গোমস্তাপুরে মুক্তিযুদ্ধকালে ৩৫ জন নিহতের স্মরণে হরিনাম যজ্ঞানুষ্ঠান

গোমস্তাপুরে মুক্তিযুদ্ধকালে ৩৫ জন নিহতের স্মরণে হরিনাম যজ্ঞানুষ্ঠান ১৯৭১ সালের ২০ এপ্রিল পাকহানাদার বাহিনীর হাতে হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। নিহতদের আত্মার শান্তি কামনায় গোমস্তাপুর কামারপাড়া শ্রী শ্রী দুর্গা স্মৃতি মন্দির কমিটি সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করে। পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার রঞ্জন দাসের সহধর্মিণী সৌদামিনী দাস এই যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটি সভাপতি কমল চক্রবর্তী। কমিটির সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার দাসের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস, নাচোল কলেজের প্রভাষক ড. অজিত কুমার দাস, বিশিষ্ট সমাজসেবক মঙ্গল দত্ত, সমাজসেবক রাজকুমার মন্ডল। পরে মুক্তিযুদ্ধ চলাকালীন নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, হরিনাম যজ্ঞানুষ্ঠানে ৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- ঢাকা তাঁতিবাজারের প্রীতম ম-ল, বগুড়ার প্রণতি দেবী, নওগাঁর প্রদীপ চক্রবর্তী, নওগাঁর সজীব দাস ও নওগাঁর নাম কীর্তন।
নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় বিনা ধান-২৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোস্তাক আহাম্মাদ চৌধুরী। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
বাকি ১৫৫ টাকা; পরিশোধ করতে বলায় দোকানিকে পিটিয়ে হত্যা : আসামীর যাবজ্জীবন

বাকি ১৫৫ টাকা; পরিশোধ করতে বলায় দোকানিকে পিটিয়ে হত্যা : আসামীর যাবজ্জীবন চাঁপাইনবাবঞ্জে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় নুর আমিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে সাজা ঘোষনা করেন। নিহত রমজান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজারামপুর মিস্ত্রীপাড়া মহল্লার তৈমুর রহমানের ছেলে। অপরদিকে দন্ডিত নুর আমিন একই মহল্লার আব্দুস সাত্তারের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় রমাজনের বাড়ি সংলগ্ন ভাজা-পোড়ার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন নুর আমিন। এ সময় রমজান তাঁকে ডেকে দোকানে বাকী থাকা ১৫৫ টাকা পরিশোধের জন্য বলেন। এনিয়ে কথাকাটাটির একপর্যায়ে নুর আমিন দোকনের রুটি বেলার কাঠের বেলনা দিয়ে রমজানের মাথায় আঘাত করেন। দ্রুত তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাবার পর রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান আলী। এ ঘটনায় পরদিন ২৮ ফেব্রুয়ারী তাঁর স্ত্রী সুমাইয়া খাতুন একমাত্র নুর আমিনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। ১৯ জনের সাক্ষ্য, প্রমাণ এবং শুনানী শেষে আদালত নুর আমিনকে দোষি সাব্যস্ত করে আজ দন্ড ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.শফিক এনায়েতুল্লাহ।
মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর গ্রেপ্তার
মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় দশম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে গোবরাতলা ইউনিয়নের পলশা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খাবার লোভ দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর। এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘটনাটি টের পান। পরে ঘটনাটি সংশ্লিস্ট ইউপি সদস্যের মধ্যস্থতায় ওইদিনই স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলে তা ব্যর্থ হয়। পরে আজ সকালে এ ঘটনায় শিশুর মা ওই কিশোর এবং তার বাবাকে আসামী করে সদর থানায় মামলা করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠায়। শিশুটির মেডিক্যাল টেষ্ট সম্পন্ন হয়েছে। আদালতে শিশুর ২২ ধারায় জবানবন্দী গ্রহণের জন্য আবেদন করা হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
চাঁপাইনবাবঞ্জে গণশিক্ষা কার্যক্রম পূনরায় চালুর দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবঞ্জে গণশিক্ষা কার্যক্রম পূনরায় চালুর দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ৮ম পর্যায়ে পূণরায় চালুর দাবিতে এবং উর্ধতণ কর্তৃপক্ষের আশ্বাসে চলমান প্রকল্প সংশ্লিস্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জানুয়ারী’২৫ থেকে প্রাপ্য বেতনÑভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিক ওয়ার্ড বয় ও রেস্টুরেন্ট শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিক ওয়ার্ড বয় ও রেস্টুরেন্ট শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৃথক জায়গা থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত রফিকুল ইসলামের ছেলে নূর ইসলাম ও অপর জন নাচোল উপজেলার খেসবা চন্দ্রাইল গ্রামের জাকির হোসেনের ছেলে জয়। গতকাল রাতে ও সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার হয়। গতকাল রাত ১০টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গহিলবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে নূর ইসলাম এর গলায় ওড়নার ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। এ সময় তিনি বাড়িতে একা ছিলেন। স্থানীয় সূত্র, পরিবার ও পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে জানালা দিয়ে মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়। নূর ইসলাম বিভিন্ন এনজিও’র নিকট ঋণগ্রস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋন শোধের চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলা শহরের হাসপাতাল সড়কের মমতা হাসপাতালের ৫ম তলার একটি কক্ষের দরজা ভেঙ্গে ওই হাসপাতালের ওয়ার্ড বয় জয়ের ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবার, হাসপাতাল, ক্লিনিক এবং পুলিশ সুত্র জানায়, তিনি পাঁচ বছর যাবৎ ওই ক্লিনিকে কর্মরত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেয়। জয়ের পিতা বলেন, জয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় তাঁর নানার বাড়িতে বড় হয়েছে। সে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় মেসে থেকে ক্লিনিকে কাজ করত। তবে জয়ের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারে নি কেউ। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দুই যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। দুটি ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কশিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কশিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা কশিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৬টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহি রেখে গেছেন। আজ বিকাল সাড়ে ৫ টায় খড়িয়াল গ্রামের ঈদগাহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) এস এম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মন্টু, গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ অনান্য মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কানসাট রাজবাড়ির ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যতিক্রমী সাইকেল র্যালি

কানসাট রাজবাড়ির ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যতিক্রমী সাইকেল র্যালি শিবগঞ্জ উপজেলার কানসাট রাজবাড়ি সংস্কারের মাধ্যমে ঐতিহ্য পুনরুদ্ধারকল্পে সরকারের সৃষ্টি আকর্ষণের লক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলাবাসীর ব্যানারে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সাইকেল র্যালি বের হয়ে কানসাট রাজবাড়ি মাঠ হয়ে পুঠিমারী বিল ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সাইকেল র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এসময় তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কানসাট রাজবাড়ি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংস্কারের মাধ্যমে ঐতিহ্য পুনরুদ্ধারকল্পে সরকারের সৃষ্টি আকর্ষণ করছি। পুরোপুরি সংস্কার হলেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে ঐতিহ্যবাহী রাজবাড়ি। সাইকেল র্যালিতে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন ও মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ মিঞাসহ অন্যরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কানসাট রাজবাড়ি এক সময় এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল। কিন্তু সংস্কারের অভাবে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি আজ ধ্বংসপ্রায়। সরকার যদি পদক্ষেপ নেয়, তাহলে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, শুধু সংরক্ষণ নয়, এই রাজবাড়িকে ঘিরে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ও পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। উপজেলাবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মোস্তফা জামান আব্বাসী স্মরণ শোকাহত কবিতা, গান, আড্ডা অনুষ্ঠিত

মোস্তফা জামান আব্বাসী স্মরণ শোকাহত কবিতা, গান, আড্ডা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের আমতলায় সদ্য প্রয়াত মরমী সঙ্গীত সাধক, লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসী স্মরণ শোকাহত কবিতা,গান,আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে এই স্মরণসভার আয়োজন করেন অন্বেষণ সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ। এসময় কবি ও নাট্যকার কামরুল আজাদের সঞ্চালনায় এবং কবি জালাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কবি মাহবুব আলম, কবি বিজহান অপু, কবি কবির বাদশাহ, কবি শফিকুল ইসলাম মজিদী, কবি যুবায়ের খলিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল আলম, কবি আব্দুল আজিজ, কবি হারুণ উর রশিদ, কবি আব্দুল্লাহ্, সাহিত্য সংগঠক বদরুদ্দোজা আব্দুর রউফ, কবি জারিফ আজাদসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা মরমী সঙ্গীত সাধক, লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
শিবগঞ্জে নদীতে অজ্ঞাতব্যক্তির ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার

শিবগঞ্জে নদীতে অজ্ঞাতব্যক্তির ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার শিবগঞ্জের পাগলা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় একব্যক্তির গলায় বালিভর্তি দুটি প্লাষ্টিকের বস্তা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়দের দেয়া খবরে শিবগঞ্জ থানা পুলিশ শিবগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ডের তর্তিপূর মহাশ্মশান এলাকায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাজশাহী থেকে আসা পুলিশ ব্যূরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। ওই ব্যক্তিকে শ^াসরোধে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরয়িা বলেন, আজ সন্ধ্যা পর্যন্ত মরদেহ শনাক্ত হয় নি। ২/৩ দিন পূর্বের মরদেহটি নদীর স্থির পানিতে পাওয়া গেছে। মরদেহের গলায় তুলসী মালা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ঘটনাটি তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।