মেয়ের বয়স ১৮ হলে সম্পর্কে জড়াব: পবন কল্যাণের প্রাক্তন স্ত্রী

মেয়ের বয়স ১৮ হলে সম্পর্কে জড়াব: পবন কল্যাণের প্রাক্তন স্ত্রী ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা ও রাজনীতিবিদ পবন কল্যাণের সঙ্গে সংসার পেতেছিলেন অভিনেত্রী রেনু দেশাই। এটি ছিল পবনের দ্বিতীয় বিয়ে। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। তবে ২০১২ সালে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। ২০১৩ সালে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন পবন। পবন কল্যাণ আবারো বিয়ে করলেও এখনো একা রেনু দেশাই। ৪৩ বছর বয়সি রেনু গত ১৩ বছর ধরে একা জীবনযাপন করছেন। আর কত দিন একা জীবন কাটাবেন রেনু? এ নিয়ে অতীতেও কথা বলেছেন। ফের একটি পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বললেন এই অভিনেত্রী। নিখিল বিজয়েন্দ্র সিংহের সঙ্গে বিয়ে নিয়ে আলাপকালে রেনু দেশাই বলেন, “অবশ্যই আমি অনুভব করি, আমারও একজন পার্টনার থাকা উচিত। কিন্তু সন্তানদের প্রতি আমার দায়িত্ববোধই আমাকে বিয়ে করতে বাধা দেয়। আমি যদি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখি, তবে আমার একজন প্রেমিক থাকা উচিত, আমার বিয়ে করা উচিত, আমার একটি জীবন থাকা উচিত। যখন বাচ্চাদের দৃষ্টিকোণ থেকে দেখি, তখন এটি একেবারে আলাদা।” ২০১৯ সালে রেনু দেশাই জানিয়েছিলেন, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, ২০১৮ সালে তাদের বাগদানও হয়েছে। খুব শিগগির বিয়ে করবেন। কার সঙ্গে বাগদান সম্পন্ন করেন তা অবশ্য জানাননি। কিন্তু পরবর্তীতে তা আর বাস্তবে রূপ নেয়নি। মূলত, বাগদান ভেঙে দিয়েছিলেন রেনু। বাগদান ভাঙার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি বাগদান সেরেছিলাম, এটি একটি সাজানো জিনিসের মতো ছিল। কিন্তু আমি উপলদ্ধি করতে পারি, আমি একটি সম্পর্ক বা বাচ্চাদের প্রতি ন্যায়বিচার করতে পারব না। আমি একজন সিঙ্গেল প্যারেন্ট। আপনি যখন কাউকে বিয়ে করেন এবং এ সম্পর্কে সন্তান ধারণ করেন তখন এটি আলাদা বিষয়। কিন্তু আপনার যখন অন্য সংসারের সন্তান থাকে, তারপর নতুন সংসারের সমীকরণে এটি সংবেদনশীল বিষয়।” রেনুর কন্যা আধ্যর বয়স এখন ১৫ বছর। কন্যা অষ্টাদশী হলে তবেই নতুন সম্পর্কে জড়াতে চান রেনু। এ অভিনেত্রী বলেন, “মেয়ের বয়স যখন ১৮ হবে, মেয়ে কলেজে যাওয়া শুরু করলে দ্বিতীয়বার সম্পর্কে জড়াব।” মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রেনু দেশাই। ২০০০ সালে তেলেগু ভাষার ‘বদ্রি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এতে পবন কল্যাণও অভিনয় করেন। একই বছর তামিল ভাষার ‘জেমস পানড়ু’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইশক ওয়ালা লাভ’ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেন রেনু দেশাই। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার নাগেশ্বর রাও’। তেলেগু ভাষার এ সিনেমা ২০২৩ সালের অক্টোবরে মুক্তি পায়।
তামান্নার নতুন আইটেম গানের শুটিংয়ের ভিডিও ফাঁস

তামান্নার নতুন আইটেম গানের শুটিংয়ের ভিডিও ফাঁস শুটিং সেটে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নাচের জন্য প্রস্তুত তামান্না ভাটিয়া। দলটির সবার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। তামান্নার পরনে ঝলমলে ব্রালেট ও হাই স্লিট লেহেঙ্গা। এ পোশাকে আবেদনময়ী তামান্না উষ্ণতা ছড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন দৃশ্য দেখা যায়। ‘ভাইরাল ভায়ানি’ নামের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দাবি করা হয়েছে— “রেইড টু’ সিনেমার আইটেম গানের দৃশ্য ভাইরাল। গানটির শুটিং সেট থেকে ভিডিও ক্লিপটি ফাঁস হয়েছে।” দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে তামান্না খুব ভালো একজন নৃত্যশিল্পী। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। গত বছর ‘আজ কি রাত’ গানে নেচে হইচই ফেলে দেন। কয়েক দিন আগে জানা যায়, ‘রেইড টু’ সিনেমার আইটেম গানে দেখা যাবে তাকে। তারপর থেকে আলোচনায় রয়েছেন তামান্না। এরই মধ্যে ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ায় পুরোনো আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। তামান্নাকে এমন লুকে দেখে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকে তার ভূয়সী প্রশংসা করছেন। অনেকে আবার নতুন আইটেম গানটিকে ‘আজ কি রাত ২.০’ বলছেন। আবার কেউ কেউ লুকটিতে ‘আজ কি রাত’ গানের লুকের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। এর আগে ইন্ডিয়া টুডে জানায়, অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজ কুমার গুপ্তা নির্মাণ করছেন ‘রেইড টু’। এ সিনেমার আইটেম গানে দেখা যাবে তামান্নাকে। এরই মধ্যে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। হাই ভোল্টেজের আইটেম গানটি সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ সময়ে রাখা হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “তামান্না ভাটিয়া আনুষ্ঠানিকভাবে ‘রেইড টু’ সিনেমার হাই এনার্জি আইটেম গানের শুটিং শুরু করেছেন। শুটিং সেটে গানটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ‘কাভালা’, এবং ‘আজ কি রাত’-এর মতো আকাশচুম্বী সফল আইটেম গানের পর নতুন গানে পারফর্ম করায় তার প্রতি দর্শকদের প্রত্যাশাও ব্যাপক। ঝলমলে আলো, বোল্ড কালার প্যালেট, স্ট্রোব ইফেক্টসহ অসাধারণ সেট ডিজাইন করেছে শুটিং টিম; যা তামান্না ভাটিয়ার দৃশ্যমান আবেদন আরো বৃদ্ধি করবে।” আইটেম গানে তামান্নার পোশাক নিয়ে সূত্রটি বলেন, “ট্র্যাকটি গ্ল্যামারাস, যেখানে সিকুইন পোশাক পরে তামান্না তার সিগনেচার নাচ পরিবেশন করবেন। এটা নিশ্চিত করা হয়েছে যে, এ গানে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে পারফর্ম করবেন না তামান্না। তবে এ গানের গায়িকাকে গোপন রেখেছেন নির্মাতারা।” ‘রেইড টু’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর। প্রথম পার্টে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রুজ। ‘রেইড’ সিনেমায় আরো অভিনয় করছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তা ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিংয়ের অভিনয়ের কথা রয়েছে। আগামী ১ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
সালমানের ‘সিকান্দার’ ৫ দিনে কত আয় করেছে

সালমানের ‘সিকান্দার’ ৫ দিনে কত আয় করেছে বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’ আশানুরূপ আয় করতে পারছে না। ৫ দিনে মাত্র ১০০ কোটির কাছাকাছি পৌঁছেছে সিনেমাটি। বৃহস্পতিবার আরও বেশ কিছুটা আয় কমেছে এ সিনেমার। ঈদ উপলক্ষে গত ৩০ মার্চ মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’। দেখতে দেখতে ৫ দিন অতিক্রম করেছে। মুক্তির পর প্রথম বৃহস্পতিবার বক্স অফিসে ৫ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে এটি। আর সেই অংকের সঙ্গেই ‘সিকান্দার’ সিনেমার মোট আয় গিয়ে পৌঁছেছে ৯০ কোটি রুপিতে। যা বাংলাদেশি মুদ্রায় ১২৮ কোটি টাকার বেশি। ঈদের ঠিক আগের দিন মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। উৎসবের মৌসুম অন্যদিকে ভারতজুড়ে সাপ্তাহিক ছুটি সত্বেও ‘সিকান্দার’ সালমানের অন্য সিনেমার মতো শুরুটা ভালো হয়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে ‘সিকান্দার’ ২৬ কোটি রুপি ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি রুপি। মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ অনেকটাই কমে যায়। এদিন ১৯ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করে সালমানের সিনেমাটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও কমেছে। ২ এপ্রিল বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে বলেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। ‘সিকান্দার’র প্রযোজক নাদিয়াওয়ালা গ্র্যান্ডসনের পক্ষ থেকে এদিন ইনস্টাগ্রামে সিনেমার বিশ্বজুড়ে আয়ের পরিমাণ প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে মুক্তির পর প্রথম চার দিনে এটি ১৫৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। তারা এও জানিয়েছেন যে চতুর্থ দিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ১৩ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। আর ভারতের বাইরে ৩ কোটি ৫০ লাখ টাকা রুপি আয় করেছে। তৃতীয় দিনের তুলনায় এ আয় যে অনেকটাই কম সেটা বলার অপেক্ষা রাখে না। ‘সিকান্দার’ নির্মাণ করেছেন এ আর মুরুগাদোস। সিনেমাটিতে সালমান খান ছাড়াও রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশীসহ আরও অনেকে অভিনয় করেছেন।
ঘিবলি আর্টে মজলেন অমিতাভ বচ্চনও

ঘিবলি আর্টে মজলেন অমিতাভ বচ্চনও সম্প্রতি সামাজিকমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঘিবলি স্টাইল। সাধারণ মানুষ থেকে তারকা, বাকি নেই কেউই। কৃত্রিম বুদ্ধিমত্তার খেলায় মেতেছেন প্রত্যেকেই। এবার ‘স্টুডিও ঘিবলি’র খেলায় মাতলেন স্বয়ং বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। গেল রোববার নিয়মমাফিক মুম্বাইয়ের বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। অতীতে সাপ্তাহিক এই সাক্ষাতের নানা ছবি সামাজিকমাধ্যমের পাতায় ব্যক্তিগত ব্লগে ভাগ করে নেন অমিতাভ। তবে এবার তিনি নিজের ঘিবলি অবতারের কিছু ছবি পোস্ট করেছেন। শুধু ঘিবলি নয়, সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে আরও কয়েকটি বিশেষ চিত্রশিল্পের ঘরানায় নিজের ছবি তৈরি করেছেন অমিতাভ। সেই ছবিগুলোও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন তিনি। অমিতাভ ছবিগুলো পোস্ট করেন লেখেন, আর ঘিবলি বিশ্বকে হাতের মুঠোয় করে ফেলল। যোগাযোগের মধ্যে নতুন বাস্তবতা। এরই সঙ্গে অমিতাভ তার ব্লগে ভক্তদের সঙ্গে দেখা করার একটি রিল ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে লেখেন, আরও একটা নতুন ভাবনা ‘রিল’, যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা জরুরি। অমিতাভের ঘিবলি ছবিগুলো সামাজিকমাধ্যমে ছডিয়ে পড়তেই অভিনেতার প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা।
বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান

বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান সালমান খানের বান্দ্রার বাড়ির সামনে উপচেপড়া ভিড়। নানাভাবে তাদের সামলে রাখার চেষ্টা করছেন পুলিশ। কিছুক্ষণ পরই দেখা দেন অভিনেতা সালমান খান। তবে বাড়ির বাইরে আসেননি; ভেতর থেকে কাচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। ‘বিংস সালমান খান’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি এমন দৃশ্য দেখা যায়। ক্যাপশনে লেখা, “ধন্যবাদ। ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক।” ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রত্যেক ঈদে ভক্তদের সামনে আসেন সালমান খান। এবারো তার ব্যত্যয় ঘটেনি। সালমানের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে আগেই বাড়ির সামনের অংশে বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে। আর সেই বুলেট প্রুফ গ্লাসের অপর প্রান্ত থেকে ভক্তদের সঙ্গে দেখা করেন ‘ওয়ান্টেড’ তারকা। লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। গত বছরের ১৮ অক্টোবরও প্রাণনাশের হুমকি পান সালমান খান। এরপরও নিয়মিত শুটিং করেছেন। তবে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছেন আত্মবিশ্বাসী এই অভিনেতা। সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ৩০ কোটি রুপি আয় করেছেন সিনেমাটি। এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা। রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
গাঁটের পয়সা খরচ করে অপমানিত হলেন গায়িকা নেহা

গাঁটের পয়সা খরচ করে অপমানিত হলেন গায়িকা নেহা ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে কাঁদছেন ভারতীয় সংগীতশিল্পী নেহা কাক্কর। কাঁদতে কাঁদতে কথা বলে চলেছেন এই গায়িকা। তারপরও দর্শক সাড়ি থেকে ভেসে আসছে— ‘গো ব্যাক’ স্লোগান। মূলত, দর্শকদের এমন আচরণের কারণে কাঁদতে শুরু করেন নেহা। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠেন দর্শকরা। নেহার কান্না দেখে আরো কড়া ভাষায় মন্তব্য করতে থাকেন দর্শকরা। ভেসে আসতে থাকে ‘নাটক করবেন না, এটা রিয়েলিটি শো না।’ প্রিয় ভক্তদের এমন অপমানজনক ব্যবহার নেহাকে আরো বেশি কষ্ট দেয়। তবু মঞ্চ ছাড়েননি এই গায়িকা। এনডিটিভি জানিয়েছে, কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে নেহার একটি কনসার্ট ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পর মঞ্চে উঠেন তিনি। ফলে ক্ষিপ্ত হয়ে দর্শকরা নেহাকে অপমান করেন। এ ঘটনার একদিন পর নেহা পেছনের গল্প সবার সামনে তুলে ধরেন। অস্ট্রেলিয়া ট্যুর নিয়ে নেহা তার ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। তার মূল সারমর্ম হলো— গাঁটের পয়সা খরচ করে অস্ট্রেলিয়া গিয়ে অপমানিত হয়েছেন এই তারকা গায়িকা। নেহা কাক্কর বলেন, “সবাই শুধু দেখলেন আমি তিন ঘণ্টা দেরি করেছি। কিন্তু এর পেছনে আসল কারণ কী তা কেউ জিজ্ঞাসা করলেন না! আমি এতকিছু বলতাম না। যেহেতু আমার নামে অনেক কথা উঠছে, তাই আসল ঘটনা সবার সামনে নিয়ে আসা উচিত।” নেহা কাক্করকে তার পারিশ্রমিক দেননি আয়োজকরা। পরে নেহার স্বামী এই অর্থ প্রদান করেন। এ বিষয়ে নেহা বলেন, “আপনারা কি জানেন, আমি মেলবোর্নে সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠান করে এসেছি? অনুষ্ঠানের কর্মকর্তারা আমার এবং আমার সহকারীদের পারিশ্রমিক না দিয়েই চলে গিয়েছে। শুধু তাই নয়, আমাদের খাবারদাবার, হোটেলে থাকার ব্যবস্থাও তারা করেননি। আমার হাজব্যান্ড এবং আমার সহকারীরা ব্যান্ডের বাকি সদস্যদের পারিশ্রমিক প্রদান করেছেন।” ঘটনার ব্যাখ্যা করে নেহা বলেন, “আপনারা কি জানেন, সাউন্ড ভেন্ডারকে পারিশ্রমিক না দেওয়ায় তারা কাজ করতে অপারগতা প্রকাশ করেন। এজন্য সাউন্ড চেক করতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। আমরা এটাও জানতাম না, কনসার্ট আদৌ হবে কিনা, আমাদের ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছিলেন আয়োজকরা। ওই সময়ে আমরা কিছুই বুঝতে পারছিলাম না।” কেবল ভক্তদের কথা চিন্তা করে অনুষ্ঠানে পারফর্ম করেন নেহা। তা জানিয়ে এই গায়িকা বলেন, “এত জটিলতার পরও আমি কোনোরকম বিশ্রাম না নিয়েই স্টেজে যাই এবং পারফর্ম করেছি। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আমার দর্শকরা আমার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে রয়েছেন। এত অপমানের মধ্যে যারা নেহার সমস্যা উপলদ্ধি করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, আমার জন্য অপেক্ষা করেছেন, আমার গানের সঙ্গে নেচেছেন। আমার সমস্যা যারা বুঝেছেলেন তাদের অসংখ্য ধন্যবাদ।”
ঐশ্বরিয়ার গাড়িতে বাসের ধাক্কা, কেমন আছেন অভিনেত্রী

ঐশ্বরিয়ার গাড়িতে বাসের ধাক্কা, কেমন আছেন অভিনেত্রী বলিউড তারকা ঐশ্বরিয়া রাই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। জানা গেছে, বুধবার (২৬ মার্চ) অভিনেত্রীর গাড়িতে পিছন থেকে একটি বাস এসে জোরে ধাক্কা দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত জানা না গেলেও যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গেল দুর্ঘটনার কারণে মুম্বাইয়ের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঐশ্বরিয়ার নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে নেমেছেন। বলিউড সূত্রে জানা গেছে, ঘটনার আকস্মিকতায় কিছু হতভম্ব হলেও ঐশ্বরিয়া সম্পূর্ণ সুস্থ রয়েছেন। অভিনেত্রী কোনোরকম আঘাত পেয়েছেন বলেও জানা যায়নি। মুম্বাইয়ের খ্যাতিমান ফটো সাংবাদিক বারিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট থেকেই দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশ্যে আসে। সেখানেই দেখা গেল, মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় আচমকাই একটি লাল বাস এসে ঐশ্বরিয়া রাই বচ্চনের গাড়ির পিছনে ধাক্কা দেয়া। সঙ্গে সঙ্গে তার দেহরক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে আসেন। গাড়ির পিছনের অংশে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার পাশাপাশি বাসের চালকের সঙ্গেও কড়াভাবে কথা বলতে দেখা যায় তাদের। এরপরই ঐশ্বরিয়ার গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে বলিউডের সুপারস্টার নায়িকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, খবর ছড়াতেই কিছুক্ষণের জন্য থমকে যায় বলিউড এলাকার সেই সড়ক। একের পর এক গাড়ি দাঁড়িয়ে যায়। যার ফলে যানজটের সৃষ্টি হয়। যদিও ওই বাস চালকের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ করা হয়েছে কিনা, সেই খবর এখনো জানা যায়নি। এ প্রসঙ্গে কোনোরকম প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী কিংবা বচ্চন পরিবারের কোনো সদস্য।
আলিয়ার সঙ্গে কেন রোমান্স করতে চান না ইমরান হাশমি?

আলিয়ার সঙ্গে কেন রোমান্স করতে চান না ইমরান হাশমি? অনুরাগ বসু নির্মিত বহুল আলোচিত বলিউড সিনেমা ‘মার্ডার’। মহেশ ভাট প্রযোজিত এ সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাশমি। সিনেমাটিতে তাদের রোমান্স, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে হইচই পড়ে গিয়েছিল। মূলত, এরপরই বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পান ইমরান হাশমি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। জুটি বেঁধেছেন অনেক নায়িকার সঙ্গে। আলিয়া ভাটের সঙ্গেও রোমান্সের প্রস্তাব দেওয়া হয়েছিল ইমরান হাশমিকে। তবে তা প্রত্যাখান করেন এই তারকা অভিনেতা। ২০১৬ সালে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় ইমরান হাশমিকে। এক সাক্ষাৎকারে এই প্রস্তাব ফেরানোর কারণ ব্যাখ্যা করেন তিনি। ইমরান হাশমি বলেছিলেন, “আমি ভাই হিসেবে তার সঙ্গে কাজ করতে পারি, অন্য কোনো কিছু আমাকে পীড়া দেবে। আমি আমার কাজিনের সঙ্গে রোমান্স করতে পারি না। আমার মনে হয় না এমনটা কেউ করেছে, এটা অস্বস্তিকর।” ব্যক্তিগত জীবনে ইমরান হাশমি ইসলাম ধর্মের অনুসারী। আলিয়া ভাট হিন্দু ধর্ম অনুসরণ করেন। এসব সমীকরণ মিলিয়ে কেউ কখনো ভাবতেই পারেননি আলিয়া ভাট-ইমরান হাশমি সম্পর্কে চাচাত ভাই-বোন। আলিয়া ভাট-ইমরান হাশমির সম্পর্কের যোগসূত্র কোথায়? টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, ইমরান হাশমির দাদি মেহেরবানু মোহাম্মদ আলী (পূর্ণিমা দাস ভার্মা নামে জনপ্রিয় ছিলেন)। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও মুকেশ ভাটের মা শিরিন মোহাম্মদ আলীর বোন মেহেরবানু। শিরিন-মেহেরবানুর মা ছিলেন লখনৌর বাসিন্দা এবং তিনি একজন মুসলিম ছিলেন। আর তাদের বাবা ছিলেন তামিল ব্রাহ্মণ রাম শেষাদ্রি আয়াঙ্গার। আলিয়া ভাট মহেশ ভাটের কন্যা। মহেশ ভাট ইমরান হাশমির কাকা আর আলিয়া তার চাচাত বোন। মেহেরবানু প্রথমে ইমরান হাশমির দাদা সৈয়দ শওকত হাশমিকে বিয়ে করেন। কিন্তু এ বিয়ে ভেঙে যায়। পরে প্রযোজক-পরিচালক ভগবান দাস ভার্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মেহেরবানু বা পূর্ণিমা দাস বলিউডের বিখ্যাত অভিনেত্রী ছিলেন। দাদির পথ অনুসরণ করে অভিনয়ে পা রাখেন ইমরান হাশমি। ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এ সিনেমা ২০২৩ সালের ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে আইএসআই-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেলের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। বর্তমানে ইমরান হাশমির হাতে তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমার কাজ রয়েছে। সুজিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন— পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে অ্যাকশনার ঘরানার এই সিনেমা। তা ছাড়াও তেলেগু ভাষার ‘জি-টু’, ‘গ্রাউন্ড জিরো’, ‘আওয়ারাপান টু’ সিনেমার কাজও ইমরান হাশমির হাতে রয়েছে।
কোন হিট সিনেমায় মেকআপ ছাড়া অভিনয় করেন ঐশ্বরিয়া?

কোন হিট সিনেমায় মেকআপ ছাড়া অভিনয় করেন ঐশ্বরিয়া? নব্বই দশকের অন্তিমকালে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায় তিন দশকের ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয় দক্ষতার পাশাপাশি তার রূপের দ্যুতিতে মুগ্ধ ভক্তরা। সিনেমার পাত্র-পাত্রীদের চরিত্র অনুযায়ী সাজাতে সাধারণত মেকআপ ব্যবহার করা হয়। কিন্তু সুভাষ ঘাই পরিচালিত একটি সিনেমায় মেকআপ ছাড়াই অভিনয় করেন ঐশ্বরিয়া রাই। টিভি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে হাজির হয়ে এ তথ্য জানান নির্মাতা। সুভাষ ঘাইয়ের বক্তব্যের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সুভাষ ঘাই বলেন, “সীমিত মেকআপ ব্যবহারের জন্য আমি আমার নায়িকাদের সবসময়ই অনুরোধ করেছি। কারণ এতে করে সত্যিকারের আবেগ প্রকাশিত হয়। ‘তাল’ সিনেমার ‘কাহি আগ লাগে লাগ যায়ে’ গানের শুটিংয়ে প্রথমবার মেকআপ নেন ঐশ্বরিয়া রাই। চরিত্রটির জন্য ঐশ্বরিয়াকে যখন নির্বাচন করি, তখন সরল, নিষ্পাপ একটি মেয়ের জীবন চিত্রিত করতে চেয়েছিলাম, যে প্রাকৃতিকভাবে সুন্দর।” ‘তাল’ সিনেমায় ঐশ্বরিয়ার মেকআপের জন্য দায়িত্ব দেওয়া হয় মেকআপ আর্টিস্ট মিকি কন্ট্রাক্টরকে। এ তথ্য উল্লেখ করে পরিচালক সুভাষ ঘাই বলেন, “আমি তাকে (মিকি কন্ট্রাক্টর) বলেছিলাম, ‘তুমি যত টাকা চাও আমি দেব। কিন্তু আমার অনুরোধ, ঐশ্বরিয়াকে মেকআপ দেবে না।’ মিকি একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হওয়ায় তাৎক্ষণিকভাবে আমার বক্তব্য বুঝতে পারে এবং বলেছিল, ‘এটি আরো কঠিন কাজ।” মিউজিক্যাল-রোমান্টিক-ড্রামা ঘরানার ‘তাল’ সিনেমায় মেকআপ ছাড়াই অভিনয় করেন ঐশ্বরিয়া রাই। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন— অনিল কাপুর, অক্ষয় খান্না, অমরিশ পুরি, অলক নাথ, সুষমা শেঠ প্রমুখ। ১৯৯৯ সালের ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ১৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৫১ কোটি ১৬ লাখ রুপির বেশি।
আমি পাগলের মতো কেঁদেছিলাম: ঐশ্বরিয়া

আমি পাগলের মতো কেঁদেছিলাম: ঐশ্বরিয়া ১৯৯৭ সালে তামিল সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন ঐশ্বরিয়া। একই বছর বলিউডে যাত্রা শুরু করেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। বলিউডের প্রথম সারির সব নায়কের সঙ্গে কাজ করেছেন ঐশ্বরিয়া। কাজের সুবাদে একাধিক নায়কের সঙ্গে সম্পর্কেও জড়ান এই প্রাক্তন বিশ্বসুন্দরী। কখনো কখনো অন্যের প্রেম ভাঙার অভিযোগও উঠে তার বিরুদ্ধে। এমন এক ঘটনা ঘটেছিল অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে। তারপর পাগলের মতো কেঁদেছিলেন ঐশ্বরিয়া। ১৯৯৫ সালে মুক্তি পায় মনীষা কৈরালা অভিনীত ‘বোম্বে’ সিনেমা। এতে তার অভিনয় দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। রাজীব মুলচান্ডানির সঙ্গে মনীষা কৈরালার প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনের নারী ঐশ্বরিয়া। এ খবর জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন এই অভিনেত্রী। বেশ আগে শোটাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান ঐশ্বরিয়া। ‘হাম দিল দে চুকে সনম’ তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, “আমি তামিল ভাষার ‘বোম্বে’ সিনেমা দেখে এটিকে অসাধারণ মনে হয়েছিল। ১ এপ্রিল বোম্বে পৌঁছাই। কাকতালীয়ভাবে রাজীব আমাকে ফোন করেন। ‘বোম্বে’ সিনেমায় মনীষা কতটা দুর্দান্ত অভিনয় করেছেন, তা আমি চিৎকার করে বলছিলাম। মনীষাকে অভিনন্দন জানাতে তাকে ফুলের তোড়া পাঠাতে চাই— এ কথাও রাজীবকে বলি।” পরের ঘটনা বর্ণনা করে ঐশ্বরিয়া রাই বলেন, “তারপর রাজীব আমাকে জিজ্ঞাসা করে, ‘তুমি কি খবরের কাগজ পড়েছো? মনীষা অভিযোগ করেছে, সে একটি প্রেমপত্র খুঁজে পেয়েছে, যা আমি তোমাকে (ঐশ্বরিয়া) লেখেছি।’ এটি আমাকে ভীষণভাবে আহত করে।” একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়ে ঐশ্বরিয়া রাই বলেন, “যদি এই প্রতিবেদনের কোনো সত্যতা থাকে, তাহলে ১৯৯৪ সালের জুলাই মাসে কেন বের হয়নি? কয়েক মাসের মধ্যে এই কারণে যদি রাজীবের সঙ্গে তার বিচ্ছেদ হয়, তাহলে পুরো নয় মাস ধরে এটি নিয়ে কেন চিন্তা করছিলেন? তারপর কেন এটি প্রকাশ্যে আনলেন?” এ ঘটনার পর পাগলের মতো কেঁদেছিলেন ঐশ্বরিয়া রাই। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “মনীষার এই ঘটনা আমার উপরে গভীর প্রভাব ফেলেছিল। আমি পাগলের মতো কেঁদেছিলাম। যা কিছু ঘটেছিল তার জন্য সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম। এতকিছু বলার পর সে (মনীষা) বারবার বলে, ‘তার উদ্ধৃতি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’ সেই বিচ্ছেদের পর তার (মনীষা) অসংখ্য সম্পর্কের খবর প্রকাশ করে মিডিয়া।”