চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোজনা সভা অনুষ্ঠিত হয়। ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’— এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন— অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। উজ্জ্বল কুমার ঘোষ বলেন— আমরা অনেক আগেই প্রযুক্তির যুগে প্রবেশ করেছি। আমরা যদি সাক্ষরতাকে ডিজিটাল যুগে প্রবেশ করাতে চাই তাহলে আমাদেরকে ডিজিটাল ডিভাইস ও ডিজিটাল অ্যাপ বা সফ্টওয়্যারগুলোর ব্যবহার জানতে হবে। যদি কারো হাতে আপনি ডিজিটাল ডিভাইস দিয়ে দেন, তাহলে দেখবেন যে সে তার পছন্দের অ্যাপ বা সফ্টওয়্যারটি ওপেন করতে পারছে। কিন্তু সেটার সঠিক ব্যবহার কিন্তু সে জানে না। তাই সেই অ্যাপ বা সফ্টওয়্যারের সর্বোত্তম ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সেই বিষয়ে জানতে হবে, শিখতে হবে। যে কোনো সমস্যার জন্য আপনি প্রযুক্তির সহায়তা নিতে পারেন। তবে আমাদের অতিমাত্রায় এআই বা প্রযুক্তিনির্ভর হওয়া যাবে না। এতে আমাদের নিজেদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে, বুদ্ধিবৃত্তির নতুনত্ব পিছিয়ে যেতে পারে। আর এর জন্য যারা মনিটরিংয়ের দায়িত্বে থাকেন, তাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জের সাক্ষরতার হার আগের থেকে অনেকাংশে বেড়েছে। তবে অর্জিত শিক্ষা, তার সাথে প্রযুক্তির বেসিক কিছু বিষয় যুক্ত করতে হবে। আর সাক্ষর শিক্ষা গ্রহণকারীদের মধ্যে নিজের আগ্রহ জাগিয়ে তোলা অর্থাৎ সশিক্ষিত লোকবান্ধব সমাজ গড়ে তোলা। তাহলেই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের সমাজ ও জেলা। আর বাংলাদেশ পরিণত হবে সুখী, সমৃদ্ধ জ্ঞানের আলোকিত বাংলাদেশে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন— জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অ. দা.) মো. আব্দুর রাজ্জাক, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ দাস।
রানীহাটি ইউনিয়নে খরা সহনশীল কৃষি চর্চায় সিসিএজি সদস্যদের প্রশিক্ষণ

রানীহাটি ইউনিয়নে খরা সহনশীল কৃষি চর্চায় সিসিএজি সদস্যদের প্রশিক্ষণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খরা সহনশীল কৃষি পদ্ধতির প্রসার ঘটাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। কার্যক্রমটি বাস্তবায়িত হয় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিসিএজি সদস্য এবং স্থানীয় কৃষকরা। প্রশিক্ষণে কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন এবং খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে সচেতন করা হয়। এছাড়াও খরাসহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির পরিত্যক্ত জায়গায় উঠানবাগান গড়ে তোলা, ভার্মি কম্পোস্ট তৈরির কৌশল এবং পানি সংরক্ষণ পদ্ধতি নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক কৃষিবিদ এ.এ.এম. ওয়াহিদুজ্জামান, শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম এবং ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের কৃষিবিদ মো. ফয়জুল হক। খরাপ্রবণ অঞ্চলের বাস্তব জলবায়ুর পরিবর্তিত পরিস্থিতি ও চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। এছাড়াও প্রশিক্ষণে পরিবেশবান্ধব কৃষি প্রসারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া হয় এবং ভার্মি কম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একইসাথে প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট ঋণ কার্যক্রম সম্পর্কেও দিকনির্দেশনা দেন ইউনিট-১০ এর শাখা ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম। সার্বিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেন সিএমও সিভিল মো. রোকনুজ্জামান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রতিটি সিসিএজি সদস্যকে একটি করে খরাসহিষ্ণু পেয়ারা গাছের চারা দেয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এমন কার্যক্রম তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন চাষ পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।
চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট পড়ে বাড়ি ফেরা পথে ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট পড়ে বাড়ি ফেরা পথে ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ফাতিমা খাতুন (১০) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর ভবানীপুর মহল্লার মো. ইসমাইল হোসেনের মেয়ে। সোমবার বিকেলে বাঁশবাড়িয়া চৌমুহনি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ও স্থানীয় সূত্র জানান, সোমবার বিকল সাড়ে ৫টার দিকে প্রাইভেট পড়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ফাতিমা। পথে বাঁশবাড়িয়া চৌমুহনি মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জে পিএফটিআই’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে পিএফটিআই’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট (পিএফটিআই)’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশায় অবস্থিত পিএফটিআই’র হলরুমে এই কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. কবীর উদ্দিন আহমেদ, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাওসার আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সহধর্মিণী রেবেকা সুলতানা মুক্তি। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, পিএফটিআইয়ের টিম লিডার আহমেদ ফ্রান্সসহ আরো অনেকে। প্রথমে পিএফটিআই’র নাট্যকর্মীদের অংশগ্রহণে নাটক পরিবেশন করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। শেষে গান, কোরিওগ্রাফি ও গম্ভীরা পরিবেশন করে পিএফটিআই’র শিল্পীবৃন্দ। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট ১৯ বছরে পদার্পণ করে।
শিশুপরিবারে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

শিশুপরিবারে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেক হোল্ডার ও অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের শিশু পরিবার জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএসবিসি প্রকল্পের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত, জেলা সমাজসেবা অফিসার ফিরোজ কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, নাচোল উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো: কিবরিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানাজার জেমস বিশ্বাস, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিমসহ অন্যরা। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিয়ে প্রতিরোধে বিয়ে নিবন্ধনের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে বাল্যবিয়ের হবার পরেও এর সাথে সম্পৃক্ত সকলেই শাস্তির আওতায় পড়তে পারেন বলেও জানান তিনি। পরে দুপুরে শিশু পরিবারের সদস্যদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তারা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৩ জন শিশু রোগী রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১ জন পুরুষ রোগীকে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৮০০ জন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২৪৯ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘনায় নিহত দুই প্রবাসীর দাফন সম্পন্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘনায় নিহত দুই প্রবাসীর দাফন সম্পন্ন মালয়েশিয়া সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী রেমিটেন্সযোদ্ধার মরদেহ দেশে এসে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। আজ তাদের দাফন সম্পন্ন হয়। এরআগে তাদের দুজনের মরদেহ গোমস্তাপুর ইউনিয়নের নিজ গ্রামে এসে পৌছালে পরিবারসহ এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত তুহিন আলি গোপালনগর গ্রামের বাসিন্দা শুকুরুদ্দিন কালুর ছেলে। অপরজন একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের কাবিলের ছেলে শামিম রেজা। তারা দুজনই মালেশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন। গত ৩১ আগষ্ট তারা সড়ক দুর্ঘনায় নিহত হন। এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিন মালেশিয়ায় সরকারি ছুটি ছিল। ওইদিন তুহিন ও শামীমসহ ৫জন ওভারটাইম কাজ করছিলেন। কাজ শেষে তারা একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন। পথে পাহাড়ি এলাকার সুঙ্গাই কোয়ানে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সে সময় তাদের সঙ্গে থাকা ৩জন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা প্রায় ৩ বছর আগে জীবন ও জীবিকার তাগিদে এবং পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়ায় গিয়েছিলেন। নিহত তুহিনের স্ত্রীসহ এক ছেলে, এক মেয়ে এবং মা-বাবা রয়েছে। এছাড়া শামিমের ভ্যানচালক বাবা রয়েছে। তিনি ধারদেনাসহ এনজিওতে ঋণ করে ভাগ্য পরিবর্তেনর আসায় প্রবাসে যান। হুজরাপুর মডেল একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শামিম গত কয়েকবছর আগে তার প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেন। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, তুহিন ও শামিমের মরদেহ আজ সকালে গ্রামে ফেরার পর দাফন সম্পন্ন হয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। কোন সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে একশত গ্রাম হেরোইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় রনি ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র পলাতক আসামী রনির অনুপস্থিতিতে এ আদেশ প্রদান করেন। দন্ডিত রনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি মাদারপুর মান্দেরপুর এলাকার মজিবুর রহমান ওরফে কালুর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানাগেছে, গত ২০২৩ সালের ৬ এপ্রিল গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন রনি। এ ঘটনায় রনিকে একমাত্র আসামী করে সদর থানায় মামলা করেন ডিবি’র তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আসগার আলী। ৯ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ রনিকে দোষী সাব্যস্ত করে মামলায় সাজা ঘোষণা করেন।
পলাতক মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পলাতক মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সদর উপজেলায় মাদক মামলায় ৩ বছরের কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ব্যক্তি সদর উপজেলার রামচন্দ্রপুর চোখাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সেলিম রেজা। র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য ২০১৯ সালে সদর থানায় সেলিম রেজার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরের পর থেকে ৬ বছর যাবৎ তিনি পলাতক ছিলেন। ২০২৪ সালের ৩১ মার্চ তাঁর অনুপস্থিতিতেই মামলার বিচারকার্য সম্পন্ন হয়। এতে আসামিকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন আদালত।
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, জ্যেষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আব্দুস সালাম ও আবুল কালাম আজাদসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধি বৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।