দ্বিতীয় টেস্টে মাইলফলকের দ্বারপ্রান্তে লিটন

দ্বিতীয় টেস্টে মাইলফলকের দ্বারপ্রান্তে লিটন   দীর্ঘ পাঁচ মাসের বিরতির পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি এরই মধ্যে শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের দ্বিতীয় টেস্টে, ঢাকায় প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। যে কারণে সকল আলোচনা তাকে নিয়েই। তবে মুশফিক একা নন, মাইলফলকের কাছাকাছি আছেন লিটন কুমার দাসও। ষষ্ঠ বাংলাদেশি ব্যাটার হিসেবে তার সামনে রয়েছে টেস্ট ক্যারিয়ারের ৩ হাজার রান স্পর্শ করার সুযোগ। এখন পর্যন্ত ৫১ টেস্টে তার নামের পাশে রয়েছে ২৯২৯ রান। এই সিরিজে ৭১ রান করতে পারলেই ঢুকে যাবেন ৩ হাজারি ক্লাবে। ক্যারিয়ারে ১৮টি অর্ধশতকের পাশাপাশি আছে ৪টি শতকও। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।

ব্যক্তির চেয়ে দল বড়, তাই আবারও অধিনায়ক হয়েছি: শান্ত

ব্যক্তির চেয়ে দল বড়, তাই আবারও অধিনায়ক হয়েছি: শান্ত চলতি বছরের জুনে টেস্টের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। তবে আবারও তিনিই টেস্ট দলের নেতৃত্বে ফিরেছেন। মাঝে সাদা পোশাকের কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ।  আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন শান্ত। এ সময় আবারও অধিনায়কত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু দিন অধিনায়ক ছিলাম না। ওই সময় রিল্যাক্স ছিলাম, উপভোগ করেছি। ক্রিকেট বোর্ড আমার সঙ্গে যেভাবে যোগাযোগ করেছে, সবার সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। একটা সময় মনে হয়েছে, ব্যক্তি নাজমুল হোসেন শান্তর চেয়ে বাংলাদেশ দল অনেক বড়। আমার চিন্তা থেকে বড় চিন্তা হলো যে, আসলে বাংলাদেশ দলের কী প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘যেখানে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের এত বড় বড় কর্মকর্তা বা সাবেক ক্রিকেটার যারা বোর্ডে আছে, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন, অবশ্যই এটা দলের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। তাই ওই আলোচনাটাকে আমি পুরোপুরি সম্মান দিয়েছি। যদি এক কথায় বলি যে আমার মনে হয়েছে, ব্যক্তি নাজমুল হোসেন শান্ত থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। তাই আমি দলটাকে আগে রেখে আমি আবার এই সিদ্ধান্তে এসেছি।’ বর্তমানে বাংলাদেশ দলের তিন ফরম্যাটে ভিন্ন তিনজন অধিনায়ক। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার মনে হয়েছিল (সমস্যা হবে)। এটা মনে হওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল। তবে যেটা বললাম একটু আগে যে ক্রিকেট বোর্ডের সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। কী কী সমস্যা হতে পারে, কীভাবে সমাধান করতে পারি- সেই বিষয়গুলো নিয়ে আমরা খুবই ক্লিয়ার। আমি আশাবাদী যে, এই ধরনের কোনো সমস্যা হবে না।’

সিরিজে লিড নিল নিউজিল্যান্ড

সিরিজে লিড নিল নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৯ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম ম্যাচ ৭ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ম্যাচ ৩ রানে জিতে সিরিজে সমতায় আনে নিউজিল্যান্ড।  নেলসনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ বলে ৪৭ রানের শুরু পায় নিউজিল্যান্ড। ওপেনার টিম রবিনসন ২৩ রানে ফেরার পর তিন নম্বরে নামা রাচিন রবীন্দ্রকে নিয়ে ২৮ বলে ৫০ রানের জুটি গড়েন কনওয়ে। রাচিন ১৫ বলে ২৬ রানে আউট হলেও টি-টোয়েন্টিতে ১২তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কনওয়ে। রান আউটের ফাঁদে পড়ে ৬ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৫৬ রানে থামেন তিনি। ১৩ ওভারে দলীয় ১১৪ রানে কনওয়ে ফেরার পর নিউজিল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দেন ড্যারিল মিচেল। তার ২ চার ও ৩ ছক্কায় সাজানো ২৪ বলের ৪১ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান পায় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড ও জেসন হোল্ডার ২টি করে উইকেট নেন। জবাবে আবারও ব্যাটারদের ব্যর্থতায় ৮৮ রানে অষ্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। উপরের সারির ব্যাটারদের মধ্যে অ্যালিক আথানাজে ২৩ বলে ৩১ ও আকিম অগাস্তে ১৬ বলে ২৪ রান করেন। এছাড়া আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেননি। ১৩তম ওভারে আট ব্যাটারের বিদায়ে হার সময়ে ব্যাপার হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু নবম উইকেটে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের গড়া ৩৯ বলে রেকর্ড ৭৮ রানের জুটিতে জয়ের সম্ভাবনা জাগে ওয়েস্ট ইন্ডিজের। টি-টোয়েন্টিতে নবম ও দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। শেফার্ড ও স্প্রিঙ্গারের রেকর্ড জুটিতে শেষ ৭ বলে ১২ রান প্রয়োজন পড়ে ওয়েস্ট ইন্ডিজের। ১৯তম ওভারের শেষ বলে স্প্রিঙ্গারকে শিকার করে জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফি। ১ উইকেট হাতে নিয়ে শেষ ৬ বলে ১২ রানের সমীকরণ দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের করা শেষ ওভারের প্রথম চার বল মাত্র ২ রান তুলে ক্যারিবীয়রা। পঞ্চম ডেলিভারিতে শেফার্ড আউট হলে জয়ের আনন্দে মেতে উঠে নিউজিল্যান্ড। ১৬৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪ চার ও ৩ ছক্কায় শেফার্ড ৩৪ বলে ৪৯ এবং ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন ২০ বল খেলা স্প্রিঙ্গার। ৩টি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ে অবদান রাখেন ডাফি ও সোধি। ম্যাচ সেরা হন সোধি। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

আজিজুলের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ

আজিজুলের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ সমতায় শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ২ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। বৃষ্টি আইনে ৫ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড হবার পর, তৃতীয় ও চতুর্থ ওয়ানডে ১০২ রানে ও ৪৭ রানে জিতে নেয় আফগানিস্তান। শেষ ম্যাচ জিতে সিরিজ হার এড়াল বাংলাদেশের যুবারা। রাজশাহীতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন আফগানিস্তানের ওপেনার ওসমান সাদাত। এছাড়া অধিনায়ক মাহবুব খান ৪০ ও উজাইরুল্লাহ নিয়াজি ৩২ রান করেন। বাংলাদেশের সামিউন বশির ২ উইকেট নেন। ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৪১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৮৭ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়েছিল স্বাগতিকরা। সতীর্থরা বড় ইনিংস খেলতে না পারলেও এক প্রান্ত আগলে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছিলেন আজিজুল। ৭৩ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। পঞ্চম উইকেটে ফরিদ হাসানকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ তৈরি করছিলেন আজিজুল। কিন্তু ২০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ১৬১ রানে সপ্তম উইকেট হারায় তারা। অষ্টম উইকেটে শাহরিয়ার আল-আমিনকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান আজিজুল। ৪৫তম ওভারের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এজন্য ১১৭ বল খেলেন আজিজুল। দলের জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন আজিজুল। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন স্বাধীন ইসলাম। আল-আমিন ১৭ রানে এবং স্বাধীন ৪ রানে অপরাজিত ছিলেন। ওয়াহিদুল্লাহ জাদরান ২৫ রানে ৪ উইকেট নেন।

মোসাদ্দেক ঘূর্ণিতে দারুণ জয় বাংলাদেশের

মোসাদ্দেক ঘূর্ণিতে দারুণ জয় বাংলাদেশের   হংকং সিক্সিংয়ে বৃষ্টিতে ভেস্তে গেছে বাংলাদেশের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল আকবর আলীরা। এই ম্যাচে লঙ্কানদের ১৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ৭৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ দল। জবাব দিতে নেমে ৫ ওভার ১ বলে ৬১ রানে অলআউট হয় লঙ্কানরা। এতে ১৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

ড্রাফটের আগেই চমক, নতুন ঠিকানায় তাসকিন

ড্রাফটের আগেই চমক, নতুন ঠিকানায় তাসকিন   বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর শুরুর আগেই জমে উঠেছে তারকাদের অদলবদল। আর সেই জমজমাট প্রস্তুতির প্রথম বড় চমক নিয়ে হাজির হয়েছে ঢাকা ক্যাপিটালস। তারা সরাসরি চুক্তিতে দলে টেনেছে জাতীয় দলের পেস তারকা তাসকিন আহমেদকে, যিনি গত মৌসুমেই ছিলেন রাজশাহীর হয়ে বিপিএলের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একজন। তাসকিন ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন গত আসরে। দুর্বার রাজশাহীর হয়ে একাই যেন পুরো বোলিং আক্রমণ সামলেছিলেন তিনি। বিপিএলের আসছে মৌসুম শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে, যেখানে এবার অংশ নিচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ও কাঠামো ঘোষণা করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে মালিকানা পরিবর্তন হলেও দলের নাম অপরিবর্তিত থাকবে।

কোহলিকে পিছনে ফেললেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়

কোহলিকে পিছনে ফেললেন বাবর, পাকিস্তানের সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টি২০তে ৪ উইকেটে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। শেষ ম্যাচে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ভারতীয় সুপারস্টার বিরাট কোহলির টি২০ রেকর্ডকে ছাড়িয়ে ড়েছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৪৭ বলে ম্যাচ জয়ী ৬৮ রানের ইনিংস খেলেন বাবর। এর মধ্যে ছিল ৯টি বাউন্ডারি। এর মাধ্যমে টি২০ আন্তর্জাতিক ম্যাচে ৪০টি হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বাবর। কোহলি করেছিলেন ৩৯টি। এই তালিকায় ৩৭টি হাফ সেঞ্চুরির ইনিংস উপহার দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ৩১টি হাফ সেঞ্চুরি করেন চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানী উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান জয়ের জন্য ১৪০ রানে টার্গেট পায়। বাবরের হাফ সেঞ্চুরির উপর ভর করে ৬ বল বাকি থাকতে পাকিস্তান সহজ জয় নিশ্চিত করে। এর আগে ছয় বল খেলে শুন্য রানে ওপেনার সাইম আইয়ুব বিদায় নিলে পাকিস্তান শুরুতে ধাক্কা খায়। কিন্তু দ্বিতীয় উইকেটে বাবর ও শাহিবজাদা ফারহান মিলে ৩৬ রানের পার্টনারশীপ গড়ে তুলেন। ফারহান ১৮ বলে ১৯ রান করেন। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক সালমান আলি আগার সাথে ৭৬ রানের ম্যাচ জয়ী জুটি গড়ে তুলেন বাবর। আগা ২৬ বলে দ্রুত ৩৩ রান সংগ্রহ করেন। ১৩৩ রানে ৬ উইকেটে পতনের পর ফাহিম আশরাফ ও উসমান খাজা পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান। এর আগে টসজয়ী পাকিস্তান প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। শাহীন শাহ আফ্রিদী ও সালমান মির্জার নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানে থেমে যায়। আফ্রিদী ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। সালমান ১ উইকেট নিলেও চার ওভারে রান দিয়েছেন মাত্র ১৬। প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস সর্বোচ্চ ৩৪ রান করেন। আগামী ৪, ৬ ও ৮ নভেম্বর ফয়সালাবাদে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।

৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগতে থাকা ইংল্যান্ড শেষ ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারল না। এ ম্যাচেও ব্লেয়ার টিকনারের পেস আগুনে পুড়ল ইংলিশ ব্যাটাররা। এরপর সহজ লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়ে ৪২ বছরের আক্ষেপ ঘোচালো নিউজিল্যান্ড। আজ সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ৪০ ওভার ২ বলে ২২২ রান তুলে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৩২ বল বাকি থাকতেই ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতে ৪২ বছর পর ইংলিশদের হোয়াইটওয়াশ করল কিউইরা। এর আগে কেবল ১৯৮৩ সালেই ইংলিশদের বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচ জিতেছিল তারা।

ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে হারল ইংল্যান্ড

ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে হারল ইংল্যান্ড ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল সফরকারী ইংল্যান্ড। আজ সিরিজের প্রথম ওয়াডেতে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে ইংলিশরা। ১৩৫ রানের লড়াকু ইনিংস খেলেন ব্রুক। মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুই পেসার ম্যাট হেনরি ও জাকারি ফোকসের তোপের মুখে পড়ে ষষ্ঠ ওভারে ১০ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ৫৬ রানে ষষ্ঠ উইকেট পতন হয় ইংলিশদের। ইনিংসের প্রথম বলে জেমি স্মিথকে শূন্য ও জশ বাটলারকে ৪ রানে শিকার করেন হেনরি। আরেক ওপেনার বেন ডাকেট-জো রুট ও জ্যাকব বেথেলকে ২ রানে এবং স্যাম কারানকে ৬ রানে বিদায় দেন ফোকস। উইকেট পতন ঠেকিয়ে ইংল্যান্ডকে চাপমুক্ত করার চেষ্টা করেন ব্রুক ও জেমি ওভারটন। ৮৭ বলে ৮৭ রানের জুটিতে ইংলিশদের দেড়শ রানের কাছাকাছি নিয়ে যান তারা। দলীয় ১৪৩ রানে ওভারটনকে আউট করে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন পেসার জ্যাকব ডাফি। ৫৪ বল খেলে ৬ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন ওভারটন। সপ্তম ব্যাটার হিসেবে ওভারটন ফেরার পর ১৬৬ রানে নবম উইকেট হারায় ইংল্যান্ড। তখন ৭৩ বলে ৮৫ রান নিয়ে ক্রিজে ছিলেন ব্রুক। শেষ ব্যাটার লুক উডকে নিয়ে দশম উইকেটে ৩২ বলে রেকর্ড ৫৭ রানের জুটি গড়েন ব্রুক। ওয়ানডেতে দশম ও শেষ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি ইংল্যান্ডের। রেকর্ড জুটি গড়ার পথে ৮২ বলে ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান ব্রুক। শেষ ব্যাটার হিসেবে ব্রুক আউট হলে ৩৫.২ ওভারে ২২৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৯টি চার ও ১১টি ছক্কায় ১০১ বলে ক্যারিয়ার সেরা ১৩৫ রান করেন ব্রুক। ৫ রানে অপরাজিত থাকেন উড। নিউজিল্যান্ডের ফোকস ৪১ রানে ৪ উইকেট নেন। ২২৪ রান তাড়া করতে নেমে পেসার ব্রাইডন কার্সের বোলিং নৈপুন্যে ৬৬ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। উইল ইয়ং ৫, কেন উইলিয়ামসন গোল্ডেন ডাক ও টম লাথাম ২৪ রান করে কার্সের শিকার হন। পঞ্চম উইকেটে ৯৩ বলে ৯২ রানের জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। ৫১ বলে ৫১ রান করে ব্রেসওয়েল ফিরলেও, নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিচেল। ষষ্ঠ উইকেটে অধিনায়ক মিচেল স্যান্টনারের সাথে ৫০ বলে ৪৯ এবং সপ্তম উইকেটে নাথান স্মিথের সাথে অবিচ্ছিন্ন ১৭ রান যোগ করেন মিচেল। স্যান্টনার ২৭, মিচেল ৭ চার ও ২ ছক্কায় ৯১ বলে অপরাজিত ৭৮ ও স্মিথ ৫ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের কার্স ৩ উইকেট নেন। দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন ব্রুক। আগামী ২৯ অক্টোবর হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দু’দল।

উন্মোচিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি

চট্টগ্রামে উন্মোচিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) প্রাঙ্গণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ ট্রফিটি উন্মোচন করেন। এরপর তারা সিআরবির দৃষ্টিনন্দন পুরোনো রেল ইঞ্জিনের সামনে ফটোসেশনে অংশ নেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে। এর আগে ওয়ানডে সিরিজের ট্রফি লালবাগ কেল্লায় এবং সিলেটের চা বাগানে উন্মোচিত হয়েছিল। এবার চট্টগ্রামের শতবর্ষী সিআরবিকে বেছে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী সোমবার চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ অক্টোবর, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ, টি-টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ দলের স্কোয়াড:লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।