গল টেস্ট: বৃষ্টির আগে মুশফিক-লিটনের দাপট

গল টেস্ট: বৃষ্টির আগে মুশফিক-লিটনের দাপট ১৩১তম ওভারের দ্বিতীয় বল। লঙ্কান বোলার মিলান রতœায়েকের বলটি মুশফিকুর রহিমের প্যাডে লেগে বেরিয়ে গেল।সঙ্গে সঙ্গে লেগ বিফোরের আবেদন করল শ্রীলঙ্কা। আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিও নিল তারা। এরমধ্যে দৌড়ে ৩টি লেগ বাই পূর্ণ করলেন মুশফিক ও লিটন। রিভিও টিকলো না। কিন্তু এরপরেও গলের আকাশ মেঘে ঢেকে গেল এবং আম্পায়াররা মাঠ ঢেকে দেওয়ার ইঙ্গিত দিলেন। আলোক স্বল্পতায় খেলা থেমে গেল। কিছুক্ষণের মধ্যে মাঠ ঢেকে দেওয়া হলো। দুই দলের খেলোয়াড়রাও বেরিয়ে গেলেন, আর বৃষ্টি শুরু হলো। এ তো গেল বৃষ্টির কথা। এর আগের পুরোটা সময় গল নিজেদের দখলে রেখেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক সেঞ্চুরির দেখা পেয়েছিলেন গতকাল বিকেলেই। আরেক সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ২৭৯ বলে ১৪৮ রান করে বিদায় নিলেও মুশফিককে টলাতে পারেনি লঙ্কানরা। ব্যক্তিগত ১৫০ পেরিয়েও বহাল তবিয়তে বোলারদের শাসন করছেন তিনি। ৩২৫ বলে ১৫৯ রান নিয়ে অপরাজিত রয়েছেন মুশি।মুশফিককে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন দাস। ৮৪ বলে ৬১ রান করে ব্যাট করছেন এই ডানহাতি ব্যাটার। দুজনের জুটিতে এখন পর্যন্ত উঠেছে ১১৪ রান। এর আগে শান্তর সঙ্গে মুশির জুটিতে আসে ২৬৪ রান (৪৮০ বলে)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ১৩০.২ ওভারে ৪ উইকেটে ৪২৩ রান তুলেছে বাংলাদেশ।
গিলক্রিস্টকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ড, ছুটছেন লিটনকে নিয়ে
গিলক্রিস্টকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ড, ছুটছেন লিটনকে নিয়ে দারুণ এক জুটি ভেঙে শান্ত বিদায় নিলেও অপরপ্রান্তে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। দুর্দান্ত এক রেকর্ডও গড়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে গেলেন তিনি। কখনও কোনো বোলিং না করা ব্যাটসম্যানদের মধ্যে এখন সর্বোচ্চ রানের মালিক মুশফিক। গল টেস্টে ১১২তম রান নিয়ে তিনি টপকে গেছেন অ্যাডাম গিলক্রিস্টকে। তিন সংস্করণ মিলিয়ে ৩৯৬ ম্যাচে ১৫ হাজার ৪৬১ রান করেছেন অস্ট্রেলিয়ার এই কিপার-ব্যাটার। সেই রান ছাড়িয়ে এখন রেকর্ডটি নিজের দখলে নিলেন মুশফিক। আগের দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করেন শান্ত ও মুশফিক। সেঞ্চুরি পূর্ণ করেন দুজনেই। ৩ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে দিন শেষ করে বাংলাদেশ। ২৬০ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেছেন শান্ত। আর ১৮৬ বলে পাঁচ চারে ১০৫ রানে ব্যাট করতে নেমেছেন মুশফিক। দিনের শুরুতেই আড়াইশো রানের জুটি পার করে বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। আসিথা ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে মিড অফে অ্যাঞ্জেলো ম্যাথিউসের তালুবন্দি হন বাংলাদেশের অধিনায়ক। ১৫ চার ও ১ ছক্কায় ২৭৯ বলে ১৪৮ রান করেন তিনি। তার বিদায়ে ভাঙে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি। ছয়ে নেমে মুশফিককে সঙ্গ দিয়ে দলের সংগ্রহ বাড়াচ্ছেন লিটন দাস। ইতোমধ্যে তাদের জুটিতে পঞ্চাশ পূর্ণ হয়েছে। এর আগে গিলক্রিস্টকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন মুশফিক। এখনও অপরাজিত আছেন তিনি।
শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে গলে বাংলাদেশের হাসি

শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে গলে বাংলাদেশের হাসি ৪৫ রানে তিন উইকেটের পতন, তখন মাত্র ১৭ ওভারের খেলা শেষ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেওয়া কি তবে ভুল? দিনের শুরুতে তা মনে হলেও শেষে এসে সঠিকই মনে হচ্ছে। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে শান্ত নিজেই যে দলের বৈঠা চালালেন। দুজনের সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিন শেষে হাসছে বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯২। শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত আছেন। প্রথম সেশন থেকে দুজনের পথচলা শুরু। কেউই ছাড়েননি হাল। শেষ সেশনে এসে শান্ত-মুশফিক দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ২০২ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন শান্ত। চার দিকে সমালোচনা চলতে থাকা এই ব্যাটার মেতে ওঠেন বুনো উল্লাসে। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১১টি চার ও ১টি ছয়ের মারে সাজানো ছিল দুর্দান্ত ইনিংসটি। শান্তকে অনুসরণ করে যেন মুশফিকও তুলে নেন ক্যারিয়ারের দ্বাদশ শতক। ১৭৬ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। মাত্র ৫টি চারে মুশফিকের সেঞ্চুরি বলে দিচ্ছে কতটা দৃঢ়তার সঙ্গে খেলছেন শুরু থেকে শেষ পর্যন্ত। খেলার মোড় ঘুরিয়ে দেওয়া শান্ত-মুশফিকের জুটি থেকে আসে ৪৪৩ বলে ৪৭ রান। অথচ দিনের শুরুটা ছিল বাজে। এনামুল হক বিজয় ফেরেন ১০ বলে শূন্য রানে। তার আউটের পর ক্রিজে ওপেনার সাদমান ইসলামের সঙ্গী হন মুমিনুল হক। দুজনে আভাস দেন ঘুরে দাঁড়ানোর। কিন্তু বেশিদূর যেতে পারেননি। দেখে শুনে খেলতে থাকা সাদমান ৫৩ বলে ১৪ রানে বিদায় নিলে ভাঙে ৩৪ রানের জুটি। সাদমানের বিদায়ের পরই ধাক্কা খায় বাংলাদেশ। এবার বিদায় নেন ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে থাকা ব্যাটার মুমিনুল হক। চারটি চারের মারে তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৯ রান। এরপরের গল্প শুধু শান্ত-মুশফিকের। লঙ্কান পেসারদের মুভমেন্টকে মামুলি বানিয়ে প্রথম সেশনে আর কোনো উইকেট দেননি দুজনে। প্রথম সেশনে বাংলাদেশ পায় ৩ উইকেটে ৯০ রান। দ্বিতীয় সেশনে বিনা উইকেটে ৯২ রানের পর তৃতীয় ও সেশনে আসে ১১০ রান তোলে। লংকানদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন তারিন্দু রত্নায়েকে। ১ উইকেটের দেখা পান আসিথা ফার্নান্দো।
শ্রীলঙ্কায় সিরিজ ড্র করাই বড় অর্জন, মনে করেন হান্নান

শ্রীলঙ্কায় সিরিজ ড্র করাই বড় অর্জন, মনে করেন হান্নান বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করার পর মাঝে এসেছিলেন জাতীয় দলের নির্বাচক হয়ে। সেই পদ থেকে ইস্তফা দিয়ে ঢাকা লিগে কোচিংয়ের অভিষেকেই চ্যাম্পিয়নশিপ অর্জন। নির্বাচকের মতো লোভনীয় পদ হান্নান সরকার ছেড়েছিলেন কোচিং পেশার জন্য। এবার তার কাঁধে অনূর্ধ-১৭ দলের কোচিংয়ের ভার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচক থাকায় জাতীয় দলের পারফরম্যান্স কিংবা মূল্যায়ন তার নখদপর্ণে। এবার তার কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে। সাবেক এই ক্রিকেটার মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র করাই বড় অর্জন হবে। মিরপুরে সোমবার হান্নান সরকার বলেন, “শ্রীলঙ্কায় খেলা অনেক কঠিন। শ্রীলঙ্কার কন্ডিশনে আমাদের ফলাফলও তেমন আশানুরূপ নয়। তবে আমাদের বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। টেস্ট দলের হিসেবে ওদের চেয়ে আমাদের খেলোয়াড়রা বেশি অভিজ্ঞ….তাই সিনিয়র খেলোয়াড়রা গাইড করতে পারবে। এই সিরিজটা যে ২-০ তে জিততে হবে এমনটা আমি ভাবি না। আমার কাছে মনে জয় সিরিজটা ড্র করতে পারলে সেটাও একটা অর্জন হবে।“ আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শান্তর দল দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে। দলটির বিপক্ষে মাত্র ১টি টেস্ট জয়ের কীর্তি রয়েছে বাংলাদেশের। আর ৫টি ড্রয়ের বিপরীতে হার ২০টিতে। তার মধ্যে ২০১৩ সালে গল ও ২১ সালে পাল্লেকেলেতে ড্র করেছে বাংলাদেশ। সেই বিবেচনায় হয়তো হান্নান ড্রই বড় অর্জন মনে করেন। হান্নান বলেন, “শ্রীলঙ্কার মাটিতে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। আমাদের পারফরম্যান্সের কথা যদি বলি…শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করলে আমরা বেশ পিছিয়ে আছি। তবে রেকর্ড দিয়ে তো আর সবসময় বিচার করা যায় না। আসলে টি-টোয়েন্টির পারফরম্যান্স নিয়েই তো আলোচনা হচ্ছে…… তবে আমাদের টেস্ট দলটা নিয়ে আশা করতেই পারি। “ আমাদের দলে যারা আছে… সাদমান টেস্ট বিশেষজ্ঞ, মুমিনুল-মুশফিক খেলছে….শান্তও গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের, মিরাজ রয়েছে…..টি-টোয়েন্টির যে পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে টেস্টে কিন্তু আলাদা করে চিন্তা করার সুযোগ রয়েছে। কারণ আমাদের অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। টেস্টে যারা ভালো করবে বা ভালো খেলোয়াড় রয়েছে…. তারা কিন্তু টি-টোয়েন্টিতে ছিল না। তাই টেস্ট নিয়ে আমি ইতিবাচক চিন্তা করতে চাই। টেস্ট জেতা কঠিন হবে কিন্তু অসম্ভব না“-আরও যোগ করেন হান্নান।
মিরাজ নেই, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরাজ নেই, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে গলে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় ম্যাচটি শুরু হয়েছে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতেছেন। তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। জ্বরের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, প্রবথ জয়সুরিয়া, থারিন্দু রথনায়েক, মিলন রথনায়েক ও অসিথা ফার্নান্দো। সাদমান ইসলাম, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ। ৮ বছর পর গলে বাংলাদেশ সাগর পাড়ের স্টেডিয়াম গল। পৃথিবীর অন্যতম নয়নাভিরাম স্টেডিয়াম। ১৯৯৮ সালে এর যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশ এখন পর্যন্ত কেবল দুটি ম্যাচ খেলেছে এই মাঠে। ২০১৩ এবং ২০১৭ সালে। ৮ বছর পর বাংলাদেশ এই মাঠে খেলতে যাচ্ছে। ২০১৩ সালে মুশফিকুর রহিম এই মাঠে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। ম্যাচটি ড্র করেছিল বাংলাদেশ। কিন্তু ২০১৭ সালে বাংলাদেশ পারেনি ম্যাচ বাঁচাতে। লম্বা সময় পর গলে ফিরে বাংলাদেশ কেমন করে সেটা দেখার। পিঠাপিঠি অবস্থানে বাংলাদেশ-শ্রীলঙ্কা সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে পিঠাপিঠি অবস্থানে ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ১৩ ম্যাচে মাত্র ৫টিতে জিতেছিল। পয়েন্ট তালিকায় ছিল ছয় নম্বরে। বাংলাদেশ ১২ ম্যাচে মাত্র ৪টিতে জিতেছিল। পয়েন্ট টেবিলে অবস্থান ছিল সাতে। এবার দুই দল নিজেদেরকে কোথায় নিয়ে যেতে পারে সেটাই দেখার। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ বা টেস্ট বিশ্বকাপের চতুর্থ চক্রের খেলা শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই টেস্ট সিরিজ দিয়ে। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত নয়টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি দল দুই বছরের মধ্যে ছয়টি সিরিজ খেলবে। যার তিনটি দেশের মাটিতে, তিনটি প্রতিপক্ষের মাঠে। প্রতিটি সিরিজ হবে কমপক্ষে দুই টেস্টের। সর্বোচ্চ পাঁচটি টেস্ট থাকতে পারবে এক সিরিজে। এই সময়ে সিরিজ হবে মোট ২৭টি, যেখানে টেস্টের সংখ্যা ৭১টি। ২০২৭ সালের জুনে লিগ টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে হবে ফাইনাল। শেষ তিন আসরের মতো ইংল্যান্ডেই বসবে সাতাশের ফাইনাল। সম্ভাব্য ভেন্যু লর্ডস।
সাকিবসহ ১৫ জনের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

সাকিবসহ ১৫ জনের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত। গত অক্টোবরে ভারতে সবশেষ বাংলাদেশের হয়ে খেলে আর দেশে ফেরেননি সাকিব আল হাসান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম। এদিন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ-আত্মসাতপূর্বক সরকারি বিধি বিধান ও শেয়ার বাজার আইন লঙ্ঘনপূর্বক শত শত কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিধায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নবর্ণিত ব্যক্তিদের বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক। শুনানি শেষে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।
টাইমড আউট নিয়ে ম্যাথুজ, ‘আমাকে টার্গেট করা হয়েছিল’

টাইমড আউট নিয়ে ম্যাথুজ, ‘আমাকে টার্গেট করা হয়েছিল’ ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার অপেক্ষায় শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ। গলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দিয়েই বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ম্যাথুজ। প্রতিপক্ষ বাংলাদেশ বলেই ম্যাথুজের অবসরের আগে অবধারিতভাবে আরেকটি প্রসঙ্গও উঠে আসল, টাইমড আউট। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হওয়া ক্রিকেটার ম্যাথুজ। ২০২৩ বিশ্বকাপের মঞ্চে তার বিরুদ্ধে টাইমড আউট নিয়েছিল বাংলাদেশ। দিল্লিতে ওই ম্যাচের পর গণমাধ্যমে বাংলাদেশকে ধুয়ে দিয়েছিলেন ম্যাথুজ। এবার অবসরের নেওয়ার আগে আরো একবার টাইমড আউট নিয়ে কথা বলতে হলো তাকে। যেখানে ম্যাথুজ দাবি করেছেন, তাকে টার্গেট করা হয়েছিল। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথুজ বলেছেন, ‘‘আমি মনে করি ওই সময়ে এটা নিয়ে অনেক কথা বলেছিলাম কারণ আমি খুব রাগ হয়েছিলাম সাথে হতাশও ছিলাম। আমি নিশ্চিত করেই বলছি আমি কোনো ভুল করিনি। যখন আমি ভিডিওটা ম্যাচ রেফারিকে দেখিয়েছিলাম তারাও বুঝতে পেরেছিল কি হয়েছে এবং তারা ভুল বুঝতে পেরেছিল। তবে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমার মনে হচ্ছিল আমাকে টার্গেট করা হয়েছে। কিন্তু আমি নিশ্চিত নই তারা কেন আপিল করতে প্ররোচিত হলো।’’ ‘‘আমি এখনো যেটা মনে করি আম্পায়াদের আরো সম্পৃক্ত হওয়া দরকার ছিল। আমি যখন ক্রিজে গিয়েছিলাম তখন অবশ্যই দুই মিনিটের সীমা অতিক্রম করতে পারিনি। এটা স্পষ্ট যে আমার হেলমেটটি তখনই ভেঙে গিয়েছিল, মাটিতে পড়ার আগে নয়। তাই আমার রাগ হওয়ার এটা একটা যুক্তিসঙ্গত কারণ ছিল।’’ দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ৩৮তম ম্যাচ চলছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার। সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দুই দল কেবল লড়ছিল চ্যাম্পিয়নস ট্রফির টিকিট নিশ্চিতে। ম্যাচে কোনো বল না খেলেই টাইমড আউট হয়েছেন ম্যাথুজ। সাকিবের বলে সামারাবিক্রমা ৩টা ৪৯ মিনিটে আউট হয়েছিলেন। পরের ২ মিনিটে নতুন ব্যাটসম্যান ম্যাথুজকে পরের বল খেলতে হতো। কিন্তু হেলমেটের উটকো ঝামেলায় খেলতে পারেননি। বাংলাদেশ সেই সুযোগটি নিয়ে ম্যাথুজের আউটের আবেদন করেন। তাতেই মেলে সাফল্য। ক্রিকেটীয় আইনে আম্পায়াররা ম্যাথুজকে আউট দিলেও, বাংলাদেশের আবেদন এবং আম্পায়ারের ভূমিকা নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে। কেননা ম্যাথুজ সময় মতোই ক্রিজে পৌঁছে গিয়েছিলেন। ব্যাটিংয়ের জন্য প্রস্তুতও ছিলেন। ক্রিজে প্রণাম করে বল খেলার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু মাথার হেলমেট ঠিক করতে গিয়ে স্ট্রিপে টান দিলে তা ছিঁড়ে যায়। ম্যাথুজ নতুন হেলমেট আনার জন্য ড্রেসিংরুমে ইঙ্গিত করেন। বাংলাদেশের অধিনায়ক সাকিব সময় নষ্টের জন্য ম্যাথুজের আউটের আবেদন করেন। পাশেই ছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে আম্পায়ার ইরাসমাসের সঙ্গে সাকিবের আলোচনা দেখে মনে হচ্ছিল, টাইমড আউট নিয়ে দুজন কেবল কথা বলছেন। কিন্তু সাকিবের সিরিয়াস আবেদনে ইরাসমাস সঙ্গে থাকা আরেক আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। এ সময়ে বলও দিয়ে দেন আম্পায়ারকে। তাতেই বোঝা যাচ্ছিল, ম্যাথুজের আউট নিয়ে বাংলাদেশ সিরিয়াস। নতুন হেলমেট নিয়ে ম্যাথুজ ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হলেও আম্পায়ার তাকে আউটের সিদ্ধান্ত জানান। তখন ম্যাথুজ বাংলাদেশের অধিনায়কের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। নিজের প্রতিক্রিয়াও দেখান। কিন্তু সাকিব হাসি দিয়ে তাকে ক্রিকেটের নিয়মের কথা মনে করিয়ে দেন। তাদের আলোচনায় বোঝা যাচ্ছিল, হেলমেটের স্ট্রিপ ছিঁড়ে যাওয়ার দুর্ঘটনার কথাই বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশ নিজেদের আবেদনে ছিল স্থির। ক্রিকেটের নিয়মে এই আউট থাকায় ম্যাথুজ ‘টাইমড আউট’ হন। টাইমড আউট নিয়ে এমসিসি’র আইন যা বলছে, ‘উইকেটের পতন বা একজন ব্যাটসম্যান রিটায়ার্ড হওয়ার পর, নতুন ব্যাটসম্যানকে, সময় না বলা পর্যন্ত, বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। বা অন্য ব্যাটসম্যানকে আউট হওয়ার ২ মিনিটের মধ্যে পরবর্তী বল গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। এই প্রয়োজনীয়তা পূরণ না হলে, নতুন ব্যাটসম্যান আউট হবেন, টাইমড আউট।’
বেঙ্গালুরুতে ভারতের, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বেঙ্গালুরুতে ভারতের, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ বাছাই পর্ব পেরিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আট দলের এই প্রতিযোগিতা হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের চারটি ভেনু্যতে হবে সাত দলের সব ম্যাচ। পাকিস্তান নিজেদের ম্যাচগুলো খেলবে কলম্বোতে। ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। ম্যাচটি হবে বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি স্টেডিয়ামে। একই ভেনু্যতে বাংলাদেশ ও ভারত খেলবে। ২৬ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে খেলবে ২ অক্টোবর। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আট দলের টুর্নামেন্টে প্রথম পর্বে ম্যাচ হবে মোট ২৮টি। ভারতসহ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। অন্য পাঁচ দল হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের টিকেট পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি। পাকিস্তান পরের ধাপে কোয়ালিফাই করার ওপর নির্ভর করবে নক আউটের ভেনু্য। পাকিস্তান নক আউট পর্বে উঠলে শ্রীলঙ্কায় ম্যাচ হবে। নয়তো নক আউট পর্বের সব ম্যাচই হবে ভারতে। সাম্ভাব্য সূচিও চূড়ান্ত হয়েছে। ২৯ অক্টোবর গৌহাটি কিংবা কলম্বোয় প্রথম সেমিফাইনাল। পরদিন ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল বেঙ্গালুরুতে। ২ নভেম্বর বেঙ্গালুরু বা কলম্বোয় হবে ফাইনাল। প্রসঙ্গত, সবশেষ আইসিসির ইভেন্ট চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচও হয়েছিল হাইব্রিড মডেলে। পাকিস্তানে বসেছিল সব ম্যাচ। ভারত সফর না করায় তাদের ম্যাচ হয়েছিল দুবাইয়ে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ১২ ম্যাচ খেলবে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ১২ ম্যাচ খেলবে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে (২০২৫-২৭) ৬ সিরিজে ১২টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরমধ্যে তিনটি সিরিজ ঘরের মাঠে, বাকী তিনটি বিদেশের মাটিতে। টাইগারদের সবগুলো সিরিজই দুই ম্যাচের হবে। আগামী ১৭ জুন লংকার মাটিতে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর শুরু হবে। শ্রীলংকা ছাড়াও এই চক্রে বিদেশের মাটিতে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এছাড়া দেশের মাটিতে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলা আছে টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে (২০১৯-২১) ৭ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ঐ আসরে কোন ম্যাচ জিততে পারেনি তারা। ৬ হারের সাথে ১টি ম্যাচ ড্র করেছিল টাইগাররা। নয় দলের আসরে নবম ও শেষ স্থানে ছিল বাংলাদেশ। প্রথম আসরে জয়হীন থাকলেও দ্বিতীয় চক্রে (২০২১-২৩) প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। ২০২২ সালের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় টাইগাররা। ঐ আসরে ১২ ম্যাচ খেলে ১টি করে জয়-ড্র এবং ১০টি ম্যাচ হারে বাংলাদেশ। ফলে নয় দলের মধ্যে টেবিলের তলানিতে ছিল তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে টেবিলের তলানিতে থাকলেও, গতকাল শেষ হওয়া তৃতীয় চক্রে (২০২৩-২৫) নয় দলের মধ্যে সপ্তম হয় বাংলাদেশ। ১২ ম্যাচে ৪ জয় ও ৮ হারের স্বাদ পায় টাইগাররা। এই চক্রে পাকিস্তানের বিপক্ষে দু’টি, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১টি করে জয় পায় বাংলাদেশ। চতুর্থ চক্রে বাংলাদেশের মত অন্য আট দলও সমান ছয়টি করে সিরিজ খেলবে। এরমধ্যে সবচেয়ে বেশি ২২ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ২১ ম্যাচ খেলবে ইংল্যান্ড। এছাড়া ভারত ১৮টি, নিউজিল্যান্ড ১৬টি, দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ১৪টি করে, পাকিস্তান ১৩টি এবং শ্রীলংকা ১২টি ম্যাচ খেলবে। সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা। চতুর্থ চক্রে ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭১টি। সর্বমোট সিরিজ হবে ২৭টি।
প্রথমবার বিগ ব্যাশে বাবর আজম

প্রথমবার বিগ ব্যাশে বাবর আজম বিশ্ব ক্রিকেটে ব্যাট হাতে বহুবার তোলপাড় করা বাবর আজম এবার অস্ট্রেলিয়ার জমজমাট বিগ ব্যাশ লিগে (বিবিএল) পা রাখতে যাচ্ছেন। দীর্ঘদিন গুঞ্জনের পর অবশেষে এই পাকিস্তানি তারকাকে নিজেদের স্কোয়াডে টেনে নিয়েছে সিডনি সিক্সার্স। নতুন মৌসুমে (২০২৫) তাকে দেখা যাবে গোলাপি জার্সিতে। এটাই বাবরের প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে। সিডনি সিক্সার্সের সঙ্গে তার এই চুক্তিটি হয়েছে প্রি-সাইনিং অপশনের মাধ্যমে, যেখানে প্রতিটি দল আন্তর্জাতিক ড্রাফট শুরুর আগেই একজন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারে। ১৯ জুন শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ড্রাফটের আগেই সিক্সার্স বাবরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাবরের মতো বিশ্বমানের অভিজ্ঞ একজন টপ অর্ডার ব্যাটারকে পাওয়ার অর্থই হলো দলে গভীরতা ও ভারসাম্য বাড়ানো। এই তারকার সঙ্গে একই দলে থাকছেন স্টিভ স্মিথ, শন অ্যাবটের মতো অভিজ্ঞ অজি খেলোয়াড়রা, যা দলের শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। গত মৌসুমে একমাত্র সিডনি সিক্সার্সই ছিল এমন দল, যারা কোনো বিদেশি তারকাকে আগেভাগে দলে নেয়নি। এবার তারা সেই ঘাটতি পূরণ করল বাবরের মতো একজন ক্রিকেট সেনসেশনকে নিয়ে।তবে বাবরের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে তার জায়গা এখন অনিশ্চিত, ব্যাটেও অনুজ্জ্বল সময় কাটছে। তবু, অস্ট্রেলিয়ার মাটিতে নতুন এই চ্যালেঞ্জ বাবরের জন্য এক নতুন দরজা খুলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।চুক্তির পর নিজের প্রতিক্রিয়ায় বাবর জানান, “এটা আমার জন্য দারুণ এক সুযোগ। বিগ ব্যাশ বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ এবং সিডনি সিক্সার্স একটি সফল ফ্র্যাঞ্চাইজি। এই দলে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি চাই দলের জয়ে অবদান রাখতে, ভক্তদের ভালোবাসা কুড়াতে এবং এই অভিজ্ঞতা আমার পরিবারের সঙ্গে ভাগ করে নিতে।” অস্ট্রেলিয়ায় বাবরের প্রথম আগমনকে ঘিরে ইতোমধ্যেই পাকিস্তানি ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বইছে। অনেকেই বলছেন, হয়তো এটাই সেই ‘নতুন শুরু’, যেটা বাবরের ক্যারিয়ার আবার উজ্জ্বল করে তুলতে পারে।