১১ ছক্কা ও ৩৭ বলের সেঞ্চুরিতে ডেভিডের ইতিহাস

১১ ছক্কা ও ৩৭ বলের সেঞ্চুরিতে ডেভিডের ইতিহাস তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে ২১৪ রানের লক্ষ্য দাঁড় করিয়েও থামাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কারণ, জবাব দিতে নেমে ক্যারিবিয়ান বোল্টারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন টিম ডেভিড। ১১ ছক্কা আর ৩৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই মারকুটে ব্যাটার। এতে ইতিহাস গড়েছেন তিনি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৭ বলে ১০২ রান করে অজিদের জয় নিশ্চিত করেছেন টিম ডেভিড। সেই সঙ্গে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন তিনি। সেই সঙ্গে ১৬ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি। এর আগে, অভিষেক টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ এর শেই হোপও। প্রথমে ব্যাট করে ৫৭ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। তার ওপেনিং সঙ্গী ব্রেন্ডন কিং ৩৬ বলে ৬২ রান তুলে তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছিলেন, তাদের ১২৫ রানের জুটিতে ভর করে ২১৪ রানের পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যা ২৩ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া।
এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চান লিটন

এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চান লিটন অবশেষে বিশ্রামের ফুরসত মিলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শেষ হওয়ার তিনদিনের মাথায় তারা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে নেমে পড়ে। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আগামী এশিয়া কাপের আগে আর টাইগারদের কোনো সিরিজ নেই। আগস্টে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে এক বছরের জন্য। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে হতে পারে এশিয়া কাপ। তার আগপর্যন্ত খেলার সূচি নেই লিটন-শান্তদের সামনে। তবে আরেকটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টায় রয়েছে বিসিবি। শেষ পর্যন্ত যদি সেটিও না হয়, তাহলে স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন দেশের ক্রিকেটাররা। তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও অবশ্য সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল সংবাদ সম্মেলনে লিটন জানিয়েছেন, ‘(পাকিস্তান সিরিজ শেষে) পরে একটা সিরিজ হলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়।’ এ ছাড়া বিসিবি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বলে জানিয়েছেন তাসকিনও।
ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নজরকাড়া কীর্তি গড়েছেন রিশভ পন্থ। সফরকারী কিপার-ব্যাটসম্যান হিসেবে ইতিহাসে প্রথমবার টেস্টে ইংল্যান্ডের মাটিতে এক হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ব্রাইডন কার্সকে ছক্কা মেরে মাইলফলকটি ছুঁয়ে ফেলেন পন্থ। ইংল্যান্ড সফরে ২৪ ইনিংসে তার রান এখন ১,০১৮, গড় ৪৪.২৬। রয়েছে চারটি করে ফিফটি ও সেঞ্চুরি। সফরকারী কিপার-ব্যাটসম্যানদের মধ্যে এই কীর্তি আর কেউ গড়তে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭৮ রান ভারতেরই মহেন্দ্র সিং ধোনির, ৭৭৩ রান করে তিনে আছেন অস্ট্রেলিয়ান রড মার্শ। দেশের বাইরে নির্দিষ্ট কোনো এক দেশে এক হাজার রান করা প্রথম কিপার-ব্যাটসম্যানও পন্থ। এই তালিকাতেও দুই নম্বরে আছেন তিনি নিজেই। অস্ট্রেলিয়ায় করেছেন ৮৭৯ রান। তবে মাইলফলক ছোঁয়ার কিছুক্ষণ পরই পান্তের জন্য দুঃসংবাদ। ক্রিস ওকসের ইয়র্কার পায়ে আঘাত হানলে মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এ ব্যাটসম্যান। তখন তিনি ৪৮ বলে ৩৭ রানে খেলছিলেন। পরে ফিজিওর চিকিৎসা নিয়েও ব্যাটিংয়ে ফিরতে পারেননি তিনি। টিভি ফুটেজে দেখা যায়, ডান পায়ের পাতা ফুলে গেছে এবং রক্ত ঝরছে। ইংল্যান্ডের মাটিতে টেস্টে হাজার রান পূর্ণ করা ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হয়েছেন পন্থ। এদিনই একই মাইলফলকে পৌঁছান ওপেনার লোকেশ রাহুল। আগেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনিল গাভাস্কার ও বিরাট কোহলি। চলতি সিরিজেও দুর্দান্ত ফর্মে আছেন পন্থ। চার ম্যাচে সাত ইনিংসে ৭৭ গড়ে তার রান ৪৬২, রয়েছে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি।
পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের বাজে শুরুর পর দলের হাল ধরলেন জাকের আলি অনিক ও মাহেদি হাসান। তাদের দারুণ জুটির পর দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে ফিফটি পূর্ণ করেন জাকের। দলকে এনে দেন লড়াকু সংগ্রহ। এই রান তাড়ায় নেমে পাকিস্তানের শুরুটাও হয় একইভাবে। শেষদিকে ফাহিম আশরাফ চেষ্টা চালালেও ব্যর্থ হন। দারুণ জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। তিন ম্যাচে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ পাকিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। সঙ্গে গড়েছে ইতিহাসও; প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণে সিরিজ জিতেছে স্বাগতিক এই দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা তাড়া করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। লম্বা সময় পর একাদশে সুযোগ পাওয়া নাঈম শেখকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ওভারে ৩ রানে তিনি বিদায় নেন। দ্রুত ফেরেন লিটন দাসও। তার ব্যাট থেকে আসে ৮ রান। তাওহীদ হৃদয় নেমে রান আউট হয়ে ফেরেন শূন্য রানে। গত ম্যাচের নায়ক পারভেজ হোসেন ইমনও আজ জ্বলে উঠতে পারেননি। ১৪ বলে ১৩ রান করে শিকার হন পাকিস্তানের অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের। বড় ধাক্কা সামলে পঞ্চম উইকেটে জাকের আলির সঙ্গে জুটি গড়েন মাহেদি হাসান। ৪৯ বলে ৫৩ রানের জুটিতে দলকে তারা ম্যাচে ফেরান। কিন্তু উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে মাহেদি ৩৩ রানে ফিরলে ভাঙে এই জুটি। এরপর একাই লড়েন জাকের আলি। ৪৬ বলে পঞ্চাশ পূর্ণ করে ইনিংসের শেষ ওভারে গিয়ে আউট হন ৫৫ রান করে। তার ৪৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ৫ ছক্কায়। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সালমান মির্জা, আব্বাস আফ্রিদি ও দানিয়াল। একটি করে উইকেট পান ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ। রান তাড়ায় নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। প্রথম ওভারে সাইম আইয়ুবের রান আউট দিয়ে শুরুটা হয়। পরের ওভারে মোহাম্মদ হারিস বিদায় নেন শূন্য রানে। চতুর্থ ওভারে ফখর জামান (৮) শিকার হন শরিফুল ইসলামের। পঞ্চম ওভারে হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজকে পরপর দুই বলে বিদায় করেন তানজিম হাসান সাকিব। অধিনায়ক সালমান আলি আগা ২৩ বলে ৯ রান করে শিকার হন মাহেদি হাসানের। প্রতিরোধ গড়ার চেষ্টা করে খুশদিল শাহ অবশ্য ১৩ রানের বেশি করতে পারেননি। এরপর আব্বাস আফ্রিদি এসে ১৩ বলে করেন ১৯ রান। শেষদিকে জয়ের আশা জাগান ফাহিম আশরাফ। লড়তে থাকেন তিনি শেষ পর্যন্ত। ৩১ বলে ফিফটি হাকিয়ে রিশাদের বলে বোল্ড হলে ভেঙে যায় জয়ের স্বপ্ন। তার ৫১ বলের ইনিংসটি সাজানো ছিল ৪টি করে চার ও ছক্কায়। শেষ ওভারে মোস্তাফিজের বলে দানিয়াল বিদায় নিলে গুটিয়ে যায় পাকিস্তান। ১১ বলে ১৭ রান করে অভিষিক্ত এই পাক ক্রিকেটার। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট নেন শরিফুল। দুটি করে উইকেট নেন তানজিম ও মাহেদি। একটি করে পান রিশাদ ও মোস্তাফিজ।
পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিল টাইগাররা

পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিল টাইগাররা দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েও জাকের আলীর দুর্দান্ত ফিফটির ওপর ভর করে লড়াকু স্কোর গড়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাইগাররা ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩৩ রান। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টাইগারদের ইনিংসে দেখা যায় ভাঙন। মাত্র ২৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। ওপেনার নাঈম শেখ (৩), অধিনায়ক লিটন দাস (৮), হৃদয় (০) ও পারভেজ হোসেন ইমন (১৩) ফিরে যান দ্রুতই। এই অবস্থায় ইনিংস গুছিয়ে নেন জাকের আলী ও শেখ মেহেদি হাসান। পঞ্চম উইকেটে গড়া তাঁদের ৫৩ রানের জুটি দলকে কিছুটা স্থিতি এনে দেয়। মেহেদি খেলেন ২৫ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস, যাতে ছিল দুটি চার ও দুটি ছক্কা। শেখ মেহেদির বিদায়ের পর দ্রুত ফিরে যান শামীম পাটোয়ারি (১)। তবে অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান জাকের। ইনিংসের শেষ ওভারে দুটি ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেন ৪৮ বলে ৫৫ রান করে। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও একটি চার। বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১৩৩ রানে। বোলিংয়ে পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল ছিলেন সালমান মির্জা ও অভিষিক্ত আহমেদ দানিয়াল, দুজনেই নেন দুটি করে উইকেট। আব্বাস আফ্রিদি ৩৭ রানে ২ উইকেট নেন। ফাহিম আশরাফ ও মোহাম্মদ নেওয়াজ পান একটি করে উইকেট। ম্যাচের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে শুরু হয় ম্যাচটি। মাঠে নামার আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে দুই দল।
পাকিস্তানের উইকেট নিয়ে ‘অজুহাত’ মানতে নারাজ বাংলাদেশ

পাকিস্তানের উইকেট নিয়ে ‘অজুহাত’ মানতে নারাজ বাংলাদেশ অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক মানের নয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের কোচ মাইক হেসনের পর্যবেক্ষণ এটি। রোববার প্রথম টি-টোয়েন্টি হারের পর হেসন সংবাদ সম্মেলনে এসে উইকেট নিয়ে কড়া মন্তব্য করেছেন। পাশাপাশি ব্যাটিংয়ে নিজেদের ব্যর্থতাও স্বীকার করেছেন। তবে প্রথম ম্যাচে হারের পেছনে হেসনের কাঠগড়ায় ‘উইকেটই’। ম্যাচে দু্যতি ছড়িয়ে একমাত্র ফিফটি তোলা বাংলাদেশের পারভেজ হোসেন ইমন অবশ্য উইকেটে কোনো দোষ খুঁজে পাননি। বরং পাকিস্তানের কোচের অজুহাতকে উড়িয়ে দিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারভেজ হোসেন বলেছেন, ‘‘নাহ, এমন কিছু মনে হয়নি (গ্রহণযোগ্য নয়)। আমরা ১১০ রান করছি ১৬ ওভারে। আমরা যদি ২০ ওভারও খেলতাম ১৬০ রান করতে পারতাম। তো আমার কাছে এমন কিছু মনে হয়নি। হতে পারে ওরা মানিয়ে নিতে পারিনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।’’ উইকেট নিয়ে পারভেজের মূল্যায়ন এরকম, ‘‘বোলারদের জন্য মিরপুরের উইকেটে একটু বেনিফিট থাকে এটা স্বাভাবিক জিনিস।’’পাকিস্তানের ব্যাটসম্যানরা যেখানে ধীর গতির স্পিনিং উইকেটে খাবি খেয়েছে সেখানে পারভেজ বোলারদের তুলোধুনো করেছেন অনায়েসে। ম্যাচ সেরা নির্বাচিত এই ক্রিকেটার নিজের দ্বিতীয় ফিফটি তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৩৯ বলে ৫৬ রান করেন ৩ চার ও ৫ ছক্কায়। পাকিস্তানের বোলিং আক্রমণ তুলনামূলক সহজ কিনা জানতে চাইলে বলেছেন,‘‘ভালো করলে সবকিছুই সহজ মনে হয়। না, ওরাও আন্তর্জাতিক খেলছে। ওদেরও অনেক অভিজ্ঞ বোলার আছে।’’ পাকিস্তানের বিপক্ষে ৯ বছর পর টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ। লম্বা সময় পর জয়ে পরাজয়ের গেরো ছুটিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজে পাওয়া আত্মবিশ্বাসই এখানে কাজে লেগেছে বলে বিশ্বাস পারভেজের, ‘‘এমন কোনো আলোচনা হয়নি (৯ বছর পর জয়)। শেষ সিরিজটা ভালো খেলে এসেছি শ্রীলঙ্কা থেকে। সবাই চেষ্টা করছি আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে। সেখানেই আসলে খেলেছি।’’ আগামীকাল একই মাঠে বাংলাদেশের সিরিজ জয়ের মিশন। গত মে-জুনে পাকিস্তানে গিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার কী বদলা নিতে পারবে বাংলাদেশ?
মিচেল ওয়েনের জাদুকরী অভিষেকে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

মিচেল ওয়েনের জাদুকরী অভিষেকে অস্ট্রেলিয়ার দাপুটে জয় একটি অভিষেক কতটা স্বপ্নময় হতে পারে, সেটাই যেন প্রমাণ করে দিলেন মিচেল ওয়েন। ক্যারিবিয়ান সাগরের গর্জনের মাঝেই ব্যাটে-বলে নিজেকে মেলে ধরলেন এই অজি ক্রিকেটার। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ বল হাতে রেখেই হারিয়ে ম্যাচসেরার পুরস্কার তুলে নিলেন হাতে। জ্যামাইকার ঐতিহ্যবাহী স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে নেমে শুরুটা মোটেও মসৃণ ছিল না অস্ট্রেলিয়ার। ৭৮ রানে হারায় ৪ উইকেট। বিপদে তখন ক্যাঙ্গারুরা। কিন্তু সেখানেই হাল ধরেন অভিষিক্ত ওয়েন ও ক্যামেরন গ্রিন। দুই জনের ব্যাটে উঠে আসে ৮০ রানের ধ্বংসাত্মক জুটি। গ্রিন ২৬ বলে ৫১ রানের ঝড় তুলে ফেরেন। তবে তখনও রানের গতি থামেনি। ওয়েন ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ২৭ বলে করেন ৫০ রান, যেখানে ছিল ছয়টি ছক্কার মার। টি-টোয়েন্টি অভিষেকে মাত্র তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে হাফ সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। শেষদিকে বেন ডারশুইস ও শন অ্যাবটের শান্ত নেতৃত্বে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ৩ উইকেটের জয়ে সিরিজে শুভ সূচনা করলো অস্ট্রেলিয়া। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা করে দুর্দান্ত। অধিনায়ক শেই হোপ ৫৫ রানে দলকে গতি দেন। পরে রোস্টন চেজ ৬০ ও হেটমায়ার ৩৮ রানের ইনিংস খেলে স্কোরবোর্ডে আনে আতঙ্ক। ১৫ ওভার শেষে যে ইনিংসে ২০০ পেরোনোর সম্ভাবনা ছিল, সেই ইনিংসই থেমে যায় ১৮৯ রানে। কারণ? ডারশুইস নামক ঝড়! ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ান মিডল অর্ডারে আঘাত হানেন তিনি। আর শেষ ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। আন্দ্রে রাসেল, যিনি দ্বিতীয় টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন, ব্যাট হাতে ছিলেন নিস্প্রভ। মাত্র ৮ রানে থামেন তিনি। অস্ট্রেলিয়া এখন ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে। তবে এই ম্যাচের কেন্দ্রবিন্দু একটাই, মিচেল ওয়েনের আগমনী বার্তা। যেটি যেন বলে দেয়, অজি ক্রিকেটে এক নতুন নক্ষত্রের উত্থান!
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। লংকানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় ও ১৯টিতে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, জাকের আলি, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। পাকিস্তান একাদশ : সালমান আলী আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।
সাফল্য ধরে রাখার লক্ষ্যে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

সাফল্য ধরে রাখার লক্ষ্যে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটের সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ শুরু করছে বাংলাদেশ। শ্রীলংকার পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিততে মরিয়া টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সদ্যই শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। হার দিয়ে শুরুর পর শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে লংকানদের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা। টি-টোয়েন্টির আগে শ্রীলংকা সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলেছে বাংলাদেশ। নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শন করে সাফল্য আদায় করে নিয়েছে টাইগাররা। কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তান ভিন্ন দল। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্য খুব বেশি নেই।
শিরোপা ধরে রাখতে পারল না রংপুর

শিরোপা ধরে রাখতে পারল না রংপুর টানা তিন জয়ে সবার আগে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল রংপুর রাইডার্স। টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর ছিল অপ্রতিরোধ্য। কিন্তু ফাইনালে স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তারা পেরে উঠল না। ৩২ রানের জয়ে গায়ানা জিতেছে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের শিরোপা। কোনো ম্যাচ না হেরে ফাইনালে যাওয়া রংপুর টুর্নামেন্টের শেষ দিনে বাজে সময় কাটাল। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলটিকে। আগে ব্যাটিং করে গায়ানা ৪ উইকেটে ১৯৬ রান করে। জবাবে রংপুর গুটিয়ে যায় ১৬৪ রানে। গায়ানার জয়ের নায়ক রহমানউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের এই ক্রিকেটার ৩৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করেন।