বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন

বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন অফিস র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া। উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসারসহ আরো অনেকে। সভায় মানসিক স্বাস্থ্য নিয়ে মাল্টিমিডিয়ায় বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এনসিডি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান শাহীন। কর্মসূচিতে বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে রোধে ওরিয়েন্টেশন

শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে রোধে ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টেশন/প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা। তিনি বলেন, “শিশু ও নারীর নিরাপত্তা শুধু পরিবারের নয়, সমাজেরও দায়িত্ব। ধর্ম আমাদের ন্যায়, ভালোবাসা আর মানবিকতার পথ দেখায়।” এস.এস.বি.সি. প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল বাল্যবিয়ের ক্ষতিকর দিক, আইন ও শাস্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আরো বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা আব্দুল কাদের। ওরিয়েন্টশনটি স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

শিক্ষকতা কোনো চাকরি নয়, মহান পেশা : মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

শিক্ষকতা কোনো চাকরি নয়, মহান পেশা : মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক বলেছেন, শিক্ষকতা কোনো চাকরি নয়, এটি একটি মহান পেশা। তাই শিক্ষকতার সময় নির্ধারণ করে দিলেই যে শিক্ষার মান বাড়বে এমনটা নয়। বরং আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষকরা পাঠদান করলেই শিক্ষার্থীরা শিখতে পারবেন এবং শিক্ষার মান বাড়বে। শিক্ষার্থীদের সমস্যাগুলো একজন শিক্ষককে বুঝতে হবে। তবেই শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বাড়বে। তারা প্রতিষ্ঠানমুখী হবে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা বিভাগকে ধ্বংস করে দেয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু আজ যখন দ্বীনি শিক্ষার পরিবেশ ফিরে এসেছে, তখন এই সুযোগকে কাজে লাগিয়ে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদাহরণ টেনে বলেন, মানসম্মত শিক্ষায় পারে একটা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ধরে রাখতে। অন্যথায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা বা উপবৃত্তি দিয়েও কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থী খরায় ভুগছে। বাংলাদেশের বেশকিছু প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর অভাবে একটি অন্যটির সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে। অপরদিকে মানসম্মত শিক্ষা প্রদানের কারণে কিছু নূরানী মাদ্রাসাসহ বেসরকারি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীর চাপে কোটা পূরণ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। তাই আমাদের এমপিওভুক্ত এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান আরো বাড়াতে হবে। পাশাপাশি আমরা চেষ্টা করছি, মানসম্মত শিক্ষা প্রদানকারী কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়ার। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন— রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের আমির মাওলানা ড. মো. কেরামত আলী, শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জোবদুল হক, সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. এনামুল হকসহ মাদ্রাসাটির শিক্ষক-কর্মচারীগণ। শেষে মাদ্রাসার বিভিন্ন স্তরের ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষাবিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান। এর আগে তিনি সড়কপথে সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসায় পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তাকে মাদ্রাসার পক্ষ থেকে একটি আম খোদাই করা কাঁসার থালা উপহার দেয়া হয়।

নাচোলে ব্যস্ত সময় পার করে গেলেন বিভাগীয় কমিশনার

নাচোলে ব্যস্ত সময় পার করে গেলেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি সফরে এসে ব্যস্ত সময় পার করে গেলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এনডিসি। তিনি সরকারি সফরের পাশাপাশি উপজেলার সুধী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পৃথকভাবে মতবিনিময় করেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক। এদিকে উপজেলার কলেজ, মাদ্রাসা, হাই স্কুল ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে একই স্থানে শিক্ষার মান ও বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে বিনামূল্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে প্রাথমিক চিকিৎসার জন্য একটি করে কিডস বক্স তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার উপজেলা চত্বরে একটি ফলদ বৃক্ষ চারা রোপণ করেন। এর আগে বিভাগীয় কমিশনার নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৪ জন ও বহির্বিভাগে ২ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৭ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৫১ জন। অন্যদিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে চলতি বছরের এ পর্যন্ত ১ হাজার ৯৫৯ জন ও বহির্বিভাগে ১ হাজার ৩৫০ জন শনাক্ত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হাত ধোয়া দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হাত ধোয়া দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এলজিইডি) সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এই কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে জেলাশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন— পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক গোলাম ফারুক, পৌর কর্মচারী সংসদের সিনিয়র সহসভাপতি রবিউল আওয়াল, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান। এসময় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যরা উপস্থিত ছিলেন। হাত ধোয়ার নায়ক হোন— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, যেখানে-সেখানে এবং ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা ফেলবেন না। আপনাদের নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

রাজশাহীতে বাসচাপায় চাঁপাইনবাবগঞ্জের দুজন নিহত

রাজশাহীতে বাসচাপায় চাঁপাইনবাবগঞ্জের দুজন নিহত রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিটি হাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া এলাকার আব্দুল মান্নান খানের ছেলে আজিজুর রহমান পাভেল খান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কিচনিদহ গ্রামের আবুল কাশেমের ছেলে সাইপ্রাস প্রবাসী সইবুর রহমান (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাভেল ও সইবুর একটি মোটরসাইকেলে করে রাজশাহী নগরীর সিটি হাট এলাকায় ইউটার্ন নেয়ার সময় দূরপাল্লার একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই একজনের ও হাসপাতালে নেয়ার পর অপরজনের মৃত্যু হয়। পাভেলের স্বজনরা জানিয়েছেন, সইবুর রহমানের জন্য মোটরসাইকেল ক্রয় করতে রাজশাহীতে যাচ্ছিলেন তারা। গেল ৬ অক্টোবর সইবুর রহমান দেশে এসেছেন। তারা দুপুর ১২টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সিটি হাটের কাছে দুর্ঘটনার শিকার হন। তাদের মরদেহ সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছে। শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোস্তারিন জানান, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে দুই মোটরসাইকেল আরোহী আসছিলেন। হাটের কারণে সেখানে যানজট থাকায় রাজশাহীর দিক থেকে যাওয়া একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে আজিজুর রহমান পাভেল মারা যান। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান সইবুর রহমান। তিনি বলেন, ঘটনার পর মোটরসাইকেল ও বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। চালক ও সহকারী বাস রেখে পালিয়ে গেছে। পরিবার চাইলে মামলা করতে পারে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে আজ বৃহস্পতিবার ফকিরপাড়া ঈদগাহ ময়দানে সকল ৯টায় নামাজে জানাজা শেষে পাভেলকে ফকিরপাড়া গোরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঝিলিমে মোটরসাইকেল থেকে পড়ে নিহত দুই তরুণ

ঝিলিমে মোটরসাইকেল থেকে পড়ে নিহত দুই তরুণ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সদর উপজেলার ধিনগর গ্রামের মো. কামালের ছেলে সিহাব (২২) ও মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজান (২১)। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ঝিলিম ইউনিয়নের কেন্দুল এলাকা দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল সিহাব, মিজান ও ইমন নামের তিন তরুণ। পথে কেন্দুল এলাকায় একটি কালভাটের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল হতে পড়ে গিয়ে গুরুতর আহত হয় তারা। এসময় তাদের উদ্ধার করে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মিজান মারা যায় এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিহাব। এ ঘটনায় আহত আমনুরা কলোনির শফিকুলের ছেলে ইমন (২৫) রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। মামলা না করায় স্ব স্ব পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান মডেল থানার ওসি (তদন্ত)।

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’— এই স্লোগানকে সামনে রেখে বুধবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ১০ জন মোটরসাইকেল চালককে বিনামূল্যে ১০টি হেলমেট দেয়া হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক শাহজামান হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকেশৗলী নাহিনুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রাকিবুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, জেলা নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল আলম মিঠু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। সড়ক দুর্ঘটনা রোধে কাউকে দোষারোপ না করে যে যার অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানের সভাপতি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ৩৬ জন মানুষ নিহত হয়েছেন। তিনি সবাইকে ট্রাফিক আইন ও সাইন মেনে চলার আহ্বান জানান।

চরবাগডাঙ্গায় পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

চরবাগডাঙ্গায় পদ্মায় ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানিতে ডুবে আহাম্মদ নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়ালডুবি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু গোয়ালডুবি গ্রামের মো. সোহাবুল ইসলামের ছেলে। চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন— আজ দুপুর ১টার দিকে আরো কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায় শিশু আহাম্মদ। একপর্যায়ে সে ডুবে যায়। জানতে পেরে অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসী ও শিশুটির পরিবার দুপুর ২টার দিকে শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। সদর থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চত করেছেন।