অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, ৩ ভেন্যুতে ম্যাচ

অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, ৩ ভেন্যুতে ম্যাচ বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী মাসে ৩ ম্যাচের ওয়ানডে ও ৩  ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ক্যারিবিয়ানরা। এরপর শুরু হবে সাদা বলের এই দ্বিপাক্ষিক সিরিজ। সূচি অনুযায়ী, ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে লড়াই। সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি একটি ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবশেষ দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ১৮ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর শেষ হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের ক্রিকেট খেলবে টাইগাররা।

টি-টোয়েন্টি ক্রিকেটকে অবসরের ঘোষণা দিলেন স্টার্ক

টি-টোয়েন্টি ক্রিকেটকে অবসরের ঘোষণা দিলেন স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি মিচেল স্টার্ক আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে (অস্ট্রেলিয়া সময়) তিনি এই ঘোষণা দেন। একই দিনে নিউ জিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা করে। যা হবে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ সিরিজ। বামহাতি এই গতিতারকা ২০১২ সালে অভিষেকের পর থেকে অস্ট্রেলিয়ার হয়ে মোট ৬৫ ম্যাচ খেলেছেন। তার সংগ্রহ ৭৯ উইকেট, গড় ২৩.৮১ এবং ইকোনমি রেট ৭.৭৪। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি উইকেট আছে শুধু লেগ স্পিনার অ্যাডাম জাম্পার। অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন স্টার্ক। তবে ৩৫ বছর বয়সে এসে তিনি মনোযোগ দিতে চান টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে। নিজের বক্তব্যে তিনি বলেন, “টেস্ট ক্রিকেট সবসময়ই আমার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করেছি, বিশেষ করে ২০২১ বিশ্বকাপ জয়টা ছিল অসাধারণ অভিজ্ঞতা। সামনে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে মনে করছি— এখন টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ দেওয়া আমার জন্য সেরা পথ।” অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “অস্ট্রেলিয়ার হয়ে স্টার্কের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে তার ভীষণ গর্বিত হওয়া উচিত। ২০২১ সালের বিশ্বকাপজয়ী দলে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। তার বল হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা সবসময় অসাধারণ ছিল।” তিনি আরও জানান, স্টার্ককে যথাসময়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হবে। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হলো, স্টার্ক এখনও টেস্ট ও ওয়ানডেতে দীর্ঘ সময় খেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আসন্ন নিউ জিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া পাবে না আরেক তারকা প্যাট কামিন্সকে। পিঠের ইনজুরিতে তিনি মাঠের বাইরে এবং একই কারণে অক্টোবর-নভেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজেও থাকবেন না। এছাড়া পিতৃত্বকালীন ছুটিতে থাকায় নাথান এলিসও নেই দলে।

শারজায় বল হাতে রশিদ খানের বিশ্বরেকর্ড

শারজায় বল হাতে রশিদ খানের বিশ্বরেকর্ড দুর্দান্ত এক অর্জনে নাম লিখালেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ড এখন তার দখলে। শারজায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আমিরাতের বিপক্ষে মাঠে নেমে যেন নতুন করে জানান দিলেন নিজের সামর্থ্যের। গতকাল অনুষ্ঠিত ম্যাচে আমিরাতকে ৩৮ রানে হারায় আফগানিস্তান। ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করতে পারে মাত্র ১৫০ রান। বল হাতে আলো ছড়ান রশিদ খান। মাত্র ২১ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। আর এই ৩ উইকেটই তাকে পৌঁছে দেয় বিশ্বরেকর্ডের শীর্ষে।

নেদারল্যান্ডসকে বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ

নেদারল্যান্ডসকে বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ম্যাচটি একতরফা করে তোলে টাইগাররা। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবারও টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বলে ১০৩ রান করে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন আরিয়ান দত্ত। বাংলাদেশের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম। জবাবে খেলতে নেমে ১৩ ওভার এক বলে এক উইকেট হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। সফরকারী দলের ওপেনার বিক্রমজিৎ সিং ১৭ বলে ২৪ রান করে আউট হন। চারটি চার মারেন তিনি। অন্য ওপেনার ম্যাক্স ওডাউড ১০ বলে ৮ রান করে ফিরে যান। শারিজ আহমেদ ১২ রানে আউট হলে বিপদ বাড়ে ডাচদের। ৯.৫ ওভারে ৬১ রানে ৬ উইকেট হারায় তারা। ৬৭ রানে যা ৭ উইকেট হয়ে যায়। সেখান থেকে একশ’ রান ছাড়িয়েছেন নয়ে নামা বোলার আরিয়ান দত্ত। তিনি ২৪ বলে ৩০ রান করেন। তিনটি চার ও একটি ছক্কা মারেন। সিরিজ জয়ের লক্ষ্যে নেমে ওপেনিং জুটিতে ৫.৩ ওভারে ৪০ রান করে বাংলাদেশ। ফিরে যাওয়ার আগে পারভেজ ইমন ২১ বলে তিন চার ও এক ছক্কায় ২৩ রান করে ফিরে যান। পরের পথ পাড়ি দেন তানজিদ তামিম ও লিটন দাস। তানজিদ ৪০ বলে ৫৪ রানের হার না মানা ইনিংস চারটি চার ও দুটি ছক্কার শটে সাজান। লিটন ১৮ বলে দুই চারে অপরাজিত ১৮ রান করেন।

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ ক্রিকেট খেলেই জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা। গতকাল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৫ উইকেটে হারায় সফরকারীরা। শেষ ওভারে রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। দলটির পক্ষে ওপেনার বেন কারান করেন ৭৯ রান, আর শেষ দিকে সিকান্দার রাজা ৫৫ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ক্লাইভ ম্যাডান্ডে করেন ৩৬ এবং ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেইলর যথাক্রমে ২১ ও ২০ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দুশমান্থা চামিরা নেন ৩ উইকেট এবং অসিথা ফার্নান্দোর শিকার ২টি। ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শক্তিশালী শুরু পায় শ্রীলঙ্কা। ওপেনিংয়ে পাথুম নিসাঙ্কা ও নুয়ানিদু ফার্নান্দো যোগ করেন ৪৮ রান। এরপর নিয়মিত বিরতিতে কিছু উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান নিসাঙ্কা। তার ব্যাট থেকে আসে ১৩৬ বলে ১২২ রান। চতুর্থ উইকেট জুটিতে নিসাঙ্কার সঙ্গে ৮৭ বলে ৯০ রানের মূল্যবান জুটি গড়েন চারিথ আসালাঙ্কা। ইনিংসের শেষভাগে এসে এনগারাভার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে আসালাঙ্কা করেন ৬১ বলে ৭১ রান। শেষ ১২ বলে দরকার ছিল ১২ রান। চাপের মুহূর্তে এনগারাভার ওভারে একটি চার ও একটি উইকেট আসে। তবে শেষ ওভারে কামিন্দু মেন্ডিসের ব্যাটে জয় নিশ্চিত হয়। ৩ বল হাতে রেখেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। দুই ম্যাচের এই ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা অপরাজিত থেকে ২-০ ব্যবধানে সিরিজ জেতে। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিসাঙ্কার অসাধারণ সেঞ্চুরি এবং বোলিংয়ে চামিরার কার্যকর পারফরম্যান্স শ্রীলঙ্কার জয়ের মূল ভিত্তি গড়ে দেয়।

ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল রাত ৮টায় ঢাকা ত্যাগ করে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুবারা। সিরিজটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইতোমধ্যে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফরম্যান্স করেছে। এবার ইংল্যান্ডের কন্ডিশনে নিজেদের প্রমাণ করার অপেক্ষায় যুবা টাইগাররা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন, ফারহান শাহরিয়ার। স্ট্যান্ড বাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ।

নারী বিশ্বকাপের প্রাইজমানি ছাড়াল পুরুষদের আসরকেও

নারী বিশ্বকাপের প্রাইজমানি ছাড়াল পুরুষদের আসরকেও পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও নারীদের আসরের জন্য বেশি অর্থ পুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার, যা ২০২২ সালের ৩.৫ মিলিয়ন ডলার থেকে প্রায় চারগুণ বেশি। এই অঙ্ক পুরুষদের সর্বশেষ বিশ্বকাপের ১০ মিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে। একে নারীদের ক্রিকেটে এক ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে আইসিসি। এ বিষয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, নারীদের ক্রিকেটের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রাইজমানি বৃদ্ধির মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি যে, নারীরা পেশাদারভাবে ক্রিকেট বেছে নিলে তাদের পুরুষদের সমান মর্যাদা দেওয়া হবে। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার, যা ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাওয়া ১.৩২ মিলিয়নের তুলনায় ২৩৯ শতাংশ বেশি। আর রানার্সআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার, যেখানে ইংল্যান্ড গত আসরে পেয়েছিল মাত্র ৬ লাখ ডলার। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচে গৌহাটিতে মুখোমুখি হবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। দুই প্রতিবেশী দেশের জন্য নিরপেক্ষ ভেন্যু নীতির অংশ হিসেবে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোয়। আগামী ২ নভেম্বর মুম্বাই বা কলম্বোতে ফাইনাল অনুষ্ঠিত হবে। পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোয়, অন্যথায় মুম্বাইতে।

তীব্র গরমে এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন

তীব্র গরমে এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন আমিরাতের তীব্র গরমের কারণে এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ এর ম্যাচ সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আয়োজকদের দেওয়া নতুন সূচি অনুযায়ী মোট ১৯ ম্যাচের মধ্যে ১৮টিই শুরু হবে আধাঘণ্টা দেরিতে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অর্থাৎ, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তবে ব্যতিক্রম থাকবে মাত্র একটি ম্যাচ। ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে অনুষ্ঠিতব্য সংযুক্ত আরব আমিরাত ও ওমানের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের হাইভোল্টেজ এর ম্যাচ। ভারত তাদের টুর্নামেন্ট শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে গ্রুপপর্ব শেষ করবে টাইগাররা।

জরিমানার কবলে শ্রীলংকা ক্রিকেট দল

জরিমানার কবলে শ্রীলংকা ক্রিকেট দল গত শুক্রবার হারারেতে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে শ্রীলংকা ক্রিকেট দল। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলংকাকে। আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিবৃতিতে বলা হয়, আইসিসির আচরণবিধির ২ দশমিক ২২ ধারা ভঙ্গের কারণে খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। লংকান অধিনায়ক চারিথ আসালঙ্কা অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিংয়ে টাইগাররা, একাদশে সাইফ

নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিংয়ে টাইগাররা, একাদশে সাইফ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। আজকের একাদশে বড় চমক সাইফ হাসান। তার সঙ্গে চমক দেখিয়ে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন নুরুল হাসান সোহানও। তবে উইকেটরক্ষক এই ব্যাটারের জায়গা হয়নি। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের জার্সি আরও আগেই গায়ে দিয়েছেন সাইফ। লাল-সবুজ জার্সিতে ৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে হাংজুতে এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম। নেদারল্যান্ডস একাদশ ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শরিজ আহমেদ, নোয়া ক্রোস, কাইল ক্লেইন, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন, ড্যানিয়েল ডোরাম।