শিবগঞ্জে পুলিশি অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন জব্দ

শিবগঞ্জে পুলিশি অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন জব্দ শিবগঞ্জে পুলিশ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন জব্দ হয়েছে। পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে বিনোদপুর ইউনিয়নের সীমান্তেবর্তী কালীগঞ্জ খোঁচাপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। অভিযানে একটি টিস্যু পেপারের শপিং ব্যাগের ভেতর আরেকটি ব্যাগে ইংরেজী সংবাদপত্রের তৈরী প্যাকেটে মোড়ানো ১টি ৭.৬৫ মিমি আমেরিকান পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
জেলায় গরুর মাংস ও দেশী মুরগির দাম বৃদ্ধি

জেলায় গরুর মাংস ও দেশী মুরগির দাম বৃদ্ধি চাঁপাইনবাবগঞ্জে গরুর মাংস ও দেশী মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধির কারণ বলে মাংস বিক্রেতারা জানিয়েছেন। আজ সকালে জেলা শহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। গরুর মাংস বিক্রেতা সেলিম জানান, গাভীর মাংস ৬৫০ টাকা থেকে ৭০০ টাকা, ষাঁড়ের মাংস ৭৫০ টাকা থেকে ৮০০, ছাগলের মাংস ৯০০ টাকা থেকে ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মুরগি বিক্রেতারা জানান, দেশী মুরগি ৫২০ টাকা, সোনালি ২৭০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা, প্যারেন্স ৩৫০ টাকা, লাল লেয়ার ২৮০ টাকা, বতক ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কবুতরের বাচ্চা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। বস্তায় চাল বিক্রেতা কাওসার আলী রুবেল জানান, ২৮ জাতের চাল প্রতিকেজি ৬৮ টাকা, মিনিকেড ৭৮ টাকা, পাইজাম ৫২ টাকা, আতপ ১৩২ টাকা, বাসমতি ৯৫ টাকা, কাটারিভোগ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আব্দুর রহমান বাবু জানান, লাল স্বর্ণা প্রতিকেজি ৫০ টাকা, সাদা স্বর্ণা ৪৫ টাকা, ২৮ চাল ৬৫—৭০ টাকা, জিরাসাইল ৭০—৭৫ টাকা, গমের খোলা আটা ৪৬ টাকা, মসুর ডাল ৮০—১৬০ টাকা, মটর ডাল ১১০ টাকা, খেসাড়ির ডাল ১০০ টাকা, ছোলার ডাল ১২০ টাকা, মুগডাল ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে ৩৫ টাকা হালি। সবজি বিক্রেতা আব্দুল খালেক জানান, বেগুন ৩৫ টাকা, ফুলকপি ৩০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ১৪০ টাকা, টমেটো ৫০ টাকা, গাজর ৪০ টাকা, মটরসুঁটি ৬০—১২০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা কলা ৪০ টাকা, আলু ২০—২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস পাতা কপি ৩০ টাকা ও লাউ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। মাছ বিক্রেতারা জানান, বড় সাইজের সিলভার কার্প ও ব্রিগহেড ৩২০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা, দেশি সিং ৬০০—৮০০ টাকা, বাইম ৮০০ টাকা, ওজন ভেদে রুই ২৪০ টাকা থেকে ৪৫০ টাকা, মিড়কা ২৫০ টাকা, বড় কাতল ৪৫০ টাকা, পাঙ্গাস ২২০ টাকা, জাপানি রুই ২৩০ টাকা, চিতল ৬৫০ টাকা, শোল ৭৭০ টাকা, চিংড়ি ৮৫০ টাকা, আইড় ১৩০০ টাকা, বাসট ১৪০০ টাকা, ট্যাংরা ৫৫০—৮০০ টাকা, পাবতা ৩৬০ টাকা, দেশী পুঁটি ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে ৬ বছর ধরে পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

চাঁপাইনবাবগঞ্জে ৬ বছর ধরে পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৬ বছর যাবৎ পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। তিনি সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠানরপাড়া গ্রামের জেম খাঁ’র ছেলে সাত্তার খাঁ। র্যাব জানায়, গতকাল রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড এলাকার একটি রেষ্ট্ররেন্টের ভেতর থেকে আটক করা হয়। আজ সকাল ১১টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে শিবগঞ্জ থানা এলাকা থেকে ফেনসিডিল হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার হন সাত্তার। এঘটনায় দায়ের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের হয়। পরে জামিনে বেরিয়ে তিনি পলাতক হন। তাঁর অনুপস্থিতিতেই মামলার রায়ে ৫ বছরের সাজা হয়। এরই ধারবাহিকতায় গতকাল রাতে গ্রেপ্তার হন সাত্তার। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হরুনুর রশীদের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের পাঠানপাড়ায় দলীয় কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রের এবং ভোট কক্ষের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন— প্রার্থী হারুনুর রশীদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তরিফ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ অন্যরা। প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড এবং সদর উপজেলার বালিয়াডাঙ্গা, ঝিলিম ও মহারাজপুর ইউনিয়নের পোলিং এজেন্টরা অংশগ্রহণ করেন। বাকি ১২টি ইউনিয়নের পোলিং এজেন্টদের আগামীকাল শনিবার একই ধরনের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানানো হয়।
প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দিয়ে কথা বলা হবে না

প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দিয়ে কথা বলা হবে না বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ৫৪ বছরে শাসন হোক আর অপশাসন হোক মানুষ দেখেছে। ওটা দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। পুরাতন বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল, “‘উই ওয়ান্ট জাস্টিস’ আমরা সর্বক্ষেত্রে ন্যায়বিচার চায়।” তার মানে হলো দেশে ন্যায়বিচার নেই। সেই ন্যায়বিচার আমরা প্রতিষ্ঠা করব। তিনি বলেন, রাজার জন্য যে বিচার, সকলের জন্যও সেই একই বিচার। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচারে যেমন শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীও একই ধরনের অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সাঁওতাল নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী, সকলের জন্য। এই বিচার যখন কায়েম করা হবে, বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদের ধরে এনে কাজে নিয়োগ দেয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরো বলেন— দুর্নীতি যারা করে তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। দুটি কারণে মানুষ দুর্নীতি করে, একটি হলো লোভ আর একটি হলো বাধ্য হয়ে। সামরিক বাহিনী, পুলিশ র্যাবসহ আধাসরকারি বাহিনীর সদস্যদের কথা উল্লেখ করে তিনি বলেন— আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাত নেই, দিন নেই ২৪ ঘণ্টা অন ডিউটি পাগল হয়ে দৌড়ায়। তাদেরকে যদি ৮ ঘণ্টা ডিউটি করার লোকদের সমান বেতন দেয়া হয় তাহলে সেটা কি ইনসাফ হবে? হবে না, সেটা হবে চরম বেইনসাফি। আমরা বৈষম্য দূর করতে চাই। একজন কর্মচারী-কর্মকর্তা, সে সরকারি-বেসরকারি, আধাসরকারি, স্বায়িত্তবশাসিত যেখানে হোক, সে যেন তার মেধা উজাড় করে সেবা দিতে পারে আমরা সেই ব্যবস্থা করব। আর রাষ্ট্র ও নিয়োগকারী সংস্থাও যেন তাদের সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ-সুবিধা করে দিতে পারে আমরা তা নিশ্চিত করব। ডা. শফিকুর রহমান বলেন, আমাদের যুবক-যুবতীরা বেকার ভাতার জন্য আন্দোলন করেনি, তারা কাজের জন্য আন্দোলন করেছে। আমরা ওয়াদা করছি, তোমাদের হাতে অপমানের বেকার ভাতা আমরা তুলে দিব না। বরং তোমাদের হাতগুলো আমরা দক্ষ বানিয়ে তোমাদের মর্যাদাপূর্ণ কাজ দিব। সেদিন তোমরা দেশ গড়বে। তৈরি হয়ে যাও, তোমাদের জন্যই আমরা এই দেশ গড়তে নেমেছি, তোমাদের হাতেই এই দেশের ভার আমরা তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, সেই উড়োজাহাজের চালকের সিটে বসবে যুবকরা আর আমরা বসব পেছনের যাত্রীর সিটে। যুবকরা রকেট গতিতে দেশকে সামনের দিকে নিয়ে যাবে। পেছনে ফিরে তাকাবার আর আমাদের সময় নেই। সকল জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে বুকে ধারণ করে আমাদের এই যাত্রা শুরু। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন— মা-বোনদের কাছে আমার অঙ্গীকার, আপনাদের বহুবিধ অবদান, তার একটিরও প্রতিদান দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়, আপনাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু দুটি জিনিস আমরা মা-বোনদের জন্য নিশ্চিত করতে চাই। একটি হলো সমাজের সকল স্তরে আপনাদের অধিকার ও মর্যাদা এবং দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা। আজকে আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে পুরুষরা পাবে তাদের অধিকার এবং নারীরা পাবে তাদের অধিকার। কোনো জালিম আমার কোনো মা-বোন বা মেয়ের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না। সেই নিরাপদ বাংলাদেশ আমরা মায়েদের জন্য গড়তে চাই। ঘরে চলাচলে কর্মস্থলে সবস্তরে নারীরা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি উর্বর জেলা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন— এই জেলা হচ্ছে আমের রাজধানী, লিচুর রাজধানী, এখানে আরো অনেক কিছু উৎপাদন হয়। কিন্তু আসার সময় দেখলাম, মহানন্দা নদী এখন আর খুঁজে পাওয়া যায় না। আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলব। নদীমাতৃক যোগযোগ ব্যবস্থা গড়ে তুলব, পদ্মায় যেখানে ব্যারেজ দিলে পানি পাওয়া যাবে, সেখানেই ব্যারেজ করা হবে। এই আমের রাজধানীতে আম সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই, আমরা ঘোষণা দিয়েছি গোটা উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। যেখানে বিশ্ববিদ্যালয় দরকার সেখানেই বিশ্ববিদ্যালয় করা হবে, যেখানে গবেষণাগার দরকার, সেখানে তাই করা হবে। আম এবং লিচুর প্রসেসিং করে সারা বছর খাওয়ানোর ব্যবস্থা করা হবে এবং বিশ্বেও রপ্তানি হবে। এভাবে দেশে এবং বিশ্বে আমরা চাঁপাইনবাবগঞ্জকে তুলে ধরতে চাই। ডা. শফিকুর রহমান বলেন— আগামী ১২ ফেব্রুয়ারি দুটি ভোট। একটি হচ্ছে— পুরনো বন্দোবস্তকে লাল কার্ড আর অন্যটি হচ্ছে নতুন বন্দোবস্তকে স্বাগত। এর জন্য হ্যাঁতে ভোট দিতে হবে। হ্যাঁ মানে আজাদি আর না মানে গোলামি। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী। এতে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ড. মিজানুর রহমান, জামায়তের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ নজুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি লতিফুর রহমান, মুখলেশুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহা. ইসাহাক, ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম রনি, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী ও সেক্রেটারি আব্দুল আলিমসহ অন্য নেতৃবৃন্দ। এছাড়া জামায়াতের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলামও বক্তব্য দেন। সকাল ৯টার দিকে থেকেই জামায়াত-শিবির ও কর্মী-সমর্থকরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা থেকে জনসভাস্থলে আসতে থাকেন। সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে শুরু হয় জনসভার কার্যক্রম। একদিকে নেতৃবৃন্দের বক্তব্য চলতে থাকে অন্যদিকে নেতাকর্মী-সমর্থকরাও আসতে থাকেন। একপর্যায়ে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ পূর্ণ হয়ে যায়। দুপুর ১২টা ৪৫ মিনিটে জামায়াত আমিরকে বহনকারী হেলিকপ্টারটি সরকারি কলেজের পাশে পুরাতন স্টেডিয়ামে অবতরণ করে। এরপর তিনি জনসভা মঞ্চে ওঠেন এবং বক্তব্য শুরু করেন। বক্তব্য শেষে তিন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান। এর আগে নওগাঁ শহরের এটিম মাঠের জনসভায় বক্তৃতা করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
গোমস্তাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোমস্তাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি আজ বিকেলে রহনপুর মুক্ত মহাদল গণকেন্দ্র পাঠাগার প্রাঙ্গণ হতে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পাঠাগার হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর মুক্তমহাদলের সভাপতি শারফুদ্দীন আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক মফিজ আহমেদ নাদিমের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন, খড়কাডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রভাষক ও স্কাউটার নুরুজ্জামান বাবু, রহনপুর পূণর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক নাজিমউদ্দীন সরকার হিরা, সহকারী অধ্যাপক ও সংগঠনের সহ-সভাপতি আব্দুর রাকিব, স্কাউটার ও ব্যবসায়ী তালাত মাহমুদ সরকার, সহকারী লিডার ট্রেনার ও শিক্ষক ফিরোজ আলী প্রমূখ। আলোচনা শেষে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কেক কর্তন করা হয়।
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াসের পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন, প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌসের সভাপতিত্ব ও পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, জ্যেষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আব্দুস সালাম ও আবুল কালাম আজাদসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধি বৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
নৈতিকতার প্রথম সোপান ধর্মীয় মূল্যবোধ: জেলা প্রশাসক

নৈতিকতার প্রথম সোপান ধর্মীয় মূল্যবোধ: জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেছেন, নৈতিকতার প্রথম সোপান হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। নীতি-নৈতিকতাবোধ ছাড়া প্রকৃত মানুষ গড়ে ওঠে না। বুধবার সকালে জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া, বনভোজন ও পুরস্কার বিতরণ–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কালেক্টরেট ইংলিশ স্কুল ও গ্রিন ভিউ স্কুলকে মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় জেলা প্রশাসন। শুধুমাত্র ইংরেজি শেখানোই শিক্ষার লক্ষ্য নয়; শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও বহুমাত্রিক দক্ষতা অর্জন জরুরি। এ ক্ষেত্রে মাতৃভাষার ওপর গুরুত্ব দিতে হবে। জেলা প্রশাসক বলেন, অতীতে অনেক মেধাবী শিক্ষার্থী নৈতিকতা হারিয়ে নেতিবাচকভাবে আলোচনায় এসেছে। বাংলাদেশ চায় নীতিনৈতিকতাসম্পন্ন, দায়িত্বশীল ও মেধাবী নাগরিক। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় প্রয়োজন। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, না জানা কোনো অপরাধ নয়; তবে ভুল উত্তর দেওয়া অপরাধ। শিক্ষার্থীদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মানসিকতা থাকতে হবে। কালেক্টরেট ইংলিশ স্কুলের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল মো. সাদিকুল ইসলাম। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ৫০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আব্দুল হালিম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। আজহ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন। দন্ডিত হালিম গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় অসিম নামে অপর আসামীকে বেকসুর খালাস প্রদান করে আদালত। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর চৌডালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌডাালা গ্রাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক হন হালিম। এ ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় দু’জনকে আসামী করে মামলা করেন ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) ও ডিবি’র তৎকালীন উপ-পরিদর্শক মাহফুজুর রহমান দু’জনকেই অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ পলাতক হালিমকে দোষী সাব্যস্ত করে এবং অসিমকে খালাস দিয়ে সাজা ঘোষণা করেন।
শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইমামরা

শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইমামরা চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং মোকাবিলার জন্য বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত গ্রহণ ও প্রশিক্ষণ-২০২৬’ চলছে। সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে গত রবিবার থেকে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। আগামীকাল মঙ্গলবার এ প্রশিক্ষণ শেষ হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে আলোচনা করেন— জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, সদর থানার নারী ও শিশু বিষয়ক ডেস্কের কর্মকর্তা এসআই রোক্সি খাতুন, এসএসবিসি প্রকল্পেরর ব্যবস্থাপক উত্তম মন্ডল, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। এর আগে গত শনিবার আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুফতি হানিফ মো. আব্দুল কাদের। গত দুই দিনের প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সদর উপজেলার লক্ষ্মীপুর জামে মসজিদের খতিব মো. এখলাসুর রহমান। বক্তারা শিশুদের সুরক্ষায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন— আপনারা সমাজের সবচেয়ে শ্রদ্ধেয় ও সম্মানিত মানুষ, আপনাদের নেতা মানা হয়, আপনাদের কথা মানুষ শোনে এবং মানে। কাজেই আপনারা মসজিদে নামাজের সময় মুসল্লিদের সচেতন করবেন। তাহলে অনেকাংশে নারী ও শিশু নির্যাতন বন্ধ হবে।