রাহুলের মৃত্যু : প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন প্রিয়াঙ্কা

রাহুলের মৃত্যু : প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন প্রিয়াঙ্কা কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টালিউডে। তবে শোকের আবহ ছাপিয়ে এখন সামনে এসেছে শুটিং নিরাপত্তা ও প্রযোজনা সংস্থার গাফিলতির গুরুতর অভিযোগ। ওড়িশার তালসারিতে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টসের ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।  জানা গেছে, স্বামীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত চেয়ে তিনি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে আর্টিস্ট ফোরামের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রিয়াঙ্কা ছাড়াও ফোরামের শীর্ষ পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, শুরু থেকেই প্রযোজনা সংস্থার বক্তব্যে অসংগতি রয়েছে।  এমনকি ড্রোন শটের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার দায় পুরোপুরি রাহুলের ওপর চাপানোর চেষ্টা করছেন লীনা গঙ্গোপাধ্যায়। এদিকে তালসারি মেরিন পুলিশের বক্তব্যে ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। পুলিশ জানিয়েছে, সমুদ্র সৈকতে শুটিংয়ের জন্য কোনো আগাম অনুমতি নেওয়া হয়নি এবং স্থানীয় থানাকেও অবহিত করা হয়নি। এতে প্রশ্ন উঠেছে—পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও লাইফগার্ড ছাড়াই কেন উত্তাল সমুদ্রে শুটিং করা হলো? কলকাতার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আর্টিস্ট ফোরাম শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানকে শোকজ নোটিশ পাঠাতে যাচ্ছে। সন্তোষজনক জবাব না পেলে সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করা হতে পারে। সেক্ষেত্রে ফোরামের কোনো শিল্পী বা সদস্য ওই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন না—এমন বয়কট সিদ্ধান্তও আসতে পারে।

শাহরুখের পর সালমান খানের নায়িকা নয়নতারা

শাহরুখের পর সালমান খানের নায়িকা নয়নতারা ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের পর এবার সালমান খানের বিপরীতে নতুন প্যান-ইন্ডিয়া সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। এই জুটির খবরটি প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।  পরিচালক বংশী পাইদিপল্লির এই অ্যাকশন-থ্রিলার সিনেমার শুটিং এপ্রিলের পরে শুরু হতে পারে বলে জানা গেছে। যেখানে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন দুই ইন্ডাস্ট্রির এই দুই জনপ্রিয় তারকা। সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু, তার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে। জানা গেছে, পরিচালক বংশী পাইদিপল্লি এর আগে ‘মহর্ষি’ ও ‘বারিসু’-এর মতো সফল সিনেমা উপহার দিয়েছেন।  সিনেমা-সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই অ্যাকশন ড্রামায় থাকবে টানটান উত্তেজনা ও আবেগের মিশেল। বংশীর চিরচেনা নির্মাণশৈলী, অভিজ্ঞ প্রযোজনা এবং সালমান খান-নয়নতারা জুটির কারণে এটি একটি বড় মাপের তারকানির্ভর প্রজেক্ট হয়ে উঠেছে। উল্লেখ্য, এর আগে নয়নতারা ও শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা ব্যাপক সাড়া ফেলেছিল। সব কিছু ঠিক থাকলে, ২০২৭ সালের ঈদে মুক্তি পেতে পারে সালমান-নয়নতারা সিনেমাটি।

রণবীরের সাফল্যে দীপিকার ‘নীরবতা’, সমালোচনার মুখে অভিনেত্রী

রণবীরের সাফল্যে দীপিকার ‘নীরবতা’, সমালোচনার মুখে অভিনেত্রী রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম সপ্তাহের শেষে বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপির ব্যবসা করে ছবিটি যখন সাফল্যের শিখরে, ঠিক তখনই আলোচনায় উঠে এসেছে একটি অপ্রত্যাশিত বিষয়—দীপিকা পাডুকোনের নীরবতা। স্বামীর এমন বিশাল সাফল্যে দীপিকা কেন কোনো ইনস্টাগ্রাম পোস্ট বা স্টোরি শেয়ার করলেন না, এমনকি রণবীরের পোস্টে একটা ‘লাইক’ পর্যন্ত দিলেন না—এই নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রোলিং। সোশ্যাল মিডিয়ার একাংশ ও ‘অনলাইন সম্পর্ক বিশেষজ্ঞরা’ দাবি করছেন, এই নীরবতা আসলে বিপদের সংকেত। তাদের মতে, তারকা দম্পতির সম্পর্কে হয়তো ফাটল ধরেছে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। রণবীরের অভিনয় যখন এসএস রাজামৌলির মতো নির্মাতারাও প্রশংসা করছেন, তখন দীপিকার প্রিমিয়ারে না যাওয়া বা পোস্ট না করাটাকেই অনেকে ‘উদাসীনতা’ হিসেবে দেখছেন। এদিকে দীপিকার ভক্তদের মতে, ভালোবাসা মানেই পাবলিক পোস্ট করা নয়। এর আগেও দীপিকা রণবীরের বিভিন্ন কাজে (যেমন: ‘৮৩’ বা ‘রকি অউর রানি’) পাশে থেকেছেন। ২০১৮ সালে বিয়ের পর থেকেই তিনি রণবীরের চড়াই-উতরাইয়ের সঙ্গী। ইন্ডাস্ট্রি যখন রণবীরকে পুরোপুরি গ্রহণ করেনি, দীপিকা তখনও তার সবচেয়ে বড় শক্তি ছিলেন। মজার বিষয় হলো, রণবীর সিং যখন দীপিকার কোনো প্রজেক্ট নিয়ে পোস্ট করেন না, তখন তাকে নিয়ে তেমন সমালোচনা হয় না। কিন্তু দীপিকার ক্ষেত্রে নিয়মটা যেন আলাদা। দীপিকা বরাবরই মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সোচ্চার। অথচ আজ সেই গোপনীয়তা বজায় রাখতেই তাকে ডিজিটাল কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। বলিউড মানেই চাকচিক্য আর প্রচার। কিন্তু ডিজিটাল এই যুগে আমরা হয়তো ভুলে যাচ্ছি যে, সাফল্যের উদ্‌যাপন ব্যক্তিগতভাবেও হতে পারে। এক টেবিলে বসে খাবার খাওয়া বা ফোনে অভিনন্দন জানানোটাও ভালোবাসার অংশ হতে পারে। দীপিকা ও রণবীরের দাম্পত্য জীবন তাদের ব্যক্তিগত বিষয়, এবং সোশ্যাল মিডিয়ায় ‘লাইক’ না দেওয়া মানেই সম্পর্কে ফাটল নয়—বরং এটি হতে পারে সুস্থ ব্যক্তিগত জীবনেরই প্রতিফলন। সূত্র : ইন্ডিয়া টুডে

ভারতে নিষিদ্ধের মুখে নোরার নতুন গান

ভারতে নিষিদ্ধের মুখে নোরার নতুন গান ভারতে নিষিদ্ধের মুখে পড়েছে ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত। শুরু থেকেই গানটি ঘিরে বিতর্ক চলছিল, যা শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্তে গড়ায়। জানা গেছে, ‘কেডি : দ্য ডেভিল’ সিনেমার এই গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে দর্শকদের একাংশের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার পর ভারতের কেন্দ্রীয় সরকার এটি নিষিদ্ধ ঘোষণা করে। বিতর্ক যখন তুঙ্গে, তখনই এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন নোরা ফাতেহি। তিনি দাবি করেন, গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণা ছিল না। নোরার ভাষ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে তিনি কন্নড় ভাষার একটি গান ‘সারসি নিন্না’-এর জন্য শুটিং করেছিলেন। বড় বাজেট ও সহশিল্পী হিসেবে সঞ্জয় দত্ত থাকায় কাজটি করতে রাজি হন তিনি। তবে পরে সেই গানই ‘সরকে চুনর’ নামে হিন্দিতে প্রকাশ পাবে এবং এর লিরিকস নিয়ে বিতর্ক তৈরি হবে এটি তার জানা ছিল না। তিনি বলেন, ‘গানটির উপস্থাপন ও কথার কারণে এত বড় বিতর্ক তৈরি হবে, তা ভাবিনি। আমি চাই না কেউ মনে করুক, আমি কুরুচিপূর্ণ বা বিতর্কিত বিষয়কে সমর্থন করি। জনরোষের মুখে নির্মাতারা গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। এ অবস্থায় ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে নোরা বলেন, ‘গানের আসল প্রেক্ষাপট বুঝুন। ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং দয়া করে গানটি আর শেয়ার করবেন না।’ যদিও নোরার এই ব্যাখ্যা কিছুটা বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছে, তবু গানটি নিয়ে সমালোচনার রেশ এখনো কাটেনি।

বিশেষ অতিথির জন্য যে আয়োজন করল বিজয়-রাশমিকা

বিশেষ অতিথির জন্য যে আয়োজন করল বিজয়-রাশমিকা দক্ষিণী মেগাস্টার বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের রেশ এখনো কাটেনি। রাজস্থানের উদয়পুরে রাজকীয় বিয়ে আর হায়দরাবাদের জমকালো রিসেপশনের পর এবার নিজেদের বাড়িতে এক ‘বিশেষ’ অতিথির জন্য এলাহি আয়োজন করে আলোচনায় এই তারকা দম্পতি। তবে এই বিশেষ অতিথি বিনোদন জগতের কোনো প্রভাবশালী ব্যক্তি নন, বরং এক একরত্তি খুদে ভক্ত। মাসখানেক আগেই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয়েছে বিজয়-রাশমিকা। তাদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই খুশিতে ভাসছেন অনুরাগীরা। কিন্তু একরত্তি সেই খুদে ভক্তের মনে ছিল বিষাদ। প্রিয় তারকাদের বিয়ের খবর যেন কিছুতেই মেনে নিতে পারছিল না সে। ভিডিওতে দেখা গিয়েছিল তার কান্নার দৃশ্য। সেই খুদে অনুরাগীর মান ভাঙাতেই এবার অভিনব উদ্যোগ নিলেন নবদম্পতি। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে, বিজয়ের হায়দরাবাদের বাসভবনে সেই ছোট্ট ভক্তকে আমন্ত্রণ জানিয়েছেন তারা।  সেখানে তার সঙ্গে খুনসুটিতে মেতেছেন রাশমিকা। কখনো বিজয় তাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরে দেখাচ্ছেন, আবার কখনো তার পাতে তুলে দিচ্ছেন লাড্ডু ও পোলাওয়ের মতো সুস্বাদু সব খাবার। শুধু আপ্যায়নই নয়, খুদে অতিথিকে স্নেহের চুম্বনেও ভরিয়ে দিয়েছেন এই তারকা জুটি। বিজয়-রাশমিকার এমন মানবিক ও অমায়িক আচরণ ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাদের প্রশংসায় পঞ্চমুখ। একজন জনপ্রিয় তারকা হয়েও সাধারণ এক ভক্তের আবেগ মূল্যায়ন করে তাকে নিজেদের ঘরে আপ্যায়ন করার বিষয়টি এখন নেটদুনিয়ায় টক অব দ্য টাউন।

ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেকো’

ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেকো’ ঈদের আনন্দে শ্রোতাদের বাড়তি বিনোদন দিতে প্রতিবারের মতো এবারও গান নিয়ে হাজির হচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। কবির বকুলের কথায় এবং বেলাল খানের সুরে ‘ভালো থেকো’ শিরোনামের এই গানটি শ্রোতাদের ঈদ আয়োজনে যোগ করবে ভিন্ন মাত্রা। গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়। নচিকেতা জানান, বাংলাদেশে অনেক সুরকারের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা আছে তার, তবে এই গানটির সুরে তিনি বিশেষ এক আমেজ পেয়েছেন। তার বিশ্বাস, গানটির কথা ও সুর শ্রোতাদের মনের তালিকায় জায়গা করে নেবে। সুরকার বেলাল খান বলেন, নচিকেতা চক্রবর্তী দুই বাংলাতেই সমান জনপ্রিয়। বর্তমান প্রজন্মের (জেন-জি) শ্রোতারাও তার গানের মাঝে নিজেদের খুঁজে পান। এমন একজন কিংবদন্তি শিল্পীর জন্য সুর করা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে অভিনয় করেছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস। নির্মাতা জানান, গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মানসম্মত ভিডিও নির্মাণ করা হয়েছে, যা দর্শকদের হতাশ করবে না।

‘রণবীর সিং এক অনবদ্য মাস্টারক্লাস উপহার দিয়েছেন’

‘রণবীর সিং এক অনবদ্য মাস্টারক্লাস উপহার দিয়েছেন’ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধরের নতুন সিনেমা ধুরান্ধর: দ্য রিভেঞ্জ। দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র জগতের বড় বড় তারকারাও এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ছবিটির পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ছবিতে রণবীর সিংয়ের অভিনয় দেখে অভিভূত জুনিয়র এনটিআর। তিনি লিখেছেন, ভারতীয় দর্শকদের জন্য এমন একটি সিনেমা উপহার দেওয়ার জন্য পুরো টিমকে স্যালুট। রণবীর পর্দায় স্রেফ মুগ্ধ করার মতো নন, তিনি অভিনয় নিয়ে যেন এক অনবদ্য মাস্টারক্লাস উপহার দিয়েছেন। পরিচালক আদিত্য ধর-এর দূরদৃষ্টির প্রশংসা করে এনটিআর বলেন, ‘এরকম সাহসী সিনেমা নির্মাণ করতে অনেক দৃঢ় বিশ্বাসের প্রয়োজন হয়। আদিত্য স্যার প্রতিটি ফ্রেমকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।’ সিনেমার আবহ সংগীত নিয়ে শাশ্বত সাচদেবের বিশেষ প্রশংসা করেছেন অভিনেতা। তার মতে, সংগীত প্রতিটি দৃশ্যকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। সূত্র : এনডিটিভি

তৃষার কারণে ভাঙছে বিজয়ের সংসার?

তৃষার কারণে ভাঙছে বিজয়ের সংসার? ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ব্যক্তিগত জীবনে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে ঘর বেঁধেছেন। কয়েক যুগ পর পরকীয়া প্রেমের অভিযোগে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়ের স্ত্রী। এরপর থেকে বিজয়ের পরকীয়া প্রেমিকাকে নিয়ে চর্চা চলছে। বিজয়ের পরকীয়া প্রেমিকা কে তা পরিষ্কারভাবে বলেননি সংগীতা। বিবাহবিচ্ছেদের আবেদনে যেভাবে বর্ণনা করেছেন, তা দেখে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন। তাদের ভাষ্য—বিজয়ের পরকীয়া প্রেমিকা অন্য কেউ নন, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। কিন্তু সত্যি কি তৃষার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন বিজয়? এই প্রশ্নের উত্তর জানতে নেটিজেনদের হিসাবনিকাশ একনজরে দেখে নেওয়া যাক— বিজয়ের স্ত্রীর কী অভিযোগ? বিবাহবিচ্ছেদের আবেদনে বিজয়ের স্ত্রী সংগীতা দাবি করেছেন, একজন অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। ২০২১ সালে বিষয়টি তিনি জানতে পারেন, এখনো সেই সম্পর্ক চালিয়ে যাচ্ছেন বিজয়। সংগীতা স্বর্ণালিঙ্গম দাবি করেছেন, সেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়। তবে তা করেননি। ওই অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর করেন বিজয়। পাশাপাশি সামাজিক মাধ্যমেও দুজনের ছবি প্রকাশ করেন। বিষয়টি নিয়ে দুই সন্তান ও তিনি অপমান বোধ করছেন বলে জানিয়েছেন সংগীতা। কেবল তাই নয়, সংগীতাকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে, এমনকি আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতাতেও বিজয় হস্তক্ষেপ করেন বলে অভিযোগ সংগীতার। বিজয়ের প্রাক্তন প্রেমিকা তৃষা বিজয়ের সঙ্গে পুনরায় তৃষার নাম জড়ানোর অন্যতম কারণ হলো—তারা প্রাক্তন প্রেমিক-প্রেমিকা। পর্দার বাইরে বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তৃষা-বিজয়। এটি ২০০৫ সালের ঘটনা। ‘গিলি’ সিনেমায় কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন উঠেছিল। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এই খবর প্রকাশ্যে আসার পর স্ত্রী সংগীতার সঙ্গে বিজয়ের দূরত্ব তৈরি হয়েছিল। পরবর্তীতে এ সম্পর্ক আর আগায়নি এবং সংসারে মন দেন বিজয়। তবে এ ঘটনার পর অর্থাৎ ২০০৮ সালেও ‘কুরুভি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর তাদের আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। তৃষা-বিজয়কে নিয়ে রাজনীতিবিদের কুরুচিপূর্ণ মন্তব্য কিছুদিন আগে তৃষা-বিজয়কে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তামিলনাড়ু রাজ্যের বিজেপির সভাপতি নাইনন নাগেদ্রন। অভিনেতা-রাজনীতিবিদ থালাপাতি বিজয়কে কটাক্ষ করে বলেন, “বিজয় খুবই সরল, রাজনীতি বোঝেন না। প্রথমে তাকে নিজের খোলস থেকে বের হতে হবে। তামিলনাড়ুর তৃণমূল স্তরের পরিস্থিতি বুঝতে হলে তাকে তৃষার বাড়ি থেকেও বের হতে হবে।” প্রেমিকার সঙ্গে বিজয়ের ছবি নিয়ে প্রশ্ন সংগীতা বিবাহবিচ্ছেদের আবেদন পত্রে বলেছেন, পরকীয়া প্রেমিকার সঙ্গে তোলা বিজয়ের ছবিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে। তার এই বক্তব্যের সঙ্গে নেটিজেনরা তৃষা নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিকে মিলিয়েছেন। সেই পোস্টে বলা হয়েছে—“আমি খুবই অধিকারপ্রিয়। আমি তোমাকে আর কারো সঙ্গে ভাগ করে নেব না। তুমি শুধু আমার।” নেটিজেনদের অনেকে মনে করেন তৃষার এই বার্তা বিজয়ের স্ত্রী সংগীতাকে খোঁচা দেওয়ার জন্য লেখা। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, সেটি তৃষার অফিসিয়াল কোনো অ্যাকাউন্ট নয়। ফলে সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তৃষা-বিজয় কী বলছেন? সংগীতার বিবাহবিচ্ছেদের আবেদনের খবর প্রকাশ্যে আসার পর বিজয়কে নিয়ে চর্চা চলছে, এ চর্চায় যুক্ত হয়েছেন তৃষা কৃষ্ণানও। তবে এ নিয়ে এখনো টুঁ-শব্দ করেননি এই দুই তারকা।

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে বিজয়-রাশমিকা

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে বিজয়-রাশমিকা উদয়পুরে রাজকীয় বিয়ের পর দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবার প্রকাশ্যে দেখা দিয়েছেন। হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে উদয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন নবদম্পতি। এই মুহূর্ত ঘিরে ভক্ত ও পাপারাজ্জিদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। বিমানবন্দরে হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যামেরার সামনে আসেন বিজয়-রাশমিকা। পরে পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে শুভেচ্ছা জানান এবং উড়ন্ত চুমু ছুড়ে দেন তাঁরা।  রাশমিকার মুখে দেখা যায় নববধূর উজ্জ্বল আভা, আর বিজয়ের মুখজুড়ে শান্ত হাসি। মুহূর্তটি যেন পর্দার ‘শ্রীভল্লী’ ও বাস্তব জীবনের ‘সামি’র নতুন জীবনের সূচনা হিসেবে ধরা পড়েছে। নবদম্পতি প্রথম প্রকাশ্যে আসার দিনে পরিমিত ও মার্জিত পোশাক বেছে নেন। বিজয় পরেছিলেন সাদা স্যাটিন কুর্তা-পাজামা, সঙ্গে সাদা জুতা ও কালো সানগ্লাস। রাশমিকা ছিলেন লাল রঙের সোনালি কারুকাজ করা হাই-কলার অনারকলি স্যুটে। স্বামীর পাশে হাঁটতে হাঁটতে আবারও ভক্তদের মন জয় করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে একসঙ্গে দারুণ লাগছে, কারো নজর না লাগুক।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এই জুটি সত্যিই অসাধারণ।’ অনেকের কাছে মনে হচ্ছে, বিজয়-রাশমিকার সুখ পুরো ইন্টারনেটজুড়ে আনন্দ ছড়িয়ে দিয়েছে। এর আগে গতকাল ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন রাশমিকা-বিজয়। উদয়পুরে বিয়ের পর এবার হায়দরাবাদে জমকালো রিসেপশন অনুষ্ঠিত হবে। তার আগেই স্বামী-স্ত্রী হিসেবে বিজয় ও রাশমিকার এই প্রথম প্রকাশ্য উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও আবেগ তৈরি করেছে। সূত্র: হিন্দুস্থান টাইমস

অডিশন দিতে হবে বলে হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা

অডিশন দিতে হবে বলে হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা হলিউডের জনপ্রিয় এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত যুক্ত হচ্ছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সিরিজটির কাস্টিং প্রক্রিয়ায় অডিশন বাধ্যতামূলক থাকলেও দীপিকা এতে অংশ নিতে আগ্রহী নন। ফলে নির্মাতাদের সঙ্গে আলোচনা আর এগোয়নি। এর আগে সিরিজটির তৃতীয় মৌসুমেও তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন নির্মাতারা। তবে সে সময় অন্তঃসত্ত্বা থাকায় বিষয়টি বাস্তবায়িত হয়নি। বর্তমানে চতুর্থ মৌসুমের প্রস্তুতির মধ্যেই আবার যোগাযোগ করা হলেও এবারও সমঝোতা হয়নি। সামাজিক ব্যঙ্গ ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত সিরিজটির স্রষ্টা মাইক হোয়াইট। এর আগে ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স:  রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছিল দীপিকার। সেখানে তার সহশিল্পী ছিলেন ভিন ডিজেল। এরপর আর বড় কোনো আন্তর্জাতিক প্রকল্পে তাকে দেখা যায়নি। তাই ‘দ্য হোয়াইট লোটাস’-এ তার যুক্ত হওয়ার সম্ভাবনা ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল। এদিকে গত এক বছরে আরও কয়েকটি বড় প্রকল্প থেকেও সরে দাঁড়ানোর খবর আসে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিন-এর ‘কাল্কি’ সিক্যুয়াল—দুটো নিয়েই আলোচনা ছিল। তবে সামনে নতুন কাজ নিয়েই ব্যস্ত থাকবেন দীপিকা। তাকে দেখা যাবে ‘কিং’ ছবিতে। পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ। সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন ও সুহানা খান। এছাড়া পরিচালক অ্যাটলি-র নতুন ছবিতেও কাজ করছেন তিনি, যেখানে আছেন আল্লু অর্জুন।