বাংলাদেশ সফরে পাকিস্তান দল ঘোষণা, নেই একাধিক তারকা

বাংলাদেশ সফরে পাকিস্তান দল ঘোষণা, নেই একাধিক তারকা বিশ্বকাপের আগে নতুন সম্ভাবনার খোঁজে বেরিয়েছে পাকিস্তান। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে নেই একাধিক তারকা। অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান, পেসার শাহীন শাহ আফ্রিদি, অলরাউন্ডার শাদাব খান কিংবা স্পিডস্টার হারিস রউফ; কেউ-ই নেই স্কোয়াডে। এমন দল দেখে ক্রিকেট বিশ্লেষকদের মত, এই স্কোয়াড মূলত বিশ্বকাপের আগমুহূর্তে একটি ‘এক্সপেরিমেন্টাল প্যাকেজ’। তরুণ ও কম অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে নেওয়াই এবার পিসিবির মূল উদ্দেশ্য। সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, পাকিস্তান দল বাংলাদেশে পা রাখবে ১৬ জুলাই। এরপর ২০, ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। প্রতিটি শুরু সন্ধ্যা ৬টায়। সফর শেষ করেই ২৫ জুলাই দেশে ফিরবে দলটি। এই সিরিজটি হঠাৎ করে আয়োজিত হয়নি। পেছনে রয়েছে বিসিবি ও পিসিবির শীর্ষপর্যায়ের কূটনৈতিক আলোচনার ফলাফল। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময় দুই বোর্ডের বৈঠকে এমন একটি প্রস্তুতি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এটি শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। এরই মধ্যে পাকিস্তান দলের অনুশীলন শুরু হয়েছে করাচির জাতীয় স্টেডিয়ামে। ৮ জুলাই থেকে স্কোয়াডের সদস্যরা মাঠে নেমেছেন ধারাবাহিক প্রস্তুতি নিতে। লক্ষ্য একটাই— বিশ্বমঞ্চের আগে শক্তির গভীরতা যাচাই করে নেওয়া। বাংলাদেশ সিরিজ শেষে পাকিস্তান দল ক্যারিবীয় সফরে যাবে, যেখানে তারা খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম। টি-টোয়েন্টি সিরিজের সূচি: ২০ জুলাই: প্রথম টি-টোয়েন্টি, মিরপুর। ২২ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর। ২৪ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর।
ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন অধিনায়ক মুল্ডার

ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন অধিনায়ক মুল্ডার ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস লিখলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকেই তিনি হাঁকালেন ট্রিপল সেঞ্চুরি (৩৬৬*)। টেস্ট ইতিহাসে এটি এক দুর্লভ কীর্তি। কারণ, অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই ট্রিপল সেঞ্চুরি করার নজির আছে কেবল আর একজনের! এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাট হাতে মুল্ডার হয়ে ওঠেন রীতিমতো দুর্বার। আজ সোমবার (০৭ জুলাই) বুলাওয়েতে অনুষ্ঠিত এই টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ২৯৭ বলে ৩৮টি চার ও ৩ ছক্কায় পূর্ণ করেন নিজের ট্রিপল সেঞ্চুরি। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। তার আগে কেবল ভারতের বীরেন্দর শেবাগই দ্রুততর (২৭৮ বলে) ত্রিশতক করেছিলেন। মুল্ডার প্রথম দিন শেষ করেছিলেন অপরাজিত ২৬৪ রানে। পরদিন সকালে সেই ইনিংস রূপ নেয় ইতিহাসে। ৩৮টি চার আর ৩টি ছক্কায় সাজানো এই অনবদ্য ইনিংসটিকে বলা যায় ধৈর্য আর আগ্রাসনের নিখুঁত মিশেল। মাত্র ২৭ বছর ১৩৮ দিন বয়সেই মুল্ডার ভেঙে দিলেন বব সিম্পসনের ৬১ বছরের পুরনো রেকর্ড। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার কিংবদন্তি সিম্পসন অধিনায়ক হিসেবে অভিষেকে করেছিলেন ৩১১ রান। মুল্ডার সেখানে এখনও অপরাজিত ৩৬৭ রানে (এ প্রতিবেদন লেখার সময়)। টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা এটি দক্ষিণ আফ্রিকার মাত্র দ্বিতীয় উদাহরণ। তার আগে কেবল হাশিম আমলা এই মাইলফলক ছুঁয়েছিলেন—২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ৩১১ রানের অনন্য ইনিংস খেলেছিলেন তিনি। অভিষেক অধিনায়ক হিসেবেই প্রথম দিনেই ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুল্ডার। এমন কীর্তি টেস্ট ইতিহাসে খুব কমজনেরই আছে। এই তালিকায় আছেন কেবল গ্রাহাম ডাউলিং (নিউজিল্যান্ড, ২৩৯) এবং শিবনারায়ণ চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ, ২০৩)। মুল্ডারের এটি ছিল তার ২১তম টেস্ট, কিন্তু অধিনায়ক হিসেবে প্রথম। নিয়মিত অধিনায়ক কেশব মহারাজ ইনজুরিতে পড়ায় হঠাৎ করেই নেতৃত্বের ভার পড়ে তার কাঁধে। সেই দায়িত্বকে সুযোগে পরিণত করে নিজেকে তুলে ধরলেন ক্রিকেট ইতিহাসের এক অনন্য উচ্চতায়।
গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও আন্তর্জাতিক লিগে সাকিব আল হাসানের ক্রিকেট-জীবন থেমে থাকেনি। এবার সেই ধারাবাহিকতায় গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছেন দেশসেরা এই অলরাউন্ডার। গায়ানায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। দুবাই ক্যাপিটালস আজ এক সামাজিক মাধ্যম বার্তায় নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজের পরিবর্তে তারা দলে নিয়েছে সাকিবকে। ৩৮ বছর বয়সী সাকিবকে সর্বশেষ দেখা গেছে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে। যদিও তিন ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি। তার আগের সময়টা কেটেছে মাঠের বাইরে, বোলিং অ্যাকশন ও অন্যান্য ইস্যুর কারণে প্রায় ৬ মাস স্বীকৃত ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর।
শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে পুল পর্বের ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। চীনের দাঝুতে শনিবার (৫ জুলাই) পুল ‘এ’-এর ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে হংকংয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ে পুল পর্ব শুরু করেছিলো তারা। ম্যাচের অষ্টম মিনিটে শ্রীলঙ্কার গোলমুখ খুলে দেন দ্বীন ইসলাম। সেই পথ ধরে শ্রীলঙ্কার জালে একের পর এক গোল দিতে থাকেন বাংলাদেশের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ১৩-০ গোলের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পথে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ (৪টি) ও ইসমাইল হোসেন। জোড়া গোল করেন সাজেদুল সাজেদ ও দ্বীন ইসলাম। একটি করে গোল মোহাম্মদ মেহেদী ও বিশাল আহমেদের। টানা দুই জয় ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে আছে বাংলাদেশ। রোববার (৬ জুলাই) নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক চিনের। শ্রীলঙ্কাকে ৯-০ গোলে উড়িয়ে পুল পর্ব শুরু করেছিল তারা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম কোয়ার্টারেই তিন গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আব্দুল্লাহ দুইবার, দ্বীন ইসলাম ও ইসলাম একটি করে গোল করলে বড় জয়ের পথে ছুটতে থাকে দল। তৃতীয় কোয়ার্টারে মাত্র একটি গোল হজম করে তারা। তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে তাদের জালে আরও চার বার উৎসব করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
শ্রীলঙ্কা থেকে দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সিমন্স

শ্রীলঙ্কা থেকে দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সিমন্স স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে টাইগাররা। আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে দুই দল। তবে এমন সময়ে দলের প্রধান কোচ ফিল সিমন্সকে পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা। দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক নাফিস ইকবাল তথ্যটি নিশ্চিত করে জানান, সিমন্সের যুক্তরাজ্যে যাওয়ার বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল। ৭ জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স। যুক্তরাজ্যে গত ফেব্রুয়ারিতেই চিকিৎসককে দেখানোর কথা ছিল সিমন্সের। তবে ওই সময় বাংলাদেশ দলের হয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যস্ত থাকায় যেতে পারেননি।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষণ জানালো টাইমস অব ইন্ডিয়া

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষণ জানালো টাইমস অব ইন্ডিয়া চলতি বছরের এশিয়া কাপ শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই টুর্নামেন্টের। তবে এসব সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে একটি সম্ভাব্য সূচি প্রকাশ করেছে। সূত্র জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ১৭ দিনের সূচি চূড়ান্ত করেছে। প্রাথমিক সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর। জানা গেছে, ভারতসহ সব অংশগ্রহণকারী দেশ নিজ নিজ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। ভারত আয়োজক হলেও টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত; এই ৬ দেশ এবারের আসরে অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি গ্রুপ পর্ব ও সুপার ফোর ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এর মানে দর্শকরা অন্তত দুইবার ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে পারবেন। দ্বিতীয় ভারত-পাকিস্তান লড়াইটি হতে পারে ১৪ সেপ্টেম্বর। টুর্নামেন্টকে ঘিরে প্রচারণাও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অফিসিয়াল ব্রডকাস্টার সনি সম্প্রতি একটি পোস্টার প্রকাশ করেছে। ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনায় ফলে অনিশ্চিত হয়ে পড়েছিল এশিয়া কাপের আসর। পাকিস্তানের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টগুলোতেও মুখোমুখি না হওয়ার কথা বলেছিলেন ভারতের কোনো কোনো ক্রিকেটার। তবে এশিয়া কাপ নিয়ে সাম্প্রতিক অগ্রগতি সবার (সম্প্রচারকারী, স্পনসর ও অন্যান্য স্টেকহোল্ডার) মাঝেই স্বস্তির ফিরিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মুখিয়ে থাকা ভক্তদের চেহারায়ও খুশির রেখা স্পষ্ট হচ্ছে।
বাংলাদেশ দলে তিন পেসার, তানভীর-ইমনের অভিষেক

বাংলাদেশ দলে তিন পেসার, তানভীর-ইমনের অভিষেক তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। অভিষেকে তিন পেসার- তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে নিয়ে একাদশ সাজিয়েছেন মিরাজ। নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ের জন্য রেখেছেন পারভেজ হোসেন ইমনকে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। জাতীয় দলের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা এই স্পিনার আজ বুধবার প্রথম ওয়ানডে ক্যাপ পরেছেন। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজ রহমান। শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, ইহসান মালিঙ্কা ও আসিথা ফার্নান্দো।
অভিষেকে টস হারলেন মিরাজ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

অভিষেকে টস হারলেন মিরাজ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। কিন্তু অভিষেক ম্যাচে টস জিততে পারলেন না ২৭ বছর বয়সী অলরাউন্ডার। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৮ বছর পর পঞ্চপাণ্ডবদের (সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ) ছাড়াই ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। এতদিন এই পাঁচজনের কেউ না কেউ দলে ছিলেনই। সে হিসেবে ওয়ানডেতে দেশের ক্রিকেটের নবযাত্রা শুরু হয়েছে আজ বুধবার। মিডলঅর্ডারে এই ম্যাচে অগ্নিপরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিকদের জায়গা কীভাবে পূর্ণ করেন মিরাজ, সেটিই দেখার অপেক্ষা ক্রিকেটভক্তদের।
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আগামীকাল

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আগামীকাল টেস্ট সিরিজ শেষ। এবার ওয়ানডেতে মুখোমুখি হওয়ার পালা। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবারের দ্বিপক্ষীয় সিরিজে তিনটি ওয়ানডে খেলবে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে ম্যাচটি। দিবারাত্রির ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। সরাসরি দেখাবে টি স্পোর্টস। দুই দলের এটি একাদশতম দ্বিপক্ষীয় সিরিজ। এর আগের দশ দ্বিপক্ষীয় সিরিজের ছয়টিতে শ্রীলঙ্কা জিতেছে। বাংলাদেশের জয় দুটিতে। দুটিতে সিরিজ অমীমাংসিত থেকে। এছাড়া মহাদেশীয়, বৈশ্বিক প্রতিযোগিতা মিলিয়ে দুই দল ৫৭ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে সাফল্যের হার বেশি শ্রীলঙ্কারই। ৪৩ ম্যাচে জিতেছে তারা। বাংলাদেশ তাদের হারাতে পেরেছে ১২ ম্যাচে। ২ ম্যাচে কোনো ফল আসেনি। তবে অতীতের পরিসংখ্যানের সঙ্গে সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যবধান রয়েছে। দুই দলের সবশেষ দুই দ্বিপক্ষীয় সিরিজ বাংলাদেশ জিতেছে। এছাড়া শেষ ৯ মুখোমুখি লড়াইয়ের ৫টিতেই জিতেছে বাংলাদেশ। যেখানে ২০২৩ সালের দিল্লির বিশ্বকাপের ম্যাচও রয়েছে। টাইমড আউটের কারণে যে ম্যাচ স্বর্ণাক্ষরে লেখা আছে। লম্বা সময় পর বাংলাদেশ এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেছে। সবশেষ ২০১৭ সালে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। এবারও টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছিল সফর। গলে প্রথম ম্যাচে বাংলাদেশ দারুণ পারফর্ম করেছিল। একটু সাহসিকতা দেখালে ম্যাচটা নিজেদের পক্ষেও আনতে পারত। কিন্তু কলম্বোর এসএসসিতে দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। যার ফলে টেস্ট সিরিজ খোয়াতে হয় ১-০ ব্যবধানে। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে একটি পরাজয়কে সঙ্গী করে বাংলাদেশ। এবার ওয়ানডের পালা। দুই বছর পর বাংলাদেশ শ্রীলঙ্কায় ওয়ানডে খেলবে। সবশেষ এশিয়া কাপে দুই দলের দেখা হয়েছিল। এরপর দিল্লি ও চট্টগ্রামে চার ওয়ানডে খেলে দুই দল। ২০২৪ সালে বাংলাদেশ সফরে গিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠে তারা কী প্রতিশোধ নিতে পারবে? সময়ের কাছেই প্রশ্নটা তোলা থাক। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে মেহেদী হাসান মিরাজের। শান্তর কাছ থেকে অধিনায়কত্ব ‘ছিনিয়ে’ মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত ভালোভাবে নেননি শান্ত। এজন্য টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন। যা নিশ্চিতভাবেই মিরাজের ওপর বাড়তি চাপ তৈরি করতে যাচ্ছে। মিরাজকে এর আগেও অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে শান্তর অনুপস্থিতিতে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে। যেখানে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার মিরাজ যুগ পাকাপাকিভাবে শুরু হতে যাচ্ছে। এবার তার অধীনে বাংলাদেশ কেমন করে সেটাই দেখার।
‘অভিমান নয়, দলের ভালোর জন্য’—নেতৃত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত

‘অভিমান নয়, দলের ভালোর জন্য’—নেতৃত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু বছর না ঘুরতেই একে একে তিন ফরম্যাট থেকেই নেতৃত্ব ছাড়ছেন এই বাঁহাতি ব্যাটার। সর্বশেষ, কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে পরাজয়ের পর টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ালেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা আছে। আমি বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এই ফরম্যাটে আমি আর নেতৃত্ব দিতে চাই না। এটা ব্যক্তিগত কোনো বিষয় নয়, একান্তই দলের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি, এতে দলের উপকার হবে। ’ তিনি বলেন, তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক থাকাটা দলীয় কাঠামোর জন্য উপযোগী নয়। তার ভাষায়, ‘গত কয়েক বছর ধরে আমি এই ড্রেসিংরুমে আছি। আমার ব্যক্তিগত মত, তিন ফরম্যাটে তিন অধিনায়ক থাকলে দল বিভক্ত হয়ে যেতে পারে। বোর্ডের ভিন্ন মত থাকতে পারে, আমি সেটা সম্মান করি। তবে আমি মনে করি, দলের ভালোই হবে যদি আমি সরে দাঁড়াই। ’ সম্প্রতি ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার আগেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছিলেন শান্ত নিজেই। ফলে এমন সিদ্ধান্তের পেছনে ‘অভিমান’ কাজ করছে কি না—এই প্রশ্নও উঠেছে। শান্ত সেটা পরিষ্কারভাবে নাকচ করে বলেন, ‘আমি চাই না কেউ ভাবুক, এটা ওয়ানডে অধিনায়কত্ব হারানোর কোনো প্রতিক্রিয়া। এটা সম্পূর্ণ পেশাদার একটি সিদ্ধান্ত, দলের ভবিষ্যতের কথা মাথায় রেখেই নেওয়া। ’ তিনি আরও জানান, কয়েক দিন আগেই ক্রিকেট অপারেশন্স বিভাগকে সিদ্ধান্তটি জানিয়ে রেখেছিলেন। এর আগে গত বছরই শান্ত নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন। তবে তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন শান্ত। সেবার তিনি শুধু টি-টোয়েন্টির দায়িত্বটা ছেড়ে দেন। তবে পরিসংখ্যান বলছে, অধিনায়কত্ব পেয়ে শান্ত আরও পরিণত হয়েছেন ব্যাট হাতে। যেখানে টেস্ট ক্যারিয়ারে তার গড় ৩২, সেখানে অধিনায়ক হিসেবে সেই গড় বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ। টেস্টে তার ৭টি সেঞ্চুরির মধ্যে ৩টিই এসেছে অধিনায়ক থাকা অবস্থায়, সঙ্গে আছে আরও দুটি ফিফটি।