চীনে আম রপ্তানি শুরু ২৮ মে

চীনে আম রপ্তানি শুরু ২৮ মে চাঁপাইনবাবগঞ্জে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানিকারক ও আম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন। জেলা চেম্বার ভবনে মঙ্গলবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন- আগামী ২৮ মে থেকে চীনে আম রপ্তানি শুরু হবে। এবছর ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানি করতে যাচ্ছি। এজন্য কিছু চ্যালেঞ্জও আছে। যেমন, আম পরিশোধনের জন্য হটওয়ার্টার ট্রিটমেন্ট প্লান্ট লাগবে, সে জায়গা থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জে ১০টি হটওয়াটার প্লান্ট দিব, বাকি আপনারা ম্যানেজ করবেন। আম পরীক্ষার জন্য একটি কোয়ারেন্টাইন কেন্দ্র দরকার। সে জন্য কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীতে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিজের ব্যবস্থা করা হবে। প্রসেসিং বা প্যাকেজিংটাও হবে। পাশাপাশি রাজশাহী বিমানবন্দর থেকে কার্গোবিমানে কম খরচে আম পরিবহন করা যায় কিনা, সে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। তিনি বলেন, আমাদের দেশে ২৫ থেকে ২৬ লাখ মেট্রিক টন আম উৎপাদন হচ্ছে। ফ্রেশ আমের পাশাপাশি আমকে প্রক্রিয়াজাতকরণ এবং প্রসেসিংয়ের বিরাট সম্ভাবনা আছে। এ কাজে উদ্যোক্তাদের উদ্যোগ নিতে হবে। তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন নতুন পদ্ধতি বের করতে হবে। আমাদের তরফে যা যা সহযোগিতা দরকার তা আমরা করব। পুঁজির বিনিয়োগের ব্যাপারে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করব। তাছাড়া কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব। আম বোর্ড করার ব্যাপারেও আলোচনা করব। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেনÑ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমন। আমচাষিদের মধ্যে বক্তব্য দেনÑ বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম মানিক, আহসান হাবিব, ইসমাইল খান শামীমসহ অন্যরা। আব্দুল ওয়াহেদ তার বক্তব্যে আমনুরায় কৃষিভিত্তিক ইপিজেড করার জন্য তার পরিকল্পনার কথা তুলে ধরেন। মানিক তার বক্তব্যে জানান, ৬৩০ খ্রিষ্টাব্দ থেকে মালদায় আম উৎপাদন শুরু হয়। বর্তমানে কৃষি অফিসের হিসাবমতে, প্রায় সাড়ে ৪ লাখ টন আম হয়। তবে এ হিসাব আরো বেশি হবে। প্রায় ৯ লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়। এর মধ্যে বাজারজাত করতে পারি সাড়ে ৪ লাখ টন। বাকি আম কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়। আমরা যদি ফ্রেশ আমের পাশাপাশি আমজাত পণ্য তৈরি করতে পারি তাহলে ৩০ হাজার লোকের কর্মসংস্থান হবে এবং বৈদেশিক মুদ্রাও অর্জন হবে। আহসান হাবিব তার বক্তব্যে আমের বাইপ্রডাক্টের ভ্যালু প্রায় ৬ হাজার কোটি হবে। তিনি আম বোর্ড, আম গবেষণা কেন্দ্র, আম নিয়ে নীতিমালা, আমবাগানে সেচের জন্য সোলার প্যানেল স্থাপন, কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের দাবি জানান। আম উৎপাদন ও রপ্তানির বিদ্যমান অবস্থা সরেজমিন পরিদর্শনের লক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ সফর করেন। মঙ্গলবার সকালে তিনি শিবগঞ্জে রপ্তানিযোগ্য দুটি আমবাগান পরিদর্শন করেন। এছাড়াও তিনি হরিনগরে সিল্ক কারখানা ও শো-রুম পরিদর্শন করেন। পরে স্থানীয় উৎপাদকবৃন্দের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে তথ্য আহরণ ও এসব প্রতিবন্ধকতা দূরীকরণের ক্ষেত্রে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
ঈদের আগে বেতন ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ছয় দাবিতে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

ঈদের আগে বেতন ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ছয় দাবিতে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন ইএফটির নামে বিলম্ব নয়, দ্রুত বেতন প্রদান, ঈদুল আজহার আগেই পূর্ণাঙ্গ উৎসবভাতা প্রদান, সম্মানজনক বাড়িভাড়াসহ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা। মঙ্গলবার নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তারের কাছে স্মারকলিপি দেন শিক্ষকগণ। মানববন্ধনে বক্তব্য দেন- নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি’র সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান, সহসভাপতি ও সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী, রানীহাটি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার, আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের অধ্যক্ষ মো. সারোয়ার আলম, শাহ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল আলম, কানসাট সলেমান মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আ. হামিদ, নামোশংকরবাটী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান, সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল আখতার, দিলশাদ তাহমিনা, ও মো. মোত্তালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহা. ফিরোজ কবিরসহ অন্য শিক্ষকগণ। বক্তারা দ্রুত শিক্ষকদের সমস্যাগুলো সমাধানের জোর দাবি জানান। তাদের দাবিগুলো হচ্ছে- ঈদুল আজহার আগেই শতভাগ বা পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান; ১ হাজার টাকার পরিবর্তে জাতীয় বেতন স্কেলের ৪০-৪৫ শতাংশ বাড়ি ভাড়া প্রদান; ৫০০ টাকার মাসিক চিকিৎসা ভাতা বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করা; অবসর কল্যাণ ভাতা প্রদানে কালক্ষেপণ না করে ৬ মাসের মধ্যে প্রদান করতে হবে; এমপিওভুক্ত কলেজে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি করতে হবে এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নীতিমালা পরিবর্তন করে নতুন পরিপত্র জারি করতে হবে (উপাধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপনাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং অধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপনাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে)।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়া মহল্লার মেঘু মন্ডলের ছেলে মো. খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জ উপজেলা ছত্রাজিতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন কালু (৭০) ও একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা-সুন্দরপুর গ্রামের সাইদুর রহমান ওরফে বিশু হাজির ছেলে তাসবুল আলী (৪৮)। নিহতদের মধ্যে খাইরুল ও জালাল উদ্দিন পৃথক স্থানে ধান কাটার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে তাসবুল সদর উপজেলার বারঘরিয়া লক্ষ্মীপুর এলাকায় মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে তিনটি গরুসহ মারা যান। সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান ও ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি নিহত হবার খবর নিশ্চিত করেছেন।
বাবুডাইং ও চড়ইল বিলকে অভয়াশ্রম ঘোষণার দাবিতে পরিবেশ উপদেষ্টাকে স্মারকলিপি

বাবুডাইং ও চড়ইল বিলকে অভয়াশ্রম ঘোষণার দাবিতে পরিবেশ উপদেষ্টাকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং বনভূমি ও গোমস্তাপুর উপজেলার চড়ইল বিলকে অভয়াশ্রম ঘোষণার দাবিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে সেভ দ্য নেচার। গত সোমবার সন্ধ্যায় রাজশাহী বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হাতে স্মারকলিটি তুলে দেয়া হয়। স্মারকলিপিতে বলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে সদর ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত ‘বাবুডাইং বনভূমি’ ভূপ্রকৃতিগত কারণে সম্পর্ণ ভিন্ন ধরনের এলাকা। এখানে রয়েছে ছোট-বড় বেশ কিছু টিলা ও একটি খাড়ি (প্রাকৃতিক জলাধার)। এছাড়া বেশ কয়েকটি পুকুরও রয়েছে। এই এলাকাটি জীববৈচিত্র্যের আধার। বাবুডাইংয়ে ১২০ বছর পর ‘ব্রাউন ক্রেক’ পাখি দেখা গেছে ২০২০ সালের শুরুর দিকে। বর্তমানেও এই এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত এ পাখি বাংলাদেশের আর কোথাও দেখা যায়নি। এছাড়া দুই প্রজাতির নাটাবটের, দুই প্রজাতির রাতচরা পাখি, বুনো খরগোশ, বনবিড়াল, শিয়ালসহ নানা প্রজাতির বন্যপাণী ও পাখি রয়েছে। বিরল প্রজাতির পাখির ছবি তুলতে পাখি গবেষকরা প্রায়শই আসেন এখানে। পাখি ও প্রাণীর জন্য খাড়ি হলো পানির প্রধান উৎস। জমির মালিকরা ফসলে বিষ প্রয়োগের পর বিষের প্যাকেট ওই খাড়িতে ফেলে। ওই প্যাকেটে থাকা বিষ খাড়ির পানিতে মিশে বিষাক্ত হতে পারে। তাছাড়া খাড়িতে রয়েছে কচ্ছপসহ নানান মেরুদ-ী ও অমেরুদ-ী প্রাণী, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। বাবুডাইংয়ের উদ্ভিদ জগৎ ধ্বংসের আরো একটি বড় কারণ পালের গরু চরানো। প্রতিদিন শত শত গরু চরে এখানে। গরু চরানোর কারণে সেখানে নতুন কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। ২০১৮ সালে জেলা প্রশাসন এবং আমরা সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। কিন্তু গরু চরানোর কারণে একটা গাছও রক্ষা করা সম্ভব হয়নি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় বাঙ্গাবাড়ী ইউনিয়নের চড়ইল বিলেও দেশের খ্যাতনামা পাখি গবেষকরা আসেন। এই বিলটি জীববৈচিত্র্যের আধার। প্রতি বছর শীত মৌসুমে এখানে আসে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। সেখানেও নানান কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহী গোদাগাড়ী উপজেলার বাবুডাইং বনভূমি এবং গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের চড়ইল বিলকে অবিলম্বে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে ওই এলাকা দুটোর জীববৈচিত্র্য রক্ষা করার দাবি জানানো হয় স্মারকিলিপিতে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ সেভ দ্য নেচার’র প্রধান সমন্বয়ক সাংবাদিক রবিউল হাসান ডলার ও সমন্বয়ক তৌহিদুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা, নসিমন চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা, নসিমন চালক নিহত চাঁপাইনবাবগঞ্জে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে মমিন (৩৬) নামে নসিমন চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের তোতার ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, ভোরে মহিপুর থেকে আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার পথে নয়াগোলা মোড়ে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মমিন। ফলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে নসিমন চালক মমিন গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ‘জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়’- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শেষ হয়েছে। মঙ্গলবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই মেলা শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকতেখারুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুবিনা আনিস। সমাপনী দিনে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হাসনেয়াতুন নেসা। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুই দিনব্যাপী মেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এসব কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) সালমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাঃ সাইকী ওদুদ, জেলা শিক্ষা অফিসার রুবিনা আনিস। জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ তার বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক করে তুলতে হলে তাদেরকে পরিবেশ দিতে হবে। আমাদের দেশের বিভিন্ন বিজ্ঞানী নাসাসহ বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে এ ভাবে চাঁপাইনবাবগঞ্জ এর শিক্ষার্থীদের বেড়ে উঠতে হবে। ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে যেসব প্রতিভা আছে আমরা যেন সেসব প্রতিভার বিস্ফোরণ ঘটাতে পারি। শিক্ষক ও ছাত্রছাত্রী সবাইকে একত্রে কাজ করে আমাদের সুন্দর বাংলাদেশকে আরো সুন্দর করতে হবে। দুই দিন ব্যাপী মেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন আমিনুল হক আবির ও আশরাফুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবঞ্জে একশত গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় বদরুজ্জমান দুরুল নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে কুড়ি হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদেন্ডর আদেশ দেয়া হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন একমাত্র আসামীর অনুপস্থিতিতে সাজা ঘোষণা করেন। দন্ডিত দুরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর হুজরাপুর রেলবাগান এলাকার মৃত ইদু মিস্ত্রী’র ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরক্তি পিপি) ময়েজ উদ্দিন বলেন,২০১৬ সালের ১৮ মার্চ দুপুরে র্যাবের অভিযানে নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম হেরাইনসহ আটক হন দুরুল। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একমাত্র মামলা করেন র্যাব-৫ ব্যাটালিয়নের রাজশাহী ক্যাম্পের তৎকালীন ডিএডি বেলাল হোসেন। ২০১৬ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং সদর থানার তৎকালীন পরিদর্শক(তদন্ত) সারোয়ার জাহান শুধু দুরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য, প্রমাণ এবং শুনানী শেষে আদালত আজ দুরুলকে দোষী সাব্যস্ত করে দন্ড ঘোষণা করেন।
শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ শুরু

শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রামআদালত বিষয়ক সাত দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে স্থানীয় সরকার বিভাগের গ্রামআদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এতে প্রশিক্ষক ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও গ্রামআদালতের উপজেলা সমন্বয়ক আমিনুর রহমান। প্রথম দিনে কানসাট ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রামআদালতের কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গ্রামআদালতের ভূমিকা আরো কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।
শিবগঞ্জে মাছের উপকরণ বিতরণ

শিবগঞ্জে মাছের উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মাছের উপকরণ বতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিল নার্সাার ও বাস্তবায়িত প্রদর্শনীর এইসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলামসহ অন্যরা। পরে কালুপুর ও বাঁশবাড়িয়া বিলে মাছের জন্য খৈল, ফিড, রেণু মাছের খাবারসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়।