছেন। কেউ লিখেছেন, ‘মাথা নষ্ট করা টিজার।’ কেউ বলছেন, ‘নতুন ইতিহাস তৈরি করবে।’ আরেকজন লিখেছেন, ‘ওই কীরে ওই কীরে, প্রিন্স পুরাই আগুন।’তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেতা লোকনাথ দে, টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু, ঢালিউডের নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ আরও জনপ্রিয় তারকারা ‘প্রিন্স’-এ অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এর প্রযোজনা করছেন শিরিন সুলতানা।

ঈদে শাকিব খানের সিনেমা দিয়ে খুলছে বগুড়ার ‘মধুবন’

ঈদে শাকিব খানের সিনেমা দিয়ে খুলছে বগুড়ার ‘মধুবন’ টানা লোকসানের কারণে গত বছরের ১৮ সেপ্টেম্বর বন্ধ হয়ে গিয়েছিল বগুড়ার আধুনিক সিনেমা হল ‘মধুবন সিনেপ্লেক্স’। দীর্ঘ বিরতির পর আসন্ন ঈদুল ফিতরের দিন থেকে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ প্রদর্শনের মাধ্যমে এটি পুনরায় চালু হতে যাচ্ছে। মাঝে কয়েক মাস হলটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছিল। মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল জানান, মাসের পর মাস লোকসান গুনতে গুনতে তারা বাধ্য হয়ে হলটি বন্ধ করেছিলেন। তবে হলের সাথে জড়িয়ে আছে তাদের পারিবারিক আবেগ। তিনি বলেন, সিনেপ্লেক্স টিকিয়ে রাখতে ভালো সিনেমা দরকার। আমরা নির্বাচিত সরকারের অপেক্ষায় ছিলাম। আশা করছি, নতুন সরকার দেশি সিনেমার পাশাপাশি বিদেশি ভালো সিনেমা আমদানির উদ্যোগ নিয়ে আমাদের মতো হল মালিকদের সহযোগিতা করবেন। একসময় বগুড়া জেলাজুড়ে ৩৮টি সিনেমা হল সচল থাকলেও বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৭টিতে। এরই মধ্যে ৩১টি হল ভেঙে ফেলা হয়েছে। এমন সংকটের মুখে মধুবন সিনেপ্লেক্স পুনরায় চালু হওয়া স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় একটি স্বস্তির খবর।

ইকরাকে নিয়ে নতুন পোস্ট দিয়ে বিতর্কে আলভী

ইকরাকে নিয়ে নতুন পোস্ট দিয়ে বিতর্কে আলভী কয়েক দিন আগে মারা গেছেন অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা। প্রাথমিকভাবে ধারণা করা হয়, আত্মহত্যা করেছেন ইকরা। আলভী নিজেও ফেসবুক স্ট্যাটাসে এমনটা দাবি করেছেন। ইকরার মৃত্যুকে কেন্দ্র করে তুমুল বিতর্কের মুখে পড়েছেন যাহের আলভী। এরই মধ্যে প্রয়াত স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিলেন এই অভিনেতা।  ফেসবুকে দেওয়া পোস্টে যাহের আলভী বলেন, “ইকলি, তোকে একটা প্রশ্ন করি? কোনো একদিন তোর কাছে এসে উত্তরটা শুনে নিবো! আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত! তোকে টেনেহিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করতো? তখনো কি সবাই আমাদের রিযিককে নিয়ে মায়া কান্না করতো?” প্রশ্ন ছুড়ে দিয়ে আলভী বলেন, “এতই যদি রিযিকের জন‍্য ওদের মায়া কাজ করতো, তাহলে ওরাও কি পারতো এভাবে ওর ভবিষ‍্যতের কথা না ভেবে তোকে নোংরাভাবে এক্সপোজ করতে? নাকি ভাবতো ছেলেটা বড় হয়ে এসব দেখলে মেন্টালি আনস্ট‍্যাবল হয়ে যাবে। তখনো কি আমার বান্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ‍্যে বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাতো?” প্রয়াত স্ত্রী ইকরাকে উদ্দেশ্য করে আলভী বলেন, “খুব শিগগির তোর সাথে কোনো এক পাহাড়ের চূড়ায় বসে, গল্প করতে করতে শুনে নিবো তোর কাছ থেকে। শুনবো কেমন লাগছিল তোর, আমার আগে চলে এসে এই মিথ‍্যে জগতের লীলা খেলা! তৃপ্তি পেয়েছিলি খুব? রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলব। সন্ধ‍্যা হয়ে আসবে, আবার দুইজন হারিয়ে যাব।” আলভীর আবেগঘন এসব বক্তব্য নেটিজেনদের হৃদয় খুব একটা স্পর্শ করতে পারেনি। এ পোস্টে যত রিঅ্যাক্ট পড়েছে, তার অধিকাংশই হাসির ইমোজি। তাছাড়া কমেন্ট বক্স সাক্ষী দিচ্ছে। পাল্টা আক্রমণ করে মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকে নোংরা ভাষায়ও আলভীকে উদ্দেশ্য করে বক্তব্য রেখেছেন। বর্ণা দাস নামে একজন লেখেন, “হায়রে নাটকবাজ।” মুস্তাফিজ লেখেন, “নির্লজ্জ বেডা।” তিথি বিশ্বাস লেখেন, “নাটক কম করো পিও।” এমন অনেক মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। যদিও এসব মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি আলভী।  বলে রাখা ভালো, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে রিযিক নামে একটি পুত্রসন্তান রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাহের আলভীকে আসামি করে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করেছেন ইকরার বাবা।

তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ: অভিনয়শিল্পী সংঘের বিবৃতি

তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ: অভিনয়শিল্পী সংঘের বিবৃতি নাটকের শুটিং সেটে অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠেছে তানজিন তিশার বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় ফেসবুক লাইভে বিষয়টি জানান অথৈ। তারপর থেকে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। এ পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।  সামিয়া অথৈ ও তানজিন তিশার ঘটনাটিকে ইঙ্গিত করে সংগঠনটি বিবৃতিতে বলেছে, “কোনো সদস্যের সাথে কোনো প্রকার জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত না করে উপরন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের আচরণবিধির পরিপন্থী।” সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বিষয়টি আগে না-জানানোর কারণ খানিকটা ব্যাখ্যা করেছে বিবৃতিতে। তাতে বলা হয়েছে, “এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়েই সমাধান হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। কেননা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা একতরফাভাবে উপস্থাপিত হলে তা একদিকে যেমন সামাজিকভাবে সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে।”  আচরণবিধি লঙ্ঘিত হলে সাংগঠনিকভাবে সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বিবৃতিতে উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে, “উল্লিখিত ক্ষেত্রে কোনো সদস্যের আচরণবিধি লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে যেকোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হতে পারে।” প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় উদ্ভূত সমস্যার সমাধান করতে চায় অভিনয়শিল্পী সংঘ। বিবৃতিতে বলা হয়েছে, “অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ দৃঢ়চিত্তে বিশ্বাস করে, দোষী যে-ই হোন না কেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রায়াল’ বা জনমতের আদালত তৈরি না করে বা বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার না করে বরং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমেই উদ্ভূত সমস্যার সমাধান করা সম্ভব।”

আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী

আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। এদিকে জানা গেছে, জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খুলেননি। এর আগে ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।

ব্যান্ডদল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর

ব্যান্ডদল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ডদলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দেন। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে। সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ বছর একুশে পদক পেয়েছেন—চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ সংগীতদল হিসেবে পুরস্কার পেয়েছে। মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তাঁর স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। ওয়ারফেজের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম পুরস্কার নেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি পুরস্কারপ্রাপ্তদের নাম ও গুণগত অবদান পাঠ করে শোনান এবং পদক প্রদান পর্ব সঞ্চালনা করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৭ মাস পর শুটিংয়ে ফিরলেন নিলয় আলমগীর

৭ মাস পর শুটিংয়ে ফিরলেন নিলয় আলমগীর দীর্ঘ সাত মাসের বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরলেন নিলয় আলমগীর। গত সেপ্টেম্বরে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। নভেম্বরে সেখানেই প্রথম সন্তানের বাবা হন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে নিজেই কন্যাসন্তানের খবর জানিয়েছিলেন নিলয়। তাদের মেয়ের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ। ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার পর দুই দিন বিশ্রাম নিয়ে গত রবিবার থেকেই নতুন নাটকের শুটিং শুরু করেছেন তিনি। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি লিখেছেন অনামিকা মণ্ডল এবং পরিচালনা করছেন নাজমুল রনি। ঢাকার উত্তরায় চলছে এর শুটিং। পরিচালকের ভাষ্য, নাটকটি একটি কমেডি গল্প, যেখানে হাস্যরসের পাশাপাশি থাকবে সামাজিক বার্তা। ঈদ উপলক্ষে দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। এ নাটকে নিলয়ের সহশিল্পী হিসেবে থাকছেন নীলাঞ্জনা নীলা। খুব বেশি নাটকে একসঙ্গে দেখা না গেলেও এবার নতুন জুটিতে হাজির হচ্ছেন তারা। এদিকে এই নাটকের কাজ শেষ করেই টানা আরো দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন নিলয়। সেই নাটক দুটিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকবেন জান্নাতুল সুমাইয়া হিমি।

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’!

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’! ঈদের নাটক মানেই প্রেম, পরিবার আর আবেগের মিশেল। তবে এবার সেই পরিচিত আবহে যুক্ত হচ্ছে রহস্য ও চমক। আসছে ঈদে দর্শকদের জন্য বিশেষ নাটক ‘কসম’ নিয়ে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান ও তটিনী। এটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। গল্পে দেখা যাবে, প্রেমিকা তটিনীর জীবন বাঁচাতে এমন এক কসম নেন প্রেমিক জোভান, যার পরিণতিতে জন্ম নেয় অপ্রত্যাশিত এক ঘটনার। পারিবারিক টানাপোড়েন আর প্রেমের জটিল সমীকরণ মিলিয়ে নাটকটি এগোবে একাধিক মোড় ঘুরে।নির্মাতা জানিয়েছেন, গল্পের ভেতরে ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে নানা বাঁক, যেখানে প্রেম ও পরিবারের সংঘাত দর্শকদের আবেগে নাড়া দেবে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদ উপলক্ষে প্রায় ২০টি বিশেষ নাটকের পরিকল্পনা রয়েছে তাঁদের। প্রেম ও পারিবারিক গল্পনির্ভর সেই তালিকায় অন্যতম প্রযোজনা ‘কসম’। নাটকটি ঈদে সিএমভি-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।