গোমস্তাপুরে সাপে কাটা রোগীর ৬ দিন পর মৃত্যু

গোমস্তাপুরে সাপে কাটা রোগীর ৬ দিন পর মৃত্যু গোমস্তাপুরে সাপের কামড়ে আলমগীর হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। ৬ দিন পর শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া আলমগীর ওই গ্রামের মৃত সাদির আলীর ছেলে। এর আগে গত ৩১ আগস্ট গোমস্তাপুর উপজেলার রাধনগর ইউনিয়নের বেগপুর গ্রামে বাড়ির পাশে দৈইলা বিলে তাকে সাপে কাটে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, গত ৩১ আগস্ট বিকালে দৈইলা বিলে মাছ ধরতে যায় আলমগীর। বিলের ঘাটে বাঁধা নৌকাতে ওঠার সময় একটি সাপ তার বাম পায়ে কামড় দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৬ দিন পর আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন চাঁপাইনবাবগঞ্জের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে অটোরিক্সা র‌্যালী ও শিশুদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা আইনজীবী সমিতি ভবন চত্বর থেকে ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহনে বের হওয়া ‘মুবারাক’ র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। স্থানীয় ঈদ-ই-মিলাদুন্নবী(স.) উদযাপন কমিটি আয়োজিত র‌্যালী থেকে পরিবেশিত হয় সুমধুর কণ্ঠের হামদ ও নাত। র‌্যালী শেষে দেশ ও জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাবারক (মিষ্টান্ন) বিতরণ করা হয়। র‌্যালীতে অংশ নেন উদযাপন কমিটি সভাপতি এড.আফসার আলী, সহ-সভাপতি জহির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক শাহিন সরকার, সদস্য জাকির হোসেন, কামরুজ্জামান খাঁন সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। এদিকে, দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন শিশু শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। আজ সকালে জেলা মডেল মসজিদে ইফা কার্যালয়ে শিশুরা কেরাত, নাত, হামদ, রসুল (স.)-এর শানে কবিতা, রচনা ও আযান প্রতিযোগিতায় অংশ নেয়। দুপুরে প্রতিযোগিতা ও আলোচনা শেষে ইফা উপ-পরিচালক গোলাম মোস্তাফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মহানবী হজরত মোহাম্মদ (স.) জীবনী নিয়ে রচিত বই উপহার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এদিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(স.) উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে মসজিদে গতকাল বাদ জুম্মাহ থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিছু মসজিদে শুক্রবার বাদ এশা এবং কিছু মসজিদে আজ বিভিন্ন ওয়াক্তের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাবুডাইং আলোর পাঠশালা। এ উপলক্ষে শনিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং-এ বিদ্যালয়ে ক্বিরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন। বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন জামিয়া সালাফিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। এরপর শিক্ষার্থীদের নিয়ে হামদ-নাত, ক্বিরাত ও নবীজীকে নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা ও পৃথকভাবে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতার ২০ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। এসময় বক্তারা বলেন, হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশেষ নবী ও রাসুল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহিদের বাণি নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তিনি ছিলেন একজন আদর্শবান মানবিক মানুষ। যে বিধর্মী নারী তাঁর পথে কাঁটা বিছিয়ে তাঁকে কষ্ট দিয়েছেন, সেই নারী অসুস্থ হলে সেবা করে তাকে সুস্থ করেছেন তিনি। তিনি মানুষকে শান্তির পথে নিয়ে এসেছেন। আমরা তার আদর্শকে অনুসরণ করে শান্তি প্রতিষ্ঠায় কাজ করব। শেষে দোয়া পরিচালনা করেন মো. আব্দুল কুদ্দুস।  

২ দিনের ছুটিতে সোনামসজিদ স্থলবন্দর

২ দিনের ছুটিতে সোনামসজিদ স্থলবন্দর দুই দিনের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সাপ্তাহিক ও আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই স্থলবন্দর দুদিন ছুটি ঘোষণা করা হয়। এতথ্য নিশ্চিত করে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, সাধারণত সোনামসজিদ স্থলবন্দরে সাপ্তাহিক ছুটি হিসেবে অন্যসব প্রতিষ্ঠানের মতো শুক্রবার বন্ধ থাকে। এছাড়া শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী। এতে সোনামসজিদ স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার কার্যক্রম চালু থাকবে। আগামীকাল থেকে আবারও যথারীতি নিয়মে বন্দরের কার্যক্রম শুরু হবে।

ভোলাহাটে মেগা ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভোলাহাটে মেগা ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভোলাহাট উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে মেগা ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্টে ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১ ও ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ২ অংশগ্রহণ করে। ১-০ গোলে ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১ বিজয় ছিনিয়ে নেয়। পরে চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ ও ৩০ হাজার টাকা, রানার্স আপ দলকে গোল্ডকাপ ও ২০ হাজার টাকা তুলে দেন খেলার সভাপতি ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম, সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আম ফাউন্ডেশনের সদস্য সচিব মুনসুর আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল রহমান, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়াসহ অন্যরা। গত ২৫ আগষ্ট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। উপজেলার মোট চারটি ইউনিয়ন পরিষদ থেকে ৮টি ফুটবল দল অংশগ্রহণ করে। আগামী ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলায় অন্যান্য উপজেলার ফুটবল দলের সাথে প্রতিযোগিতা করবে বিজয়ী ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১।

নাচোলে চুরি হওয়া গরুসহ আটক ১

নাচোলে চুরি হওয়া গরুসহ আটক ১ নাচোলে চুরি হওয়া একটি গাভী উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তোফাজ্জল নামের একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। আজ সকালে নাচোল মধ্যবাজার থেকে গাভীসহ তাকে আটক করা হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গত ৩ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে মাক্তাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে গোলাম মোস্তফার বাড়ির বাইরে বকনা ও গাভীসহ ৪টি গরুকে খড় খেতে দিয়ে এশার নামাজ আদায় করতে যান। রাত পৌনে ৯টার দিকে এশার নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন ৩টি গরু থাকলেও মেটে সাদা রংয়ের ১ টি গাভী নেই। যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা। পরবর্তীতে গাভির মালিক নাচোল থানায় গরু চুরি সংক্রান্ত এজাহার দায়ের কররেন। এজাহারটি নাচোল থানা পুলিশ মামলা হিসেবে গ্রহণ করে। অনুসন্ধানের এক পর্যায়ে আজ সকালে নাচোল মধ্যবাজারের একজনের বাড়ির পিছন থেকে চুরি হওয়া গাভীসহ গোলাম মোস্তফা আটক করা হয়।

প্রয়াত সম্পাদক গোলাম রশিদকে স্মরণ জেলা স্কাউটসের

প্রয়াত সম্পাদক গোলাম রশিদকে স্মরণ জেলা স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক গোলাম রশিদ স্মরণে শুক্রবার বিকেলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট। জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, গোলাম রশিদের বোন পারভিন কবীর, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের উপপরিচালক আব্দুর রশিদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনজীবী সাইফুল ইসলাম, বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাহবুবুর রহমান মিন্টু, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, কোষাধ্যক্ষ আসলাম কবীর, শংকরবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনসহ বিশিষ্টজনরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটসের সহসভাপতি মারুফুল হক। বক্তারা বলেন, গোলাম রশিদ শুধু একজন স্কাউটার ছিলেন না। তিনি ছিলেন একজন দক্ষ নেতা। ছিলেন সমাজসেবীও। তাঁর একনিষ্ঠ পরিশ্রম ও দক্ষ নেতৃত্বে জেলায় স্কাউট কার্যক্রম গতি পেয়েছিল তাই স্কাউটস এগিয়ে গেছে অনেকদূর। তাঁকে আমাদের স্মরণে রাখতে হবে। স্কাউটসকে নিয়ে তাঁর দেখা স্বপ্নগুলো পূরণ করতে হবে। তারা আরো বলেন-সরাসরি সরকারি কোনো অনুদান ছাড়াই স্থানীয় মানুষ ও জেলা প্রশাসনের সহযোগিতায় যে সাততলা ফাউন্ডেশনের দোতলা স্কাউট ভবন নির্মিত হয়েছে, তার সিংহভাগ কৃতিত্ব গোলাম রশিদের। এমন নিবেদিতপ্রাণ স্কাউটারের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৭ জন ও বহির্বিভাগে ৩ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬ জন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৪ জনকে। এছাড়া ১ জন পুরুষ রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৭৯৪ জন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২৪৯ জন।

যৌথ অভিযানে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

যৌথ অভিযানে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক মিজানুর রহমান ওরফে মিজান নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি ৯ বছর যাবৎ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিলেন। আটক মিজান শিবগঞ্জের বিনোদপুর আইরামারী গ্রামের মহিজ উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, গতকাল সন্ধ্যার পরে শিবগঞ্জের মনাকষা বাজার থেকে র‌্যাব-৪ মানিকগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালে মিজানের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় একটি মাদক মামলার মামলা দায়েরের পর তিনি পলাতক হন। বিভিন্ন ছদ্মবেশে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন। তাঁর অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয়। বিচারে তাঁকে যাবজ্জীবন কারাদন্ড সেই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রদানকালে পলাতক থাকায় তাঁর নামে সাজা পরোয়ানা জারি হয়। গতকাল গ্রেপ্তারের পর আজ তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআ্ই) স্বপন কুমার বলেন, গত ১ মাস পূর্বে শিবগঞ্জে ফিরে এসে মিজান একটি নার্সারিতে শ্রমিক হিসেবে যোগ দেন। এর আগে তিনি ঢাকায় রিক্সা চালাতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। আজ দুপুরে মিজানকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মাদকের ছোবলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে মাদকের আগ্রাসন রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়ে সামরিক বাহিনীর সাবেক সদস্যরা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। আজ সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পৌর ১৪ নং ওয়ার্ডবাসী অংশ নেন। তাদের সাথে যোগ দেন ১৩ ও ১৫নং ওয়ার্ডের বাসিন্দা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার সদস্যরা। সংহতি জানিয়ে অংশ নেন শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অংশগ্রহণকারীরা ১৪ নং ওয়ার্ডের জোড়বাগান বস্তিকে শহরে মাদকের একটি প্রধান স্পট চিহ্নিত করে এ স্থান থেকে মাদক নির্মুলে জোর অভিযান চালানোর জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান। মানববন্ধনে বক্তব্য দেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য সায়েদুজ্জমান, বাহার আলী, জিয়া উদ্দিন, এলাকাবাসী মেহেদী হাসান, ইউসুফ আলী লাভলু সহ অন্যান্যরা। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান জানান, অভিযোগের ব্যাপারে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ৩ জন এবং গোমস্তাপুরে ২ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫ জন। তাদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন মহিলা ও ২ জন শিশু রোগী রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৩ জনকে। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন মহিলা রোগী ছিলেন। এছাড়া ১ জন পুরুষ রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে শিবগঞ্জে ভর্তি আছেন ৩ জন ও গোমস্তাপুরে ২ জন রোগী। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৭৮৭ জন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২৪৬ জন।