চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন আলোচনা, দলীয় সংগীত, নৃত্য, একক সংগীত ও আবৃিত্তর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলয়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (বাংলা) গোলাম মোস্তফা। অনুষ্ঠান সূচনা বক্তব্য প্রদান করেন জেলা কালাচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন। কবি নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, মঙ্গলবার, ২৪ মে ১৮৯৯ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটে ১৯৭৬ সালের ২৯ আগস্ট। এদিন তিনি তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন মহাবিদ্রোহী ও প্রেমিক পুরুষ। কবির ইচ্ছানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। আলোচনা অনুষ্ঠানে উঠে আসে কবির কবি জীবনের নানান দিক।
চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের ভূমি মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের ভূমি মেলার উদ্বোধন নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি-নিজের জমি সুরক্ষিত রাখি-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ে তিনদিনের ভূমি মেলা-উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই মেলার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভূমি সেবা সম্পর্কে অবহিত করা। কারণ, ভূমির সঙ্গে আমাদের সকলের নাড়ির সম্পর্ক। তিনি বেলন-সরকার ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়টি অত্যন্ত সহজ করে দিয়েছেন। আপনারা ইচ্ছে করলে ঘরে বসেই অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে একটি আইডি খুলে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। নামজারীর বিষয়টিও অনলাইনে করা হচ্ছে। অনলাইনের বিষটি যত দ্রুত সাধারণ জনগণ জানতে পারবেন বুঝতে পারবেন ততদ্রুতই জনদুর্ভোগ কমাতে পারব। জেলা প্রশাসক বলেন- আমাদের ভূমি অফিস, থানা পুলিশ, বিআরটিএ, সাবরেজিস্ট্রি অফিস, পৌরসভা অর্থাৎ যেখানে প্রত্যক্ষ সেবা দেয়া হয় ইে সব জায়গাগুলো নিয়ে জনসাধারণের যে পর্যবেক্ষণ তা সুখকর নয় উল্লেখ করে তিনি বলেন- আমাদের ভূমি অফিসগুলোকে আমরা মডেল ভূমি হিসেবে রূপান্তর করতে চাই। জনসেবার জন্য জন প্রশাসন এই কথাটি যেন স্লোগানে সীমাবদ্ধ না থাকে। ভূমি অফিস হবে জনবান্ধব। অনেক মানুষ আছেন যারা লেখাপড়া জানেন না। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমাদের অফিস হবে জনবন্ধব, দুর্নীতি ও হয়রাণীমুক্ত সেবামূলক অফিস। তাহলেই এই মেলার স্বার্থকতা আসবে, জনসাধারণ সঠিক সময়ে সঠিকভাবে সেবা পাবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মুস্তাফীজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। সূচনা বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। পরে চারজন সেবাগ্রহীতকাকে ডিসিআর, একজনকে খাতিয়ান ও তিনজনকে ভূমি অধিগ্রহণের চেক প্রদান করা হয়। মেলায় সাবরেজিস্ট্রে অফিস, জেলা প্রশাসনের কার্যালয়ের রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, রেকর্ডরুম শাখা, উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসের স্টলে ভূমি সেবা ও ভূমি রেজিস্ট্রেশনসহ ভূমি বিষয়ক তথ্যাবলি উপস্থাপন করা হচ্ছে এবং ই-নামজারীসহ অন্যান্যা সেবা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করেছে। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে ভুমি মালিকদের সেবা দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে এ মেলার উদ্বোধন করা হয়। ভূমি মেলায় উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সেবা গ্রহিতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রেলস্টেশন-নাচোল বাসস্ট্যান্ড রোড প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা বুথের সামনে শেষ হয়। সেখানে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে চার ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী, সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। শিবগঞ্জ : শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফেসের আয়োজনে তিনদিনের ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেরার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. শাহীন আকতার, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ছাত্র প্রতিনিধি শাহাদাত ও আল বশরী সোহান। এছাড়া র্যালি বের করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে ভূমি কুইজ, গণশুনানিসহ মেলায় আগত সেবাগ্রহীতাগণকে ভূমি বিষয়ক নানাবিধ পরামর্শ ও সেবা প্রদান করা হয়। মেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দ্বারা অনলাইন রেজিস্ট্রেশন, আবেদনপত্র দাখিল, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ অন্যান্য ভূমিসেবা গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে দশটায় উপজেলা ভূমি কার্যালয়ে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার জাকির মুন্সি। পরে ভূমি কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু তাহের টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ভূমি অফিসের প্রধান সহকারী জুয়েল আলীসহ ওই অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা। উল্লখ্য, ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবার জন্য কার্যালয় চত্বরে ৪ টি স্টল অংশ নিচ্ছে। ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, সমবায় কর্মকর্তা মো. সবুজ আলী, যুবউন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজসহ অন্যরা।
গোবরাতলা ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে গম্ভীরা

গোবরাতলা ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ী গ্রামে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ বিষয়ক জনসচেতনতামূলক গম্ভীরা ও লোকসংগীত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, আদিবাসী নেতা কর্ণেলিউস মুরমু, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মণ্ডল ও আব্দুর রহিম, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার আহম্মেদ ফ্রান্স, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিমসহ অন্যান্যরা। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনথেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই জনসচেতনতামূলক গম্ভীরা ও লোকসংগীত অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি পেশাজীবী, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি ও শিশুরা উপস্থিত ছিলেন। গম্ভীরা ও লোকসংগীত পরিবেশন করে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের নাট্যকর্মীরা। গম্ভীরায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে সবাইকে উৎসাহিত করা হয়।
রাণীহাটি ইউপির বাজেট ঘোষণা

রাণীহাটি ইউপির বাজেট ঘোষণা সদর উপজেলার ৬নং রাণীহাটি ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউপি চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল রহমান। বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৮৫৪ টাকা, ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৫৪ টাকা । বাজেটে উদ্বৃত্ত হিসেবে ১১ লাখ ৪৫ হাজার ৮০০টাকা দেখানো হয়েছে। এ সময় স্থানীয় শিক্ষক, ইমাম, রাজনৈতিক ও গণ্যমান্যসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা শুরু

চাঁপাইনবাবগঞ্জে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা শুরু চাঁপাইনবাবগঞ্জে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ২দিনব্যাপী কর্মশালায় সদর উপজেলায় শিশুদের সার্বিক উন্নয়নে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে আগামী পাঁচ বছরের জন্য পষ্ণবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের লক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়েছে। জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে শনিবার থেকে আয়োজিত এই কর্মশালা শেষ হবে আজ রবিবার। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিগণ, স্থানীয় সরকার এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন। তারা শিশুর কল্যাণে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরছেন। শনিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন মি. লোটাস চিসিম, সিনিয়র ম্যানেজার, এরিয়া কো-অডিনেশন অফিস, রাজশাহী। তিনি এই এলাকায় শিশুদের সমস্যা চিহ্নিত করে তাদের অবস্থার উন্নয়নের জন্য আগামী পাঁচ বছর আমরা কি কি কাজ করতে পারি সেসকল বিষয় নিয়ে পরিকল্পনা তৈরিতে সহযোগিতা করতে বলেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটিরিং স্পেশালিল্ট কৃষিবিদ মো. জহুরুল ইসলাম, ইন্টিগ্রেটেড লাইভলিহুডের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন, টেকনিক্যাল প্রোগ্রাম, মি. ম্যানুয়েল হাঁসদা, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট। কর্মশালা সঞ্চালনা করেন মি. জেমস বিশ্বাস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ। কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন মি. সুজন গ্রেগরী, শ্যামল এইচ কস্তা, রিপনগমেজ ও উত্তমমন্ডল।
সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গ্রাম আদালতকে শক্তিশালী করতে ইউনিয়ন পরিষদ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শনিবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আবারো দুদিনের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। এবারের প্রশিক্ষণে সদর উপজেলার দেবীনগর, আলাতুলী, শাহাজাহানপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যগণ অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) ও সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। প্রশিক্ষণ কর্মশালাটি ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হান। সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিস কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হুমায়ূন কবির ও নূরজামাল। ২০০৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ইউরোপিয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশে গ্রামআদালত সক্রিয়করণ প্রকল্পটি চালু করে। প্রকল্পটি শুরুর পর থেকে তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার সহজলভ্য করে লাখ লাখ মানুষের জীবনকে পরিবর্তন করে চলেছে।
চাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা-২০২৫ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা-২০২৫ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে আগামীকাল ভূমি মেলা-২০২৫ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন- আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এ সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক প্রচার প্রচারণা করা আবশ্যক। এমতাবস্থায় বাংলাদেশ সরকার আগামী ২৫-২৭ মে ২০২৫ তিনদিনব্যাপী দেশজুড়ে ভূমি মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি মেলার আয়োজন করা হয়েছে। জেলা পর্যায়ে জেলা প্রশাসন ও রাজস্ব সার্কেল/ সদর উপজেলা ভূমি অফিসের সাথে সমন্বয় করে মেলাটি তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক বলেন-অনুষ্ঠিতব্য ভূমি মেলায় সেবা গ্রহীতাদের নিম্নবর্ণিত সেবা প্রদানের ব্যাপারে গুরুত্বারোপ করা হবে। ১. অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এর জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে এ সম্পর্কে ব্যাপক প্রচার করা এবং জনসাধারনকে ভূমি বিষয়ে সচেতন করা হবে। ২. ই-নামজারির আবেদন গ্রহণ। ৩. নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান। ৪. অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ। ৫ অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা। ৬.মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গনশুনানি, আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ ইত্যাদি সকল সেবা জনসাধারণের মাঝে পৌঁছে দেয়া। ৭. এছাড়াও সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা সর্বদা নিয়োজিত রাখা হবে। আব্দুস সামাদ বলেন- সাধারণ নাগরিকগণকে সচেতন করার লক্ষে ভূমি মেলা-২০২৫ উপলক্ষ্যে মন্ত্রণালয় হতে সরবরাহকৃত ভূমিসেবা বিষয়ে সহজপাঠ্য একটি স্বয়ংসম্পূর্ণ ‘ভূমি আমার ঠিকানা’ নামক বুকলেট নাগরিকের নিকট পৌঁছানো হবে। জেলা প্রশাসক এ জেলার সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তির বিষয়ে সচেতনতা তৈরিতে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে একযোগে আয়োজিত ভূমি মেলা-২০২৫ উপলক্ষে ভোলাহাট উপজেলায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবারমডেল মসজিদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান সংবাদ সম্মেলনের করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় ভূমি সেবাসমূহ ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচার, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি সেবা স্টল, ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগিতা, সেবা প্রার্থীদের অভিযোগ গ্রহণ, রেকর্ড ও সমাধানের ব্যবস্থা, সার্বক্ষণিক সেবাবুথে কর্মকর্তার উপস্থিতি, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট ও বুকলেট বিতরণ, বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের বুথ অংশ নিবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন, এই ভূমি মেলা উপজেলা পর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি সেবার স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে। তিনি সবাইকে ভূমি মেলায় উপস্থিত থেকে সেবা গ্রহণ এবং ভূমি বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রেস ব্রিফিং-এ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোর পাঠাশালায় জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

আলোর পাঠাশালায় জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চিত্রাংকন, কুইজ, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা এইসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে অবস্থিত বিদ্যালয়ে এসবের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরআগে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইচ্ছেমত বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা। জাতীয় সংগীতের পর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির কবিতা আবৃত্তির বিষয় ছিল যথাক্রমে কাজী নজরুল ইসলামের লেখা আমি হব, লিচু চোর ও সংকল্প কবিতা। অন্যদিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। দুপুর ১২টায় শুরু হয় আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন চাঁপাইনবাবঞ্জে শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পী রামিজ আহমেদ অন্তর। বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, এসএমসি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, রামিজ আহমেদ অন্তর। কাজী নজরুলের ‘নারী’ কবিতাটি আবৃত্তি ও ইসলামিক গজল পরিবেশন করেন সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন। শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি করেন উম্মে হাবিবা, মরিয়ম খাতুন, সাদিয়া খাতুন, মুসলিমা খাতুনসহ অন্যরা। নজরুলের লেখা হলুদ গাঁদার ফুল গানে নাচ পরিবেশন করেন নন্দিনী সাইচুরি ও সুলেখা টুডু। রাঙামাটির পথে লো গানে নাচ পরিবেশন করে সুরমিলা হাঁসদা, সোনালি হাঁসদা, মৌমিতা হাঁসদা, ববিতা সাইচুরি, রিমিকা সাইচুরি, গীতা মুরমু। নজরুল রচিত রণসংগীতে ডিসপ্লে পরিবেশন করে মরিয়ম ও তার দল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু। অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল শুধু আমাদের জাতীয় কবিই নন। তিনি ছিলেন বিপ্লবের প্রতীক। সাম্যের প্রতীক। তাঁর রচিত গান, কবিতা যুগে যুগে বিপ্লবীদের অনুপ্রেরণা যুগিয়েছে। অধিকার আদায়ের আন্দোলনগুলোতে তাঁর বাণী সকলের মুখে মুখে শোনা যায় এখনও। তিনি আমাদের চেতনার মাঝে লুকিয়ে রয়েছেন। নজরুলের আদর্শকে বুকে লালন করতে পারলে সমাজ থেকে অনাচার ও বৈষম্য দূর হবে। তাই তাঁকে জানতে হবে। তাঁর আদর্শকে অনুসরণ করতে হবে। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়। আগত অতিথি ও সাংস্কৃতিক দলের সদস্যদের কলম উপহার দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল সেনাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল সেনাবাহিনী চাঁপাইনবাবগঞ্জে অন্তত ৮৫৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেড এই কাম্পেইনের আয়োজন করে এবং ক্যাম্পইন পরিচলনায় ছিল চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প (বেঙ্গল ক্যাভ্যালরি)। সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এইচ এম সাদিক ওয়ালিদ আলাপকালে জানান, গাইনী, চক্ষু, শিশু ও মেডিসিন বিভাগের দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। একজন সিভিল ও ৪ জন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করেন। তাদের মধ্যে গাইনী রোগীদের চিকিৎসা প্রদান করেন মেজর শামসুন নাহার, চক্ষু রোগীদের ডা. মালিহা নাওয়ার, মেডিসিন বিভাগের রোগীদের চিকিৎসা প্রদান করেন মেজর মশিউর রহমান ও মেজর মঞ্জুরুল করিম এবং শিশুদের চিকিৎসা প্রদান করেন ক্যাপ্টেন অনন্যা রহমান। এসময় সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন শেখ আরমান হোসেন হৃদয় উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে। এ ধরনের মানবিক কাজের জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানী এবং যুব কর্মসংস্থান শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানী এবং যুব কর্মসংস্থান শীর্ষক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ ফোরাম এই সেমিনারের আয়োজন করে। জেলা শহরের শহিদ সাটু অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুল। সেমিনারে ‘আমের মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব হর্টিকালচারের প্রফেসর ড. জসিম উদ্দিন, ‘লোকালি ম্যাংগো এক্সপোর্টের সমস্যা ও সমাধান বিষয়ে করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নওয়াবী ম্যাংগোর ফাউন্ডার ইসমাইল খান শামীম, ‘আম শিল্প এবং প্রসেসিং’ বিষয় উপস্থাপন করেন কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক, ‘এফ-কমার্স ও ব্র্যান্ডিং’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শরীফ আবু হায়াত অপু, ‘আম রপ্তানি গাইডলাইন’ বিষয়ে আলোচনা করেন এক্সপোর্ট সেবার জাহিদ হাসান। প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আম কে শিল্পে রূপ দিতে হবে। আম থেকে জুস, আচারসহ বহুবিধ প্রক্রিয়াজাত পণ্য হিসেবে ব্যবহার করে পুরো বছর জুড়ে আমের ব্যবহারের মাধ্যমে আমকে শিল্পে রূপ দেওয়া সম্ভব। চাঁপাইনবাবগঞ্জে একটি আম গবেষণা কেন্দ্র থাকলেও খুবই হতাশাজনক বিষয় হচ্ছে এই গবেষণা কেন্দ্র আমকে শিল্পে রূপ দেওয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমন কি স্বাধীনতার ৫৪ বছরে কোনো সরকার আমের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি আরো বলেন, আম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক চালিকাশক্তি। আম রপ্তানি ছাড়াও এই জেলায় বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন হয়ে আসছে। কৃষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর অবদান অনস্বীকার্য। আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ সুযোগ দিলে চাঁপাইনবাবগঞ্জে ইকোনমিক জোন গড়ে তোলা হবে। চাঁপাইনবাবগঞ্জকে ম্যাংগো ফাউন্ডেশনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম এই যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। তিনি কৃষক ও উদ্যোক্তাকে একই প্লাটফর্মে এনে মধ্যস্বত্তাভোগীদের হাত থেকে রক্ষা করে কৃষকদের লাভবান করার তার উদ্যোগের কথা জানান। এজন্য তিনি, একটি স্মার্ট অ্যাপস্ তৈরির ঘোষণা দেন। নতুন নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশের কুটনৈতিকদের নিয়ে একটি আম প্রদর্শন মেলার আয়োজন করার পাশাপাশি সরকারের সহায়তায় পরিবহন ব্যবস্থাপনা সহজ করে আমের বাজারজাতের মাধ্যমে আমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে তিনি উপস্থিত যুব উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। দিনব্যাপী সেমিনারে জেলার ৪ শতাধিক যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।