ইংল্যান্ডের দুর্দান্ত জয়ে টিকে থাকল পাকিস্তান

ইংল্যান্ডের দুর্দান্ত জয়ে টিকে থাকল পাকিস্তান সুপার এইটে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪ উইকেটের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে এই ফলেই নতুন সমীকরণ তৈরি হয়েছে গ্রুপে, পাকিস্তানের সেমিফাইনালের আশা এখনো টিকে আছে। নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড, আর কিউইদের ভাগ্য ঝুলে গেছে শেষ ম্যাচের ওপর। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের।  দ্রুত দুই ওপেনার বিদায় নিলে চাপে পড়ে দল। অধিনায়ক হ্যারি ব্রুক ২৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। জস বাটলার শূন্য রানে আউট হয়ে হতাশ করেন সমর্থকদের। মাঝের ওভারগুলোতে স্পিনার রাচিন রবীন্দ্র দুর্দান্ত বোলিং করেন। তিনি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন। শেষ তিন ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৩ রান, সমীকরণটা প্রায় অসম্ভবই মনে হচ্ছিল। তবে ১৮তম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়। গ্লেন ফিলিপসের সেই ওভারে ২২ রান তুলে নেন উইল জ্যাকস ও রেহান আহমেদ। জ্যাকস মারেন একটি ছক্কা ও দুটি চার, আর রেহান যোগ করেন একটি ছক্কা। এই ওভারেই ইংল্যান্ড নতুন করে ম্যাচে প্রাণ ফিরে পায়। শেষ দুই ওভারে দরকার ছিল ২১ রান। উত্তেজনায় ভরা ম্যাচ গড়ায় শেষ ওভারে, যেখানে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫ রান। প্রথম দুই বলে আসে ২ রান। তৃতীয় বলেই চার মেরে জয় নিশ্চিত করেন ইংল্যান্ডের ব্যাটাররা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন টম বেন্টন। উইল জ্যাকস করেন ৩২ রান। আর শেষদিকে রেহান আহমেদ মাত্র ৭ বলে ১৯ রানের ঝড়ো ক্যামিও ইনিংস খেলে ম্যাচের গতিপথ বদলে দেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৫৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন গ্লেন ফিলিপস এবং ৩৫ রান করেন টিম শেফার্ট। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে নিউজিল্যান্ডের সেমির ভাগ্য এখন নির্ভর করছে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের ফলের ওপর। ফলে ইংল্যান্ডের এই জয়েই নতুন করে প্রাণ ফিরে পেয়েছে পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন।

উইমেন্স এশিয়ান কাপ ঘিরে উৎসবমুখর প্রস্তুতি

উইমেন্স এশিয়ান কাপ ঘিরে উৎসবমুখর প্রস্তুতি অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গেছে উইমেন্স এশিয়ান কাপের জমজমাট আয়োজন। ১ মার্চ পার্থে এই টুর্নামেন্টের উদ্বোধন। তবে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার নর্থ সাউথ ওয়ালেসের সিডনিতে। সিডনি শহরের পারামাট্টা এলাকায় অবস্থিত ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ৩ মার্চ। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে থেকেই পারামাট্টা স্টেডিয়াম ও আশপাশের এলাকা রূপ নিয়েছে আলো, রঙ আর ফুটবল উৎসবের কেন্দ্রে। উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে পারামাট্টা নদীর বুকে স্থাপন করা হয়েছে চার মিটার দৈর্ঘ্য ও প্রস্থের একটি বিশাল ভাসমান ফুটবল। আগামী ১১ মার্চ পর্যন্ত এটি নদীতে ভাসমান থাকবে। প্রতিদিন হাজারো নৌপথের যাত্রী ও দর্শনার্থীর চোখে পড়বে এই আলোকিত প্রতীক। বিশেষ করে পারামাট্টা স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সময় এটি বাড়তি আকর্ষণ তৈরি করছে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই ভাসমান ফুটবলে চালু থাকবে আলো ও শব্দের বিশেষ আয়োজন। ফুটবল দর্শকদের উচ্ছ্বাস, গ্যালারির শব্দ আর প্রাণবন্ত সুরের মাধ্যমে পুরো এলাকাজুড়ে তৈরি করা হয়েছে টুর্নামেন্টের আবহ। ওমেন্স এশিয়ান কাপের অস্ট্রেলিয়ার লোকাল অর্গানাইজেশন কমিটির কর্মকর্তারা জানিয়েছেন পুরো সিডনি শহরজুড়ে চলছে ফুটবল উন্মাদনা। পশ্চিম সিডনিতে ছয়টি ম্যাচ এবং স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে এশিয়ার সেরা নারী ফুটবল দলগুলো এমন সব এলাকায় খেলবে, যেখানে ফুটবলভক্তদের উন্মাদনা সবচেয়ে বেশি। পারামাট্টা সিটি কর্তৃপক্ষ বলছে, এই ভাসমান ফুটবল ও শহরজুড়ে নানা আয়োজন পারামাট্টাকে আন্তর্জাতিক ক্রীড়া ও বিনোদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তুলে ধরছে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য রাস্তায় রাস্তায় নানা কার্যক্রম রাখা হয়েছে, যাতে সবাই এই উৎসবে অংশ নিতে পারে। আয়োজকরা আশা করছেন, এই আলোকসজ্জা ও আয়োজনের মাধ্যমে নারী ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের স্বাগত জানাতে সিডনি পুরোপুরি প্রস্তুত হয়ে উঠছে।

জিতলেই সেমিফাইনাল- মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড

জিতলেই সেমিফাইনাল-মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণ নিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে সুপার এইটে গ্রুপ-২এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখাতে মরিয়া নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে দেখতে চায় প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড। কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

‘ডু অর ডাই’ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে নামতে পারে ভারত

‘ডু অর ডাই’ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে নামতে পারে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চাপে ভারত। সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে হলে আজ জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাতে হবে সূর্যকুমার যাদবদের। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশ বাছাই নিয়েও সতর্ক ভারত। দেশটির গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, প্রথম একাদশে তিনটি পরিবর্তন করতে পারে ভারত। চলমান বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই অভিষেক শর্মা। তবে তাকে আরও একটা সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। তাই আজকের ম্যাচেও ওপেনিং জুটি পরিবর্তন হচ্ছে না। অভিষেকের সঙ্গে থাকছেন ইশান কিশান। তিন নম্বরে ব্যাট করবেন তিলক বার্মা। ব্যাটিং অর্ডারের চারে থাকবেন অধিনায়ক সূর্যকুমার। পাঁচে দেখা যেতে পারে হার্দিক পাণ্ডিয়াকে। ছয় নম্বরে ব্যাট করবেন সম্ভবত শিবাম দুবে। ছন্দে থাকা দুবের খেলাও একপ্রকার নিশ্চিত। জিম্বাবুয়ের বিপক্ষে ভারত সম্ভবত পাচ্ছে না রিঙ্কু সিংহকে। অসুস্থ বাবাকে দেখতে টিম হোটেল ছেড়ে গেছেন তিনি। তার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন সঞ্জু স্যামসন। উইকেটরক্ষক এই ব্যাটারকে চেন্নাইয়ের ফিনিশারের দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি নামবেন সাত নম্বরে। আট নম্বরে আরও এক অলরাউন্ডার থাকবেন। দলে ফিরবেন সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। চেন্নাইয়ের স্পিন সহায়ক ২২ গজে জিম্বাবুয়েকে স্পিনের জালে ফাঁসানোর পরিকল্পনা করতে পারেন গম্ভীররা। তাই একমাত্র বিশেষজ্ঞ পেস বোলার হিসাবে থাকবেন জসপ্রীত বুমরাহ। দু’জন বিশেষজ্ঞ স্পিনারের খেলার সম্ভাবনা রয়েছে। বরুণ চক্রবর্তীর সঙ্গে দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। বুমরাহর সঙ্গে পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন হার্দিক এবং শিবাম দুবে।

সেমিতে যেতে পাকিস্তানের সামনে এখন যে সমীকরণ

সেমিতে যেতে পাকিস্তানের সামনে এখন যে সমীকরণ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইটা বেশ জমে উঠেছে। বিশেষ করে সুপার এইটের গ্রুপ-২ থেকে সেমির লড়াইয়ে বর্তমানে এক জায়গার জন্য লড়ছে দুই দল। ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার এবং সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেমিফাইনালের বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে আছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। আপাতত লড়াইয়ে বেশ এগিয়ে নিউজিল্যান্ড। দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়া কিউইরা সেমিতে এক পা দিয়ে ফেলেছে। দুই পা দিতে হলে নিজেদের পরের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিলেই চলবে। তবে না হারিয়েও যাওয়ার সুযোগ রয়েছে। সেখানেই জটিল হিসাবের খেলা। নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনেও। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে পাকিস্তানকে। যেহেতু ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ আগেই হয়ে যাবে। ফলে নিজেদের জয়ের সমীকরণ জেনেই ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ, ২৮ ফেব্রুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। সমীকরণ মেলানোর সাথে সেমির লড়াই দেখার অপেক্ষায় সবাই।

বিশ্বকাপ থেকে বাদ পড়তেই বিস্ফোরক শানাকা, চাইলেন সরকারের হস্তক্ষেপ

বিশ্বকাপ থেকে বাদ পড়তেই বিস্ফোরক শানাকা, চাইলেন সরকারের হস্তক্ষেপ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায়ের পর দলের চারপাশের বাড়তে থাকা নেতিবাচক পরিবেশকে দায়ী করলেন অধিনায়ক দাসুন শানাকা। সেমিফাইনালের লড়াই থেকে প্রথম দল হিসেবে ছিটকে পড়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ড্রেসিংরুমের বাইরে তৈরি হওয়া চাপ ও সমালোচনা ক্রিকেটারদের মানসিকতায় বড় প্রভাব ফেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দর্শকপূর্ণ ম্যাচে ৬১ রানে হারের ধাক্কায় শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে যায়। এর আগে জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও হার তাদের অবস্থান নড়বড়ে করে তোলে। বিশেষ করে স্পিন সহায়ক উইকেটে ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট ছিল, নিউজিল্যান্ডের স্পিনারদের কাছে ছয় উইকেট হারিয়ে তারা মাত্র ১০৭ রান তুলতে সক্ষম হয়। শানাকার অভিযোগ, মাঠের বাইরের অতিরিক্ত সমালোচনা দলকে চাপে ফেলে দিচ্ছে। তিনি বলেন, ‘আমরা ইতিবাচক থাকতে চাই, কিন্তু বাইরে থেকে যে নেতিবাচকতা আসে, সেটা উপেক্ষা করা কঠিন। এটা শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য ক্ষতিকর। তিনি আরো যোগ করেন, ‘এটাই আমাদের দেশের সবচেয়ে বড় খেলা। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সরকার যদি কিছু উদ্যোগ নেয়, সেটাই ভালো হবে।’ ২০১৪ সালে শিরোপা জয়ের পর থেকে শ্রীলঙ্কা টানা পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো। ধারাবাহিক ব্যর্থতা, দল গঠনে অস্থিরতা এবং ব্যাটিং ইউনিটের অনিয়মিত পারফরম্যান্স এবারও তাদের পিছিয়ে দেয়। সুপার এইট পর্বে শ্রীলঙ্কার শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ফলাফল তাদের ভাগ্য বদলাবে না, তবে প্রতিপক্ষের সেমিফাইনাল সমীকরণে প্রভাব ফেলতে পারে।

টেন্ডুলকারের আউট নিয়ে ২২ বছর পর মুখ খুললেন বাকনার

টেন্ডুলকারের আউট নিয়ে ২২ বছর পর মুখ খুললেন বাকনার আম্পায়ারিং জীবনে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন স্টিভ বাকনার। যার ফলে ভুগতে হয়েছে ব্যাটারদের। আর সাবেক আম্পায়ার স্টিভ বাকনারের ভুল সিদ্ধান্তের শিকার সবচেয়ে বেশি হতে হয়েছিল শচীন টেন্ডুলকারকে। জামাইকান আম্পায়ার অবশেষে নিজের ভুল স্বীকার করলেন। ২২ বছর আগে শচীনের এক বিতর্কিত আউট নিয়ে অবশেষে মুখ খুললেন ৭৯ বছর বয়সী  স্টিভ বাকনার। ২০০৩-০৪ সালে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছিলেন শচীন। কিন্তু ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মাত্র ৩ রানে আউট হন মাস্টার ব্লাস্টার। জেসন গিলেসপি, অ্যাডাম গিলক্রিস্টদের এলবিডব্লিউয়ের আবেদনে সোজা আঙুল ওপরে তুলে দেন বাকনার। শচীন নিজেও অবাক হয়ে যান। বলের পিচ ছিল অফ স্টাম্পের বাইরে। আর উইকেটের অনেকটা ওপরে। বাকনারের মতো আম্পায়ারের চোখে এ রকম ভুল হওয়ার কথা নয়। অনেকে বলেন- তিনি শচীনকে দেখলে ‘ইচ্ছাকৃতভাবে’ আউট দিতেন। সেই ঘটনা নিয়ে বাকনার এখন বলেন, শচীনের ওই এলবিডব্লিউটা ভুল ছিল। কিন্তু এখনো ওই একটা আউট নিয়ে কথা বলে অনেকেই। কেন আমি ওকে আউট দিয়েছিলাম? ও কি সত্যিই আউট ছিল? এ ধরনের কথাবার্তা চলতেই থাকে। কিন্তু জীবনে ভুলভ্রান্তি হয়। আমি সেই ভুলটা মেনে নিয়েছি। জীবন নিজের পথে এগিয়ে গেছে। যদিও ভুল স্বীকার করলেও বাকনার ক্ষমা চাইতে নারাজ। কিন্তু ঘটনা হলো— শুধু এই একটা ঘটনা নয়, শচীনের বিরুদ্ধে এ রকম একাধিক ঘটনা ঘটেছে। সৌরভ গাঙ্গুলিসহ অনেক ভারতীয় ব্যাটারই বাকনারের ভুলের শিকার। আবার বিপক্ষ দলের ব্যাটারদের ক্ষেত্রে ঘটনাটা উল্টো। বছর কয়েক আগে ২০০৮ সালের সিডনি টেস্টের ভুল স্বীকার করেছিলেন তিনি। এবার বাকনার মেনে নিলেন ব্রিসবেনের ভুল।

জিম্বাবুয়ে ম্যাচের আগে স্টেডিয়ামে বিশেষ রাসায়নিক স্প্রে করছে ভারত

জিম্বাবুয়ে ম্যাচের আগে স্টেডিয়ামে বিশেষ রাসায়নিক স্প্রে করছে ভারত চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত। অনুষ্ঠিতব্য ম্যাচটি ভারতীয়দের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচে পরিণত হয়েছে। চেন্নাইয়ের চিপকে এই ম্যাচটি হবে দিবা-রাত্রির। জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে এই মাঠে দ্বিতীয় ইনিংসে মাঠে প্রচুর শিশির পড়ে, যা ব্যাটিং সহজ করে তোলে এবং বোলিং কঠিন হয়ে যায়। সেই সমস্যার সমাধানে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ভারতীয় দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হওয়ায়, টস ও কন্ডিশনের প্রভাব নিয়ে চিন্তিত দেশটি। টস যাতে ফল নির্ধারণে বড় ভূমিকা না রাখতে পারে তাই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ‘ডিউ কিউর’ নামের একটি রাসায়নিক উপাদান মাঠে ব্যবহার করছে ভারত। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিপকের আউটফিল্ড নতুন করে প্রস্তুত করার সময় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এই বিশেষ রাসায়নিক আমদানি করে। ‘ডিউ কিউর’ মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতেও নিয়মিত ব্যবহার করা হয়। এর কার্যকারিতা হলো—একবার স্প্রে করলে ঘাসের পাতায় আর্দ্রতা জমতে পারে না; ভেজা হলে তা দ্রুত শোষিত হয়ে ঘাস দ্রুত শুকিয়ে যায়। 

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ ফারহান-তারিকের

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ ফারহান-তারিকের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। পাকিস্তান দলের একদিকে যেমন এসেছে সুখবর, অন্যদিকে তেমনি কয়েকজন তারকা ক্রিকেটারের অবস্থান নেমেছে নিচে। সবচেয়ে বড় সুখবর ওপেনার সাহিবজাদা ফারহানকে ঘিরে। দারুণ ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে তিনি দুই ধাপ এগিয়ে উঠে এখন টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় তিন নম্বরে। তার সামনে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ তারকা। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা, যদিও এবারের বিশ্বকাপে তার ব্যাট থেকে বড় ইনিংস আসেনি। তবে পাকিস্তানের অন্য ব্যাটারদের জন্য খবরটা ততটা ভালো নয়। ওপেনার সাইম আইয়ুব তিন ধাপ নেমে ৩৪তম স্থানে চলে গেছেন। সাবেক অধিনায়ক বাবর আজম এক ধাপ পিছিয়ে ৩৬তম স্থানে। বর্তমান অধিনায়ক সালমান আলি আঘা নেমেছেন ৩৮তম স্থানে, আর ফখর জামান পিছিয়ে গিয়ে অবস্থান করছেন ৮৮ নম্বরে। বোলারদের তালিকায়ও এসেছে পরিবর্তন। স্পিনার আবরার আহমেদ দুই ধাপ নেমে এখন পঞ্চম স্থানে, তার রেটিং পয়েন্ট ৭১২। মোহাম্মদ নেওয়াজ তিন ধাপ পিছিয়ে ১২তম স্থানে। তবে পেসার সালমান মির্জা এক ধাপ এগিয়ে ১৮তম এবং শাহীন শাহ আফ্রিদি চার ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন। সবচেয়ে বড় চমক দেখিয়েছেন উসমান তারিক। তিনি এক লাফে ৫৯ ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে। অন্যদিকে সুফিয়ান মুকিম ১০ ধাপ নেমে ৬০তম এবং শাদাব খান ১০ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে রয়েছেন। সাইম আইয়ুব বোলারদের তালিকায়ও ১১ ধাপ নেমে ৬৬তম স্থানে, আর হারিস রউফ পাঁচ ধাপ পিছিয়ে ৮১তম স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। বড় পরিবর্তন এসেছে তৃতীয় স্থানে, দক্ষিণ আফ্রিকার করবিন বোশ ২১ ধাপ এগিয়ে উঠে এখন তিন নম্বরে।

জিম্বাবুয়ে ম্যাচের আগে ভারতকে যে পরামর্শ দিলেন পন্টিং

জিম্বাবুয়ে ম্যাচের আগে ভারতকে যে পরামর্শ দিলেন পন্টিং টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে ভারতকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, ম্যাচআপের হিসাব-নিকাশে না গিয়ে চেন্নাইয়ের কন্ডিশন অনুযায়ী ভারতের সেরা একাদশ নিয়েই মাঠে নামা উচিত। চেন্নাইয়ের ঐতিহাসিক চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে ভারত। সুপার এইটের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দলটি কিছুটা চাপে রয়েছে। আইসিসি রিভিউ অনুষ্ঠানে পন্টিং বলেন, ‘এই ধরনের ম্যাচে আমি হলে বেসিকে ফিরে যেতাম। আগে দেখতাম, চেন্নাইয়ের কন্ডিশনে আমাদের সেরা একাদশ কারা। সেই দল নিয়েই খেলতাম।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অক্ষর প্যাটেলকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। শোনা গিয়েছিল প্রতিপক্ষের বাঁহাতি ব্যাটারদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পন্টিংয়ের মতে, একজন অধিনায়কের দায়িত্ব হলো বোলারদের সঠিক সময়ে ব্যবহার করা, শুধু ম্যাচআপের ওপর নির্ভর করা নয়। তিনি আরো বলেন, ‘অক্ষর দলে থাকলে ভালো। আর আমি কুলদীপ যাদবকে দলে ফেরানোর কথাও ভাবতাম। সে ডানহাতি-বাঁহাতি যেকোনো ব্যাটারের বিপক্ষেই কার্যকর হতে পারে। স্পিনবান্ধব চেন্নাই উইকেটে কুলদীপ যাদব বড় ভূমিকা রাখতে পারেন বলেও মত পন্টিংয়ের। এদিকে ভারতের সাবেক কোচ রবী শাস্ত্রীও মনে করেন, একাদশে পরিবর্তন আনা দরকার এবং অভিজ্ঞ স্পিনারদের সুযোগ দেওয়া উচিত। তার মতে, অতিরিক্ত একজন বোলিং অপশন থাকলে দল আরও ভারসাম্যপূর্ণ হবে। সুপার এইটে টিকে থাকতে ভারতের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, পন্টিংয়ের পরামর্শ মেনে টিম ম্যানেজমেন্ট সেরা একাদশে আস্থা রাখে কিনা।