অ্যাডভোকেসি সভা পরিবার পরিকল্পনা বিভাগের

অ্যাডভোকেসি সভা পরিবার পরিকল্পনা বিভাগের ‘পরিকল্পিত পরিবার—নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সমম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই সভার আয়োজন করে। আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক আবু মাসুদ খানসহ অন্যরা। সভায় পরিকল্পিত পরিবার গড়ে তোলার গুরুত্ব, দেশের মা ও শিশু মৃত্যুর হার, বাল্যবিয়ের কুফল, জনসংখ্যা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকাণ্ড, সেবা প্রদান ইত্যাদি বিষয় তুলে ধরেন উপপরিচালক শুকলাল বৈদ্য। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী বাংলাদেশে মাতৃমৃত্যুর হার ২০৩০ সালের মধ্যে ৭০-এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। অন্যদিকে ২০১৯ সালে কেনিয়াতে অনুষ্ঠিত আইসিপিডি+২৫ সম্মেলনে অংশগ্রহণকারী সকল দেশ শূন্য মাতৃমৃত্যু, নারীর প্রতি শূন্য সহিংসতা এবং অপূর্ণ চাহিদা শূন্য অর্জন করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। এ তিন শূন্য অর্জনে অন্যতম বড় বাধা বাল্যবিয়ে। বাংলাদেশের বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী বিয়ের আইনগত বয়স মেয়েদের ১৮ বছর হলেও বিডিএইচএস, ২০২২ অনুযায়ী ২০-২৪ বছর বয়সী নারীদের বিয়ের গড় বয়স ১৬ বছর। ১৫-১৯ বছর বয়সীদের মধ্যে গর্ভধারণের হার অর্থাৎ কৈশোরকালীন মাতৃত্বের হার ২৪ শতাংশ। কিশোর বয়সে সন্তান ধারণ করলে শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়া, মৃত সন্তান প্রসব, অপরিপক্ব প্রসব, কম ওজনের শিশুর জন্ম, মায়ের প্রজননতন্ত্রের নানারকম স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে হয়। অনেক সময় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও ঘটে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এবারের সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’।
শিবগঞ্জ সীমান্তে জব্দ চকো প্লাস সিরাপ

শিবগঞ্জ সীমান্তে জব্দ চকো প্লাস সিরাপ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় ফেনসিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। শীত মৌসুমে মাদক চোরাচালানে নতুন সংযোজন হিসেবে এটাকে চিহ্নিত করেছে বিজিবি। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে ৫৯ বিজিরি সোনামসজিদ বিওপির একটি টহল দল সিরাপগুলো জব্দ করে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্ত পিলার ১৮৫/১৭-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল পরিচালনা করছিল। এসময় মালিকবিহীন নেশা-জাতীয় ১৫০ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করা হয়। বিজিবি বলছে, শীত মৌসুমে প্রতিবেশী দেশ ভারত হতে ফেনসিডিলের বিকল্প হিসেবে চকো প্লাস সিরাপ চোরাচালানে নতুন মাত্রা যোগ করতে পারে। ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ১ জন ও বহির্বিভাগে ২ জন শনাক্ত হন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ৪ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালের আন্তঃবিভাগে মোট ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৬৫ জন।
দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্টদের

দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল ও ক্লিনিকে দ্বিতীয় দিনের মতো অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকে কর্মবিরতি পালন করেন তারা। কর্মবিরতির কারণে হাসপাতাল ও ক্লিনিকে বন্ধ হয়ে যায় রোগ নির্ণয়ে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা। এতে দুর্ভোগে পড়েন রোগীরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সকাল থেকেই ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ রেখে কর্মসূচি পালন করেন। এছাড়াও শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করা হয়। অন্যদিকে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করা হয়। মেডিকেল টেকনোলজিস্টরা জানান, বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনের কর্মসূচি থাকলেও রোগীদের কথা বিবেচনা করে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে নুর আলম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শল্লা মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সকলের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয় নুর আলম। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে দুপুর ২টার দিকে বাড়ির পাশের সরকারি পুকুর থেকে নুর আলমের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গোমস্তাপুরে কম্বল বিতরণ

গোমস্তাপুরে কম্বল বিতরণ গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে ১হাজার ২০০ জনকে কম্বল বিতরণ করছে মেসার্স রফিক অটো রাইস মিলস। আজ সকালে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কম্বলগুলো বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স রফিক অটো রাইস মিলসের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, জুয়েল ইসলাম, বিএনপি নেতা জামিল আলম কাদরী, মাইনুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু সুস্হতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হন। অন্যদিকে আন্তঃবিভাগে একজন রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালের আন্তঃবিভাগে মোট ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৬৪ জন।
চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালন ‘প্রতিবন্ধিতা অন্তর্ভক্তিমূলক সমাজ গড়ি—সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাপনী বক্তব্য দেন— জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলামসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরিয়তুল্লাহ। সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) ফিরোজ কবির। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, রেলে ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য ২০ আসন বরাদ্দ আছে এবং হুইলচেয়ার নিয়ে ওঠার জন্য র্যাম্পও আছে। তবে এই সুবিধা আরো বাড়ানো দরকার। তিনি বলেন— প্রতিবন্ধীরা সমাজের বাইরের কেউ নয়, তারা সমাজেরই অংশ। তাই তাদেরকে অবহেলা করা ঠিক হবে না।
বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেক কাটা, চলতি বছরের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনার সময় মাটির বাঙ্কারে অবস্থান নেয়া বিজিবির পেছনে কাস্তে হাতে নির্ভয়ে দাঁড়িয়ে থাকা স্থানীয় কৃষক বাবুল আলীকে পুরস্কৃত করা আর প্রীতিভোজের মধ্যদিয়ে উদযাপিত হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার দুপুরে গোবরাতলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেনসহ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী, পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের পরে প্রীতিভোজে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা। ২০১৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়।
গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। আজ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন শিহাব, সহকারী শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুর বারী, খাইরুল বারীসহ অন্যান্যরা। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রসঙ্গত: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় প্রদত্ত প্রতিশ্রুতি সহকারি শিক্ষকদের তিনটি দাবি গ্রেড উন্নতিকরণ, শতভাগ পদোন্নতি ১০ ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসনে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করে সহকারী শিক্ষকরা।