ভারতের ঐতিহাসিক জয়ের পর র্যাংকিংয়ে বড় লাফ সিরাজ-কৃষ্ণার

ভারতের ঐতিহাসিক জয়ের পর র্যাংকিংয়ে বড় লাফ সিরাজ-কৃষ্ণার ওভালে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর টেস্ট জয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। দুইজনই পেয়েছেন নিজেদের ক্যারিয়ারসেরা রেটিং ও অবস্থান। মোহাম্মদ সিরাজ ৮ উইকেটের পারফরম্যান্সে ম্যাচসেরা হয়ে ১২ ধাপ এগিয়ে এখন ১৫ নম্বরে, রেটিং পয়েন্ট ৬৭৪—যা তার ক্যারিয়ারসেরা। প্রসিদ্ধ কৃষ্ণা উঠেছেন এক লাফে ২৫ ধাপ, এখন ৫৯ নম্বরে, রেটিং পয়েন্ট ৩৬৮—এটাও তার সর্বোচ্চ অবস্থান। ভারতের জয়ের মতোই ইংল্যান্ডের দুই পেসার গাস অ্যাটকিনসন ও জশ টাং-ও তাদের ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন। অ্যাটকিনসন প্রথমবারের মতো প্রবেশ করেছেন শীর্ষ ১০-এ। জশ টাং উঠেছেন ১৪ ধাপ, এখন ৪৬ নম্বরে। ওভাল টেস্টের সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়াল টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে ঢুকে পড়েছেন, তার রেটিং পয়েন্ট এখন ৭৯২। অন্যদিকে সেঞ্চুরিয়ান জো রুট ও হ্যারি ব্রুক যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন। অন্যকে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের মাঝে কিউই ব্যাটার ড্যারিল মিচেল চার ধাপ এগিয়ে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন। ম্যাট হেনরি তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে, রেটিং পয়েন্ট ৮১৭—টেস্ট ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। অস্ট্রেলিয়ার টিম ডেভিড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে দুই ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। পাকিস্তানের সাইম আইয়ুব ২৫ ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে। বোলারদের মধ্যে, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়ে ২৩ ধাপ এগিয়ে ৩২তম স্থানে, যেখানে তিনি এখন কেশব মহারাজের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন।
ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে সিরিজ পাকিস্তানের

ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে সিরিজ পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। ফ্লোরিডার লডারহিলে শেষ ম্যাচে ১৩ রানে জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সালমান আলি আগার দল। দ্বিতীয় ম্যাচে শেষ বলে বাউন্ডারির সাহায্যে সিরিজে সমতা ফেরালেও নির্ধারণী ম্যাচে শুরু থেকেই পিছিয়ে ছিল ক্যারিবিয়ানরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে তোলে ১৮৯ রান। জবাবে ৬ উইকেটে ১৭৬ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। পাকিস্তানের হয়ে উদ্বোধনী জুটিতে ১৩৮ রান তোলেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ফারহান ৭৪ এবং সাইম ৬৬ রান করেন। হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ১৫ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, শামার জোসেফ ও রস্টন চেজ। ওপেনার অ্যান্ড্রু জুয়েল (২৪) ফেরার পর আলিক আথানাজে (৬০) ও শেরফান রাদারফোর্ডের (৫১) ফিফটি সত্ত্বেও হার এড়াতে পারেনি তারা। পাকিস্তানের হাসান রউফ, হাসান আলী, মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব ও সুফিয়ান মুক্বিম একটি করে উইকেট নেন। টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডে লড়াইয়ে নামবে দুই দল। আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এশিয়া কাপের ভেন্যু ঘোষনা

এশিয়া কাপের ভেন্যু ঘোষনা আগামী ৯-২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ২০২৫ এশিয়ান কাপের ভেন্যু ঘোষনা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বি-গ্রুপে থাকা বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হবে আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এ সম্পর্কে এসিসি সভাপতি মহসিন নাকভি বলেছেন আট দলের এই টুর্ণামেন্ট আরব আমিরাতের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। এর মধ্যে আবু ধাবীতে এশিয়া কাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ২৩ সেপ্টেম্বর সুপার ফোরের একটি ম্যাচ রয়েছে। টুর্নামেন্টের বেশীরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ব্লকবাস্টার ম্যাচটিসহ ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচও এখানেই অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত বনাম ওমানের ম্যাচটি ছাড়া বাংলাদেশ সময় রাত ৮টায় প্রতিটি ম্যাচ শুরু হবে। এশিয়া কাপের আসন্ন এই টুর্নামেন্ট টি২০ ফর্মেটে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় যৌথভাবে আয়োজিত টি২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ টি২০ ফর্মেটে আয়োজিত হচ্ছে। মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের সাথে গ্রুপ-এ’তে আরো রয়েছে স্বাগতিক আরব আমিরাত ও ওমান। গ্রুপ-বি’তে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। আর ১৬ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৯ সেপ্টেম্বর আবু ধাবীতে হংকং বনাম আফগানিস্তানের ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে। গ্রপ পর্ব শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর শেষে শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচী : গ্রুপ-এ : পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ওমান গ্রুপ-বি : বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান, হংকং ৯ সেপ্টেম্বর : আফগানিস্তান বনাম হংকং, আবু ধাবী ১০ সেপ্টেম্বর : ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই ১১ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম হংকং, আবু ধাবী ১২ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম ওমান, দুবাই ১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলংকা, আবু ধাবী ১৪ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান, দুবাই ১৫ সেপ্টেম্বর : সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান, আবু ধাবী ১৫ সেপ্টেম্বর : শ্রীলংকা বনাম হংকং, দুবাই ১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবু ধাবী ১৭ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই ১৮ সেপ্টেম্বর : শ্রীলংকা বনাম আফগানিস্তান, আবু ধাবী ১৯ সেপ্টেম্বর : ভারত বনাম ওমান, আবু ধাবী সুপার ফোর পর্ব : ২০ সেপ্টেম্বর : বি১ বনাম বি২, দুবাই ২১ সেপ্টেম্বর : এ১ বনাম এ২, দুবাই ২৩ সেপ্টেম্বর : এ২ বনাম বি১, আবু ধাবী ২৪ সেপ্টেম্বর : এ১ বনাম বি২, দুবাই ২৫ সেপ্টেম্বর : এ২ বনাম বি২, দুবাই ২৬ সেপ্টেম্বর : এ১ বনাম বি১, দুবাই ২৮ সেপ্টেম্বর : ফাইনাল, দুবাই
অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে অল্প ব্যবধানে হারের পর দ্রুত ঘুরে দাঁড়াল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ হারারের স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা। এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সমান সংখ্যক ম্যাচে প্রোটিয়াদেরও পয়েন্ট ৬। অন্যদিকে, জিম্বাবুয়ে এখনো জয়শূন্য। তারা চার ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে। আগামী ১০ আগস্ট হারারেতে অনুষ্ঠিত হবে ফাইনাল। টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে। পেসার ইকবাল হোসেন ইমন ও স্পিনার সানজিদ মজুমদার এবং স্বাধীন ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ইমন ৭ ওভারে ২৭ রানে শিকার করেন ৪ উইকেট। সানজিদ ২৬ রানে ২টি ও লেগস্পিনার স্বাধীন ইসলাম মাত্র ১ রানে ২ উইকেট নিয়ে বিপর্যয় সৃষ্টি করেন।
আগামী ২৭ নভেম্বর থেকে শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ২০২৫ আসর। গতকাল এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। মাসব্যাপী এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ ডিসেম্বর। চলতি বছরও তিনটি ভেন্যু- কলম্বো, পাল্লেকেলে ও ডাম্বুলায় অনুষ্ঠিত হবে লিগের সব ম্যাচ। এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা ডোডানওয়েলা জানিয়েছেন, আসরটি এমন সময় আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সুনিশ্চিত করা। তিনি বলেন, ‘এই সময়টায় এলপিএল আয়োজনের মাধ্যমে আমরা খেলোয়াড়দের জন্য বিশ্বকাপের আগে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চাই। সময়সূচিও বিশ্বকাপের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।’ ২০২০ সালে যাত্রা শুরু করা এলপিএল অল্প সময়েই শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে অংশ নিচ্ছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা, পাশাপাশি নিয়মিতই দেখা যায় আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ।
৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল

৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। এই নিয়ে দ্বিতীয়বারের মত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ। আসন্ন টুর্নামেন্টে বিগ ব্যাশের দল, পাকিস্তান ‘এ’ এবং নেপাল জাতীয় দলও অংশ নেবে। অস্ট্রেলিয়ার রাজ্য নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে ১৪ আগস্ট থেকে টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে ৯ আগস্ট অস্ট্রেলিয়ায় উড়ে যাবার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু দু’দিন আগেই দেশ ছাড়বে তারা। এজন্য ঘরের মাঠে প্রস্তুতির পরিকল্পনাতেও পরিবর্তন আনা হয়েছে। সিরিজের প্রস্তুতির জন্য গত এক মাস ধরে চট্টগ্রামে আছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। চট্রগ্রামে বিসিবি হাই পারফরমেন্স দলের বিপক্ষে তিনটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। আজ প্রথম ম্যাচ এবং পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ১ ও ৩ আগস্ট। সবগুলো ম্যাচই হবে ফ্লাইডলাইটের আলোতে। অস্ট্রেলিয়ার কন্ডিশন সর্ম্পকে ধারণা নিতে এই সিরিজটি বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত দুই দশকের মধ্যে আগামী বছর প্রথমবারের মত অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
টেস্টের পর টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

টেস্টের পর টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া সফরের আগে মিচেল মার্শ ভাবতেও পারেননি ৫-০ ব্যবধানে সিরিজ জিতবেন তারা। তবে শেষ পর্যন্ত এটাই হলো। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পাশাপাশি প্যাট কামিন্সের নেতৃত্বে টেস্ট সিরিজও ৩-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এক সফরে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এটি। ২০০৫ সালে নিউজিল্যান্ড সফরে তারা ৮টি ম্যাচ জিতেছিল বটে, তবে সেখানে একটি ম্যাচ ছিল ড্র। তবে বিশ্বরেকর্ডটি এখনও ভারতের দখলেই রয়েছে। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ৯টি ম্যাচ জিতেছিল বিরাট কোহলির দল। শেষ টি-টোয়েন্টিতে মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে সেন্ট কিটসে ৩ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এর আগে তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৭৩ রানে। রান তাড়ায় বড় কোনো ইনিংস না খেললেও ছোট ছোট ইনিংসের সমন্বয়ে তিন ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শিমরন হেটমায়ার লড়াই করেছেন একাই। তার ৩১ বলে ৫২ রানের ইনিংসেই ভর করে স্বাগতিকরা পেরিয়েছে ১৭০ রানের গণ্ডি। তিনটি উইকেট নিয়ে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ান বোলার বেন ডোয়ার্শিস। রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা ছিল বিপর্যস্ত। মাত্র ২৫ রানে তারা হারায় তিন উইকেট। মিচেল মার্শ ১৪, জশ ইংলিস ১০ এবং আগের ম্যাচের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন শূন্য রানে। তবে এরপর থেকেই পাল্টা আক্রমণ শুরু হয় ক্যামেরন গ্রিন ও টিম ডেভিডের ব্যাটে। গ্রিন ১৮ বলে করেন ৩২, আর ডেভিড মাত্র ১২ বলে খেলেন চার ছক্কার ইনিংস। অভিষেকেই ফিফটি করা মিচেল ওয়েন শেষ ম্যাচেও ঝড় তোলেন। তিনটি চার ও তিনটি ছক্কায় ১৭ বলে ৩৭ রান করেন তিনি। লোয়ার অর্ডারে অ্যারন হার্ডির অপরাজিত ২৮ রানে সহজেই জয় পায় অস্ট্রেলিয়া।
গুজবে কান দেবেন না-ফেসবুক প্রতিক্রিয়া তাসকিনের

গুজবে কান দেবেন না-ফেসবুক প্রতিক্রিয়া তাসকিনের জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে শৈশবের এক বন্ধুকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি দাবি করেন, তাসকিন তাকে ফোনে ডেকে মিরপুরে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তবে এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাসকিন। আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি—এমন একটা ঘটনায় অনেক কিছু ঘটে যাচ্ছে। আমি মনে করি, এমন গুজবে কান দিয়ে কেউ বিভ্রান্ত হবেন না এবং অন্য কাউকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার এবং আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে, সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে, তা কোনোভাবেই এমন হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই—বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত)। আশা করি সত্যের পক্ষেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না। ’ এর আগে এক সংবাদমাধ্যমে তাসকিন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি বাসা বদলের কাজে ব্যস্ত ছিলাম। কাউকে মারিনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বিব্রত করতে এই জিডি করা হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘আমার বন্ধু রসি নামে একজনকে ওরা (সৌরভরা) মারধর করেছে। আমি শুধু মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করে জানিয়েছিলাম। এরপর পুলিশ গিয়ে ওদের খুঁজেছে। এরপর ওরা উল্টো আমার নামে জিডি করেছে। ’ তাসকিন জানান, ঘটনাটিকে কেন্দ্র করে পারিবারিকভাবেও যোগাযোগ হয়েছে। তিনি বলেন, “ওর খালা আমার বাবাকে ফোন দিয়ে বিচার দিয়েছিল। আমার বাবা কিছুই জানতেন না। পরে শুনে বলেন, ‘ওরা তো ছোটবেলার বন্ধু, এসব ভুল–বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। ’ আসলে আমি ওদের সঙ্গে গত কয়েক মাস মিশি না, তাই ওর মাথা খারাপ হয়ে গেছে। ” এদিকে বিসিবিও বিষয়টি আমলে নিয়েছে। বোর্ডের পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মিডিয়াতে খবরটি দেখে বিসিবির শীর্ষ কর্মকর্তারা বিষয়টি খেয়াল করেছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এটি সত্যি হলে খুবই দুঃখজনক। ’ তিনি আরও যোগ করেন, ‘একজন আইকন প্লেয়ারের এমন ঘটনায় জড়ানো ঠিক নয়। এখনই বেশি কিছু বলছি না, আগে সত্যতা নিশ্চিত হোক। ’ এদিকে পুলিশ সূত্র জানায়, রোববার রাতে সনি সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সাজ্জাদ হোসেন। তার ভাষায়, ‘একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে সত্যতা যাচাই করছি। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টিতে খেলার পর তাসকিন পুনর্বাসনের জন্য বিশ্রামে ছিলেন। কিছুদিন আগেই গোড়ালির চোটের চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি।
ম্যানচেস্টার টেস্ট ড্র করল ভারত

গিল-জাদেজা-সুন্দরের সেঞ্চুরিতে ম্যানচেস্টার টেস্ট ড্র করল ভারত অধিনায়ক শুভমান গিল-রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট ড্র করল সফরকারী ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ও তৃতীয় টেস্টে ইংল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল ভারত। ম্যানচেস্টারে প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৭৪ রান করেছিল ভারত। ৮ উইকেট হাতে নিয়ে ১৩৭ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল ৮৭ ও গিল ৭৮ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিন ৩ রান যোগ করে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে আউট হন রাহুল। ৮টি চারে ২৩০ বলে ৯০ রান করেন তিনি। শূন্য রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে গিলের সাথে ১৮৮ রানের জুটি গড়েন রাহুল। রাহুল ফেরার পর টেস্টে নবম ও চলতি সিরিজে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন গিল। অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরিতে দুই কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেন গিল। রেকর্ড সেঞ্চুরির পরই বিদায় নেন তিনি। ১২ চারে ২৩৮ বলে ১০৩ রান করেন গিল। দলীয় ২২২ রানে চতুর্থ ব্যাটার হিসেবে গিলের বিদায়ে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে ভারত। কারণ তখনও দিনের দুই সেশন খেলা বাকী। ঐসময় ৬ উইকেট হাতে নিয়ে ৮৯ রানে পিছিয়ে ভারত। পঞ্চম উইকেটে ইংল্যান্ড বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন সুন্দর ও জাদেজা। মাটি কামড়ে ধরে খেলতে থাকেন তারা। দ্বিতীয় সেশনে লিড নিয়ে অবিচ্ছিন্ন থেকে ৪ উইকেটে ৩২২ রানে বিরতিতে যান সুন্দর ও জাদেজা। এসময় সুন্দর ৫৭ ও জাদেজা ৫৩ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় সেশনেও ইংল্যান্ড বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছেন সুন্দর ও জাদেজা। এতে দু’জনই সেঞ্চুরির দেখা পান। সুন্দর টেস্ট ক্যারিয়ারের প্রথম এবং জাদেজা পঞ্চম সেঞ্চুরির স্বাদ নেন। সুন্দর ও জাদেজার সেঞ্চুরির পর টেস্ট ড্র মেনে নেয় ভারত ও ইংল্যান্ড। ৯টি চার ও ১টি ছক্কায় ২০৬ বলে সুন্দর ১০১ এবং ১৩ বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে জাদেজা ১০৭ রানে অপরাজিত থাকেন। ক্রিস ওকস ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন ইংল্যান্ডের স্টোকস। আগামী ৩১ জুলাই দ্য ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।
দুই শতাধিক রান করেও রেকর্ড সপ্তমবার হারলো ওয়েস্ট ইন্ডিজ

দুই শতাধিক রান করেও রেকর্ড সপ্তমবার হারলো ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ রান মানেই জয়ের নিরাপদ গণ্ডি, এই ধারণা যেন ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে এখন আর প্রযোজ্য নয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২০৫ রান করেও হারলো তারা। সেটিও ৩ উইকেট আর চার বল হাতে রেখে! সেন্ট কিটস অ্যান্ড নেভিসে বাংলাদেশ সময় আজ সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে এমন লজ্জাজনক রেকর্ড গড়লো ক্যারিবীয়রা। ২০০’র বেশি রান তুলে এটি তাদের সপ্তম পরাজয়, যা বিশ্ব টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট হাতে জমজমাট পারফরম্যান্সই দিয়েছিল। শারফেন রাদারফোর্ডের ৩১, পাওয়েল ও শেফার্ডের সমান ২৮ রানের ইনিংসে ২০৫ রানে পৌঁছায় দলটি। কিন্তু বোলারদের হতাশাজনক প্রদর্শনী এবং তিনটি সহজ ক্যাচ মিস তাদের জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। অস্ট্রেলিয়া জয়ের লক্ষ্যে নেমে আগ্রাসী শুরু পায়। গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ১৮ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যেখানে ছিল ১টি চার আর ৬টি বিশাল ছক্কা। ইংলিস খেলেন ৩০ বলে ৫১ রানের ঝকঝকে ইনিংস। তবে ম্যাচের আসল নায়ক হয়ে উঠলেন ক্যামেরন গ্রিন। শেষ পর্যন্ত ৩৫ বলে অপরাজিত ৫৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচের বিভিন্ন সময় বৃষ্টি খেলায় বিঘ্ন ঘটালেও, জয়ের গতিপথ থেকে অস্ট্রেলিয়াকে সরাতে পারেনি। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ২ রান, সেই হিসেব মিটে যায় মাত্র দুই বলেই। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন বৃষ্টির মধ্যেই শেষ ওভার করতে এলেও মাঠের ব্যাটসম্যানরা ছিলেন একেবারে শান্ত ও নিয়ন্ত্রিত। অস্ট্রেলিয়া পেয়ে যায় সহজ জয়, আর ওয়েস্ট ইন্ডিজ রান পাহাড় গড়েও মুখ থুবড়ে পড়ে আত্মঘাতী ভুলে।