পিএসএলে বিশেষ নাম পেলেন মুস্তাফিজ-ইমন

পিএসএলে বিশেষ নাম পেলেন মুস্তাফিজ-ইমন একদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত, অপরদিকে আফগানিস্তানের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত পাকিস্তান। নিরাপত্তা নিয়ে সৃষ্ট উদ্বেগের মাঝেই আগামী বৃহস্পতিবার পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্স। সেখানে খেলতে গিয়ে ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নতুন বিশেষণ পেলেন এই দুই বাংলাদেশি তারকা। লাহোরের প্রতি ক্রিকেটারের অনুশীলন জার্সির পেছনে তাদের নাম লেখা হয়নি। তার বদলে ভিন্ন ভিন্ন বিশেষণ জুড়ে দেওয়া হয়েছে। যেখানে ইমনকে ‘লাকি’ বা ভাগ্যবান এবং মুস্তাফিজকে ‘প্রফিটিং’ বা লাভজনক উল্লেখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের অভ্যন্তরের বিশেষ থিম ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই এমন নামকরণ করা হয়েছে। একইভাবে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নিকনেম দেওয়া হয়েছে ঈগল, অবশ্য এই নামটি তার সঙ্গে ব্যবহারের রীতি পুরোনো। এ ছাড়া কাউকে এক্সপ্লোডার বা বিধ্বংসী, কেউবা আবার ফেইথফুল বা বিশ্বস্ত তকমাও পেয়েছেন দলের পক্ষ থেকে। পিএসএলে আগের থেকেই লাহোরের প্রতিনিধিত্ব করছেন জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজা। তার জার্সির পেছনে লেখা ‘কালান্দার্স কা সিকান্দার’। এর আগে তিনি নিজেও পরিচয় দিয়েছিলেন এভাবে– ‘আমিই লাহোর কালান্দার্স, লাহোর কালান্দার্স মানেই আমি।’ এর আগে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ-ইমনের দলের সঙ্গে যোগ দেওয়ার পোস্টে লাহোর ফ্র্যাঞ্চাইজি সামাজিক মাধ্যমে লিখেছে– ‘আমাদের বাঙালি ভাইয়েরা লাহোর পা রেখেছেন। ভোররাতে এসে পৌঁছালেন মুস্তাফিজ ও ইমন। ক্লান্ত, তবে কালান্দারদের চেতনাকে আলিঙ্গন করতে প্রস্তুত। স্বাগতম ছেলেরা, লাহোর এখন আমাদের বাড়ি।’ আগামীকাল থেকে শুরু হচ্ছে পিএসএলের একাদশ আসর। বাংলাদেশ সময় রাত ৮টায় লাহোর মুখোমুখি হবে হায়দরাবাদ কিংসমেনের। এবারের পিএসএল শুরুতে হওয়ার কথা পাকিস্তানের ৬টি ভেন্যুতে থাকলেও, জ্বালানি সংকটের কারণে সেটি কেবল লাহোর ও করাচিতে স্থানান্তরিত হয়েছে। এমনকি মাঠে থাকছে না কোনো দর্শক। মুস্তাফিজ-ইমন ছাড়াও আর ৪ বাংলাদেশি খেলবেন পাকিস্তানি এই ফ্র্যাঞ্চাইজি লিগে। এরমধ্যে সর্বাধিক পেশোয়ার জালমিতে আছেন তিনজন– শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। এ ছাড়া লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) হয়ে নামবেন।

২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস

২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম দলটির শতভাগ মালিকানা অধিগ্রহণ করেছে। এই চুক্তির আর্থিক মূল্য প্রায় ১৬৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি। গত বছর আইপিএল শেষ হওয়ার পরই বর্তমান মালিকপক্ষ দল বিক্রির সিদ্ধান্ত নেয় এবং সেই প্রক্রিয়া শুরু হয়। একাধিক আগ্রহী পক্ষ থাকলেও শেষ পর্যন্ত সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গেই চুক্তি চূড়ান্ত করা হয়। এই কনসোর্টিয়ামে যুক্তরাষ্ট্রের আরও দুই প্রভাবশালী ব্যবসায়ী রব ওয়ালটন এবং হ্যাম্প পরিবার রয়েছে। বর্তমানে রাজস্থান রয়্যালসের ৬৫ শতাংশ মালিকানা রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের কাছে, যার নেতৃত্বে আছেন মনোজ বাদালে। এছাড়া অংশীদার হিসেবে রয়েছে রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স (১৫ শতাংশ) এবং ল্যাচলান মার্ডক (১৩ শতাংশ শেয়ার)। এদিকে ব্ল্যাকস্টোনের একটি তহবিল আইপিএলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। তারা সরাসরি কোনো দল কিনতে না চাইলেও রাজস্থান রয়্যালস অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে।

২৮ বছর বয়সেই আরসিবির চেয়ারম্যান আর্যমান বিরলা

২৮ বছর বয়সেই আরসিবির চেয়ারম্যান আর্যমান বিরলা আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বড় অঙ্কের চুক্তিতে মালিকানা বদল হয়েছে। ভারতীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়াম দলটি কিনে নিয়েছে। নতুন মালিকানা পাওয়ার পর আলোচনায় উঠে এসেছে একটি নাম-আর্যমান বিরলা। মাত্র ২৮ বছর বয়সেই তিনি হচ্ছেন আরসিবির নতুন চেয়ারম্যান। দলের বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। এই কনসোর্টিয়ামে রয়েছে আদিত্য বিরলা গ্রুপ, ব্ল্যাকস্টোনের প্রাইভেট ইকুইটি ইউনিট, ডেভিড ব্লিটজারের বোল্ট ভেঞ্চারস এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপ। প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই নতুন মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে, দলের চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিরলা গোষ্ঠীর তরুণ পরিচালক আর্যমান বিরলা। আর্যমান বিরলা ভারতের প্রভাবশালী শিল্পপতি কুমার মাঙ্গালাম বিরলার ছেলে। তবে তিনি শুধু ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী নন, এক সময় ক্রিকেটার হওয়ার স্বপ্নও দেখেছিলেন। ১৭ বছর বয়সে তিনি মুম্বাই ছেড়ে মধ্যপ্রদেশে গিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন। ইংল্যান্ডেও ক্লাব ক্রিকেটে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৭ সালে প্রথমবার রঞ্জি ট্রফিতে খেলেন আর্যমান। তার আগে সি কে নাইডু ট্রফিতে দারুণ পারফরম করে নজর কাড়েন। সেই আসরে তিনি ৬০২ রান করেছিলেন এবং তিনটি শতক করেছিলেন। পরে রঞ্জি ট্রফিতেও শতকের দেখা পান। সেই সময় তার সতীর্থ ছিলেন বর্তমান বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার ও অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। ২০১৮ সালে রাজস্থান তাকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০১৯ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি ক্রিকেট থেকে বিরতি নেন। সে সময় তিনি মানসিক চাপের কারণে খেলা থেকে দূরে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। ক্রিকেট ছেড়ে তিনি পুরোপুরি ব্যবসায় মন দেন। বর্তমানে তিনি আদিত্য বিরলা গ্রুপের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করছেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া বৈশ্বিক অর্থনীতিতেও উচ্চতর ডিগ্রি রয়েছে তার। দীর্ঘদিন পর আবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন আর্যমান, তবে এবার মাঠে নয়, নেতৃত্বের ভূমিকায়। এক বিবৃতিতে তিনি বলেন, “বেঙ্গালুরুর ভবিষ্যৎ গড়ার এই যাত্রায় যুক্ত হতে পেরে আমি গর্বিত। আমরা মাঠে ও মাঠের বাইরে সমর্থকদের জন্য নতুন কিছু করতে চাই।”

অনূর্ধ্ব-২০ সাফে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান

অনূর্ধ্ব-২০ সাফে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান ২০২৬ সালের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে গতকাল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে আজ, প্রতিপক্ষ পাকিস্তান। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে। তিন দলের গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ— প্রতিবেশী দেশ ভারত। পাকিস্তান ম্যাচকে সামনে রেখে মালদ্বীপে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। সোমবার শেষ মুহুর্তের অনুশীলন করেছে লাল সবুজের ছেলেরা। এদিন দলের হেড কোচ মার্ক কক্স খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। দলের গুরুত্বপূর্ণ সদস্য মোরশেদ আলী বলেন, ‘আমরা প্রস্তুত আছি। এই ম্যাচটি জেতার জন্য আমরা আত্মবিশ্বাসী। আমাদের সবার ভেতরে একটা জেদ কাজ করছে।’ পাকিস্তান দলের সাম্প্রতিক কোনো ম্যাচের ভিডিও বা অনুশীলনের ফুটেজ না থাকায় তাদের শক্তি বা কৌশল সম্পর্কে কোনো ধারণাই নেই বাংলাদেশের। কোচিং স্টাফরা এ নিয়ে খুব একটা বিচলিত নন। সহকারী কোচ আতিকুর রহমান মিশু নিজেদের কৌশলেই ভরসা রাখছেন, ‘পাকিস্তান সম্পর্কে আমরা কোনো ধারণা পাইনি। তাই প্রতিপক্ষ নয়, আমরা পুরোপুরি নিজেদের গেমপ্ল্যান নিয়েই পরিকল্পনা সাজিয়েছি।’ এবারের অনূর্ধ্ব-২০ দল নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা কাজ করছে। এর অন্যতম কারণ দলে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ফুটবলার রোনান সুলিভান এবং ডেকলান সুলিভানের অন্তর্ভুক্তি। তাঁদের উপস্থিতিতে দলের শক্তি ভিন্ন মাত্রা পাবে বলেই প্রত্যাশা সবার। এর আগে গতকাল উদ্বোধনী দিনে ম্যাচ হয়েছে দুটি। স্বাগতিক মালদ্বীপকে ২-৩ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে নেপাল।

অস্ট্রেলিয়া-ভারত সিরিজে নজর ইংল্যান্ডের, পরিকল্পনায় বাংলাদেশও

অস্ট্রেলিয়া-ভারত সিরিজে নজর ইংল্যান্ডের, পরিকল্পনায় বাংলাদেশও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে ভবিষ্যৎ পরিকল্পনায় বাংলাদেশ সিরিজকেও অন্তর্ভুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড। ইংল্যান্ডের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ২০১৫ সালে অ্যাশেজ জিতেছিল তারা। এরপর নিজেদের মাঠে দু’বার সিরিজ ড্র করলেও অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনবার হেরে যায় ইংলিশরা। অন্যদিকে ভারতের বিপক্ষেও ২০১৮ সালের পর আর কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি দলটি। এই পরিসংখ্যানই মূলত তাদের নতুন পরিকল্পনার ভিত্তি তৈরি করেছে। রিচার্ড গুল্ড স্পষ্ট করে জানিয়েছেন, ইংল্যান্ডের প্রধান লক্ষ্য এখন অ্যাশেজ পুনরুদ্ধার এবং ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়। তিনি বলেন, “আমাদের বুঝতে হবে অগ্রাধিকার কোথায়। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজ জিততে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও যথাযথ প্রস্তুতি নিশ্চিত করতে হবে।” এই লক্ষ্য পূরণে ইংল্যান্ড দলের জন্য আলাদা প্রস্তুতি সূচি তৈরির কথাও জানিয়েছেন তিনি। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার আগে পর্যাপ্ত সময় নিয়ে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছে বোর্ড। এদিকে সাম্প্রতিক অ্যাশেজে অস্ট্রেলিয়ায় ৪-১ ব্যবধানে হারের পরও দল পরিচালনায় বড় কোনো পরিবর্তন আনেনি বোর্ড। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রব কি, প্রধান কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম এবং টেস্ট অধিনায়ক হিসেবে বেন স্টোকসের ওপরই আস্থা রেখেছে তারা। গুল্ড জানিয়েছেন, অতীতে অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতির ঘাটতির কারণেই ইংল্যান্ড পিছিয়ে পড়েছিল। ভবিষ্যতে যেন এমন না হয়, সে জন্য আগেভাগেই পরিকল্পনা শুরু করেছে বোর্ড। এমনকি ২০২৯-৩০ অ্যাশেজ নিয়েও ইতোমধ্যে ভাবনা শুরু হয়েছে বলে জানান তিনি। টেস্ট ক্রিকেটকে আরও গুরুত্ব দিতে ‘বিগ থ্রি’ অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড এই তিন বোর্ডকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন গুল্ড। তার মতে, খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স পেতে হলে আন্তর্জাতিক সূচি ও প্রস্তুতি কাঠামো আরও উন্নত করা জরুরি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত কোনোবারই ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। তাই এই প্রতিযোগিতার শিরোপার চেয়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা। গুল্ডের ভাষায়, ‘ইংল্যান্ডের সাফল্যের আসল মাপকাঠি হলো এই দুই দলের বিপক্ষে জয়।’ তবে এই বড় দুই প্রতিপক্ষের পাশাপাশি অন্যান্য সিরিজও তাদের পরিকল্পনায় রয়েছে। ২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট, বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট খেলার সূচি রয়েছে। এছাড়া এর আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ সিরিজ নিয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছে ইংল্যান্ড বোর্ড। গুল্ড বলেন, ‘এটা পুরোপুরি নতুন করে শুরু করার সময় নয়। গত কয়েক বছরে টেস্ট ক্রিকেট যে জায়গায় এসেছে, তা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।’ সব মিলিয়ে, ইংল্যান্ড এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নিজেদের টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়, যেখানে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সাফল্যই হবে তাদের মূল লক্ষ্য আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই থাকছে বাংলাদেশ সিরিজও।

পিএসএল খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশি তারকারা

পিএসএল খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশি তারকারা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর একাদশ আসর সামনে রেখে দেশ ছেড়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। সোমবার (আজ) সকালে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশ নিতে তারা পাকিস্তানের উদ্দেশে রওনা দেন। প্রথম ধাপে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। বাকি দুই ক্রিকেটার—রিশাদ হোসেন ও তানজিদ তামিম—পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন। আসন্ন আসরে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমনও। অন্যদিকে নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও ইমন। রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে। এবারই প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম ও তানজিদ তামিম। সবকিছু ঠিক থাকলে পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে শরিফুল, তামিম ও নাহিদ রানাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এই ছয় ক্রিকেটারকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। এরপরই দেশে ফিরতে হবে তাদের, কারণ একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২৬ মার্চ পর্দা উঠছে পিএসএলের এবারের আসরের, যেখানে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত চলতি বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই সিরিজটি পূর্বনির্ধারিত ছিল। তবে এরপর সেটি আবারও স্থগিত হয়ে য়ায়। এবার ক্রিকবাজ নিশ্চিত করল আবারও হতে যাচ্ছে সেই সিরিজটি। মূলত ২০২৫ সালে স্থগিত হওয়া ভারত সিরিজটি এ বছরের আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে আয়োজন করতে চায় বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের। বিসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ভারত সিরিজের এই নতুন সূচির কারণেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিসিবি। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আয়ারল্যান্ডকে আমরা অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলাম, কিন্তু তাদের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হচ্ছে না। আশা করছি, ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় খুঁজে পাওয়া যাবে।’ আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এক ধাপ এগিয়েছে টাইগাররা।

শান্ত-জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত

শান্ত-জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর অক্টোবরে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। ঘরের মাঠের আসন্ন এসব সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নাজমুল হোসেন শান্তরা কেবল দুটি টেস্ট ম্যাচ খেলবে। ডারউইনে প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৩ আগস্ট। এরপর ২২ আগস্ট পরের টেস্ট ম্যাচ শুরু হবে ম্যাকায়তে। এরপর মেয়েদের সফর অক্টোবর মাসে। তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ৯, ১১ এবং ১৪ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজিত হবে ১৮, ২০ এবং ২২ অক্টোবর। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। একনজরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি: ১৩-১৭ আগস্ট: প্রথম টেস্ট, ডারউইন ২২-২৬ আগস্ট: দ্বিতীয় টেস্ট, ম্যাকায় একনজরে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচি : ৯ অক্টোবর: প্রথম ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১১ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১৪ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১৮ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল ২০ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল ২২ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি

সেঞ্চুরিতে অভিষেকেই ইতিহাস ১৫ বছরের ক্রিকেটারের

সেঞ্চুরিতে অভিষেকেই ইতিহাস ১৫ বছরের ক্রিকেটারের রুয়ান্ডার কিশোরী ওপেনার ফ্যানি উতাগুশিমানিন্ডে অভিষেক ম্যাচেই গড়লেন ইতিহাস। মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করে তিনি হয়ে গেলেন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। শুধু তাই নয়, অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার বিরল কীর্তিও প্রথমবারের মতো নিজের করে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। নাইজেরিয়ার তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভালে অনুষ্ঠিত নাইজেরিয়া ইনভাইটেশনাল নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘানার বিপক্ষে ৬৫ বলে অপরাজিত ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফ্যানি। তার ইনিংসে ছিল ১৭টি চার। ফ্যানির ব্যাটে ভর করে রুয়ান্ডা নির্ধারিত ২০ ওভারে তোলে ৩ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ঘানা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৮৮ রানেই থেমে যায় তারা। ফলে ১২২ রানের বড় জয় তুলে নেয় রুয়ান্ডা। এর আগে নারী টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ডটি ছিল উগান্ডার প্রসকোভিয়া আলাকোর দখলে। তিনি ২০১৯ সালে ১৬ বছর ২৩৩ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন। রুয়ান্ডার হয়েও আগের রেকর্ডটি ছিল গিসেল ইশিমওয়ের, যিনি ২০২১ সালে ১৭ বছর ৩ দিন বয়সে এই কীর্তি গড়েন। ম্যাচে বল হাতেও উজ্জ্বল ছিলেন বেলিজ মুরেকাতেতে। তিনি ৩ উইকেট নিয়ে ঘানার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। অভিষেকেই দুর্দান্ত সেঞ্চুরির জন্য ফ্যানি উতাগুশিমানিন্ডেকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়।

শেষ সময়ে ছিটকে গেলেন সোহেল, আরো বাদ পড়লেন যারা

শেষ সময়ে ছিটকে গেলেন সোহেল, আরো বাদ পড়লেন যারা ভিয়েতনাম সফরের ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্য সোহেল রানা জুনিয়র শেষ মুহূর্তে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। আজ (শুক্রবার) রাতে ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে দলের। তার আগে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে ২২ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। তবে এই ঘোষণার সবচেয়ে বড় চমক হয়ে এসেছে সোহেল রানার বাদ পড়া। দলের পরিকল্পনায় থাকা এই মিডফিল্ডার গতকাল অনুশীলনের সময় চোট পান। প্রথমে তাকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ভিয়েতনাম সফরের দল থেকে তাকে বাদ দিতে বাধ্য হন কোচ। এতে দলের মাঝমাঠে কিছুটা ভারসাম্যহীনতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দের বাদ পড়া ছিল অনেকটাই প্রত্যাশিত। তবে অনেকদিন পর দলে ফেরা মিডফিল্ডার মানিকের আবারও বাদ পড়া হতাশার। মাত্র চার দিনের ব্যবধানে জাতীয় দল থেকে বিদায় নিতে হচ্ছে তাকে। এছাড়াও ডিফেন্ডার ইসা ফয়সাল, শাকিল হোসেন ও রফিকও জায়গা করে নিতে পারেননি চূড়ান্ত স্কোয়াডে। এক সময় কোচ ক্যাবরেরার আস্থার জায়গায় থাকা ইসা ফয়সাল সাম্প্রতিক সময়ে নিয়মিত ডাক পেলেও চূড়ান্ত দলে সুযোগ পাচ্ছেন না। সাধারণত আন্তর্জাতিক সফরে ২৩ সদস্যের দল নেওয়া হলেও এবার ২২ জন ফুটবলার নিয়েই ভিয়েতনামে যাচ্ছে বাংলাদেশ। ইংল্যান্ডে খেলা হামজা চৌধুরী সরাসরি রবিববার দলের সঙ্গে যোগ দেবেন।